আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

  • প্রকাশ : মঙ্গলবার ০৬ জানুয়ারি, ২০২৬, সময় : ২:৩৭ পিএম

জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করে কোনও বক্তব্য দেওয়া ধৃষ্টতা বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।


মঙ্গলবার (৬ জানুয়ারি) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মানবতাবিরোধী অপরাধের একটি মামলার শুনানির সময় তিনি এসব কথা বলেন।


ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। শুনানিতে জনগণের জানমাল রক্ষায় জুলাইয়ে কারফিউ দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। এ সময় তার কথায় আপত্তি জানায় প্রসিকিউশন।


পরে মামলার বিষয়ে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, আন্দোলনকারীরা ছিলেন নিরস্ত্র মুক্তিকামী। ন্যায্য দাবির জন্য আন্দোলন করেছিলেন তারা। এ ব্যাপারে কোনও প্রশ্ন তোলা যাবে না। কারণ জুলাই চার্টার, জুলাই সনদ ও রাজনৈতিক দলের ঐকমত্যের মাধ্যমে জুলাই-আগস্টের আন্দোলনটি জাতির মুক্তির সংগ্রাম হিসেবে বিবেচিত। এই সংগ্রামকে সন্ত্রাসবাদী আন্দোলন বলার ধৃষ্টতা যেন কেউ না দেখায়। এটা মাথায় নিয়ে তাদের (আসামিপক্ষ) আরগুমেন্ট করতে হবে।


তিনি বলেন, জুলাই-আগস্টের মুক্তির সংগ্রামকে দমন করতে কারফিউ দেওয়া হয়েছিল। এটি কোনও আইনসম্মত ছিল না। এটি ছিল গণহত্যাকে ফ্যাসিলিটেট করার একটি নির্দেশ বা পরিকল্পনা। কেননা, নিরস্ত্র মানুষকে পাখির মতো মারা হয়েছে। শিশুদের মারা হয়েছে। পুড়িয়ে হত্যা করা হয়েছে। এসবই প্রমাণ করে কারফিউ কোনও শান্তিপূর্ণ উদ্দেশ্যে ছিল না। কারফিউ ছিল গণহত্যা চালানোর জন্য।


তাজুল ইসলাম বলেন, এ মামলায় উল্লেখযোগ্য প্রমাণাদির মধ্যে একটি হলো আসামিদের পরস্পরের মধ্যে টেলিফোনে শলাপরামর্শ করা। আন্দোলন দমনে তারা একে-অপরের সঙ্গে পরিকল্পনা ও ষড়যন্ত্র করেছেন। সংশ্লিষ্টদের নির্দেশনাও দিয়েছেন। ইন্টারনেট বন্ধ থাকায় টেলিফোনে কথা বলতে বাধ্য হয়েছিলেন তারা। এনটিএমসি থেকে তাদের ফোনালাপের রেকর্ড আমরা উদ্ধার করেছি। আইনগত কর্তৃত্ব ছাড়াই বিরোধী দলকে দমনের উদ্দেশ্যে সারভাইলেন্সের (নজরদারি) কাজ করতো রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠান। অথচ অন্যের জন্য করে রাখা গর্তে নিজেরাই পতিত হয়েছেন। দুই কাঁধে দুই ফেরেশতা যেমন মানুষের আমলনামা লিখে রাখেন, এনটিএমসিও এই অপরাধীদের আমলনামা লিখে রেখেছিল—যা তারা বুঝতেই পারেননি।


এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালীন কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে হত্যার উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য আগামী ১২ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।




হাইকোর্ট।

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪৯ এএম

অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা ও জনসচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালার ৬ বিধি এবং সড়ক পরিবহন আইনের ৪৫ ধারা অনুসারে এসব কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।


জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রোববার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান রিটকারী পক্ষের আইনজীবী হাসানুল বান্না। একই বিজ্ঞপ্তিতে শব্দদূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টের দেওয়া আরও কয়েকটি নির্দেশনার কথাও তুলে ধরা হয়েছে।


সেগুলো হচ্ছে-  নীরব এলাকার (সাইলেন্ট জোনস) ক্ষেত্রে যথাযথ চিহ্ন বা সাইনর্বোড স্থাপন; শব্দ নিয়ন্ত্রণে নীরব এলাকার জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠনের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ ও মতবিনিময়; বিভিন্ন কর্মসূচি পালন ও মোবাইলে বিশেষ বার্তা দেওয়া।


এ ছাড়া শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার ৮ বিধি অনুসারে আতশবাজি ও পটকার ব্যবহার নিয়ন্ত্রণ করতেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ৮ ধারা অনুযায়ী শব্দ দূষণ সংক্রান্ত অভিযোগ, অসন্তোষ নিষ্পত্তির জন্য একটি বিশেষ ও স্বচ্ছ ব্যবস্থা চালু করার নির্দেশও দেওয়া হয়েছে।     


