প্রতীকী ছবি

  • প্রকাশ : শনিবার ১১ জুলাই, ২০২৬, সময় : ১১:৩৯ এএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১১ জুলাই পর্যন্ত হামের উপসর্গে মোট ৬৬০ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ১১ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।


এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭০২ জন এবং গত ১৫ মার্চ থেকে ১১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ১০ হাজার ৬০১ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৪ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩ হাজার ৪১০ জন।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে ১১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৩ হাজার ৮৯১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৯ হাজার ৭৬২ জন।





ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৫৫ এএম

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলে শৃঙ্খলা ফেরানো, যানজট কমানো এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ই-রিকশা নিবন্ধন ও নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন বিধিমালা অনুযায়ী, সিটি করপোরেশন এলাকায় নিবন্ধন ও লাইসেন্স ছাড়া এসব রিকশা চলাচল করতে পারবে না। তবে প্রশ্ন উঠেছে, ই-রিকশা আসলে কী, কারা লাইসেন্স পাবেন এবং আগে থেকে চলাচল করা পুরোনো অটোরিকশাগুলোর কী হবে?


ই-রিকশা কী?


ই-রিকশা হলো তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা। এটি বিদ্যুৎচালিত মোটরের সাহায্যে চলে। নতুন বিধিমালায় এ ধরনের রিকশার কারিগরি মান ও নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়েছে।


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড ও নিরাপত্তাবৈশিষ্ট্য পূরণ, ফিটনেস সনদ এবং সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের প্রতিস্বাক্ষর ছাড়া কোনো ই-রিকশার নিবন্ধন বা নবায়ন করা যাবে না। নিবন্ধিত প্রতিটি ই-রিকশার জন্য কিউআর কোডযুক্ত স্বতন্ত্র নিবন্ধন নম্বর ও নম্বরপ্লেট দেয়ার বিধানও রাখা হয়েছে।খেলা খবর


কারা পাবেন লাইসেন্স?


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ই-রিকশা উৎপাদনের অনুমতি পেতে হলে প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে কয়েকটি ধাপ পার হতে হবে। প্রথমে বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাদের তৈরি মডেলকে। এরপর প্রয়োজনীয় কাগজপত্রসহ সিটি করপোরেশনে আবেদন করতে হবে। কাগজপত্র যাচাই-বাছাই ও কারখানা পরিদর্শনের পর সন্তোষজনক ফল পাওয়া গেলে উৎপাদনের অনুমতি দেয়া হবে।


গত ১৫ নভেম্বর নগর ভবনে বুয়েটের নিরাপত্তা পরীক্ষার মধ্য দিয়ে আসা ১৩টি প্রতিষ্ঠানের ই-রিকশা পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। তিনি জানান, ১১টি প্রতিষ্ঠানের নকশাকৃত ই-রিকশা বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আরও চারটি প্রতিষ্ঠানের পরীক্ষা প্রক্রিয়াধীন রয়েছে।


ডিএসসিসির চারটি অঞ্চলে যথাক্রমে সবুজ, নীল, বেগুনি ও কমলা রঙের ই-রিকশা চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে নির্দিষ্ট জোনে নির্ধারিত সংখ্যার বেশি ই-রিকশাকে লাইসেন্স দেয়া হবে না।


পুরোনো অটোরিকশার কী হবে?


পুরোনো অটোরিকশা চলাচলের সুযোগ থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে ডিএসসিসি প্রশাসক জানিয়েছেন, বিষয়টি নতুন বা পুরোনো মডেলের নয়; যাত্রীর নিরাপত্তা ও সড়কের শৃঙ্খলাই মুখ্য। বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হলে নতুন বা পুরোনো যেকোনো মডেলকেই লাইসেন্স দেয়া হবে।


ই-রিকশার নিবন্ধন


গত ৩ নভেম্বর থেকে ডিএসসিসি এলাকায় ই-রিকশানিবন্ধনের আবেদন ফরম বিক্রি শুরু হয়েছে। প্রতিটি ফরমের মূল্য ১০০ টাকা। ১৫ নভেম্বর পর্যন্ত প্রায় ২৭ হাজার ফরম বিক্রি হয়েছে। তবে ফরম সংগ্রহ বা আবেদন করলেই নিবন্ধন নিশ্চিত হবে না। নির্ধারিত শর্ত পূরণ এবং কারিগরি ও অন্যান্য যাচাই-বাছাই শেষে যোগ্য ই-রিকশাগুলোকে নিবন্ধনের অনুমতি দেয়া হবে।


গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ নতুন বিধিমালা জারি করে। এর মাধ্যমে সিটি করপোরেশন এলাকায় ই-রিকশা চলাচল নিবন্ধন ও লাইসেন্সের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে।


ড. মুহাম্মদ ওসমান ফারুক

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩১ পিএম

পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।


জাতীয় সংসদের স্পিকার বরাবর পাঠানো পদত্যাগপত্রে বিএনপির জ্যেষ্ঠ নেতা ওসমান ফারুক লিখেছেন, পদত্যাগের সিদ্ধান্ত নেওয়াটা তাঁর জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক ছিল।


সংশ্লিষ্ট সূত্র জানায়, পদত্যাগপত্রে ওসমান ফারুক সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী, কিশোরগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য পদ থেকে ১৪ নভেম্বর তারিখে কার্যকরভাবে পদত্যাগ করার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে স্পিকারকে অবহিত করেছেন।


ওসমান ফারুক আরও লিখেছেন, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এখন তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন। এ পরিস্থিতিতে তাঁর স্বাস্থ্য ও সুস্থতা পুনরুদ্ধারের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া একান্ত প্রয়োজন হয়ে পড়েছে। 


তিনি লিখেছেন, এই সিদ্ধান্ত গ্রহণ করা তাঁর জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক ছিল। জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করতে হচ্ছে বলে তিনি গভীরভাবে মর্মাহত।


ত্রয়োদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ–৩ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। আজ মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জাতীয় সংসদকে জানান, ওসমান ফারুক ১৪ নভেম্বর পদত্যাগপত্র পাঠান। ১৫ নভেম্বর স্পিকার সেটি হাতে পান।


সূত্র জানায়, স্পিকারকে উদ্দেশ করে ওসমান ফারুক লিখেছেন, তিনি আশা করেন তাঁর এই সিদ্ধান্তে সংসদ সদস্যরা এবং কিশোরগঞ্জের জনগণ হতাশ হবেন না। কিশোরগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব করা এবং তাঁদের সেবা করার সুযোগ পাওয়া তাঁর জীবনের এক বিরাট সম্মান ও গৌরবের বিষয়।


সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে সহযোগিতা ও সমর্থনের জন্য স্পিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওসমান ফারুক।


ওসমান ফারুক পেশায় কৃষি অর্থনীতিবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। পরে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কাজ করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে চাকরি ছেড়ে রাজনীতিতে আসেন।


বিএনপির মনোনয়নে ২০০১ সালে কিশোরগঞ্জ-৪ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ওসমান ফারুক বিজয়ী হন। একই বছরের ১০ অক্টোবর খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন।


 ২০২৪ সালে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর ২৪ অক্টোবর দেশে ফেরেন ওসমান ফারুক। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে পুনরায় বিএনপি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদে আছেন। 


ড. মুহাম্মদ ওসমান ফারুক

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৩১ পিএম

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি। 


সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।


চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। সেখান থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দিতে পারেননি তিনি। ওই সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের বিষয়টি জানিয়ে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন।


ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।


এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।


১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। তিনি ১৯৫৬ সালে সেন্ট গ্রেগরীজ স্কুল থেকে মেট্রিকুলেশন এবং ১৯৫৮ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।


ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ১৯৬৩ সালে তিনি মার্কিন সরকারের অধীন বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইড ফেলোশিপ প্রোগ্রামে অংশ নেন। ১৯৬৪ সালে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে এমএস ডিগ্রি অর্জন করেন। ১৯৭০ সালে কর্নেল ইউনিভার্সিটি থেকে কৃষি অর্থনীতি বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০৮ পিএম

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এনসিপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার রাত ১০টার দিকে মেফেয়ার ভেন্যুর সামনে এ ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়েছেন। তাদের লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে যান নাহিদ ইসলাম।


যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি ড্যাজলিং ডনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি চলে। এতে চারজনের মাথায় গুরুতর আঘাত লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফা লাঠিপেটা করে লন্ডন পুলিশ।


এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে রয়েছেন নাহিদ ইসলাম। তার সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি। অনুষ্ঠান চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হলের বাইরে বিক্ষোভ করেন। 


প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের বরাতে ডেইলি ড্যাজলিং ডন জানায়, অনুষ্ঠানে আসা অতিথিদের লক্ষ্য করে ডিম ও পানির বোতল ছোড়েন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকেরা। হলের বাইরের অংশে কয়েকজন অতিথিকে মারধরও করা হয়। পরে অনুষ্ঠান শেষে হলের পেছনের সড়কে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


হামলার অভিযোগ নাহিদের


ঘটনার পর মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল পৌনে সাতটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে হামলার অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি লেখেন, ‘অনুষ্ঠান শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।’


নাহিদ আরও লেখেন, ‘আজকের অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন। তারা নিজেরাই এই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। আমরা আশা করি, তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে।’


হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ।


এর আগে লন্ডনে অন্তর্বর্তী সরকারের তৎকালীন উপদেষ্টা মাহফুজ আলম এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সফর ঘিরেও ডিম নিক্ষেপ, বাধা দেওয়ার চেষ্টা ও উত্তেজনার ঘটনা ঘটেছিল।


  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০২ পিএম

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সহজ করতে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা প্রায় তিন দশকের পুরোনো। এ সময়ে সেতুর অবস্থান ও ধরন নিয়ে নানা বিকল্প সামনে এসেছে। প্রথমে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়ার মধ্যে সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়। পরে আওয়ামী লীগ সরকার নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের ধারণা সামনে আনে। এরপর ঢাকার সঙ্গে সরাসরি সংযোগ বাদ দিয়ে রাজবাড়ী ও পাবনার মধ্যে সেতু নির্মাণের প্রাক্-সম্ভাব্যতা যাচাই করা হয়। এবার মানিকগঞ্জ, রাজবাড়ী ও পাবনা—এই তিন জেলাকে যুক্ত করে ইংরেজি বর্ণ ‘ওয়াই’ আকৃতির সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিএনপি সরকার।


নতুন পরিকল্পনা অনুযায়ী, সেতুটি মানিকগঞ্জের পাটুরিয়া, রাজবাড়ীর দৌলতদিয়া ও পাবনার কাজিরহাটকে যুক্ত করবে। সেতুটি নির্মাণের দায়িত্বে রয়েছে সরকারের সেতু বিভাগ।


তিন জেলাকে যুক্ত করবে ‘ওয়াই’ আকৃতির সেতু


সেতু বিভাগ সূত্র বলছে, দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে ঢাকার যোগাযোগের বিকল্প পথ তৈরি হবে। একই সঙ্গে মোংলা সমুদ্রবন্দর এবং বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দরের সঙ্গে রাজধানীর বিকল্প যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে। এতে পণ্য পরিবহনে সময় ও ব্যয় কমবে বলে আশা করছে সেতু বিভাগ। বিদ্যমান যমুনা সেতু যানবাহনের চাপ নিতে পারছে না। দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে উত্তরবঙ্গের অর্থনীতিতে এর প্রভাব পড়বে। বিশেষ করে বগুড়াকে কেন্দ্র করে সরকার বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। দ্বিতীয় যমুনা সেতু এরই অংশ।


