ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ১৮ মে, ২০২৬, সময় : ১২:৪৯ এএম

বরগুনার পাথরঘাটায় আদালতের এজলাস কক্ষে দুই আইনজীবীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়। পরে এ ঘটনায় জড়িত ওই দুই আইনজীবীর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে জেলা আইনজীবী সমিতি।


রোববার (১৭ মে) রাতে বরগুনা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যডভোকেট নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, দুপুরের দিকে পাথরঘাটা উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে এ হাতাহাতির ঘটনা ঘটে।


হাতাহাতির ঘটনায় দুই আইনজীবী হলেন, অ্যাডভোকেট মিজানুর রহমান মঞ্জু ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা লাকি। নাহিদ সুলতানা লাকি বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এবং পাথরঘাটা আইনজীবী সমিতির আহ্বায়ক।


খোঁজ নিয়ে জানা যায়, সকালে অ্যাডভোকেট মিজানুর রহমান মঞ্জু তার চেম্বার থেকে একটি ইজিবাইকে আদালতের উদ্দেশে রওয়ানা হন। এ সময় তার সঙ্গে অ্যাডভোকেট নাহিদ সুলতানা লাকির এক মহুরি (আইনজীবীর সহকারী) মিরাজ আহমেদও ওই একই ইজিবাইকে আদালতে আসেন। পরে মঞ্জুর সঙ্গে ওই মহুরি একই গাড়িতে আসাকে কেন্দ্র করে উভয় আইনজীবীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আদালতের এজলাস কক্ষে মঞ্জু ও লাকির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে এ সময় ওই আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পনির শেখ তার খাস কামরায় ছিলেন।


পরবর্তীতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা আইনজীবী সমিতির একটি জরুরি সভার মাধ্যমে অভিযুক্ত দুই আইনজীবীর সদস্যপদ সাময়িকভসবে স্থগিত করা হয়। এ ছাড়া, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার সব বিচারিক আদালতে তাদের পেশাগত দায়িত্ব পালন থেকেও বিরত থাকতে বলা হয়।


হাতাহাতির ঘটনায় অ্যাডভোকেট মিজানুর রহমান মঞ্জু বলেন, অ্যাডভোকেট লাকি আমার সিনিয়র। তবে তিনি সব আইনজীবীদের সঙ্গেই খারাপ আচরণ করেন। তিনি অতিরিক্ত পিপি এবং পাথরঘাটা আইনজীবী সমিতির আহ্বায়ক, এ দুটি দায়িত্ব পাওয়ার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করেন। জেলা আইনজীবী সমিতিও যদি কিছু বলে তারপরও তিনি তার মতোই করেন। তবে সেটি তার বিষয়, আমার কিছু না। কিন্তু আমার কাছে মামলা বেশি থাকায় তিনি ঈর্ষান্বিত হয়ে আমাকে সহ্য করতে পারেন না। সকালে ইজিবাইকে আমার সঙ্গে তার একজন মহুরি আদালতে যায়। আমার সঙ্গে তার ওই মহুরি একত্রে আসায় আমাকে তিনি গালিগালাজ করেন। একপর্যায়ে আমার গায়ে ব্যাগ ছুড়ে মেরেছে এবং জুতাও মেরেছে।


এ ঘটনায় অ্যাডভোকেট নাহিদ সুলতানা লাকি বলেন, অ্যডভোকেট মিজানুর রহমান মঞ্জু আওয়ামী লীগ করেন। এ ছাড়া, এখানে আওয়ামী লীগ বেশি, বিএনপির আমি একা। এ কারণে তাদের একটা দাপট আছে। তিনি সবসময়ই আজেবাজে কথা বলেন, আমার চেম্বারের মহুরি নিয়ে ঝামেলা করে। আমার মামলা নিয়ে ঝামেলাসহ তিনি আমার ক্ষতি করারও চেষ্টা করেন। লোকজনের অভিযোগ আছে সে দুই পক্ষেরই মামলা চালায়। এ বিষয়ের আমি সঠিক বিচার করবো বিধায় তিনি আমার উপরে ক্ষিপ্ত। আর এ কারণেই এ ঘটনা ঘটেছে।


এ বিষয়ে বরগুনা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যডভোকেট নুরুল আমিন বলেন, হাতাহাতির একটি ভিডিও দেখে জরুরি সভা ডেকে ওই আইনজীবী দুইজনেরই সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। জেলার সব আদালতে তাদের পেশাগত দায়িত্ব পালন থেকেও বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি তাদেরকে স্থায়ীভাবে সদস্যপদ বাতিল করার জন্য কেন বার কাউন্সিলে প্রেরণ করা হবে না, এই মর্মে আগামী সাত দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।




আদালতে নেওয়ার সময় সাঈদ খোকন। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১০:১৬ পিএম

