• প্রকাশ : বুধবার ০১ জুলাই, ২০২৬, সময় : ২:০০ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের অনিবার্য অংশ। 


তিনি বলেন, ‘প্রতিটি রাষ্ট্র এবং সমাজে এমন কিছু ক্ষণজন্মা মানুষ জন্ম নেন,  যারা আমাদের আর্থ-সামাজিক, রাজনৈতিক জীবন কিংবা আমাদের সাহিত্য, সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ,  সামাজিক দর্শন  ও আমাদের মনোজগতে প্রবলভাবে প্রভাব বিস্তার করে থাকেন। কবি নজরুল তেমনই একজন ক্ষণজন্মা  ব্যক্তিত্ব। কৈশোর থেকে পরিণত বয়স, আমাদের  জীবনের সকল পর্যায়েই তাঁর প্রভাব অপরিসীম।'


আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে নজরুল বর্ষ উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ কক্ষে আয়োজিত এক সভায় (জুম প্ল্যাটফর্ম) বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।


সরকার ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কালকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। এর পাশাপাশি কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণার সম্ভাব্যতা খতিয়ে দেখা হচ্ছে বলেও অনুষ্ঠানে জানানো হয়।


কবি কাজী নজরুল ইসলামকে বিভিন্ন উপাধিতে ভূষিত করে প্রধানমন্ত্রী বলেন,  'বিদ্রোহী কবি, প্রেমের কবি, বিরহের কবি, তারুণ্যের কবি, বাংলাদেশের ঐতিহ্যের কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয়, সাহিত্য ও সাংস্কৃতিক ইতিহাসের অবিস্মরণীয় নাম। পরাধীন, পর্যুদস্ত, পরাভূত জাতির ভাগ্যাকাশে  তাঁর আবির্ভাব ছিল আলোকবর্তিকার মতো।'


তিনি বলেন,  'পরাধীনতা, জুলুম, নির্যাতন, শোষণ, অসাম্য,  বৈষম্য, কুসংস্কার, তথা যা কিছু অন্যায়, অবিচার ও অসুন্দর, তার বিরুদ্ধে কবির কলম ছিল শানিত অস্ত্র। বিপ্লব, বিদ্রোহ কিংবা রণ-সঙ্গীত,  ইসলামী তাহজীব তমদ্দুন কিংবা ইসলামী মূল্যবোধের গান  অথবা ভজন-কীর্তন কিংবা শ্যামা সংগীত,  প্রেম, প্রকৃতি কিংবা মানবিক মূল্যবোধ,  কৈশোরের আনন্দ কিংবা যৌবনের উন্মাদনা, প্রতিটি ক্ষেত্রেই নজরুল প্রকাশ ছিল শুদ্ধ ।'


মাতৃভূমিকে ভালোবাসার ক্ষেত্রেও কাজী নজরুল ইসলাম অন্যতম প্রধান দিশারি এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের জীবন, আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন, সংগ্রাম, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য তাঁর রচনার মধ্যে মহিমাময় হিসেবে উচ্চারিত হয়েছে। কবি নজরুলের সৃষ্টিশীলতার মধ্যে আতিথ্য রয়েছে সকল কালের, সকল মানুষের।’ 


তিনি বলেন, ‘অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি আমাদের অনুপ্রেরণা।  তাঁর প্রাসঙ্গিকতা ও প্রয়োজন ফুরানোর নয়।'


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন,  'আমাদের মহান মুক্তিযুদ্ধে তাঁর কবিতা ও গান যেমন ছিল অনুপ্রেরণার প্রবল উৎস, তেমনি আমাদের সকল আন্দোলন-সংগ্রামে তাঁর সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ ও প্রতিরোধের মূল ভাষা।’ 


তিনি বলেন, ‘শুধু অতীত ইতিহাস নয়, বর্তমান প্রজন্মের জন্য, এমনকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও নজরুল আমাদের জীবনে প্রাসঙ্গিক। এ কারণেই আমাদের জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে, গণমানুষ বিশেষ করে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরো গভীর ও নিবিড় করার লক্ষ্যে নানা আয়োজনে 'নজরুল বর্ষ' শুরু হয়েছে।'


তিনি 'নজরুল বর্ষ' উদযাপনে উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে বলেন,' আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাগণ, নজরুল গবেষক এবং নজরুল সংগীত শিল্পীগণ যারা  অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সবাইকে অভিনন্দন।'


