ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি। জুলাইয়ের চেতনাকে যেন আমাদের হৃদয়ে ধারণ করতে পারি। জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে পারি—এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার।
বুধবার (০৫ আগস্ট) সংসদ সচিবালয় আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। স্বাগত বক্তব্য দেন সংসদের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে অসংখ্য মানুষ অক্লান্ত সংগ্রাম করেছেন। রাজনৈতিক দলের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন। সেই আত্মত্যাগের ধারাবাহিকতায় স্বৈরশাসনের অবসান ঘটেছে। এটি জাতির ইতিহাসের এক গৌরবময় অধ্যায়, যা বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে গর্বের সঙ্গে স্মরণ করবে।
তিনি বলেন, আজ দুপুরে একটি অনুষ্ঠানে আমি এক হৃদয়বিদারক দৃশ্য প্রত্যক্ষ করেছি। এক মা তার অন্ধ ছেলেকে হাত ধরে মঞ্চে নিয়ে এসেছেন। জুলাইয়ের গণঅভ্যুত্থানে সেই তরুণ তার দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। মা সবার সামনে তাদের দুঃখ-কষ্ট, অভাব-অভিযোগ ও বেদনার কথা তুলে ধরেছেন। জুলাইয়ে যারা জীবন দিয়েছেন কিংবা অঙ্গহানির শিকার হয়েছেন, তাদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা জাতীয় সংসদ ও বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। এটি কোনো স্বল্পমেয়াদি দায়িত্ব নয়; বরং একটি দীর্ঘমেয়াদি জাতীয় অঙ্গীকার।
ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশের জাতীয় জীবনে ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর যেমন গৌরব ও বিজয়ের দিন, তেমনি ৫ আগস্টও গৌরব ও বিজয়ের দিন হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে। তিনি বলেন ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর আমরা অর্জন করেছি বিদেশি হানাদার বাহিনীকে পরাজিত করে, আর ৫ আগস্ট অর্জিত হয়েছে দেশীয় ফ্যাসিবাদী শক্তিকে পরাভূত করার মাধ্যমে।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ ধারাবাহিকভাবে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পায়নি। ফলে স্বাধীনতার প্রকৃত সুফল থেকে জনগণ বহুবার বঞ্চিত হয়েছে। ভবিষ্যতে যেন জাতিকে আর সেই পথে হাঁটতে না হয়, সে জন্য ধৈর্য, সহনশীলতা এবং পরিশীলিত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রকৃত সংস্কার মানুষের মনোজগতে হতে হবে। মনোজগতের পরিবর্তন না হলে শুধু আইন বা প্রতিষ্ঠান পরিবর্তনের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠন সম্ভব নয়। তিনি বলেন, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার ও মেরামতের সূচনা হতে হবে সংবিধান থেকে, যা রাষ্ট্রের সর্বোচ্চ আইন।
চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান ছিল দেশের জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল এবং এর মাধ্যমেই বাংলাদেশের গণতন্ত্র পুনরুজ্জীবনের সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও ২০২৪ সালের ৫ আগস্ট সেই স্বাধীনতার গণতান্ত্রিক ভিত্তিকে সুসংহত করার নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
চিফ হুইপ জুলাই বিপ্লবের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, বিগত ‘মাফিয়া’ সরকার দেশের বিপুল অর্থ বিদেশে পাচার করেছে, মানুষের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার হরণ করেছে এবং ‘আয়নাঘর’, গুম, জেল-জুলুম ও নির্যাতনের মাধ্যমে ভয়ের রাজত্ব কায়েম করেছিল। এই পরিস্থিতি থেকে উত্তরণে সশস্ত্র বাহিনীর দায়িত্বশীল ও কার্যকর ভূমিকার কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানে সংসদের হুইপ, সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
হুয়ান কার্লোস সালাজার গোমেজের সঙ্গে এম. রশিদুজ্জামান মিল্লাতের বৈঠক। ছবি: সংগৃহীত
বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আলুর ভালো দাম পেলেই পরের মৌসুমে অতিরিক্ত উৎপাদনে ঝুঁকে পড়েন কৃষকরা। এতে বাজারে সরবরাহ বেড়ে দাম কমে যায় এবং শেষ পর্যন্ত লোকসানের মুখে পড়তে হয় তাদের। তাই বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে পরিকল্পিতভাবে ফসল উৎপাদনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ‘বাংলাদেশে উত্তম কৃষি চর্চা অনুসরণপূর্বক আলুর রপ্তানি বাজার সংযোগ স্থাপন ও ব্র্যান্ডিং’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলুচাষি ও রপ্তানিকারকদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে জিওগ্র্যাফিক ম্যাপ (ভৌগোলিক মানচিত্র) তৈরি করে এলাকাভিত্তিক ফসল উৎপাদনের উদ্যোগ নিয়েছেন। কোন এলাকায় কোন ফসলের কতটুকু চাহিদা রয়েছে, তা নির্ধারণ করে সেই অনুযায়ী উৎপাদন নিশ্চিত করতে সরকার কাজ করছে।
শিবগঞ্জ এলাকার কৃষি সম্ভাবনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এই এলাকা কৃষিতে উদ্বৃত্ত। শিবগঞ্জ উপজেলায় দেশ ও বিদেশের চাহিদা মেটানোর পরও প্রায় ছয় হাজার মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত থাকে।
তিনি বলেন, চাহিদার তুলনায় বেশি ফসল উৎপাদন করতে গিয়ে কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। তাই আবেগের বশবর্তী হয়ে নয়, হিসাব-নিকাশ করে ফসল উৎপাদন করতে হবে।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি প্রধানমন্ত্রী ও জিয়া পরিবারের সদস্যদের জন্য সবার কাছে দোয়া চান।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনছারুজ্জামান, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক আব্দুল মজিদ প্রামাণিক এবং বগুড়া কৃষি অঞ্চলের উপপরিচালক শামসুদ্দিন ফিরোজ।
জাতীয় প্রেস ক্লাবে সোনার বাংলা পার্টির ২০তম প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে আলোচনা সভা
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মানুষ হত্যা, অগ্নিসন্ত্রাস ও কলকারখানা বন্ধের মতো আত্মঘাতী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, স্বাধীনতার ৫৭ বছর পেরিয়ে গেলেও দেশের মৌলিক সমস্যাগুলোর সমাধান হয়নি। এসব সমস্যার সমাধান না হলে জাতির সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়।
শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এ কথা বলেন।
দেশে চলমান অস্থিরতা ও সহিংসতার প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার এত বছর পরও নিরীহ মানুষ হত্যা, বাসে আগুন দেওয়া, অগ্নিসন্ত্রাস ও কলকারখানা বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটছে। এ পরিস্থিতি থেকে জাতিকে বেরিয়ে আসতে হবে। নিজেদের ধ্বংস করে কোনো জাতি উন্নতির লক্ষ্যে পৌঁছাতে পারে না।
ঢাকা কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, এটি শুধু বাংলাদেশের নয়, উপমহাদেশেরও অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, পাকিস্তান আমল ও স্বাধীন বাংলাদেশে এ কলেজের শিক্ষার্থীরা প্রশাসন, রাজনীতি, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে মেধা ও নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন।
গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি
তবে বর্তমানে কলেজের আবাসন ও হোস্টেল সংকট, উন্নত লাইব্রেরি, গবেষণাগার এবং কম্পিউটার সুবিধার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। যে সরকারই ক্ষমতায় থাকুক, ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানকে যথাযথ গুরুত্ব দিয়ে শিক্ষার মানের দিক থেকে আবারও শীর্ষ অবস্থানে ফিরিয়ে আনার আহ্বান জানান রাষ্ট্রপতি।
দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী স্নাতক শেষ করলেও তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না। শিক্ষাব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের অর্থনীতি এবং মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।
