গাজী নজরুল ইসলাম

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৭:২১ পিএম

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবারও রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।


প্রথম দফার চার দিনের রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার গাজী নজরুল ইসলামকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।


প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম বলেন, সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।


বিকেল ৪টা ৪ মিনিটে ডিবির একটি সাদা গাড়িতে করে গাজী নজরুল ইসলামকে আদালতে আনা হয়। পরে তাঁকে হাজতখানায় রাখা হয় এবং বিচারকের সামনে হাজির করা হয়। শুনানির সময় তিনি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন।


আসামিপক্ষ রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আবেদন করে। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে বিকেল ৪টা ৪৭ মিনিটে আদেশ দেন বিচারক।


২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীত দিকে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ। পরে মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।


পরদিন শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে গাজী নজরুল ইসলামের চার দিন এবং মাকছুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই রাতেই মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


রিমান্ড শেষে ২২ সেপ্টেম্বর মাকছুদা বেগমকে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে গাজী নজরুল ইসলামের চার দিনের রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার তাঁকে আবার আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়।


এ ছাড়া বুধবার মামলার তৃতীয় আসামি ওবায়দুর রহমানকে ঢাকার বাইরে থেকে গ্রেপ্তার করে এসআরবি-২। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।



সর্বশেষ সব খবর

পরকীয়ার জেরে স্ত্রী আয়শা বেগমকে হত্যার দায়ে স্বামী ছিদ্দিক আহমদ লাদেনকে মৃত্যুদণ্ড। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৪৮ পিএম

সিলেটের বিয়ানীবাজারে পরকীয়ার জেরে স্ত্রী আয়শা বেগমকে হত্যার দায়ে স্বামী ছিদ্দিক আহমদ লাদেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি ফখরুল ইসলাম ওরফে ফখরু মেম্বারকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (১২ নভেম্বর)  দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালত-২-এর  অতিরিক্ত জেলা জজ শেখ নাজমুন নাহার এ রায় ঘোষণা করেন।


আদালতের সরকারি কৌঁসুলি রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৬ সালে বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামের আলা উদ্দিনের ছেলে ছিদ্দিক আহমদ লাদেন (৪২) পরকীয়ার জেরে তার স্ত্রী আয়শা বেগমকে হত্যা করেন। হত্যার পর ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান তিনি। পরে পুলিশ ওই ঘর থেকে আয়শার মরদেহ উদ্ধার করে।


এ ঘটনায় ২০১৬ সালের ২০ মার্চ বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলায় ছিদ্দিক আহমদ লাদেন ও একই গ্রামের মৃত আয়াজ আলীর ছেলে ফখরুল ইসলাম ওরফে ফখরু মেম্বারকে আসামি করা হয়। পরে পুলিশ দুজনকেই গ্রেপ্তার করে। পিপি  জানান, মামলায় ২৩ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত লাদেনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।


তবে অপর আসামি ফখরুল ইসলামকে অভিযোগ থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সর্বশেষ সব খবর

প্রতীকী ছবি

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৫৮ পিএম

আপনার নামে জমির খতিয়ান, ভূমি উন্নয়ন করও নিয়মিত পরিশোধ করছেন, এমনকি নামজারিও হয়েছে; কিন্তু জমির মালিকানা প্রমাণের জন্য প্রয়োজনীয় দলিল নেই। এমন পরিস্থিতিতে অনেকেই মনে করেন, সরকারি রেকর্ডে নাম থাকলেই জমির মালিকানা নিশ্চিত। তবে বাস্তবতা ভিন্ন। শুধু নামজারি বা খতিয়ানে নাম থাকলেই কোনো ব্যক্তি জমির মালিক হয়ে যান না। জমির মালিকানা কীভাবে অর্জিত হয়েছে, তার বৈধ ভিত্তি কী এবং সেই মালিকানার পক্ষে কী কী প্রমাণ রয়েছে; সেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ।


