প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ, উদ্ভাবনী উদ্যোগ এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের পল্লী হবে আরো আধুনিক, উৎপাদনশীল ও সমৃদ্ধ; আর সেই সমৃদ্ধ পল্লীই গড়ে তুলবে একটি উন্নত, আত্মমর্যাদাশীল ও সমৃদ্ধ বাংলাদেশ।
আগামীকাল ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষ্যে আজ দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘একটি ন্যায়ভিত্তিক, অংশগ্রহণমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার উন্নয়নের মূলধারায় দেশের প্রতিটি মানুষকে সম্পৃক্ত করতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে গ্রাম ও পল্লীকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ, উন্নত পল্লী ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। সেই লক্ষ্যকে আরো সুদৃঢ় করার প্রত্যয়ে দেশে প্রথমবারের মতো ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উদযাপন একটি সময়োপযোগী উদ্যোগ।’
এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ সরকারের উন্নয়ন দর্শন, জনগণের প্রত্যাশা এবং আমাদের ভবিষ্যৎ অভিযাত্রার সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি ও সামাজিক জীবনের প্রাণকেন্দ্র হচ্ছে আমাদের পল্লী। দেশের প্রায় ৬৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে এবং কৃষি, ক্ষুদ্র উদ্যোগ, কুটির শিল্প ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই পল্লী উন্নয়ন কেবল একটি খাতভিত্তিক কর্মসূচি নয়; বরং একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বাংলাদেশ বিনির্মাণের অন্যতম প্রধান ভিত্তি।
তিনি বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহারের মধ্য দিয়েই দেশের সামগ্রিক উন্নয়নকে আরো গতিশীল ও স্থায়ী করা সম্ভব।
প্রধানমন্ত্রী বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর ১৯৭৭ সালে ১৯ দফা কর্মসূচি ঘোষণার মাধ্যমে জাতীয় উন্নয়নের একটি সুদূর প্রসারী রূপরেখা প্রণয়ন করেন। এ কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য ছিল কৃষি উন্নয়নের মাধ্যমে গ্রামীণ ও জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করা, সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠা, যুবসমাজকে সুসংগঠিত করা, প্রশাসন ও উন্নয়ন কার্যক্রম বিকেন্দ্রীকরণ, স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন।
পাশাপাশি কৃষক সংগঠন গঠন, সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণ, খাল খনন, সেচ ও কৃষি অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং তৃণমূল জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রবর্তিত ‘গ্রাম সরকার ব্যবস্থা’ দেশের স্থানীয় উন্নয়ন কার্যক্রমকে নতুন গতি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি প্রদান করে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক গৃহীত বিস্তৃত উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনকে অগ্রাধিকার দেওয়া হয়। তাঁর সময়কালে গ্রামীণ সড়ক, সেতু ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষি উপকরণ সহজলভ্য করা, সেচ ব্যবস্থার সম্প্রসারণ, কৃষি ঋণ মওকুফ এবং ক্ষুদ্র ঋণ ও আয়বর্ধক কার্যক্রমে সহায়তার মাধ্যমে পল্লী অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করা হয়। এসব কার্যক্রম পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ওঅর্থনৈতিক গতিশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রাখে।
তারেক রহমান বলেন, একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসনব্যবস্থার প্রত্যয়ে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর স্বাধীনতা ও গণতন্ত্রপ্রিয় জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বর্তমান নির্বাচিত সরকারের মাধ্যমে। সরকার ইতোমধ্যে জাতীয় প্রতিশ্রুতি (নির্বাচনী ইশতেহার-২০২৬) বাস্তবায়নের অংশ হিসেবে পল্লীর দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল পুনঃখনন, কৃষি ঋণ মওকুফ, পল্লী অবকাঠামো উন্নয়ন এবং নারী ও যুবসমাজের দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।
একটি সমৃদ্ধ, স্বনির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পল্লী গড়ে তুলতে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থা এবং পল্লী উন্নয়নে নিয়োজিত সকল অংশীজনের প্রতি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সফলতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, এ দিবস পল্লী উন্নয়নের অগ্রযাত্রাকে আরো বেগবান করবে।’
এ উপলক্ষ্যে তিনি পল্লীবাসী সকল জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
হুয়ান কার্লোস সালাজার গোমেজের সঙ্গে এম. রশিদুজ্জামান মিল্লাতের বৈঠক। ছবি: সংগৃহীত
বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আলুর ভালো দাম পেলেই পরের মৌসুমে অতিরিক্ত উৎপাদনে ঝুঁকে পড়েন কৃষকরা। এতে বাজারে সরবরাহ বেড়ে দাম কমে যায় এবং শেষ পর্যন্ত লোকসানের মুখে পড়তে হয় তাদের। তাই বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে পরিকল্পিতভাবে ফসল উৎপাদনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ‘বাংলাদেশে উত্তম কৃষি চর্চা অনুসরণপূর্বক আলুর রপ্তানি বাজার সংযোগ স্থাপন ও ব্র্যান্ডিং’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলুচাষি ও রপ্তানিকারকদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে জিওগ্র্যাফিক ম্যাপ (ভৌগোলিক মানচিত্র) তৈরি করে এলাকাভিত্তিক ফসল উৎপাদনের উদ্যোগ নিয়েছেন। কোন এলাকায় কোন ফসলের কতটুকু চাহিদা রয়েছে, তা নির্ধারণ করে সেই অনুযায়ী উৎপাদন নিশ্চিত করতে সরকার কাজ করছে।
শিবগঞ্জ এলাকার কৃষি সম্ভাবনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এই এলাকা কৃষিতে উদ্বৃত্ত। শিবগঞ্জ উপজেলায় দেশ ও বিদেশের চাহিদা মেটানোর পরও প্রায় ছয় হাজার মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত থাকে।
তিনি বলেন, চাহিদার তুলনায় বেশি ফসল উৎপাদন করতে গিয়ে কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। তাই আবেগের বশবর্তী হয়ে নয়, হিসাব-নিকাশ করে ফসল উৎপাদন করতে হবে।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি প্রধানমন্ত্রী ও জিয়া পরিবারের সদস্যদের জন্য সবার কাছে দোয়া চান।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনছারুজ্জামান, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক আব্দুল মজিদ প্রামাণিক এবং বগুড়া কৃষি অঞ্চলের উপপরিচালক শামসুদ্দিন ফিরোজ।
জাতীয় প্রেস ক্লাবে সোনার বাংলা পার্টির ২০তম প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে আলোচনা সভা
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মানুষ হত্যা, অগ্নিসন্ত্রাস ও কলকারখানা বন্ধের মতো আত্মঘাতী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, স্বাধীনতার ৫৭ বছর পেরিয়ে গেলেও দেশের মৌলিক সমস্যাগুলোর সমাধান হয়নি। এসব সমস্যার সমাধান না হলে জাতির সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়।
শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এ কথা বলেন।
দেশে চলমান অস্থিরতা ও সহিংসতার প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার এত বছর পরও নিরীহ মানুষ হত্যা, বাসে আগুন দেওয়া, অগ্নিসন্ত্রাস ও কলকারখানা বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটছে। এ পরিস্থিতি থেকে জাতিকে বেরিয়ে আসতে হবে। নিজেদের ধ্বংস করে কোনো জাতি উন্নতির লক্ষ্যে পৌঁছাতে পারে না।
ঢাকা কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, এটি শুধু বাংলাদেশের নয়, উপমহাদেশেরও অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, পাকিস্তান আমল ও স্বাধীন বাংলাদেশে এ কলেজের শিক্ষার্থীরা প্রশাসন, রাজনীতি, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে মেধা ও নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন।
গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি
তবে বর্তমানে কলেজের আবাসন ও হোস্টেল সংকট, উন্নত লাইব্রেরি, গবেষণাগার এবং কম্পিউটার সুবিধার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। যে সরকারই ক্ষমতায় থাকুক, ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানকে যথাযথ গুরুত্ব দিয়ে শিক্ষার মানের দিক থেকে আবারও শীর্ষ অবস্থানে ফিরিয়ে আনার আহ্বান জানান রাষ্ট্রপতি।
দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী স্নাতক শেষ করলেও তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না। শিক্ষাব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের অর্থনীতি এবং মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।
চতুর্থ শিল্পবিপ্লব ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিশ্বব্যাপী অগ্রগতির সঙ্গে তাল মেলাতে শিক্ষায় তথ্যপ্রযুক্তি ও এআইয়ের ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
এ প্রসঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিক্ষানীতি ও উদ্যোগের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, শিক্ষাব্যবস্থাকে উন্নয়ন ও কর্মসংস্থান উপযোগী করতে জিয়াউর রহমান একটি শিক্ষা কমিশন গঠন করেছিলেন। ওই কমিশনের প্রতিবেদন সংরক্ষিত আছে কি না, তা খুঁজে দেখতে শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি। এ ছাড়া শিক্ষার্থীদের মাধ্যমে নিরক্ষর মানুষকে সাক্ষর করার উদ্যোগ এবং এর বিনিময়ে এসএসসি পরীক্ষায় ৫০ নম্বর যুক্ত করার বিষয়টিও উল্লেখ করেন।
শিক্ষকদের দায়িত্বের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, তাঁদের কাজ শুধু শ্রেণিকক্ষে পাঠদানেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের বিবেক, মূল্যবোধ, মুক্তবুদ্ধির চর্চা ও মানবিক চরিত্র গঠনে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, শিক্ষিত, নৈতিক ও মানবিক প্রজন্মই সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারে।
ঢাকা কলেজের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, শিক্ষামন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন, বাজেটের কোনো অভাব নেই। এখন প্রয়োজন সঠিক উদ্যোগ ও কাজের দ্রুত অগ্রগতি। এ ক্ষেত্রে নিজের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে (ইজিডিআই) প্রথমবারের মতো দুই অঙ্কের অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। ২০২৬ সালের সূচকে ১৯৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭তম। ২০২৪ সালের জরিপে ১০০তম অবস্থানে থাকা দেশটি এবার তিন ধাপ এগিয়েছে।শুক্রবার (২০ নভেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এবার দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ ইজিডিআই স্কোর (০ দশমিক ৬৮৯৩) অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে ‘উচ্চ ইজিডিআই’ (হাই ইজিডিআই) শ্রেণিতে নিজেদের অবস্থান ধরে রেখেছে দেশ।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে আরও জানানো হয়, সূচকটির দুটি উপাদানেও বাংলাদেশ সর্বকালের সর্বোচ্চ স্কোর অর্জন করেছে। এর মধ্যে ‘অনলাইন সার্ভিস ইনডেক্স (ওএসআই)’ স্কোর দাঁড়িয়েছে ০ দশমিক ৮১ এবং ‘টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্স (টিআইআই)’ স্কোর হয়েছে ০ দশমিক ৬৯। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (ইউএন ডেসা) প্রতি দুই বছর অন্তর এই জরিপ প্রতিবেদন প্রকাশ করে। ‘জাতিসংঘ ই-গভর্নমেন্ট জরিপ ২০২৬’-এর ফলাফল অনুযায়ী, এই র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।
সরকারি সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো দেশের ই-গভর্নমেন্ট ব্যবহারের প্রস্তুতি, সক্ষমতা ও অগ্রগতি নির্দেশ করে ইজিডিআই সূচক। অনলাইন সার্ভিস ইনডেক্স, টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্স এবং হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স এই তিনটি সূচকের সমন্বিত গড় হিসাব করে এটি নির্ণয় করা হয়।
এবারের জরিপে বিশ্বব্যাপী গড় ইজিডিআই স্কোর ৪ দশমিক ৬ শতাংশ বেড়েছে। ২০২৪ সালে বৈশ্বিক গড় স্কোর ছিল ০ দশমিক ৬৩৮২, যা ২০২৬ সালে দাঁড়িয়েছে ০ দশমিক ৬৬৭৫-এ। বাংলাদেশের অর্জিত ০ দশমিক ৬৮৯৩ স্কোর এই বৈশ্বিক গড়ের চেয়েও বেশি।
মূল্যায়ন করা ১৯৪টি দেশের মধ্যে বর্তমানে ১৫১টি দেশ ‘উচ্চ’ অথবা ‘অতি উচ্চ’ ইজিডিআই শ্রেণির অন্তর্ভুক্ত হয়েছে। ২০২৪ সালের প্রতিবেদনে এই সংখ্যা ছিল ১৩৮টি।
ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান