জেনিফার লরেন্স

  • প্রকাশ : বুধবার ০৪ নভেম্বর, ২০২৬, সময় : ১:৫৮ এএম

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার লরেন্স ক্যারিয়ারে এর আগেও বিভিন্ন দৃশ্যে কাজ করলেও একবার নগ্ন দৃশ্যের শুটিং করতে গিয়ে বেশ অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। সম্প্রতি ‘কল হার ড্যাডি’ পডকাস্টে সেই ঘটনার স্মৃতিচারণ করে তিনি জানান, শুটিং সেটে এমন কিছু কর্মী উপস্থিত ছিলেন, যাদের সেখানে থাকার কোনো অনুমতিই ছিল না। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই তিনি কঠোর প্রতিবাদ জানান।



লরেন্স মনে করেন, একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে নিজের অধিকার রক্ষার পাশাপাশি ইন্ডাস্ট্রিতে আসা নতুন ও তরুণ শিল্পীদের সুরক্ষার স্বার্থেও এমন অন্যায় আচরণের বিরুদ্ধে সোচ্চার হওয়া অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, একজন ১৮ বছর বয়সী নতুন অভিনেত্রী হয়তো ভয়ে বা প্রতিবাদ করলে তাকে ‘কঠিন স্বভাবের’ মনে করা হবে—এই আশঙ্কায় নিজের অস্বস্তি মুখ বুজে সহ্য করে নেন। তাই এই ধরনের মানসিকতা বদলানোর জন্য সবার সামনে প্রতিবাদ করাটা দরকার ছিল বলে তিনি মনে করেন।


সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ডাই মাই লাভ’ সিনেমায় সহশিল্পী রবার্ট প্যাটিনসনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন এই অভিনেত্রী। তিনি জানান, ছবিটিতে কোনো ইনটিমেসি কো-অর্ডিনেটর না থাকলেও প্যাটিনসনের পেশাদার ও সহযোগিতাপূর্ণ আচরণের কারণে তিনি সম্পূর্ণ নিরাপদ বোধ করেছিলেন। নগ্নতা নিয়ে নিজের ব্যক্তিগত কোনো অস্বস্তি না থাকায় এবং পরিচালকের শৈল্পিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানিয়েই তিনি দৃশ্যগুলোতে সম্মতি দিয়েছিলেন। এমনকি শুটিং চলাকালীন অন্তঃসত্ত্বা থাকায় শারীরিক গঠন নিয়ে তার বাড়তি কোনো দুশ্চিন্তা ছিল না। একটি দৃশ্যের ক্লোজআপ শটে ত্বকের স্বাভাবিক ভাঁজ বা সেলুলাইট ডিজিটাল উপায়ে সরিয়ে ফেলার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা সরাসরি নাকচ করে দেন এবং তাঁর শরীর যেমন, সেভাবেই পর্দায় রাখার পক্ষে অবস্থান নেন।



সর্বশেষ সব খবর

‘আজ কী রাত’ গানের দৃশ্যে তামান্না ভাটিয়া। ছবি: ভিডিও থেকে নেওয়া

  • প্রকাশ : বুধবার ০৪ নভেম্বর, ২০২৬, সময় : ২:০৭ এএম

ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার গায়ের রং ও শারীরিক গড়ন নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেতা আন্নু কাপুর। তার ওই মন্তব্যকে নারীবিদ্বেষী ও যৌনতাবাদী বলেও সমালোচনা করেছিলেন অনেকে। তবে এসব বিতর্কে মনোযোগ দিতে চান না তামান্না। অভিনয় ও নতুন কাজ নিয়েই এখন ব্যস্ত থাকতে চান তিনি।


সম্প্রতি এনডিটিভি প্রফিট ইগনাইট অনুষ্ঠানে অংশ নিয়ে এ বিষয়ে কথা বলেছেন তামান্না। একই সঙ্গে নিজের অভিনয় জীবনের বর্তমান পর্যায়ে এসে চরিত্র নির্বাচনের মাধ্যমে দর্শকের কাছে নিজের ভাবমূর্তি বদলানোর চেষ্টা করছেন কি না, এ প্রশ্নেরও উত্তর দিয়েছেন তিনি।


তামান্না বলেন, একজন সৃজনশীল মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মন দিয়ে শোনা। তবে কী গ্রহণ করতে হবে আর কোন বিষয়গুলো এড়িয়ে যেতে হবে, সেটাও বোঝা জরুরি। 


অভিনেত্রীর ভাষায়, ‘আমরা যদি এ ধরনের বিষয়কে গুরুত্ব দিতে শুরু করি, তাহলে হয়তো জীবনে সামনে এগিয়ে যেতে পারব না।’


তামান্না আরও বলেন, ‘আমি এসব বিষয় দেখিই না। আমি আমার কাজে মনোযোগ দিই। কী তৈরি করতে চাই, আমার অভিনয়জীবন—এসব নিয়েই ভাবি। সত্যি বলতে, আমি নিজের কাজকে একধরনের সেবা হিসেবে দেখি। আমি সেভাবেই কাজ করি। হয়তো এ কারণেই আমার কাজ মানুষের কাছে পৌঁছায়। কারণ, এর পেছনে আমার উদ্দেশ্যটা সঠিক।’


কী বলেছিলেন আন্নু কাপুর


অভিনেতা আন্নু কাপুর।


গত বছর ইউটিউবার শুভঙ্কর মিশ্রর চ্যানেলে একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন আন্নু কাপুর। সেখানে তামান্নার ‘আজ কি রাত’ গানের একটি ক্লিপ নিয়ে কথা ওঠে। উপস্থাপক গানটি তার কেমন লেগেছে জানতে চাইলে এবং তামান্নার প্রতি নিজের মুগ্ধতার কথা বললে আন্নু কাপুর মন্তব্য করেন, ‘কী দুধের মতো ফর্সা শরীর!’


এরপর তামান্নার গানের সঙ্গে তার শারীরিক সৌন্দর্য নিয়েও মন্তব্য করেন এই অভিনেতা। তার কথার অর্থ ছিল, তামান্না নিজের গান ও সৌন্দর্য দিয়ে দর্শকদের মুগ্ধ করছেন। এমনকি তার গান ও উপস্থিতি মানুষের ভালো ঘুমের কারণ হলে সেটিকে দেশের জন্য আশীর্বাদ বলেও উল্লেখ করেন আন্নু।


তবে মন্তব্যের ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। অনেকের মতে, একজন অভিনেত্রীর কাজের বদলে তার গায়ের রং ও শরীর নিয়ে এভাবে কথা বলা আপত্তিকর। মন্তব্যটিকে নারীবিদ্বেষী ও যৌনতাবাদী বলেও অভিহিত করেন অনেকে।


নতুন সিনেমায় তামান্না


তামান্নাকে সর্বশেষ দেখা গেছে ‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ সিনেমায়। এতে তার সঙ্গে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। সামনে তাকে দেখা যাবে বালাজি মোশন পিকচার্সের ‘রাগিণী এমএমএস ৩’ সিনেমায়। এতে আরও অভিনয় করছেন জুনায়েদ খান। ২০২৭ সালে মুক্তির কথা রয়েছে ছবিটির।


সূত্র: এনডিটিভি

সর্বশেষ সব খবর

ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির

  • প্রকাশ : বুধবার ০৪ নভেম্বর, ২০২৬, সময় : ১:২৮ এএম

ব্যক্তিগত জীবনের নানা সংকট, স্টুডিও ভাঙার ঘটনা এবং দেশে কাজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। স্ত্রী-সন্তানকে নিয়ে কঠিন সময় পার করছেন জানিয়ে নিজের ক্ষতি, মানসিক চাপ ও বিভিন্ন অভিযোগের প্রভাব নিয়েও কথা বলেছেন তিনি। একই সঙ্গে বাংলাদেশে আর স্টুডিও পরিচালনা কিংবা নতুন করে বিনিয়োগ না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই কনটেন্ট নির্মাতা।


কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্যাপ’-এর বিশেষ প্রদর্শনীতে এসব কথা বলেন সালমান। ছবিটি এরই মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেয়েছে। গত শনিবার ঢাকার মহাখালীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে ছবিটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।


প্রদর্শনী শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেশের সামগ্রিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, ব্যক্তিগত সংকট ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি।


দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের প্রতি কোনো বার্তা আছে কি না, জানতে চাইলে সালমান বলেন, ‘সরকারকে কিছু বলার মতো কোনো সুযোগ এখনো আমাকে দেওয়া হয়নি। এ বিষয়ে উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিলাম। খুব আন্তরিকতার সঙ্গে প্রস্তাবও দিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পাইনি। তাই আমার মনে হয়, আমি কিছু বললেও তা শোনার মতো কোনো সুযোগ তৈরি হবে না।’



আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন তিনি। সালমানের ভাষায়, ‘যাদের এ বিষয়ে কথা বলা উচিত, তারা যদি কথা বলেন, সেটাই ভালো। আমরা সাধারণ নাগরিকেরা শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতির অভিজ্ঞতা নিতে পারি। সেই অভিজ্ঞতা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। কিন্তু এ বিষয়ে কিছু বললাম কি বললাম না, তাতে আসলে কোনো পার্থক্য তৈরি হয় না।’


ব্যক্তিগত জীবন ও স্ত্রী-সন্তানকে নিয়ে কেমন আছেন, এমন প্রশ্নের জবাবে নিজের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন সালমান। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা খুবই করুণ একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। একটা বড় বিপদ অতিক্রম করার চেষ্টা করছি। আমার কষ্ট হয়েছে, ক্ষতিও হয়েছে—এটা সত্যি। কিন্তু এ নিয়ে আমি খুব একটা দুঃখী কি না, তাহলে বলব, একেবারেই না। আমি দুঃখ প্রকাশ করে বসে থাকতে পছন্দ করি না।’


কঠিন সময়েও সামনে এগিয়ে যাওয়ার মানসিকতার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি সব সময় চেষ্টা করি, জীবনে যদি ভালো কিছু চাই, তাহলে খারাপ কিছুর জন্যও প্রস্তুত থাকতে হবে। তাই খারাপ সময় যখন আসবে, সেটাকে অতিক্রম করতে হবে। এটা নিয়ে অভিযোগ করে বসে থাকলে তো হবে না।’


তাকে ঘিরে বিভিন্ন ঘটনার সঙ্গে শ্বশুরের নাম উঠে আসার বিষয়েও প্রশ্ন করা হয়। জবাবে সালমান বলেন, ‘ঘটনাটা যখন ঘটেই গেছে, তখন আমি যে গিয়ে জিজ্ঞাসা করব, কোথা থেকে কী হলো, সেই সুযোগটাও তো পাইনি। আমি তো বলেছি, আমি দোষী। তো যারা আমাকে দোষ দিচ্ছেন, তারা যদি সবাই মিলে আমাকে সামনে বসিয়ে একটু কথা বলতেন, তাহলে দোষটা স্বীকার করে বিষয়টা সমাধান করতে তো সমস্যা হতো না। কিন্তু তা না করে কেউ একটা কিছু বলে দিলেন, আপনারা সেটা ছড়িয়ে দিলেন, অথচ প্রমাণ করতে পারলেন না। শুধু একটা অভিযোগ করে দিলেন।’


এ ধরনের অভিযোগ একজন মানুষের ব্যক্তিগত জীবন ও পেশাগত ভবিষ্যতে কী প্রভাব ফেলতে পারে, সেটিও তুলে ধরেন তিনি।


সালমান বলেন, ‘আমার মনে হয়, নিজের মধ্যে এটা মোকাবিলা করার ক্ষমতা আছে বলেই আমি পরিস্থিতিটা সামলাতে পারছি। কিন্তু অনেক মানুষ আছেন, যারা এটা সামলাতে পারেন না। তাদের জীবন শেষ হয়ে যায়, সুনাম চলে যায়, কর্মজীবন শেষ হয়ে যায়। তারা তো আর আমার মতো পরিস্থিতি কাটিয়ে উঠতে পারেন না। তাদের জীবনটাই হয়তো আর স্বাভাবিকভাবে এগোয় না। এই মানুষগুলোর কাছে আমাদের সবার জবাবদিহি থাকা উচিত।’


বিষয়টি মোকাবিলায় দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, ‘কারও ক্ষতি করার চেয়েও বড় কথা হলো, আমরা বিষয়টা কীভাবে সামলাচ্ছি। খ্যাতি থাকবে, টাকা-পয়সা থাকবে, জনপ্রিয়তা থাকবে। কিন্তু এর সঙ্গে যখন নেতিবাচক কিছু আসে, সেটাও আমাদের মেনে নিতে হবে। এমন তো হতে পারে না যে আমি ভালো দিকটা নেব, কিন্তু খারাপ দিকটা নেব না।’


