হাইকোর্ট

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২৯ পিএম

বুয়েট, মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে এসব প্রতিষ্ঠানে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা নিতে আর কোনো আইনি বাধা নেই।


প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। এর আগে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।


গত বুধবার জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত। 


হাইকোর্টের আদেশে বলা হয়, এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশিকা অনুযায়ী ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা উচিত। এ নির্দেশিকা উপেক্ষা করে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।


ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা রিটটি দায়ের করেন। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। সোমবার আপিল বিভাগ সেই আদেশ স্থগিত করেন।


আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। রিটকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল কাইয়ুম লিটন।




মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৫৪ এএম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আগামী ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশ সফরকালীন ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার (২২ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ গেজেটের একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২ (ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অনারেবল দা’তো সেরি আনোয়ার ইব্রাহিম-কে আগামী ০৭-০৮ ডিসেম্বর ২০২৬ তারিখ বাংলাদেশ সফরকালীন ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে, যা অবিলম্বে কার্যকর হবে।   


এদিকে উচ্চপর্যায়ের কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে মালয়েশিয়া ও মালদ্বীপের সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করতে চায় বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় বিজয়ের মাস ডিসেম্বরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুকে ঢাকায় স্বাগত জানানোর প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যদিয়ে দায়িত্ব গ্রহণের পর চলতি বছরের জুনে নিজের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটি সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।


প্রধানমন্ত্রী তারেক রহমান ও এনসিপি নেতা নাহিদ ইসলাম

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৩৭ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এনসিপির একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।


বৈঠকে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ উপস্থিত থাকবেন।


এর আগে শনিবার দিবাগত মধ্যরাতে এনসিপি এক বার্তায় জানায়, প্রধানমন্ত্রীর আমন্ত্রণ ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে নিয়েছে এনসিপি। গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামীলীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে বলে মনে করে এনসিপি।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৯:২২ এএম

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ সোমবার প্রকাশ করা হবে। বিকেল ৩টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। পাশাপাশি আবেদন করার সময় পরীক্ষার্থীদের দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে। গতকাল রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক আক্তারুজ্জামান ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এবার দেশের ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৪ দিনে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে।


গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।


ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া শুরু হয়। প্রকাশিত ফলে এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।


এদিকে এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু হবে আগামী ১ ডিসেম্বর। পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষাও এ সময়ের মধ্যে শেষ করতে হবে। ফল প্রকাশের এক মাসের মধ্যেই এবার সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন।


প্রতীকী ছবি

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৪৩ পিএম

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৩৮ জন। রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 


এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে চারজন, সিলেট বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে তিনজন ও খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৩৫২ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে।


প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৬২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৬ হাজার ৫৮৬ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৬ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১৩৬ জনে।


গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত হাম সন্দেহে দুই লাখ ২৯ হাজার ৫৩০ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ২০ হাজার ৭০৫ জন।  



প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ১:১৭ পিএম

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ খাতের উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, এসএমই খাতের উন্নয়নে একটি ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনে আয়োজিত মেলায় অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।


‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। এতে সভাপতিত্ব করছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।


এবারের জাতীয় এসএমই পণ্য মেলায় ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।


  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ১:০৪ পিএম

জমির নামজারি, খতিয়ান সংগ্রহ, ভূমি উন্নয়ন কর পরিশোধ কিংবা জমির রেকর্ড সংশোধন নিয়ে ভোগান্তিতে পড়লে সহায়তা পাওয়া যাবে ভূমি সেবা হটলাইন ১৬১২২ নম্বরে। ভূমি মন্ত্রণালয়ের এই হটলাইনে ভূমিসেবা-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের তথ্য, পরামর্শ ও অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। ২০২৬ সালের অভিযোগ ব্যবস্থাপনা নির্দেশিকায় ভূমিসেবার আওতায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।


জমির মালিকানা-সংক্রান্ত কাগজপত্র, সরকারি ফি, অনলাইন আবেদন কিংবা ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে নাগরিকেরা এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি ভূমিসেবা নিতে গিয়ে কোনো ধরনের জটিলতা বা সমস্যার মুখোমুখি হলেও অভিযোগ জানানোর সুযোগ রয়েছে।


নামজারি ও জমাখারিজে সহায়তা


জমি কেনার পর নতুন মালিকের নামে রেকর্ড হালনাগাদ করতে নামজারি বা জমাখারিজ করতে হয়। এ প্রক্রিয়ায় কীভাবে আবেদন করতে হবে, কোন কোন কাগজপত্র প্রয়োজন, আবেদন করতে কত টাকা ফি দিতে হবে এবং আবেদনের ক্ষেত্রে কী ধরনের নিয়ম অনুসরণ করতে হবে, এসব বিষয়ে ১৬১২২ নম্বরে তথ্য পাওয়া যাবে। নামজারি আবেদন করতে গিয়ে কোনো জটিলতা দেখা দিলে সে বিষয়েও সহায়তা চাওয়া যাবে।