বাংলাদেশের ভূমি আইন ও উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্তে বলা হয়েছে, খতিয়ান নিজে মালিকানা সৃষ্টি করে না। তবে খতিয়ানের তথ্যের আইনি গুরুত্ব রয়েছে। অন্যদিকে নিবন্ধিত দলিল, উত্তরাধিকার, আদালতের ডিক্রি কিংবা সরকারের বৈধ বন্দোবস্তের মতো মালিকানা অর্জনের ভিত্তি আলাদাভাবে বিবেচনা করতে হয়।


এখন আপনার নামজারি আছে কিন্তু দলিল নেই—এমন পরিস্থিতিতে জমি নিজের দাবি করা যাবে কি না, দলিল হারিয়ে গেলে কী করতে হবে এবং কোন পরিস্থিতিতে নামজারি থাকা সত্ত্বেও মালিকানা নিয়ে সমস্যা হতে পারে, তা জানা জরুরি। 


নামজারি থাকলেই কি জমির মালিক হওয়া যায়? এর উত্তর হলো, না। নামজারি থাকাকে জমির মালিকানার চূড়ান্ত প্রমাণ হিসেবে বিবেচনা করা যায় না। নামজারি বা মিউটেশন হলো জমির মালিকানা হস্তান্তর, উত্তরাধিকার কিংবা অন্য বৈধ কারণে ভূমি রেকর্ড হালনাগাদ করার প্রশাসনিক প্রক্রিয়া। এর মাধ্যমে সরকারি খতিয়ানে নতুন মালিক বা স্বত্বাধিকারীর নাম অন্তর্ভুক্ত করা হয় এবং ভূমি উন্নয়ন কর আদায়ের রেকর্ড হালনাগাদ করা হয়।


রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০-এর ১৪৩ ধারায় হস্তান্তর ও উত্তরাধিকারের কারণে রেকর্ড অব রাইটস হালনাগাদ করার বিধান রয়েছে। অর্থাৎ, জমির মালিকানা পরিবর্তনের পর সরকারি রেকর্ডে সেই পরিবর্তন প্রতিফলিত করাই নামজারির অন্যতম উদ্দেশ্য।


কিন্তু নামজারির আবেদন অনুমোদন হওয়ার অর্থ এই নয় যে, আবেদনকারী স্বয়ংক্রিয়ভাবে জমিটির মালিকানা অর্জন করেছেন। তিনি যে সূত্রে জমির মালিকানা দাবি করছেন, সেই সূত্রের বৈধতা থাকতে হবে।


উদাহরণস্বরূপ, কেউ অন্যের জমি নিজের নামে নামজারি করিয়ে নিলেই জমিটি তার হয়ে যাবে না। যদি জমি পাওয়ার পেছনে বৈধ দলিল, উত্তরাধিকার বা অন্য কোনো আইনগত ভিত্তি না থাকে, তাহলে শুধু নামজারির ওপর নির্ভর করে মালিকানা প্রতিষ্ঠা করা সম্ভব নয়।


সরকারি ভূমি মন্ত্রণালয়ের ব্যাখ্যাতেও খতিয়ানকে মালিকানার দলিল হিসেবে বিবেচনা করা হয়নি। নামজারি আছে কিন্তু দলিল নেই, কী করবেন?


এমন পরিস্থিতিতে প্রথমেই জানতে হবে, কোন ভিত্তিতে জমিটি নিজের নামে নামজারি করা হয়েছে। নামজারির আবেদন ও অনুমোদনের সময় জমির মালিকানা অর্জনের যে কাগজপত্র জমা দেওয়া হয়েছিল, সেগুলো সংগ্রহ করতে হবে।


এরপর কয়েকটি বিষয় যাচাই করা জরুরি।


প্রথমত, নামজারি মামলার নথি সংগ্রহ করে দেখতে হবে কোন দলিল, উত্তরাধিকার বা অন্য কোন আইনগত ভিত্তিতে নামজারি অনুমোদন করা হয়েছে।


