শীত এলেই ঘুম বাড়ে।
শীত পড়তেই সকালে আয়েশ করে ঘুমাতে কার না ভালো লাগে! এই সময় বিছানা ছাড়তে মনই চায় না, উষ্ণ কম্বলের ভেতর আরেকটু সময় কাটিয়ে দেওয়ার লোভ সামলানোই কঠিন। কিন্তু দেরি করে ঘুম থেকে উঠলে শুধু কাজের ব্যাঘাতই ঘটে না, শরীর ও মনেও পড়ে নেতিবাচক প্রভাব। এ সময়ে এমন অবস্থা খুব সাধারণ এবং প্রায় সবারই হয়। বিশেষজ্ঞদের মতে, এর পেছনে রয়েছে প্রকৃতি ও শরীরের ছন্দের সূক্ষ্ম সম্পর্ক।
আসুন জেনে নেওয়া যাক এ সময়ে ক্লান্ত লাগে কেন-
১. সূর্যের আলো কমে গেলে
সূর্যের আলো আমাদের ঘুমের চক্র নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শীতকালে দিনের দৈর্ঘ্য ছোট হয়ে আসায় শরীর কম আলো পায়, আর তার সরাসরি প্রভাব পড়ে শরীরের সার্কেডিয়ান রিদম বা ঘুম-জাগরণের প্রাকৃতিক ঘড়িতে। আলো কমে গেলে শরীরে মেলাটোনিন হরমোনের উৎপাদন বেড়ে যায়, যা ঘুম, আলসেমি ও ক্লান্তি তৈরি করে। এই অবস্থাকেই বলা হয় ‘উইন্টার ফ্যাটিগ সিন্ড্রোম’। শরীর তখন মস্তিষ্ককে সংকেত দেয় যে বিশ্রামের সময় এসেছে।
২. ভিটামিন ডি- এর অভাবে
শীতের আরেকটি বড় পরিবর্তন হলো সূর্যের আলো কম পাওয়া। সূর্যের আলো না থাকলে শরীরে ভিটামিন ডি স্বাভাবিকভাবে তৈরি হয় না। এই ভিটামিনের ঘাটতি থেকে ক্লান্তি, মন খারাপ, শক্তি কমে যাওয়া এবং মাংসপেশির দুর্বলতা দেখা দিতে পারে। আবার ঠান্ডার সময় অনেকেই ঘরে থাকতে পছন্দ করেন, বাইরে যাওয়া ও ব্যায়াম কম হয়, রক্ত সঞ্চালনও ধীর হয়ে পড়ে। সব মিলিয়ে শরীরে অলসতা আরও বেড়ে যায়।
৩. সূর্যের আলো কারণে মানসিক প্রভাব
মনোবিজ্ঞানীদের মতে, শীতে সূর্যের আলো কম পাওয়ায় মানসিকভাবেও প্রভাব ফেলে। আলো কমলে সেরোটোনিন নামের হরমোন কমে যায়, যা আমাদের মুড বা অনুভূতি নিয়ন্ত্রণ করে। এর ফলে অনেকের মধ্যে ‘উইন্টার ব্লুজ’ বা হালকা বিষণ্ণতা দেখা দেয়। এই অবস্থা থেকে মন ভারী লাগে, কর্মক্ষমতা কমে যায় এবং সারাদিনই ক্লান্তি ঘিরে ধরে।
৪. খাদ্যাভ্যাসের কারণে
এ সময় খাদ্যাভ্যাসও বড় ভূমিকা রাখে। শীতে অনেকেই ভারী ও কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার বেশি খেয়ে ফেলেন, যা শরীরকে আরও ঘুম ও অলস করে তুলতে পারে। সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাপনের সামান্য পরিবর্তনেই শীতের এই ক্লান্তি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।
ক্লান্তি দূর করতে যা করবেন
ক্লান্তি কাটানো সম্ভব কিছু সহজ পরিবর্তনের মাধ্যমে। সকালে ঘুম থেকে উঠে জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ঘরে ঢুকতে দিন। দিনের শুরুতে প্রাকৃতিক আলো শরীরকে জাগিয়ে তোলে এবং শক্তির মাত্রা বাড়ায়। যদি সম্ভব হয়, কয়েক মিনিটের জন্য বাইরে হাঁটতে বের হন। হালকা ব্যায়াম ও তাজা বাতাস শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং অলসতা দূর করে।
