নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • প্রকাশ : শনিবার ২২ আগস্ট, ২০২৬, সময় : ৯:৩০ এএম

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ আগস্ট) সকাল সোয়া ১০টায় তার শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতির প্রেস উইং ও সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।


সংশ্লিষ্ট সূত্র জানায়, স্মৃতিসৌধে পৌঁছে প্রথমে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি। এরপর মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকবেন তিনি।


এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেবে। পাশাপাশি বিউগলে বেজে উঠবে করুণ সুর।


শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তিনি মিন্টু রোডের বাসভবনে ফিরবেন। পরে গুলশানে তার বাসভবনে যাওয়ার কথা রয়েছে।



সর্বশেষ সব খবর

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • প্রকাশ : শনিবার ২২ আগস্ট, ২০২৬, সময় : ৯:৪৮ এএম

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নেওয়ার পর তাকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন দেশ। প্রতিবেশী ভারত, পাকিস্তান ও নেপালের রাষ্ট্রপতির পাশাপাশি চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি ও নাইজেরিয়াও নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছে।


অভিনন্দন বার্তাগুলোতে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রত্যাশার কথা উঠে এসেছে।


ভারতের সঙ্গে অংশীদারত্ব জোরদারের প্রত্যাশা


ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক অভিনন্দনবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান।


তিনি বলেন, জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বে মির্জা ফখরুলের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় তাঁর নতুন দায়িত্বকে সফল করবে বলে তিনি আশাবাদী। দ্রৌপদী মুর্মু বাংলাদেশ-ভারত সম্পর্ককে অনন্য হিসেবে উল্লেখ করেন।


অভিন্ন ইতিহাস, আত্মত্যাগ, সাংস্কৃতিক যোগাযোগ ও বন্ধুত্বের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি। সাম্প্রতিক সময়ে জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব কার্যক্রম, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বিস্তৃত হয়েছে উল্লেখ করে ভারতের রাষ্ট্রপতি বলেন, দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করতে তিনি মির্জা ফখরুলের সঙ্গে কাজ করতে আগ্রহী।


একই সঙ্গে নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সাফল্য এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।


পাকিস্তানের আমন্ত্রণ


মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের প্রেসিডেন্টের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেন।


জারদারি আশা প্রকাশ করেন, মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে।


বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের ভিত্তি হিসেবে অভিন্ন ইতিহাস, ধর্মীয় ও সাংস্কৃতিক যোগাযোগের কথা উল্লেখ করে তিনি দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের জন্য মির্জা ফখরুলকে আমন্ত্রণ জানান জারদারি। তাঁর মতে, এই সফর দুই দেশের সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করতে পারে।


বন্ধুত্ব আরও জোরদার করতে চায় নেপাল


নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলও বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার পাঠানো অভিনন্দনবার্তায় তিনি মির্জা ফখরুলের নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন। পাশাপাশি বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর যোগাযোগকে আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়ে পৌডেল বলেন, ঐতিহাসিক ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের বন্ধনে আবদ্ধ বাংলাদেশ ও নেপাল ভবিষ্যতেও ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখবে।


চীনের বার্তায় নতুন যুগের সহযোগিতা


রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পরপরই মির্জা ফখরুলকে অভিনন্দন জানায় চীন।


ঢাকায় চীনা দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তায় বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন।


নতুন যুগে যৌথ প্রচেষ্টায় ‘অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ কমিউনিটি’ গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি। এর মাধ্যমে দুই দেশ ও দুই দেশের জনগণ আরও বেশি উপকৃত হবে বলে আশা প্রকাশ করা হয়।


সম্পর্ক আরও গভীর করতে চায় যুক্তরাজ্য


বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশন। শুক্রবার দেওয়া এক বার্তায় হাইকমিশন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানায়।


ঢাকা ও লন্ডনের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ অংশীদারত্ব আরও গভীর করতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশার কথাও জানিয়েছে যুক্তরাজ্য।


ফ্রান্সের শুভেচ্ছা


মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্সও। ঢাকায় নিযুক্ত ফ্রান্স দূতাবাসের বার্তায় বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে মির্জা ফখরুলের দীর্ঘদিনের ভূমিকার কথা তুলে ধরা হয়।


বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় ও গভীর করতে ফ্রান্স প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়।


সুইজারল্যান্ড ও জার্মানির অভিনন্দন


রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে সুইজারল্যান্ডের ঢাকাস্থ দূতাবাস। দূতাবাসের বার্তায় বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদার হিসেবে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে কাজ করে যাওয়ার আগ্রহ প্রকাশ করা হয়েছে।


