হান্টা ভাইরাস

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬, সময় : ১১:২৮ পিএম

সম্প্রতি একটি আন্তর্জাতিক ক্রুজ শিপে হান্টা ভাইরাসের প্রাদুর্ভাব এবং কয়েকজনের মৃত্যুর খবরে বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও এটি করোনাভাইরাসের মতো দ্রুত ছড়ায় না, তবে এর উচ্চ মৃত্যুঝুঁকি একে অত্যন্ত উদ্বেগজনক করে তুলেছে।


হান্টা ভাইরাস কী


হান্টা ভাইরাস মূলত একটি জুনোটিক বা প্রাণীবাহিত ভাইরাস, যা সাধারণত ইঁদুর বা এ-জাতীয় বন্য প্রাণীর মাধ্যমে মানুষের দেহে সংক্রমিত হয়। 


বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, এটি কোনো একক ভাইরাস নয়, বরং একগুচ্ছ ভাইরাস, যা বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত।


ইতিহাস


হান্টা ভাইরাসের নামকরণ হয়েছে দক্ষিণ কোরিয়ার হান্টান নদীর নামানুসারে। ১৯৫০-এর দশকে কোরিয়ান যুদ্ধের সময় প্রথম এই ভাইরাসের ব্যাপক সংক্রমণ দেখা দেয়।


পরবর্তী সময়ে ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রে এ ভাইরাসের একটি নতুন রূপ ‘হান্টা ভাইরাস পালমোনারি সিনড্রোম’ (এইচপিএস) শনাক্ত হয়, যা ফুসফুসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।


কীভাবে ছড়ায়


এটি মূলত ইঁদুরের লালা, মূত্র বা মল থেকে ছড়ায়। যখন ইঁদুরের বর্জ্য শুকিয়ে ধুলার সঙ্গে বাতাসে মিশে যায়, তখন শ্বাসের মাধ্যমে সেই দূষিত বাতাস মানুষের ফুসফুসে প্রবেশ করলে সংক্রমণ ঘটে।


এ ছাড়া আক্রান্ত ইঁদুরের কামড় বা দূষিত কোনো খাবার খেলেও এই রোগ হতে পারে।


বিরল ক্ষেত্রে ‘অ্যান্ডিস ভাইরাস’ নামের হান্টা ভাইরাসের একটি ধরন মানুষ থেকে মানুষে ছড়াতে পারে।


লক্ষণ ও সমস্যা


হান্টা ভাইরাসের প্রধান দুটি রূপ হলো-


১. এইচপিএস (পালমোনারি সিনড্রোম): এতে শ্বাসকষ্ট ও ফুসফুসে পানি জমে যায়।


২. এইচএফআরএস (হেমোরেজিক ফিভার): এতে কিডনি অকেজো হওয়া এবং রক্তক্ষরণের লক্ষণ দেখা দেয়।


প্রাথমিক লক্ষণগুলো অনেকটা সাধারণ ফ্লুর মতো- জ্বর, মাথাব্যথা, পেশিতে ব্যথা ও ক্লান্তি। কয়েক দিন পর শুরু হয় তীব্র শ্বাসকষ্ট, কাশি ও রক্তচাপ কমে যায়। হান্টা ভাইরাস অত্যন্ত প্রাণঘাতী। 


পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার ৩৮-৫০ শতাংশ। অর্থাৎ প্রতি ১০ জন আক্রান্তের মধ্যে ৪ জনই মারা যেতে পারেন।


ডায়াগনসিস ও চিকিৎসা


রক্ত পরীক্ষার মাধ্যমে এই ভাইরাস শনাক্ত করা হয়। হান্টা ভাইরাসের কোনো নির্দিষ্ট প্রতিষেধক বা অ্যান্টিভাইরাল ওষুধ নেই। 


আক্রান্ত রোগীকে দ্রুত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে অক্সিজেন সাপোর্ট ও অন্যান্য সহায়ক চিকিৎসার মাধ্যমে সুস্থ করার চেষ্টা করা হয়।


প্রতিরোধের উপায়


বাড়িঘর ও কর্মক্ষেত্র ইঁদুরমুক্ত রাখার জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা।