চতুর্থ শিল্পবিপ্লব ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিশ্বব্যাপী অগ্রগতির সঙ্গে তাল মেলাতে শিক্ষায় তথ্যপ্রযুক্তি ও এআইয়ের ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
এ প্রসঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিক্ষানীতি ও উদ্যোগের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, শিক্ষাব্যবস্থাকে উন্নয়ন ও কর্মসংস্থান উপযোগী করতে জিয়াউর রহমান একটি শিক্ষা কমিশন গঠন করেছিলেন। ওই কমিশনের প্রতিবেদন সংরক্ষিত আছে কি না, তা খুঁজে দেখতে শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি। এ ছাড়া শিক্ষার্থীদের মাধ্যমে নিরক্ষর মানুষকে সাক্ষর করার উদ্যোগ এবং এর বিনিময়ে এসএসসি পরীক্ষায় ৫০ নম্বর যুক্ত করার বিষয়টিও উল্লেখ করেন।
শিক্ষকদের দায়িত্বের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, তাঁদের কাজ শুধু শ্রেণিকক্ষে পাঠদানেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের বিবেক, মূল্যবোধ, মুক্তবুদ্ধির চর্চা ও মানবিক চরিত্র গঠনে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, শিক্ষিত, নৈতিক ও মানবিক প্রজন্মই সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারে।
ঢাকা কলেজের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, শিক্ষামন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন, বাজেটের কোনো অভাব নেই। এখন প্রয়োজন সঠিক উদ্যোগ ও কাজের দ্রুত অগ্রগতি। এ ক্ষেত্রে নিজের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে (ইজিডিআই) প্রথমবারের মতো দুই অঙ্কের অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। ২০২৬ সালের সূচকে ১৯৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭তম। ২০২৪ সালের জরিপে ১০০তম অবস্থানে থাকা দেশটি এবার তিন ধাপ এগিয়েছে।শুক্রবার (২০ নভেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এবার দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ ইজিডিআই স্কোর (০ দশমিক ৬৮৯৩) অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে ‘উচ্চ ইজিডিআই’ (হাই ইজিডিআই) শ্রেণিতে নিজেদের অবস্থান ধরে রেখেছে দেশ।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে আরও জানানো হয়, সূচকটির দুটি উপাদানেও বাংলাদেশ সর্বকালের সর্বোচ্চ স্কোর অর্জন করেছে। এর মধ্যে ‘অনলাইন সার্ভিস ইনডেক্স (ওএসআই)’ স্কোর দাঁড়িয়েছে ০ দশমিক ৮১ এবং ‘টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্স (টিআইআই)’ স্কোর হয়েছে ০ দশমিক ৬৯। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (ইউএন ডেসা) প্রতি দুই বছর অন্তর এই জরিপ প্রতিবেদন প্রকাশ করে। ‘জাতিসংঘ ই-গভর্নমেন্ট জরিপ ২০২৬’-এর ফলাফল অনুযায়ী, এই র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।
সরকারি সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো দেশের ই-গভর্নমেন্ট ব্যবহারের প্রস্তুতি, সক্ষমতা ও অগ্রগতি নির্দেশ করে ইজিডিআই সূচক। অনলাইন সার্ভিস ইনডেক্স, টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্স এবং হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স এই তিনটি সূচকের সমন্বিত গড় হিসাব করে এটি নির্ণয় করা হয়।
এবারের জরিপে বিশ্বব্যাপী গড় ইজিডিআই স্কোর ৪ দশমিক ৬ শতাংশ বেড়েছে। ২০২৪ সালে বৈশ্বিক গড় স্কোর ছিল ০ দশমিক ৬৩৮২, যা ২০২৬ সালে দাঁড়িয়েছে ০ দশমিক ৬৬৭৫-এ। বাংলাদেশের অর্জিত ০ দশমিক ৬৮৯৩ স্কোর এই বৈশ্বিক গড়ের চেয়েও বেশি।
মূল্যায়ন করা ১৯৪টি দেশের মধ্যে বর্তমানে ১৫১টি দেশ ‘উচ্চ’ অথবা ‘অতি উচ্চ’ ইজিডিআই শ্রেণির অন্তর্ভুক্ত হয়েছে। ২০২৪ সালের প্রতিবেদনে এই সংখ্যা ছিল ১৩৮টি।
ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান