রাজধানীর জনসন রোডের স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে (স্টার কাবাব) ইফতারের সময় গ্রাহক বা ক্রেতার গায়ে চেয়ার ছুঁড়ে মারার মতো একটি ঘটনায় দুঃখ প্রকাশ করেছে হোটেল কর্তৃপক্ষ। রবিবার (৮ মার্চ) রাতে দেওয়া এক বিবৃতিতে তারা এ ঘটনায় লজ্জিত ও মর্মাহত হওয়ার কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, ‘স্টারের প্রতিটি কাস্টমার আমাদের জন্য অত্যন্ত প্রিয় ও সম্মানের। দীর্ঘদিন ধরে আপনাদের ভালোবাসা ও আস্থার ওপরই আমাদের পথচলা। তাই এমন একটি ঘটনা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। দুঃখজনকভাবে কিছু কাস্টমার ও আমাদের কর্মীদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার উদ্ভব হয়। দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, এই ধরনের ঘটনার প্রতি মালিকপক্ষের কোনো সমর্থন নেই। আমরা মনে করি, পরিস্থিতি সামলাতে আমাদের কর্মীদের পক্ষ থেকে আরও ধৈর্য ও সংযম প্রদর্শন করা উচিত ছিল।’
বিবৃতিতে আরও বলা হয়, ভুক্তভোগীর তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত কর্মচারীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ না পাওয়ায় কোনো আইনি প্রক্রিয়া শুরু করেনি পুলিশ। এ বিষয়ে ডিএমপির সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, গত শনিবার ইফতারের সময় খেজুরের দাম নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। শুনেছি দুই পক্ষ বিষয়টি মিটিয়ে ফেলেছে। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেব।’
এর আগে গত শনিবার (৭ মার্চ) ইফতারের সময় স্টার কাবাব রেস্তোরাঁয় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে ক্রেতাদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে রেস্তোরাঁটির কর্মীদের বিরুদ্ধে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে স্টাফদের কয়েকজনকে চেয়ার ও বোতল দিয়ে ক্রেতাদের মারধর করতে দেখা যায়। এতে একাধিক ক্রেতা আহত হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁর ভেতরে ও সামনে বেশ কয়েকজন লোক জটলা করে আছেন। এ সময় কয়েকজন স্টাফকে ক্রেতাদের ধাক্কাধাক্কি করতে দেখা যায়। পরে একজন স্টাফকে একটি চেয়ার হাতে নিয়ে তেড়ে যেতে দেখা যায়। অন্য একজনকে হাতে থাকা বোতল দিয়ে আঘাত করতে দেখা যায়।
এ সময় কয়েকজন মিলে একজন ক্রেতাকে ঘিরে ধরে টানাহেঁচড়া ও মারধর করেন। আশপাশে থাকা অন্যরা পরিস্থিতি থামানোর চেষ্টা করলেও সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্টার কাবাবে গ্রাহকদের ওপর কর্মীদের হামলা
এ বিষয়ে সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন) সুমন নাথ বলেন, ইফতারের সময় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কয়েকজন আহত হয় হয়েছেন। এক পক্ষ অর্থাৎ ক্রেতারা যারা মারধরের শিকার হয়েছেন তারা অভিযোগ দিতে থানায় এসেছেন। লিখিত অভিযোগ হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক নেই।
প্রত্যক্ষদর্শীরা জানান, খেজুরের দাম নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রেস্তোরাঁর কর্মীরা ক্রেতাদের ওপর চড়াও হন এবং মারধর করেন।
হাতিরঝিলের দূষিত গোলাপি পানি
রাজধানীর হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সিতে যাঁরা যাতায়াত করেন, তাঁরা দুই সপ্তাহের বেশি সময় ধরে একটি অদ্ভুত বিষয় খেয়াল করছেন। সেটি হলো, হাতিরঝিলের একাংশের পানি গোলাপি রং ধারণ করেছে। হাতিরঝিলের দূষিত পানি গোলাপি রং কেন ধারণ করল, এটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর এফডিসি থেকে ওয়াটার ট্যাক্সিতে গুদারাঘাট পর্যন্ত ভ্রমণ করেন এ প্রতিবেদক। যাত্রাপথে হাতিরঝিলের এফডিসি, মধুবাগ ব্রিজ ও পুলিশ প্লাজার অংশের পানিতে গোলাপি আভা দেখা গেছে।
কারওয়ান বাজার থেকে হাতিরঝিল গিয়ে ওয়াটার ট্যাক্সিতে প্রায়ই রামপুরা যান একটি বেসরকারি ব্যাংকে কর্মরত নেসার উদ্দিন। তিনি বলেন, গত সপ্তাহে ওয়াটার ট্যাক্সিতে যাওয়ার সময় এফডিসির অংশে হঠাৎ গোলাপি রং চোখে পড়ে। এটার কারণ কী, কোত্থেকে এটি আসছে, সেটা নিয়ে যাত্রীদের মধ্যে আলাপ হয়। তবে আসল কারণ জানা যায়নি।
