তোফায়েল আহমেদ
ষাটের দশকের ছাত্ররাজনীতির উজ্জ্বল নক্ষত্র, ঊনসত্তরের গণঅভ্যুত্থান আর একাত্তরের মুক্তিযুদ্ধের অগ্রসৈনিক, আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তোফায়েলের জামাতা তৌহিদুজ্জামান তুহিন এবং স্ত্রীর বড় ভাই মামুন তালুকদার শেখ।
স্কয়ার হাসপাতালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল বেশ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
গত ২৪ সেপ্টেম্বর বিকালে নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সিনিয়র কনসালটেন্ট ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
স্কয়ার হাসপাতালে আট মাস আট দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা সাড়ে ৩টায় তার মৃত্যু হয়। হাসপাতালের তরফে ডা. রায়হান রাব্বানী এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. তৌহিদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার চিকিৎসার তথ্য তুলে ধরেছেন।
আওয়ামী লীগের রাজনীতির নানা বাঁক-বদলের সাক্ষী তোফায়েল আহমেদের রাজনীতিতে হাতেখড়ি কলেজ জীবনেই। তৃণমূল থেকে উঠে আসা এ রাজনীতিক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন উপদেষ্টা পরিষদে।
দ্বীপ জেলা ভোলা সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্ম তোফায়েলের। ১৯৪৩ সালের ২২ অক্টোবর সেই গ্রামের আজহার আলী ও ফাতেমা খানমের ঘরে আসেন তিনি।
ভোলা সরকারি হাই স্কুল থেকে ১৯৬০ সালে তৎকালীন ম্যাট্রিকুলেশন পাসের পর ভর্তি হন বরিশাল ব্রজমোহন কলেজে। সেখান থেকে ১৯৬২ সালে আইএসসি এবং ১৯৬৪ সালে বিএসসি সম্পন্ন করেন। সে বছরই তিনি ভোলা শহরের আনোয়ারা বেগমের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। তাদের একমাত্র সন্তান তাসলিমা আহমেদ জামান মুন্নী পেশায় চিকিৎসক।
ব্রজমোহন কলেজে স্নাতক শেষে তোফায়েল ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে; মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে সম্পন্ন করেন স্নাতকোত্তর। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ১৯৬৪ সালে তৎকালীন ইকবাল হল (শহীদ সার্জেন্ট জহুরুল হক হল) ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক, পরের বছর মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহসভাপতি এবং ১৯৬৬-৬৭ শিক্ষাবর্ষে ইকবাল হল ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন।
১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ডাকসুর ভিপি থাকাকালে চারটি ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ গঠন করে বঙ্গবন্ধুর ৬ দফা কর্মসূচি ১১ দফায় অন্তর্ভুক্ত করে উনসত্তরের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেন।
অভ্যুত্থানের মুখে ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুসহ সব রাজবন্দিকে মুক্তিদানে স্বৈরশাসক আইয়ুব খান বাধ্য হন। পরদিন রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদের সভাপতি হিসেবে তোফায়েল ‘বঙ্গবন্ধু’ উপাধি দেন শেখ মুজিবুর রহমানকে। গণঅভ্যুত্থানেই আইয়ুব খানের পতন ঘটে, অবসান হয় মৌলিক গণতন্ত্র ব্যবস্থার।
সেই সময়ের কথা স্মরণ করে ২০১৬ সালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তোফায়েল আহমেদ বলেছিলেন, ‘‘৬৬ সালে ৬ দফা দিয়ে তিনি (বঙ্গবন্ধু) আমাদেরকে বলেছিলেন, ‘সাঁকো দিলাম। এই সাঁকো পেরিয়ে একদিন স্বাধীনতায় পৌঁছব।”
“সত্যিই ৬ দফা ছিল আমাদের মুক্তির সনদ। ৬ দফা কী-এটা আইয়ুব খান উপলব্ধি করেছিল বলেই তাকে আগরতলা মামলার আসামি করে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে চেয়েছিল।”
উনসত্তরেই তোফায়েল আহমেদ বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। আবাসিক হল ও ডাকসুর ভিপি থাকাকালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহচর্যে আসেন। পরের বছরের ২ জুন শেখ মুজিবের নির্দেশে তোফায়েল আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের রাজনীতি শুরু করেন। সে বছর ভোলার দৌলতখান-তজুমদ্দিন-মনপুরা আসন থেকে মাত্র ২৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি।