ধানমন্ডি থানায় দায়ের করা কিশোর মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ সময় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ শুনানি শেষ করলে কথা বলার জন্য কাঠগড়ায় হাত তোলেন সাঈদ খোকন। ২ মিনিট ধরে হাত তুলে রাখলেও কথা বলার অনুমতি পাননি সাবেক এ মেয়র।


মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে সন্ধ্যা ৬টার দিকে সাঈদ খোকনকে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে ভিড় দেখা যায়। ভিড় ঠেলে পুলিশ সদস্যরা আসামিকে আদালতে নিয়ে যান। এ সময় আদালত প্রাঙ্গণে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সাঈদ খোকনের প্রিজনভ্যানে ঝাঁড়ু মারতে থাকেন। পরে সন্ধ্যা ৬টা ৮ মিনিটে শুনানি শুরু হয়।


প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা আসামির ১০ দিনের রিমান্ড চান। পরে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের জোর দাবি জানান। পিপি বলেন, ‘সাঈদ খোকন দাঁড়ি ও চুল বড় করে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তার অবয়ব পাল্টে গোপনে ছিলেন। জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ড ঘটেছে, তখন সাঈদ খোকন ঢাকা দক্ষিণের নেতৃত্ব দেন। তিনি অনেক হত্যাকাণ্ডের নেপথ্যের নেতা।


এজন্য জুলাই আন্দোলনের পর আত্মগোপনে ছিলেন। তার নামে দুদক, হত্যাসহ ৩০টির অধিক মামলা রয়েছে। আজকের যে মামলায় তাকে আসামি করা হয়েছে, তার ভুক্তভোগী ৮ম শ্রেণির শিক্ষার্থী মোতালেব হত্যার শিকার হন। এ মামলার ২৯তম এজাহারনামীয় আসামি সাঈদ খোকন।’ পিপি আরও বলেন, ‘বর্তমানে ঢাকা দক্ষিণে নাশকতায় তার নাম পাওয়া গেছে। সিজেএম কোর্টে ককটেল বিস্ফোরণেও তার সংশ্লিষ্টতা রয়েছে। দেশের সব নাশকতার জন্য তথ্য প্রযুক্তির সহায়তায় সে সংযুক্ত রয়েছে। বিভিন্ন গাড়ি পোড়ানো, ককটেল বিস্ফোরণে তার সংশ্লিষ্টতা তার ডিভাইসে পাওয়া গেছে। এজন্য তার ১০ দিনের রিমান্ড প্রয়োজন।’


আসামিপক্ষের আইনজীবী আবু সাইদ সাগর শুনানিতে বলেন, ‘আসামির বিরুদ্ধে স্পেসিফিক কোনো প্রমাণ নেই। তিনি নির্বাচিত মেয়র ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, কিন্তু সেটা বিচার্য বিষয়। যে এজাহার এফআইআর করা হয়েছে তা ঘটনার ২২ দিন পর। তাকে রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা নেই। তার রিমান্ড বাতিল নয়, আমরা জামিন চাই। তবে জামিন না দিলেও রিমান্ডে না নিয়ে তাকে কারাগারে পাঠানো হোক।’


দুইপক্ষের শুনানি শেষে সাঈদ খোকন ৬টা ১৮ মিনিটে কথা বলার জন্য হাত তুলে ধরে রাখেন। এ সময় আসামিপক্ষের এক আইনজীবী বলেন, ‘আসামি কিছু বলতে চান।’ তখন পাশ থেকে বিপক্ষ আইনজীবীরা তাকে ধমকান। কথা বলার অনুমতি দিবেন কিনা সেটা আদালত বুঝবেন বলেন আইনজীবীরা।’


পরে বিচারক কথা বলার অনুমতি না দিয়ে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় দুই মিনিটের বেশি সময় ধরে কথা বলার জন্য কাঠগড়ায় হাত তুলে রাখলেও অনুমতি পাননি সাঈদ খোকন। পরে কড়া নিরাপত্তায় তাকে প্রিজনভ্যানে করে রিমান্ডের উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়।


এদিকে রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় সাঈদ খোকনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। আন্দোলন দমনে তিনি কঠোর পদক্ষেপ নিয়েছিলেন, তার নির্দেশে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হামলা চালান। এতে তিনি অর্থ ও অস্ত্র জোগান দিয়েছেন।


এতে আরও বলা হয়, সরকার পতনের পরও তিনি ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে ঝটিকা মিছিলের আয়োজন করেছেন এবং পলাতক শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিলেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নিম্নোক্ত কারণে তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।


মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আবদুল মোতালেব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এ মামলার ২৯ নম্বর এজাহারনামীয় আসামি হলেন সাঈদ খোকন।


সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১:৩৪ পিএম

রাজধানী ঢাকার পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানার ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। নিম্ন আদালতে অপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বপ্না খাতুনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।


মঙ্গলবার সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। সোমবার দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেন হাইকোর্ট। মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর একটি বাসার বাথরুমে আট বছরের শিশুটিকে আটকে রেখে ধর্ষণের পর হত্যা করা হয়। লাশ গুমের উদ্দেশ্যে ছুরি দিয়ে শিশুটির মাথা বিচ্ছিন্ন এবং দুই হাত কাঁধ থেকে অর্ধবিচ্ছিন্ন করা হয়। পরে মরদেহ বাথরুমের একটি বালতিতে রেখে জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা।


এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা মামলা করেন। পুলিশ প্রথমে স্বপ্না খাতুনকে গ্রেপ্তার করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। মামলায় সোহেল রানা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় দেন। রায়ে সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সোহেল রানাকে পাঁচ লাখ এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ শিশুটির উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন আদালত। হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় মামলাটির রায় ঘোষণা করা হয়েছিল।


পরে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি দুই আসামি হাইকোর্টে জেল আপিল করেন। এসব আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে মঙ্গলবার রায়ের দিন ধার্য করা হয়েছে।


শিশুটির বাবা পরিবারের সদস্যদের নিয়ে পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি এলাকায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তিনি বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। একই বাসার অন্য একটি ফ্ল্যাটে সাবলেটে থাকতেন আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুন। 


মামলার এজাহারে বলা হয়, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে দ্বিতীয় শ্রেণির ছাত্রীটি বাসা থেকে বের হয়। এ সময় একই ভবনের ভাড়াটে কৌশলে তাকে নিজেদের ফ্ল্যাটে ডেকে নেন। সকাল সাড়ে ১০টার দিকে মেয়েকে স্কুলে পাঠাতে খুঁজতে থাকেন তার মা। এক পর্যায়ে ওই ফ্ল্যাটের দরজার সামনে মেয়ের জুতা দেখতে পান মা। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভাঙেন। ভেতরে সোহেলের শয়নকক্ষের মেঝেতে শিশুর মস্তকবিহীন মরদেহ এবং বাথরুমে একটি বালতিতে মাথা পাওয়া যায়।


  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৫:০৯ পিএম

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করবেন হাইকোর্ট।


সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন।


আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।রামিসার বাবা তার পরিবারের লোকজন নিয়ে পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-বি এলাকায় ফ্ল্যাটে ভাড়া বাসায় থাকতেন। তিনি বনানীতে একটি বেসরকারি অফিসে চাকরি করেন। আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারও একই বাসার অন্য ফ্ল্যাটে থাকতেন। ভিকটিম রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করত।


গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। হত্যার পর রুমের জানালার গ্রিল কেটে প্রধান আসামি সোহেল রানা পালিয়ে যায়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে আসামি স্বপ্নাকে হেফাজতে নেয় পুলিশ। আর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।


এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা করেন। গত ২১ মে সেই মামলায় সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।


গত ২৫ মে আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান। ওইদিনই মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়।


গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরদিন ২ জুন মামলায় রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষ্য দেন। এর মাধ্যমে একদিনেই মামলার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এরপর ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষা করা হয়।


গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় ঘোষণা করেন। রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা অনুযায়ী আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে। আর ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে এই মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।


এ ছাড়া, আসামি সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা রামিসার আইনি উত্তরাধিকারকে দিতে বলা হয়েছে। জরিমানার টাকা না দিলে কালেক্টরেট অফিসকে তার স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও তা বিক্রি করে রামিসার আইনগত উত্তরাধিকারদের প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় এ মামলার রায় ঘোষণা করা হয়।


এরপর রামিসা হত্যায় আসামিদের মৃত্যুদণ্ডের ডেথ রেফারেন্স (যাবতীয় নথি) হাইকোর্টে এসে পৌঁছে। তারপর দুই আসামি হাইকোর্টে জেল আপিল করেন।


সমালোচনার মুখে হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৩:২৫ পিএম

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের মধ্যে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হ্যান্ডকাফ ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে আনা হয়েছে। এ সময় তার মাথায় হেলমেটও ছিল।


সোমবার (১৬ নভেম্বর) সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে ১০ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে বেলা ১২টা ১ মিনিটে হাজির করা হয় জিয়াউল আহসানকে।


প্রিজনভ্যান থেকে নামানোর পর দীপু মনি, ফারজানা রুপা ও শাহরিয়ার কবির ছাড়া অন্য আসামিদের হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। তাদের বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।


এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আসামিপক্ষের শুনানির দিন ধার্য রয়েছে। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ৪১ জন।


ট্রাইব্যুনালে হাজির করা অন্য আসামিরা হলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।


এ সময় ইনু, লতিফ সিদ্দিকীসহ প্রায় সব আসামির মুখেই গাম্ভীর্য দেখা যায়। ব্যতিক্রম ছিলেন শামসুল হক টুকু। তার মুখে ছিল স্বাভাবিক হাসি।


গত ১২ নভেম্বর মামলায় ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। পরে আসামিপক্ষের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।


মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে।


হাইকোর্ট।

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪৯ এএম

অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা ও জনসচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালার ৬ বিধি এবং সড়ক পরিবহন আইনের ৪৫ ধারা অনুসারে এসব কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।


জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রোববার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান রিটকারী পক্ষের আইনজীবী হাসানুল বান্না। একই বিজ্ঞপ্তিতে শব্দদূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টের দেওয়া আরও কয়েকটি নির্দেশনার কথাও তুলে ধরা হয়েছে।


সেগুলো হচ্ছে-  নীরব এলাকার (সাইলেন্ট জোনস) ক্ষেত্রে যথাযথ চিহ্ন বা সাইনর্বোড স্থাপন; শব্দ নিয়ন্ত্রণে নীরব এলাকার জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠনের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ ও মতবিনিময়; বিভিন্ন কর্মসূচি পালন ও মোবাইলে বিশেষ বার্তা দেওয়া।


এ ছাড়া শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার ৮ বিধি অনুসারে আতশবাজি ও পটকার ব্যবহার নিয়ন্ত্রণ করতেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ৮ ধারা অনুযায়ী শব্দ দূষণ সংক্রান্ত অভিযোগ, অসন্তোষ নিষ্পত্তির জন্য একটি বিশেষ ও স্বচ্ছ ব্যবস্থা চালু করার নির্দেশও দেওয়া হয়েছে।     


পাশাপাশি শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার বিধান তুলে ধরে রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতেও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। পুলিশের মহাপরিদর্শক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসককে এসব নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।


নির্দেশপ্রাপ্তদের তিন মাস পর পর আদালতে বাস্তবায়ন প্রতিবেদন দাখিল করতে বলেছেন হাইকোর্ট।


প্রযোজ্য আইন ও নীতিমালা অনুযায়ী শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন সংবিধান পরিপন্থি, বেআইনি, জননিরাপত্তা ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। একই সঙ্গে প্রযোজ্য আইন, বিধিমালা ও বিল্ডিং কোড অনুযায়ী নীরব এলাকায় এবং নির্মাণকাজ, শিল্পপ্রতিষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, উৎসব ও যানবাহন থেকে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে সে ব্যাখ্যাও চেয়েছেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আশরাফ আলী।


  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ২:০৮ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।


তিনি বলেন, ‘১৯৭৩ সালে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রণীত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন অনুযায়ী নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করলে পলাতক আসামির আর আপিলের সুযোগ থাকে না। শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে আইনি প্রক্রিয়া মেনেই ফিরতে হবে।’


শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।


তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। এখন প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত ভারতের।আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ ধরনের মামলায় আপিলের নির্ধারিত সময় পার হলে তা মওকুফের (কনডোনেশন) কোনো আইনি সুযোগ নেই। বিশেষ আইনেই এ সুযোগ রাখা হয়নি। শেখ হাসিনার সরকারই এই আইন করে গেছে। সংবিধানের ৪৭ অনুচ্ছেদের ৩ উপঅনুচ্ছেদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তির ক্ষেত্রে মৌলিক অধিকারের দাবির সুযোগও সীমিত করা হয়েছে।


আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারায় ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের বিধান রয়েছে। এ ধারার উপধারা (১) অনুযায়ী, দণ্ডিত ব্যক্তি দণ্ড ও দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারেন। তবে উপধারা (৩) অনুযায়ী, দণ্ডাদেশ, খালাসের আদেশ বা সাজা ঘোষণার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। নির্ধারিত সময় পার হলে আর আপিলের সুযোগ থাকে না। ২০১৩ সালের সংশোধনীর মাধ্যমে ধারাটির বর্তমান বিধান যুক্ত করা হয়।


২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।


এদিকে দেশের বিভিন্ন জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এ কাজে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, তদন্ত দল ও প্রসিকিউশন স্বাধীনভাবে কাজ করবে। তাদের কাজে সরকার হস্তক্ষেপ করবে না। তদন্তের প্রয়োজনে তারা যখন যে ধরনের সহযোগিতা চাইবে, সরকার তা দেবে।


দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন স্বাধীনভাবে কাজ করবে। সরকার তাদের কাজে হস্তক্ষেপ করবে না।


সাক্ষী সুরক্ষার বিষয়ে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, বিষয়টি সরকার পর্যালোচনা করছে।