স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খেজুরের দাম নিয়ে তর্কের জেরে গ্রাহকদের ওপর হামলার অভিযোগ উঠেছে কর্মীদের বিরুদ্ধে
রাজধানীর পুরান ঢাকার জনসন রোডের রায় সাহেব বাজার মোড়ে অবস্থিত স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খেজুরের দাম নিয়ে তর্কের জেরে গ্রাহকদের ওপর হামলার অভিযোগ উঠেছে কর্মীদের বিরুদ্ধে। ইফতারের সময় ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার (৭ মার্চ) ইফতারের সময় কয়েকজন ক্রেতা স্টার কাবাবে ইফতার করতে যান। এ সময় ইফতারের খেজুরের দাম নিয়ে রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন স্টাফ সংঘবদ্ধভাবে ক্রেতাদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁর ভেতরে ও সামনে বেশ কয়েকজন লোক জটলা করে আছেন। এ সময় কয়েকজন স্টাফকে ক্রেতাদের ধাক্কাধাক্কি করতে দেখা যায়। পরে একজন স্টাফকে চেয়ার হাতে নিয়ে তেড়ে যেতে দেখা যায়। অন্য একজনকে হাতে থাকা বোতল দিয়ে আঘাত করতে দেখা যায়।
ভিডিওতে আরও দেখা যায়, কয়েকজন মিলে একজন ক্রেতাকে ঘিরে ধরে টানাহেঁচড়া ও মারধর করা হচ্ছে। আশপাশে থাকা অন্যরা পরিস্থিতি থামানোর চেষ্টা করলেও সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে কয়েকজন ক্রেতা আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথম দফা হামলার পর পরিস্থিতি শান্ত না হয়ে আরও কয়েক দফা উত্তেজনা তৈরি হয়। রেস্তোরাঁর বিভিন্ন তলা থেকে কয়েকজন স্টাফ নিচে এসে জড়ো হন এবং আবারও ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে সূত্রাপুর থানার পরিদর্শক অপারেশন সুমন নাথ বলেন, ইফতারের সময় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কয়েকজন আহত হয়েছেন। যারা মারধরের শিকার হয়েছেন তারা অভিযোগ দিতে থানায় এসেছেন। লিখিত অভিযোগ পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
তবে স্টার কাবাবের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। এর আগেও গ্রাহকদের সঙ্গে অসদাচরণ ও হামলার অভিযোগ উঠে এসেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
২০২৪ সালে রাজধানীর আরেক শাখায় পচা খাবারের প্রতিবাদ করায় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ওঠে। সে সময় তাকে মারধর করে দোতলা থেকে নিচতলায় নামিয়ে আনার অভিযোগ করেন ভুক্তভোগী। হামলায় তার ডান চোখ, হাত ও পা আঘাতপ্রাপ্ত হয় এবং কপাল ও মাথা ফেটে যায়। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নিতে হয়।
ওই ঘটনায় পুলিশ স্টার কাবাবের ১২ জন কর্মীকে গ্রেফতার করেছিল। পরে ১০০০ জন এতিমকে খাবার খাওয়ানোর শর্তে তাদের ক্ষমা করা হয় বলে জানা যায়।
সাম্প্রতিক ঘটনার বিষয়ে স্টার কাবাবের কাবাব ম্যানেজার কমল রায় বলেন, খেজুরের দাম নিয়ে ভোক্তার সঙ্গে আমাদের কয়েকজন স্টাফের কথা কাটাকাটি হয়েছিল। একপর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়ে। সিসিটিভি ফুটেজ দেখে জড়িত তিনজনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভোক্তারা অভিযোগ করলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পল্লবী ও মহাখালীতে বাসে আগুন। ছবি: সংগৃহীত
মোহাম্মদ সাঈদ খোকন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর গুলশান-বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০১)।
এসআরবি সদর দপ্তরের একটি সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। এসআরবি সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের পর সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় সাঈদ খোকনের পাশাপাশি তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীকেও আসামি করা হয়েছে।
এর আগে একই বছরের ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। আদালতে দাখিল করা আবেদনে বলা হয়, অভিযুক্তদের নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। সাঈদ খোকন ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক যোগসূত্রের তথ্যও পাওয়া গেছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, ব্যাংক হিসাবগুলো থেকে অর্থ স্থানান্তর ও উত্তোলনের আশঙ্কা রয়েছে। ফলে সাঈদ খোকনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগের তদন্ত এবং অবৈধ অর্থ আইনগতভাবে জব্দ করা কঠিন হয়ে পড়তে পারে।
এ ছাড়া এর আগে ঢাকা-৬ আসনের সাবেক এই সংসদ সদস্যের পাশাপাশি তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং ভাই জাবেদ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
ছবি : সংগৃহীত
ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে মিরপুর-১ নম্বর থেকে মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে যাওয়ার পথে তারা সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এছাড়া ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটকও করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে কয়েকশ পোশাক শ্রমিক লাঠি হাতে মিরপুর-১ নম্বর এলাকায় জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে এগোতে থাকেন। সেখানে গিয়ে সড়কে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে মিরপুর মডেল থানার সামনে পুলিশ তাদের গতিরোধ করে।
