রাজধানীর উত্তরার জসিমউদ্দীন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দৈনিক প্রাণের বাংলাদেশ-এর সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত-এর সাংবাদিক সাকিবুল হাসান-এর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে শরীয়তপুর সাংবাদিক ইউনিয়ন (এসইউজে)।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে সংগঠনের সভাপতি ও দৈনিক হুংকার-এর নির্বাহী সম্পাদক এম. হারুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. আল-আমিন শাওন এক যৌথ শোকবার্তায় এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, "সাংবাদিক রবিউল আলম রাজু ও সাকিবুল হাসানের অকাল মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং অপূরণীয় ক্ষতি। তাঁরা পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। তাঁদের এই অকাল প্রয়াণে সাংবাদিক সমাজ হারাল দুই নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে। মহান আল্লাহ তাআলা তাঁদের সকল গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই গভীর শোক সইবার শক্তি দান করুন।"
শোকবার্তায় আরও বলা হয়, সাংবাদিকতা পেশায় মরহুম দুই সাংবাদিকের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁদের মৃত্যু দেশের গণমাধ্যম অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁদের আদর্শ, নিষ্ঠা ও পেশাদারিত্ব ভবিষ্যৎ প্রজন্মের সাংবাদিকদের অনুপ্রাণিত করবে।
জানা গেছে, বুধবার দিবাগত গভীর রাতে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে উত্তরার জসিমউদ্দীন এলাকায় একটি বাসের ধাক্কায় তাঁরা গুরুতর আহত হন। পরে তাঁদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
শরীয়তপুর সাংবাদিক ইউনিয়ন (এসইউজে) মরহুম দুই সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। সংগঠনটি একই সঙ্গে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
পল্লবী ও মহাখালীতে বাসে আগুন। ছবি: সংগৃহীত
মোহাম্মদ সাঈদ খোকন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর গুলশান-বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০১)।
এসআরবি সদর দপ্তরের একটি সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। এসআরবি সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের পর সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় সাঈদ খোকনের পাশাপাশি তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীকেও আসামি করা হয়েছে।
এর আগে একই বছরের ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। আদালতে দাখিল করা আবেদনে বলা হয়, অভিযুক্তদের নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। সাঈদ খোকন ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক যোগসূত্রের তথ্যও পাওয়া গেছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, ব্যাংক হিসাবগুলো থেকে অর্থ স্থানান্তর ও উত্তোলনের আশঙ্কা রয়েছে। ফলে সাঈদ খোকনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগের তদন্ত এবং অবৈধ অর্থ আইনগতভাবে জব্দ করা কঠিন হয়ে পড়তে পারে।
এ ছাড়া এর আগে ঢাকা-৬ আসনের সাবেক এই সংসদ সদস্যের পাশাপাশি তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং ভাই জাবেদ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
ছবি : সংগৃহীত
ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে মিরপুর-১ নম্বর থেকে মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে যাওয়ার পথে তারা সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এছাড়া ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটকও করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে কয়েকশ পোশাক শ্রমিক লাঠি হাতে মিরপুর-১ নম্বর এলাকায় জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে এগোতে থাকেন। সেখানে গিয়ে সড়কে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে মিরপুর মডেল থানার সামনে পুলিশ তাদের গতিরোধ করে।
এ সময় পুলিশ শ্রমিকদের হাতে থাকা লাঠি ফেলে দিয়ে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার অনুরোধ করে। তবে শ্রমিকরা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মিরপুর-১ ও ১০ নম্বরের মাঝামাঝি এলাকার বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়ে।
পরে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন। এ সময় সড়কে অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগে কয়েকজনকে আটক করে মিরপুর মডেল থানায় নেওয়া হয়।