তিনি অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের চেয়ে নজরুল গবেষক ও নজরুলপ্রেমীদের প্রাধান্য দেয়ার ইঙ্গিত করে বলেন,  ‘ফ্যামিলি কার্ড বিতরণের অনুষ্ঠানে যেমন নজরুল গবেষকদের উপস্থিতি মানায় না, তেমনি নজরুল বর্ষের অনুষ্ঠানেও আমলাদের চেয়ে নজরুল অনুরাগীদের অংশগ্রহণই বেশি কাম্য।'


নতুন প্রজন্মের ওপর তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ও নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, 'বর্তমান জটিল বাস্তবতায় আমাদের উদীয়মান প্রজন্মকে সঠিক পথ দেখাতে নজরুলের ‘আমি হবো সকাল বেলার পাখী’ কিংবা ‘থাকবো নাকো বদ্ধ ঘর’-এর মতো নৈতিক মূল্যবোধ সম্পন্ন কবিতা অত্যন্ত প্রাসঙ্গিক।’


তিনি বলেন, নজরুল আমাদের যাপিত জীবনের অনিবার্য অংশ। নজরুল কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও প্রেরণার উৎস।'


প্রধানমন্ত্রী আরও বলেন, 'একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কাছে মনে হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলেন  ‘বাংলাদেশের মন’। তিনি আজীবন সাম্যের গান গেয়েছেন, যেখানে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-খ্রিস্টানের কোনো ভেদাভেদ নেই। বর্তমান সরকারও এমন এক বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ এবং এমনকি প্রতিটি প্রাণীও নিরাপদে থাকবে।'


এ সময় সারাদেশে নজরুল বিশেষজ্ঞ ও নজরুল প্রেমীদের নিয়ে গঠিত ‘নজরুল বর্ষ উদযাপন জাতীয় কমিটি’র মাধ্যমে বছরব্যাপী সাহিত্য সম্মেলন, গবেষণা, সেমিনার, সাংস্কৃতিক উৎসব, নজরুল সংগীতের আসর, নাট্যোৎসব এবং চিত্র প্রদর্শনীর আয়োজন সফল করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।


একই সঙ্গে বর্তমান জটিল বৈশ্বিক বাস্তবতায় নতুন প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে কবির নৈতিক মূল্যবোধসম্পন্ন সাহিত্যকে আলোকবর্তিকা হিসেবে ব্যবহারের তাগিদ দেন তিনি।


পরিশেষে, জাতীয় কবির জীবন, কর্ম, সাহিত্য ও মানবিক চেতনার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ এর বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


ভার্চুয়ালি আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি কর্মকর্তা, নজরুল গবেষক এবং নজরুল সংগীত শিল্পী যুক্ত হন। অনুষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করা হয়।


সংস্কৃতি মন্ত্রী  নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর,  তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)।




  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৪৭ পিএম

মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত রাখবে।


শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক-যে উপাধিতেই ভূষিত হয়ে থাকুন না কেন, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব। এক জীবনে সবার পক্ষে এই গৌরব অর্জন করা সম্ভব হয় না। বীর মুক্তিযোদ্ধারা সে কারণেই অনন্য-অসাধারণ।


অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, আপনাদের কেউ কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করেন, আবার আপনাদের পরিবারের কেউ কেউ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। আপনারা সবাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেই গৌরবের অংশীদার।মুক্তিযুদ্ধে আত্মত্যাগের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, লাখো মানুষের প্রাণের বিনিময়ে, অসংখ্য মা-বোনের সন্তান ও সম্ভ্রমের বিনিময়ে, অনেক আহত মানুষের আর্তনাদ কিংবা পঙ্গুত্বের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ। সশস্ত্র বাহিনী দিবসের এই ঐতিহাসিক দিনে তিনি মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। আহত মুক্তিযোদ্ধা এবং সদস্যদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে আল্লাহর দরবারে শহীদদের মাগফিরাত কামনা করেন।


খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসে সশস্ত্র বাহিনীর যেসব মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সম্মানী ও সংবর্ধনা পেয়েছেন, আমি মনে করি, এটি মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায়। তাদের সম্মানিত করে কিছুটা হলেও রাষ্ট্র তার দায় পূরণের চেষ্টা করেছে।


নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে তারেক রহমান জানান, এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনিও গর্বিত। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের যে কোনো গৌরব ও সাফল্য তাকেও আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। এটিও সশস্ত্র বাহিনীর জন্য একটি গর্বের বিষয়।


প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১১:১৮ এএম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনী প্রধান।সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন শনিবার সকালে সেনাসদরে সশস্ত্র বাহিনী বিভাগে সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন।