এ সময় পুলিশ শ্রমিকদের হাতে থাকা লাঠি ফেলে দিয়ে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার অনুরোধ করে। তবে শ্রমিকরা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মিরপুর-১ ও ১০ নম্বরের মাঝামাঝি এলাকার বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়ে।
পরে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন। এ সময় সড়কে অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগে কয়েকজনকে আটক করে মিরপুর মডেল থানায় নেওয়া হয়।
এ বিষয়ে ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে কয়েকশ পোশাক শ্রমিক লাঠি হাতে মিরপুর-১ থেকে ১০ নম্বরের দিকে এসে সড়ক অবরোধের চেষ্টা করেন। আমরা মিরপুর মডেল থানার সামনে ব্যারিকেড দিয়ে তাদের থামানোর চেষ্টা করি। এ সময় তাদের হাতের লাঠি ফেলে দিয়ে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হয়।
তিনি আরও বলেন, শ্রমিকরা পুলিশের অনুরোধ না শুনে ব্যারিকেড ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনদুর্ভোগ কমানো ও জানমালের নিরাপত্তার স্বার্থে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। ঘটনাস্থল থেকে অস্থিরতা সৃষ্টিকারী কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
অন্যদিকে, একই দাবিতে রাজধানীর মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এ সময় পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরে দেওয়ার চেষ্টা করে। শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে মাইকিংও করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এবং বিজিবি মোতায়েন রয়েছে।
সাঈদ খোকন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বার্তায় জানানো হয়েছে, বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে এসআরবি-০১-এর একটি দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর সাঈদ খোকনকে গুলশান থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।
ছবি : সংগৃহীত
রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএন্ডটি কলোনিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুড়ে গেছে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান।
রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে টিঅ্যান্ডটি কলোনির পশ্চিম পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় একজন মারা গেছে।
জানা গেছে, নিহত শাহরিয়ার রহমান শুভ্রর বাবার নাম মো. মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। তার বর্তমান ঠিকানা টিএন্ডটি কলোনির স্যাটেলাইট গেটে ইসলামের ভাড়াটিয়া হিসেবে। তার স্থায়ী ঠিকানা ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রাম।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। ছবি: সংগৃহীত
রাজধানীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং, মাদক ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মিরপুরের মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব ও ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। সাংস্কৃতিক আয়োজনের নামে আয়োজিত উন্মুক্ত কনসার্টের পর কিশোরদের বেপরোয়া আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এই ইসলামি বক্তা।
শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা তুলে ধরেন তিনি।
পোস্টে তিনি লেখেন, লাগামটা ছিঁড়তে দিয়েন না! মহল্লায় রাত গভীর হওয়ার আগেই ফিরছে একদল কিশোর। বয়স ১৩-১৫। খালি গা, হাতে সিগারেট, মুখে কোরাসে চিৎকার করে গান। হাতে তামাক, নাকি অন্য কিছু জানি না। তবে তাদের বেপরোয়া ভঙ্গি দেখে প্রশ্ন জাগে, আমরা কেমন প্রজন্ম গড়ে তুলছি?
দারুসসালাম, মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী ও কল্যাণপুরের বাসিন্দাদের সাম্প্রতিক উন্মুক্ত কনসার্টগুলোর পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি লেখেন, গভীর ভুক্তভোগী এ অঞ্চলের মানুষ! না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে!
উন্মুক্ত কনসার্টের উদ্দেশ্য ও প্রভাব নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার ভাষ্য, সাংস্কৃতিক আয়োজনের নামে এসব কনসার্ট থেকে বিপথগামী কোনো তরুণ সুপথে ফিরেছে কি না, মাদক ছেড়েছে কি না কিংবা পড়ালেখায় মনোযোগী হয়েছে কি না, তা ভেবে দেখা প্রয়োজন। তিনি আরও প্রশ্ন তোলেন, এসব আয়োজনের মাধ্যমে তরুণদের মানসিক চাপ কমেছে, তারা মাদক ও জুয়া নির্মূলে কাজ করছে, খারাপ সঙ্গ ত্যাগ করেছে কিংবা বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল ও বড়দের প্রতি শ্রদ্ধাশীল হয়েছে কি না। নাকি উল্টো উচ্ছৃঙ্খলতা ও মূল্যবোধহীনতাকেই স্বাভাবিক করে তোলা হচ্ছে?
পোস্টে আব্দুল হাই সাইফুল্লাহ বলেন, একদিকে অভিভাবকেরা সন্তানদের মাদক, কিশোর গ্যাং ও জুয়ার প্রভাব থেকে দূরে রাখতে চেষ্টা করছেন, অন্যদিকে বিনোদনের নামে আয়োজিত কিছু অনুষ্ঠান বিতর্কিত আচরণকে উৎসাহিত করার ক্ষেত্র তৈরি করছে।
তিনি লেখেন, সংস্কৃতির নামে স্বেচ্ছাচারিতার লাইসেন্স দেওয়া যায় না। স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধও থাকতে হয়। কনসার্ট হোক, ধর্মীয় আয়োজন হোক কিংবা অন্য কোনো সামাজিক অনুষ্ঠান, কোনোটিই যেন কিশোরদের বিপথে নেওয়ার উপলক্ষ না হয়।