রাজধানীর যাত্রাবাড়ি থানার পিছনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীর আরও কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর মালিবাগে শপিংমলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সন্ধ্যার দিকে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনের কাছাকাছি এবং মহাখালী এলাকায় পৃথক এ বিস্ফোরণ ঘটে। এছাড়া গুলিস্তান, বঙ্গবাজার, বাবুবাজার ব্রিজসহ বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।
মহাখালী এলাকায় সন্ধ্যার দিকে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। প্রায় একই সময় আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকায় সড়কের ওপর আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এর আগে জুমার পর মালিবাগের ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণ হয়। ওই ঘটনায়ও তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওইদিন প্রথমে জগন্নাথ হল গেট এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনার পর ঢাবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।
এছাড়াও ওইদিন দুপুরে চলন্ত মোটরসাইকেল থেকে সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে টানা দুই দিনের বিক্ষোভ, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।
মামলায় এখন পর্যন্ত ৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এ তথ্য জানান। তিনি বলেন, সহিংসতার ঘটনায় পল্লবী থানায় তিনটি, মিরপুর মডেল থানায় একটি এবং কাফরুল থানায় একটি মামলা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ট্রাফিক বক্স ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এদিকে মিরপুর ১১ নম্বরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ট্রাফিক বক্স ভাঙচুরের অভিযোগে থানায় তিনটি মামলা হয়েছে। এসব মামলার বাদী পুলিশ। কাফরুল থানায় আরেকটি মামলা হয়েছে। প্রতিটি মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।
মিরপুরে সোমবার সকালেও পোশাকশ্রমিকেরা জড়ো হওয়ার চেষ্টা করেছেন। সকাল ৯টার দিকে মিরপুর-১৪ নম্বর এলাকা থেকে শ্রমিকদের একটি দল মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একই সময়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরেও শ্রমিকদের আরেকটি দল জড়ো হয়। একপর্যায়ে পুলিশ ধাওয়া দিলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মিরপুর-১৪ নম্বর এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা রাস্তায় নামেন। তারা মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে অগ্রসর হতে চাইলে আগে থেকে অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। শ্রমিকেরা বাধা অতিক্রমের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়।
একই সময়ে মিরপুর-১০ নম্বর এলাকায় শ্রমিকদের আরেকটি দল জড়ো হয়। এতে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ধাওয়া দিলে শ্রমিকেরা মিরপুর-১১ নম্বরের দিকে সরে যান। এরপর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
রোববার সড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা।
সকাল আটটার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। অবরোধের কারণে মিরপুর-১০ নম্বর মেট্রো স্টেশনের প্রবেশপথও বন্ধ করে দেওয়া হয়।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাস রুট রেশনালাইজেশনের আওতায় ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে বাস চলাচল কার্যক্রম উদ্বোধন
বাস রুট রেশনালাইজেশনের আওতায় ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে (কোম্পানিভিত্তিক) বাস চালু করা হয়েছে রাজধানী ঢাকায়। রোববার ছয়টি রুটে নতুন পদ্ধতিতে এই বাস সেবা চালু করা হয়। যদিও আগে থেকে চলা পুরনো বাস দিয়ে কোম্পানিভিত্তিক এই পদ্ধতি চালু করা হয়েছে। বেলা ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী শামসুর রহমান বিশ্বাস শিমুল। এই শ্রমিক নেতা পাবনা-৫ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য।
ঢাকার বিশৃঙ্খল বাস রুট সুশৃঙ্খল করতে ২০১৫ সালে রেশনালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়। ১১ বছরেও তা চালু করা যায়নি পরিবহন মালিক শ্রমিকদের বিরোধিতায়। ২০২১ সালে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে যাত্রাবাড়ীর সাইনবোর্ড পর্যন্ত রুটে কোম্পানিভিত্তিক চালু হলেও, তা বন্ধ হয়ে যায় লোকসানে।
ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে একটি রুটে একটি নির্দিষ্ট কোম্পানির বাস চলে। এ জন্য বর্তমানে যেসব কোম্পানির বাস চলছে সেগুলোকে একীভূত করে একটি প্রতিষ্ঠানে পরিণত করা হবে। ঢাকায় অনুমোদিত রুটের সংখ্যা ৪১৮। সক্রিয় রয়েছে ৯৮টি। একই রুটে ৮-১০টি কোম্পানির বাস চলে। বাসে বাসে প্রতিযোগিতায় যানজট, সড়ক দখল এবং বিশৃঙ্খলা হয়। তাই রেশনালাইজেশনের (পুনর্বিন্যাস) মাধ্যমে রুটের সংখ্যা কমিয়ে ৩২টি করা হবে।
গত ৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা থেকে নির্দেশনা দেওয়া হয় ছয় মাসের মধ্যে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতি চালু করতে হবে।
উদ্বোধন অনুষ্ঠানে শিমুল বিশ্বাস বলেন, বাকি ২৬টি রুটে এই সময়ের মধ্যে কোম্পানিভিত্তিক বাস চালু করা হবে। প্রত্যেক রুটের বাসের রঙে হবে। কায়েমি শক্তিকে প্রশ্রয় দেওয়ায় অতীতের সরকারগুলো চাইলেও কোম্পানিভিত্তিক বাস চালু করা যায়নি। প্রথম দিনে পুরনো বাস দিয়ে চালু করা হয় নতুন পদ্ধতিতে।
মালিকরা অনুষ্ঠানে জানান, ধীরে ধীরে নতুন বাস প্রতিস্থাপন করা হবে। গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে মিরপুর, গাজীপুর থেকে চলাচল করা বাসগুলো প্রথম দিনেই দীর্ঘ সময় বন্ধ ছিল।
রোববার চালু হওয়া রুটগুলো হচ্ছে—গাজীপুরের শিববাড়ী থেকে ঢাকার আজিমপুর, মিরপুর থেকে কেরাণীগঞ্জ, ঘাটারচর থেকে ডেমরা, ঘাটারচর থেকে কাঁচপুর, ঘাটারচর থেকে ধউর ও টঙ্গী থেকে আজিমপুর। এছাড়া মিরপুর-১ থেকে কচুক্ষেত, সৈনিক ক্লাব, জাহাঙ্গীর গেইট, আগারগাঁও হয়ে আনসার ক্যাম্প রুটে চক্রাকার বাস চালু করা হয়েছে।
অনুষ্ঠানে শিমুল বিশ্বাস বলেন, প্রাথমিক পর্যায়ে চালু হওয়া সাতটি রুটের কোনো কোনোটিতে ৩০০টি করে বাস রয়েছে। শুধু ফটোসেশন করলাম আর পরে বন্ধ হয়ে যাবে— এমনটা হবে না। বর্তমান প্রধানমন্ত্রী কঠোর অবস্থান নিয়ে সবাইকে জবাবদিহির আওতায় এনেছেন।
সড়কে বিশৃঙ্খলার কারণে অল্প কিছু মানুষের লাভ হয় বলেও মন্তব্য করেন শিমুল বিশ্বাস। তিনি বলেছেন, ব্যাটারিচালিত রিকশা বা টেসলা বাহিনী এবং রিকশা গোটা ঢাকা দখল করে রেখেছে। গরিব মানুষের জন্য এগুলোর প্রয়োজন থাকলেও যানজটে আমাদের কত শ্রমঘণ্টা, সময় ও অর্থ নষ্ট হচ্ছে, তার হিসাব করলে মাথা ব্যথা হয়ে যাবে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, সড়কে অসুস্থ প্রতিযোগিতা ও দুর্ঘটনা রোধে ঢাকার ৯৮টি বাস রুটকে ৩২টি মূল রুটে নামিয়ে আনা হয়েছে, যার মধ্যে আজ কম-বেশি ১৮টি কোম্পানির বাসকে ছয়টি কোম্পানির অধীনে এনে ছয়টি রুট চালু করা হলো। নির্ধারিত ২৫টি চক্রাকার রুটের মধ্যে পাঁচটি অনুমোদিত হয়েছে। মিরপুর-১ থেকে আনসার ক্যাম্প রুটে এসি বাস চালু হবে। বাকি চারটি রুটের জন্য ২৭ আসনের মিনিবাস দুই মাসের মধ্যে চালু হবে।
সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেন, ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চালকরা নির্দিষ্ট বেতনে বাস চালাবেন। দ্রুতই ৩২টি রুটের বাসে আলাদা রং, রুট নম্বর ও ডিজিটাল বোর্ড যুক্ত করা হবে।
ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান বলেন, এবার পাইলট প্রজেক্ট নয়, চূড়ান্ত বাস্তবায়ন হিসেবে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে বাস চালু হয়েছে। নতুন উদ্যোগের বিরোধিতায় যারা সড়কে বাস দাঁড় করিয়ে রাখবে, তাদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশকে ব্যবস্থা নিতে হবে।
ডিটিসিএ এ আয়োজিত এ অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেনসহ উর্ধ্বতন কর্মকর্তা এবং পরিবহন খাতের নেতারা উপস্থিত ছিলেন।
মেট্রোরেল স্টেশনের একটি গেট বন্ধ
রাজধানীর মিরপুর ১০,১১ ও পল্লবী মেট্রোরেল স্টেশন আজ রোববার বন্ধ ছিল আড়াই ঘণ্টা। ট্রেন চলাচল করলেও বেলা ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই তিন স্টেশনে ট্রেন থামেনি, যাত্রীও ওঠানামা করেনি। বেলা আড়াইটার পর এসব স্টেশনে ট্রেন থামে। যাত্রীরা ওঠানামা করেন। তবে সব গেট খুলে দেওয়া হয়নি। কিছু কিছু গেট বন্ধ রয়েছে।