ইঁদুরের উপদ্রব আছে, এমন জায়গা পরিষ্কার করার সময় মাস্ক ও গ্লাভস ব্যবহার করা।


খাবার সব সময় ঢেকে রাখা।


অব্যবহৃত বা অন্ধকার ঘর পরিষ্কার করার সময় সরাসরি ঝাড়ু না দিয়ে ব্লিচিং পাউডার-মিশ্রিত পানি ব্যবহার করা, যাতে ধুলা না ওড়ে।


শস্যদানা ও খাবারদাবার নিরাপদে সংরক্ষণ করা। ফাঁদে আটকে কিংবা বিষ দিয়ে কিংবা অন্য কোনো উপায়ে ইঁদুর মারা যাবে না। বরং পরিচ্ছন্নতার দিকে জোর দিতে হবে। কোনো জায়গা পরিপাটি, পরিচ্ছন্ন করে রাখা হলে ইঁদুর থাকে না।




ছবি : সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৩১ এএম

ডায়াবেটিস নিয়ন্ত্রণে ওষুধের পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকের ধারণা, ডায়াবেটিস হলে ডিম খাওয়া উচিত নয়, বিশেষ করে ডিমের কুসুম এড়িয়ে চলতে হবে। বাস্তবতা হলো, পরিমিত পরিমাণে সেদ্ধ ডিম ডায়াবেটিক রোগীর সুষম খাদ্যতালিকার একটি উপকারী অংশ হতে পারে।


উচ্চমানের প্রোটিনের উৎস


একটি মাঝারি আকারের ডিমে প্রায় ৬-৭ গ্রাম উচ্চমানের প্রোটিন থাকে। এতে শরীরের প্রয়োজনীয় প্রায় সব অপরিহার্য অ্যামিনো এসিড রয়েছে। প্রোটিন পেট ভরা রাখতে সাহায্য করে, ক্ষুধা নিয়ন্ত্রণ করে এবং খাবারের পর রক্তে গ্লুকোজ দ্রুত বেড়ে যাওয়ার প্রবণতা কমাতে সহায়ক হতে পারে। ফলে অতিরিক্ত খাবার গ্রহণ ও অপ্রয়োজনীয় নাশতা খাওয়ার প্রবণতাও কমে।


রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভূমিকা


ডিমে কার্বোহাইড্রেটের পরিমাণ অত্যন্ত কম। তাই সেদ্ধ ডিম খেলে সরাসরি রক্তে শর্করা উল্লেখযোগ্যভাবে বাড়ে না। সকালের নাশতায় রুটি বা সবজির সঙ্গে একটি সেদ্ধ ডিম খেলে খাবারের পুষ্টিমান বাড়ে এবং দীর্ঘ সময় পেট ভরা থাকে। তবে ডিম নিজে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ওষুধ নয়।


ওজন ও পেশি সংরক্ষণে সহায়ক


ডায়াবেটিক রোগী অনেকেরই অতিরিক্ত ওজন বা স্থূলতা থাকে। ডিমের প্রোটিন তৃপ্তি বাড়িয়ে ক্যালরি গ্রহণ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। বয়স বাড়ার সঙ্গে পেশির পরিমাণ কমে যাওয়ার ঝুঁকিও থাকে। পর্যাপ্ত প্রোটিন ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে পেশির স্বাস্থ্য বজায় রাখতে ডিম ভূমিকা রাখতে পারে।

 

ভিটামিন ও খনিজের ভালো উৎস


ডিমে ভিটামিন বি১২, ভিটামিন ডি, ভিটামিন এ, কোলিন, সেলেনিয়াম এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। ডিমের কুসুমে লুটেইন ও জিয়াজ্যানথিন থাকে, যা চোখের স্বাস্থ্যের জন্য উপকারী।

কীভাবে খাবেন?


সেদ্ধ ডিম ভাজা ডিমের তুলনায় ভালো বিকল্প, কারণ এতে বাড়তি তেল বা চর্বি যোগ করতে হয় না। প্রতিদিন একটি ডিম অনেকের জন্য সুষম খাদ্যতালিকার অংশ হতে পারে। তবে যাদের এলডিএল কোলেস্টেরল বেশি, হৃদ্‌রোগ বা কিডনি রোগ রয়েছে, তাদের খাদ্যতালিকা ব্যক্তিভেদে নির্ধারণ করা প্রয়োজন। ডিমের কুসুমে কোলেস্টেরল থাকায় এ বিষয়ে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া ভালো।


মনে রাখতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে শুধু ডিম নয়, বরং পরিমিত ভাত, আঁশযুক্ত শাকসবজি, ফল, মাছ, ডাল, নিয়মিত শরীরচর্চা ও ওষুধের সমন্বয় জরুরি। সঠিক পরিমাণে সেদ্ধ ডিম হতে পারে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের একটি সহজ, সাশ্রয়ী ও পুষ্টিকর সংযোজন। 


প্রতীকী ছবি

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৫২ পিএম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে ডেঙ্গুতে সারা দেশে মোট ৪৯৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৯৫২ জন। চলতি বছরের ১৫ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট এক লাখ ৬২ হাজার ৫০৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।


এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৮৭৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯১ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৯ জন, খুলনা বিভাগে ১৯৩ জন, রাজশাহী বিভাগে ২৪০ জন, রংপুর বিভাগে ৭৪ জন, বরিশাল বিভাগে ২০৯ জন, সিলেট বিভাগে ১৩ জন রয়েছেন। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৯৫২ জন। চলতি বছরের ১৫ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট এক লাখ ৬২ হাজার ৫০৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।


এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৮৭৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯১ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৯ জন, খুলনা বিভাগে ১৯৩ জন, রাজশাহী বিভাগে ২৪০ জন, রংপুর বিভাগে ৭৪ জন, বরিশাল বিভাগে ২০৯ জন, সিলেট বিভাগে ১৩ জন রয়েছেন। 


  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৫২ পিএম

দেশে ডেঙ্গুর প্রকোপে উদ্বেগ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯১ জনে, যা ৫০০ ছোঁয়ার অপেক্ষায়।


শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ১৫১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৯১৫ জন।


গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে এ বিভাগে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, খুলনায় ১৯০, বরিশালে ২১৩, রাজশাহীতে ১১৫, ময়মনসিংহে ৫০, রংপুরে ৬০ এবং সিলেট বিভাগে ২১ জন রয়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, নভেম্বরের প্রথম ১৪ দিনে ডেঙ্গুতে ৭৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে অক্টোবর মাসে ১৭৪ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জন মারা যান।


ঢাকা বিভাগে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সর্বোচ্চ ২৪৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে এ বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ৬০৬ জন।

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৫১ পিএম
  • আপডেট : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৫১ এএম


প্রতীকী ছবি

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৫১ পিএম

শীতকালে ফুলকপি খাওয়ার মজাই আলাদা। সুস্বাদু এই সবজিটি রান্না, ভাজা, সিদ্ধ- সবভাবেই খাওয়া যায়। কিন্তু অনেক সময় বেশি দিন তাজা দেখাতে ব্যবসায়ীরা ফুলকপিতে ক্ষতিকর রাসায়নিক মেশায়। সেগুলো দেখতে একটু বেশিই সাদা লাগে। ফুলকপি কেনার সময়ে তাই দাম দেখার পাশাপাশি আরও কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। ১. ফুলকপি হাতে নেয়ার পর যদি কপির ফুলগুলো পেছন থেকে আঙুল দিয়ে টেপার পর যদি সহজেই ভেঙে যায় তাহলে বুঝতে হবে এগুলো ভালো নয়। আর যদি ফুলগুলো শক্ত থাকে তাহলে বুঝতে হবে সেটা ভালো ফুলকপি। 

 ২. ফুলকপির ওপরের অংশ যদি হলদেটে হয় তাহলে সেটি না কেনাই ভালো। হলুদ হওয়া মানে হচ্ছে, এটি ক্ষেতে থেকে তোলার পর চার-পাঁচদিন পেরিয়ে গেছে। 

৩.  হাতে নিয়ে ওজন বুঝে নিন। ফুলকপির আকার অনুযায়ী ওজন কিছুটা ভারী হলে বুঝতে হবে তা খাঁটি। হালকা কপির ভিতরটা ফাঁপা বা স্পঞ্জের মতো হয়ে থাকে। 