স্টুডিও ভাঙার ঘটনার পর দেশ ছেড়ে যাওয়ার কথা এবং বাংলাদেশে থেকে কাজ করার পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে সালমান স্পষ্ট করে বলেন, ‘না, দেশে থাকার পরিকল্পনা কখনোই ছিল না। আগেও ছিল না। স্টুডিও ভাঙার ঘটনার পর আমি বলেছি, বাংলাদেশে আর স্টুডিওটা চালিয়ে যাব না। এটা আসলে আমার নিজের মতামত, আমার একটা বক্তব্য ছিল। আমি বাংলাদেশে আর বিনিয়োগ করব না।’

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ০৩ নভেম্বর, ২০২৬, সময় : ৬:১১ পিএম

ফের আইনি জটিলতায় পড়েছেন বলিউডের নন্দিত নির্মাতা অনুরাগ কশ্যপ। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে তার মন্তব্যের বিরুদ্ধে করা মামলায় এবার পরিচালকের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের সুরাটের একটি আদালত। সুরাটের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট জে ভি চৌহান এই পরোয়ানা জারির নির্দেশ দেন।


অভিযোগকারী পক্ষের আইনজীবী কমলেশ রাওয়াল জানিয়েছেন, আদালতে হাজির হওয়ার জন্য অনুরাগকে একাধিকবার নোটিস পাঠানো হয়েছিল। এমনকি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করেও তাকে আদালতে উপস্থিত হওয়ার কথা জানানো হয়। তবে কোনো নোটিসেরই জবাব দেননি পরিচালক। ফলে এই নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ২৪ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি আছে।মামলার সূত্রপাত চলতি বছরের মে মাসে। আইনজীবী কমলেশ রাওয়ালের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুরাগের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯২, ৩৫২ ও ৩৫২(২) ধারায় মামলা করার নির্দেশ দেন আদালত। এসব ধারায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিরোধ ও শত্রুতা উসকে দেওয়া, ইচ্ছাকৃতভাবে অপমান করে শান্তিভঙ্গের পরিস্থিতি তৈরি করা এবং মিথ্যা গুজব ছড়ানোর মতো অভিযোগের বিষয় রয়েছে। কমলেশ রাওয়াল কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের আইনি উপদেষ্টা হিসেবেও কাজ করেন।


অভিযোগের সূত্র ২০২৫ সালের ১৬ এপ্রিল অনুরাগের করা একটি পোস্ট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ব্রাহ্মণ সম্প্রদায় সম্পর্কে পরিচালকের মন্তব্যের বিরোধিতা করেছিলেন আদিত্য নামের এক ব্যক্তি। এর জবাবে অনুরাগ তাকে প্রশ্ন করেন, ব্রাহ্মণ হয়ে তিনি কী অর্জন করেছেন? এই মন্তব্য ঘিরেই বিতর্ক তৈরি হয়। পরে পরিচালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন কমলেশ রাওয়াল।অভিযোগকারী পক্ষের বক্তব্য অনুযায়ী, শুরুতে অনুরাগের উপস্থিতিতে অভিযোগের সত্যতা যাচাইয়ের আবেদন করা হয়েছিল। কিন্তু তিনি আদালতে হাজির না হওয়ায় একাধিকবার সমন পাঠানো হয়। তাতেও সাড়া না মেলায় সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত। এরপরও পরিচালক উপস্থিত না হওয়ায় তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।


জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার ক্ষেত্রে নির্ধারিত শর্ত পূরণ করে জামিন পাওয়ার সুযোগ থাকে। এখন এই মামলায় অনুরাগ কশ্যপের পরবর্তী পদক্ষেপ কী হয়, তা দেখার অপেক্ষা। আগামী ২৪ ডিসেম্বর আদালতে মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা।

সূত্র: আউটলুক ইন্ডিয়া

সর্বশেষ সব খবর

অমিতাভ বচ্চন

  • প্রকাশ : মঙ্গলবার ০৩ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৪৫ পিএম

মুম্বাইয়ের জুহুতে নিজ বাসভবন ‘জলসা’র বাইরে প্রতি রোববার ভক্তদের সঙ্গে দেখা করার দীর্ঘদিনের রীতি রয়েছে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের। গত রোববারও ভক্তদের সামনে এসেছিলেন তিনি, তবে এবার তাকে দেখা গেছে বিশেষ এক বুলেটপ্রুফ কাচের বক্সের ভেতর।


ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক অজ্ঞাতপরিচয় ইমেইলে অমিতাভ বচ্চনের বাসভবনে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এরপরই মুম্বাই পুলিশের পরামর্শে বাড়তি সুরক্ষা হিসেবে এই স্বচ্ছ বুলেটপ্রুফ কাচের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়।


কাচের বাক্সের ভেতরে দাঁড়িয়েই হাত নেড়ে অনুরাগীদের অভিবাদন জানান তিনি। আর পুরো সময়টায় তার পাশে ছায়ার মতো ছিলেন ছেলে অভিষেক বচ্চন। নিরাপত্তারক্ষীরা কড়া নজরদারি চালাচ্ছিলেন সেখানে।


কেন এই নজিরবিহীন নিরাপত্তা? জানা গেছে, সম্প্রতি মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়েসহ শীর্ষ কর্মকর্তাদের কাছে একটি হুমকিমূলক ই-মেইল এসেছে। ওই মেইলে মেয়রের কার্যালয়, গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট, অমিতাভ বচ্চনের বাসভবন জলসা ও বেশ কিছু স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। 


৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে এই হামলা হতে পারে বলে উল্লেখ থাকায় মুম্বাই পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক পরিস্থিতি বেশ উদ্বেগজনক। সম্প্রতি জুহুতে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। 


সেই ঘটনার তদন্তে পুলিশ জানতে পারে, অমিতাভ বচ্চনসহ বলিউডের বেশ কয়েকজন শীর্ষ তারকার বাড়ির বাইরে আগে থেকেই রেকি করেছিল অভিযুক্তরা।


এমন আতঙ্কজনক পরিস্থিতিতে তাই অমিতাভ বচ্চনের বাড়ি ঘিরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে ব্যারিকেড ও বুলেটপ্রুফ কাচের বিশেষ আবরণ।


তবে এত সব বাধা ও হুমকির মুখেও থেমে থাকেনি অমিতাভের রোববারের ঐতিহ্য। কড়া নিরাপত্তার ঘেরাটোপে থেকেও ভক্তদের সঙ্গে দীর্ঘদিনের এই আত্মিক যোগাযোগ ঠিকই বজায় রেখেছেন বর্ষীয়ান এই মেগাস্টার।

সর্বশেষ সব খবর

কোয়েল মল্লিক

  • প্রকাশ : মঙ্গলবার ০৩ নভেম্বর, ২০২৬, সময় : ১:২১ পিএম

একটি চিঠির জন্য দিনের পর দিন অপেক্ষা, প্রিয় মানুষের কণ্ঠ শুনতে এসটিডি বুথে ছুটে যাওয়া, ক্যাসেটে পছন্দের গান রেকর্ড করে উপহার দেওয়া-নব্বইয়ের দশকের প্রেমে এমন ছোট ছোট মুহূর্তই ছিল আনন্দের বড় উপলক্ষ। যোগাযোগের মাধ্যম সীমিত হলেও অনুভূতি প্রকাশে ছিল না কোনো কমতি। সেই সময়ের প্রেম, আবেগ আর স্মৃতির ঝাঁপি খুলে এবার টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘ডিয়ার ৯০’স’। তবে শুধু নস্টালজিয়া নয়, এই ধারাবাহিকের বড় আকর্ষণ অভিনেত্রী কোয়েল মল্লিক। প্রথমবারের মতো টেলিভিশনের ধারাবাহিকে দেখা যাবে তাকে।


আগামী ২৩ নভেম্বর থেকে সোনি আটে প্রচারিত হবে ধারাবাহিকটি। নব্বইয়ের দশককে গল্পের পটভূমি করে সাজানো হয়েছে এর কাহিনি। সে সময়ের প্রেম, বন্ধুত্ব, স্বপ্ন, অপেক্ষা আর সম্পর্কের নানা সমীকরণ উঠে আসবে এতে। স্মার্টফোন কিংবা সামাজিক মাধ্যমের যুগে দাঁড়িয়ে অতীতের সেই দিনগুলো যেন অন্য এক পৃথিবী। যেখানে একটি চিঠি হাতে পাওয়া কিংবা প্রিয় মানুষের সঙ্গে কয়েক মিনিট কথা বলার সুযোগও হয়ে উঠত বিশেষ স্মৃতি। ‘ডিয়ার ৯০’স’ সেই হারিয়ে যাওয়া সময়ের অনুভূতিগুলোই নতুন করে সামনে আনতে চায়।


