বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)

  • প্রকাশ : রবিবার ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, সময় : ৫:৩৩ এএম

দেশে প্রথম ভার্চুয়াল টেলিকম অপারেটর হিসেবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে প্রথমবারের মতো চালু হয়ে গেল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠাটির মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সিম।


আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বিটিসিএল এমভিএনওর লাইভ পাইলট শুরু হয়েছে। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই সেবার আওতায় এখন আনলিমিটেড ভয়েস কল, আনলিমিটেড ডেটা এবং কোয়াড-প্লে সুবিধা দেওয়া হচ্ছে। খুব শিগগিরই এই এমভিএনও সিম সাধারণ গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


গত ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিমটি সচল হয়েছে। 


ভয়েস কল, ডাটা কল, আলাপ টু মোবাইল নেটওয়ার্ক, আলাপ টু আলাপ, জিপন ইন্টিগ্রেশন-এই চারটি ইভেন্টের সফল প্রভিশনিং সম্পন্ন হয়েছে। কল টেস্টও সফল হয়েছে।


প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী আরও জানান, বিটিসিএল গুলিস্তান/রমনা কার্যালয়ে সরেজমিন প্রভিশনিং, অ্যাক্টিভেশন ও টেস্ট কল পর্যবেক্ষণ করা হয়েছে। আজ ৮ ফেব্রুয়ারি বিটিসিএল এমভিএনওর লাইভ পাইলট শুরু হবে। 


এখন এমভিএনও এবং ট্রিপল প্লে নিয়ে কাজ চলছে। এগুলো একসঙ্গেই চালু হবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী।


এদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বিটিসিএল দেশের টেলিযোগাযোগ খাতে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটরের মাধ্যমে আনলিমিটেড কোয়াড-প্লে সেবা পরীক্ষামূলকভাবে চালু করেছে। এই উদ্যোগকে ডিজিটাল কানেক্টিভিটি ও সেবা উদ্ভাবনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।


৩ ফেব্রুয়ারি বিটিসিএলের রমনা অফিসে এ সেবার কার্যক্রম পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এমভিএনও মডেলে নিজস্ব মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো ছাড়াই আনলিমিটেড মোবাইল সেবা প্রদান করা হয়। প্রাথমিক পর্যায়ে বিটিসিএল, টেলিটক বাংলাদেশ লিমিটেডের নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের জন্য এই সেবা চালু করছে।


এ সেবার আওতায় গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল এবং আনলিমিটেড ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন। পাশাপাশি অ্যাপভিত্তিক আইপি কলিং সেবা ‘আলাপ’-ও এই প্ল্যাটফর্মের অন্তর্ভুক্ত থাকবে। 


জিপন কানেকশন এবং রাউটারসহ আনলিমিটেড ইন্টারনেট এবং জনপ্রিয় ওটিটি কনটেন্ট (নাটক, মুভির) প্ল্যাটফর্ম টফি এই এমভিএনও সেবার সঙ্গে সংযুক্ত করা হবে। পাশাপাশি আনলিমিটেড ভয়েস, আনলিমিটেড ডেটা, আনলিমিটেড ব্রডব্যান্ড ও ডিজিটাল কনটেন্টকে একীভূত করে কোয়াড-প্লে সেবা দেওয়া হবে।


এর আগে, গত বছরের ২৫ নভেম্বর বিটিসিএলকে পরীক্ষামূলকভাবে এমভিএনও নেটওয়ার্ক চালুর অনুমোদন দেওয়া হয়েছিল। আধুনিক এই প্রযুক্তি চালুর মাধ্যমে গ্রাহক সেবায় রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানটি আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


কী এই এমভিএনও


নিজস্ব অবকাঠামো ছাড়া অন্য অপারেটরের নেটওয়ার্ক কাজে লাগিয়ে টেলিকমসেবা প্রদানের পদ্ধতিকে বলা হয় ভার্চুয়াল অপারেটর বা এমভিএনও। এই অপারেটরদের নিজস্ব স্পেকট্রাম লাইসেন্স প্রয়োজন হয় না, নেটওয়ার্ক অবকাঠামো তৈরি ও রক্ষণাবেক্ষণের খরচও নেই। তারা অন্যান্য অপারেটরের নেটওয়ার্ক ক্যাপাসিটি পাইকারি হারে কিনে গ্রাহক পর্যায়ে খুচরা বিক্রি করে।


যেসব অপারেটরের বাড়তি নেটওয়ার্ক ক্যাপাসিটি আছে অথবা পুরো ফি দিয়ে স্পেকট্রাম লাইসেন্স কেনার সমপরিমাণ গ্রাহক নেই, তারা উদ্বৃত্ত নেটওয়ার্ক ক্যাপাসিটি এভাবে বিক্রি করে থাকে। এতে দুই প্রতিষ্ঠানই লাভবান হয়। 


এমভিএনও প্রতিষ্ঠানগুলোর অপারেটিং ব্যয় তুলনামূলক কম হওয়ায় কল ও ডেটা ব্যবহারের রেটও কম হয়ে থাকে। পাশাপাশি একাধিক অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করতে পারে এমন এমভিএনও-এর সংযোগ ব্যবহার করলে গ্রাহকেরও মোবাইল নেটওয়ার্কজনিত সমস্যা কম হবে।


এত দিন নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো কাজে লাগিয়ে সেবা দিচ্ছিল বাংলাদেশের প্রতিটি মোবাইল অপারেটর (এমএনও)। অথচ বিশ্বের অন্য দেশগুলো মোবাইল নেটওয়ার্ক সেবার শুরুর দিকেই এমভিএনও নিয়ে কাজ করেছে। 


২০০০ সালের আগস্টে বিশ্বের প্রথম এমভিএনও হিসেবে যাত্রা শুরু করে ডেনমার্কের সনোফোন। ২০০৮ সালের মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই চালু হয় ৪০টিরও বেশি এমভিএনও।


এমভিএনওর ধরন


এমভিএনওর রয়েছে চারটি ধরন। ব্র্যান্ডেড রিসেলার এমভিএনও শুধু একটি এমএনও-এর অধীনে কাজ করে, বলা যায় একই প্রতিষ্ঠানের দুটি আলাদা ব্র্যান্ড। ভিন্ন ভিন্ন ডেমোগ্রাফিকের গ্রাহক আকৃষ্ট করার জন্য এ ধরনের এমভিএনও ব্যবহৃত হয়ে থাকে। থিন এনভিএমও অনেকটাই ব্র্যান্ডেড রিসেলারের মতো, তবে তাদের নিজস্ব কাস্টমার সাপোর্ট সিস্টেম, বিলিং ও ট্যারিফ থাকে। 


দুই ক্ষেত্রেই মূল অপারেটরের সিম ও নাম্বার সিরিজে সেবা দিয়ে থাকে এসব প্রতিষ্ঠান। মিডিয়াম এমভিএনও চাইলে নিজস্ব ব্র্যান্ডের সিম, নাম্বার এবং ভ্যালু অ্যাডেড সার্ভিস বিক্রি করতে পারে। এই তিন ধরনের এমভিএনও সাধারণত একাধিক এমএনওর নেটওয়ার্ক ব্যবহার করে না।


বিটিসিএল কাজ করছে ফুল এমভিএনও হিসেবে। একাধিক অপারেটরের নেটওয়ার্ক, নিজস্ব সিম, নাম্বার, আলাদা ধরনের সেবার জন্য আলাদা সিম এবং পুরো নিজস্ব ব্র্যান্ডিং ও কাস্টমার সেবা অবকাঠামোর মাধ্যমে কাজ করবে তারা।


গ্রাহকের লাভ


এমভিএনও ব্যবহারে বেশ কয়েকটি বাড়তি সেবা পাবে ব্যবহারকারীরা। একই সংযোগ থেকে ভয়েস কল ও মোবাইল ডেটা ব্যবহারের পাশাপাশি ডেটা কলিং এবং জিপনের মাধ্যমে ইন্টারনেটসেবা ব্যবহার করা যাবে। 


পাশাপাশি একাধিক অপারেটরের নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা থাকায় নেটওয়ার্কজনিত সমস্যাও কম হবে, কভারেজ নিয়ে চিন্তা থাকবে না। বিশ্বের অন্যান্য দেশের এমভিএনও অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারি মিনিট ও ডেটা প্যাক বিক্রি করে। সেটিও গ্রাহকদের জন্য লাভজনক। বিটিসিএল জানিয়েছে, তারা চেষ্টা করবে গ্রাহকদের সর্বনিম্ন মূল্যে উচ্চগতির ইন্টারনেটসেবা দেওয়ার।




  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৪৭ পিএম

মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত রাখবে।


শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক-যে উপাধিতেই ভূষিত হয়ে থাকুন না কেন, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব। এক জীবনে সবার পক্ষে এই গৌরব অর্জন করা সম্ভব হয় না। বীর মুক্তিযোদ্ধারা সে কারণেই অনন্য-অসাধারণ।


অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, আপনাদের কেউ কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করেন, আবার আপনাদের পরিবারের কেউ কেউ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। আপনারা সবাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেই গৌরবের অংশীদার।মুক্তিযুদ্ধে আত্মত্যাগের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, লাখো মানুষের প্রাণের বিনিময়ে, অসংখ্য মা-বোনের সন্তান ও সম্ভ্রমের বিনিময়ে, অনেক আহত মানুষের আর্তনাদ কিংবা পঙ্গুত্বের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ। সশস্ত্র বাহিনী দিবসের এই ঐতিহাসিক দিনে তিনি মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। আহত মুক্তিযোদ্ধা এবং সদস্যদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে আল্লাহর দরবারে শহীদদের মাগফিরাত কামনা করেন।


খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসে সশস্ত্র বাহিনীর যেসব মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সম্মানী ও সংবর্ধনা পেয়েছেন, আমি মনে করি, এটি মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায়। তাদের সম্মানিত করে কিছুটা হলেও রাষ্ট্র তার দায় পূরণের চেষ্টা করেছে।


নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে তারেক রহমান জানান, এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনিও গর্বিত। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের যে কোনো গৌরব ও সাফল্য তাকেও আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। এটিও সশস্ত্র বাহিনীর জন্য একটি গর্বের বিষয়।


প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১১:১৮ এএম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনী প্রধান।সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন শনিবার সকালে সেনাসদরে সশস্ত্র বাহিনী বিভাগে সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন।


এসময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।


এর আগে কুর্মিটেলায় শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিন বাহিনীর প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান।


১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করে। প্রতিবছর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করে বাংলাদেশ।


দিবসটি উপলক্ষে সেনানিবাস, নৌঘাঁটি ও বিমান বাহিনীর ঘাঁটি মসজিদে দেশের কল্যাণ, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।


শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১১:১৪ এএম

সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।


শনিবার সকাল ৮টায় শিখা অনির্বাণে শ্রদ্ধা জানানোর পাশাপাশি পরিদর্শন বইয়ে সইয়ের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করেন তারা।


প্রথমে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুষ্পস্তবক অর্পণ করেন। এর পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানান। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান।


১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করে। প্রতিবছর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করে বাংলাদেশ।দিবসটি উপলক্ষে সেনানিবাস, নৌঘাঁটি ও বিমান বাহিনীর ঘাঁটি মসজিদে দেশের কল্যাণ, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।


এ দিবসে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন।


এ সময় সরকারপ্রধান খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ ও তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।


অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম, তিন বাহিনী প্রধানসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।


দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রীর তরফে শনিবার বিকাল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।