তবে সেতু দুটির চূড়ান্ত অবস্থান, দৈর্ঘ্য, নকশা ও নির্মাণব্যয় এখনো নির্ধারিত হয়নি। এসব বিষয় ঠিক করতে নতুন করে সম্ভাব্যতা সমীক্ষা চলছে। আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে সমীক্ষা শেষ করার লক্ষ্য রয়েছে।


বর্তমানে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম প্রধান পথ যমুনা সেতু। এটি দিয়ে দিনে গড়ে ২৫ হাজার যানবাহন চলাচল করে। উৎসব কিংবা সপ্তাহের শুরু ও শেষের দিনগুলোতে যানবাহনের চাপে সেতুতে যানজট তৈরি হয়। ১৯৯৮ সালে চালু হওয়া এ সেতুর বিকল্প হিসেবে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। অন্যদিকে ২০২২ সালে চালু হওয়া পদ্মা সেতু দিয়ে দিনে গড়ে ২০ হাজার যানবাহন চলাচল করে।


প্রায় তিন দশকে বদলেছে সেতুর পরিকল্পনা


প্রায় তিন দশকে সেতুর অবস্থান ও ধরন নিয়ে নানা বিকল্প সামনে এসেছে।


সেতু বিভাগের সচিব আবদুর রউফ বলেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে, দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করা হবে। দ্বিতীয় পদ্মা সেতু ওয়াই আকৃতিতে নির্মাণের বিষয়েও আলোচনা হয়েছে। সমীক্ষা শেষ হলে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হবে। তখন সেতুর পথ, নকশা ও ব্যয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


বিএনপির নির্বাচনী অঙ্গীকারে দুই সেতু


বিএনপির নির্বাচনী ইশতেহারে দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের অঙ্গীকার করা হয়েছে। একই সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ উন্নয়ন এবং কৃষি ও পরিবেশ রক্ষায় পদ্মা ব্যারাজ নির্মাণকে অগ্রাধিকার দিয়েছে বর্তমান সরকার। ৩ নভেম্বর সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিশেষ পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দ্বিতীয় পদ্মা, দ্বিতীয় যমুনা ও পদ্মা ব্যারাজ প্রকল্পের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী এসব প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দেন।


বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের বলেন, পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে সমন্বয় রেখে কাজ এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে যমুনা নদীতে দ্বিতীয় সেতু নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। সম্ভাব্যতা সমীক্ষার প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত নকশা ও উন্নয়ন প্রকল্প তৈরি করে নির্মাণকাজ শুরু করা হবে।


এদিকে গত ২৫ অক্টোবর সেতু বিভাগ ৫৯টি প্রকল্পকে জাতীয় অগ্রাধিকারভিত্তিক সমন্বিত লজিস্টিকস প্রকল্পের পাইপলাইন তালিকায় অন্তর্ভুক্তির সুপারিশ করেছে। এর মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু প্রকল্পও রয়েছে।


ঢাকার সঙ্গে দূরত্ব ও সময় কমবে সাত জেলার


সেতু বিভাগের উপস্থাপনা অনুযায়ী, দ্বিতীয় পদ্মা সেতু হলে যেসব জেলার যোগাযোগ সহজ হবে। সেতু বিভাগের একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় দেখানো হয়েছে, দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী ও ফরিদপুরের সঙ্গে ঢাকার দূরত্ব ও যাতায়াতের সময় কমবে। এ ছাড়া নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর ও যশোরের কিছু অংশের যোগাযোগেও সুবিধা হবে। বিশেষ করে কাজিরহাটকে যুক্ত করা হলে পাবনা অঞ্চলের মানুষের ঢাকায় যাতায়াতের নতুন পথ তৈরি হবে। পাশাপাশি পাবনা, মানিকগঞ্জ ও রাজবাড়ীর মধ্যে সরাসরি যোগাযোগ বাড়বে। কৃষি ও শিল্পপণ্য পরিবহনেও সুবিধা হবে।


দ্বিতীয় যমুনা সেতুর জন্য সম্ভাব্য চার–পাঁচটি পথ বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে দুটি পথ। জামালপুরের দেওয়ানগঞ্জ ঘাট–গাইবান্ধার বালাসী ঘাটের মধ্যে। অন্যটি জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দির মধ্যে। এ ছাড়া কুড়িগ্রামের চিলমারী ও রৌমারীর মধ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের বিষয়টিও বিবেচনায় আছে।


তিন দশক ধরে আলোচনায় দ্বিতীয় পদ্মা সেতু


পদ্মা নদীতে সেতু নির্মাণের বিষয়ে ১৯৯৯ সালে প্রথম প্রাক্-সম্ভাব্যতা সমীক্ষা করা হয়। পরে ২০০৫ সালে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহায়তায় বিস্তারিত কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়। সমীক্ষায় পদ্মা সেতুর জন্য তিনটি বিকল্প পথ প্রস্তাব করা হয়েছিল। সেগুলো হলো মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা, মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া এবং ঢাকার দোহার ও ফরিদপুরের চরভদ্রাসন। শেষ পর্যন্ত মাওয়া ও জাজিরার মধ্যে পদ্মা সেতু নির্মাণ করা হয়। অন্যদিকে পাটুরিয়া-দৌলতদিয়া পথে আরেকটি সেতু নির্মাণের পরিকল্পনা বিকল্প হিসেবে আলোচনায় ছিল।


পরে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মহাপরিকল্পনায়ও (মাস্টারপ্ল্যান) দ্বিতীয় পদ্মা সেতু অন্তর্ভুক্ত করা হয়। এতে পাটুরিয়া-দৌলতদিয়া পথে কেব্‌ল-স্টেড নকশায় সেতু নির্মাণের পরিকল্পনা রাখা হয়েছিল।


দুই সেতু ও ব্যারাজ কাছাকাছি


সেতু বিভাগ সূত্র জানায়, দ্বিতীয় পদ্মা সেতুর আলোচনার মধ্যেই রাজবাড়ী ও পাবনার মধ্যে আরেকটি সেতু নির্মাণের লক্ষ্যে প্রাক্-সম্ভাব্যতা যাচাই করা হয়। সে অনুযায়ী, রাজবাড়ীর ধাওয়ারপাড়া ফেরিঘাট থেকে পাবনার সুজানগর উপজেলার হাসামপুর পর্যন্ত সেতু নির্মাণের পরিকল্পনা ছিল।


তবে সেতু বিভাগ সূত্র বলছে, ‘ওয়াই’ আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হলে রাজবাড়ী ও পাবনার মধ্যে আলাদা সেতুর প্রয়োজন হবে না। এ ছাড়া সরকার রাজবাড়ী ও পাবনার মধ্যে পদ্মা ব্যারাজ নির্মাণের পরিকল্পনাও নিয়েছে। রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ও পাবনার সুজানগরের সাতবাড়িয়ার মধ্যে ব্যারাজটি নির্মাণের কথা রয়েছে। এটি দ্বিতীয় পদ্মা সেতুর দৌলতদিয়া প্রান্ত থেকে ৩০ কিলোমিটারের মধ্যে। ব্যারাজ নির্মিত হলে ওপরে সড়কও থাকবে।


সেতু বিভাগের কর্মকর্তারা বলছেন, তিন-চার মাসের মধ্যে দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের প্রাথমিক নকশাসহ অন্যান্য ধারণা পাওয়া যাবে। আগামী বছর পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর সেতুর চূড়ান্ত পথ, নির্মাণব্যয়, নকশাসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।


দ্বিতীয় যমুনা সেতুর জন্য বিবেচনায় কয়েকটি পথ


সম্ভাব্য চার-পাঁচটি পথ বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত দুটি, সঙ্গে আরও একটি। দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতুর সম্ভাব্যতা সমীক্ষার জন্য পরামর্শক নিয়োগ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। গত ২৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সমীক্ষার কাজ শুরু হয়েছে। এতে যৌথভাবে কাজ করছে নেপালের এনভায়রনমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট কনসালট্যান্ট (ইআরএমসি), সুইডেনের সুইডিশ ন্যাশনাল রোড কনসালটিং (সুইরোড), দক্ষিণ কোরিয়ার ডাসান এবং বাংলাদেশের দেশ উপদেশ ও সার্ম অ্যাসোসিয়েটস। সমীক্ষার চুক্তিমূল্য ১৮ কোটি ৫৯ লাখ টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে এই কাজ হচ্ছে। সমীক্ষার মেয়াদ ১২ মাস। আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্য রয়েছে।


জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক সামছুল হক বলেন, দ্বিতীয় যমুনা সেতু অত্যন্ত দরকারি হয়ে পড়েছে। পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতুও প্রয়োজন। তবে নকশা ও সেতুর পথ এমনভাবে নির্বাচন করতে হবে, যাতে সর্বাধিক মানুষ উপকৃত হয়।


অধ্যাপক সামছুল হক আরও বলেন, কাছাকাছি অনেকগুলো সেতু ও ব্যারাজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। ফলে একটির সঙ্গে অন্যটির আন্তসংযোগ কীভাবে হবে, তা–ও পরিকল্পনায় রাখতে হবে।

বিষয় :


প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ৩:১২ পিএম

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) স্বীকৃতি পাওয়ায় বাংলাদেশে ব্যাপক বিনিয়োগ ও কর্মসংস্থানের আশা করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।


তিনি বলেছেন, “আজকে ডিএফসির অর্থায়নের যে যোগ্যতা বাংলাদেশ লাভ করেছে, এর মাধ্যমে বাংলাদেশে ব্যাপক পরিমাণে মার্কিন বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি হবে।”


মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ব্রিফিং করছিলেন মাহ্‌দী আমিন।


আগের দিন ডিএফসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের অর্থায়ন পাওয়ার যোগ্য দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো নির্মাণ ও প্রযুক্তি খাতে বড় পরিসরে মার্কিন বিনিয়োগ আসার পথ সুগম হবে।


সরকারের নয় মাসের বিভিন্ন নীতির ধারাবাহিকতা এবং গণতান্ত্রিক সরকারের প্রতি আস্থার বিষয়টি এতে প্রতিফলিত হয়েছে বলে মন্তব্য করেন মাহ্‌দী আমিন।


তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে এটা অবহিত করা হয়েছে যে, এর মাধ্যমে সামনের দিনগুলোতে ইনশাল্লাহ বাংলাদেশের যে বৃহৎ প্রকল্পগুলো রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি, টেকনোলজি, ডিজিটাল ট্রান্সফর্মসহ বহুমাত্রিক সেক্টরে মার্কিন বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি অনেক সহজতর হবে।”


এ স্বীকৃতিতে তারেক রহমান সরকারের প্রতি বৈশ্বিক আস্থা ও বিশ্বাসের বহিঃপ্রকাশ ঘটেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন।


তিনি বলেন, “আপনারা নিশ্চয় জানেন যে, ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে যখন বিভিন্ন শ্রমবিরোধী নীতিমালা প্রণয়ন করা হয়েছিল, সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের অর্থায়ন আসেনি। এই কারণে দীর্ঘদিন ধরে সেটা বন্ধ ছিল।”


প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৯ সালে যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বিনিয়োগের শাখা ডিএফসি প্রতিষ্ঠিত হয়।


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে লক্ষ্য নিয়ে এর আওতায় বেসরকারি মূলধনের ব্যবস্থা করা হয়ে থাকে।