পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম

  • প্রকাশ : সোমবার ২৪ আগস্ট, ২০২৬, সময় : ১১:০৪ এএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামের দায়িত্ব বণ্টন করে দিয়েছে সরকার। রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে এই কার্যবণ্টন করা হয়।


পরিপত্র অনুযায়ী, হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে নিজেদের দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে নিম্নবর্ণিত বিষয়ে কার্য সম্পাদনে সহায়তা করবেন:


ক) প্রতিমন্ত্রী-১: দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়াবলী, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিতব্য অন্য যেকোনো বিষয়।


খ) প্রতিমন্ত্রী-২: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা এবং উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্র সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি।


উপর্যুক্ত দায়িত্ব বণ্টনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সদয় অনুমোদন রয়েছে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।







ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২৪ আগস্ট, ২০২৬, সময় : ৯:৫৫ এএম

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে প্রবল অবস্থায় রয়েছে মৌসুমি বায়ু। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে।


সোমবার যেসব এলাকায় বেশি বৃষ্টি


রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


এ সময় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।


মঙ্গলবারও থাকবে বৃষ্টির প্রবণতা


সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।


দেশের কোথাও কোথাও এ সময় মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


বুধবার বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা


মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির আভাস


বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


এ দিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।


এ দিনও তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।


শেষের দিকেও থাকতে পারে বৃষ্টির প্রবণতা


আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, পূর্বাভাসকাল শেষের দিকেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।


অর্থাৎ, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির ধারাবাহিকতা বজায় থাকার সম্ভাবনাই বেশি।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ২৩ আগস্ট, ২০২৬, সময় : ১০:৫৮ পিএম

ভারত থেকে নিয়মিত বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশ। আমদানি করা বিদ্যুতে নতুন চার্জ চেয়েছে দেশটি। প্রতি ইউনিট বিদ্যুৎ আমদানিতে ০.০০৫ ভারতীয় রুপি দাবি করেছে ভারত। এটি যুক্ত করা হলে বিদ্যুৎ আমদানির খরচ বাড়বে। 


তবে এ চার্জ নিয়ে চুক্তি করতে দেরি হলে ভারত থেকে বিদ্যুৎ আমদানি ব্যাহত হতে পারে।


নতুন করে চুক্তি করতে অর্থ মন্ত্রণালয়ের মতামত চেয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। গত ১৮ আগস্ট অর্থ বিভাগে একটি চিঠি দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এতে বলা হয়, ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এনটিপিসি বিদ্যুতের ব্যাপারে নিগম লিমিটেড (এনভিভিএন) ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে সেটেলমেন্ট নোডাল এজেন্সি (এসএনএ) চুক্তি করতে হবে। চুক্তি করতে দেরি হলে এনভিভিএনের মাধ্যমে ১ হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানিতে জটিলতা তৈরি হতে পারে।


চিঠিতে বলা হয়, ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থা (সিইআরসি) আন্তসীমান্ত বিদ্যুৎ–বাণিজ্যের জন্য প্রতি ইউনিটে প্রথমে ০.০১ ভারতীয় রুপি চার্জ নেওয়ার প্রস্তাব করেছিল। পরে পিডিবির আবেদনের পর তা আধা পয়সা কমিয়ে ০.০০৫ রুপি করা হয়।


বিদ্যুৎ বিভাগ ও পিডিবির সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এসএনএ চার্জ বিদ্যুতের কোনো দাম নয়; এটি আন্তর্দেশীয় বিদ্যুৎ-বাণিজ্যের গ্রিড অপারেশন ও আন্তর্দেশীয় বিদ্যুৎ লেনদেন নিষ্পত্তির খরচ। এতে খুব বেশি খরচ বাড়বে না। আর এনভিভিএনের সঙ্গে চুক্তি করার কারণে লেনদেন সহজ হয়ে যাবে। এরপর আর সব বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে আলাদা করে বিল শোধের বিষয় থাকবে না।


বিদ্যুৎ বিভাগের চিঠিতে বলা হয়েছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিদ্যুৎ-বাণিজ্যে গ্রিড-সংক্রান্ত চার্জ নিষ্পত্তি সহজ করতে ভারতের সিইআরসি এই এসএনএ ব্যবস্থা চালু করেছে। ভারত থেকে নেপাল ও ভুটানে বিদ্যুৎ বাণিজ্যের ক্ষেত্রেও একই হারে এসএনএ চার্জ নেওয়া হচ্ছে।