এর পাশাপাশি প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং জাগার অভ্যাস বজায় রাখাও অত্যন্ত জরুরি। এতে শরীরের অভ্যন্তরীণ ঘড়ি স্থিতিশীল থাকে, ঘুমের মান ভালো হয় এবং দিনের বেলায় ক্লান্তি ও ঘুম উল্লেখযোগ্যভাবে কমে আসে।
এ সময়ে খাবারেও সচেতন হওয়া দরকার। বেশি তেল-চর্বিযুক্ত ভারী খাবার খেলে শরীর আরও অলস হয়ে পড়ে, তাই ওটস, ডিম, ডাল, শাকসবজি ও ফলের মতো হালকা কিন্তু পুষ্টিকর খাবার বেছে নেওয়া ভালো। একই সঙ্গে পানি পান করার অভ্যাসও বজায় রাখতে হবে। শীতে তৃষ্ণা কম থাকলেও শরীরের পানির প্রয়োজন কিন্তু কমে না, তাই নিয়মিত পর্যাপ্ত পানি পান করা জরুরি।
এছাড়া প্রতিদিনের খাবারে রঙিন ফল ও সবজি রাখার চেষ্টা করতে পারেন। কমলালেবু, পালং শাক, বাদামসহ এমন অনেক খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট এবং বি-ভিটামিন থাকে, যা শরীরে শক্তি জোগায় এবং ক্লান্তি কমাতে সাহায্য করে। দিনের শেষের দিকে অতিরিক্ত চা বা কফি পান করলে তা ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে এবং উল্টো পরদিন আরও ক্লান্ত লাগতে পারে, তাই ক্যাফেইন গ্রহণেও নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন।
বিশেষজ্ঞরা বলছেন, যদি শীতকালে অতিরিক্ত ক্লান্তি বা ঘুম দীর্ঘদিন ধরে থাকে, তাহলে রক্ত পরীক্ষা করিয়ে ভিটামিন ডি বা থাইরয়েডের মাত্রা জেনে নেওয়া উচিত। কারণ অনেক সময় এই ঘাটতিগুলো ক্লান্তির প্রধান কারণ হয়ে দাঁড়ায়।
পুদিনা পাতা। খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি এই গাছটি বাড়ি থেকে পোকামাকড় দূরে রাখতেও সাহায্য করে।
নিয়মিত ঘরবাড়ি পরিষ্কার রাখার পরেও মশা, মাছি অন্যান্য পোকামাকড়ের উপদ্রবে অতিষ্ঠ হলে বাড়িতে কয়েকটি গাছ রোপণ করা যেতে পারে- যেগুলোর গন্ধ মশা, মাছি, পিঁপড়া বা অন্যান্য পোকামাকড়কে দূরে রাখতে সাহায্য করে।
পুদিনা পাতা
খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি এই গাছটি বাড়ি থেকে পোকামাকড় দূরে রাখতেও সাহায্য করে। পুদিনা পাতার শক্তিশালী শীতল গন্ধ পিঁপড়া, মাকড়সা কিংবা মশার মতো পোকামাকড়ের আনাগোনা কমাতে সাহায্য করে। একটি ছোট পাত্রে পুদিনা পাতা বসিয়ে এটি বাড়ির দরজা, জানালা অথবা বারান্দার কাছে রাখা যেতে পারে। পুদিনা পাতা এমন একটি গাছ যা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। এছাড়া পুদিনা পাতার ছোট্ট একটি ডাল লাগালে তা থেকে খুব সহজেই আরও অনেক গাছ তৈরি হয়ে যায়।
গাঁদা গাছ
ছাদ বাগান হোক কিংবা বারান্দায় হলুদ ও কমলা রঙের গাঁদা ফুল গাছ দেখতে খুবই সুন্দর লাগে। এই ফুল দেখতে যেমন সুন্দর তেমনই এই ফুলের একটি বিশেষ গন্ধও রয়েছে। কিছু ক্ষতিকর কীটপতঙ্গ আছে যারা গাঁদা গাছের গন্ধ পছন্দ করে না। বিশেষ করে বাড়িতে গাঁদা গাছ থাকলে তা সাদামাছি কিংবা গাছপালার ক্ষতি করে এমন কিছু পোকামাকড় দূরে রাখতে সাহায্য করে। পর্যাপ্ত সূর্যের আলো পেলে গাঁদা গাছে প্রচুর ফুলও ফোটে।
তুলসী গাছ
ভারতীয়দের কাছে তুলসী গাছ দেবী রূপে পূজিত হয়। কমবেশি সবার বাড়িতেই এই গাছটি থাকে। পুজো করার পাশাপাশি তুলসী গাছ অনেকে স্বাস্থ্যের কথা ভেবেও রোপণ করেন। এই গাছের শক্তিশালী সুগন্ধ কিছু পোকামাকড় দূরে রাখতে সাহায্য করে। তুলসীপাতায় যে প্রাকৃতিক তেলের গন্ধ থাকে তা মশা সহ অন্যান্য পোকামাকড় পছন্দ করে না। তুলসী গাছ বাড়ির উঠোন,বারান্দা বা জনালার কাছে রাখা যেতে পারে। এই গাছের জন্য সূর্যের আলো এবং জল খুবই জরুরি।
লেমন গ্রাস
বাড়িতে যদি মশার ব্যাপক উপদ্রব থাকে তাহলে লেমন গ্রাস লাগানো যেতে পারে। এই গাছের পাতা থেকে লেবুর মতো গন্ধ বের হয়, যা বাড়িতে মশা পোকামাকড়ের উৎপাত কমায়। বাড়িতে এই গাছ লাগানো হলে মশার উপদ্রব কমে। এই গাছ থেকে তৈরি সুগন্ধি তেল, মশা প্রতিরোধক পণ্য তৈরিতে ব্যবহার করা হয়। এই গাছটি বাড়ির বারান্দা কিংবা উঠোনে রোপণ করা যেতে পারে। লেমন গ্রাসের জন্য পর্যাপ্ত সূর্যের আলো প্রয়োজন।
ল্যাভেন্ডার গাছ
ল্যাভেন্ডারের সুন্দর সুগন্ধ আর বেগুনি রঙ এটিকে অন্য সমস্ত গাছের থেকে আলাদা করে তোলে। তবে ল্যাভেন্ডারের সুগন্ধ অনেক পোকামাকড় পছন্দ করে না। তাই বাড়িতে এই গাছ থাকলে এর গন্ধ পেয়েই মশা, মাছি কিংবা অন্যান্য পতঙ্গ দূরে চলে যায়। এই গাছটি বাড়ির বারান্দা জানালা অথবা প্রধান গেটের সামনে বসানো যেতে পারে। ল্যাভেন্ডার গাছ সূর্যের আলো পছন্দ করে। তাই এই গাছটি এমন জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত সূর্যের আলো এসে পৌঁছায়। এছাড়া এই গাছের মাটির জল নিষ্কাশনের ভাল ব্যবস্থা থাকাও জরুরি।
ছবি : সংগৃহীত
রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে হৃদরোগ, হৃদরোগজনিত জটিলতা এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। এ কারণে হৃদযন্ত্র ও রক্তনালীর স্বাস্থ্য ভালো রাখতে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। অনেকেই রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে চিকিৎসকের পরামর্শে ওষুধ খান। চাইলে কোলেস্টেরলের পরিমাণ ঠিক রাখতে ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। সেক্ষেত্রে নিয়মিত ওটমিল খেলে উপকার পাওয়া যায়। এছাড়াও কিছু ভেষজ চা কোলেস্টেরলের পরিমাণ ঠিক রাখতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। যেমন-
আদা চা