৪. ফুলকপির পাতাগুলি উজ্জ্বল সবুজ এবং সতেজ হলে ভালো। পাতা হলুদ, নেতিয়ে পড়া কিংবা পাতায় ছিদ্র থাকলে, বুঝতে হবে সেই কপি টাটকা নয়। 

৫. ফুলকপি যত ঘন হবে তত সেখানে জলীয় বাষ্প জমতে পারে না, যার ফলে ছাত্রাক হয় না। এই ধরনের ফুলকপি সাধারণত ভালো হয়। 


ভেজাল চেনার উপায়


ফুলকপিকে দীর্ঘদিন তাজা রাখতে এবং চকচকে সাদা দেখাতে ফর্মালিন বা ব্লিচিং স্প্রে মেশানো হয়। তাই খুব চকচকে সাদা কপি দেখলে সেটি না কেনাই ভালো। কপির গায়ে হলদেটে দাগ ঢাকতে অনেক সময় সোডিয়াম হাইপোক্লোরাইট মেশানো হয়। রান্নার আগে পানিতে ভেজানোর পর যদি কপির রং অস্বাভাবিক ভাবে ঝকঝক করে বা পানির রং বদলে যায়, তবে বুঝতে হবে তাতে রাসায়নিক মেশানো রয়েছে। কপি কেনার সময় গন্ধ শুঁকে দেখুন। যদি ব্লিচিং পাউডার, রাসায়নিক বা ওষুধের তীব্র গন্ধ পান, তবে তা না কেনাই ভালো। 

রান্নার আগে যা করবেন 


ফুলকপি কাটার পর গরম পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে। পানি ঝরে গেলে কিছুক্ষণ ভেজে পছন্দের পদ তৈরি করতে পারেন। 


সূত্র: আনন্দবাজার, আজতক, এশিয়াননেটনিউজ



ডায়াবেটিক নিয়ন্ত্রণে ১০ নিয়ম (ছবি-চ্যাটজিপিটি দিয়ে বানানো)

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৩৩ এএম

বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের প্রায় ৯৭ শতাংশই টাইপ-২ ডায়াবেটিসে ভুগছেন। জীবনযাত্রার সঙ্গে এ রোগের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা, ওজন নিয়ন্ত্রণ ও ধূমপান বর্জনের মতো পদক্ষেপ টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে। যাদের ইতোমধ্যে ডায়াবেটিস হয়েছে, তাদের ক্ষেত্রেও এসব অভ্যাস রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক।


ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সব সময় বড় কোনো আয়োজনের প্রয়োজন হয় না। দৈনন্দিন জীবনে কিছু সহজ অভ্যাস গড়ে তোলাই হতে পারে কার্যকর পদক্ষেপ। তবে মনে রাখতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণের পরিকল্পনা ব্যক্তিভেদে আলাদা হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাস, ব্যায়াম ও ওষুধের নিয়ম মেনে চলা জরুরি।


ডায়াবেটিস নিয়ন্ত্রণে ১০টি করণীয়


১. সময়মতো খাবার খান


প্রতিদিনের খাবার নির্দিষ্ট সময়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। দীর্ঘ সময় না খেয়ে থাকা কিংবা অনিয়মিত খাবার গ্রহণ রক্তের গ্লুকোজের ওঠানামায় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যারা ইনসুলিন বা রক্তে গ্লুকোজ কমানোর কিছু ওষুধ ব্যবহার করেন, তাদের খাবারের সময় নিয়ে সতর্ক থাকা প্রয়োজন।


২. খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করুন


কী খাচ্ছেন, তার পাশাপাশি কতটুকু খাচ্ছেন, সেটিও গুরুত্বপূর্ণ। চিকিৎসক ভাতের পরিবর্তে রুটি খেতে বললে অতিরিক্ত রুটি খাওয়া সমাধান নয়। বরং খাবারের পরিমাণ ও ভারসাম্য বজায় রাখতে হবে। একবারে বেশি না খেয়ে প্রয়োজন অনুযায়ী পরিমিত খাবার গ্রহণ করুন।


৩. আঁশযুক্ত শস্য ও স্বাস্থ্যকর খাবার বেছে নিন


খাদ্যতালিকায় আঁশযুক্ত গোটা শস্যের পরিমাণ বাড়ান। ময়দার রুটির পরিবর্তে লাল আটার রুটি এবং পরিশোধিত চালের পরিবর্তে কম প্রক্রিয়াজাত চাল খাওয়ার অভ্যাস করতে পারেন। আঁশযুক্ত খাবার রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে সহায়ক। আলুতে শর্করা বেশি থাকায় পরিমাণ বুঝে খেতে হবে। আলু খেলে তা খাবারের শর্করার অংশ হিসেবে বিবেচনা করুন; শাকসবজির বিকল্প হিসেবে নয়।


৪. লবণ ও অতিরিক্ত চর্বি কমান


অতিরিক্ত লবণ, ঘি, মাখন, ডুবো তেলে ভাজা খাবার ও অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত শাকসবজি রাখুন। ফলমূলও খেতে হবে, তবে পরিমিত পরিমাণে এবং সম্ভব হলে গোটা ফল হিসেবে। ফলের রসের পরিবর্তে গোটা ফল খাওয়া ভালো।


৫. ফাস্টফুড ও চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলুন


ফাস্টফুড, কোমল পানীয়, অতিরিক্ত চিনি দেওয়া চা-কফি ও মিষ্টিজাতীয় খাবার কমিয়ে দিন। তৃষ্ণা মেটাতে বিশুদ্ধ, নিরাপদ পানি পান করুন। চিনিযুক্ত পানীয় নিয়মিত গ্রহণ ওজন বৃদ্ধি এবং রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে সমস্যা তৈরি করতে পারে।


৬. সামাজিক অনুষ্ঠানেও খাবারের বিষয়ে সচেতন থাকুন


বিয়ে, পারিবারিক অনুষ্ঠান কিংবা উৎসবে পরিবেশিত খাবার থেকে সব সময় দূরে থাকা সম্ভব নয়। তবে অতিরিক্ত তেল, চিনি ও লবণযুক্ত খাবার সীমিত পরিমাণে গ্রহণ করুন। একসঙ্গে অনেক ধরনের খাবার বেশি পরিমাণে খাওয়া এড়িয়ে চলুন। খাবারের ভারসাম্য বজায় রাখাই মূল লক্ষ্য।


৭. নিয়মিত শরীরচর্চা করুন


শরীরকে সচল রাখুন। নিয়মিত হাঁটা সহজ ও কার্যকর শরীরচর্চার একটি উদাহরণ। সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক কর্মকাণ্ড—যেমন দ্রুত হাঁটা—করার লক্ষ্য রাখা যেতে পারে। তবে বয়স, শারীরিক সক্ষমতা ও অন্যান্য অসুস্থতা অনুযায়ী ব্যায়ামের ধরন চিকিৎসকের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা ভালো।


৮. দীর্ঘ সময় একটানা বসে থাকবেন না


কম্পিউটারে কাজ, টেলিভিশন দেখা কিংবা মোবাইল ফোন ব্যবহারের সময় দীর্ঘক্ষণ বসে থাকা এড়িয়ে চলুন। কাজের ফাঁকে উঠে দাঁড়ান, একটু হাঁটুন বা হালকা নড়াচড়া করুন। টেলিভিশন দেখতে দেখতে চিপস কিংবা অন্য অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করুন। ক্ষুধা লাগলে শসা বা অন্য স্বাস্থ্যকর খাবার বেছে নিতে পারেন।


৯. ধূমপান ও তামাক বর্জন করুন


ধূমপান ও অন্যান্য তামাকজাত দ্রব্য ডায়াবেটিসের জটিলতা, বিশেষ করে হৃদ্‌রোগ ও রক্তনালির সমস্যার ঝুঁকি বাড়ায়। তাই ধূমপান সম্পূর্ণভাবে ছেড়ে দিন। প্রয়োজনে চিকিৎসকের সহায়তা নিন।