মুক্তিযুদ্ধে ‘মুজিব বাহিনী’র অঞ্চলভিত্তিক চার প্রধানের একজন ছিলেন তোফায়েল। তিনি ছিলেন বরিশাল, পটুয়াখালী, খুলনা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া ও পাবনা সমন্বয়ে গঠিত পশ্চিমাঞ্চলের দায়িত্বে।
মুজিবনগর সরকার প্রতিষ্ঠার অন্যতম সংগঠক তোফায়েল দেশ স্বাধীনের পর সংবিধান প্রণয়নে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৭২ সালের ১৪ জানুয়ারি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত তিনি এ পদে বহাল ছিলেন।
এর মধ্যে ১৯৭৩ সালে তিনি ভোলা থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পঁচাত্তরের ২৫ জানুয়ারি দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ঘোষণার পর প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ‘রাষ্ট্রপতির বিশেষ সহকারী’ নিযুক্ত হন তোফায়েল। সে বছরই বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল গঠিত হলে এর যুব সংগঠন ‘জাতীয় যুবলীগের সাধারণ সম্পাদক’ নির্বাচিত হন তিনি।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরপরই তোফায়েলকে গৃহবন্দি করা হয়। পরে পুলিশ কন্ট্রোল রুম এবং রেডিও অফিসে নিয়ে অমানুষিক নির্যাতন করা হয়। একই বছরের ৬ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়, রাখা হয় ময়মনসিংহ কারাগারের কনডেম সেলে। পরে কুষ্টিয়া কারাগারে তাকে স্থানান্তর করা হয়। তখন দীর্ঘ ৩৩ মাস তিনি কারান্তরালে ছিলেন।
কুষ্টিয়া কারাগারে থাকা অবস্থায় ১৯৭৮ সালে তোফায়েল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। আওয়ামী লীগকে সুসংগঠিত করে সামরিক শাসনবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখেন তিনি।
বঙ্গবন্ধুকে সপরিবার হত্যাকাণ্ডের পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তোফায়েল আহমেদ শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং ২০১৪ সাল থেকে থেকে ২০১৯ সাল পর্যন্ত বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তোফায়েল আহমেদ নৌকা প্রতীক নিয়ে মোট ১২ বার নির্বাচন করেছেন। মাত্র ২৭ বছর বয়সে প্রথম ভোটে বিজয়ী এ রাজনীতিক ৮০ বছর বয়সেও জয়ের মুখে দেখেছেন। ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকেই জয় পান।
সবমিলিয়ে তিনি নয়বার সাংসদ হয়েছেন, যার মধ্যে রয়েছে- ১৯৭০-এ পাকিস্তান জাতীয় পরিষদ, ১৯৭৩, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন। রাজনীতির নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে তোফায়েল ১৯৯২ সালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হন, যে পদে তিনি দায়িত্ব পালন করেছেন দীর্ঘ ১৮ বছর।
সংবিধান থেকে ‘ইনডেমনিটি অর্ডিন্যান্স’ অপসারণ, বঙ্গবন্ধু হত্যার বিচার এবং মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার ছিলেন তিনি। তোফায়েল ২০১০ সালে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হন, যে পদেই ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত।
ছবি : সংগৃহীত
চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশে জামায়াতে ইসলামী। বুধবার (১৮ নভেম্বর) বিকালে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিক্ষোভ সমাবেশের ডাক দিয়ে তিনি বলেন, চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের নিজেদের মতো কর্মসূচি পালনের তাগিদও দেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় অগ্রাহ্য করার কারণে দেশে আজ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। ৭০ ভাগ মানুষের রায় অস্বীকার করার কারণে ফ্যাসিবাদবিরোধী জনতা সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না।