অবশ্য ওয়াটার ট্যাক্সির একজন টিকিট চেকার নাম প্রকাশ না করার শর্তে বলেন, সপ্তাহখানেক আগে রাজউকের লোকজন পানিতে একধরনের রাসায়নিক ছিটিয়েছে। এর পর থেকেই রং পাল্টে গেছে।
হাতিরঝিল তত্ত্বাবধান করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। তারাও এ বিষয়ে সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারছে না। কারণ, জানতে তারা শরণাপন্ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রসায়ন বিভাগের কাছে।
রাজউকের প্রশাসন ও অর্থ শাখার সদস্য মো. শাহিনুর আলম সোমবার মুঠোফোনে বলেন, ‘হঠাৎ পানিতে এই রং কেন এল, কোত্থেকে এল, সেটার কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না। এ রহস্য উদ্ঘাটন করতে আমরা বুয়েটের সহযোগিতা নিচ্ছি।’
তিন ধরনের ব্যাকটেরিয়াকে সন্দেহ
হাতিরঝিল রাজধানীর কেন্দ্রের একটি জলাশয়। এটি ছিল ভাওয়াল রাজার সম্পত্তি। হাতির পাল এই ঝিলে গোসল করত এবং পানি খেত বলে এর নাম হয় হাতিরঝিল।
বর্জ্যে ভরা হাতিরঝিলের উন্নয়নে ২০০৭ সালে ৩০২ একর জমিতে একটি প্রকল্প নেওয়া হয়। কয়েক দফা ব্যয় ও মেয়াদ বৃদ্ধির পর প্রকল্প শেষ হয় ২০২১ সালে। ব্যয় দাঁড়ায় ২ হাজার ২৩৬ কোটি টাকা।
হাতিরঝিলে রাস্তাঘাট, উড়ালসড়কসহ নানা অবকাঠামো হয়েছে। ঝিলটি খননও করা হয়েছে। কিন্তু পয়োবর্জ্য ফেলা বন্ধ হয়নি। এখনো ঝিল থেকে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এর মধ্যে গোলাপি রং ধারণ করা পানি মানুষের কৌতূহল বাড়িয়েছে।
বুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক আয়শা শারমিন বলেন, ৩ নভেম্বর তাঁরা হাতিরঝিলের বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন গভীরতায় পানির নমুনা সংগ্রহ করেছেন। প্রাথমিক পরীক্ষায় হাতিরঝিলের পানির গুণগত মান প্রায় সব সূচকেই খারাপ পাওয়া গেছে।
আয়শা শারমিন বলেন, বুয়েটের গবেষক দল হাতিরঝিলের পানিতে কিছু নতুন ব্যাকটেরিয়া পেয়েছেন। পানির গোলাপি রঙের পেছনে তিন ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিতি সন্দেহ করা হচ্ছে।
হাতিরঝিলের পানিতে পয়োবর্জ্য ও গৃহস্থালি বর্জ্য ফেলা হয়। এ কারণে ফসফেট ও নাইট্রেটের পরিমাণ অনেক বেশি পাওয়া যায় বলে উল্লেখ করেন অধ্যাপক আয়শা শারমিন। তিনি বলেন, পানির এ অবস্থাকে বিজ্ঞানের ভাষায় বলে ‘ইউট্রোফিকেশন’। এর মধ্যে পানির গন্ধ কমাতে চুন দেওয়া হয়েছিল। যার কারণে পানিতে অম্ল ও ক্ষারের (পিএইচ) পরিমাণ বেড়ে গেছে।
তিনি বলেন, এ অবস্থায় পার্পল সালফার ব্যাকটেরিয়া ও পার্পল নন-সালফার ব্যাকটেরিয়ার জন্ম হতে পারে। এ ধরনের ব্যাকটেরিয়া রঞ্জক পদার্থ তৈরি করতে পারে, যার কারণে পানির রং পরিবর্তিত হয়ে গোলাপি হতে পারে। এর বাইরে সায়ানো ব্যাকটেরিয়াও থাকতে পারে। তবে নির্দিষ্টভাবে কোন ব্যাকটেরিয়ার কারণে পানির রং পরিবর্তন হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
বুয়েট চলতি মাসের শেষের দিকে গবেষণার বিস্তারিত ফলাফল রাজউকের কাছে দেওয়ার চেষ্টা করছে বলে জানান অধ্যাপক আয়শা শারমিন।
পল্লবী ও মহাখালীতে বাসে আগুন। ছবি: সংগৃহীত
মোহাম্মদ সাঈদ খোকন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর গুলশান-বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০১)।
এসআরবি সদর দপ্তরের একটি সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। এসআরবি সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের পর সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় সাঈদ খোকনের পাশাপাশি তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীকেও আসামি করা হয়েছে।
এর আগে একই বছরের ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। আদালতে দাখিল করা আবেদনে বলা হয়, অভিযুক্তদের নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। সাঈদ খোকন ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক যোগসূত্রের তথ্যও পাওয়া গেছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, ব্যাংক হিসাবগুলো থেকে অর্থ স্থানান্তর ও উত্তোলনের আশঙ্কা রয়েছে। ফলে সাঈদ খোকনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগের তদন্ত এবং অবৈধ অর্থ আইনগতভাবে জব্দ করা কঠিন হয়ে পড়তে পারে।
