ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩১ পিএম

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে দায়িত্ব পালন করছেন দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য। রোববার (২২ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর, কক্সবাজার ও গোপালগঞ্জে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা দায়িত্ব পালন করছেন।


মোতায়েন করা সদস্যরা জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছেন। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন তারা।


মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ ক্ষেত্রে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে কাজ করছেন বিজিবি সদস্যরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।





প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ১:১৭ পিএম

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ খাতের উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, এসএমই খাতের উন্নয়নে একটি ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনে আয়োজিত মেলায় অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।


‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। এতে সভাপতিত্ব করছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।


এবারের জাতীয় এসএমই পণ্য মেলায় ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।


  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ১:০৪ পিএম

জমির নামজারি, খতিয়ান সংগ্রহ, ভূমি উন্নয়ন কর পরিশোধ কিংবা জমির রেকর্ড সংশোধন নিয়ে ভোগান্তিতে পড়লে সহায়তা পাওয়া যাবে ভূমি সেবা হটলাইন ১৬১২২ নম্বরে। ভূমি মন্ত্রণালয়ের এই হটলাইনে ভূমিসেবা-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের তথ্য, পরামর্শ ও অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। ২০২৬ সালের অভিযোগ ব্যবস্থাপনা নির্দেশিকায় ভূমিসেবার আওতায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।


জমির মালিকানা-সংক্রান্ত কাগজপত্র, সরকারি ফি, অনলাইন আবেদন কিংবা ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে নাগরিকেরা এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি ভূমিসেবা নিতে গিয়ে কোনো ধরনের জটিলতা বা সমস্যার মুখোমুখি হলেও অভিযোগ জানানোর সুযোগ রয়েছে।


নামজারি ও জমাখারিজে সহায়তা


জমি কেনার পর নতুন মালিকের নামে রেকর্ড হালনাগাদ করতে নামজারি বা জমাখারিজ করতে হয়। এ প্রক্রিয়ায় কীভাবে আবেদন করতে হবে, কোন কোন কাগজপত্র প্রয়োজন, আবেদন করতে কত টাকা ফি দিতে হবে এবং আবেদনের ক্ষেত্রে কী ধরনের নিয়ম অনুসরণ করতে হবে, এসব বিষয়ে ১৬১২২ নম্বরে তথ্য পাওয়া যাবে। নামজারি আবেদন করতে গিয়ে কোনো জটিলতা দেখা দিলে সে বিষয়েও সহায়তা চাওয়া যাবে।


ভূমি উন্নয়ন কর ও খাজনা পরিশোধ


ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধের ক্ষেত্রেও হটলাইনটি ব্যবহার করা যাবে। অনলাইনে কর পরিশোধের নিয়ম, নতুন হোল্ডিং খোলা, হোল্ডিং অনুমোদন, করের পরিমাণ নির্ধারণ এবং ভুল করের দাবি সংশোধন নিয়ে পরামর্শ পাওয়া যাবে। ভূমি উন্নয়ন কর পরিশোধের পর দাখিলা সংগ্রহে সমস্যা হলেও যোগাযোগ করা যাবে এই নম্বরে।


খতিয়ান ও পর্চা সংগ্রহ


জমির মালিকানা ও রেকর্ড-সংক্রান্ত তথ্য জানতে বিভিন্ন জরিপের খতিয়ান প্রয়োজন হয়। সিএস, এসএ, আরএস ও বিএস জরিপের খতিয়ান বা পর্চা সংগ্রহের নিয়ম, সার্টিফায়েড কপি পাওয়ার প্রক্রিয়া এবং ভূমি রেকর্ড-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ১৬১২২ নম্বরে সহায়তা চাওয়া যাবে।


মৌজা ম্যাপ ও জমির নকশা


জমির সঠিক অবস্থান শনাক্ত করা কিংবা মৌজা নকশা সংগ্রহ করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। এ ধরনের ক্ষেত্রে মৌজা ম্যাপ সংগ্রহের নিয়ম, নকশার বিভিন্ন তথ্য বোঝা, জমির অবস্থান নির্ধারণ এবং জরিপ-সংক্রান্ত বিষয়ে হটলাইন থেকে তথ্য ও পরামর্শ পাওয়া যাবে।


