• প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ১২:০৭ পিএম
  • আপডেট : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ১২:০৭ পিএম

এ সম্পর্কিত আরও খবর

'আরণ্যক’ : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ১২:০৭ পিএম

সাহিত্যের কিছু বই থাকে যেগুলো পড়া শেষ হলেও তার রেশ দীর্ঘদিন মনের মধ্যে থেকে যায়। প্রকৃতির সৌন্দর্য মানুষের জীবন এবং হারিয়ে যাওয়া সময়ের প্রতি এক গভীর মমত্ববোধ জাগিয়ে তোলার ক্ষমতা রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখায়। বাংলা সাহিত্যের এই শক্তিমান কথাসাহিত্যিক তাঁর অসাধারণ পর্যবেক্ষণক্ষমতা ও সহজ-সরল বর্ণনাশৈলীর মাধ্যমে পাঠককে পরিচিত জগতের বাইরেও এক নতুন পৃথিবীর সন্ধান দিয়েছেন। ‘পথের পাঁচালী’ ‘অপরাজিত’সহ তাঁর কালজয়ী সৃষ্টিগুলোর মধ্যে ‘আরণ্যক’ বিশেষভাবে উল্লেখযোগ্য। সম্প্রতি পড়েছি তাঁর লেখা এই অনন্য উপন্যাসটি যা প্রকৃতি ও মানুষের সম্পর্ক নিয়ে আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে।

উপন্যাস পরিচিতি:
‘আরণ্যক’ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অনন্য প্রকৃতিনির্ভর উপন্যাস যা প্রথম প্রকাশিত হয় ১৯৩৯ সালে। এটি শুধু অরণ্যের সৌন্দর্যের বর্ণনা নয় বরং অরণ্যকে ঘিরে গড়ে ওঠা মানুষের জীবন জীবিকা বিশ্বাস সংস্কৃতি ও জীবনসংগ্রামের এক অসাধারণ আখ্যান। উপন্যাসে শহুরে জীবনের ব্যস্ততা ও অরণ্যের নিস্তব্ধতা এবং সভ্যতার বিস্তার ও প্রকৃতির ধ্বংসের মধ্যকার দ্বন্দ্ব অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। লেখকের সহজ-সরল ভাষা ও প্রকৃতির জীবন্ত বর্ণনা পাঠককে অরণ্যের এক মায়াময় জগতে নিয়ে যায়।

চরিত্র বিশ্লেষণ:
সত্যচরণ: উপন্যাসের প্রধান চরিত্র। কলকাতার শিক্ষিত যুবক সত্যচরণ জীবিকার প্রয়োজনে বিহারের ভাগলপুর অঞ্চলের এক দুর্গম অরণ্যে জমিদারির কাজে আসে। তার দায়িত্ব ছিল অরণ্য জরিপ করা এবং বনভূমি কেটে জমি বন্দোবস্তের ব্যবস্থা করা। প্রথমদিকে অরণ্যের নির্জনতা তাকে একাকী করলেও ধীরে ধীরে সে প্রকৃতির প্রেমে পড়ে যায়। তার চরিত্রের মধ্য দিয়ে প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা এবং নিজের কাজের কারণে সেই প্রকৃতি ধ্বংস করার অপরাধবোধ প্রকাশ পেয়েছে।

যুগলপ্রসাদ: প্রকৃতিপ্রেমী ও ব্যতিক্রমী একজন মানুষ। অরণ্যের সৌন্দর্য বাড়ানোর জন্য সে বিভিন্ন ফুলের চারা ও লতা রোপণ করে। কোনো ব্যক্তিগত স্বার্থ ছাড়াই প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধিতে তার আগ্রহ সত্যিই মুগ্ধ করার মতো।

ভানুমতী: রাজা দোবরু পান্নার নাতনি। তার সরলতা স্বাভাবিক সৌন্দর্য আত্মমর্যাদা ও স্বতন্ত্র ব্যক্তিত্ব সত্যচরণের মনে গভীর প্রভাব ফেলে। তার চরিত্রে অরণ্যবাসী মানুষের ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় পাওয়া যায়।

রাজু পাঁড়ে: একজন সরলপ্রাণ ও ধর্মভীরু মানুষ। তার জীবনযাপন বিশ্বাস ও চিন্তাভাবনার মধ্য দিয়ে অরণ্য অঞ্চলের সাধারণ মানুষের জীবনদর্শন ফুটে উঠেছে।

কুন্তা: একজন অসহায় ও স্বামীহারা নারী। তার জীবনের দুঃখ-কষ্ট ও সংগ্রামের মধ্য দিয়ে সমাজের প্রান্তিক নারীদের অসহায় অবস্থান এবং কঠিন বাস্তবতা প্রকাশ পেয়েছে।
এ ছাড়া ধাতুরিয়া মটুকনাথ মঞ্চীসহ আরও বেশ কিছু চরিত্র উপন্যাসটিকে সমৃদ্ধ করেছে। প্রত্যেকের জীবন ও অভিজ্ঞতা অরণ্যকেন্দ্রিক সমাজের ভিন্ন ভিন্ন দিক তুলে ধরেছে।

মূল ভাব:
উপন্যাসের মূল কাহিনি আবর্তিত হয়েছে সত্যচরণের অরণ্যজীবনকে কেন্দ্র করে। জীবিকার প্রয়োজনে সে যে অরণ্যে আসে একসময় সেই অরণ্যই তার ভালোবাসার জায়গা হয়ে ওঠে। অরণ্যের গাছপালা পাহাড় নদী পাখির ডাক এবং প্রকৃতির অপার সৌন্দর্য তাকে গভীরভাবে আকৃষ্ট করে। একই সঙ্গে অরণ্যবাসী মানুষের সঙ্গে তার পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে।
কিন্তু সত্যচরণের কাজের সঙ্গে জড়িয়ে ছিল অরণ্য ধ্বংসের বিষয়টি। তাকে বনভূমি কেটে জমি বন্দোবস্ত করতে হতো। যে অরণ্যকে সে ভালোবেসে ফেলেছিল নিজের দায়িত্ব পালনের কারণে তাকেই ধ্বংস করতে হয়। একদিকে মানুষের জীবিকা ও বসতি স্থাপনের প্রয়োজন অন্যদিকে প্রকৃতির অস্তিত্ব রক্ষার প্রশ্ন। এই দ্বন্দ্ব সত্যচরণের মনে গভীর অপরাধবোধ তৈরি করে।

