জাইমা রহমান

  • প্রকাশ : রবিবার ১৮ জানুয়ারি, ২০২৬, সময় : ৯:১৮ এএম

নারীরা যখন সুযোগ পায়, ভবিষ্যৎ বদলে দেয়: জাইমা রহমান নারী ক্ষমতায়িত হলে জাতির ভবিষ্যৎ বদলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। তিনি বলেছেন, “যখন নারীদের দূরে না ঠেলে স্বাগত জানানো হয়, তখন তারা কেবল নিজেদের জীবনই বদলায় না; তারা তাদের পরিবারের ভবিষ্যৎ এবং জাতির ভবিষ্যৎও বদলে দেয়। “বাংলাদেশ যদি সত্যিকারের টেকসই উন্নয়ন চায়; তাহলে ক্ষমতায়নের প্রসঙ্গ কেবল শিক্ষা, অফিস বা নীতির মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না, আমাদের ঘর, প্রতিষ্ঠান এবং মানসিকতাতেও পৌঁছাতে হবে। আর এর দায়িত্ব আমাদের সবার।”


রোববার রাজধানীর খামারবাড়িত কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক’ পলিসি ডায়লগে বক্তব্য রাখছিলেন ব্যারিস্টার জাইমা। তিনি বলেন, “আমি আজ এখানে দাঁড়িয়েছি ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে। বাংলাদেশের এই পলিসি লেভেলে আমার প্রথম বক্তব্য এটা। আমি এমন কেউ নয়—যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে। “তবুও আমি বিশ্বাস করি, নিজের ছোট্ট জায়গা থেকে ও সমাজের জন্য; দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আজ আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসাথে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে।”


দেড় দেশক বাদে গত ২৫ ডিসেম্বর পরিবারের সঙ্গে দেশে ফেরেন জাইমা রহমান। জনপরিসরে দেওয়া তার প্রথম বক্তৃতায় উঠে এসেছে নারীর অগ্রযাত্রায় তার দাদা বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দাদি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবদানের কথা। জাইমা রহমান বলেন, “নারীর মর্যাদা ব্যক্তিগত ও জনপরিসর—উভয় ক্ষেত্রেই স্বীকৃত হওয়া উচিত; এই বিশ্বাস আমাদের পরিবারের বাইরেও আমার দাদা-দাদির জীবন ও নেতৃত্বে প্রতিফলিত হয়েছিল। আমার দাদা, রাষ্ট্রপতি জিয়াউর রহমান জানতেন যে নারীদের বাদ দিয়ে উন্নয়ন কখনোই পূর্ণ হতে পারে না। “তিনি নারীদের ঘরে, কর্মক্ষেত্রে ও জনপরিসরে সক্ষম অবদানকারী হিসেবে দেখতেন। এই বিশ্বাসই—একজন নেতা হিসেবে নেওয়া তার সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করেছিল। তার নেতৃত্বে পোশাক খাতের সম্প্রসারণের ফলে লাখ লাখ নারী প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিক কর্মসংস্থানে প্রবেশের সুযোগ পান, অর্জন করেন স্বাধীনতা ও আয়ের ক্ষমতা।” বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাতনি বলেন, “নারী ও কন্যাশিশুদের জীবনমান উন্নয়নে সুস্পষ্ট উদ্দেশ্য ও কাঠামো প্রয়োজন—এই দৃঢ় বিশ্বাস থেকে একই সময়ে মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। “এগুলো কেবল নীতিগত সিদ্ধান্তই ছিল না, বরং তার ব্যক্তিগত মূল্যবোধেরই বহিঃপ্রকাশ।”


রাষ্ট্রপতি থাকা অবস্থায় ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর বিএনপির হাল ধরেন তার স্ত্রী খালেদা জিয়া, তখন তিনি নিতান্তই একজন গৃহবধূ। তিনি ১৯৮৪ সালের অগাস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন, আমৃত্যু তিনি সে দায়িত্বে ছিলেন। তার বড় ছেলে তারেক রহমান দেশে ফেরার পর গত ৩০ ডিসেম্বর তার মৃত্যু হয়। জিয়াউর রহমানের মূল্যবোধকে খালেদা জিয়া এগিয়ে নিয়ে যান মন্তব্য করে তাদের দৌহিত্রী জাইমা বলেন, “আমার দাদি বেগম খালেদা জিয়া, যিনি শিক্ষার মাধ্যম নারীর ক্ষমতায়ন এবং আত্মবিশ্বাস অর্জনের গুরুত্ব বুঝেছিলেন। তার নেতৃত্বে কন্যাশিক্ষাকে সুযোগ নয়, অধিকার হিসেবে বিবেচনা করা হয়েছিল। “বিনামূল্যের মাধ্যমিক শিক্ষা, পাশাপাশি ‘খাদ্যের বিনিময়ে শিক্ষা’ ও ‘নগদ অর্থের বিনিময়ে শিক্ষা’ কর্মসূচি—এসব উদ্যোগ দেশের লাখো মেয়েকে বিদ্যালয়ে ধরে রাখতে সাহায্য করে এবং অসংখ্য পরিবারের জীবনধারা বদলে দেয়। “তার প্রণীত মাধ্যমিক বিদ্যালয় ছাত্রী সহায়তা প্রকল্প মাধ্যমিক শিক্ষায় প্রথমবারের মতো লিঙ্গসমতা আনে এবং বাংলাদেশ ছাড়িয়ে অন্যান্য দেশেও অনুকরণযোগ্য মডেল হয়ে ওঠে।”