ভূমি জরিপ ও রেকর্ড সংশোধন


জমির মাঠজরিপ, জরিপের তথ্য যাচাই এবং রেকর্ডে ভুল থাকলে তা সংশোধনের বিষয়ে সহায়তা পাওয়া যাবে। এ ছাড়া আদালতের আদেশ অনুযায়ী ভূমি রেকর্ড সংশোধন এবং জমির শ্রেণি পরিবর্তন-সংক্রান্ত বিষয়েও তথ্য জানতে পারবেন সেবাগ্রহীতারা।


জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ


সরকারি প্রয়োজনে কোনো জমি অধিগ্রহণ বা হুকুমদখল করা হলে সংশ্লিষ্ট জমির ক্ষতিপূরণ নিয়ে বিভিন্ন প্রশ্ন দেখা দিতে পারে। ক্ষতিপূরণ নির্ধারণ, পরিশোধ এবং এ-সংক্রান্ত কার্যক্রম সম্পর্কে তথ্য ও পরামর্শ পাওয়া যাবে ১৬১২২ নম্বরে।


খাসজমি ও জলমহাল বন্দোবস্ত


খাস কৃষি জমি ও অকৃষি জমির বন্দোবস্ত, এসব জমির জন্য আবেদন এবং জলমহালসহ বিভিন্ন সায়রাত মহাল ইজারা নেয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন নাগরিকেরা। এ-সংক্রান্ত আবেদন ও অন্যান্য কার্যক্রম নিয়েও হটলাইনে যোগাযোগ করা যাবে।


ভূমি রাজস্ব মামলা ও অন্যান্য সেবা


ভূমি রাজস্ব মামলার বিভিন্ন কার্যক্রম এবং মামলার আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহের বিষয়ে তথ্য ও পরামর্শ পাওয়া যাবে। এর বাইরে অর্পিত সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, ইজারা, বন্দোবস্ত এবং ভূমি প্রশাসনের অন্যান্য সেবা সম্পর্কেও সহায়তা নেয়া যাবে।


দিন-রাত ২৪ ঘণ্টা চালু হটলাইন


ভূমি সেবা হটলাইন ১৬১২২ সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা চালু থাকে। ফলে সরকারি ছুটির দিন কিংবা রাতেও ভূমিসেবা-সংক্রান্ত তথ্য জানতে, পরামর্শ নিতে অথবা অভিযোগ জানাতে ফোন করা যাবে। বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্যও রয়েছে যোগাযোগের আলাদা নম্বর। দেশের বাইরে থেকে +৮৮০৯৬১২৩১৬১২২ নম্বরে ফোন করে ভূমিসেবা-সংক্রান্ত তথ্য, পরামর্শ ও অভিযোগ জানানো যাবে।


১৬১২২ নম্বরে ফোন করতে কি টাকা লাগে?


ভূমি সেবা হটলাইন ১৬১২২ টোল ফ্রি নয়। অর্থাৎ এই নম্বরে কল করলে মোবাইল অপারেটরের প্রচলিত কলচার্জ প্রযোজ্য হবে। তাই ভূমিসেবা-সংক্রান্ত তথ্য বা অভিযোগ জানাতে ফোন করার সময় কলচার্জের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।


প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৯:১৮ এএম

নাশকতা বিরোধী ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধী জোটের জামায়াতে ইসলামী, এনসিপি ছাড়াও জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সব দলকে ডাকবেন সরকারপ্রধান। এনসিপির সঙ্গে আগামী সোমবার বৈঠক হতে পারে। তবে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। 


এনসিপির একাধিক জ্যেষ্ঠ নেতা বলেছেন, অনানুষ্ঠানিক আলাপ শুরু হয়েছে। সরকারের দিক থেকে আলোচনার আমন্ত্রণ এসেছে। সোমবার বৈঠক হবে কিনা তা চূড়ান্ত নয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লন্ডন সফর শেষে রোববার দেশে ফিরবেন। এরপর বৈঠকের দিনক্ষণ ঠিক হতে পারে। 


একাধিক রাজনৈতিক সূত্র জানিয়েছে, বিএনপির একজন হুইপ বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করছেন। বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। তিনি আগামী ২৬ নভেম্বর দেশে ফিরবেন। আগামী ২৭ বা ২৮ নভেম্বর সংলাপ হতে পারে। প্রধানমন্ত্রী রাজনৈতিক সব দলের একসঙ্গে বা পৃথক পৃথক বৈঠকও করতে পারেন। 


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোকে এক সঙ্গে আনতে উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। গত বুধবার সংসদে বৈঠক করেন প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতা। এরপর সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী চব্বিশের জুলাইয়ের মত ঐক্যের ডাক দেন। গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা। 


জামায়াতের মত এননিপিও শর্ত দিয়েছে, ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন। বিএনপি ঐক্যের আহ্বান জানালেও গণভোটের রায় বাস্তবায়নের দাবির বিষয়ে এখনও কিছু বলেনি। 


বিএনপি সূত্র জানিয়েছে, শুধু জামায়াত নেতৃত্বাধীন ১১ দল নয়, সরকারি দলের সঙ্গে থাকা দলগুলোকে ডাকা হবে। আমন্ত্রণ জানানো হবে বামপন্থি দলগুলোকেও। কিছু সংগঠনকেও আমন্ত্রণ জানানো হতে পারে। 


আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন চব্বিশের জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রিত সাবেক এই প্রধানমন্ত্রী ফেরার ঘোষণায় গত কয়েকদিনে গোপালগঞ্জে তাণ্ডব চালিয়েছেন তাঁর সমর্থকরা। পুলিশ থানা, বিএনপির স্থানীয় সংসদ সদস্য এবং নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট করে পুড়িয়ে দিয়েছে। হামলা করেছে হাসপাতালেও। পরিস্থিতি রাজনৈতিকভাবে ঠেকাতে জুলাইয়ের পক্ষের সব দলগুলোকে নিয়ে ঐক্যের আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান। 


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৫২ পিএম

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর।


পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েপড়া ভিডিওগুলো পুরোনো ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। ওই এলাকায় কোনো হিন্দু বসতি নেই বলেও দাবি করেছে পুলিশ।


শনিবার (২১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পুলিশ সদর দপ্তর।


পুলিশ সদর দপ্তর জানায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর সুইচগেট-সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির মিছিলে হামলা করেন। এ ঘটনায় কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০) নিহত হন।


এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি বেন্দারচর গ্রামে। তারা দুজনই বুলু বিশ্বাসের ছেলে।


পুলিশ জানায়, ওই হত্যাকাণ্ডের জেরে গত ২০ নভেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নিহত ব্যক্তিদের বিক্ষুব্ধ আত্মীয়স্বজন এবং অন্যান্য ব্যক্তিরা বেন্দারচর গ্রামে একত্রিত হন। একপর্যায়ে তারা হত্যার ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান।


খবর পেয়ে কালিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


পুলিশের দাবি, বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের কোনো পরিবারের ওপর কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েপড়া এসব তথ্যের মাধ্যমে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


মুন্সীগঞ্জের গজারিয়ার ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ১১:০৮ পিএম

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। একই দিন ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন শিক্ষাবর্ষের বই। ফলে ফলাফল জানার পরপরই পরবর্তী শ্রেণির নতুন বই নিয়ে বাড়ি ফিরতে পারবে শিক্ষার্থীরা।

শুক্রবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার মানোন্নয়নবিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। 

এহসানুল হক মিলন বলেন, মেধাবী কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, তা নিশ্চিত করতে হবে। 

এ সময় তিনি মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনকে উদ্দেশ্য করে বলেন, অর্থাভাবে পড়াশোনা চালিয়ে যেতে না পারা মেধাবী শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে খোঁজখবর নিতে হবে। এ ধরনের কোনো সমস্যা দেখা দিলে তাকে জানাতে বলেন শিক্ষামন্ত্রী। প্রয়োজনে তিনি নিজেও ব্যক্তিগত তহবিল থেকে শিক্ষার্থীদের সহায়তা করবেন।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২৪ ডিসেম্বর সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। সেদিন ফলাফলের শিটের পাশাপাশি শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণির নতুন বই পাবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, যারা চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হবে, তারা সেদিন পঞ্চম শ্রেণির বই নিয়ে বাড়ি ফিরবে।

নতুন বই সরবরাহের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইতোমধ্যে বই পৌঁছে গেছে। মাধ্যমিক পর্যায়ের বইও আগামী ৩০ নভেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে। তবে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে ২৪ ডিসেম্বর। বইয়ের মান নিশ্চিত করার বিষয়ে এহসানুল হক মিলন বলেন, এবার উন্নত মানের কাগজ ও ছাপায় বই প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বই সহজে নষ্ট না হয়। কোনো বইয়ের কাগজ কিংবা ছাপার মান নির্ধারিত মান অনুযায়ী না হলে সংশ্লিষ্ট প্রকাশককে বিল দেওয়া হবে না। 