দ্বিতীয়ত, আগের মালিকের খতিয়ান ও মালিকানার দলিল পরীক্ষা করতে হবে। তিনি নিজে বৈধভাবে জমির মালিক ছিলেন কি না, সেটি নিশ্চিত হওয়া প্রয়োজন।


তৃতীয়ত, জমিটি উত্তরাধিকার সূত্রে পাওয়া হলে মৃত ব্যক্তির মালিকানার প্রমাণ, ওয়ারিশদের পরিচয় এবং প্রত্যেকের প্রাপ্য অংশ যাচাই করতে হবে।


চতুর্থত, জমিটি কেনার মাধ্যমে পাওয়া হলে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে দলিলের রেকর্ড অনুসন্ধান করে সার্টিফায়েড কপি সংগ্রহ করতে হবে।


সবশেষে জমির দাগ, খতিয়ান, পরিমাণ, সীমানা এবং বাস্তব দখলের তথ্য মিলিয়ে দেখতে হবে। কোনো অসংগতি পাওয়া গেলে অভিজ্ঞ ভূমি আইনজীবীর মাধ্যমে কাগজপত্র পরীক্ষা করানো উচিত।


তবে কোনো ব্যক্তির নামে ভুল তথ্য, জাল কাগজপত্র কিংবা বৈধ মালিকানার ভিত্তি ছাড়া নামজারি হয়ে থাকলে তা চ্যালেঞ্জ করা যেতে পারে।


এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ভূমি কর্তৃপক্ষের কাছে প্রযোজ্য নিয়মে আবেদন বা আপিল করা যেতে পারে। বিরোধের ধরন অনুযায়ী দেওয়ানি আদালতে মালিকানা ঘোষণা, দলিল বাতিল বা প্রয়োজনীয় অন্যান্য প্রতিকার চাওয়ার বিষয়ও আসতে পারে।


তবে নামজারি বাতিলের প্রক্রিয়া এবং জমির চূড়ান্ত মালিকানা নির্ধারণ এক বিষয় নয়। ভূমি প্রশাসনের রেকর্ড সংশোধনের ক্ষমতা থাকলেও জটিল স্বত্ববিরোধের চূড়ান্ত নিষ্পত্তি দেওয়ানি আদালতের এখতিয়ারের বিষয় হতে পারে।


বিশেষ করে জমির ওপর একাধিক ব্যক্তি মালিকানা দাবি করলে শুধু নামজারি বাতিলের আবেদন করেই সমস্যার সমাধান নাও হতে পারে। তখন সব পক্ষের দলিল, মালিকানা অর্জনের ইতিহাস এবং অন্যান্য প্রমাণ পরীক্ষা করা প্রয়োজন।

সর্বশেষ সব খবর

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩৬ পিএম

অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আরও পাঁচজন সাক্ষ্য দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে এ সাক্ষ্যগ্রহণ করা হয়।


সাক্ষীদের জবানবন্দি রেকর্ড শেষে আগামী ১৯ নভেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন বিচারক। এ নিয়ে এই মামলায় ৪৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।


সাক্ষ্য দেওয়া ব্যক্তিরা হলেন—প্রাইম ব্যাংকের এফএভিপি মো. কাদের হোসেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপক রাজিউর রহমান জাহিদ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এফএভিপি মো. এনামুল হক, পুলিশ সদর দপ্তরের এএসআই মো. আল আমিন এবং বান্দরবানের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক। নথি থেকে জানা গেছে, গত ৮ মার্চ ঢাকার মহানগর দায়রা জজ মামলার অভিযোগপত্র আমলে গ্রহণ করে বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।


এজাহার থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে বেনজীরের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। পরে ২০২৪ সালের ৩০ নভেম্বর তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে অভিযোগপত্র দেন হাফিজুল ইসলাম।