গোপালগঞ্জে চলমান ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় যা হচ্ছে, একটি নির্বাচিত সরকারের আমলে এসব ঘটনা কাম্য নয়।
তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশ একজন পলাতক আসামিকে আশ্রয় দিয়ে প্রথম অপরাধ করেছে। এখন বলছে, তাকে ফেরত পাঠাতে সামরিক বিমান পাঠাতে হবে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই।
দলটির সেক্রেটারি জেনারেল বলেন, দেশের সাম্প্রতিক ঘটনায় দেশবাসীর মতো আমরাও উদ্বিগ্ন। পুলিশের ওপর হামলা হচ্ছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারছেন না। দেশে সরকার আছে বলে মনে হচ্ছে না। গোপালগঞ্জ, মাদারীপুর যে দেশের একটা অংশ, এটা মনে হচ্ছে না।
তিনি বলেন, সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রপতিকে এগিয়ে আসতে হবে। জনগণের জানমালের রক্ষায় রাষ্ট্রপতির ভূমিকা জরুরি।
তিনি আরও বলেন, প্রশাসন থেকে শুরু করে সরকারি সব জায়গায় ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে, তাদের চিহ্নিত করে শক্তভাবে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না।
ছবি : সংগৃহীত
জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ৩টায় রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলনের এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এ উপলক্ষে দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনের সংবাদ যথাযথভাবে প্রচারের লক্ষ্যে প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে একজন রিপোর্টার ও একজন ফটো সাংবাদিক পাঠানোর অনুরোধ জানিয়েছে দলটি। একই সঙ্গে সংবাদ সম্মেলনটি প্রচারে গণমাধ্যমগুলোর আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান
শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইন অনুযায়ীই হবে। এ বিষয়ে ভারত বা অন্য কোনো দেশ কথা বলতে পারে না। সরকারকে অন্যায় চাপ দিয়ে কোনো কিছু করানো যাবে, এমন যুগ শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের একজন আসামির বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের আইনেই নির্ধারিত হবে। এ নিয়ে ভারত বা অন্য কোনো দেশ কথা বলতে পারে না। তারা কথা বলবে, সেটিও তিনি বিশ্বাস করেন না। সরকার কোনো চাপে নেই।
এদিকে দেশে সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে আগামী জানুয়ারিতে সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর মাধ্যমে শুধু বিনোদনই নয়, তরুণ প্রজন্মের বিপথে যাওয়ার প্রবণতা থেকেও বের হয়ে আসা সম্ভব বলে মনে করে সরকার।
২০২৭ সালের হজ চুক্তি সৌদি আরবের সঙ্গে সই হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজে যেতে পারবেন।গঙ্গা পানি চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, এ চুক্তি নিয়ে কী হতে যাচ্ছে, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই। বাংলাদেশের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কী চাওয়া হবে এবং কীভাবে চাওয়া হবে, তা যথাসময়ে গণমাধ্যমের সামনে জানানো হবে।
প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে গঙ্গা পানি চুক্তির আলোচনা বা সমঝোতার সরাসরি সম্পর্ক নেই বলেও জানান তিনি। তার ভাষ্য, দুই প্রধানমন্ত্রী বৈঠকে বসলে যেকোনো চুক্তি সই হতে পারে। তবে এ ধরনের চুক্তির বিষয়গুলো অনেক আগেই চূড়ান্ত হয়ে থাকে।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির নামে সাধারণ মিছিল করাও বেআইনি বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, এসব কর্মসূচিতে নৃশংসতা ও সহিংসতার চিত্র দেখা গেছে। এ ধরনের ঘটনা সরকার সহ্য করবে না। তবে পুলিশ এমনভাবে কাজ করবে, যাতে অভিযান কার্যকর হয় এবং বলপ্রয়োগের মাত্রা আনুপাতিক থাকে। সহিংসতায় যাদের ছবি দেখা গেছে, তাদের বিচারের মুখোমুখি হতে হবে।
