আজ জাতীয় সংসদে চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৪০ পিএম

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং পতিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) বিরোধী সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে সবাইকে এক মঞ্চে দাঁড়াতে হবে। এ সময় চব্বিশের মতো আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার তাগিদ দেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তাঁবেদার অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তিন দশক আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া ঐতিহাসিক স্লোগানটি স্মরণ করিয়ে দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন- ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’ আজ আবারও সেই একই আওয়াজ তুলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার আহ্বান জানান তিনি।




প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩৬ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে লালমনিরহাটের উদ্দেশে রওনা হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। 


তিনি জানান, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটে তিনটি কর্মসূচিতে যোগ দেবেন এবং বিকেলে ঢাকায় ফিরে আসবেন।’


প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে, লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগদান ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন।


এছাড়া, সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, স্থানীয় উপকারভোগীদের সাথে মতবিনিময় এবং জেলার কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ।


বিএনপির নেতা হিসেবে তারেক রহমান ২২ বছর আগে লালমনিরহাটে গিয়েছিলেন, প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম সফর।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৪৭ এএম

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার  ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাত ৩টা ৪০ মিনিটে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন। 


তিনি জানান, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়েছে। তিনি সেখানে পরিবার নিয়ে বসবাস করছিলেন। পরে াসখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।


উত্তরা পশ্চিম থানার ওসি বলেন, নুরুল ইসলাম নাহিদকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের হত্যাকাণ্ডের একাধিক মামলা রয়েছে। নাহিদকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।


নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য তিনি। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর ১০ বছর তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।


সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১১:০০ পিএম

যানজট নিরসনে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দুই মাসের মধ্যে ঢাকার ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিসম্পন্ন ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি চালু হবে। পাশাপাশি মেট্রোরেলের সম্প্রসারণের পাশাপাশি ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে গণপরিবহন সুবিধা বাড়াতে মনোরেল চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার।


বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান।


সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, যানজটের কারণে দেশে প্রতি বছর ৩৭ হাজার কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হচ্ছে। এর প্রধান কারণ লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হওয়া এবং অতিরিক্ত জ্বালানি অপচয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর রাজধানীর শহীদ জাহাঙ্গীর গেট থেকে সদরঘাট পর্যন্ত এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ট্রাফিক ব্যবস্থা চালুর ফলে আইন লঙ্ঘনের ঘটনা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হচ্ছে। এতে দুর্ঘটনা ও যানজটও অনেকটা কমে এসেছে।


এ অবস্থায় ঢাকার সব প্রধান সড়ক এবং দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোকে এআই ট্রাফিক ব্যবস্থার আওতায় আনতে প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দেবেন কি না, তা জানতে চান তিনি।


জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এ বিষয়ে নতুন করে নির্দেশনা দেওয়ার প্রয়োজন নেই। কারণ, আরও তিন মাস আগেই সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে ঢাকা শহরের ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে নতুন করে এআই ক্যামেরাসম্পন্ন ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপনের কাজ চলছে।


প্রধানমন্ত্রী বলেছেন, নগরবাসী এরই মধ্যে বিভিন্ন পয়েন্টে নতুন সিগন্যাল লাইট বসানো দেখতে পাচ্ছেন। যদিও সেগুলো এখনো পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করেনি, তবে সরকার আশা করছে আগামী দুই মাসের মধ্যেই এআই সিগন্যালগুলো সচল হবে। এগুলো চালু হলে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে এবং যানজট তুলনামূলকভাবে অনেক কমে আসবে।


বিশ্বের অন্যান্য জনবহুল শহরের উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর যে কোনো বড় রাজধানীতে সকালে অফিস-স্কুল শুরু হওয়ার সময় এবং বিকেলে ছুটির সময়- এই দুই দফায় দুই থেকে চার ঘণ্টার মতো কিছুটা যানজট থাকে। বাংলাদেশেও স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে। তবে সরকার এই ভোগান্তি যতটা সম্ভব কমিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