অন্যদিকে লেখক অরণ্যবাসী মানুষের দারিদ্র্য জীবনসংগ্রাম সংস্কৃতি বিশ্বাস সামাজিক সম্পর্ক ও জীবনযাপনের বাস্তব চিত্র তুলে ধরেছেন। তাদের সরলতা আত্মমর্যাদা অতিথিপরায়ণতা এবং প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক উপন্যাসটিকে আরও জীবনঘনিষ্ঠ করে তুলেছে। সব মিলিয়ে ‘আরণ্যক’ প্রকৃতি ও মানুষের সম্পর্ক এবং সভ্যতার বিস্তারে হারিয়ে যেতে থাকা এক জগতের মর্মস্পর্শী কাহিনি।

উপন্যাস থেকে শিক্ষা:
‘আরণ্যক’ একদিকে যেমন প্রকৃতির অপার সৌন্দর্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয় অন্যদিকে তেমনি মানুষের স্বার্থকেন্দ্রিক কর্মকাণ্ডের কারণে প্রকৃতি কীভাবে ধ্বংস হচ্ছে তা ভাবতে বাধ্য করে। উপন্যাসটি আমাকে উপলব্ধি করিয়েছে মানুষ প্রকৃতির মালিক নয় বরং প্রকৃতিরই একটি অংশ। জীবিকার প্রয়োজনে মানুষ প্রকৃতিকে ব্যবহার করলেও তার ভারসাম্য ও অস্তিত্ব রক্ষা করা জরুরি। বইটির সবচেয়ে ভালো লাগার বিষয় হলো লেখক শুধু অরণ্যের সৌন্দর্যই তুলে ধরেননি অরণ্যবাসী মানুষের জীবনকেও সমান গুরুত্ব দিয়েছেন। তাদের সরলতা বিশ্বাস সংস্কৃতি দারিদ্র্য ও জীবনসংগ্রাম আমাকে বিশেষভাবে ভাবিয়েছে। একই সঙ্গে সত্যচরণের অরণ্যের প্রতি ভালোবাসা এবং নিজের কাজের কারণে সেই অরণ্য ধ্বংস করার বেদনাটি গভীরভাবে স্পর্শ করেছে।
সবচেয়ে বেশি মন ছুঁয়ে গেছে উপন্যাসের সেই বাস্তবতা যেখানে উন্নয়নের নামে অরণ্য ধ্বংস হয়ে যায় এবং তার সঙ্গে হারিয়ে যায় প্রকৃতির অপার সৌন্দর্য ও বহু মানুষের চেনা জীবন। সত্যচরণের অরণ্য ছেড়ে শহরে ফিরে আসার মধ্য দিয়ে এই হারিয়ে যাওয়ার বেদনা আরও গভীর হয়ে ওঠে।

সবশেষে বলতে চাই ‘আরণ্যক’ শুধু একটি উপন্যাস নয় এটি প্রকৃতির প্রতি ভালোবাসা মানুষের জীবনসংগ্রাম এবং হারিয়ে যেতে থাকা এক পৃথিবীর জন্য গভীর মমত্ববোধের গল্প। বইটি শেষ করার পরও অরণ্যের দৃশ্য চরিত্রগুলো এবং সত্যচরণের অনুভূতি মনের মধ্যে রয়ে যায়। আমারও ইচ্ছে হয় কখনো শহরের কোলাহল ছেড়ে সত্যচরণের মতো এমন কোনো অরণ্যে কিছুদিন কাটিয়ে আসি। যারা প্রকৃতি মানুষ ও জীবনের গভীর সম্পর্ককে একটু ভিন্নভাবে আবিষ্কার করতে চান তাদের জন্য ‘আরণ্যক’ নিঃসন্দেহে একটি অবশ্যপাঠ্য উপন্যাস।

লেখক : ফারজানা ইয়াছমিন শ্রাবণী,
শিক্ষার্থী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়



সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৫৫ পিএম

ধনী হতে কে না চায়! চাকরি-ব্যবসা কিংবা ফ্রিল্যান্সিং থেকে যতই উপার্জন আসুক না কেন, তা মাস শেষ হওয়ার আগেই শেষ হয়ে যায়। জিনিসপত্রের বাড়তি দাম, জীবনযাপনের ব্যয় এত বেড়েছে যে সঞ্চয় করা কঠিন। এসব সংকট তো রয়েছেই, পাশাপাশি মধ্যবিত্তদের কিছু অভ্যাসের কারণেও তারা কখনো টাকা জমাতে পারে না। 


নিউজ১৮-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে মূলত ৬ ভুলের কারণে মধ্যবিত্তদের অ্যাকাউন্টে কখনও কোটি কোটি টাকা জমে না। 


অযথা খরচ


প্রতিদিন বাইরে খাবার খাওয়া, বন্ধু-বান্ধব নিয়ে প্রায়ই রেস্টুরেন্টে খাওয়া এবং অপ্রয়োজনীয় অনলাইন শপিং করা অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। আপাতদৃষ্টিতে খরচগুলোকে সামান্য মনে হলেও, এই ছোট ছোট খরচগুলোই জমে জমে মোটা অঙ্কে দাঁড়ায়। ধরা যাক, আপনি প্রতি সপ্তাহে অপ্রয়োজনে ১ হাজার টাকা খরচ করেন। বছরে এই খরচ ৫২ হাজার টাকায় পৌঁছায়! এই টাকাটা সঞ্চয় বা বিনিয়োগ করলে পাঁচ-দশ বছরে কত টাকা হয় নিশ্চয় বুঝতে পারছেন।


অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন


স্ট্রিমিং সার্ভিস যেমন নেটফ্লিক্স, হইচই, দামি জিমের মেম্বারশিপ কিংবা বিভিন্ন অ্যাপের প্রিমিয়াম সাবস্ক্রিপশন—এই খরচগুলো মাসের পর মাস বেতন থেকে কাটছে। যোগ করলে দেখা যাবে, সেই টাকার অঙ্কটাও কিন্তু নেহাত কম নয়। কিন্তু কখনও ভেবে দেখেছেন, এগুলো আদৌ কতটা প্রয়োজনীয়? নিজেকে প্রশ্ন করুন।


ক্রেডিট কার্ডের অতিরিক্ত ব্যবহার


অনেকেই ক্রেডিট কার্ড দিয়ে বিলাসিতার জিনিস কেনেন যেগুলো না কিনলেও চলে। আপনি যদি মাসের শেষে পুরো টাকা পরিশোধ করতে না পারেন, তবে আপনাকে ক্রেডিট কার্ডের উপর উচ্চ হারে সুদ দিতে হয়। এতে পণ্যের আসল দামের চেয়ে আপনি অনেক বেশি টাকা খরচ করে ফেলেন। এটাই ঋণের জালে জড়ানোর প্রথম ধাপ।ক্যাশ নিন