সম্প্রতি প্রকাশিত ধারাবাহিকটির প্রোমোতেও রয়েছে নব্বইয়ের দশকের আবহ। গোলাপি শাড়িতে কোয়েল মল্লিককে দেখা গেছে হাসিমুখে পুরোনো দিনের স্মৃতিচারণা করতে। পেছনে বাজছে সেই সময়ের জনপ্রিয় প্রেমের গান। নতুন এই কাজ নিয়ে উচ্ছ্বসিত কোয়েল মল্লিক।


তাঁর মতে, নব্বইয়ের দশকের প্রেমে ছিল এক ধরনের সারল্য ও জাদু। অপেক্ষা, ছোট ছোট উপহার কিংবা সামান্য কোনো মুহূর্তও তখন অনেক বড় আনন্দের কারণ হয়ে উঠত। ‘ডিয়ার ৯০’স’-এর গল্প তাঁকে সেই দিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছে। এমন একটি গল্পের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে তাঁর। দর্শকরাও ধারাবাহিকটি দেখতে গিয়ে নিজেদের জীবনের পুরোনো কোনো স্মৃতির সঙ্গে মিল খুঁজে পাবেন বলে আশা করছেন অভিনেত্রী।


সুরিন্দর ফিল্মস প্রাইভেট লিমিটেডের প্রযোজনায় নির্মিত ধারাবাহিকটিতে কোয়েলের পাশাপাশি অভিনয় করবেন শঙ্খজিৎ সেনগুপ্ত ও অপরাজিতা মুখার্জি। 


সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ০৩ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪২ পিএম

বলিউড বাদশাহ শাহরুখ খানের ৬১তম জন্মদিনে চলচ্চিত্র জগতের বহু তারকা শুভেচ্ছা জানিয়েছেন। তবে সবার মাঝেই আলাদা করে নজর কেড়েছে অভিনেত্রী কারিনা কাপুর খানের একটি পোস্ট। সুপারস্টারকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি যেন তার আসন্ন ‘কিং’ সিনেমায় একটি বিশেষ উপস্থিতির ইঙ্গিতও দিয়েছেন।গত ২ নভেম্বর ইনস্টাগ্রামে শাহরুখ খানের জন্মদিনে একটি বিশেষ ছবি শেয়ার করেন কারিনা। সেই ছবিতে কারিনা এবং শাহরুখের সিল্যুট বা ছায়াছবি একসঙ্গে নাচতে দেখা গেছে। যদিও ছবিতে তাদের মুখ স্পষ্টভাবে দেখা যায়নি, তবুও পর্দায় তাদের বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের মাঝে উন্মাদনা ছড়িয়ে দেওয়ার জন্য এইটুকুই যথেষ্ট ছিল।‘কিং’ সিনেমায় তার যুক্ত থাকা নিয়ে চলা সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কারিনা তার জন্মদিনের বার্তায় সিনেমার নাম উল্লেখ করেছেন। পোস্টটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন কিং! সাম্রাজ্যের চিরকালের শাসক। চলো একসঙ্গে নাচি... আর অপেক্ষা করতে পারছি না। ২৪-১২-২৬।’একসঙ্গে নাচার এই প্রসঙ্গটি আসন্ন অ্যাকশন এন্টারটেইনার ছবির জন্য নির্মিত ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি বিশেষ গান নিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ ১৫ বছর পর এই গানের মাধ্যমেই শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা। তবে অভিনেত্রীর শেয়ার করা ছবিটি সিনেমার শ্যুটিংয়ের সময়কার কি না, তা এখনও স্পষ্ট নয়।


উল্লেখ্য, কারিনা এবং শাহরুখ এর আগেও বেশ কিছু জনপ্রিয় সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। এই জুটি ‘অশোকা’, ‘কভি খুশি কভি গম’ এবং ‘রা.ওয়ান’-এর মতো প্রজেক্টে কাজ করেছেন। ফলে ‘কিং’ সিনেমায় তাদের এই পুনর্মিলন ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।


কারিনার এই জন্মদিনের পোস্টটি তাদের পর্দার পেছনের রসায়নের ইঙ্গিত দেওয়ায়, এখন দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘কিং’ সিনেমায় এই দুই তারকাকে একসঙ্গে দেখার জন্য।


সূত্র: ফিল্মফেয়ার

সর্বশেষ সব খবর