যানজট নিরসনে সরকারের দীর্ঘমেয়াদি ও আধুনিক পরিকল্পনার কথা তুলে ধরে সংসদ নেতা জানান, এরই মধ্যে বেশ কয়েকটি রুটে মেট্রোরেল চলাচল করছে। বাকি রুটগুলোর কাজও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক করতে মনোরেল চালুর বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।


মনোরেলের বিশেষত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, এটি অপেক্ষাকৃত ছোট ও সরু জায়গার মধ্য দিয়েও চলাচল করতে পারে। ফলে মোহাম্মদপুর, ধানমন্ডি কিংবা সবুজবাগের মতো ঘনবসতিপূর্ণ এলাকার ভেতরের রাস্তাগুলোতেও মনোরেল নেওয়া সম্ভব হবে। এটি বাস্তবায়ন করা গেলে সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে অভাবনীয় সুবিধা যুক্ত হবে বলে তিনি উল্লেখ করেন।


সংসদ ভবন। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১০:১৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরুর আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা (সোলার প্যানেল) চালু করা হচ্ছে। পরবর্তী বৈঠকের আগেই এ প্রকল্পের দরপত্র আহ্বানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংসদ সচিবকে নির্দেশনা দিয়েছে সংসদীয় কমিটি। 

বুধবার জাতীয় সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুৎসাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণ এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নে গঠিত মতামত প্রদান সংক্রান্ত কমিটির তৃতীয় (মুলতবি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ ভবনে কমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লুৎফুল্লাহেল মাজেদ, মাহবুবুল আলম এবং সাইফুল আলম উপস্থিত ছিলেন।

সভায় সংসদ সচিবালয়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের পরিকল্পনা বিষয়ে ডিপিডিসির মাধ্যমে ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা প্রদর্শন করা হয়। এ সময় সংসদ সচিবালয়ের সার্বিক বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি এবং সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গার সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থার উপযুক্ত উৎপাদনক্ষমতা নির্ধারণ, দরপত্র আহ্বান এবং এ সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে পাবলিক প্রোকিউরমেন্ট রুলস (পিপিআর) এবং সোলার পাওয়ার আইন, ২০২৬ অনুসরণ করে বুয়েট, সংসদ সচিবালয়, ডিপিডিসি ও গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কারিগরি কমিটি গঠনের প্রস্তাব করা হয়। এ ছাড়া প্রস্তাবিত কমিটির কারিগরি সমীক্ষা, ব্যবস্থাপনা ও পরিচালনা সংক্রান্ত বিষয়াদি যাচাই-বাছাইয়ে কমিটির সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, মাহবুবুল আলম এবং সাইফুল আলমের সমন্বয়ে একটি উপকমিটি গঠন করা হয়।

সভায় ডিপিডিসি কর্তৃক প্রণীত কারিগরি স্পেসিফিকেশন আগামী ২৪ নভেম্বরের মধ্যে সংসদ সচিবের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।


জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠক (ছবি: বিএনপি মিডিয়া সেল)

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৫৭ পিএম

প্রত্যেক সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় এমপিদের প্রতি এ নির্দেশনা দেন সরকারপ্রধান ও বিএনপির সভাপতি। বৈঠকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। 


আজ বুধবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে এ বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।


জানা গেছে, সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের পরিচালনায় সভার মূল মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রয়েছেন। সংসদ সদস্যরা জানিয়েছেন, সভায় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাক শিল্প পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।


৯ নভেম্বর সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারি দলের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এটি এই অধিবেশনে সরকারি দলের দ্বিতীয় সভা।


মেঘনা আলম

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ২:৩০ পিএম

দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে আলোচিত মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৮ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা এক নোটিশে তাকে হাজির হয়ে এ বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।


জানা গেছে, গত ৪ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও দুই সদস্যের অনুসন্ধান দলের প্রধান সুমিত্রা সেন এ-সংক্রান্ত চিঠি দেন।


অনুসন্ধানের আওতায় রয়েছে কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির ও মডেল মেঘনা আলম। তাদের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সেই অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবেই মেঘনা আলমকে তলব করেছে দুদক।


মেঘনা আলম একাধারে মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ। ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব অর্জনের মধ্য দিয়ে আলোচনায় আসেন তিনি। বর্তমানে তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন এবং ‘একত্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।


রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রয়েছে তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়নে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।