পিডিবি সূত্র বলছে, আন্তসীমান্ত বিদ্যুৎ সরবরাহে কোন সময়ে কত বিদ্যুৎ যাবে, তার শিডিউল করা, মিটার থেকে ব্যবহারের তথ্য নেওয়া, সরবরাহ ও ব্যবহারের হিসাব মেলানো এবং গ্রিড পরিচালনার মতো কাজের খরচ মেটাতেই এই চার্জ নেওয়ার কথা বলেছে ভারত। বর্তমানে একাধিক চুক্তির আওতায় ভারত থেকে মোট দুই হাজার ৬৫৬ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির সুযোগ রয়েছে। এর মধ্যে এনভিভিএনের মাধ্যমে সরকারি পর্যায়ে এনটিপিসির কেন্দ্র থেকে ২৫০ মেগাওয়াট, দামোদর ভ্যালি করপোরেশন (ডিভিসি) থেকে ৩০০ মেগাওয়াট এবং ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি করপোরেশন থেকে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির ব্যবস্থা রয়েছে। এ ছাড়া পিটিসি ইন্ডিয়ার মাধ্যমে বেসরকারি খাত থেকে সেম্বকর্প এনার্জি ইন্ডিয়ার একটি কেন্দ্র থেকে ২০০ মেগাওয়াট এবং সেম্বকর্প থেকে সরাসরি আরও ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি রয়েছে। সব মিলিয়ে ১ হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুতের জন্য এনভিভিএন ও পিডিবির মধ্যে এসএনএ চুক্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে।


তবে এর বাইরে ভারতের ঝাড়খন্ডের গোড্ডায় নির্মিত আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি আছে। পিডিবির কর্মকর্তারা বলছেন, আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির মধ্যেই এ ধরনের চার্জের বিষয়টি রয়েছে। ফলে এ বিদ্যুতের জন্য আলাদা করে এসএনএ চুক্তির প্রয়োজন হবে না।


  • প্রকাশ : রবিবার ২৩ আগস্ট, ২০২৬, সময় : ১০:৪৭ পিএম

খাসকামরায় ডেকে নিয়ে নিজের গাড়িচালক মো. আলী হোসেন বাচ্চুকে মারধর করার অভিযোগ উঠেছে ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-বিচারক সোহেল রানার বিরুদ্ধে। 


আজ রোববার সকালে তাকে খাসকামরায় ডেকে নিয়ে চোখে ঘুষি ও কানের ওপর থাপ্পড় মারা হয় বলে অভিযোগ করেছেন বাচ্চু। 


তবে, অভিযোগটি সঠিক নয় উল্লেখ করে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের এক কর্মকর্তা জানিয়েছেন, বিচারক তাকে শুধু ধমক দিয়ে রুম থেকে বের করে দিয়েছেন।


গাড়িচালক বাচ্চুর অভিযোগ, এদিন সকাল সাড়ে ৯টার দিকে বিচারকের পিয়ন ফোন করে তাকে খাসকামরায় ডেকে নেন। তিনি সঙ্গে গাড়ির লগ বই নিয়ে যান। সেখানে একটি জায়গায় সকাল সাতটা লেখা থাকার কারণ জানতে চান বিচারক। বাচ্চু বলেন, ‘স্যার, আপনি আটটার সময় গাড়িতে ওঠেন। সাতটার সময় যদি গাড়ি না পৌঁছায়, তাহলে গাড়ি ধোয়া-মোছা ও পরিষ্কার করব কীভাবে?’


বাচ্চু অভিযোগ করেন, এ কথা বলার সঙ্গে সঙ্গে বিচারক তার চোখের ওপর ঘুষি মারেন এবং কানের ওপর থাপ্পড় দেন। পরে বিচারকের পিয়ন তার হাত ধরে টেনে সরিয়ে দেন। এরপর তাকে গালিগালাজও করা হয় বলে অভিযোগ করেন বাচ্চু। 


তিনি বলেন, বের করে দেওয়ার পর আমার চোখ দিয়ে পানি পড়ে চোখ ফুলে যায়। পরে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন এবং চোখে ব্যান্ডেজ করে দেন।


বাচ্চু বলেন, আমি এখানে এক বছর ১০ মাস চাকরি করি। তিনি আমাকে বাদ দিয়ে গানম্যান দিয়ে গাড়ি চালান। আমাকে মোটেও সহ্য করতে পারে না।


অন্যায় করে থাকলে প্রশাসনিক ব্যবস্থা না নিয়ে কেন শারীরিকভাবে আঘাত করা হলো সেই প্রশ্ন রাখেন বাচ্চু। এ বিষয় এই প্রতিবেদক বিচারকের সঙ্গে কথা বলতে গেলে তিনি কথা বলতে রাজি হননি। তবে অভিযোগটি সঠিক নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের কর্মকর্তা ইশতিয়াক হোসেন জনি।


তিনি বলেন, বেশ কিছুদিন ধরে বাচ্চু বিচারকের গাড়ি পরিষ্কার করছিলেন না। এ বিষয়ে জানতে তাকে খাসকামরায় ডেকে পাঠানো হয়। বাচ্চু গাড়ি পরিষ্কার করতে পারবেন না বলে জানালে বিচারক তাকে ধমক দিয়ে রুম বের করে দেন।


  • প্রকাশ : রবিবার ২৩ আগস্ট, ২০২৬, সময় : ৯:২১ পিএম

ঢাকায় অবস্থিত চীন ও রাশিয়ার দূতাবাসে হুমকি দিয়ে ই-মেইল পাঠানোর ঘটনায় রাজধানীর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বারিধারা ও গুলশানসহ পুরো কূটনৈতিক এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। খবর বিবিসি বাংলার। 


