হাঁটার অভ্যাস জীবনে বড় ইতিবাচক পরিবর্তন আনতে পারে
খুব ছোট ও সহজ কাজগুলো অনেক সময় আমাদের জীবনে বড় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। কিন্তু আমরা অনেকেই বিষয়টা নিয়ে তেমনভাবে ভাবি না। এই যেমন ধরুন হাঁটার অভ্যাসের কথাই যদি বলি।
আমাদের ব্যস্ততম জীবনে প্রতিদিন নিয়ম করে একটু হাঁটা খুব কঠিন কিছু নয়। কিন্তু নিয়মিত এই অভ্যাসই আপনার জীবনে আমূল পরিবর্তন এনে দিতে পারে।
আজকে নতুন নয়, আমাদের শরীর ও মনের ওপর হাঁটার যে ইতিবাচক প্রভাব রয়েছে, সেই যুগ যুগ ধরেই তা প্রমাণিত হয়ে এসেছে। শরীরে হাড় গঠনে সহায়তা থেকে শুরু করে মনের প্রশান্তি ও একাগ্রতা ধরে রাখতে হাঁটার গুরুত্ব অপরিসীম। হাঁটার অভ্যাস কীভাবে জীবন বদলে দেয়-এ বিষয়ে আমাদের বিস্তারিত জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ফার্মাকোলজি অ্যান্ড থেরাপিউটিক্স বিভাগের চিকিৎসক ডা. মো. সীফাত জাহান শশী।
তিনি বলেন, ‘প্রতিদিন হাঁটার অনেক উপকারিতা আছে। এটি শরীর ও মনের জন্য খুবই ভালো একটি অভ্যাস। সাধারণভাবে প্রতিদিন ২০-৩০ মিনিট হাঁটা খুব উপকারী বলে ধরা হয়। সকালে বা বিকেলে খোলা পরিবেশে হাঁটলে আরও ভালো অনুভূতি পাওয়া যায়।’
এই চিকিৎসকের মতে হাঁটার গুরুত্বপূর্ণ উপকারিতাগুলোর কিছু নিচে উল্লেখ করা হলো:
হৃদরোগের ঝুঁকি কমায়
হৃদরোগকে বিশ্বের এক নম্বর ঘাতক রোগ বলা হয়। বর্ণ, গোত্র, বয়স ও লিঙ্গ নির্বিশেষে প্রতি বছর বহু মানুষ এই রোগে মারা যায়।
হৃদরোগে আক্রান্ত হওয়ার জন্য মূলত আমাদের অস্বাস্থ্যকর জীবনযাত্রাই দায়ী, যার অন্যতম প্রধান কারণ হলো অপর্যাপ্ত কায়িক পরিশ্রম। হৃৎপিণ্ড এক ধরনের পেশী, যা আমাদের শরীরে রক্ত সঞ্চালনকে সুষম রাখে।
হাঁটার ফলে হৃদযন্ত্রের সক্ষমতা বৃদ্ধি পায় এবং শরীরে রক্ত সরবরাহের কাজ আরও কার্যকরভাবে সম্পন্ন করতে এটি সক্ষম হয়ে ওঠে। প্রতিদিন যদি আপনি ৩০ মিনিট করে হাঁটেন, তাহলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায়। শুধু তাই নয়, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল ও ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও এটি সাহায্য করে। সপ্তাহে প্রতিদিন না হলেও অন্তত পাঁচ দিন হাঁটা উচিত।
পেশী ও হাড়ের গঠনকে মজবুত করে
হাঁটলে দেহের পেশী মজবুত হয়। আর পেশী মজবুত হলে তা হৃৎপিণ্ডে আরও ভালোভাবে রক্ত সঞ্চালনে সহায়তা করে এবং আমাদের স্ট্যামিনাও বৃদ্ধি পায়। নিয়মিত হাঁটাহাঁটি করলে আমাদের দেহের প্রতিটি জয়েন্টের ব্যায়াম হয় এবং অস্টিওপোরোসিসের মতো হাড়ের নানা সমস্যার ঝুঁকি কমে যায়।
শরীর ও মনে ইতিবাচক পরিবর্তন আনে
আপনি ১০ মিনিট করে ভাগ করে বা টানা ৩০ মিনিট-যেভাবেই হাঁটুন না কেন, দৈনিক মোট ৩০ মিনিট হাঁটা আপনার শরীর ও মনে ইতিবাচক পরিবর্তন আনে।