একইভাবে জার্মান দূতাবাস মির্জা ফখরুলকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে। নতুন দায়িত্বে তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে জার্মানি-বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদারত্ব আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছে দেশটি।


নাইজেরিয়ার অভিনন্দন


বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছে নাইজেরিয়ার ফেডারেল সরকারও।


শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী অ্যাম্বাসেডর বিয়াঙ্কা ওদুমেগউ-ওজুকউ ফেডারেল সরকারের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ সরকার ও জনগণকে অভিনন্দন জানান।


নাইজেরিয়া মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়াকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে।


আন্তর্জাতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতিকে ঘিরে আগ্রহ


সব মিলিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিভিন্ন দেশের অভিনন্দনবার্তায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের আগ্রহ স্পষ্ট হয়েছে।


বিশেষ করে প্রতিবেশী ভারত, পাকিস্তান ও নেপালের বার্তায় দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে চীন, ইউরোপের গুরুত্বপূর্ণ দেশগুলো এবং আফ্রিকার নাইজেরিয়ার শুভেচ্ছাবার্তায় বাংলাদেশের সঙ্গে বিদ্যমান অংশীদারত্ব এগিয়ে নেওয়ার প্রত্যাশা উঠে এসেছে।


ফলে নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিসরের পাশাপাশি আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনেও বাংলাদেশের নতুন নেতৃত্বকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। আগামী দিনে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোন দিকে এগোয়, বিশেষ করে রাষ্ট্রপতির সাংবিধানিক ভূমিকার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ কতটা বিস্তৃত হয়-সেদিকেও নজর থাকবে আন্তর্জাতিক মহলের।

সর্বশেষ সব খবর

হুময়ুন কবির ও শামীম কায়সার প্রতিমন্ত্রী হিসেবে শপথ পাঠ করছেন

  • প্রকাশ : শুক্রবার ২১ আগস্ট, ২০২৬, সময় : ৮:৫৮ পিএম

বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও দুইজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেন। এর পরপরই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়।


প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার এমপি।


এর আগে, মন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, রাশেদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি।

সর্বশেষ সব খবর

প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশ : শুক্রবার ২১ আগস্ট, ২০২৬, সময় : ৮:৪৭ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে খবর আসার পর তার প্রেস সচিব বলেছেন, এ বিষয়ে বাংলাদেশ এখনো সিদ্ধান্ত নেয়নি। 


শুক্রবার ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, তারেক রহমান ২৩-২৫ অগাস্ট দিল্লি সফর করতে পারেন। ফেব্রুয়ারির নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর বিএনপির নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম দিল্লি সফর নিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছে।


রয়টার্স লিখেছে, ২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই প্রতিবেশী দেশের সম্পর্কে যে টানাপড়েন তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে চলমান প্রচেষ্টার মধ্যেই এ সফরের সম্ভাব্য সময়সূচি সামনে এল।


চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। জুলাই আন্দোলন দমাতে নিপীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গেল নভেম্বরে তার মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


শেখ হাসিনাকে ফেরত পাঠাতে দিল্লিকে বারবার অনুরোধ করে আসছে ঢাকা। ভারত বলছে, তারা শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি পরীক্ষা করছে।


প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী রয়টার্সকে বলেছেন, “দিল্লি সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।”


তিনি বলেন, শেখ হাসিনার ও অন্য পলাতক আসামিদের প্রত্যর্পণের বিষয়ে দিল্লির জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।


শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সফর নিয়ে ভারতের পক্ষ থেকে বলার মতো কোনো মন্তব্য নেই।


এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর সেটি আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে শুক্রবার ভারতের রাষ্ট্রপতি ভবনের এমন কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে।


ছয় মাস আগে ক্ষমতায় আসা তারেক রহমানের সরকার শুরু থেকেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। তার সম্ভাব্য নয়া দিল্লি সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলার মধ্যে গত সপ্তাহে ঢাকা ইঙ্গিত দিয়েছিল, সফরের জন্য আরও অনুকূল কূটনৈতিক পরিবেশ প্রয়োজন।


গত ফেব্রুয়ারির নির্বাচনে জিতে বিএনপি ক্ষমতায় আসার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছিল নরেন্দ্র মোদীর সরকার।


এছাড়া সেপ্টেম্বরে নয়া দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনেও বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।


প্রধানমন্ত্রী ব্রিকসের আয়োজনে যোগ দেবেন কি না, তা নিয়ে বাংলাদেশ সরকারের তরফে স্পষ্ট কিছু বলা হয়নি। তবে অগাস্টের প্রথম সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বক্তব্যে ব্রিকসের চেয়ে দ্বিপক্ষীয় সফরকে বেশি গুরুত্ব দেওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছিল।


গেল ১৪ অগাস্ট ঢাকা ও দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক সূত্রগুলো বলছিল, প্রধানমন্ত্রীর সফরের সম্ভাব্য তারিখ হতে পারে ২২-২৩ অগাস্ট; অর্থাৎ, ভারতের স্বাধীনতা দিবসের ঠিক এক সপ্তাহ পর।


প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় তখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। কর্মকর্তারাও নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি।


তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে শুরু করে।


ঢাকার সরকারি সূত্রগুলো তখন বলছিল, প্রতিবেশী দেশটিতে প্রধানমন্ত্রীর প্রথম সফরের জন্য নীরবে হলেও নিশ্চিতভাবেই প্রস্তুতি এগিয়ে চলছে।


গেল ১০ অগাস্ট প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনার (যিনি ভারতের কেন্দ্রীয় মন্ত্রীর মর্যাদা পান) দীনেশ ত্রিবেদীর বৈঠকটি এই সংক্ষিপ্ত সফরের বিষয়ে মত পরিবর্তনে ভূমিকা রেখে থাকতে পারে বলে তখন ধারণা করা হয়।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছিলেন, জাতিসংঘ অধিবেশনে সভাপতিত্ব করতে আগামী ২৭ বা ২৮ অগাস্ট যুক্তরাষ্ট্রে চলে যাবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তার আগে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সফরে যোগ দেবেন।


এর মধ্যে গত ৫ অগাস্ট জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে নয়া দিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন। তিনি সেখানে বলেছেন, ডিসেম্বরেই দেশে ফিরবেন।


সেদিন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর পর ঢাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরে অনুকূল পরিবেশ তৈরি এবং শেখ হাসিনা ও শরীফ ওসমান হাদি হত্যার দুই আসামির প্রত্যর্পণের শর্ত দেয়।

সর্বশেষ সব খবর

বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের নবনির্বাচিত রাষ্ট্রপতি শপথ পড়ান

  • প্রকাশ : শুক্রবার ২১ আগস্ট, ২০২৬, সময় : ৮:১৭ পিএম

মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পর নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান তিনি।


নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।


এ ছাড়া বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।


এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।


রাষ্ট্রপতির শপথের পর বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার আকার আরও বাড়ল।

সর্বশেষ সব খবর

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান

  • প্রকাশ : শুক্রবার ২১ আগস্ট, ২০২৬, সময় : ৮:০৩ পিএম

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথ নেন তিনি।


শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। জাতীয় সংগীত ও কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। শপথ নেয়ার পর প্রচলিত রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন নতুন রাষ্ট্রপতি।


স্বাক্ষর শেষে নির্ধারিত আসনে বসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।


শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক নেতা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে বঙ্গভবনে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়।


রাষ্ট্রপতির শপথের পর বঙ্গভবনে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান। সরকার গঠনের ছয় মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার আকার বাড়ছে।


নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ ছাড়া বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে পূর্ণমন্ত্রী হচ্ছেন। তাদের শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


এর আগে বৃহস্পতিবার সংসদ ভবনের সভাকক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।


গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন তৎকালীন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আর স্পিকারের দায়িত্ব নেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

 

সর্বশেষ সব খবর

আবদুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন

  • প্রকাশ : শুক্রবার ২১ আগস্ট, ২০২৬, সময় : ৫:৩৩ পিএম

তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও চারজন যুক্ত হচ্ছেন বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরই মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া চারজনের মধ্যে দুইজনের ব্যাপারে নিশ্চিত হয়েছে। 


সূত্র জানায়, আবদুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরী মন্ত্রী হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন। আর প্রতিমন্ত্রী হিসেবে মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম শোনা যাচ্ছে।


সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রপতি নতুন তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পড়াবেন। এর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য মন্ত্রী–প্রতিমন্ত্রীদের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁদের সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।


নতুন মন্ত্রীর তালিকায় নাম থাকা- আবদুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি নরসিংদী-২ আসনের সংসদ সদস্য। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে এই আসন থেকে নির্বাচিত হন। 


আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তাঁর দল নির্বাচনে অংশ নেয়। তিনি ভোলা-১ আসনের সংসদ সদস্য। 


সাচিং প্রু জেরী বান্দরবান আসনের সংসদ সদস্য। গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বান্দরবান আসন থেকে নির্বাচিত হন তিনি। 


প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা মোহাম্মদ শামীম কায়সার লিংকন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য। 


প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। তাদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এর বাইরে প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাদের পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। 

সর্বশেষ সব খবর