বুধবার (২৪ জুন) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সভায় জামায়াত আমির। ছবিঃ সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ২৪ জুন, ২০২৬, সময় : ১:০২ পিএম

বর্তমান সরকার ক্রমান্বয়ে একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


তিনি বলেন, সরকার দেশের শিক্ষা, অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং প্রশাসনিক ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি স্তরে নগ্ন দলীয়করণ করছে। এমনকি নবগঠিত সংসদেও চরম বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে। সরকারি বরাদ্দের ক্ষেত্রে বিরোধী দলের সংসদ সদস্যদের অবমূল্যায়ন করা হচ্ছে। এভাবে সরকার ক্রমান্বয়ে একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে, যা জাতির জন্য চরম হতাশাজনক।


বুধবার (২৪ জুন) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি। 


রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে দিনব্যাপী বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।


সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমান। 


এসময় উপস্থিত ছিলেন, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। 


সভায় দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি এবং সীমান্ত দিয়ে অবৈধ পুশইন ইস্যুসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিশদ আলোচনা ও পর্যালোচনা করা হয়।


সভার উদ্বোধনী বক্তব্যে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামী নীতির আলোকে নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও সাংবিধানিক পন্থায় রাজনীতি করে আসছে। বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনের মর্যাদাপূর্ণ অবদান রয়েছে। জাতীয় সংসদের অংশীদারিত্বমূলক সকল নির্বাচনেই জামায়াতের প্রতিনিধি ছিল। জামায়াতে ইসলামীর দুজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয়ে দেশ ও জাতি গঠনে তাদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও কৃতিত্বপূর্ণ ভূমিকার মাধ্যমে দেশবাসীর প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে। ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বর্তমান জাতীয় সংসদেও জামায়াতে ইসলামী প্রধান বিরোধী দল হিসেবে বৈষম্য, দারিদ্র্যমুক্ত এবং মর্যাদাপূর্ণ মানবিক বাংলাদেশ গঠনে ইতিবাচক ভূমিকা পালন করে চলেছে।


ডা. শফিকুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, জামায়াত জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী ২০২৪ এর আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, ২০২৪-এর জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের ফসল বর্তমান সরকার চব্বিশের চেতনাকে ভুলিয়ে দেওয়ার এক আত্মঘাতী ও অপরিণামদর্শী অপচেষ্টায় লিপ্ত হয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালিয়ে পরবর্তীতে সেই গণভোটের রায়কে পদদলিত করে জাতির সঙ্গে এক প্রকার প্রতারণা শুরু করেছেন। এই সিদ্ধান্ত সরকারের জন্য বুমেরাং হবে। 


তিনি বলেন, বর্তমানে সরকারি দলের লোকদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাণিজ্য মারাত্মক আকার ধারণ করেছে। ঘুষ-দুর্নীতি চলছে অবাধে। সরকারি দলের অভ্যন্তরীণ কোন্দলেই মাত্র সাড়ে তিন মাসে তাদের শতাধিক নেতাকর্মী খুন হয়েছেন। তাছাড়া বিএনপির সন্ত্রাসীদের হামলায় জাতীয় নির্বাচনের পূর্বে শেরপুরে জামায়াতের একজন নেতা, নির্বাচনের পরে চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর দুই জন নেতাকর্মী এবং অতি সম্প্রতি গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের এক নেতা নির্মমভাবে নিহত হয়েছেন। রাজনৈতিক ছত্রছায়ায় দেশে হত্যা ও ধর্ষণের মতো অপরাধ জ্যামিতিক হারে বাড়ছে, যার ফলে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।


ব্যাংকিং খাতের সংকট তুলে ধরে তিনি বলেন, সরকারের কিছু ভুল ও অপরিণামদর্শী সিদ্ধান্তে দেশের অর্থনীতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ফ্যাসিস্ট আমলে ধ্বংসপ্রায় ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’ যখন মাত্র ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, ঠিক সেই মুহূর্তে সরকার ব্যাংকটিকে পুনরায় ফ্যাসিবাদের দোসরদের হাতে তুলে দেওয়ার আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। আমরা মনে করি, সরকারের এই সিদ্ধান্ত দেশের অর্থনীতিকে সমূলে ধ্বংস করে দেবে। দেশবাসী আশা করে, সরকার এই ক্ষেত্রে দ্রুত শুভবুদ্ধির পরিচয় দেবে।


জামায়াত আমির বলেন, দেশের সার্বিক পরিস্থিতি ক্রমান্বয়ে জটিল থেকে জটিলতর হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জ জাতির সামনে দৃশ্যমান। পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের দোসররা দেশের ভেতর ও বাইরে থেকে আমাদের উসকানি দেওয়ার চেষ্টা করবে। এই ক্ষেত্রে আমাদের অত্যন্ত ধৈর্য ও সতর্কতার সঙ্গে পথ চলতে হবে এবং কারো পাতা ফাঁদে পা দেওয়া যাবে না।