লোন নিয়ে দামি গাড়ি কেনা


খুব কম মানুষই পুরো টাকা নগদে দিয়ে গাড়ি কেনেন। বেশিভাগেই গাড়ি কেনে লোন নিয়ে। প্রতিমাসে সেই লোনের ইএমআই ভরতে হয়। মনে রাখবেন, 'গাড়ির কিস্তি দিতে পারা' মানেই ‘গাড়ি কেনার সামর্থ্য আছে’ এমনটা নয়। এছাড়া, গাড়ি একটি অবচয়যোগ্য সম্পদ। কেনার পর থেকেই গাড়ির দাম কমতে থাকে। ঋণ নিয়ে খুব বেশি দামি গাড়ি কিনে তার উপর সুদ দেওয়া মানে দ্বিগুণ লোকসান গোনা।


সাধ্যের বাইরে গিয়ে দামি ফ্ল্যাট কেনা


আয়ের তুলনায় দামি বাড়ি কেনা বড় ভুল। বিশাল বাড়ি বা ফ্ল্যাট কেনার মানে হল বেশি ট্যাক্স, বেশি রক্ষণাবেক্ষণ খরচ এবং বেশি ইউটিলিটি বিল। বাড়ি কেনার আগে মাসিক কিস্তি ছাড়াও এই আনুষঙ্গিক খরচগুলোর কথা ভাবতে হবে।


অবসরের জন্য বিনিয়োগ না করা


ধনী হওয়ার মূল মন্ত্র হলো বিনিয়োগ। ট্যাক্স-সুবিধা পাওয়া যায় এমন অবসরের অ্যাকাউন্ট, সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করুন। 

বিষয় :

সর্বশেষ সব খবর
  • প্রকাশ : বুধবার ২৮ অক্টোবর, ২০২৬, সময় : ১:০৩ পিএম
  • আপডেট : বুধবার ২৮ অক্টোবর, ২০২৬, সময় : ১:০৩ পিএম


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ২৮ অক্টোবর, ২০২৬, সময় : ১:০৩ পিএম

গহনা শুধু সাজসজ্জার অনুষঙ্গ নয়, বরং ব্যক্তিত্ব, রুচি ও সৌন্দর্য প্রকাশেরও একটি মাধ্যম। শাড়ির সঙ্গে মানানসই সোনার হার, উৎসবের সাজে ঝলমলে কানের দুল কিংবা প্রতিদিনের ব্যবহারের প্রিয় রুপার চুড়ি–প্রতিটি গহনাই পোশাকে যোগ করে আলাদা মাত্রা। তবে নিয়মিত ব্যবহার, ঘাম, ধুলাবালি, প্রসাধনীর সংস্পর্শ এবং সঠিকভাবে সংরক্ষণ না করার কারণে সময়ের সঙ্গে গহনার স্বাভাবিক ঔজ্জ্বল্য কমে যেতে পারে। 


সোনার গহনায় মলিন ভাব দেখা দিতে পারে। রুপার গহনায় কালচে আস্তরণ পড়তে পারে আবার কৃত্রিম গহনার রংও নষ্ট হয়ে যেতে পারে। অনেক সময় দামি গহনা যত্নের অভাবে তার সৌন্দর্য হারায়, অথচ কিছু সহজ অভ্যাসের মাধ্যমে দীর্ঘদিন এর ঝলমলে ভাব ধরে রাখা সম্ভব। গহনার উপাদান অনুযায়ী পরিচর্যার পদ্ধতি আলাদা হলেও পরিষ্কার রাখা, আর্দ্রতা থেকে দূরে রাখা এবং ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। সঠিক যত্ন গহনাকে শুধু সুন্দর রাখে না, বরং এর স্থায়িত্ব বাড়াতেও সাহায্য করে।


গহনার ঔজ্জ্বল্য ধরে রাখার প্রথম শর্ত হলো নিয়মিত ও সঠিকভাবে পরিষ্কার করা। প্রতিদিন ব্যবহৃত গহনায় ঘাম, ত্বকের তেল, ধুলাবালি ও প্রসাধনীর অবশিষ্টাংশ জমে ধীরে ধীরে মলিনতা তৈরি করে। তাই ব্যবহারের পর নরম, পরিষ্কার ও শুকনা কাপড় দিয়ে গহনা মুছে রাখা ভালো। সোনার গহনা পরিষ্কারের ক্ষেত্রে হালকা গরম পানিতে অল্প মৃদু সাবান মিশিয়ে নরম কাপড় দিয়ে আলতোভাবে মুছে নেওয়া যায়। 


তবে পাথর বসানো, মুক্তার কাজ করা কিংবা বিশেষ নকশার গহনা পরিষ্কারের আগে এর উপাদান সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন। রুপার গহনা বাতাসের সংস্পর্শে এসে কালচে হয়ে যেতে পারে। এ ক্ষেত্রে রুপার জন্য উপযোগী পরিষ্কারক ব্যবহার করা যেতে পারে। তবে অতিরিক্ত ঘষাঘষি এড়িয়ে চলা জরুরি। অন্যদিকে মুক্তা, প্রবাল, পান্না বা অন্যান্য কোমল ও সংবেদনশীল পাথরের গহনায় সরাসরি রাসায়নিক পরিষ্কারক ব্যবহার না করাই ভালো। কৃত্রিম গহনার ক্ষেত্রে পানি ও সাবানের ব্যবহার সতর্কতার সঙ্গে করতে হবে। কারণ এতে থাকা রং বা প্রলেপ ক্ষতিগ্রস্ত হতে পারে। গহনা পরিষ্কারের সময় ব্লিচ, টুথপেস্ট, শক্ত ব্রাশ কিংবা ঘরোয়া রাসায়নিক ব্যবহার না করাই নিরাপদ। এগুলো সাময়িকভাবে দাগ দূর করলেও গহনার উপরিভাগে আঁচড় ফেলতে পারে বা স্বাভাবিক প্রলেপ নষ্ট করতে পারে।


একইভাবে পারফিউম, হেয়ার স্প্রে, লোশন, সানস্ক্রিন ও মেকআপের সংস্পর্শ থেকেও গহনাকে যথাসম্ভব দূরে রাখতে হবে। সাজগোজের সময় আগে প্রসাধনী ব্যবহার করে সেগুলো শুকিয়ে নেওয়ার পর গহনা পরা ভালো। সাঁতার কাটা, গোসল করা, ব্যায়াম করা কিংবা ঘরের ভারী কাজের সময় গহনা খুলে রাখলে ঘাম, সাবান, ক্লোরিন ও অন্যান্য উপাদানের ক্ষতিকর প্রভাব অনেকটাই এড়ানো যায়।