পাশাপাশি শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার বিধান তুলে ধরে রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতেও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। পুলিশের মহাপরিদর্শক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসককে এসব নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।


নির্দেশপ্রাপ্তদের তিন মাস পর পর আদালতে বাস্তবায়ন প্রতিবেদন দাখিল করতে বলেছেন হাইকোর্ট।


প্রযোজ্য আইন ও নীতিমালা অনুযায়ী শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন সংবিধান পরিপন্থি, বেআইনি, জননিরাপত্তা ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। একই সঙ্গে প্রযোজ্য আইন, বিধিমালা ও বিল্ডিং কোড অনুযায়ী নীরব এলাকায় এবং নির্মাণকাজ, শিল্পপ্রতিষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, উৎসব ও যানবাহন থেকে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে সে ব্যাখ্যাও চেয়েছেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আশরাফ আলী।


  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ২:০৮ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।


তিনি বলেন, ‘১৯৭৩ সালে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রণীত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন অনুযায়ী নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করলে পলাতক আসামির আর আপিলের সুযোগ থাকে না। শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে আইনি প্রক্রিয়া মেনেই ফিরতে হবে।’


শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।


তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। এখন প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত ভারতের।আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ ধরনের মামলায় আপিলের নির্ধারিত সময় পার হলে তা মওকুফের (কনডোনেশন) কোনো আইনি সুযোগ নেই। বিশেষ আইনেই এ সুযোগ রাখা হয়নি। শেখ হাসিনার সরকারই এই আইন করে গেছে। সংবিধানের ৪৭ অনুচ্ছেদের ৩ উপঅনুচ্ছেদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তির ক্ষেত্রে মৌলিক অধিকারের দাবির সুযোগও সীমিত করা হয়েছে।


আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারায় ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের বিধান রয়েছে। এ ধারার উপধারা (১) অনুযায়ী, দণ্ডিত ব্যক্তি দণ্ড ও দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারেন। তবে উপধারা (৩) অনুযায়ী, দণ্ডাদেশ, খালাসের আদেশ বা সাজা ঘোষণার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। নির্ধারিত সময় পার হলে আর আপিলের সুযোগ থাকে না। ২০১৩ সালের সংশোধনীর মাধ্যমে ধারাটির বর্তমান বিধান যুক্ত করা হয়।


২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।


এদিকে দেশের বিভিন্ন জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এ কাজে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, তদন্ত দল ও প্রসিকিউশন স্বাধীনভাবে কাজ করবে। তাদের কাজে সরকার হস্তক্ষেপ করবে না। তদন্তের প্রয়োজনে তারা যখন যে ধরনের সহযোগিতা চাইবে, সরকার তা দেবে।


দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন স্বাধীনভাবে কাজ করবে। সরকার তাদের কাজে হস্তক্ষেপ করবে না।


সাক্ষী সুরক্ষার বিষয়ে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, বিষয়টি সরকার পর্যালোচনা করছে।


  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১:১১ পিএম

নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসা অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে স্থানীয় বাসিন্দারা তাকে অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে কর্ণফুলীর সিডিএ টেক এলাকার ওই ভাড়া বাসায় অবস্থান করছিলেন কামাল উদ্দিন। তার অবস্থানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন একত্রিত হয়ে বাসাটি ঘেরাও করেন। একপর্যায়ে তাকে আটক করে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।


আটকের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ জানান, স্থানীয় লোকজন ওই আইনজীবীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


পেশায় আইনজীবী এম কামাল উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের বহিষ্কৃত আইনবিষয়ক সম্পাদক ছিলেন। অতীতে তিনি চট্টগ্রাম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবেও যুক্ত ছিলেন তিনি।উল্লেখ্য, গত অক্টোবর মাসে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দেন কামাল উদ্দিন। নিজেকে ওই কমিটির সভাপতি পরিচয় দিয়ে দেওয়া তার বক্তব্যের ভিডিও ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়।


পরকীয়ার জেরে স্ত্রী আয়শা বেগমকে হত্যার দায়ে স্বামী ছিদ্দিক আহমদ লাদেনকে মৃত্যুদণ্ড। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৪৮ পিএম

সিলেটের বিয়ানীবাজারে পরকীয়ার জেরে স্ত্রী আয়শা বেগমকে হত্যার দায়ে স্বামী ছিদ্দিক আহমদ লাদেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি ফখরুল ইসলাম ওরফে ফখরু মেম্বারকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (১২ নভেম্বর)  দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালত-২-এর  অতিরিক্ত জেলা জজ শেখ নাজমুন নাহার এ রায় ঘোষণা করেন।