শিক্ষার মানোন্নয়নে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আগামী বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পোশাক, জুতা-মোজা, শিক্ষকদের ট্যাব এবং মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত দুটি শ্রেণিকক্ষ মাল্টিমিডিয়া সুবিধার আওতায় আনা হবে। মাদ্রাসাগুলোতেও তৈরি করা হবে মাল্টিমিডিয়া সুবিধাসম্পন্ন শ্রেণিকক্ষ।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. বদরুদ্দোজা, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়া, গজারিয়া থানার ওসি কায়সার আহমেদ এবং গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকী উল্লাহ ফরিদসহ অনেকে। 

অনুষ্ঠানে গজারিয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং কয়েক হাজার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


প্রধানমন্ত্রী তারেক রহমান (ফাইল ফটো)

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৫৭ পিএম

'২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত।'


২১ নভেম্বর ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে আজ শুক্রবার এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 


প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসে অনন্য, গৌরবময় এবং ঐতিহাসিক ঘটনা।


তিনি বলেন, ‘১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্যগণ ও দেশপ্রেমিক জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এই সমন্বিত আক্রমণে অংশ নেন। মুক্তিযুদ্ধে রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা লাভ করে।’


সরকারপ্রধান বলেন, সশস্ত্র বাহিনীর ইতিহাসেও এটি একটি গুরুত্বপূর্ণ দিন। ফলে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


প্রধানমন্ত্রী বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য, সংকল্পবদ্ধ শৃঙ্খলা দিয়ে তৈরি জাতির এক গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী। ‘৭১ এর রণাঙ্গনে এই বাহিনীর অসীম সাহসী ভূমিকা ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যগণ অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছে।


তারেক রহমান বলেন, বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি বাড়িয়েছে। শান্তিরক্ষায় বিশ্ব দরবারে বাংলাদেশের ভূমিকাকে শক্তিশালী ও প্রশংসনীয় করেছে। আমি আশা করি ভবিষ্যতেও এই ভূমিকা অব্যাহত থাকবে। দেশের সকল প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকের সময় সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ ভূমিকা এই বাহিনীকে জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে।


প্রধানমন্ত্রী বলেন, সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে একটি সুশৃঙ্খল, ক্ষিপ্র ও সদা তৎপর এক আধুনিক বাহিনীতে পরিণত করেছিলেন। সশস্ত্র বাহিনীকে সুশিক্ষিত ও পেশাদার বাহিনীতে পরিণত করেন। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শাসনামলেও সশস্ত্র বাহিনীর আরও আধুনিকায়ন অব্যাহত থাকে। উন্নত বিশ্বের সাথে সংগতি রেখে সশস্ত্র বাহিনীকে একটি প্রযুক্তি নির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার বিস্তারিত পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করে চলেছে।

 

তিনি বলেন বলেন, সশস্ত্র বাহিনী একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক। বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি সশস্ত্র বাহিনীর ইমেজ ভূলুণ্ঠিত করতে বিভিন্ন সময়ে অপচেষ্টা চালিয়েছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব এবং জনগণের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাফল্য যাত্রা অব্যাহত রেখেছে।


সরকারপ্রধান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধই নয় ২০২৪ সালে ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ এবং জনগণের পক্ষে ইতিবাচক ভূমিকা রেখেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও সততা, দক্ষতা ও কর্মক্ষমতার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যরা বিশ্বব্যাপী প্রশংসিত। শান্তিরক্ষী প্রেরণে অন্যতম শীর্ষ দেশ হিসেবে বাংলাদেশের এই স্বীকৃতি জাতির জন্য গৌরবের এবং এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।


প্রধানমন্ত্রী বলেন, সবশেষে আমি মুক্তিযুদ্ধে নিজের জীবনদানকারী বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ ও বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফসহ দেশমাতৃকার স্বার্থে প্রাণোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সকল বীর সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।


তারেক রহমান বলেন, আমি ‘সশস্ত্র বাহিনী দিবস ২০২৬’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি। সশস্ত্র বাহিনীর সকল সদস্য ও তাদের পরিবারবর্গের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।