মিরপুর ১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে ২০১ ও ২০২ পিলারের মাঝে রাস্তার ওপর পুলিশের একটি পিকআপে আগুন দেওয়া হয়। আগুনের তাপে স্টেশনের পানির লাইনের পাইপ পুড়ে গেছে। সেখান থেকে পানি চুইয়ে ডিভাইডার থেকে রাস্তায় গড়িয়ে পড়তে দেখা গেছে। মিরপুর ১১ স্টেশনের এ এবং সি নম্বর গেট এখনো বন্ধ রয়েছে। বি ও ডি নম্বর গেট দিয়ে যাত্রী ওঠানামা করছে।
মিরপুর ১১ মেট্রো স্টেশনের নিরাপত্তাকর্মী খালিদ হাসান বলেন, ‘আন্দোলনের সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর স্টেশনে ওঠানামার সব গেট বন্ধ করে দেওয়া হয়। দুপুর আড়াইটার পর ২টা গেট খুলে দেওয়া হয়। এরপর থেকে এই স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হয়েছে। তবে ২টা গেট এখনও বন্ধ রয়েছে।
পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ হানিফ জানান, রোববার দুপুর ১টার পর আন্দোলনকারীরা চলে গেছে। এরপর থেকে সড়কে চলাচল স্বাভাবিক হয়।
মিরপুর ১১ নম্বরে পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা
রাজধানীর মিরপুর এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মেট্রোরেলের তিনটি স্টেশন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে সংঘর্ষের পর থেকে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মেট্রোরেল পুলিশের (এমআরটি পুলিশ) অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, মিরপুর ১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
আগুন নেভাতে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হামিদুর রহমান।
মিরপুর ১১ নম্বরে পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা
রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। রোববার সকাল আটটার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। অবরোধের কারণে মিরপুর-১০ নম্বর মেট্রো স্টেশনের প্রবেশপথও বন্ধ করে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে বললে বেলা সোয়া ১১টার দিকে তারা পুলিশের দিকে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। এরপর পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
এ সময় পুলিশ জলকামান দিয়ে পানি ছোড়ে। পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে তারা আবার সংগঠিত হয়ে বিভিন্ন অলিগলির মুখে অবস্থান নেন এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
সোয়া ১২টার দিকে আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে চলে যান। এরপর যান চলাচল স্বাভাবিক হতে থাকে। তবে এ সময় পর্যন্ত বিভিন্ন অলিগলিতে শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনাকর পরিস্থিতি চলছিল।
এদিকে মিরপুর-১১ নম্বর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
একই দাবিতে শনিবারও মিরপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। সেদিন মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে মিরপুর-১ নম্বরের শাহ আলী এলাকায় কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে।
এদিকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ মজুরি বোর্ড গঠনের কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকায় যাত্রীপরিবহনের শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচলের নীতিমালা প্রকাশ করেছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, লাইসেন্স ছাড়া ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় ব্যাটারিচালিত রিকশার এই নীতিমালা প্রকাশ করে। নীতিমালায় বলা হয়েছে, ই-রিকশা নিবন্ধনের জন্য কোনো ব্যক্তিকে কর্তৃপক্ষের কাছে ফিসহ কাগজপত্র দাখিল করতে হবে। এরপর বর্ণিত ফরম অনুযায়ী আবেদন করতে হবে।
রেজিস্ট্রেশনের জন্য পাওয়া আবেদন যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাইয়ে সন্তুষ্ট হলে আবেদনের ৩০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন হবে। নিবন্ধনের মেয়াদ হবে পাঁচ বছর।