আদালতের সরকারি কৌঁসুলি রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৬ সালে বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামের আলা উদ্দিনের ছেলে ছিদ্দিক আহমদ লাদেন (৪২) পরকীয়ার জেরে তার স্ত্রী আয়শা বেগমকে হত্যা করেন। হত্যার পর ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান তিনি। পরে পুলিশ ওই ঘর থেকে আয়শার মরদেহ উদ্ধার করে।


এ ঘটনায় ২০১৬ সালের ২০ মার্চ বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলায় ছিদ্দিক আহমদ লাদেন ও একই গ্রামের মৃত আয়াজ আলীর ছেলে ফখরুল ইসলাম ওরফে ফখরু মেম্বারকে আসামি করা হয়। পরে পুলিশ দুজনকেই গ্রেপ্তার করে। পিপি  জানান, মামলায় ২৩ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত লাদেনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।


তবে অপর আসামি ফখরুল ইসলামকে অভিযোগ থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।


প্রতীকী ছবি

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৫৮ পিএম

আপনার নামে জমির খতিয়ান, ভূমি উন্নয়ন করও নিয়মিত পরিশোধ করছেন, এমনকি নামজারিও হয়েছে; কিন্তু জমির মালিকানা প্রমাণের জন্য প্রয়োজনীয় দলিল নেই। এমন পরিস্থিতিতে অনেকেই মনে করেন, সরকারি রেকর্ডে নাম থাকলেই জমির মালিকানা নিশ্চিত। তবে বাস্তবতা ভিন্ন। শুধু নামজারি বা খতিয়ানে নাম থাকলেই কোনো ব্যক্তি জমির মালিক হয়ে যান না। জমির মালিকানা কীভাবে অর্জিত হয়েছে, তার বৈধ ভিত্তি কী এবং সেই মালিকানার পক্ষে কী কী প্রমাণ রয়েছে; সেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ।


বাংলাদেশের ভূমি আইন ও উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্তে বলা হয়েছে, খতিয়ান নিজে মালিকানা সৃষ্টি করে না। তবে খতিয়ানের তথ্যের আইনি গুরুত্ব রয়েছে। অন্যদিকে নিবন্ধিত দলিল, উত্তরাধিকার, আদালতের ডিক্রি কিংবা সরকারের বৈধ বন্দোবস্তের মতো মালিকানা অর্জনের ভিত্তি আলাদাভাবে বিবেচনা করতে হয়।


এখন আপনার নামজারি আছে কিন্তু দলিল নেই—এমন পরিস্থিতিতে জমি নিজের দাবি করা যাবে কি না, দলিল হারিয়ে গেলে কী করতে হবে এবং কোন পরিস্থিতিতে নামজারি থাকা সত্ত্বেও মালিকানা নিয়ে সমস্যা হতে পারে, তা জানা জরুরি। 


নামজারি থাকলেই কি জমির মালিক হওয়া যায়? এর উত্তর হলো, না। নামজারি থাকাকে জমির মালিকানার চূড়ান্ত প্রমাণ হিসেবে বিবেচনা করা যায় না। নামজারি বা মিউটেশন হলো জমির মালিকানা হস্তান্তর, উত্তরাধিকার কিংবা অন্য বৈধ কারণে ভূমি রেকর্ড হালনাগাদ করার প্রশাসনিক প্রক্রিয়া। এর মাধ্যমে সরকারি খতিয়ানে নতুন মালিক বা স্বত্বাধিকারীর নাম অন্তর্ভুক্ত করা হয় এবং ভূমি উন্নয়ন কর আদায়ের রেকর্ড হালনাগাদ করা হয়।


রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০-এর ১৪৩ ধারায় হস্তান্তর ও উত্তরাধিকারের কারণে রেকর্ড অব রাইটস হালনাগাদ করার বিধান রয়েছে। অর্থাৎ, জমির মালিকানা পরিবর্তনের পর সরকারি রেকর্ডে সেই পরিবর্তন প্রতিফলিত করাই নামজারির অন্যতম উদ্দেশ্য।


কিন্তু নামজারির আবেদন অনুমোদন হওয়ার অর্থ এই নয় যে, আবেদনকারী স্বয়ংক্রিয়ভাবে জমিটির মালিকানা অর্জন করেছেন। তিনি যে সূত্রে জমির মালিকানা দাবি করছেন, সেই সূত্রের বৈধতা থাকতে হবে।


উদাহরণস্বরূপ, কেউ অন্যের জমি নিজের নামে নামজারি করিয়ে নিলেই জমিটি তার হয়ে যাবে না। যদি জমি পাওয়ার পেছনে বৈধ দলিল, উত্তরাধিকার বা অন্য কোনো আইনগত ভিত্তি না থাকে, তাহলে শুধু নামজারির ওপর নির্ভর করে মালিকানা প্রতিষ্ঠা করা সম্ভব নয়।


সরকারি ভূমি মন্ত্রণালয়ের ব্যাখ্যাতেও খতিয়ানকে মালিকানার দলিল হিসেবে বিবেচনা করা হয়নি। নামজারি আছে কিন্তু দলিল নেই, কী করবেন?