১০. নিয়মিত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নিন


রক্তে গ্লুকোজ, দীর্ঘমেয়াদি গ্লুকোজের সূচক এইচবিএ১সি, রক্তের চর্বি, রক্তচাপ ও ওজন নিয়মিত পর্যবেক্ষণ করুন। এগুলো চিকিৎসকের নির্ধারিত লক্ষ্যমাত্রায় রাখার চেষ্টা করতে হবে। ডায়াবেটিসে আক্রান্ত হলে এন্ডোক্রাইনোলজিস্ট বা ডায়াবেটিস বিশেষজ্ঞের পরামর্শ নিন। ওষুধ, ব্যায়াম, খাদ্যাভ্যাস ও জীবনযাপনের বিষয়ে ব্যক্তিগতভাবে নির্ধারিত বিজ্ঞানসম্মত নির্দেশনা মেনে চলুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ বা পরিবর্তন করবেন না।

মনে রাখতে হবে, টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমানো এবং রোগ হওয়ার পর তা নিয়ন্ত্রণে রাখা—দুটি আলাদা বিষয়। স্বাস্থ্যকর জীবনযাপন উভয়ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। ডায়াবেটিসের জটিলতা প্রতিরোধে সচেতনতা, নিয়মিত পরীক্ষা ও যথাযথ চিকিৎসার বিকল্প নেই।

বিষয় :


  • প্রকাশ : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৩১ পিএম

গর্ভাবস্থায় মায়ের পুষ্টির প্রভাব পড়ে গর্ভস্থ সন্তানের শারীরিক ও মানসিক বিকাশে। নতুন এক গবেষণায় দেখা গেছে, এ সময় মায়ের শরীরে ভিটামিন সি-এর ঘাটতি থাকলে জন্মের পর শিশুর আচরণেও তার প্রভাব পড়তে পারে। বিশেষ করে ছয় মাস বয়সে শিশুর মধ্যে খিটখিটে মেজাজ, অস্থিরতা ও সহজে কান্নার প্রবণতা বেশি দেখা যেতে পারে।


‘ডেভেলপমেন্টাল সাইকোলজি’ সাময়িকীতে প্রকাশিত এ গবেষণায় ৩০০ জনের বেশি অন্তঃসত্ত্বা নারীর তথ্য বিশ্লেষণ করেন গবেষকরা। গর্ভাবস্থায় খাবার ও সম্পূরক খাবারের মাধ্যমে তাদের ভিটামিন সি গ্রহণের পরিমাণ এবং মানসিক চাপ, উদ্বেগ ও অবসাদের মাত্রা পরীক্ষা করা হয়।


শিশুদের বয়স ছয় মাস হলে তাদের মা-বাবার কাছ থেকে আচরণ ও মেজাজ সম্পর্কে তথ্য নেওয়া হয়। এতে দেখা যায়, যেসব মা গর্ভাবস্থায় তুলনামূলক কম ভিটামিন সি গ্রহণ করেছেন, তাদের সন্তানদের মধ্যে নেতিবাচক আবেগ প্রকাশের প্রবণতা বেশি। সহজে বিরক্ত হওয়া, অস্থিরতা এবং সামান্য অস্বস্তিতে কান্নাকাটির মতো আচরণ দেখা গেছে এসব শিশুর মধ্যে।


গবেষকদের মতে, গর্ভাবস্থায় মায়ের মানসিক চাপ খাবার ও পুষ্টির ওপরও প্রভাব ফেলতে পারে। এতে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এর সঙ্গে গর্ভস্থ শিশুর মস্তিষ্কের বিকাশ এবং পরবর্তী সময়ে আবেগ প্রকাশ ও নিয়ন্ত্রণের সক্ষমতার সম্পর্ক থাকতে পারে।


গবেষণায় ভিটামিন সি সম্পূরক গ্রহণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। গবেষকদের ধারণা, ভিটামিন সি-এর অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান মানসিক চাপের ক্ষতিকর প্রভাব কমাতে ভূমিকা রাখতে পারে।


তবে গবেষণাটি ভিটামিন সি-এর ঘাটতি ও শিশুর আচরণের মধ্যে একটি সম্পর্কের ইঙ্গিত দিয়েছে; সরাসরি কারণ প্রমাণ করেনি। তাই গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া ভিটামিন সি সম্পূরক গ্রহণ করা উচিত নয়।