হাঁটলে শরীরের ক্যালোরি খরচ হয়, আমাদের মন প্রফুল্ল থাকে এবং এনার্জি লেভেল বৃদ্ধি পায়।
ওজন কমায় ও হজমে সহায়তা করে
আমাদের প্রতিটি কাজ, যেমন চলাফেরা বা দৈনন্দিন কাজকর্ম সম্পন্ন করতে ক্যালোরি প্রয়োজন। তবে ওজন কমাতে হলে শরীরে জমে থাকা অতিরিক্ত ক্যালোরি বার্ন করা জরুরি। দীর্ঘ সময় বসে কাজ করার অভ্যাসের কারণে অনেকের শরীরে ধীরে ধীরে মেদ জমে এবং স্থূলতার সমস্যা দেখা দেয়।
নিয়মিত হাঁটার ফলে শরীরের প্রচুর ক্যালোরি খরচ হয় এবং বিশেষ করে পেটের চর্বি কমাতে সহায়তা করে।
এছাড়া প্রতিদিন হাঁটার ফলে আমরা যে খাবার খাই, তা শরীরে ফ্যাট হিসেবে জমা না হয়ে শক্তিতে রূপান্তরিত হয়। এর ফলে ক্যালোরি খরচ বাড়ে এবং হজমশক্তিও উন্নত হয়।
ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে ও ডায়াবেটিসের ঝুঁকি কমায়
ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। রক্তে অনিয়ন্ত্রিত শর্করা শরীরে নানা জটিল স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এবং স্নায়ু, হৃৎপিণ্ড, চোখসহ ছোট-বড় রক্তনালীর ক্ষতির কারণ হতে পারে। খাবারের পর অন্তত ১০ মিনিট হাঁটাহাঁটি করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
পাশাপাশি খাওয়ার পর যে ক্লান্তি বা অবসাদ অনুভূত হয়, তা কমাতেও এটি কার্যকর। নিয়মিত হাঁটাহাঁটি করলে শরীরে ইনসুলিন সেনসিটিভিটি বৃদ্ধি পায়। এর ফলে পেশীগুলো বেশি পরিমাণে গ্লুকোজ ব্যবহার করে শক্তিতে রূপান্তর করতে পারে। এতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত থাকে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমে।
যারা নিয়মিত কায়িক পরিশ্রম বা ব্যায়াম করেন, তাদের বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কম থাকে। আর কায়িক পরিশ্রমের সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় হলো প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে হাঁটাহাঁটি করা।
মানসিক চাপ কমায়
হাঁটাহাঁটি করলে আমাদের শরীরে এন্ডরফিন ও সেরোটোনিন নামক হরমোনের নিঃসরণ বৃদ্ধি পায়, যা মানসিক চাপ, উদ্বেগ ও হতাশা কমাতে সাহায্য করে। এর ফলে আমাদের আবেগের ওপর নিয়ন্ত্রণ বাড়ে, আমরা আরও মনোযোগ দিয়ে কাজ করতে পারি এবং সৃজনশীলতাও বৃদ্ধি পায়।
এছাড়া বাইরে হাঁটতে গেলে চারপাশের প্রকৃতি, পরিবেশ এবং মানুষের জীবনের বৈচিত্র্য আমাদের মনে এক ধরনের প্রশান্তি ও ভালো লাগার অনুভূতি তৈরি করে।
ভালো ঘুমে সহায়তা করে
নিয়মিত হাঁটার ফলে শরীরে পর্যাপ্ত কায়িক পরিশ্রম হয়, যার কারণে রাতে দ্রুত ঘুম আসে এবং ঘুম গভীর হয়। এর ফলে সকালে ঘুম থেকে উঠে শরীর ও মনে সতেজতা অনুভূত হয়। এছাড়াও নিয়মিত হাঁটা ডিমেনশিয়ার মতো রোগের ঝুঁকি কমাতেও সহায়তা করে।
