জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, সময় : ১০:১৩ এএম

বিএনপি বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে বলে অভিযোগ এনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএনপি বিনা কারণ ও বিনা অভিযোগে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সরিয়ে দিল। বিচারে তাদের নানা ধরনের হস্তক্ষেপের কথা আমরা শুনতে পাচ্ছি। যারা ভিকটিম ও সাক্ষী ছিলেন, তাদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। এই সরকারের আমলে সুষ্ঠুভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে কিনা- তা নিয়ে জনগণের মনে সন্দেহ রয়েছে। এ সময় তিনি ট্রাইব্যুনালে হস্তক্ষেপ না করতে সরকারের প্রতি আহ্বান জানান। জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


নাহিদ ইসলাম আরও বলেন, আমরা যখন গণঅভ্যুত্থান করেছিলাম, তখন একটা কথা খুব স্পষ্টভাবে বলেছিলাম যে, আমরা কেবল শেখ হাসিনার পতন চাই না। আমরা পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের পতন চাই। আমরা এমন একটা বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই যেখানে বারবার বাংলাদেশকে স্বৈরাচারের কবলে পড়তে হবে না। এ দেশের ছাত্র-জনতাকে বারবার রাজপথে জীবন দিতে হবে না। এ দেশে বৈষম্য দূর হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা নিশ্চিত হবে। বাংলাদেশ কারও তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না। এগুলো ছিল আমাদের আকাঙ্ক্ষা ও প্রতিশ্রুতি। 


তিনি বলেন, বাংলাদেশ যখন সংকটে পড়েছে, তখনই ছাত্ররা এগিয়ে এসেছে। কিন্তু ছাত্রদের সঙ্গে বারবার প্রতারণা হয়েছে। নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো ছাত্রদের সঙ্গে প্রতারণা করেছে। চব্বিশের গণঅভ্যুত্থানের পরও একই চিত্র আমরা দেখতে পেয়েছি। চব্বিশের গণঅভ্যুত্থানে জীবন দিয়েছে ছাত্র ও সাধারণ মানুষ। কিন্তু তার ফল ভোগ করছে এখন নানান রাজনৈতিক শক্তিগুলো। সংস্কার ও বিচারের যে দাবিগুলো আমাদের ছিল, সেগুলোকে তোয়াক্কা না করে সরকারি দল জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করছে। 


সংস্কার পরিষদে বিএনপির শপথ না নেওয়ার সমালোচনা করে তিনি বলেন, এর মাধ্যমে বিএনপি গণরায়ের বিপক্ষে অবস্থান নিয়েছে। সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে আওয়ামী লীগের মতো সংবিধানের দোহাই দিয়ে বিএনপি শপথ নেয়নি। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নির্লজ্জভাবে মব তৈরি করে অগণতান্ত্রিকভাবে সরিয়ে দিয়ে একজন ঋণখেলাপি ব্যবসায়ীকে গভর্নর করা হয়েছে। 


বিগত সময়ে এ দেশের ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত গভর্নর চেষ্টা করে যাচ্ছিলেন সেই টাকা ফিরিয়ে আনার। পাশাপাশি এই লুটপাটের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার চেষ্টা করছিলেন।  কিন্তু আমরা দেখছি যে, সেই বিচার প্রক্রিয়া ভণ্ডুল করতে, ঋণখেলাপিদের আরও সুযোগ-সুবিধা করে দিতে এবং আর্থিক লুটপাটের পথকে প্রশস্ত করতে বাংলাদেশ ব্যাংক দখলের নির্লজ্জ চেষ্টা করলো সরকারি দল। তিনি বর্তমান গভর্নরকে সরিয়ে দক্ষ, যোগ্য ও সৎ ব্যক্তিকে গভর্নর করার আহ্বান জানান।


এনসিপির আহ্বায়ক বলেন, বিএনপি নির্বাচনের আগে এক ধরনের কথা বলেছে, পরে আরেক রকম কথা বলছে। এ বিষয়ে নির্বাচনের আগেই জনগণকে সতর্ক করেছিলাম। আমরা জানি, জনগণ তাদের বিপক্ষে ভোট দিয়েছে। কিন্তু নানান ইঞ্জিনিয়ারিং করে তারা ফলাফলটাকে নিজেদের পক্ষে নিতে সক্ষম হয়েছে। সংসদের দুই-তৃতীয়াংশ সংসদ সদস্যের পদ নিজেদের আওতায় করেছে, যাতে তারা নিজের মতো আইন ও বিচার তৈরি করতে পারে। যেমনটা ২০০৮ সালে আওয়ামী লীগ বিরোধী দলকে দূরে সরিয়ে রেখে সংবিধানকে নিজেদের মতো করে দেশ পরিচালনা করেছে। আজকের সরকারি দল আওয়ামী লীগের পথেই হাঁটছে। 


বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হতেই হবে। যদি সংসদে না হয়, তাহলে সেই লড়াই রাজপথে গড়াবে। আমরা সেই লড়াই রাজপথে গড়াতে চাই না। মানুষ ভোট দিয়েছেন। যেমনই হোক, সেই ফলাফলকে মেনে নিয়ে আমরা সংসদে গিয়েছি। সংসদে আলাপ-আলোচনার মাধ্যমে আমরা সমস্যার সমাধান করবো। সংসদে অবশ্যই সংস্কার পরিষদ হতে হবে। তা না হলে আমরা রাজপথে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। 


তিনি বলেন, শোনা যাচ্ছে যে, জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্ত করা হবে। এই বিচার যদি নিশ্চিত করতে হয়, তাহলে গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের বিচার আগে নিশ্চিত করতে হবে। এই অপরাধে পুরো পুলিশ বাহিনী দায়ী ছিল। তবে আমরা পুরো বাহিনীকে কাঠগড়ায় দাঁড় করাইনি। আমরা কেবল অভিযুক্তদের বিচারের আওতায় আনতে বলেছি। পুরো পুলিশ বাহিনীকে সংস্কার করে মানুষের বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে।


ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন, যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আল আমিন সরকার প্রমুখ।



সর্বশেষ সব খবর

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও সাবেক জবি শিক্ষার্থী কাজী জিয়াউদ্দিন বাসিত।

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৪৩ পিএম

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে অংশগ্রহণের অভিজ্ঞতা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও সাবেক জবি শিক্ষার্থী কাজী জিয়াউদ্দিন বাসিত। 


শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে ভাসানী অডিটোরিয়ামে 'কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা বিনিময় ও জিজ্ঞাসা' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


অনুষ্ঠানে কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা, আন্তর্জাতিক প্রতিনিধি ও কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন তিনি।


কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, সম্মেলনে বিভিন্ন দেশের প্রায় ৪০ জন প্রতিনিধির সঙ্গে মতবিনিময়ের সুযোগ হয়েছে। সেখানে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় অভিযোজন খাতে অর্থায়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্যেও এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন খাতে বরাদ্দ দেওয়া অর্থ ঋণ হিসেবে নয়, অনুদান হিসেবে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ অর্থ ব্যয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


ছাত্রদলের পরিবেশবান্ধব কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, ছাত্রদল সর্বদাই বৃক্ষরোপণ, ক্যাম্পাস পরিচ্ছন্নতা, প্রাণীদের খাবার বিতরণ এবং বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মতো কাজ করে আসছে। এসব কার্যক্রম জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলার সঙ্গে সম্পর্কিত। কপ-৩১ থেকে ফিরে এসব কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের উদ্ভাবনী উদ্যোগ থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশে তা বাস্তবায়নের চেষ্টা করা হবে।


তিনি আরও বলেন, বিভিন্ন দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গ্রিন ক্যাম্পাস এবং নগর এলাকায় গ্রিন সিটি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, বৈশ্বিক উষ্ণতা কমানো, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলা এবং জনসচেতনতা তৈরিতে ছাত্রদলের নেতাকর্মীরা কাজ করবেন।


জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিএনপির ৩১ দফার প্রসঙ্গ তুলে ধরে কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, ৩১ দফার ২৯ নম্বর দফায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণের বিষয়টি উল্লেখ রয়েছে। বৃক্ষরোপণ, নদীশাসন, খাল খনন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং প্লাস্টিক বর্জ্য অপসারণের মতো উদ্যোগ জলবায়ুর ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান সরকারের খাল খনন কর্মসূচিকেও তিনি এ পরিকল্পনার অংশ হিসেবে উল্লেখ করেন।


কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী যে ফ্লাইটে সম্মেলনে গেছেন, তারাও একই ফ্লাইটে গেছেন। একই হোটেলে অবস্থান করেছেন এবং প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি ও প্লেনারি সেশনে উপস্থিত ছিলেন। সম্মেলনের একটি প্লেনারি সেশনে প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় ছাত্রদলের দুই প্রতিনিধিকে তার পাশে বসার সুযোগ দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।


তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের নেতাকর্মীদের ভূমিকার স্বীকৃতি হিসেবে ভবিষ্যতে আরও নেতাকর্মী আন্তর্জাতিক সম্মেলন ও রাষ্ট্রীয় সফরে অংশগ্রহণের সুযোগ পাবেন বলে তিনি প্রত্যাশা করেন।


ছাত্রদলের নেতাকর্মীদের দক্ষতা ও সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, সংগঠনটিতে বিজ্ঞান, চিকিৎসা, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থী রয়েছেন। তাদের যথাযথভাবে গড়ে তোলা গেলে ভবিষ্যতে বিজ্ঞানী, উদ্ভাবক, চিকিৎসক, অর্থনীতিবিদ ও দক্ষ কূটনীতিক তৈরি করা সম্ভব। রাষ্ট্র পরিচালনা ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো মানবসম্পদ ছাত্রদলের মধ্যে রয়েছে বলেও দাবি করেন তিনি।


অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর গাড়ির সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের চলার বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে যার নির্দেশনায় নেতাকর্মীরা রাজপথে ছিলেন, তার সঙ্গে চলা তাদের কাছে আবেগ ও ভালোবাসার বিষয়। এটি শুধু গাড়ির পেছনে ছুটে চলার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও ছাত্রদলের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হয়েছে।

সর্বশেষ সব খবর

হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১:০১ এএম

যারা গোমতী নদীর মাটি কাটার সিদ্ধান্ত নিয়েছে, তারা যত বড় হেডম ওয়ালাই হোক না কেন, তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি স্পষ্ট করে বলেছেন, নিয়মের মধ্যে কাজ করতে কোনো ‘হেডম’ বা শক্তির প্রয়োজন হয় না। যারা নদীর মাটি কেটে সাধারণ মানুষের ক্ষতি করবে, তাদের সামাজিকভাবে প্রত্যাখ্যান করতে হবে।


শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিষ্ণুপুর চৌমুহনী ঈদগাহ মাঠে স্থানীয় লোকজনের সঙ্গে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাফরগঞ্জ থেকে বিষ্ণুপুর পর্যন্ত গোমতী নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে স্থানীয়দের নিয়ে এই সভার আয়োজন করা হয়েছিল।


সভায় অবৈধ ইটভাটা চালুর বিষয়েও তীব্র সতর্কতা উচ্চারণ করেন সংসদ সদস্য। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "এবার যারা ব্রিকফিল্ড চালু করতেছেন, আপনারা লাগান। খরচটা একটু কইরালন, খরচটা কইরা লাগাইলে এনা ভাংতাম। কিছু না থাকলে ভাংমু কি। ইট যে বানাইতাছেন, চুঙ্গা যে বানাইতাছেন সবগুলারে একেবারে সমান করে ফেলা হবে। অবৈধ কোনো জিনিসকে টলারেড করা হবে না।"


রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর ভিন্নতা থাকবেই, তবে এর বাইরে প্রকৃত বিভাজন হতে হবে অপরাধী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা থাকবে একদিকে আর সাধারণ জনগণ থাকবে অন্যদিকে। বর্তমান সরকারের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলার পর্যাপ্ত সুযোগ দেওয়া হয় না এবং গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন তুললেও তা গণমাধ্যমে প্রচার করা হয় না। অথচ সংসদে অনেক সময় এমন সব গতানুগতিক প্রশ্ন করা হয়, যেগুলোর উত্তর খুব সহজেই গুগলে খুঁজে পাওয়া সম্ভব।


সভায় এলাকাবাসী তাদের দীর্ঘদিনের দুর্ভোগ তুলে ধরে জাফরগঞ্জ-বিষ্ণুপুর সংযোগ সেতু নির্মাণের জোরালো দাবি জানান। রঘুরামপুর গ্রামের বাসিন্দারা জানান, প্রতিবছর বন্যায় নদীতীরবর্তী বাড়িঘর তলিয়ে যাওয়ার পাশাপাশি নদীভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারাতে হয়। এই স্থায়ী সমস্যা থেকে মুক্তির জন্য তারা গোমতী নদীর গতিপথ পরিবর্তনে ‘লুপ কাটিং’-এর ব্যবস্থার দাবিও উত্থাপন করেন।


এলাকাবাসীর এসব সমস্যার জবাবে হাসনাত আবদুল্লাহ জানান, সংসদের পরবর্তী অধিবেশনে তিনি এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন। এলাকার মানুষের কল্যাণে ও স্বার্থরক্ষায় প্রয়োজন হলে সংশ্লিষ্ট মহলে বারবার দাবি জানাতে তাঁর কোনো আপত্তি নেই বলেও তিনি আশ্বাস দেন।

সর্বশেষ সব খবর

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ২:৫৮ পিএম

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ আখ্যা দিয়ে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমালোচনা করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।


ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ আর লেখেন, ‘বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ। এজন্যই কোথাও কোনো আইনশৃঙ্খলা নেই, নিরাপত্তা নেই। চারদিকে শুধু সংবিধান আর সংবিধান।’

সর্বশেষ সব খবর

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ৫:২৩ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দোষীদের খুঁজে বের করে শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ দায়িত্ব পালনে সরকার ব্যর্থ হলে উচ্চমূল্যে খেসারত দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন জামায়াত আমির।


হামলাটিকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে তিনি লেখেন, অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চমূল্যে দিতে হবে। এ ঘটনায় নীরব বসে থাকার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