প্রতিটি নিবন্ধিত ই-রিকশার জন্য একটি কিউআর কোডযুক্ত ইউনিক নিবন্ধন নম্বর ও নম্বর প্লেট দেবে কর্তৃপক্ষ। কিউআর কোডযুক্ত নিবন্ধন নম্বর ই-রিকশার দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে।
আবেদন যাচাই-বাছাইয়ে সন্তুষ্ট না হলে তা নামঞ্জুর করবে কর্তৃপক্ষ। নামঞ্জুরের কারণ আবেদনকারীকে সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানানো হবে।
নামঞ্জুরে সংক্ষুব্ধ ব্যক্তি আদেশ পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন। আপিলের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে যেকোনো এক বা একাধিক সিটি করপোরেশন থেকে অনধিক পাঁচটি ই-রিকশার নিবন্ধন নেওয়া যাবে। এক সিটি করপোরেশনে নিবন্ধিত ই-রিকশা অন্য সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে চালানো যাবে না।
বুয়েটনির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড, নিরাপত্তা বৈশিষ্ট্য অনুযায়ী, ফিটনেস সার্টিফিকেট ও সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের প্রতিস্বাক্ষর ছাড়া কোনো ই-রিকশার নিবন্ধন হবে না। নবায়ন করা যাবে না।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ক্ষমতাবলে এ-সংক্রান্ত একটি বিধিমালা প্রণয়ন করেছে সরকার। এটি সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল বিধিমালা, ২০২৬ নামে অভিহিত হবে। এটি দেশের সব সিটি করপোরেশন এলাকায় চলাচলকারী ই-রিকশার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
পর্যায়ক্রমে ই-রিকশাকে বিমার আওতায় আনা হবে। প্রতিটি ই-রিকশার ‘ইকোনমিক লাইফটাইম’ হবে নিবন্ধনের তারিখ থেকে ১২ বছর। এই মেয়াদ শেষ হওয়ার পর নম্বর প্লেটসহ সংশ্লিষ্ট ই-রিকশার নিবন্ধন বাতিল হবে।
প্রতিটি ই-রিকশায় ‘স্পিডোমিটার’ বা ‘ওডোমিটার’ স্থাপন করতে হবে। ত্রুটিযুক্ত ও অবৈধ যানবাহন চলাচল নিষিদ্ধ। কোনো যান্ত্রিক বা নিরাপত্তা ত্রুটিযুক্ত ও নিবন্ধনবিহীন অবৈধ ই-রিকশা সড়কে চালানো যাবে না।
মেট্রোপলিটন এলাকার ট্রাফিক বিভাগ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথভাবে অথবা পৃথকভাবে অবৈধ ই-রিকশা চলাচল বন্ধের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
ই-রিকশা জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও প্রধান বাস চলাচলের সড়ক বা করিডর এবং প্রশাসন কর্তৃক সময়–সময় নিষেধাজ্ঞা আরোপিত সড়কে চলাচল করতে পারবে না।
ই-রিকশা ফুটপাতে চলাচল করতে পারবে না। ই-রিকশাচালক সব সময় সড়কের বাঁ লেন অনুসরণ করে চলাচল করবে।
ই-রিকশাচালক ড্রাইভিং করা অবস্থায় মুঠোফোন ব্যবহার করতে পারবেন না। ই-রিকশাচালক নিয়মবহির্ভূতভাবে ওভারটেকিং ও লেন পরিবর্তন করতে পারবেন না।
নীতিমালায় বলা হয়েছে, ই-রিকশায় চালক ছাড়া আকারভেদে দুই বা চারজনের বেশি যাত্রী পরিবহন করা যাবে না। যাত্রীর হাতে বহনযোগ্য মালামাল ছাড়া অন্য কোনো বাণিজ্যিক পণ্য পরিবহন করা যাবে না।
ই-রিকশায় ৪০ ডেসিবেলের অধিক তীব্রতার হর্ন ব্যবহার করা যাবে না। স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় বা জনবহুল স্থানে ই-রিকশার সর্বোচ্চ গতি হবে প্রতি ঘণ্টায় ১৫ কিলোমিটার।
ই-রিকশা চলাচলের ক্ষেত্রে কর্তৃপক্ষ ও ট্রাফিক বিভাগ যৌথভাবে রুট (চলাচলের সড়ক) নির্ধারণ করে দেবে। সিটি করপোরেশন এলাকায় রুট হবে জোনভিত্তিক। এক জোনের ই-রিকশা অন্য জোনে চলাচল করতে পারবে না।
নীতিমালায় বলা হয়েছে, কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের সঙ্গে পরামর্শক্রমে প্রতিটি ওয়ার্ডে বা উপযুক্ত স্থানে প্রয়োজনীয়সংখ্যক পার্কিং এলাকা নির্ধারণের ব্যবস্থা গ্রহণ করবে।
কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত ও সংশ্লিষ্ট সিটি করপোরেশনের লাইসেন্সপ্রাপ্ত চার্জিং পয়েন্ট বা নির্দিষ্ট গ্যারেজে ই-রিকশা ব্যাটারি চার্জ দিতে পারবে। সংশ্লিষ্ট চার্জিং পয়েন্ট বা গ্যারেজে নবায়নযোগ্য জ্বালানি বা সৌরশক্তি ব্যবহারের ব্যবস্থা করতে হবে। ই-রিকশার ব্যাটারি চার্জিং স্টেশনে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ ও উৎসাহিত করতে হবে। অনিয়ন্ত্রিত ও নিয়মবহির্ভূত চার্জিং পরিহার করতে হবে। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ করলে বিদ্যমান সংশ্লিষ্ট আইনের আওতায় দণ্ড প্রদান করা হবে।