আজ রবিবার (২৩ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আবু খায়ের বিষয়টি নিশ্চিত করেন।


তিনি বলেন, চীন ও রাশিয়ার দূতাবাসে হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। তবে ই-মেইলগুলো ঠিক কোথা থেকে পাঠানো হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এগুলো ভুয়া বা স্ক্যাম ই-মেইল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


আবু খায়ের বলেন, ঢাকায় নিযুক্ত বিদেশি দূতাবাসগুলো নিয়ম অনুযায়ী বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ সদর দপ্তর ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে বিষয়টি অবহিত করা হয়।


তিনি বলেন, 'দূতাবাসগুলোর পক্ষ থেকে পুলিশকে সরাসরি কোনো আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়নি। তবে বিষয়টি জানার পর কূটনৈতিক এলাকার বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।'


ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় এখন পর্যন্ত কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা লিখিত অভিযোগ করা হয়নি।


  • প্রকাশ : রবিবার ২৩ আগস্ট, ২০২৬, সময় : ৮:৪৭ পিএম

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও পরিবেশ অধিদপ্তরের (ডিওই) নির্দিষ্ট ক্লিয়ারেন্স বা পারমিটের জন্য এখন আর কোনো হার্ডকপি বা ম্যানুয়াল কাগজপত্র জমা দিতে হবে না। বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) ও অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের পূর্ণাঙ্গ সংযোগের ফলে এই পুরো প্রক্রিয়াটি এখন সম্পূর্ণ ডিজিটাল ও কাগজবিহীন করা হয়েছে।


কম্পিউটারাইজড কাস্টমস ম্যানেজমেন্ট সিস্টেম অটোমেটেড সিস্টেম ফর কাস্টমস ডাটা (অ্যাসিকিউডা ওয়ার্ল্ড) এবং আন্তর্জাতিক বাণিজ্যের অনলাইন প্ল্যাটফর্ম বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) এর আন্তঃসংযোগের আওতায় সিএলপি কোড ৪১১৫ (বিএসটিআই) এবং ৪৬০৩, ৪৬০৪ (পরিবেশ অধিদপ্তর) এর পারমিটের বিপরীতে রাইট-অফ বা অবলোপন কার্যক্রম চালু হচ্ছে।


কী পরিবর্তন হচ্ছে?


আগে যেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট সিএলপি’র বিপরীতে ম্যানুয়াল/হার্ডকপি অনুমতিপত্র দাখিলের প্রয়োজন হতে পারত, নতুন ব্যবস্থায় তা আর প্রয়োজন হবে না।


বিএসডব্লিউ থেকে ইস্যুকৃত সংশ্লিষ্ট সার্টিফিকেট/লাইসেন্স/পারমিট (সিএলপি) অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে আন্তঃসংযোগের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রেরিত হবে এবং বিল অব এন্ট্রি/বিল অব এক্সপোর্ট-এর সঙ্গে সংযুক্তিসহ রাইট-অফ কার্যক্রম সম্পন্ন হবে। আজ ২৩ আগস্ট থেকে এ কার্যক্রমটি কার্যকর হচ্ছে। 


বিএসটিআই ও পরিবেশ অধিদপ্তরের নির্দিষ্ট পারমিটের ক্ষেত্রে ম্যানুয়াল ডকুমেন্ট বা হার্ডকপি অনুমতিপত্র দাখিল করার নিয়ম বাতিল করা হয়েছে। এখন থেকে আবেদনকারী ও উদ্যোক্তারা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে আবেদন এবং সংশ্লিষ্ট অনুমোদন গ্রহণ করতে পারবেন।


কী কী সুবিধা


  • সময় ও যাতায়াতের খরচ কমে যাবে।
  • আবেদন প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ হবে।
  • যেকোনো সময় অনলাইনে কাগজের অবস্থা জানা যাবে।
  • দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলা থাকবে না।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ২৩ আগস্ট, ২০২৬, সময় : ৪:৩১ পিএম

ঢাকায় অবস্থিত কয়েকটি বিদেশি দূতাবাসে ই-মেইল পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কর্মকর্তাদের সঙ্গে দূতাবাসগুলোর প্রতিনিধিদের বৈঠক হয়েছে।


সিটিটিসির এক কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার দূতাবাসের সঙ্গে কথা হয়েছে। ই-মেইলে যে বার্তা দেওয়া হয়েছে, তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।


সিটিটিসির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুল হক সমকালকে বলেন, ঘটনা জানার পর আমাদের অফিসার দূতাবাসগুলো পরিদর্শন করেছেন। তদন্ত কার্যক্রম চলছে।


সূত্র জানায়, গত সপ্তাহের শেষ দিকে একই ধরনের ই-মেইল পাঠিয়ে বাংলাদেশে অবস্থিত একাধিক দূতাবাসে হুমকি দেওয়া হয়। কোনো গোষ্ঠী আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এসব ই-মেইল পাঠিয়েছে বলে ধারণা পুলিশের। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা লিখিত অভিযোগ করেনি।


গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, হুমকির বিষয়ে তার থানায় কোন দূতাবাস থেকে অভিযোগ করা হয়নি।