গহনার সৌন্দর্য দীর্ঘদিন অক্ষুণ্ন রাখতে পরিষ্কারের পাশাপাশি সঠিক সংরক্ষণও সমান গুরুত্বপূর্ণ। অনেকেই সব ধরনের গহনা একই বাক্সে একসঙ্গে রেখে দেন। এতে একটির সঙ্গে অন্যটির ঘর্ষণে আঁচড় পড়তে পারে, চেইন জড়িয়ে যেতে পারে এবং পাথর বসানো গহনার ক্ষতি হতে পারে। তাই প্রতিটি গহনা আলাদা নরম কাপড়ের থলি, গহনার বাক্সের পৃথক খোপ কিংবা উপযুক্ত পাউচে রাখা ভালো। বিশেষ করে রুপার গহনা বাতাস ও আর্দ্রতার সংস্পর্শ কম হয় এমন জায়গায় রাখলে কালচে হয়ে যাওয়ার প্রবণতা কমানো যায়। গহনা রাখার জায়গা যেন শুকনা, পরিষ্কার এবং সরাসরি রোদ থেকে দূরে থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে। বাথরুম বা স্যাঁতসেঁতে স্থানে গহনা রাখা উচিত নয়। 


দীর্ঘদিন ব্যবহার না করা গহনাও মাঝেমধ্যে বের করে পরীক্ষা করা প্রয়োজন; যাতে কোনো পাথর ঢিলে হয়ে গেছে কিনা, তালা ঠিক আছে কিনা কিংবা চেইনের সংযোগস্থলে সমস্যা তৈরি হয়েছে কিনা, তা বোঝা যায়। দামি সোনা, রুপা বা হীরার গহনায় পাথর বসানো থাকলে নির্দিষ্ট সময় পর অভিজ্ঞ গহনার কারিগর দিয়ে পরীক্ষা করানো যেতে পারে। এতে ছোটখাটো সমস্যা বড় হওয়ার আগেই সমাধান করা সম্ভব হয়। একই সঙ্গে গহনা পরিষ্কারের আগে সেটির উপাদান ও প্রস্তুতকারকের নির্দেশনা জেনে নেওয়া জরুরি। কারণ সব গহনার জন্য একই পরিচর্যা উপযোগী নয়। 


মনে রাখতে হবে, গহনার ঔজ্জ্বল্য ধরে রাখার জন্য সব সময় দামি পরিষ্কারক বা বিশেষ সরঞ্জামের প্রয়োজন হয় না; বরং নিয়মিত যত্ন, সঠিক ব্যবহার এবং উপযুক্ত সংরক্ষণই সবচেয়ে কার্যকর। প্রিয় গহনাগুলোর প্রতি সামান্য মনোযোগ দিলে সেগুলো দীর্ঘদিন ঝলমলে থাকবে এবং বিশেষ দিনের সাজের পাশাপাশি দৈনন্দিন সৌন্দর্যেও যোগ করবে আভিজাত্যের ছোঁয়া। 

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২১ অক্টোবর, ২০২৬, সময় : ১১:৪০ এএম

বয়স বাড়ে আর আয়নায় প্রথম বয়সের ছাপ বা পাকা চুলটা আবিষ্কার করার মুহূর্তটিতে কিন্তু কারওরই মন সায় দিতে চায় না! সময়ের কাঁটা থামানো আর কাঙ্ক্ষিত তারুণ্যকে চিরতরে ধরে রাখা মানবধর্মের এই এক চিরন্তন বাসনা। কিন্তু জীববিজ্ঞানের এক অদ্ভুত নিয়মে নির্দিষ্ট সময় পর তারুণ্য একসময় ঠিকই হাতছাড়া হয়ে যায়। তবে ভেবে দেখুন তো, যদি হুট করে সেই হারানো তারুণ্যের চাবি আপনার হাতে এসে পৌঁছায়? গল্প বা রূপকথা নয়, বিজ্ঞানের নতুন এক এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ম্যাজিকে বয়স রিভার্স করার সেই স্বপ্নই এবার বাস্তবে রূপ নিতে চলেছে।


কি বলছে বিজ্ঞান


বয়স বাড়িয়ে দেওয়া সময়ের নিয়ম হলেও বিজ্ঞান যেন তাতে ব্রেক কষতে শুরু করেছে। নোবেলজয়ী শিনিয়া ইয়ামানাকার ‘ইয়ামানাকা ফ্যাক্টর’ নিয়ে গবেষণার কথা মনে আছে? চারটি জিন ব্যবহার করে কোষের বয়স কমানোর কৌশল আবিষ্কার হলেও বড় সমস্যা ছিল একটিই—কোষগুলো নিজেদের পরিচয় হারিয়ে ফেলত এবং ক্যানসারের ঝুঁকি বেড়ে যেত। তবে এবার বিজ্ঞানীরা আর পুরোনো পথে হাঁটেননি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-কে কাজে লাগিয়ে আবিষ্কার করেছেন এমন এক জিনের যা কোষকে ক্যানসারের ঝুঁকিতে না ফেলে এবং তার নিজস্ব পরিচয় বজায় রেখেই ফিরিয়ে আনবে তারুণ্য।


এআই যখন বিজ্ঞানীদের ‘ডিজিটাল বয়স মাপার ঘড়ি’


হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক জর্জ চার্চ এবং ওয়াইস ইনস্টিটিউটের বিজ্ঞানী অ্যালেক্স প্লেসার নেতৃত্বে একদল গবেষক প্রথমে তৈরি করেন চমৎকার একটি এআই অ্যালগরিদম। বয়স নির্ধারণের প্রচলিত ব্যয়বহুল পদ্ধতিগুলোর বদলে এই মেশিন লার্নিং মডেলটি ৪৬৪টি ত্বকের ফাইবারোব্লাস্ট কোষের জিন এক্সপ্রেশন (জিনগত তথ্য) বিশ্লেষণ করে মানব কোষের সঠিক ‘বায়োলজিক্যাল বয়স’ মেপে ফেলে। এই ডিজিটাল বয়সের ঘড়িকে ভিত্তি করেই বিজ্ঞানীরা নির্দিষ্ট কিছু জিনের ওপর পরীক্ষা শুরু করেন, যাতে খুঁজে পাওয়া যায় বয়সের চাকা পেছনে ঘোরানোর আসল চাবিকাঠি।