সর্বশেষ সব খবর

হাইকোর্টে ১৬ কার্যদিবসে ৭৬ হাজার ৬৬৪ মামলা নিষ্পত্তি

পুরাতন মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম


হাইকোর্ট (ফাইল ফটো)

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১০:০১ এএম

হাইকোর্ট বিভাগের ১২টি ক্রিমিনাল মোশন বেঞ্চে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ৩ হাজার ১৭১টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। এর মাধ্যমে মাত্র ১৬ কার্যদিবসে মোট ৬৯ হাজার ৭৫৭টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হলো। 


সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 




এতে বলা হয়, সম্প্রতি পুরাতন মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং পুরাতন রিট মামলা মিলিয়ে মোট ৭৬ হাজার ৬৬৪টি পুরাতন মামলা নিষ্পত্তি করা হয়েছে।


সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চে দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তির কার্যক্রম চলছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ, মামলা জট হ্রাস এবং বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত এ বিশেষ উদ্যোগের আওতায় ধারাবাহিকভাবে বিপুল সংখ্যক পুরাতন মামলা নিষ্পত্তি করা হচ্ছে। 




বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৭ মে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন এবং রিট মোশন বেঞ্চে বিচারপতিরা দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রিট মামলা নিষ্পত্তির বিশেষ এ কার্যক্রম শুরু করেন। পুরোনো মামলা নিষ্পত্তির এ কার্যক্রম অব্যাহত থাকবে।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৩০ পিএম

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে আইন মেনেই আসতে হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।


এ প্রসঙ্গে তিনি বলেছেন, শেখ হাসিনা আপিল করতে পারবেন না। এটা আবুল কালাম আজাদের মামলাতেই পরিষ্কার হয়েছে। 


বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


আইন সবার জন্যই সমান উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে আইন অত্যন্ত স্পষ্ট। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টে আপিল করতে গেলে তার কী পরিণতি হয়, তা অতীতে আবুল কালাম আজাদের মামলার ক্ষেত্রে আদালত দেখিয়েছেন। আইনে নির্ধারিত সময়ের পর আপিল দায়েরের কোনো সুযোগ নেই।

শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়ার ব্যাপারে তিনি বলেন, ইতঃপূর্বে যারা এ বিষয়ে আইনি ব্যাখ্যা দিয়েছেন, তারা কেউই অপব্যাখ্যা দেননি। সবাই আইনের কথাই বলেছেন এবং সবাই এক সুরেই কথা বলেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রের পক্ষে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বক্তব্য দিয়েছেন এবং ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্যও গণমাধ্যমে এসেছে। আমার মনে হয় যে, এটা আইন এবং আন্তর্জাতিক বিষয় এবং সরকারের পক্ষ থেকে সেটা ব্যাখ্যা দেওয়া হয়েছে-এটা নিয়ে কোনো ধূম্রজাল কিংবা অপব্যাখ্যা কিংবা ভিন্নরকম ব্যাখ্যা দাঁড় করানোর সুযোগ নেই।


বিষয়টিকে আইন ও আন্তর্জাতিক পরিমণ্ডলের অংশ উল্লেখ করে তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে। এখানে কোনো তঞ্চকতা, অপব্যাখ্যা কিংবা ভিন্ন রকম ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। দায়িত্বশীল ব্যক্তিরা আইনগতভাবে, পারস্পরিক বৈদেশিক ও আন্তঃদেশীয় সম্পর্কের ভিত্তিতে সঠিক কথাই বলেছেন।


বিলম্বিত আপিল প্রসঙ্গে অতীত নজির টেনে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আইন তো সবার জন্য একই। আইসিটি ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তি সময় উত্তীর্ণ হওয়ার পরেও কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করেছিলেন। সেই আপিলের ওপরে তারা আইসিটি ট্রাইব্যুনালের আদেশের কার্যকারিতা স্থগিত চেয়েছিলেন। সুপ্রিম কোর্ট কিন্তু সেই ক্ষেত্রে 'ডিলে কনডোনেশন' বা বিলম্ব মওকুফের বিষয়টি দেখেছেন।