 

এর আগে, বুধবার রাতেই এক পোস্টে নুসরাত তাবাসসুম নিজেই অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেন। পোস্টে তিনি দাবি করেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ৫:১৪ এএম

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) এক নেতাকে ধরতে একটি বারে ঢুকতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় ছাত্রদলের তিন নেতা–কর্মী আহত হয়েছেন। পরে পুলিশ বারের ভেতর থেকে ওই ছাত্রলীগ নেতা ও তাঁর এক সহযোগীকে আটক করেছে। এ ঘটনায় বারের কয়েকজন নিরাপত্তাকর্মীকেও আটক করা হয়েছে।


বুধবার রাত ১০টার দিকে কনকর্ড টাওয়ারের পঞ্চম তলায় অবস্থিত কয়লা বারের সামনে ও ভেতরে এ ঘটনা ঘটে।পুলিশ ও ছাত্রদল সূত্রে জানা যায়, ধানমন্ডি ২৭ নম্বর এলাকার একটি রেস্তোরাঁর কর্মী সুমনকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বুধবার রাতে আটক করেন ছাত্রদলের একদল নেতা-কর্মী। এ সময় তাঁরা সুমনের মুঠোফোন পরীক্ষা করার চেষ্টা করেন এবং পুলিশকে খবর দেন। একপর্যায়ে সুমন তাঁদের কাছ থেকে দৌড়ে পালিয়ে কনকর্ড টাওয়ারের নিচে চলে যান।


এরপর কয়লা বারের কয়েকজন নিরাপত্তাকর্মী সুমনকে ছেড়ে দিতে ছাত্রদলের নেতা-কর্মীদের অনুরোধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে সুমনকে ছাড়াতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজা সেখানে উপস্থিত হন। ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকেও আটক করার চেষ্টা করলে তিনি দৌড়ে বারের ভেতরে আশ্রয় নেন।


এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা বারের ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি মোতাহার হোসেন, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস কে সজীব ও ছাত্রদল নেতা আকাশ আহত হন। তাঁদের মাথা কেটে যায়।


পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রদলের ১০০ থেকে ১৫০ নেতা–কর্মী বারে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা কনকর্ড টাওয়ারের নিচের গেট বন্ধ করে দেন। পরে ছাত্রদলের নেতা–কর্মীদের বেধড়ক মারধর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বারের ভেতরে অভিযান চালিয়ে রাজা ও সুমনকে আটক করা হয়। এ ছাড়া বারের কয়েকজন নিরাপত্তাকর্মীকেও আটক করে মোহাম্মদপুর থানা-পুলিশ।ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি মোতাহার হোসেন বলেন, ছাত্রলীগ নেতা সুমন ও রাজাকে ধরতে গেলে বারের নিরাপত্তাকর্মীরা বাধা দেন। সুমনের বিরুদ্ধে ছাত্রলীগের বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনার প্রমাণ তাঁদের কাছে রয়েছে। এ কারণে তাঁরা সেখানে গিয়েছিলেন। নিরাপত্তাকর্মীদের মারধরে তিনি নিজেসহ তিনজন আহত হয়েছেন। তাঁরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।ঘটনার বিষয়ে রাত পৌনে একটার দিকে ডিএমপির মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, এ ঘটনায় দুই ছাত্রলীগ নেতা, কয়লা বারের ম্যানেজারসহ ৮-৯ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ছাত্রদলের নেতা–কর্মীরা থানা ঘেরাও করে আছেন। ছাত্রদলের কেউ মামলা বা অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সব খবর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৫৪ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি। নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজকে আমি কালকে আপনি পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।’


গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথাগুলো বলেন বিরোধীদলীয় চিফ হুইপ।


সরকার ও প্রশাসন জনগণকে কোনো নিরাপত্তা দিতে পারবে—এ আশা আর করেন না বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেন এনসিপির আহ্বায়ক। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আমাদেরকেই আমাদের পথ বেছে নিতে হবে।’


নাহিদ ইসলাম লিখেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশীয় কোনো শক্তি নয়। দিল্লির আশ্রয়–প্রশ্রয়–ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে। দেশের ভেতর নাশকতা করে সীমান্ত পার হয়ে ওপারে আশ্রয় নিচ্ছে।


বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলা করবেন জানিয়ে নাহিদ ইসলাম লিখেছেন, ‘ঐক্যবদ্ধভাবেই করবো, গণতান্ত্রিকভাবেই করবো।’


এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। গতকাল দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


নুসরাত এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য তিনি। তাঁর বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা পেট্রলবোমা নিক্ষেপ করেছে বলে এনসিপির মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে অভিযোগ করা হয়। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও এক ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা হামলা চালানোর কথা বলেছেন।

সর্বশেষ সব খবর