তারুণ্য ফেরানোর আসল নায়ক


হাজারো জিনের মধ্য থেকে এআই স্ক্রিনিংয়ের মাধ্যমে একটি জিন শীর্ষ স্থান দখল করে, যার নাম এসআরএসএফ ১। এটি মূলত প্রোটিন তৈরির জিনগত তথ্য প্রক্রিয়াকরণ বা ‘আরএনএ স্প্লাইসিং ফ্যাক্টর’ হিসেবে কাজ করে। বয়স্ক মানুষের ত্বকের কোষে যখন এই এসআরএসএফ ১ জিনটি সক্রিয় বা ওভার-প্রকাশ করা হলো, তখন দেখা গেল এক জাদুকরী পরিবর্তন। কোষগুলো তাদের স্থায়ী রূপ বা পরিচয় না হারিয়েই কমে গেল কোষের বয়ঃবৃদ্ধি, প্রোটিনের ভারসাম্যহীনতা এবং পুরোনো প্রদাহ। একই সঙ্গে উন্নত হলো ডিএনএ মেরামতের কাজও।


ইঁদুরের ওপর চমকপ্রদ পরীক্ষা ও আয়ু বৃদ্ধি


গবেষণাগারে মানব কোষে সফলতার পর বিজ্ঞানীরা আদতে দেখতে চাইলেন এর কার্যকারিতা কেমন। তারা অ্যাডেনো-অ্যাসোসিয়েটেড ভাইরাসকে ভেক্টর হিসেবে ব্যবহার করে প্রবীণ বা বয়স্ক ইঁদুরের শরীরে এসআরএসএফ ১ জিনটি প্রয়োগ করেন। জিনটি প্রধানত ইঁদুরের লিভারে জমা হলেও এর সুদূরপ্রসারী প্রভাব পড়ে পুরো শরীরে। চিকিৎসা পাওয়া ইঁদুরগুলোর বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতা ও অবনতির গতি ৪৪ শতাংশ পর্যন্ত কমে যায় এবং সাধারণ ইঁদুরের তুলনায় এদের গড় আয়ু ১৪ শতাংশ বৃদ্ধি পায়। বিজ্ঞানীরা ধারণা করছেন, লিভারে আসা এই পরিবর্তন বার্তা হিসেবে পুরো শরীরে ছড়িয়ে পড়ে অন্য অঙ্গগুলোর বয়স কমাতেও ভূমিকা রেখেছে।


মানবজাতির সুস্থ ও দীর্ঘায়ুর নতুন দিগন্ত


প্রখ্যাত জার্নাল ‘নেচার এজিং’-এ প্রকাশিত এই গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটি বর্তমানে ল্যাবের কোষ ও ইঁদুরের মধ্যেই সীমাবদ্ধ। মানুষের শরীরে নিরাপদে এবং সঠিক মাত্রায় এই প্রযুক্তি পৌঁছে দেওয়া পরবর্তী বড় চ্যালেঞ্জ। তবুও গবেষকদের মতে, এটি কেবল বয়স কমানো নয়, বরং মানুষকে দীর্ঘদিন রোগমুক্ত রেখে স্বাস্থ্যকর জীবন উপহার দেওয়ার এক যুগান্তকারী পদক্ষেপ।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২১ অক্টোবর, ২০২৬, সময় : ১০:৩৩ এএম

একজন শিশু যখন প্রথম হাঁটতে শেখে, তখন তাকে হাত ধরে এগিয়ে নিতে হয়। একটু বড় হলে সেই হাত ছেড়ে কয়েক পা নিজে হাঁটার সুযোগ দিতে হয়। আবার এমন সময়ও আসে, যখন পাশে দাঁড়িয়ে শুধু উৎসাহ দেওয়া, ভুল হলে বুঝিয়ে বলা আর প্রয়োজনের সময় ভরসা দেওয়াই সবচেয়ে জরুরি হয়ে ওঠে। সন্তানের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে অভিভাবকের ভূমিকার এ পরিবর্তনই সুস্থ অভিভাবকত্বের একটি গুরুত্বপূর্ণ দিক।


সন্তানকে বড় করার কোনো একক নিয়ম নেই। তবে বয়সের সঙ্গে সন্তানের প্রয়োজন, অনুভূতি ও শেখার ধরন কীভাবে বদলায় এবং সেই অনুযায়ী অভিভাবকের আচরণ কীভাবে বদলানো যায়, তা হিসাব করে চলার সহজ একটি মাধ্যম হলো ৭-৭-৭ নিয়ম। বিশ্বের অনেক দেশেই এ পদ্ধতিটি বেশ চর্চা করা হচ্ছে। 


৭-৭-৭ নিয়ম আসলে কী? 


সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার শেখা, চিন্তাভাবনা, আবেগ প্রকাশ এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও ধীরে ধীরে পরিবর্তিত হয়। তাই সব বয়সে একইভাবে শাসন, নির্দেশনা বা স্বাধীনতা না দিয়ে বয়স ও পরিপক্বতা অনুযায়ী অভিভাবকের ভূমিকা বদলে নেওয়াই এ নিয়মের মূল কথা। ৭-৭-৭ নিয়মে অভিভাবকত্বের ক্ষেত্রে সন্তানের বয়স ২১ বছর পর্যন্ত তিনটি ভাগে ভাগ করা হয়। ০ থেকে ৭ বছর, ৭ থেকে ১৪ বছর এবং ১৪ থেকে ২১ বছর– প্রতিটি ধাপের সময়কাল ৭ বছর করে। এ তিন ধাপের সময়ের মধ্যে সন্তানের শেখা, বেড়ে ওঠা, চিন্তাভাবনা এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার ধরন ধীরে ধীরে বদলে যায়। তাই প্রতিটি বয়সে অভিভাবকের ভূমিকা ও যত্নের ধরনও বদলানো জরুরি।


প্রথম ধাপ (০-৭ বছর): খেলার পর্যায়


শিশুর জীবনের প্রথম কয়েকটি বছর পৃথিবীকে চিনে নেওয়ার সময়। এ বয়সে সে খেলে, প্রশ্ন করে, দেখে, ছুঁয়ে বোঝে এবং বড়দের আচরণ অনুকরণ করে শেখে। তাই এ সময় শুধু পড়াশোনার দিকে নজর না দিয়ে নিরাপদ, স্নেহময় ও আনন্দময় পরিবেশ তৈরি করা বেশি জরুরি।