ক্ষমতার পটপরিবর্তনের পর গত বছরের শুরুতে তৎকালীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়েছিল। তখনকার এক ঘটনা তুলে ধরে জাইমা রহমান বলেন, “দাদি যখন আমাদের সাথে লন্ডনে ছিলেন গত বছরের প্রথমের দিকে, উনি যখন এসেছিলেন- তখন হাসপাতালে ছিলেন কিছু চিকিৎসার জন্য। ওখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশ থেকে নার্স ছিল, ডাক্তার ছিলেন এবং এক নার্স ছিলেন নাইজেরিয়া থেকে, নাইজেরিয়া ওয়েস্ট আফ্রিকাতে। “আম্মা-আব্বা একদিন দাদুকে সকাল সকাল দেখতে গেছিল, তো নার্স বলেছে যে, ‘ওহ আমি তো আপনার মাকে চিনেছি’। আম্মু-আব্বু বলল কীভাবে? ‘আপনার মা-ই প্রথম ইলেক্টেড প্রাইম মিনিস্টার বাংলাদেশের না?’ আম্মু-আব্বু তো অবাক; ‘হ্যাঁ আপনি কীভাবে জানেন?’ তো নার্স তারপর বলল যে, ‘আপনাদের উনি যে এত কিছু করেছেন মেয়েদের শিক্ষার জন্য স্পেশালি প্রাইমারি এডুকেশন, ফুড ফর এডুকেশন, ক্যাশ ফর এডুকেশন; এগুলো আমাদের সরকার ওই ৩৫-৩০ বছর আগে দেখে ইমপ্লিমেন্ট করেছিল’। “আর ওই কারণে লক্ষ লক্ষ মেয়েরা ওদের দেশের গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় এখনো শিক্ষা পাচ্ছে অন্তত প্রাইমারি এডুকেশন লেভেলে।”


অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে নারী নিরাপত্তার বিষয়ে জাইমা রহমান বলেন, “এমনি তো নিরাপত্তা ….অনলাইনে তো সেইফটি, সিকিউরিটি হয়তবা নাই। যেটা হয়তবা সামনাসামনি মানুষের বিকজ অব মানুষের আচরণ-বিচরণ,কালচার উনারা হয়তবা কিছুটা হবে। …প্রথম যদি আমরা শুরু করি আন্ডার ২৫ উইম্যান দে ফেইস মোস্টলি অনলাইন অ্যান্ড অফলাইন। “ইন টার্মস অব প্রোটেকশন…ডিজিটাল লিটারেসি স্কিলস ইনটার্মস অব সফট ডিফেন্সেস এজ ওয়েল শেখানো উচিত। বিকজ অব দেয়ার ইজ আ অ্যাসপেক্ট অব কনফিডেন্স, যদি আমরা কনফিডেন্ট ফিল করি, আমরা বুঝি যে ওকে হাউ আর অলসো সেইফ অনলাইন অ্যান্ড অফ লাইনে। তাহলে ওটা তো মাইন্ডসেটের একটা বিষয় এসে পড়ে….এটা এক নাম্বার। দুই নাম্বার বিষয় হচ্ছে যে, ইন টার্মস অব লিগ্যাল প্রোটেকশন আমরা আবার বলব, বিভিন্ন ধরনের আইন করা হয় কিন্তু এগুলো বাস্তবায়ন হয় না… এটা আমরা কোর্ট সিস্টেমেও দেখতে পারছি।” তিনি বলেন, “কোর্ট সিস্টেমে অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ের কারণে হচ্ছে না; বহু বছর রয়ে যাচ্ছে, কোনো কিছু হচ্ছে না। “আমাদের চিন্তা করতে হবে- প্রথমে কীভাবে থামানো যাবে। আমরা বললাম যে, হয়তবা কমিউনিটি ট্যাক্স যদি করা হয় … রিপোর্টিং সিস্টেম যদি করা হয়…বেটার স্ট্রিট লাইটিং… ঢাকা শহর ছাড়াও অনেক রাস্তায় ঠিক মতো লাইটিং থাকে না রাত্রে…।”


অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নারীর ক্ষমতায়নে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশের জনসংখ্যায় এখন ৫১% নারী এবং ৪৯% পুরষ। সেই দিক থেকে আমি এখানে মাইনারিটি। “আমাদের নারীদের সামনে এগিয়ে নিতে বিভিন্ন কর্মপরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে আমাদের নেতা তারেক রহমান সাহেব ফ্যামিলি কার্ড চালু করার কথা বলেছেন।” উপস্থাপক কাজী জেসিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) চেয়ারম্যান, বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুপালী হক চৌধুরী, সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, ব্র্যাক ইন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদসহ বিভিন্ন পেশার নারীরা।



সর্বশেষ সব খবর

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ২:৫৮ পিএম

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ আখ্যা দিয়ে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমালোচনা করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।


ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ আর লেখেন, ‘বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ। এজন্যই কোথাও কোনো আইনশৃঙ্খলা নেই, নিরাপত্তা নেই। চারদিকে শুধু সংবিধান আর সংবিধান।’

সর্বশেষ সব খবর

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ৫:২৩ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দোষীদের খুঁজে বের করে শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ দায়িত্ব পালনে সরকার ব্যর্থ হলে উচ্চমূল্যে খেসারত দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন জামায়াত আমির।


হামলাটিকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে তিনি লেখেন, অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চমূল্যে দিতে হবে। এ ঘটনায় নীরব বসে থাকার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

 

এর আগে, বুধবার রাতেই এক পোস্টে নুসরাত তাবাসসুম নিজেই অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেন। পোস্টে তিনি দাবি করেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ৫:১৪ এএম

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) এক নেতাকে ধরতে একটি বারে ঢুকতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় ছাত্রদলের তিন নেতা–কর্মী আহত হয়েছেন। পরে পুলিশ বারের ভেতর থেকে ওই ছাত্রলীগ নেতা ও তাঁর এক সহযোগীকে আটক করেছে। এ ঘটনায় বারের কয়েকজন নিরাপত্তাকর্মীকেও আটক করা হয়েছে।


বুধবার রাত ১০টার দিকে কনকর্ড টাওয়ারের পঞ্চম তলায় অবস্থিত কয়লা বারের সামনে ও ভেতরে এ ঘটনা ঘটে।পুলিশ ও ছাত্রদল সূত্রে জানা যায়, ধানমন্ডি ২৭ নম্বর এলাকার একটি রেস্তোরাঁর কর্মী সুমনকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বুধবার রাতে আটক করেন ছাত্রদলের একদল নেতা-কর্মী। এ সময় তাঁরা সুমনের মুঠোফোন পরীক্ষা করার চেষ্টা করেন এবং পুলিশকে খবর দেন। একপর্যায়ে সুমন তাঁদের কাছ থেকে দৌড়ে পালিয়ে কনকর্ড টাওয়ারের নিচে চলে যান।


এরপর কয়লা বারের কয়েকজন নিরাপত্তাকর্মী সুমনকে ছেড়ে দিতে ছাত্রদলের নেতা-কর্মীদের অনুরোধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে সুমনকে ছাড়াতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজা সেখানে উপস্থিত হন। ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকেও আটক করার চেষ্টা করলে তিনি দৌড়ে বারের ভেতরে আশ্রয় নেন।


এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা বারের ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি মোতাহার হোসেন, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস কে সজীব ও ছাত্রদল নেতা আকাশ আহত হন। তাঁদের মাথা কেটে যায়।


পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রদলের ১০০ থেকে ১৫০ নেতা–কর্মী বারে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা কনকর্ড টাওয়ারের নিচের গেট বন্ধ করে দেন। পরে ছাত্রদলের নেতা–কর্মীদের বেধড়ক মারধর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বারের ভেতরে অভিযান চালিয়ে রাজা ও সুমনকে আটক করা হয়। এ ছাড়া বারের কয়েকজন নিরাপত্তাকর্মীকেও আটক করে মোহাম্মদপুর থানা-পুলিশ।ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি মোতাহার হোসেন বলেন, ছাত্রলীগ নেতা সুমন ও রাজাকে ধরতে গেলে বারের নিরাপত্তাকর্মীরা বাধা দেন। সুমনের বিরুদ্ধে ছাত্রলীগের বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনার প্রমাণ তাঁদের কাছে রয়েছে। এ কারণে তাঁরা সেখানে গিয়েছিলেন। নিরাপত্তাকর্মীদের মারধরে তিনি নিজেসহ তিনজন আহত হয়েছেন। তাঁরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।ঘটনার বিষয়ে রাত পৌনে একটার দিকে ডিএমপির মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, এ ঘটনায় দুই ছাত্রলীগ নেতা, কয়লা বারের ম্যানেজারসহ ৮-৯ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ছাত্রদলের নেতা–কর্মীরা থানা ঘেরাও করে আছেন। ছাত্রদলের কেউ মামলা বা অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সব খবর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৫৪ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি। নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজকে আমি কালকে আপনি পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।’


গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথাগুলো বলেন বিরোধীদলীয় চিফ হুইপ।


সরকার ও প্রশাসন জনগণকে কোনো নিরাপত্তা দিতে পারবে—এ আশা আর করেন না বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেন এনসিপির আহ্বায়ক। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আমাদেরকেই আমাদের পথ বেছে নিতে হবে।’


নাহিদ ইসলাম লিখেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশীয় কোনো শক্তি নয়। দিল্লির আশ্রয়–প্রশ্রয়–ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে। দেশের ভেতর নাশকতা করে সীমান্ত পার হয়ে ওপারে আশ্রয় নিচ্ছে।


বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলা করবেন জানিয়ে নাহিদ ইসলাম লিখেছেন, ‘ঐক্যবদ্ধভাবেই করবো, গণতান্ত্রিকভাবেই করবো।’


এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। গতকাল দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


নুসরাত এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য তিনি। তাঁর বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা পেট্রলবোমা নিক্ষেপ করেছে বলে এনসিপির মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে অভিযোগ করা হয়। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও এক ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা হামলা চালানোর কথা বলেছেন।

সর্বশেষ সব খবর

সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ জন বিশিষ্ট নাগরিককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৬:২৮ পিএম

পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন আট বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ করেছে। ইতোমধ্যে সংগঠনটি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রের পক্ষে আন্তর্জাতিক জলবায়ু তহবিল আদায়ে নিয়মিত সভা সেমিনার আয়োজন করছে। বৃক্ষরোপণ কর্মসূচিসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় সব ধরনের জনসচেতনতা তৈরীর চেষ্টা করছে। ইতোমধ্যে বাংলাদেশের অধিকাংশ জেলা ও উপজেলায় কমিটি রয়েছে।


আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার ও মহাসচিব মহসিন সিকদার পাভেল স্বাক্ষরিত চিঠিতে ৮ জন বিশিষ্ট নাগরিককে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে।


তাদের মধ্যে রয়েছেন সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহাদাত হোসেন (চাঁদপুর),  দপ্তর সম্পাদক মুর্শিদুল হক বিদ্যুৎ (ঢাকা), নারী ও শিশু বিষয়ক সম্পাদক মানবাধিকার কর্মী সেঁজুতি হোসাইন (ঢাকা), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক ব্যাংকার খন্দকার মোঃ শরিফুল আলম (ময়মনসিংহ), সহ-সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী এসএম ইমরান আহসান (পটুয়াখালী), সহ-অর্থ সম্পাদক ব্যাংকার শেখ জায়েদ আল ফাত্তাহ (ঢাকা), সহ প্রচার সম্পাদক মিস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ২০১৯ ফাতেমা ইয়াসমিন লিয়া (ঢাকা) ও সহ-দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ মিজানুর রহমান (ঝালকাঠি)।


গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা বাপ্পি সরদার বলেন, আমরা সব সময় চেষ্টা করছি পরিবেশ বিপর্যয় রোধে কিছুটা হলেও ভূমিকা রাখতে। সমাজের সচ্ছল ও বিবেকবান মানুষ পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা সম্পর্কে যার যার জায়গা থেকে জনসচেতনতা তৈরিতে কাজ করলে বর্তমান এবং আগামী প্রজন্মকে নিরাপদ করা সম্ভব। নতুন কমিটিতে যারা অন্তর্ভুক্ত হলেন আমরা বিশ্বাস করি তারা বিগত দিনে সংগঠনকে এগিয়ে নিতে ভূমিকা রাখায় তাদেরকে কেন্দ্রীয় কমিটিতে মূল্যায়ন করা হয়েছে। নবনিযুক্ত নেতৃবৃন্দ দাপ্তরিকভাবে স্ব-স্ব পদে থেকে সংগঠনকে এগিয়ে নিতে আরো বেশি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছি।


আগামী ডিসেম্বরে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক কাউন্সিল উপলক্ষে অতি দ্রুত প্রস্তুতি সভার আয়োজন করা এবং কাউন্সিল সফল করতে দেশবাসী ও সকল সদস্যের সহযোগিতা কামনা করছি।


সর্বশেষ সব খবর

স্বেচ্ছাসেবক দল নেতা তেরেনাম বাবু

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৪৬ পিএম

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বুধবার (১১ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।


তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে কিংবা কোন ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।


ডিবির এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে। শিগগিরই তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

সর্বশেষ সব খবর