অনেকেই বদহজম বা বমিভাব দূর করার জন্য আদা চা খান। জনপ্রিয় এই ভেষজ চা খারাপ কোলেস্টেরল কমাতেও দারুণ কার্যকর। আদায় থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি (এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
হলুদ চা
হলুদও খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত কার্যকর। পেশি বা গাঁটে ব্যথা ও ফোলাভাব অনুভব করলে এক কাপ সদ্য তৈরি হলুদের চা পান করতে পারেন।
জবা ফুলের চা
জবা ফুলও ক্ষতিকর কোলেস্টেরলের বিরুদ্ধে লড়াই করতে দারুণ কার্যকর। এক কাপ জবা ফুলের চা পান করলে তা শরীরে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বাড়তে দেয় না। বিশেষজ্ঞদের মতে, জবা ফুলের চা শরীরে এইচডিএল বা ‘ভালো’কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে ক্ষতিকর কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
তুলসী চা
আয়ুর্বেদ শাস্ত্রে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার প্রতিকার ও প্রতিরোধে ব্যবহৃত হয় তুলসি চা। এর মধ্যে রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমানো অন্যতম। তাই প্রতিদিন ওটমিল খেয়ে বিরক্ত হয়ে থাকলে, মাঝে মাঝে এক কাপ তুলসী চা পান করে দেখতে পারেন।
মেথি চা
আপনি যদি শরীরের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে চান, তবে আপনার দৈনন্দিন খাদ্যতালিকায় মেথি চা অন্তর্ভুক্ত করতে পারেন। এই ভেষজ চা অত্যন্ত কার্যকর, কারণ এটি খাবার থেকে ক্ষতিকর কোলেস্টেরল শরীরে শোষিত হতে বাধা দেয় বলে মনে করা হয়।
শরীরে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কার্যকরভাবে কমাতে চাইলে, এই চাগুলো পান করার পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখুন এবং নিয়মিত শরীরচর্চা করুন।
ইলিশ মাছ
নিষেধাজ্ঞা শেষে আবারও বাজারে দেখা মিলছে ইলিশ মাছের। মাছের পাশাপাশি অনেকেই ইলিশের ডিম খেতে পছন্দ করেন। এ কারণে কেউ কেউ বাজার থেকে ডিমওয়ালা ইলিশ কেনেন। সাধারণ পেটের গড়ন দেখে এমন মাছ চেনা যায়। যারা পেটে ডিম আছে এমন ইলিশ মাছ কিনতে চান তারা কিছু টিপস অনুসরণ করতে পারেন। যেমন-
১. ডিমওয়ালা ইলিশের পেট সাধারণত তুলনামুলকভাবে মোটা ও ফোলা হয়।
২. পেটের নিচের অংশে চাপ দিলে নরম ও ভরাট অনুভূত হতে পারে।
৩. মাছের পেটের অংশ অন্য অংশের তুলনায় কিছুটা ভারী হতে পারে।
৪. কেনার সময় মাছের পেটের আকার দুই পাশ থেকে ভালো করে লক্ষ্য করুন।
৫. পেটে ডিম থাকলে অনেক সময় মাছের পেট কিছুটা ঢিলেঢালা দেখায়।
৬. সবসময় অবশ্য পেট দেখে ডিম থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায় না। সবচেয়ে নিশ্চিত উপায় হলো পেট কেটে দেখা। ভেতরে ডিমের থলি বা ডিমের দানা থাকলে বোঝা যাবে মাছটি ডিমওয়ালা।
মনে রাখবেন ,ডিমওয়ালা ইলিশের পেট সব সময় ফোলা থাকে না। আবার খাবার বা অন্য কারণেও পেট ফোলা মনে হতে পারে। তাই মাছ কেনার সময় চোখের স্বচ্ছতা, ফুলকার রং, গন্ধ ও মাছটি তাজা কিনা তা যাচাই করা জরুরি।
ছবি : সংগৃহীত
দুধের সঙ্গে কলা মিশিয়ে খাওয়া অনেকেরই পছন্দের। কেউ সকালে, কেউ বা বিকালের নাশতায় এই খাবার খান। কেউ আবার কলা দিয়ে মিল্কশেক তৈরি করে খেতে ভালোবাসেন। কিন্তু প্রশ্ন হলো, দুধের সঙ্গে কলা একসঙ্গে খাওয়া কি সত্যিই স্বাস্থ্যের জন্য উপকারী? এ নিয়ে বিভিন্ন তথ্য জানানো হয়েছে ‘টিভিনেইনে’র এক প্রতিবেদনে।
দুধের সঙ্গে কলা খাওয়ার উপকারিতা
১. দুধ ও কলা একসঙ্গে খেলে শরীর কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট পায়। ফলে এটি একটি শক্তিদায়ক খাবার হিসেবে কাজ করতে পারে। বিশেষ করে ব্যায়ামের পর এটি খাওয়া ভালো।
২. যারা স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়াতে চাইছেন, তারা খাদ্যতালিকায় এই খাবার রাখতে পারেন। কারণ দুটিতে একসঙ্গে পর্যাপ্ত ক্যালরি ও পুষ্টি পাওয়া যায়। তবে ওজন বাড়ার জন্য সারাদিনের মোট ক্যালরি গ্রহণ খরচের তুলনায় বেশি হতে হবে।
৩. দুধের প্রোটিন পেশির বৃদ্ধি ও পুনর্গঠনে সহায়তা করে। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি দুধ ও কলা খেলে প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যেতে পারে।
৪. দুধে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৫. দুধের প্রোটিন এবং কলার ফাইবার পেট কিছুটা বেশি সময় ভরা রাখতে পারে। এ কারণে মাঝেমধ্যে স্বাস্থ্যকর নাশতা হিসেবে এটি খাওয়া যেতে পারে।
দুধের সঙ্গে কলা খেলে কি কোনও ক্ষতি হয়?
অনেকের ধারণা, দুধ ও কলা একসঙ্গে খেলে শরীরে বিষক্রিয়া হয় বা হজমের সমস্যা তৈরি হয়। কিন্তু এরকম কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তবে কারও কারও শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে, তাদের দুধ খেলে গ্যাস, পেট ফাঁপা বা ডায়রিয়া হতে পারে। আবার যারা হজমজনিত সমস্যায় ভুগছেন তারা বেশি পরিমাণে দুধ-কলা খেলে পেটে ভারী ভাব হতে পারে। এছাড়া দুধ, কলা, চিনি ও মধু দিয়ে বড় গ্লাস মিল্কশেক তৈরি করলে ক্যালরির পরিমাণ অনেক বেড়ে যেতে পারে। ডায়াবেটিস থাকলে কলা ও দুধের পরিমাণ সীমিত রাখা জরুরি। অতিরিক্ত চিনি মেশানো একেবারেই উচিত নয়।
দুধ ও কলা খাওয়ার সঠিক নিয়ম
একটি মাঝারি আকারের পাকা কলা এবং এক গ্লাস দুধ দিয়ে শুরু করতে পারেন। অতিরিক্ত চিনি বা মিষ্টি সিরাপ মেশানোর প্রয়োজন নেই। সকালের নাশতা হিসেবে অথবা ব্যায়ামের পরে এটি খেতে পারেন। যাদের দুধ খেলে পেটের সমস্যা হয়, তারা ল্যাকটোজমুক্ত দুধ ব্যবহার করতে পারেন। প্রতিদিনের খাদ্যতালিকায় অন্যান্য ফল, শাকসবজি, ডাল ও প্রোটিনের উৎসও রাখতে হবে।
রাতে দুধের সঙ্গে কলা খাওয়া কি ভালো?
অনেকেই মনে করেন, রাতে দুধের সঙ্গে কলা খাওয়া উচিত নয়। কিন্তু সুস্থ মানুষের ক্ষেত্রে রাতে এই দুটি খাবার একসঙ্গে খাওয়ার কোনো সাধারণ নিষেধাজ্ঞা নেই। তবে রাতে বেশি পরিমাণে খেলে কারও কারও পেট ভারী লাগতে পারে। তাই ঘুমানোর ঠিক আগে না খেয়ে কিছুটা আগে খাওয়া ভালো।
প্রতীকী ছবি
আধুনিক সমাজে শিশুর বেড়ে ওঠা অনেকটা যান্ত্রিক হয়ে গেছে। আগেকার শৈশবের সেই কোলাহলের এখন আর দেখা মেলে না। দেশীয় ঐতিহ্যের গ্রামীণ খেলাগুলো যেন হ্যামিলনের বাঁশিওয়ালার সঙ্গে হারিয়ে গেছে। সেখানে জায়গা করে নিয়েছে স্মার্টফোন। কেন বলছি এসব? কারণ আজকের পৃথিবীতে শিশুরা এমন এক পরিবেশে বড় হচ্ছে, যেখানে সর্বত্র স্ক্রিনের রাজত্ব।
ড্রয়িংরুম, ক্লাসরুম, গাড়ি, এমনকি খাবার টেবিলও স্ক্রিনের দখলে। সময়ের সঙ্গে পাল্লা দিতে হলে স্ক্রিন টাইমের ব্যবহার দরকার আছে। কিন্তু তা হতে হবে নিয়ন্ত্রিত। যখন স্ক্রিন টাইম বেশি হয়ে যায় তখন সময় একঘেয়ে হয়ে ওঠে বা ঘুম, খেলাধুলার জায়গা দখল করে নেয়। এটাই মূল আশঙ্কার জায়গা। তখন এর প্রভাব কেবল স্ক্রিনেই সীমাবদ্ধ থাকে না, বরং শিশুর সার্বিক বিকাশে ছড়িয়ে পড়ে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস এবং সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের সঙ্গে শিশুদের কম ঘুম, দেরিতে কথা বলা, মনোযোগের সমস্যা এবং শারীরিক সক্রিয়তার সম্পর্ক আছে। স্ক্রিন টাইম শিশুদের ঘুমের ওপর দ্রুত প্রভাব ফেলে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৯ সালের নির্দেশনায় ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য স্ক্রিনভিত্তিক কার্যক্রম সীমিত রাখা এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করার কথা বলা হয়েছে। সাম্প্রতিক গবেষণাগুলো বলছে, বিশেষ করে ঘুমানোর ঠিক আগে স্ক্রিন ব্যবহার করলে শিশুদের ঘুমের সময় কমে যায়।
কেবল তাই নয় ঘুমের সময়সূচি এলোমেলো হয়ে যায়। ঘুমানো মানে কেবল বিশ্রাম নয়, এটি শরীর ও মস্তিষ্ক গঠনের গুরুত্বপূর্ণ একটি অংশ। যখন শিশুরা রাত জেগে স্ক্রল করে, ভিডিও দেখে বা গেম খেলে, তখন তাদের ঘুমের পরিমাণ কমে যায়, গভীর ঘুম হয় না।
এর ফলে শেখার ক্ষমতা, মেজাজ নিয়ন্ত্রণ ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। ২০২৪ সালের একটি গবেষণায় দেখা গেছে, ঘুমানোর আগে এক ঘণ্টা স্ক্রিন ব্যবহার করলে শিশুদের ঘুম ও মনোযোগে সরাসরি প্রভাব পড়ে।
স্ক্রিন টাইম শিশুদের শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম মানুষের সঙ্গে কথা বলার পরিমাণ কমিয়ে দেয়। জেএএমএ পেডিয়াট্রিকস জার্নালের ২০২৪ সালের একটি গবেষণায় দেখা গেছে, স্ক্রিন টাইম যত বেশি হয় শিশুর সঙ্গে বাবা-মায়ের কথা তত কম হয়। এতে বড়দের শব্দ শুনে শব্দ শেখা, শিশুর আওয়াজ করা এবং পারস্পরিক কথা বলা কমে যায়।
অথচ শিশু ভাষা শেখে পারিবারিক কথোপকথন থেকে, একা স্ক্রিন দেখে নয়। আরও গবেষণায় দেখা গেছে, ছোটবেলায় বেশি স্ক্রিন ব্যবহারের সঙ্গে যোগাযোগ দক্ষতা ও সমস্যা সমাধানের ক্ষমতা কমে যাওয়ার সম্পর্ক আছে। এছাড়া বয়সের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কনটেন্ট দেখা বা বাবা-মায়ের অতিরিক্ত স্ক্রিন ব্যবহারও শিশুদের মানসিক ও সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
শিশুরা যখন দীর্ঘ সময় ধরে দ্রুতগতির ও অ্যাডভেঞ্চার কনটেন্ট দেখে, তখন তাদের মস্তিষ্ক সেই অ্যাডভেঞ্চারের সঙ্গে অভ্যস্ত হয়ে যায়। ফলে বাস্তব জীবনের ধীরগতির কাজগুলো তাদের কাছে বিরক্তিকর বা কঠিন মনে হতে পারে।
জেএএমএ পেডিয়াট্রিকস জার্নালে বলা হয়, অতিরিক্ত স্ক্রিন ব্যবহার শিশুদের আচরণ ও মানসিক স্থিতিশীলতায় সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে যদি স্ক্রিন ও বাস্তব জীবনের সঙ্গে কোনো যোগাযোগ না থাকে। এর সঙ্গে ঘুমের সমস্যাও জড়িত। যারা ঠিকমতো ঘুমায় না, তারা অস্থির, খিটখিটে ও মনোযোগহীন হয়ে পড়ে। অর্থাৎ, স্ক্রিন টাইম এক ধরনের দ্বিমুখী সমস্যা। এটি ঘুমের পরিমাণ কমায় এবং আচরণেও প্রভাব ফেলে।
সবচেয়ে দৃশ্যমান ক্ষতির একটি হলো, স্ক্রিন শিশুদের খেলাধুলার জায়গা দখল করে নেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনায় বলা হয়েছে, শিশুদের সুস্থ বিকাশের জন্য খেলাধুলা, সক্রিয় থাকা এবং ভালো ঘুম খুবই জরুরি। কিন্তু যখন স্ক্রিন টাইম বাড়ে, তখন খেলাধুলা কমে যায়। এর ফলে ওজন বৃদ্ধি পায়, ফিটনেস কমে যায় এবং সামগ্রিকভাবে স্বাস্থ্যে প্রভাব পড়ে।
গবেষণায় দেখা গেছে, বেশি স্ক্রিন টাইম ও শারীরিক সক্রিয়তা কম থাকলে কিশোরদের মধ্যে অতিরিক্ত ওজন ও স্থূলতার ঝুঁকি বাড়ে। সহজভাবে বললে, স্ক্রিন কেবল সময় কেড়ে নেয় না, এটি আমাদের অজান্তে শিশুদের শারীরিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে।
ছবি : সংগৃহীত
আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটে রূপচর্চা বিষয়ক নানা ধরনের পরামর্শ পাওয়া যায়। বিভিন্ন ধরনের তথ্যের ভিড়ে রূপচর্চার সঠিন রুটিন বেছে নেওয়া কারও কারও কাছে বেশ কঠিন হয়ে পড়ে।
চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, প্রত্যেকের ত্বকের ধরন ও চাহিদা আলাদা হওয়ায়, না বুঝে ভুল পণ্য বা পদ্ধতি অনুসরণ করলে ত্বকের ক্ষতি হতে পারে। তাদের ভাষায়, ত্বক সুন্দর রাখতে জটিল কোনও রুটিনের প্রয়োজন নেই; বরং ত্বকের বাইরের প্রতিরক্ষামূলক স্তর বা ‘স্কিন ব্যারিয়ার’ সুরক্ষিত রাখাটাই জরুরি।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও জীবনধারা-বিষয়ক ওয়েবসাইট ‘প্রিভেনশন’-এ প্রকাশিত এক প্রতিবেদনে রূপচর্চার বিভিন্নরকম ক্ষতিকর ভুল এবং সেগুলো সংশোধনের উপায় তুলে ধরা হয়েছে। যেমন-
১. অতিরিক্ত এক্সফোলিয়েশন বা মেইকআপ না তুলে ঘুমানো। এতে ত্বকের সুরক্ষা স্তর নষ্ট করে লালচেভাব ও প্রদাহ তৈরি করে। দীর্ঘমেয়াদে এর ফলে অকাল বার্ধক্য, বলিরেখা, হাইপারপিগমেন্টেশন এমনকি ত্বকের ক্যানসারের ঝুঁকিও দেখা দিতে পারে। ত্বক সুস্থ রাখতে সপ্তাহে সর্বোচ্চ তিনবারের বেশি মৃদুভাবে এক্সফোলিয়েট করা উচিত নয়।
২. ত্বকে মেকআপ, ধুলোবালি, ঘাম ও তেল জমে থাকলে লোমকূপ বন্ধ করে ব্রণ ও ত্বকের নির্জীবতা তৈরি করে। এ কারণে নিয়মিত ত্বক পরিষ্কার জরুরি।
৩. অকাল বার্ধক্য, কালো দাগ এবং ত্বকের ক্যানসারের প্রধান কারণ হল সূর্যের অতিবেগুনি রশ্মি। এ বারণে সারা বছর প্রতিদিন এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিনযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি।
৪. একই রাতে গ্লাইকোলিক অ্যাসিড, রেটিনল এবং ভিটামিন ‘সি’সেরাম একসঙ্গে স্তরে স্তরে ব্যবহার করলে, ত্বকে তীব্র প্রদাহ ও লালচেভাব দেখা দেয়। প্রতিটি উপাদান আলাদাভাবে উপকারী হলেও একসঙ্গে সব ব্যবহার করলে ত্বকের সুরক্ষা স্তর ক্ষতিগ্রস্ত হয়।
৫. তৈলাক্ত ত্বক হলেও ময়েশ্চারাইজার বাদ দেওয়া ঠিক নয়। কারণ আর্দ্রতার অভাবে তৈলাক্ত ত্বক নিজেকে রক্ষা করতে আরও বেশি তেল উৎপাদন শুরু করে, যা ব্রণ ও প্রদাহ বাড়ায়। এ কারণে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি।
৬. অনেকেই নখ দিয়ে ব্রণ খুঁটতে থাকেন। এতে ব্যাকটেরিয়া ত্বকের আরও গভীরে প্রবেশ করে এবং স্থায়ী কালো দাগ বা ক্ষত তৈরি করে।
৭. টিকটক বা সামাজিক মাধ্যমে রাতারাতি ত্বক বদলে দেওয়ার যেসব ভাইরাল ট্রেন্ড দেখা যায়, সেগুলো ত্বকের জন্য বিপজ্জনক হতে পারে। কোনো বিশেষজ্ঞর পরামর্শ ছাড়া এসব ব্যবহার ঠিক নয়।
৮. বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোলাজেন উৎপাদন বাড়াতে এবং ত্বকের ক্ষয় রোধে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী রুটিনে অ্যান্টিঅক্সিডেন্ট, রেটিনল বা পেপটাইড যুক্ত করা প্রয়োজন।
৯. মনে রাখবেন, ত্বকের সুস্থতা ভেতর থেকে শুরু হয়। রাতের গভীর ঘুম ত্বকের কোলাজেন গঠন এবং সারাদিনের ক্ষয়ক্ষতি মেরামত করতে সাহায্য করে। এছাড়া অতিরিক্ত অ্যালকোহল পান করলে শরীরে ‘গ্লাইকেইশন’ প্রক্রিয়া শুরু হয়, যা কোলাজেন ও ইলাস্টিন ভেঙে ত্বকে দ্রুত বার্ধক্যের ছাপ ফেলে।