মজিবুর রহমান মঞ্জু। ছবি : সংগৃহীত
বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভায় থাকা জোনায়েদ সাকি, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নুর ও ববি হাজ্জাজের উল্লেখযোগ্য অবদান চোখে পড়ছে না বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নির্বাচন পূর্ববর্তী সময়ে ইসলামপন্থী দলগুলোর ভোট এক বাক্সে ফেলার (এক বাক্স নীতি) একটা উদ্যোগ বেশ আলোচনা ও আগ্রহের সূচনা করেছিল। ব্যাক্তিগতভাবে আমি এই উদ্যোগকে উৎসাহিত এবং জোর সমর্থন করেছিলাম। আমাদের চাওয়া ছিল বিএনপি তার সমমনা দলগুলোকে নিয়ে একটা জোট করুক। ইসলামপন্থী দলগুলোর একটা জোট হোক। আর আমরা যারা অধিকার ভিত্তিক নতুন রাজনৈতিক বন্দোবস্তের চিন্তা নিয়ে দল করেছি (মধ্যমপন্থী) তারা আমরা একটা এলায়েন্স করবো।
সেজন্য এনসিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ ও গণতন্ত্র মঞ্চভুক্ত ৬টি দলসহ (নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী জনশক্তি পার্টি) আমরা এই ৯টি দল একসাথে বেশ কয়েকটি মিটিংও করেছি।
জোট গঠন করতে না পারার কারণ জানিয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, আমাদের এই ৯ দলীয় একটি জোট গড়ে উঠতে পারেনি মূলত: মান্না ভাইয়ের দূর্বল রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও নেতৃত্ব, জোনায়েদ সাকির এবারেই জীবনের শেষ চান্স কাজে লাগানোর মনোভাব, নুরুল হক নুর ও রাশেদের অতি চতুর আচরণের কারণে। দিন রাত দৌড়ঝাঁপ দিয়ে আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম। নাহিদ ইসলাম, শ্রদ্ধেয় হাসনাত কাইয়ুম ভাই ও জেএসডির স্বপন ভাই আমাকে সর্বাত্মক সমর্থন দিয়েছিল, কিন্তু সত্যিকার অর্থে আমরা সফল হইনি।
শেষতক এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টি’র সমন্বয়ে যে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠিত হয়েছিল সেটাও আমরা টিকিয়ে রাখতে পারিনি। হাসনাত কাইয়ুম ভাই এজন্য আমাদের ওপর খুব ক্ষুব্ধ হয়েছেন। পরিস্থিতির শিকার হয়ে আমরা নিদারুণ ক্ষতি মেনে নিয়েছি মনের কষ্ট বুকে চেপে রেখে।
ইসলামিক দলগুলোর সুবর্ণ সুযোগ হাতছাড়া হওয়ার দাবি করে তিনি বলেন, ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে নেয়ার উদ্যোগ শেষ পর্যন্ত সফল হয়নি। জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে দীর্ঘ বিরোধ মোচনের যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল- তা সিট ভাগাভাগির জেরে নষ্ট হয়ে গেছে।
আমাদের মধ্যপন্থী জোটের স্বপ্নও ভেস্তে গেছে। বিএনপি ঠিকই গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জমিয়তে উলামায়ে ইসলামসহ আরও কিছু দলকে সাথে নিয়ে এক ধরনের মিশ্র জোট তৈরি করে ক্ষমতায় গিয়েছে। কিন্তু এই মিশ্র জোট না করলে কি তারা দুই তৃতীয়াংশ সমর্থন নিয়ে ক্ষমতায় যেতো না! অবশ্যই যেতো বলে আমি মনে করি। এই দলগুলো তাদের জোটে অন্তর্ভুক্ত হওয়ায় তেমন কোন রাজনৈতিক ফায়দা হয়নি বিএনপির? সংসদ সদস্য বা মন্ত্রী হিসেবে জোনায়েদ সাকি, আন্দালিব পার্থ, নুরুল হক নুর বা ববি হাজ্জাজ- এদের তেমন উল্লেখযোগ্য অবদানও চোখে পড়ছে না।
বিভিন্ন জোটের কথা উল্লেখ করে মজিবুর রহমান মঞ্জু বলেন, আমার ধারণা ১২ দল ও জাতীয়তাবাদী সমমনা জোটসহ ‘বিএনপির পুরোনো সঙ্গীদের জোট’, ‘ইসলামী এক বাক্স জোট’, আমাদের ‘মধ্যপন্থী জোট’ এবং তার পাশাপাশি বামপন্থীদের ‘বাম গণতান্ত্রিক জোট’ অর্থাৎ এই চার ধারায় যদি জুলাই পরবর্তী রাজনৈতিক সমীকরণ তৈরি হতো সেটা বাংলাদেশের জন্য খুবই কল্যাণকর হতো।
বাংলাদেশের রাজনীতির নতুন সংস্কৃতিতে প্রবেশের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, গুম, খুন, লুটপাট ও গণহত্যার যথাযথ বিচার ও জুলাই সংস্কার সম্পন্ন করে আমরা যদি রিকনসিলিয়েশনের মাধ্যমে আওয়ামী লীগের ব্যাপারেও ঐক্যবদ্ধ একটা সিদ্ধান্ত নিতে পারতাম, তাহলে বাংলাদেশ এক নতুন রাজনৈতিক অধ্যায়ের ও সংস্কৃতিতে প্রবেশ করতে পারত।