তিনি বলেন, আইসিটি ট্রাইব্যুনালের রায়ের পর নির্ধারিত সময়ের পরে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করতে গেলে তার ফলাফল বা কনসিকোয়েন্স কী হতে পারে, তার বড় উদাহরণ আবুল কালাম আজাদের মামলা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দীর্ঘদিন শুনানি হলেও আদালত সেই যুক্তি আমলে নেননি।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ৪:১৬ পিএম

দণ্ডিত পলাতক আসামি হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার কোনো আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলে তার দণ্ড কার্যকরের আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।


মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।


আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ৬ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে দণ্ডিত হয়ে থাকলে এবং তার সাজা কমপক্ষে দুই বছর হলে তাঁকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই।


তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। মানবতাবিরোধী অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের পর্যায়ভুক্ত। এ কারণে তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। পাসপোর্ট অর্ডারের ৬ অনুচ্ছেদের এ, বি, সি ও ই উপধারা সম্মিলিতভাবে বিবেচনা করলে একজন দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার কোনো এখতিয়ার পাসপোর্ট কর্তৃপক্ষের নেই।সংবিধানের ৩৬ অনুচ্ছেদে নাগরিকের বাংলাদেশে প্রবেশ ও দেশত্যাগের অধিকারের কথা উল্লেখ রয়েছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, তবে বিচারিক কার্যক্রম এড়িয়ে পলাতক থাকা কোনো ব্যক্তির ক্ষেত্রে পাসপোর্ট পাওয়ার অধিকার প্রযোজ্য নয়। শেখ হাসিনা নিজের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম এড়িয়ে গেছেন। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ-সংক্রান্ত অন্যান্য আইনি পদক্ষেপও নেওয়া হয়েছে। এমনকি পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।তিনি আরও বলেন, পাসপোর্ট অর্ডারের ৬ অনুচ্ছেদের ই উপধারা অনুযায়ী, কোনো ব্যক্তি নিজের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম এড়িয়ে গেলে বা পলাতক থাকলে তাঁকে পাসপোর্ট দেওয়া যায় না। ফলে শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার আইনগত সুযোগ নেই।


শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক একটি আইনজীবী চেম্বারের ভারতীয় দূতাবাসে পাসপোর্টের আবেদন করার বিষয়েও প্রশ্ন তোলেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, পাসপোর্টের জন্য আবেদন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকেই আবেদন করতে হয়। শেখ হাসিনা নিজে কিংবা তাঁর দলের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। আবেদন করেছে লন্ডনভিত্তিক একটি আইনজীবী চেম্বার।


আমিনুল ইসলাম বলেন, ভারতে অবস্থানরত একজন ব্যক্তির পক্ষে লন্ডনভিত্তিক একটি আইনজীবী চেম্বার কীভাবে আবেদন করছে, সে বিষয়ে তাদের মধ্যে কী ধরনের আইনি চুক্তি হয়েছে, তা স্পষ্ট নয়। এ ধরনের চুক্তি থাকলে তার অনুলিপিও প্রকাশ করা হয়নি। ক্লায়েন্টের সঙ্গে চুক্তি ছাড়া ওই আইনজীবী চেম্বার কীভাবে তাঁর পক্ষে পাসপোর্টের আবেদন করতে পারে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।


চিফ প্রসিকিউটর আরও বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩ স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম সরকার প্রণীত আইন। এই আইনের বিধান অনুযায়ী শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার কোনো সুযোগ নেই। একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস দেওয়া হলে তা বিচারের সঙ্গে রাষ্ট্রের এক ধরনের বিশ্বাসঘাতকতার শামিল হবে।

সর্বশেষ সব খবর