গল্প বলা, ছবি আঁকা, গান শোনা, পাজল মেলানো কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা শিশুর শেখার গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। তার ছোট ছোট প্রশ্নের উত্তর দেওয়া, নতুন কিছু করার সুযোগ দেওয়া এবং ভুল করলে ভয় দেখানোর বদলে ধৈর্য ধরে বুঝিয়ে বলা দরকার। ভালোবাসা ও নিরাপত্তার অনুভূতি থেকেই শিশুর আত্মবিশ্বাসের ভিত্তি তৈরি হয়। এতে অভিভাবক ও সন্তানের মধ্যে বিশ্বাস গভীর হয়।


দ্বিতীয় ধাপ (৭-১৪ বছর): শেখার পর্যায় 


এই বয়সে শিশু ধীরে ধীরে নিজের পছন্দ, অপছন্দ ও মতামত প্রকাশ করতে শেখে। স্কুল, শিক্ষক, বন্ধু এবং চারপাশের পরিবেশ তার চিন্তাভাবনায় প্রভাব ফেলতে শুরু করে। তাই এ সময় শুধু পড়াশোনা বা পরীক্ষার ফল নয়, দায়িত্বশীল হয়ে উঠতে শেখার বিষয়টিও গুরুত্ব পাওয়া উচিত।


এই ধাপে নিজের ব্যাগ গুছানো, সময়মতো পড়া শেষ করা, ঘরের ছোটখাটো কাজে সাহায্য করা কিংবা নিজের ভুলের ফলাফল বুঝতে শেখানো যেতে পারে। কোনো বিষয়ে সন্তান ভিন্নমত প্রকাশ করলে সঙ্গে সঙ্গে তাকে ভুল না বলে কেন সে এমন ভাবছে– তা জানতে চাওয়া ভালো। এতে নিজের কথা বলার আত্মবিশ্বাস বাড়ে এবং যুক্তি দিয়ে ভাবার অভ্যাস তৈরি হয়।


তৃতীয় ধাপ (১৪-২১ বছর): পরামর্শ দেওয়ার পর্যায়   


কৈশোরে সন্তান নিজের পরিচয়, ভবিষ্যৎ এবং সিদ্ধান্ত নিয়ে আরও সচেতন হতে শুরু করে। এ সময় আগের মতো প্রতিটি বিষয়ে নির্দেশ দেওয়া বা সব সিদ্ধান্ত নিজের হাতে রাখার চেষ্টা করলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। তাই এ পর্যায়ে সন্তানের সঙ্গে খোলামেলা কথা বলা, তার মতামত শোনা এবং প্রয়োজন অনুযায়ী পরামর্শ দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা, বন্ধুত্ব কিংবা ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা যেতে পারে। বয়স ও পরিপক্বতা অনুযায়ী নিরাপদ সীমার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাকে দায়িত্বশীল হতে সাহায্য করতে পারে।


শৈশব থেকে তরুণ বয়স পর্যন্ত ভালোবাসা, সঠিক দিকনির্দেশনা এবং বয়স অনুযায়ী স্বাধীনতার ভারসাম্যই সন্তানকে ধীরে ধীরে নিজের জীবন সামলানোর জন্য প্রস্তুত করে। সন্তানের হাত ধরে পথ দেখানো, তারপর ধীরে ধীরে সেই হাত ছেড়ে তাকে নিজের পথ চিনতে দেওয়া আর প্রয়োজন হলে আবার পাশে এসে দাঁড়ানো– বয়সের সঙ্গে অভিভাবকের ভূমিকা বদলানোর মাধ্যমেই সন্তানকে সঠিকভাবে গড়ে তোলা সম্ভব। 

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ০৬ অক্টোবর, ২০২৬, সময় : ১২:৩০ পিএম

অনলাইনে টিন সার্টিফিকেট চাইলেই বাতিল করা যায়। অনেকেই নানান কারণে টিন সার্টিফিকেট করেছেন। কিন্তু তা আর কাজে আসছে না। কিন্তু ঝামেলা বাড়ছে, ই-রিটার্ন দিতে হচ্ছে, সেখানে ভুল হলে পরতে হচ্ছে আইনি ঝামেলায়। ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর বা টিআইএন হলো করদাতার জন্য নির্ধারিত একটি ইউনিক নম্বর। বাংলাদেশে ব্যক্তি ও প্রতিষ্ঠানের আয়কর-সংক্রান্ত বিভিন্ন কাজে এই নম্বর ব্যবহার করা হয়। করদাতার পরিচিতি হিসেবেও কাজ করে টিআইএন বা টিন সার্টিফিকেট। আয়, কর পরিশোধ এবং অন্যান্য আর্থিক তথ্যের সঙ্গে করদাতাকে শনাক্ত করতে সরকারের কাছে এর গুরুত্ব রয়েছে।


অনেকেই ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ভিসার আবেদন কিংবা বিভিন্ন দাপ্তরিক প্রয়োজনের কারণে টিন সার্টিফিকেট করে থাকেন। কিন্তু পরে সেই প্রয়োজন না থাকলেও টিআইএন সক্রিয় থেকে যায়। এর ফলে আয়কর রিটার্ন জমা দেওয়া নিয়ে অনেকেই সমস্যায় পড়েন। টিআইএন থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির ওপর আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা তৈরি হতে পারে। কারো করযোগ্য আয় বা সম্পদ না থাকলেও পরিস্থিতি অনুযায়ী শূন্য রিটার্ন (জিরো রিটার্ন) দাখিলের প্রয়োজন হতে পারে। কিন্তু অনেকেই বিষয়টি না জানায় বা ঝামেলা এড়াতে রিটার্ন জমা দেন না। পরবর্তী সময়ে এ নিয়ে নানা ধরনের জটিলতা তৈরি হতে পারে।


তবে নির্দিষ্ট পরিস্থিতিতে টিন সার্টিফিকেট বাতিলের সুযোগ রয়েছে। এর জন্য সাধারণত আলাদা কোনো ফি দিতে হয় না। অবশ্য শুধু টিআইএন আর ব্যবহার করছেন না এমন কারণেই যে সেটি বাতিল করা যাবে, তা নয়। নির্দিষ্ট কারণ ও শর্ত পূরণ করতে হয়।


কোন পরিস্থিতিতে টিন সার্টিফিকেট বাতিল করা যায়?