বাংলাদেশ জামায়াতে ইসলামী
গোপালগঞ্জে নাশকতাসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোট। জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেছেন, সরকার যদি নিজেদের ব্যর্থতা স্বীকার করে জাতির প্রয়োজনে সহযোগিতা চায়, তাহলে ১১ দল বসে থাকবে না। তবে জাতীয় ঐক্য গড়ে তুলতে হলে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। হামিদুর রহমান আযাদ বলেন, ‘বাংলাদেশের পুরো ভূখণ্ডই আমাদের। এর কোথাও নিরাপত্তা বিঘ্নিত হলে অতীতে সোচ্চার ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব। গোপালগঞ্জ ৬৪ জেলার একটি। সেখানে নিরাপত্তা বিঘ্নিত হলে দেখার দায়িত্ব সরকারের। সরকার বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সরকার যদি বলে, আমরা ফেইল (ব্যর্থ) করলাম, আসেন, তাহলে জাতির প্রয়োজনে তো বসে থাকা যাবে না।’
সাম্প্রতিক সময়ে বোমা হামলা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন ধরনের নাশকতা ঠেকাতে সরকার কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, সরকার যতটুকু ব্যবস্থা নিয়েছে, তা ছিল আইওয়াশ। এসব ঘটনায় সরকারের ভূমিকা ‘ধরি মাছ না ছুঁই পানি’ ধরনের। এর ফলে ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদের দোসররা উৎসাহিত হচ্ছে।
বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করা হলেও স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কিছু বলছেন না উল্লেখ করে ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক বলেন, নির্বাচনের সময় হওয়া সমঝোতা রক্ষার জন্য এমনটি করা হতে পারে। সরকারের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা জনমনে প্রশ্ন তৈরি করছে। এ পরিস্থিতিতে সরকারকে নিজেদের ব্যর্থতা স্বীকার করে নেওয়ার আহ্বান জানান তিনি।
গত ১১ নভেম্বর জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। এ প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার হতে পারে জাতীয় ঐক্যের ভিত্তি। ফ্যাসিবাদ দমনে সরকার কার্যকর ভূমিকা রেখে জাতীয় ঐক্যের ডাক দিলে বিরোধী দল তাতে সাড়া দেবে। গণভোটের বাস্তবায়ন ও গণহত্যার বিচারের মাধ্যমেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠতে পারে।
তিনি বলেন, মানুষের জানমালের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। সরকারকে নিজেদের ব্যর্থতা স্বীকার করে সংসদে সুস্পষ্ট বক্তব্য দিতে হবে। অপরাধীদের বিরুদ্ধে দল-মত ও পরিচয় নির্বিশেষে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। জাতীয় ঐক্য শুধু কথার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না। এর জন্য প্রয়োজন অভিন্ন নীতি, অঙ্গীকার ও কার্যকর পদক্ষেপ। সরকার এসব বিষয়ে আন্তরিকভাবে উদ্যোগ নিলে ১১ দল তাতে রাজি রয়েছে।
স্থগিত সিলেট অভিমুখে লংমার্চ
ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে ১১ দলের লংমার্চ স্থগিত করা হয়েছে। সিলেটগামী সড়কের বেহাল অবস্থা এবং বিকল্প হিসেবে রেলপথ ব্যবহারে ব্যবস্থাপনাগত জটিলতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠকে নতুন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
হামিদুর রহমান আযাদ বলেন, এর আগে ১১ দলের তিনটি লংমার্চেই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এসব কর্মসূচির মাধ্যমে তাঁরা সরকারের প্রতি জনগণের আস্থা নেই এবং সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেনি, সেই বার্তা দিতে পেরেছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, লেবার পার্টির মহাসচিব মিরাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ফখরুল ইসলাম এবং এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
হাতকড়া ছাড়া আদালত চত্বরে জিয়াউল আহসান