এ ছাড়া এর আগে ঢাকা-৬ আসনের সাবেক এই সংসদ সদস্যের পাশাপাশি তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং ভাই জাবেদ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
ছবি : সংগৃহীত
ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে মিরপুর-১ নম্বর থেকে মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে যাওয়ার পথে তারা সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এছাড়া ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটকও করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে কয়েকশ পোশাক শ্রমিক লাঠি হাতে মিরপুর-১ নম্বর এলাকায় জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে এগোতে থাকেন। সেখানে গিয়ে সড়কে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে মিরপুর মডেল থানার সামনে পুলিশ তাদের গতিরোধ করে।
এ সময় পুলিশ শ্রমিকদের হাতে থাকা লাঠি ফেলে দিয়ে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার অনুরোধ করে। তবে শ্রমিকরা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মিরপুর-১ ও ১০ নম্বরের মাঝামাঝি এলাকার বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়ে।
পরে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন। এ সময় সড়কে অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগে কয়েকজনকে আটক করে মিরপুর মডেল থানায় নেওয়া হয়।
এ বিষয়ে ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে কয়েকশ পোশাক শ্রমিক লাঠি হাতে মিরপুর-১ থেকে ১০ নম্বরের দিকে এসে সড়ক অবরোধের চেষ্টা করেন। আমরা মিরপুর মডেল থানার সামনে ব্যারিকেড দিয়ে তাদের থামানোর চেষ্টা করি। এ সময় তাদের হাতের লাঠি ফেলে দিয়ে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হয়।
তিনি আরও বলেন, শ্রমিকরা পুলিশের অনুরোধ না শুনে ব্যারিকেড ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনদুর্ভোগ কমানো ও জানমালের নিরাপত্তার স্বার্থে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। ঘটনাস্থল থেকে অস্থিরতা সৃষ্টিকারী কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
অন্যদিকে, একই দাবিতে রাজধানীর মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এ সময় পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরে দেওয়ার চেষ্টা করে। শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে মাইকিংও করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এবং বিজিবি মোতায়েন রয়েছে।
সাঈদ খোকন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বার্তায় জানানো হয়েছে, বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে এসআরবি-০১-এর একটি দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর সাঈদ খোকনকে গুলশান থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।
ছবি : সংগৃহীত
রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএন্ডটি কলোনিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুড়ে গেছে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান।
রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে টিঅ্যান্ডটি কলোনির পশ্চিম পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় একজন মারা গেছে।
জানা গেছে, নিহত শাহরিয়ার রহমান শুভ্রর বাবার নাম মো. মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। তার বর্তমান ঠিকানা টিএন্ডটি কলোনির স্যাটেলাইট গেটে ইসলামের ভাড়াটিয়া হিসেবে। তার স্থায়ী ঠিকানা ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রাম।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।