মালয়েশিয়ার পথে সস্ত্রীক প্রধানমন্ত্রী

  • প্রকাশ : রবিবার ২১ জুন, ২০২৬, সময় : ৬:৩৯ এএম

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার দুপুর পৌনে ৩টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইট ঢাকার শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে।


সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন মালয়েশিয়ায়। দুই দিনের এই সফর। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী একেবারেই ছোট।”




এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, ঢাকায় মালয়েশিয়ার হাই কমিশনার শুহাদা ওসমান, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ ঊধর্তন সরকারি কর্মকর্তারা শাহজালাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করেন বিএনপিপ্রধান তারেক রহমান। এর চার মাস বাদে প্রথম বিদেশ সফরে গেলেন তিনি।


প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে আছেন- পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা এ কে এম শামসুল ইসলাম, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ ২৩ জন।


পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম শনিবার ঢাকায় সংবাদ সম্মেলন করে মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছয় দিনের সফরসূচি তুলে ধরেন। সচিব সিয়াম জানান, সরকারপ্রধানের কুয়ালা লামপুরের সফরে মালয়েশিয়ার সঙ্গে সাংস্কৃতিক বিনিময় আর মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে দুটি দলিল সইয়ের সম্ভাবনা রয়েছে।


পররাষ্ট্র সচিব জানান, সফরের প্রথম দিন রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। পরদিন পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানের একান্ত বৈঠক হবে। এর পরপরই উভয় দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।


প্রধানমন্ত্রীর এই সফরে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প ও কৃষি, শিক্ষা ও জন-যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দুইদেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র সচিব সিয়াম।


তিনি বলেন, “বিশেষত, মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ এবং বাংলাদেশিদের কল্যাণের বিষয়ে অনুরোধ জানানো হবে।”


আসাদ আলম সিয়াম বলেন, মালয়েশিয়া সফরে বাংলাদেশের আসিয়ানের ‘ডায়ালগ পার্টনার এবং রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ-আরসেপে’ যোগদান করার আবেদন জোরালোভাবে তুলে ধরে মালয়েশিলার সমর্থন চাওয়া হবে।


মালয়েশিয়ার দুইদিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সফরসঙ্গীদের নিয়ে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হবেন।


পররাষ্ট্র সচিব বলেন, প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ২২ জুন দুপুরে কুয়ালা লামপুর থেকে দালিয়ানের উদ্দেশ্যে যাত্রা করবেন, সন্ধ্যায় পৌঁছাবেন।


সেখানে ২৬ জুন ওইদিন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে জানিয়ে তিনি বলেন, “বৈঠক শেষে ওইদিন তিনি বিকালে বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। সন্ধ্যায় ঢাকায় অবতরণ করবেন।”




প্রতীকী ছবি

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৫:১০ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরও ১ হাজার ৫৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৫০২ জনের মৃত্যু হলো। সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।


বুলেটিনের তথ্য অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৬৬৩ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৯১, খুলনায় ২০১, বরিশালে ১৮৫, রাজশাহীতে ১৪০, রংপুরে ৭১, ময়মনসিংহে ৬১ এবং সিলেট বিভাগে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬৪ হাজার ১০৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৭ হাজার ৯৮৮ জন।


এদিকে, চলতি মাসের প্রথম ১৫ দিনেই ডেঙ্গুতে ৮৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত অক্টোবরে সর্বোচ্চ ১৭৪ জন মারা যান। এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩ এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছিল। বছরের শুরুতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।


প্রতীকী ছবি

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৩৫ পিএম

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৮ জনে। সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৬৮২ জন রোগী এসেছে।


বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬৮৮ জন, রাজশাহীতে ৫৩ জন, সিলেটে ২৫২ জন, চট্টগ্রামে ২৬৯ জন, বরিশালে ১৭২ জন, ময়মনসিংহে ৭৯ জন, খুলনায় ১৩২ জন এবং রংপুরে ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২২ হাজার ৯৪৪ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ১৩ হাজার ৮৭০ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।


গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৪২ জন।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৪:১৬ পিএম





নতুন বছরে ইউনিয়ন পরিষদের যে নির্বাচন হতে যাচ্ছে, তাতে কোন ধাপে কয়টি ইউনিয়নের ভোট হবে তা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন ভবনে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশনের ১৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১০২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১,১৩০টি ইউপি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১০০২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ও শেষ ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে।


ইসির ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট হবে।


কবে কত ইউপির ভোট


ধাপ          ভোটগ্রহণ       উপজেলা         ইউনিয়ন


প্রথম ধাপ ২১ জানুয়ারি    ১৩১                ১,০২৬


দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি     ১২৯                ১,১৩০


তৃতীয় ধাপ ২৯ এপ্রিল         ১১৮                ১,০০২


চতুর্থ ধাপ ১৩ মে              ৯৩                    ৭৯৩


পঞ্চম ধাপ ২৭ মে               ৩৭                     ৩৫৬


মোট           —                  ৫০৮              ৪,৩০৭



ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নের নির্বাচন বর্তমানে আটকে আছে, পরবর্তীতে সেগুলো জটিলতামুক্ত হলে পঞ্চম ধাপের সঙ্গে সমন্বয় করে ভোট নেওয়া হবে।


আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন শুরু হলে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বা রাজনৈতিক কর্মসূচি ভোটে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “কমিশন মনে করে না এতে নির্বাচনের পরিবেশে কোনো বিরূপ প্রভাব পড়বে। বরং স্থানীয় সরকার নির্বাচন শুরু হলে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো রাখতে তা সহায়ক ভূমিকা পালন করবে বলেই কমিশন আশা প্রকাশ করছে।”


ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জাতীয় নির্বাচনের আদলে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশন সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান আবুল ফজল মো. সানাউল্লাহ।


তিনি বলেন, আগামী ১০ ডিসেম্বরের আগেই সব রাজনৈতিক দলের সঙ্গে এই সংলাপ সম্পন্ন করা হবে।


“চলতি মাসের শেষ ভাগে অথবা ডিসেম্বরের শুরুতে মোট তিন দিন ধরে নিবন্ধনের ক্রমানুসারে দলগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হবে। স্থানীয় সরকার নির্বাচন কীভাবে আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে দলগুলোর মতামত ও সহযোগিতা চাওয়া হবে।”


সভায় উপস্থিত ছিলেন সিইসি এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসি সচিব আখতার আহমেদ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এর আগে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, পাঁচ ধাপে ইউপি নির্বাচন হবে। ইউনিয়ন পরিষদগুলোর তালিকা পর্যালোচনা করা হচ্ছে। কমিশন সভায় তা চূড়ান্ত করা হবে।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ২:৫৪ পিএম

যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী ভিসাপ্রত্যাশীদের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আবেদনে সঠিক ও নির্ভুল তথ্য দেওয়া, নিজে ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং দালাল বা তৃতীয় পক্ষের মাধ্যমে অতিরিক্ত অর্থ ব্যয় না করার পরামর্শ দিয়েছে দূতাবাস। সোমবার (১৬ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানায় দূতাবাস।


পোস্টে বলা হয়, ভিসা আবেদনে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য কি না, তা নিশ্চিত করার দায়িত্ব আবেদনকারীর নিজের। ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিজেই নিতে হবে। প্রয়োজনে পরিবারের বিশ্বস্ত সদস্য বা বন্ধুর সহায়তা নেওয়া যেতে পারে।


তবে ভিসাসংক্রান্ত কাজে তৃতীয় পক্ষের সেবা নেওয়া এবং এ জন্য অতিরিক্ত ফি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।