ভূমি উন্নয়ন কর ও খাজনা পরিশোধ


ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধের ক্ষেত্রেও হটলাইনটি ব্যবহার করা যাবে। অনলাইনে কর পরিশোধের নিয়ম, নতুন হোল্ডিং খোলা, হোল্ডিং অনুমোদন, করের পরিমাণ নির্ধারণ এবং ভুল করের দাবি সংশোধন নিয়ে পরামর্শ পাওয়া যাবে। ভূমি উন্নয়ন কর পরিশোধের পর দাখিলা সংগ্রহে সমস্যা হলেও যোগাযোগ করা যাবে এই নম্বরে।


খতিয়ান ও পর্চা সংগ্রহ


জমির মালিকানা ও রেকর্ড-সংক্রান্ত তথ্য জানতে বিভিন্ন জরিপের খতিয়ান প্রয়োজন হয়। সিএস, এসএ, আরএস ও বিএস জরিপের খতিয়ান বা পর্চা সংগ্রহের নিয়ম, সার্টিফায়েড কপি পাওয়ার প্রক্রিয়া এবং ভূমি রেকর্ড-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ১৬১২২ নম্বরে সহায়তা চাওয়া যাবে।


মৌজা ম্যাপ ও জমির নকশা


জমির সঠিক অবস্থান শনাক্ত করা কিংবা মৌজা নকশা সংগ্রহ করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। এ ধরনের ক্ষেত্রে মৌজা ম্যাপ সংগ্রহের নিয়ম, নকশার বিভিন্ন তথ্য বোঝা, জমির অবস্থান নির্ধারণ এবং জরিপ-সংক্রান্ত বিষয়ে হটলাইন থেকে তথ্য ও পরামর্শ পাওয়া যাবে।


ভূমি জরিপ ও রেকর্ড সংশোধন


জমির মাঠজরিপ, জরিপের তথ্য যাচাই এবং রেকর্ডে ভুল থাকলে তা সংশোধনের বিষয়ে সহায়তা পাওয়া যাবে। এ ছাড়া আদালতের আদেশ অনুযায়ী ভূমি রেকর্ড সংশোধন এবং জমির শ্রেণি পরিবর্তন-সংক্রান্ত বিষয়েও তথ্য জানতে পারবেন সেবাগ্রহীতারা।


জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ


সরকারি প্রয়োজনে কোনো জমি অধিগ্রহণ বা হুকুমদখল করা হলে সংশ্লিষ্ট জমির ক্ষতিপূরণ নিয়ে বিভিন্ন প্রশ্ন দেখা দিতে পারে। ক্ষতিপূরণ নির্ধারণ, পরিশোধ এবং এ-সংক্রান্ত কার্যক্রম সম্পর্কে তথ্য ও পরামর্শ পাওয়া যাবে ১৬১২২ নম্বরে।


খাসজমি ও জলমহাল বন্দোবস্ত


খাস কৃষি জমি ও অকৃষি জমির বন্দোবস্ত, এসব জমির জন্য আবেদন এবং জলমহালসহ বিভিন্ন সায়রাত মহাল ইজারা নেয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন নাগরিকেরা। এ-সংক্রান্ত আবেদন ও অন্যান্য কার্যক্রম নিয়েও হটলাইনে যোগাযোগ করা যাবে।


ভূমি রাজস্ব মামলা ও অন্যান্য সেবা


ভূমি রাজস্ব মামলার বিভিন্ন কার্যক্রম এবং মামলার আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহের বিষয়ে তথ্য ও পরামর্শ পাওয়া যাবে। এর বাইরে অর্পিত সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, ইজারা, বন্দোবস্ত এবং ভূমি প্রশাসনের অন্যান্য সেবা সম্পর্কেও সহায়তা নেয়া যাবে।


দিন-রাত ২৪ ঘণ্টা চালু হটলাইন


ভূমি সেবা হটলাইন ১৬১২২ সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা চালু থাকে। ফলে সরকারি ছুটির দিন কিংবা রাতেও ভূমিসেবা-সংক্রান্ত তথ্য জানতে, পরামর্শ নিতে অথবা অভিযোগ জানাতে ফোন করা যাবে। বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্যও রয়েছে যোগাযোগের আলাদা নম্বর। দেশের বাইরে থেকে +৮৮০৯৬১২৩১৬১২২ নম্বরে ফোন করে ভূমিসেবা-সংক্রান্ত তথ্য, পরামর্শ ও অভিযোগ জানানো যাবে।


১৬১২২ নম্বরে ফোন করতে কি টাকা লাগে?


ভূমি সেবা হটলাইন ১৬১২২ টোল ফ্রি নয়। অর্থাৎ এই নম্বরে কল করলে মোবাইল অপারেটরের প্রচলিত কলচার্জ প্রযোজ্য হবে। তাই ভূমিসেবা-সংক্রান্ত তথ্য বা অভিযোগ জানাতে ফোন করার সময় কলচার্জের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।