এসময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।


এর আগে কুর্মিটেলায় শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিন বাহিনীর প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান।


১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করে। প্রতিবছর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করে বাংলাদেশ।


দিবসটি উপলক্ষে সেনানিবাস, নৌঘাঁটি ও বিমান বাহিনীর ঘাঁটি মসজিদে দেশের কল্যাণ, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।


শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১১:১৪ এএম

সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।


শনিবার সকাল ৮টায় শিখা অনির্বাণে শ্রদ্ধা জানানোর পাশাপাশি পরিদর্শন বইয়ে সইয়ের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করেন তারা।


প্রথমে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুষ্পস্তবক অর্পণ করেন। এর পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানান। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান।


১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করে। প্রতিবছর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করে বাংলাদেশ।দিবসটি উপলক্ষে সেনানিবাস, নৌঘাঁটি ও বিমান বাহিনীর ঘাঁটি মসজিদে দেশের কল্যাণ, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।


এ দিবসে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন।


এ সময় সরকারপ্রধান খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ ও তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।


অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম, তিন বাহিনী প্রধানসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।


দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রীর তরফে শনিবার বিকাল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।


এতে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকরা উপস্থিত থাকবেন।


এছাড়া বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।


হুয়ান কার্লোস সালাজার গোমেজের সঙ্গে এম. রশিদুজ্জামান মিল্লাতের বৈঠক। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১:০৯ এএম

বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন, বিনিয়োগ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বিশেষ করে বিমান চলাচলের নিরাপত্তা তদারকি, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং কর্মকর্তাদের প্রশিক্ষণে সংস্থাটির সহায়তা কামনা করেছে সরকার।

শুক্রবার (২০ নভেম্বর) কানাডার মন্ট্রিলে আইকাওয়ের ৪৩তম বিশেষ অধিবেশনের সাইডলাইনে সংস্থাটির মহাসচিব হুয়ান কার্লোস সালাজার গোমেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ সহযোগিতা চান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। বৈঠকে বাংলাদেশ ও আইকাওয়ের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় বিমান চলাচল খাতের উন্নয়ন, বিনিয়োগ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, পরিবেশগত টেকসই উন্নয়ন এবং উদীয়মান প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে আইকাও মহাসচিব বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে সংস্থাটির সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান তিনি। পরিবেশগত টেকসই উন্নয়ন এবং ‘অ্যাডভান্সড এয়ার মোবিলিটি’র সম্ভাবনার কথা তুলে ধরে এসব নতুন ক্ষেত্রে বাংলাদেশকে কাজ করার উৎসাহ দেন মহাসচিব।

অন্যদিকে, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন মন্ত্রী। তিনি কারিগরি দক্ষতা উন্নয়ন, বিমান চলাচলের নিরাপত্তা তদারকি, পরিদর্শকদের প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আইকাওয়ের সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার বিমান চলাচল খাতের উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে। এ শিল্পের অগ্রগতিতে প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং নিরাপদ, সুরক্ষিত, দক্ষ ও টেকসই বৈশ্বিক বিমান চলাচল ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে বাংলাদেশ ও আইকাওয়ের অভিন্ন অঙ্গীকারের বিষয়টি উঠে আসে। এ সময় কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. জসীম উদ্দিনসহ দুই পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২৫ এএম

আলুর ভালো দাম পেলেই পরের মৌসুমে অতিরিক্ত উৎপাদনে ঝুঁকে পড়েন কৃষকরা। এতে বাজারে সরবরাহ বেড়ে দাম কমে যায় এবং শেষ পর্যন্ত লোকসানের মুখে পড়তে হয় তাদের। তাই বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে পরিকল্পিতভাবে ফসল উৎপাদনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।


শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ‘বাংলাদেশে উত্তম কৃষি চর্চা অনুসরণপূর্বক আলুর রপ্তানি বাজার সংযোগ স্থাপন ও ব্র্যান্ডিং’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলুচাষি ও রপ্তানিকারকদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।


প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে জিওগ্র্যাফিক ম্যাপ (ভৌগোলিক মানচিত্র) তৈরি করে এলাকাভিত্তিক ফসল উৎপাদনের উদ্যোগ নিয়েছেন। কোন এলাকায় কোন ফসলের কতটুকু চাহিদা রয়েছে, তা নির্ধারণ করে সেই অনুযায়ী উৎপাদন নিশ্চিত করতে সরকার কাজ করছে।


শিবগঞ্জ এলাকার কৃষি সম্ভাবনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এই এলাকা কৃষিতে উদ্বৃত্ত। শিবগঞ্জ উপজেলায় দেশ ও বিদেশের চাহিদা মেটানোর পরও প্রায় ছয় হাজার মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত থাকে।


তিনি বলেন, চাহিদার তুলনায় বেশি ফসল উৎপাদন করতে গিয়ে কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। তাই আবেগের বশবর্তী হয়ে নয়, হিসাব-নিকাশ করে ফসল উৎপাদন করতে হবে।


সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি প্রধানমন্ত্রী ও জিয়া পরিবারের সদস্যদের জন্য সবার কাছে দোয়া চান।


বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনছারুজ্জামান, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক আব্দুল মজিদ প্রামাণিক এবং বগুড়া কৃষি অঞ্চলের উপপরিচালক শামসুদ্দিন ফিরোজ।


জাতীয় প্রেস ক্লাবে সোনার বাংলা পার্টির ২০তম প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ৯:১৫ পিএম

‘বর্তমানে প্রচলিত গণতন্ত্র হলো সমাজের কেবল উচ্চশ্রেণির স্বল্পসংখ্যক লোকের গণতন্ত্র। এই গণতন্ত্রের সুবিধাও ভোগ করে মোট জনসংখ্যার বড়জোর ৫ শতাংশ লোক। বাকিরা এতে শোষিত, বঞ্চিত ও প্রতারিত।’ 

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সোনার বাংলা পার্টির ২০তম প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন সংগঠনের সভাপতি সৈয়দ হারুন–অর রশীদ। দলটি এ আলোচনা সভার আয়োজন করে। 

তিনি বলেন, ১৯৮০ -এর দশক থেকেই যুক্তরাষ্ট্র এই গণতন্ত্রকে অভিহিত করেছে লিবারেল ডেমোক্রেসি বলে। আগে শুধু ডেমোক্রেসি বলত। এতে গণতন্ত্রকে রূপ দেওয়া হয়েছে নির্বাচনতন্ত্রে। শিক্ষা ও সংস্কৃতির ধারণাকেও বদলে ফেলা হয়েছে। 
  
সৈয়দ হারুন–অর রশীদ বলেন, এই গণতন্ত্রের পরিবর্তে আমরা চাই শতভাগ মানুষের গণতন্ত্র। তাতে সরকার গঠিত হবে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে। শতভাগ মানুষের গণতন্ত্রকে আমরা জনগণের গণতন্ত্র বা ‘সর্বজনীন গণতন্ত্র’ বলেও অভিহিত করি। পৃথিবীর প্রায় সব দেশেই সর্বজনীন গণতন্ত্র অবলম্বন করে গড়ে তুলতে হবে নতুন জাতি রাষ্ট্র। আর আন্তরাষ্ট্রীয় সম্পর্ক ও বিশ্বব্যবস্থার ক্ষেত্রে গড়ে তুলতে হবে আন্তর্জাতিক ফেডারেল বিশ্ব সরকার। বিশ্ব সরকার হবে সব জাতি রাষ্ট্রের সরকারের ঊর্ধ্বতন এক সরকার। 

তিনি আরও বলেন, বিশ্ব সরকারের কাজ হবে জাতিরাষ্ট্রগুলোর মধ্যে সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধি করা। বিভিন্ন রাষ্ট্রের মধ্যকার বিরোধ মীমাংসা করা। পর্যায়ক্রমে যুদ্ধের আশঙ্কা দূর করা এবং আলোচনার মাধ্যমে আন্তরাষ্ট্রীয় সমস্যার সমাধান করা। রাষ্ট্রব্যবস্থা ও বিশ্বব্যবস্থাকে এমনভাবে পুনর্গঠিত করতে হবে যাতে কোনো রাষ্ট্রেরই কোনো সেনাবাহিনী না থাকে এবং কেবল বিশ্বসরকারের কাছে একটি সেনাবাহিনী থাকবে। রাষ্ট্রকে গুরুত্ব দিয়ে সভ্যতা, সংস্কৃতি, সর্বজনীন কল্যাণ ও প্রগতির নীতি অবলম্বন করে চলতে হবে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হারুন–অর–রশীদ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর, জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক, কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, সমাজতান্ত্রিক দলের সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নিখিল দাস, স্বাধীনতা পার্টির সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, সোনার বাংলা পার্টির সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন ঈশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমান চৌধুরী, মুস্তাফিজুর রহমান মুক্তা, ন্যাশনাল পলিটিকাল ক্লাবের প্রেসিডেন্ট অধ্যক্ষ মিন্টু, শেরে বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।