হাঁটার শুরুতে ও শেষে করণীয়
হাঁটা শুরুর আগে ধীর গতিতে হাঁটা শুরু করা উচিত, যাতে শরীরের পেশীগুলো ধীরে ধীরে এই কায়িক পরিশ্রমের জন্য নিজেকে ‘ওয়ার্ম আপ’ করে নিতে পারে। এরপর ধীরে ধীরে হাঁটার গতি বাড়ানো উচিত। হাঁটার শেষের পাঁচ থেকে ১০ মিনিট গতি কমিয়ে আবার ধীর গতিতে হাঁটা ভালো।
হাঁটা শেষ করার পর হাত-পা হালকা করে স্ট্রেচ করলে পেশীগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
হাঁটার সময় হালকা ও আরামদায়ক পোশাক পরা উচিত, যা অতিরিক্ত গরম ও শরীরের অস্বস্তি থেকে অনেকটাই স্বস্তি দেয়। একটি সুন্দর ও সুস্থ জীবনের জন্য হাঁটা একটি সহজ ও কার্যকর অভ্যাস। তাই আজই সুস্থ জীবনের লক্ষ্যে প্রথম পদক্ষেপটি নিয়ে নিন।
ছবি: সংগৃহীত
ছবি : সংগৃহীত
ডায়াবেটিস নিয়ন্ত্রণে ওষুধের পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকের ধারণা, ডায়াবেটিস হলে ডিম খাওয়া উচিত নয়, বিশেষ করে ডিমের কুসুম এড়িয়ে চলতে হবে। বাস্তবতা হলো, পরিমিত পরিমাণে সেদ্ধ ডিম ডায়াবেটিক রোগীর সুষম খাদ্যতালিকার একটি উপকারী অংশ হতে পারে।
উচ্চমানের প্রোটিনের উৎস
একটি মাঝারি আকারের ডিমে প্রায় ৬-৭ গ্রাম উচ্চমানের প্রোটিন থাকে। এতে শরীরের প্রয়োজনীয় প্রায় সব অপরিহার্য অ্যামিনো এসিড রয়েছে। প্রোটিন পেট ভরা রাখতে সাহায্য করে, ক্ষুধা নিয়ন্ত্রণ করে এবং খাবারের পর রক্তে গ্লুকোজ দ্রুত বেড়ে যাওয়ার প্রবণতা কমাতে সহায়ক হতে পারে। ফলে অতিরিক্ত খাবার গ্রহণ ও অপ্রয়োজনীয় নাশতা খাওয়ার প্রবণতাও কমে।
রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভূমিকা
ডিমে কার্বোহাইড্রেটের পরিমাণ অত্যন্ত কম। তাই সেদ্ধ ডিম খেলে সরাসরি রক্তে শর্করা উল্লেখযোগ্যভাবে বাড়ে না। সকালের নাশতায় রুটি বা সবজির সঙ্গে একটি সেদ্ধ ডিম খেলে খাবারের পুষ্টিমান বাড়ে এবং দীর্ঘ সময় পেট ভরা থাকে। তবে ডিম নিজে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ওষুধ নয়।
ওজন ও পেশি সংরক্ষণে সহায়ক
ডায়াবেটিক রোগী অনেকেরই অতিরিক্ত ওজন বা স্থূলতা থাকে। ডিমের প্রোটিন তৃপ্তি বাড়িয়ে ক্যালরি গ্রহণ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। বয়স বাড়ার সঙ্গে পেশির পরিমাণ কমে যাওয়ার ঝুঁকিও থাকে। পর্যাপ্ত প্রোটিন ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে পেশির স্বাস্থ্য বজায় রাখতে ডিম ভূমিকা রাখতে পারে।
ভিটামিন ও খনিজের ভালো উৎস
ডিমে ভিটামিন বি১২, ভিটামিন ডি, ভিটামিন এ, কোলিন, সেলেনিয়াম এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। ডিমের কুসুমে লুটেইন ও জিয়াজ্যানথিন থাকে, যা চোখের স্বাস্থ্যের জন্য উপকারী।
কীভাবে খাবেন?