টিআইএন বাতিলের ক্ষেত্রে কয়েকটি নির্দিষ্ট পরিস্থিতি বিবেচনা করা হয়। যেমন-


ব্যবসা বা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে


কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবসা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেলে সংশ্লিষ্ট টিআইএন বাতিলের প্রয়োজন হতে পারে।


ভুল করে একাধিক টিআইএন হলে


কোনো কারণে একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে একাধিক টিআইএন তৈরি হয়ে গেলে প্রয়োজনীয় একটি রেখে অন্যটি বাতিল করার আবেদন করা যেতে পারে।


টিআইএন আর ব্যবহার করার প্রয়োজন না থাকলে


কোনো কাজে ব্যবহারের জন্য টিআইএন নেওয়া হলেও পরবর্তী সময়ে সেটির আর প্রয়োজন না থাকলে, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে বাতিলের আবেদন করা যেতে পারে।


আয় করসীমার নিচে নেমে গেলে


কোনো ব্যক্তির আয় কমে গিয়ে যদি তিনি করযোগ্য সীমার বাইরে চলে যান এবং টিআইএন রাখার প্রয়োজন না থাকে, তাহলে বাতিলের আবেদন করার সুযোগ থাকতে পারে।


বিদেশে অবস্থানরত বাংলাদেশি


কোনো বাংলাদেশি নাগরিক কাজের কারণে দীর্ঘ সময় দেশের বাইরে থাকেন এবং বাংলাদেশে তার কোনো করযোগ্য আয় না থাকে, তাহলে দেশে থাকা অবস্থায় নেওয়া টিআইএন বাতিলের জন্য আবেদন করতে পারেন।


করদাতার মৃত্যু হলে


কোনো করদাতা মারা গেলে তার টিআইএন আর প্রয়োজন না থাকায় সেটি বাতিল করা যেতে পারে। এক্ষেত্রে উত্তরাধিকারীদের পক্ষ থেকে প্রয়োজনীয় আবেদন করতে হয়।


তবে মৃত ব্যক্তির নামে কোনো ব্যবসা বা এমন কার্যক্রম থাকলে, টিআইএন বাতিলের কারণে সংশ্লিষ্ট ব্যবসার কাগজপত্রও বাতিল করে নতুন করে করার মতো জটিলতা তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে উত্তরাধিকারীরা টিআইএন বাতিলের আবেদন করতে পারবেন না এ বিষয়টি আগে যাচাই করা জরুরি।


কীভাবে টিন সার্টিফিকেট বাতিল করবেন?


টিন সার্টিফিকেট বাতিলের প্রক্রিয়া জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর-এর মাধ্যমে সম্পন্ন হয়। অনলাইনের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী কাগজপত্রের মাধ্যমেও আবেদন করার ব্যবস্থা রয়েছে।


অনলাইনে টিআইএন বাতিলের আবেদন


বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ই-টিন সার্টিফিকেট বাতিল করার জন্য একটি সহজ অনলাইন পদ্ধতি চালু করেছে। এজন্য-


প্রথমে এনবিআর nbr.gov.bd ওয়েবসাইটে যান। লগইন করুন। যদি আপনার এনবিআর ই-টিন অ্যাকাউন্ট না থাকে, তাহলে সবার আগে সাইন আপ করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যদি অ্যাকাউন্ট থাকে, তবে লগইন করুন।


এনবিআর-এর সাইটে গিয়ে টিন বাতিলের জন্য আবেদন ফর্ম পূরণ করুন। এই ফর্মে আপনাকে আপনার টিন নম্বর, পণ্য/সেবা বা ব্যবসার বিবরণ এবং বাতিলের কারণ সহ বিভিন্ন তথ্য দিতে হবে। ফর্ম পূরণ করার পর সেটি সাবমিট করুন। একবার আবেদন জমা দেওয়ার পর, এনবিআর আপনার আবেদনটি পর্যালোচনা করবে এবং কোনো অতিরিক্ত তথ্য প্রয়োজন হলে আপনাকে জানানো হবে।


আবেদন গৃহীত হলে আপনাকে টিন বাতিলের ঘোষণা দেওয়া হবে।


অফলাইনেও টিন সার্টিফিকেট বাতিল করা সম্ভব


যদি অনলাইনে আবেদন করা সম্ভব না হয়, তবে আপনি স্থানীয় রেজিস্ট্রেশন অফিস বা কাস্টমস অফিসে বাতিলের আবেদন করতে পারেন। এজন্য-


প্রথমে আপনার ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের সব তথ্য প্রস্তুত করুন। যেমন: টিন নম্বর, প্রতিষ্ঠানের নাম/ব্যক্তির নাম, ব্যবসার বা প্রতিষ্ঠানের অবস্থা (বন্ধ/অবসর) ইত্যাদি।

যখন জাতীয় রাজস্ব বোর্ড বা সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করবেন, তখন আপনাকে নির্দিষ্ট কাগজপত্র জমা দিতে হবে, যেমন-টিন সার্টিফিকেট, প্রতিষ্ঠানের ব্যবসার বন্ধ হওয়ার ঘোষণা (যদি প্রযোজ্য হয়), আপনার জাতীয় পরিচয়পত্র।


পর পর কমপক্ষে তিন অর্থ-বছরের শূন্য কর রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকার পত্রের ফটোকপি সঙ্গে দিতে হবে। এই কাগজপত্রগুলো পূর্ণাঙ্গভাবে দাখিল করার পর, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার আবেদন পর্যালোচনা করবে এবং তারপর টিন বাতিল করা হবে। একবার আপনার টিন সনদ বাতিল হলে, আপনাকে একটি টিন বাতিলের সনদ প্রদান করা হবে, যা আপনি পরে ব্যবহার করতে পারবেন।


টিন সার্টিফিকেট বাতিলের পর কী হবে?