এ বিষয়ে ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে কয়েকশ পোশাক শ্রমিক লাঠি হাতে মিরপুর-১ থেকে ১০ নম্বরের দিকে এসে সড়ক অবরোধের চেষ্টা করেন। আমরা মিরপুর মডেল থানার সামনে ব্যারিকেড দিয়ে তাদের থামানোর চেষ্টা করি। এ সময় তাদের হাতের লাঠি ফেলে দিয়ে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হয়।
তিনি আরও বলেন, শ্রমিকরা পুলিশের অনুরোধ না শুনে ব্যারিকেড ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনদুর্ভোগ কমানো ও জানমালের নিরাপত্তার স্বার্থে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। ঘটনাস্থল থেকে অস্থিরতা সৃষ্টিকারী কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
অন্যদিকে, একই দাবিতে রাজধানীর মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এ সময় পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরে দেওয়ার চেষ্টা করে। শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে মাইকিংও করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এবং বিজিবি মোতায়েন রয়েছে।
সাঈদ খোকন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বার্তায় জানানো হয়েছে, বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে এসআরবি-০১-এর একটি দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর সাঈদ খোকনকে গুলশান থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।
ছবি : সংগৃহীত
রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএন্ডটি কলোনিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুড়ে গেছে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান।
রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে টিঅ্যান্ডটি কলোনির পশ্চিম পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় একজন মারা গেছে।
জানা গেছে, নিহত শাহরিয়ার রহমান শুভ্রর বাবার নাম মো. মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। তার বর্তমান ঠিকানা টিএন্ডটি কলোনির স্যাটেলাইট গেটে ইসলামের ভাড়াটিয়া হিসেবে। তার স্থায়ী ঠিকানা ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রাম।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। ছবি: সংগৃহীত
রাজধানীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং, মাদক ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মিরপুরের মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব ও ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। সাংস্কৃতিক আয়োজনের নামে আয়োজিত উন্মুক্ত কনসার্টের পর কিশোরদের বেপরোয়া আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এই ইসলামি বক্তা।
শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা তুলে ধরেন তিনি।
পোস্টে তিনি লেখেন, লাগামটা ছিঁড়তে দিয়েন না! মহল্লায় রাত গভীর হওয়ার আগেই ফিরছে একদল কিশোর। বয়স ১৩-১৫। খালি গা, হাতে সিগারেট, মুখে কোরাসে চিৎকার করে গান। হাতে তামাক, নাকি অন্য কিছু জানি না। তবে তাদের বেপরোয়া ভঙ্গি দেখে প্রশ্ন জাগে, আমরা কেমন প্রজন্ম গড়ে তুলছি?
দারুসসালাম, মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী ও কল্যাণপুরের বাসিন্দাদের সাম্প্রতিক উন্মুক্ত কনসার্টগুলোর পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি লেখেন, গভীর ভুক্তভোগী এ অঞ্চলের মানুষ! না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে!
উন্মুক্ত কনসার্টের উদ্দেশ্য ও প্রভাব নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার ভাষ্য, সাংস্কৃতিক আয়োজনের নামে এসব কনসার্ট থেকে বিপথগামী কোনো তরুণ সুপথে ফিরেছে কি না, মাদক ছেড়েছে কি না কিংবা পড়ালেখায় মনোযোগী হয়েছে কি না, তা ভেবে দেখা প্রয়োজন। তিনি আরও প্রশ্ন তোলেন, এসব আয়োজনের মাধ্যমে তরুণদের মানসিক চাপ কমেছে, তারা মাদক ও জুয়া নির্মূলে কাজ করছে, খারাপ সঙ্গ ত্যাগ করেছে কিংবা বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল ও বড়দের প্রতি শ্রদ্ধাশীল হয়েছে কি না। নাকি উল্টো উচ্ছৃঙ্খলতা ও মূল্যবোধহীনতাকেই স্বাভাবিক করে তোলা হচ্ছে?
পোস্টে আব্দুল হাই সাইফুল্লাহ বলেন, একদিকে অভিভাবকেরা সন্তানদের মাদক, কিশোর গ্যাং ও জুয়ার প্রভাব থেকে দূরে রাখতে চেষ্টা করছেন, অন্যদিকে বিনোদনের নামে আয়োজিত কিছু অনুষ্ঠান বিতর্কিত আচরণকে উৎসাহিত করার ক্ষেত্র তৈরি করছে।
তিনি লেখেন, সংস্কৃতির নামে স্বেচ্ছাচারিতার লাইসেন্স দেওয়া যায় না। স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধও থাকতে হয়। কনসার্ট হোক, ধর্মীয় আয়োজন হোক কিংবা অন্য কোনো সামাজিক অনুষ্ঠান, কোনোটিই যেন কিশোরদের বিপথে নেওয়ার উপলক্ষ না হয়।