সেদ্ধ ডিম ভাজা ডিমের তুলনায় ভালো বিকল্প, কারণ এতে বাড়তি তেল বা চর্বি যোগ করতে হয় না। প্রতিদিন একটি ডিম অনেকের জন্য সুষম খাদ্যতালিকার অংশ হতে পারে। তবে যাদের এলডিএল কোলেস্টেরল বেশি, হৃদ্রোগ বা কিডনি রোগ রয়েছে, তাদের খাদ্যতালিকা ব্যক্তিভেদে নির্ধারণ করা প্রয়োজন। ডিমের কুসুমে কোলেস্টেরল থাকায় এ বিষয়ে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া ভালো।
মনে রাখতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে শুধু ডিম নয়, বরং পরিমিত ভাত, আঁশযুক্ত শাকসবজি, ফল, মাছ, ডাল, নিয়মিত শরীরচর্চা ও ওষুধের সমন্বয় জরুরি। সঠিক পরিমাণে সেদ্ধ ডিম হতে পারে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের একটি সহজ, সাশ্রয়ী ও পুষ্টিকর সংযোজন।
প্রতীকী ছবি
দেশে ডেঙ্গুর প্রকোপে উদ্বেগ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯১ জনে, যা ৫০০ ছোঁয়ার অপেক্ষায়।
শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ১৫১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৯১৫ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে এ বিভাগে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, খুলনায় ১৯০, বরিশালে ২১৩, রাজশাহীতে ১১৫, ময়মনসিংহে ৫০, রংপুরে ৬০ এবং সিলেট বিভাগে ২১ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, নভেম্বরের প্রথম ১৪ দিনে ডেঙ্গুতে ৭৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে অক্টোবর মাসে ১৭৪ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জন মারা যান।
ঢাকা বিভাগে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সর্বোচ্চ ২৪৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে এ বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ৬০৬ জন।
প্রতীকী ছবি
শীতকালে ফুলকপি খাওয়ার মজাই আলাদা। সুস্বাদু এই সবজিটি রান্না, ভাজা, সিদ্ধ- সবভাবেই খাওয়া যায়। কিন্তু অনেক সময় বেশি দিন তাজা দেখাতে ব্যবসায়ীরা ফুলকপিতে ক্ষতিকর রাসায়নিক মেশায়। সেগুলো দেখতে একটু বেশিই সাদা লাগে। ফুলকপি কেনার সময়ে তাই দাম দেখার পাশাপাশি আরও কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। ১. ফুলকপি হাতে নেয়ার পর যদি কপির ফুলগুলো পেছন থেকে আঙুল দিয়ে টেপার পর যদি সহজেই ভেঙে যায় তাহলে বুঝতে হবে এগুলো ভালো নয়। আর যদি ফুলগুলো শক্ত থাকে তাহলে বুঝতে হবে সেটা ভালো ফুলকপি।
২. ফুলকপির ওপরের অংশ যদি হলদেটে হয় তাহলে সেটি না কেনাই ভালো। হলুদ হওয়া মানে হচ্ছে, এটি ক্ষেতে থেকে তোলার পর চার-পাঁচদিন পেরিয়ে গেছে।
৩. হাতে নিয়ে ওজন বুঝে নিন। ফুলকপির আকার অনুযায়ী ওজন কিছুটা ভারী হলে বুঝতে হবে তা খাঁটি। হালকা কপির ভিতরটা ফাঁপা বা স্পঞ্জের মতো হয়ে থাকে।
৪. ফুলকপির পাতাগুলি উজ্জ্বল সবুজ এবং সতেজ হলে ভালো। পাতা হলুদ, নেতিয়ে পড়া কিংবা পাতায় ছিদ্র থাকলে, বুঝতে হবে সেই কপি টাটকা নয়।
৫. ফুলকপি যত ঘন হবে তত সেখানে জলীয় বাষ্প জমতে পারে না, যার ফলে ছাত্রাক হয় না। এই ধরনের ফুলকপি সাধারণত ভালো হয়।
ভেজাল চেনার উপায়
ফুলকপিকে দীর্ঘদিন তাজা রাখতে এবং চকচকে সাদা দেখাতে ফর্মালিন বা ব্লিচিং স্প্রে মেশানো হয়। তাই খুব চকচকে সাদা কপি দেখলে সেটি না কেনাই ভালো। কপির গায়ে হলদেটে দাগ ঢাকতে অনেক সময় সোডিয়াম হাইপোক্লোরাইট মেশানো হয়। রান্নার আগে পানিতে ভেজানোর পর যদি কপির রং অস্বাভাবিক ভাবে ঝকঝক করে বা পানির রং বদলে যায়, তবে বুঝতে হবে তাতে রাসায়নিক মেশানো রয়েছে। কপি কেনার সময় গন্ধ শুঁকে দেখুন। যদি ব্লিচিং পাউডার, রাসায়নিক বা ওষুধের তীব্র গন্ধ পান, তবে তা না কেনাই ভালো।
রান্নার আগে যা করবেন
ফুলকপি কাটার পর গরম পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে। পানি ঝরে গেলে কিছুক্ষণ ভেজে পছন্দের পদ তৈরি করতে পারেন।
সূত্র: আনন্দবাজার, আজতক, এশিয়াননেটনিউজ
ডায়াবেটিক নিয়ন্ত্রণে ১০ নিয়ম (ছবি-চ্যাটজিপিটি দিয়ে বানানো)
বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের প্রায় ৯৭ শতাংশই টাইপ-২ ডায়াবেটিসে ভুগছেন। জীবনযাত্রার সঙ্গে এ রোগের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা, ওজন নিয়ন্ত্রণ ও ধূমপান বর্জনের মতো পদক্ষেপ টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে। যাদের ইতোমধ্যে ডায়াবেটিস হয়েছে, তাদের ক্ষেত্রেও এসব অভ্যাস রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সব সময় বড় কোনো আয়োজনের প্রয়োজন হয় না। দৈনন্দিন জীবনে কিছু সহজ অভ্যাস গড়ে তোলাই হতে পারে কার্যকর পদক্ষেপ। তবে মনে রাখতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণের পরিকল্পনা ব্যক্তিভেদে আলাদা হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাস, ব্যায়াম ও ওষুধের নিয়ম মেনে চলা জরুরি।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে ১০টি করণীয়
১. সময়মতো খাবার খান
প্রতিদিনের খাবার নির্দিষ্ট সময়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। দীর্ঘ সময় না খেয়ে থাকা কিংবা অনিয়মিত খাবার গ্রহণ রক্তের গ্লুকোজের ওঠানামায় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যারা ইনসুলিন বা রক্তে গ্লুকোজ কমানোর কিছু ওষুধ ব্যবহার করেন, তাদের খাবারের সময় নিয়ে সতর্ক থাকা প্রয়োজন।
২. খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করুন
কী খাচ্ছেন, তার পাশাপাশি কতটুকু খাচ্ছেন, সেটিও গুরুত্বপূর্ণ। চিকিৎসক ভাতের পরিবর্তে রুটি খেতে বললে অতিরিক্ত রুটি খাওয়া সমাধান নয়। বরং খাবারের পরিমাণ ও ভারসাম্য বজায় রাখতে হবে। একবারে বেশি না খেয়ে প্রয়োজন অনুযায়ী পরিমিত খাবার গ্রহণ করুন।
৩. আঁশযুক্ত শস্য ও স্বাস্থ্যকর খাবার বেছে নিন
খাদ্যতালিকায় আঁশযুক্ত গোটা শস্যের পরিমাণ বাড়ান। ময়দার রুটির পরিবর্তে লাল আটার রুটি এবং পরিশোধিত চালের পরিবর্তে কম প্রক্রিয়াজাত চাল খাওয়ার অভ্যাস করতে পারেন। আঁশযুক্ত খাবার রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে সহায়ক। আলুতে শর্করা বেশি থাকায় পরিমাণ বুঝে খেতে হবে। আলু খেলে তা খাবারের শর্করার অংশ হিসেবে বিবেচনা করুন; শাকসবজির বিকল্প হিসেবে নয়।
৪. লবণ ও অতিরিক্ত চর্বি কমান
অতিরিক্ত লবণ, ঘি, মাখন, ডুবো তেলে ভাজা খাবার ও অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত শাকসবজি রাখুন। ফলমূলও খেতে হবে, তবে পরিমিত পরিমাণে এবং সম্ভব হলে গোটা ফল হিসেবে। ফলের রসের পরিবর্তে গোটা ফল খাওয়া ভালো।
৫. ফাস্টফুড ও চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলুন
ফাস্টফুড, কোমল পানীয়, অতিরিক্ত চিনি দেওয়া চা-কফি ও মিষ্টিজাতীয় খাবার কমিয়ে দিন। তৃষ্ণা মেটাতে বিশুদ্ধ, নিরাপদ পানি পান করুন। চিনিযুক্ত পানীয় নিয়মিত গ্রহণ ওজন বৃদ্ধি এবং রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে সমস্যা তৈরি করতে পারে।
৬. সামাজিক অনুষ্ঠানেও খাবারের বিষয়ে সচেতন থাকুন
বিয়ে, পারিবারিক অনুষ্ঠান কিংবা উৎসবে পরিবেশিত খাবার থেকে সব সময় দূরে থাকা সম্ভব নয়। তবে অতিরিক্ত তেল, চিনি ও লবণযুক্ত খাবার সীমিত পরিমাণে গ্রহণ করুন। একসঙ্গে অনেক ধরনের খাবার বেশি পরিমাণে খাওয়া এড়িয়ে চলুন। খাবারের ভারসাম্য বজায় রাখাই মূল লক্ষ্য।
৭. নিয়মিত শরীরচর্চা করুন
শরীরকে সচল রাখুন। নিয়মিত হাঁটা সহজ ও কার্যকর শরীরচর্চার একটি উদাহরণ। সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক কর্মকাণ্ড—যেমন দ্রুত হাঁটা—করার লক্ষ্য রাখা যেতে পারে। তবে বয়স, শারীরিক সক্ষমতা ও অন্যান্য অসুস্থতা অনুযায়ী ব্যায়ামের ধরন চিকিৎসকের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা ভালো।
৮. দীর্ঘ সময় একটানা বসে থাকবেন না
কম্পিউটারে কাজ, টেলিভিশন দেখা কিংবা মোবাইল ফোন ব্যবহারের সময় দীর্ঘক্ষণ বসে থাকা এড়িয়ে চলুন। কাজের ফাঁকে উঠে দাঁড়ান, একটু হাঁটুন বা হালকা নড়াচড়া করুন। টেলিভিশন দেখতে দেখতে চিপস কিংবা অন্য অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করুন। ক্ষুধা লাগলে শসা বা অন্য স্বাস্থ্যকর খাবার বেছে নিতে পারেন।
৯. ধূমপান ও তামাক বর্জন করুন
ধূমপান ও অন্যান্য তামাকজাত দ্রব্য ডায়াবেটিসের জটিলতা, বিশেষ করে হৃদ্রোগ ও রক্তনালির সমস্যার ঝুঁকি বাড়ায়। তাই ধূমপান সম্পূর্ণভাবে ছেড়ে দিন। প্রয়োজনে চিকিৎসকের সহায়তা নিন।
১০. নিয়মিত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নিন
রক্তে গ্লুকোজ, দীর্ঘমেয়াদি গ্লুকোজের সূচক এইচবিএ১সি, রক্তের চর্বি, রক্তচাপ ও ওজন নিয়মিত পর্যবেক্ষণ করুন। এগুলো চিকিৎসকের নির্ধারিত লক্ষ্যমাত্রায় রাখার চেষ্টা করতে হবে। ডায়াবেটিসে আক্রান্ত হলে এন্ডোক্রাইনোলজিস্ট বা ডায়াবেটিস বিশেষজ্ঞের পরামর্শ নিন। ওষুধ, ব্যায়াম, খাদ্যাভ্যাস ও জীবনযাপনের বিষয়ে ব্যক্তিগতভাবে নির্ধারিত বিজ্ঞানসম্মত নির্দেশনা মেনে চলুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ বা পরিবর্তন করবেন না।
মনে রাখতে হবে, টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমানো এবং রোগ হওয়ার পর তা নিয়ন্ত্রণে রাখা—দুটি আলাদা বিষয়। স্বাস্থ্যকর জীবনযাপন উভয়ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। ডায়াবেটিসের জটিলতা প্রতিরোধে সচেতনতা, নিয়মিত পরীক্ষা ও যথাযথ চিকিৎসার বিকল্প নেই।