আবেদন অনুমোদিত হলে টিআইএন বাতিলের সনদ দেওয়া হতে পারে। একবার টিন সার্টিফিকেট বাতিল হলে সংশ্লিষ্ট টিন ব্যবহার করে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা আর থাকবে না এবং ওই টিআইএনের সঙ্গে সম্পর্কিত আয়কর নথি বা দায়ও প্রযোজ্যতার ভিত্তিতে আর থাকবে না। তবে একটি বিষয় মনে রাখা জরুরি টিন সার্টিফিকেট একবার বাতিল হয়ে গেলে পুরোনো টিন সার্টিফিকেট পরে আবার ব্যবহার করা যাবে না। ভবিষ্যতে যদি আবার টিন সার্টিফিকেটের প্রয়োজন হয়, তাহলে নতুন করে টিআইএনের জন্য আবেদন করতে হবে।


তাই শুধু রিটার্ন জমা দেওয়ার ঝামেলা এড়াতে তাড়াহুড়ো করে টিআইএন বাতিলের সিদ্ধান্ত না নিয়ে আগে নিজের বর্তমান আয়, সম্পদ, ব্যবসা এবং ভবিষ্যতের প্রয়োজন বিবেচনা করা উচিত। প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর কর্তৃপক্ষ বা কর বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই নিরাপদ।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ০৬ অক্টোবর, ২০২৬, সময় : ১২:১৬ পিএম

বিশ্বায়নের এই যুগে পড়াশোনার পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মেধা, উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের দক্ষতাকে প্রমাণের সুযোগ খুঁজছে বাংলাদেশের তরুণ প্রজন্ম। আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলো কেবল মেধা যাচাইয়ের সুযোগই এনে দেয় না, বরং স্কলারশিপ, নেটওয়ার্কিং এবং ক্যারিয়ার গঠনের নতুন দুয়ার খুলে দেয়। ২০২৭ সালে বাংলাদেশের শিক্ষার্থীদের অংশ নেওয়ার জন্য উপযোগী এমনই সেরা পাঁচটি প্রতিযোগিতার বিবরণ নিচে তুলে ধরা হলো:


ইয়ং ডিপ্লোম্যাট অ্যাওয়ার্ড 


আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, Model United Nations এবং সমসাময়িক বৈশ্বিক ইস্যুতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য BosMUN Young Diplomat Award হতে পারে দারুণ একটি অভিজ্ঞতা। প্রতিযোগিতায় নির্ধারিত আন্তর্জাতিক বিষয়ে গবেষণাভিত্তিক রচনা লিখে নিজের যুক্তি ও বিশ্লেষণ তুলে ধরতে হয়।


এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীদের গবেষণা, যুক্তি উপস্থাপন, লেখালেখি এবং আন্তর্জাতিক বিষয় বিশ্লেষণের দক্ষতা বাড়াতে সাহায্য করতে পারে।

https://www.bosmun.org/youngdiplomataward


ব্লু ওশান স্টুডেন্ট এন্টারপ্রেনার কম্পিটিশন


উদ্যোক্তা হওয়ার আগ্রহ রয়েছে এমন হাই স্কুল শিক্ষার্থীদের জন্য এটি দারুণ একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা একা অথবা সর্বোচ্চ পাঁচজনের দল নিয়ে অংশ নিতে পারে। প্রতিযোগিতায় একটি নতুন ব্যবসায়িক ধারণা তৈরি করে ৩-৫ মিনিটের ভিডিও পিচ জমা দিতে হয়। ২০২৭ সালের পিচ জমা দেওয়ার শেষ সময় ২১ ফেব্রুয়ারি। প্রতিযোগিতাটি সম্পূর্ণ অনলাইনে এবং অংশগ্রহণ বিনামূল্যে। হাইস্কুল, GCSE/IGCSE, O-Level, A-Level বা সমমানের প্রি-ইউনিভার্সিটি পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারে।


https://blueoceancompetition.org/


ফিবোনাচ্চি ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াড ইউরোপভিত্তিক এই সম্মানজনক প্রতিযোগিতাটিতে মূলত স্টেম (STEM), বিজ্ঞান, রোবটিকস ও এন্ট্রাপ্রেনারশিপভিত্তিক প্রজেক্ট মূল্যায়ন করা হয়। আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের অংশ হিসেবে ইতালি বা ইউরোপের কোনো দেশে অনুষ্ঠিত এই মঞ্চে জাতীয় পর্যায় পার হয়ে বাংলাদেশি শিক্ষার্থীরাও সরাসরি অংশ নিতে পারে। 


বিষয়: ফলিত বিজ্ঞান, রোবটিকস অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ।


যোগ্যতা: ষষ্ঠ শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী।


https://fibonacci.international/


ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন 


মালয়েশিয়ায় অনুষ্ঠিত ডব্লিউআইসিই বিশ্বের অন্যতম বৃহৎ উদ্ভাবন প্রদর্শনী ও প্রতিযোগিতা। সারাবিশ্ব থেকে আসা তরুণ গবেষক ও উদ্ভাবকরা তাদের নিজ নিজ প্রজেক্ট তুলে ধরেন। ফলিত পদার্থবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, আইটি ও এনভায়রনমেন্টাল সায়েন্সের উদ্ভাবনগুলোর জন্য এটি একটি বিশ্বমানের আদর্শ প্ল্যাটফর্ম।


বিষয়: প্রকৌশল, প্রযুক্তি, প্রয়োগিক বিজ্ঞান ও উদ্ভাবন।


যোগ্যতা: হাই স্কুল ও কলেজ/বিশ্ববিদ্যালয়ের খুদে গবেষক ও শিক্ষার্থী।


https://www.wice.or.id/


ডায়মন্ড চ্যালেঞ্জ ২০২৭ 


ব্যবসা ও সামাজিক উদ্ভাবনের ধারণা নিয়ে কাজ করতে চাওয়া শিক্ষার্থীদের জন্য University of Delaware-এর Horn Entrepreneurship পরিচালিত Diamond Challenge গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা দল গঠন করে ব্যবসা বা সামাজিক উদ্যোগের ধারণা উপস্থাপন করতে পারে। ২০২৭ সালের প্রতিযোগিতায় সেপ্টেম্বর থেকে ধারণা তৈরির কাজ শুরু হয় এবং জানুয়ারিতে প্রথম ধাপের সাবমিশন শেষ হবে। চূড়ান্ত পর্যায়ের Limitless World Summit অনুষ্ঠিত হবে ২৯-৩০ এপ্রিল ২০২৭।


https://diamondchallenge.org/competition


বৈশ্বিক এই প্রতিযোগিতাগুলো কেবল বিজয়ী হওয়ার জন্য নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, লিডারশিপ ও উদ্ভাবনী চিন্তার অনন্য পরিচয় তুলে ধরতেও বিশেষ ভূমিকা রাখে। এসব আন্তর্জাতিক সম্মাননা শিক্ষার্থীদের আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ প্রাপ্তি ও উচ্চশিক্ষার পথকেও সুগম করে তোলে। তাই ২০২৭ সালকে সামনে রেখে নিজ নিজ উদ্ভাবন, টিমওয়ার্ক ও বিশ্বজয়ের প্রয়োজনীয় প্রস্তুতি এখনই নিখুঁতভাবে গুছিয়ে নেওয়ার সঠিক সময়। 

সর্বশেষ সব খবর