তরুণ সমাজ ও আলেমদের গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের বিরুদ্ধে নানামুখী চক্রান্ত-ষড়যন্ত্র চলা সত্ত্বেও আমরা আশাবাদী। কারণ আমাদের রয়েছে একটি সচেতন তরুণ ও যুবসমাজ। তাদেরকে পিতা ও অভিভাবকের পরম মমতায় আগলে রাখতে হবে এবং ভালোবাসার সাথে বুকে টেনে নিতে হবে। তাদেরকে দেশপ্রেমিক ও আদর্শ ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে; এরাই হবে জাতির শ্রেষ্ঠ সন্তান ও অতন্দ্র প্রহরী। সমাজের প্রতিটি স্তরে আলেম সমাজের বিরাট অবদান রয়েছে। দেশবাসী আলেমদের অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখে। বরেণ্য আলেম সমাজের সাথে সুসম্পর্ক বজায় রেখে তাদের দেশ গঠনে আরও ইতিবাচক ভূমিকা পালনে উদ্বুদ্ধ করতে হবে।



সর্বশেষ সব খবর

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ২:৫৮ পিএম

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ আখ্যা দিয়ে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমালোচনা করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।


ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ আর লেখেন, ‘বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ। এজন্যই কোথাও কোনো আইনশৃঙ্খলা নেই, নিরাপত্তা নেই। চারদিকে শুধু সংবিধান আর সংবিধান।’

সর্বশেষ সব খবর

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ৫:২৩ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দোষীদের খুঁজে বের করে শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ দায়িত্ব পালনে সরকার ব্যর্থ হলে উচ্চমূল্যে খেসারত দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন জামায়াত আমির।


হামলাটিকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে তিনি লেখেন, অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চমূল্যে দিতে হবে। এ ঘটনায় নীরব বসে থাকার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

 

এর আগে, বুধবার রাতেই এক পোস্টে নুসরাত তাবাসসুম নিজেই অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেন। পোস্টে তিনি দাবি করেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ৫:১৪ এএম

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) এক নেতাকে ধরতে একটি বারে ঢুকতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় ছাত্রদলের তিন নেতা–কর্মী আহত হয়েছেন। পরে পুলিশ বারের ভেতর থেকে ওই ছাত্রলীগ নেতা ও তাঁর এক সহযোগীকে আটক করেছে। এ ঘটনায় বারের কয়েকজন নিরাপত্তাকর্মীকেও আটক করা হয়েছে।


বুধবার রাত ১০টার দিকে কনকর্ড টাওয়ারের পঞ্চম তলায় অবস্থিত কয়লা বারের সামনে ও ভেতরে এ ঘটনা ঘটে।পুলিশ ও ছাত্রদল সূত্রে জানা যায়, ধানমন্ডি ২৭ নম্বর এলাকার একটি রেস্তোরাঁর কর্মী সুমনকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বুধবার রাতে আটক করেন ছাত্রদলের একদল নেতা-কর্মী। এ সময় তাঁরা সুমনের মুঠোফোন পরীক্ষা করার চেষ্টা করেন এবং পুলিশকে খবর দেন। একপর্যায়ে সুমন তাঁদের কাছ থেকে দৌড়ে পালিয়ে কনকর্ড টাওয়ারের নিচে চলে যান।


এরপর কয়লা বারের কয়েকজন নিরাপত্তাকর্মী সুমনকে ছেড়ে দিতে ছাত্রদলের নেতা-কর্মীদের অনুরোধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে সুমনকে ছাড়াতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজা সেখানে উপস্থিত হন। ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকেও আটক করার চেষ্টা করলে তিনি দৌড়ে বারের ভেতরে আশ্রয় নেন।


এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা বারের ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি মোতাহার হোসেন, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস কে সজীব ও ছাত্রদল নেতা আকাশ আহত হন। তাঁদের মাথা কেটে যায়।


পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রদলের ১০০ থেকে ১৫০ নেতা–কর্মী বারে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা কনকর্ড টাওয়ারের নিচের গেট বন্ধ করে দেন। পরে ছাত্রদলের নেতা–কর্মীদের বেধড়ক মারধর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বারের ভেতরে অভিযান চালিয়ে রাজা ও সুমনকে আটক করা হয়। এ ছাড়া বারের কয়েকজন নিরাপত্তাকর্মীকেও আটক করে মোহাম্মদপুর থানা-পুলিশ।ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি মোতাহার হোসেন বলেন, ছাত্রলীগ নেতা সুমন ও রাজাকে ধরতে গেলে বারের নিরাপত্তাকর্মীরা বাধা দেন। সুমনের বিরুদ্ধে ছাত্রলীগের বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনার প্রমাণ তাঁদের কাছে রয়েছে। এ কারণে তাঁরা সেখানে গিয়েছিলেন। নিরাপত্তাকর্মীদের মারধরে তিনি নিজেসহ তিনজন আহত হয়েছেন। তাঁরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।ঘটনার বিষয়ে রাত পৌনে একটার দিকে ডিএমপির মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, এ ঘটনায় দুই ছাত্রলীগ নেতা, কয়লা বারের ম্যানেজারসহ ৮-৯ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ছাত্রদলের নেতা–কর্মীরা থানা ঘেরাও করে আছেন। ছাত্রদলের কেউ মামলা বা অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সব খবর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৫৪ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি। নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজকে আমি কালকে আপনি পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।’


গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথাগুলো বলেন বিরোধীদলীয় চিফ হুইপ।


সরকার ও প্রশাসন জনগণকে কোনো নিরাপত্তা দিতে পারবে—এ আশা আর করেন না বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেন এনসিপির আহ্বায়ক। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আমাদেরকেই আমাদের পথ বেছে নিতে হবে।’


নাহিদ ইসলাম লিখেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশীয় কোনো শক্তি নয়। দিল্লির আশ্রয়–প্রশ্রয়–ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে। দেশের ভেতর নাশকতা করে সীমান্ত পার হয়ে ওপারে আশ্রয় নিচ্ছে।


বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলা করবেন জানিয়ে নাহিদ ইসলাম লিখেছেন, ‘ঐক্যবদ্ধভাবেই করবো, গণতান্ত্রিকভাবেই করবো।’


এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। গতকাল দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


নুসরাত এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য তিনি। তাঁর বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা পেট্রলবোমা নিক্ষেপ করেছে বলে এনসিপির মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে অভিযোগ করা হয়। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও এক ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা হামলা চালানোর কথা বলেছেন।

সর্বশেষ সব খবর

সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ জন বিশিষ্ট নাগরিককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৬:২৮ পিএম

পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন আট বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ করেছে। ইতোমধ্যে সংগঠনটি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রের পক্ষে আন্তর্জাতিক জলবায়ু তহবিল আদায়ে নিয়মিত সভা সেমিনার আয়োজন করছে। বৃক্ষরোপণ কর্মসূচিসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় সব ধরনের জনসচেতনতা তৈরীর চেষ্টা করছে। ইতোমধ্যে বাংলাদেশের অধিকাংশ জেলা ও উপজেলায় কমিটি রয়েছে।


আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার ও মহাসচিব মহসিন সিকদার পাভেল স্বাক্ষরিত চিঠিতে ৮ জন বিশিষ্ট নাগরিককে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে।


তাদের মধ্যে রয়েছেন সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহাদাত হোসেন (চাঁদপুর),  দপ্তর সম্পাদক মুর্শিদুল হক বিদ্যুৎ (ঢাকা), নারী ও শিশু বিষয়ক সম্পাদক মানবাধিকার কর্মী সেঁজুতি হোসাইন (ঢাকা), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক ব্যাংকার খন্দকার মোঃ শরিফুল আলম (ময়মনসিংহ), সহ-সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী এসএম ইমরান আহসান (পটুয়াখালী), সহ-অর্থ সম্পাদক ব্যাংকার শেখ জায়েদ আল ফাত্তাহ (ঢাকা), সহ প্রচার সম্পাদক মিস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ২০১৯ ফাতেমা ইয়াসমিন লিয়া (ঢাকা) ও সহ-দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ মিজানুর রহমান (ঝালকাঠি)।


গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা বাপ্পি সরদার বলেন, আমরা সব সময় চেষ্টা করছি পরিবেশ বিপর্যয় রোধে কিছুটা হলেও ভূমিকা রাখতে। সমাজের সচ্ছল ও বিবেকবান মানুষ পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা সম্পর্কে যার যার জায়গা থেকে জনসচেতনতা তৈরিতে কাজ করলে বর্তমান এবং আগামী প্রজন্মকে নিরাপদ করা সম্ভব। নতুন কমিটিতে যারা অন্তর্ভুক্ত হলেন আমরা বিশ্বাস করি তারা বিগত দিনে সংগঠনকে এগিয়ে নিতে ভূমিকা রাখায় তাদেরকে কেন্দ্রীয় কমিটিতে মূল্যায়ন করা হয়েছে। নবনিযুক্ত নেতৃবৃন্দ দাপ্তরিকভাবে স্ব-স্ব পদে থেকে সংগঠনকে এগিয়ে নিতে আরো বেশি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছি।


আগামী ডিসেম্বরে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক কাউন্সিল উপলক্ষে অতি দ্রুত প্রস্তুতি সভার আয়োজন করা এবং কাউন্সিল সফল করতে দেশবাসী ও সকল সদস্যের সহযোগিতা কামনা করছি।


সর্বশেষ সব খবর

স্বেচ্ছাসেবক দল নেতা তেরেনাম বাবু

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৪৬ পিএম

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বুধবার (১১ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।


তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে কিংবা কোন ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।


ডিবির এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে। শিগগিরই তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

সর্বশেষ সব খবর