এর আগে, ভিজিটর ভিসা নিয়ে দেওয়া আরেকটি পোস্টে মার্কিন দূতাবাস জানায়, আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম মেনে চলবেন বলে কনস্যুলার কর্মকর্তা নিশ্চিত না হলে তার ভিসার আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করার দায়িত্বও আবেদনকারীর নিজের।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ২:৩৪ পিএম

দেশের আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। পুলিশসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর অবকাঠামো উন্নয়ন, যানবাহন কেনা, প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং পুনর্বাসন সেবা সম্প্রসারণে নেওয়া হচ্ছে ৯২টি প্রকল্প। সোমবার ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ খবর জানা গেছে।


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নেওয়া এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো বাহিনীর অপারেশনাল সক্ষমতা বাড়ানো, জরাজীর্ণ অবকাঠামোর আধুনিকায়ন, আধুনিক নজরদারি প্রযুক্তি যুক্ত করা এবং জননিরাপত্তা ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ করা।


দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে বর্তমানে ২৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। পাশাপাশি ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে বাস্তবায়নের জন্য আরও ৬৭টি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। সরকারের নির্বাচনি ইশতেহার এবং ২০২৬-২০৩১ মেয়াদি পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে সমন্বয় বাড়াতে একই ধরনের প্রকল্পগুলোকে একীভূত করে বড় কর্মসূচির আওতায় আনার উদ্যোগও নিয়েছে পরিকল্পনা কমিশন।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সাতটি সংস্থা ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২৫টি প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে ১৭টি অবকাঠামো উন্নয়নসংক্রান্ত। এসব প্রকল্পে মোট বরাদ্দ রয়েছে ২ হাজার ৩৩৯ কোটি ২১ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ২ হাজার ২৯৬ কোটি ৯১ লাখ এবং প্রকল্প সহায়তা হিসেবে ৪২ কোটি ৩০ লাখ টাকা দেওয়া হয়েছে।


তবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে মাত্র ১১০ কোটি ৬৩ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়নে এই ধীরগতির কারণে কাজের গতি বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এদিকে, সংশোধিত এডিপির আওতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন নয়টি অধিদপ্তর ও সংস্থা আরও ৬৭টি প্রকল্পের প্রস্তাব দিয়েছে। এসব প্রকল্পের বড় অংশ বাংলাদেশ পুলিশের অবকাঠামো ও অপারেশনাল সক্ষমতা বাড়ানোর জন্য নেওয়া হয়েছে। 


স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, গত ৪ নভেম্বর অনুষ্ঠিত একনেক সভায় পুলিশ বাহিনীর জন্য দুটি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে। এর মধ্যে ৪ হাজার ৩২৮ কোটি টাকা ব্যয়ে ৪ হাজার ৮২৯টি অপারেশনাল যানবাহন এবং ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহন কেনা হবে।


এ ছাড়া ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে ১২৫টি জরাজীর্ণ থানা পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে। আরও ৮০০ কোটি টাকা ব্যয়ে পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, নৌ পুলিশ স্থাপনা ও হাইওয়ে থানাসহ ১৫০টি স্থাপনা পুনর্নির্মাণের প্রস্তাব পুনর্মূল্যায়ন করা হচ্ছে।


পুলিশের আধুনিকায়নে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও কয়েকটি আঞ্চলিক ইউনিটে স্মার্ট পুলিশিং ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন সুবিধা আধুনিকায়ন করা হবে।


সীমান্ত নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৭৩টি আধুনিক বর্ডার আউটপোস্ট (বিওপি) নির্মাণ এবং গাজীপুরে ৬৩ বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামো উন্নয়নের কাজ করছে। নজরদারি বাড়াতে ড্রোন, অ্যান্টি-ড্রোন ব্যবস্থা ও উন্নত পরীক্ষাগার সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। এ ছাড়া ‘স্কুল অব সার্ভিল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 


চুয়াডাঙ্গায় বিজিবির প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং নীলডুমুরে ১৭ বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামো উন্নয়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে।