এমন পরিস্থিতিতে প্রথমেই জানতে হবে, কোন ভিত্তিতে জমিটি নিজের নামে নামজারি করা হয়েছে। নামজারির আবেদন ও অনুমোদনের সময় জমির মালিকানা অর্জনের যে কাগজপত্র জমা দেওয়া হয়েছিল, সেগুলো সংগ্রহ করতে হবে।


এরপর কয়েকটি বিষয় যাচাই করা জরুরি।


প্রথমত, নামজারি মামলার নথি সংগ্রহ করে দেখতে হবে কোন দলিল, উত্তরাধিকার বা অন্য কোন আইনগত ভিত্তিতে নামজারি অনুমোদন করা হয়েছে।


দ্বিতীয়ত, আগের মালিকের খতিয়ান ও মালিকানার দলিল পরীক্ষা করতে হবে। তিনি নিজে বৈধভাবে জমির মালিক ছিলেন কি না, সেটি নিশ্চিত হওয়া প্রয়োজন।


তৃতীয়ত, জমিটি উত্তরাধিকার সূত্রে পাওয়া হলে মৃত ব্যক্তির মালিকানার প্রমাণ, ওয়ারিশদের পরিচয় এবং প্রত্যেকের প্রাপ্য অংশ যাচাই করতে হবে।


চতুর্থত, জমিটি কেনার মাধ্যমে পাওয়া হলে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে দলিলের রেকর্ড অনুসন্ধান করে সার্টিফায়েড কপি সংগ্রহ করতে হবে।


সবশেষে জমির দাগ, খতিয়ান, পরিমাণ, সীমানা এবং বাস্তব দখলের তথ্য মিলিয়ে দেখতে হবে। কোনো অসংগতি পাওয়া গেলে অভিজ্ঞ ভূমি আইনজীবীর মাধ্যমে কাগজপত্র পরীক্ষা করানো উচিত।


তবে কোনো ব্যক্তির নামে ভুল তথ্য, জাল কাগজপত্র কিংবা বৈধ মালিকানার ভিত্তি ছাড়া নামজারি হয়ে থাকলে তা চ্যালেঞ্জ করা যেতে পারে।


এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ভূমি কর্তৃপক্ষের কাছে প্রযোজ্য নিয়মে আবেদন বা আপিল করা যেতে পারে। বিরোধের ধরন অনুযায়ী দেওয়ানি আদালতে মালিকানা ঘোষণা, দলিল বাতিল বা প্রয়োজনীয় অন্যান্য প্রতিকার চাওয়ার বিষয়ও আসতে পারে।


তবে নামজারি বাতিলের প্রক্রিয়া এবং জমির চূড়ান্ত মালিকানা নির্ধারণ এক বিষয় নয়। ভূমি প্রশাসনের রেকর্ড সংশোধনের ক্ষমতা থাকলেও জটিল স্বত্ববিরোধের চূড়ান্ত নিষ্পত্তি দেওয়ানি আদালতের এখতিয়ারের বিষয় হতে পারে।


বিশেষ করে জমির ওপর একাধিক ব্যক্তি মালিকানা দাবি করলে শুধু নামজারি বাতিলের আবেদন করেই সমস্যার সমাধান নাও হতে পারে। তখন সব পক্ষের দলিল, মালিকানা অর্জনের ইতিহাস এবং অন্যান্য প্রমাণ পরীক্ষা করা প্রয়োজন।


পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩৬ পিএম

অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আরও পাঁচজন সাক্ষ্য দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে এ সাক্ষ্যগ্রহণ করা হয়।


সাক্ষীদের জবানবন্দি রেকর্ড শেষে আগামী ১৯ নভেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন বিচারক। এ নিয়ে এই মামলায় ৪৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।


সাক্ষ্য দেওয়া ব্যক্তিরা হলেন—প্রাইম ব্যাংকের এফএভিপি মো. কাদের হোসেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপক রাজিউর রহমান জাহিদ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এফএভিপি মো. এনামুল হক, পুলিশ সদর দপ্তরের এএসআই মো. আল আমিন এবং বান্দরবানের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক। নথি থেকে জানা গেছে, গত ৮ মার্চ ঢাকার মহানগর দায়রা জজ মামলার অভিযোগপত্র আমলে গ্রহণ করে বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।


এজাহার থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে বেনজীরের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। পরে ২০২৪ সালের ৩০ নভেম্বর তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে অভিযোগপত্র দেন হাফিজুল ইসলাম।