এতে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকরা উপস্থিত থাকবেন।


এছাড়া বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।


হুয়ান কার্লোস সালাজার গোমেজের সঙ্গে এম. রশিদুজ্জামান মিল্লাতের বৈঠক। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১:০৯ এএম

বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন, বিনিয়োগ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বিশেষ করে বিমান চলাচলের নিরাপত্তা তদারকি, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং কর্মকর্তাদের প্রশিক্ষণে সংস্থাটির সহায়তা কামনা করেছে সরকার।

শুক্রবার (২০ নভেম্বর) কানাডার মন্ট্রিলে আইকাওয়ের ৪৩তম বিশেষ অধিবেশনের সাইডলাইনে সংস্থাটির মহাসচিব হুয়ান কার্লোস সালাজার গোমেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ সহযোগিতা চান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। বৈঠকে বাংলাদেশ ও আইকাওয়ের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় বিমান চলাচল খাতের উন্নয়ন, বিনিয়োগ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, পরিবেশগত টেকসই উন্নয়ন এবং উদীয়মান প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে আইকাও মহাসচিব বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে সংস্থাটির সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান তিনি। পরিবেশগত টেকসই উন্নয়ন এবং ‘অ্যাডভান্সড এয়ার মোবিলিটি’র সম্ভাবনার কথা তুলে ধরে এসব নতুন ক্ষেত্রে বাংলাদেশকে কাজ করার উৎসাহ দেন মহাসচিব।

অন্যদিকে, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন মন্ত্রী। তিনি কারিগরি দক্ষতা উন্নয়ন, বিমান চলাচলের নিরাপত্তা তদারকি, পরিদর্শকদের প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আইকাওয়ের সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার বিমান চলাচল খাতের উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে। এ শিল্পের অগ্রগতিতে প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং নিরাপদ, সুরক্ষিত, দক্ষ ও টেকসই বৈশ্বিক বিমান চলাচল ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে বাংলাদেশ ও আইকাওয়ের অভিন্ন অঙ্গীকারের বিষয়টি উঠে আসে। এ সময় কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. জসীম উদ্দিনসহ দুই পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২৫ এএম

আলুর ভালো দাম পেলেই পরের মৌসুমে অতিরিক্ত উৎপাদনে ঝুঁকে পড়েন কৃষকরা। এতে বাজারে সরবরাহ বেড়ে দাম কমে যায় এবং শেষ পর্যন্ত লোকসানের মুখে পড়তে হয় তাদের। তাই বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে পরিকল্পিতভাবে ফসল উৎপাদনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।


শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ‘বাংলাদেশে উত্তম কৃষি চর্চা অনুসরণপূর্বক আলুর রপ্তানি বাজার সংযোগ স্থাপন ও ব্র্যান্ডিং’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলুচাষি ও রপ্তানিকারকদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।


প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে জিওগ্র্যাফিক ম্যাপ (ভৌগোলিক মানচিত্র) তৈরি করে এলাকাভিত্তিক ফসল উৎপাদনের উদ্যোগ নিয়েছেন। কোন এলাকায় কোন ফসলের কতটুকু চাহিদা রয়েছে, তা নির্ধারণ করে সেই অনুযায়ী উৎপাদন নিশ্চিত করতে সরকার কাজ করছে।


শিবগঞ্জ এলাকার কৃষি সম্ভাবনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এই এলাকা কৃষিতে উদ্বৃত্ত। শিবগঞ্জ উপজেলায় দেশ ও বিদেশের চাহিদা মেটানোর পরও প্রায় ছয় হাজার মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত থাকে।


তিনি বলেন, চাহিদার তুলনায় বেশি ফসল উৎপাদন করতে গিয়ে কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। তাই আবেগের বশবর্তী হয়ে নয়, হিসাব-নিকাশ করে ফসল উৎপাদন করতে হবে।


সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি প্রধানমন্ত্রী ও জিয়া পরিবারের সদস্যদের জন্য সবার কাছে দোয়া চান।


বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনছারুজ্জামান, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক আব্দুল মজিদ প্রামাণিক এবং বগুড়া কৃষি অঞ্চলের উপপরিচালক শামসুদ্দিন ফিরোজ।


জাতীয় প্রেস ক্লাবে সোনার বাংলা পার্টির ২০তম প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ৯:১৫ পিএম

‘বর্তমানে প্রচলিত গণতন্ত্র হলো সমাজের কেবল উচ্চশ্রেণির স্বল্পসংখ্যক লোকের গণতন্ত্র। এই গণতন্ত্রের সুবিধাও ভোগ করে মোট জনসংখ্যার বড়জোর ৫ শতাংশ লোক। বাকিরা এতে শোষিত, বঞ্চিত ও প্রতারিত।’ 

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সোনার বাংলা পার্টির ২০তম প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন সংগঠনের সভাপতি সৈয়দ হারুন–অর রশীদ। দলটি এ আলোচনা সভার আয়োজন করে। 

তিনি বলেন, ১৯৮০ -এর দশক থেকেই যুক্তরাষ্ট্র এই গণতন্ত্রকে অভিহিত করেছে লিবারেল ডেমোক্রেসি বলে। আগে শুধু ডেমোক্রেসি বলত। এতে গণতন্ত্রকে রূপ দেওয়া হয়েছে নির্বাচনতন্ত্রে। শিক্ষা ও সংস্কৃতির ধারণাকেও বদলে ফেলা হয়েছে। 
  
সৈয়দ হারুন–অর রশীদ বলেন, এই গণতন্ত্রের পরিবর্তে আমরা চাই শতভাগ মানুষের গণতন্ত্র। তাতে সরকার গঠিত হবে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে। শতভাগ মানুষের গণতন্ত্রকে আমরা জনগণের গণতন্ত্র বা ‘সর্বজনীন গণতন্ত্র’ বলেও অভিহিত করি। পৃথিবীর প্রায় সব দেশেই সর্বজনীন গণতন্ত্র অবলম্বন করে গড়ে তুলতে হবে নতুন জাতি রাষ্ট্র। আর আন্তরাষ্ট্রীয় সম্পর্ক ও বিশ্বব্যবস্থার ক্ষেত্রে গড়ে তুলতে হবে আন্তর্জাতিক ফেডারেল বিশ্ব সরকার। বিশ্ব সরকার হবে সব জাতি রাষ্ট্রের সরকারের ঊর্ধ্বতন এক সরকার। 

তিনি আরও বলেন, বিশ্ব সরকারের কাজ হবে জাতিরাষ্ট্রগুলোর মধ্যে সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধি করা। বিভিন্ন রাষ্ট্রের মধ্যকার বিরোধ মীমাংসা করা। পর্যায়ক্রমে যুদ্ধের আশঙ্কা দূর করা এবং আলোচনার মাধ্যমে আন্তরাষ্ট্রীয় সমস্যার সমাধান করা। রাষ্ট্রব্যবস্থা ও বিশ্বব্যবস্থাকে এমনভাবে পুনর্গঠিত করতে হবে যাতে কোনো রাষ্ট্রেরই কোনো সেনাবাহিনী না থাকে এবং কেবল বিশ্বসরকারের কাছে একটি সেনাবাহিনী থাকবে। রাষ্ট্রকে গুরুত্ব দিয়ে সভ্যতা, সংস্কৃতি, সর্বজনীন কল্যাণ ও প্রগতির নীতি অবলম্বন করে চলতে হবে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হারুন–অর–রশীদ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর, জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক, কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, সমাজতান্ত্রিক দলের সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নিখিল দাস, স্বাধীনতা পার্টির সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, সোনার বাংলা পার্টির সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন ঈশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমান চৌধুরী, মুস্তাফিজুর রহমান মুক্তা, ন্যাশনাল পলিটিকাল ক্লাবের প্রেসিডেন্ট অধ্যক্ষ মিন্টু, শেরে বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।