সমুদ্র নিরাপত্তা জোরদার ও নৌযান রক্ষণাবেক্ষণ সক্ষমতা বাড়াতে বাংলাদেশ কোস্ট গার্ড দুটি বড় প্রকল্প বাস্তবায়ন করছে। পাশাপাশি ১৩টি উচ্চগতির বোট কেনার প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।


জরুরি পরিস্থিতিতে সেবা দেওয়ার সক্ষমতা বাড়াতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের পরিকল্পনা করেছে। পাশাপাশি অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের কাছে চকরিয়া ও উখিয়ায় নতুন স্থাপনা নির্মাণের উদ্যোগ রয়েছে।


মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন সেবা সম্প্রসারণে ঢাকার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিসর বাড়ানো হবে। এ ছাড়া সাতটি বিভাগীয় শহরে চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। খুলনা, রংপুর ও ময়মনসিংহে পরীক্ষার সুবিধাসহ ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপনের প্রস্তাবও রয়েছে।


কারাগারের অবকাঠামো উন্নয়নে ময়মনসিংহ কারাগার সম্প্রসারণ এবং জামালপুর, কুমিল্লা ও নরসিংদী জেলা কারাগার পুনর্নির্মাণ করা হবে। একই সঙ্গে রংপুর ও রাজশাহী কেন্দ্রীয় কারাগার পুনর্নির্মাণ এবং পুরান ঢাকার ঐতিহাসিক কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্স সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। 


অন্যদিকে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির আওতায় আরও ১২টি অস্ত্রাগার নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি আনসার-ভিডিপি একাডেমির অবকাঠামোগত উন্নয়নও করা হবে।


এসব প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবকাঠামো, প্রযুক্তি ও কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ১:২৩ পিএম

সেনাবাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদোন্নতি ও কয়েকজনকে প্রেষণে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে। সূত্র জানিয়েছে, সেনা কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।


অন্যদিকে বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে প্রেষণে সরকারি দপ্তরে নিয়োগ দিতে তাদের চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ন্যস্ত করে গতকাল রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


প্রজ্ঞাপন অনুসারে, ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে প্রেষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক নিয়োগ দিয়ে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। পরে তাঁকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট পদে পদায়ন করা হয়। বিপসটের বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মহাপরিচালক করা হয়।


অন্যদিকে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. হাফিজুর রহমানকে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তাঁর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসানকে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। ন্যাশনাল ডিফেন্স কলেজে দায়িত্ব পালন করা মেজর জেনারেল সাজেদুর রহমানকে ৭ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। এ ছাড়া মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তাঁর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।


প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) ব্রিগেডিয়ার জেনারেল আবদুল বাতেন ইমানিকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ১১ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়।


ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেল হোসেনকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদকে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে ন্যাশনাল ডিফেন্স কলেজে বদলি করা হয়েছে।


অন্যদিকে মেজর মোহাম্মদ কামরুল হাসানকে প্রেষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (মেডিকেল) পদে নিয়োগ দিতে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল মো. তাওহীদ ইব্রাহীমকে প্রেষণে বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপপ্রকল্প পরিচালক পদে নিয়োগ দিতে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এই পদে নিয়োজিত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেনকে সেনাবাহিনীতে ফেরাতে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।


লেফটেন্যান্ট কর্নেল আবুল বাশার তুহীনকে বিইউপির ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে প্রেষণে নিয়োগ দিতে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এই পদে নিয়োজিত লেফটেন্যান্ট কর্নেল মো. হুমায়ুন কবিরকে সেনাবাহিনীতে ফেরাতে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।


এ ছাড়া স্কোয়াড্রন লিডার মো. মাসুম ইমতিয়াজ এনটিএমসির প্রশিক্ষক (সহকারী ইঞ্জিনিয়ার) পদে নিয়োগ দিয়ে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এই পদে নিয়োজিত স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল ইসলাম হৃদয়কে বিমানবাহিনীতে ফেরাতে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।