এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনী হলফনামায় নিজের আয় ও সম্পদ সংক্রান্ত তথ্য নিয়ে বিভ্রান্তি ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। তার পোস্টটি নিচে হুবহু দেওয়া হলো।
নির্বাচনী হলফনামায় নাহিদ ইসলামের আয় ও সম্পদ সংক্রান্ত তথ্য নিয়ে বিভ্রান্তি ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। এই অপপ্রচার সত্য উদঘাটনের চেয়ে বরং একজন স্বচ্ছ রাজনীতিবিদকে সন্দেহের কাঠগড়ায় দাঁড় করানোর একটি রাজনৈতিক প্রয়াস।
১. বাৎসরিক আয় সংক্রান্ত
প্রথমত, বাৎসরিক আয় নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভুল ধারণার ওপর দাঁড়িয়ে আছে। হলফনামায় যে ১৬ লাখ টাকার বাৎসরিক আয় উল্লেখ করা হয়েছে, তা কোনো নির্দিষ্ট চাকরি ছাড়ার পর হঠাৎ করে অর্জিত অর্থ নয়; এটি ২০২৪–২০২৫ অর্থবছরের (১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত) মোট আয়ের হিসাব।
এই অর্থবছরের বড় একটি সময় (সাত মাস) নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সেই দায়িত্বের বিপরীতে রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত বেতন–ভাতা পেয়েছেন। বাস্তবতা হলো, এই ১৬ লাখ টাকার মধ্যে প্রায় ১১ লাখ টাকাই উপদেষ্টা হিসেবে প্রাপ্ত বেতন-ভাতা, যা ব্যাংক চ্যানেলের মাধ্যমে পরিশোধিত, আয়করযোগ্য এবং সম্পূর্ণভাবে নথিভুক্ত। বাকি অংশ এসেছে উপদেষ্টা পদ থেকে পদত্যাগের পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কনসালটেন্ট (পরামর্শক) হিসেবে বৈধ পেশাগত কাজের সম্মানী থেকে, যারও সুস্পষ্ট কর হিসাব রয়েছে।
২. মোট সম্পদ সংক্রান্ত
নাহিদ ইসলামের মোট সম্পদ ৩২ লাখ টাকা। মোট সম্পদ কোনো এক বছরের আয় নয়, এটি একজন মানুষের পুরো জীবনের সঞ্চয়ের সমষ্টি। নাহিদ ইসলামের ক্ষেত্রে এই সম্পদ তার প্রায় ২৭ বছরের জীবনের জমাকৃত সঞ্চয়। এর মধ্যে রয়েছে উপদেষ্টা পদের বিপরীতে প্রাপ্ত বেতন থেকে সেভিংস, পূর্ববর্তী সেভিংস, পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে পাওয়া উপহার, স্বর্ণালংকারের মূল্য, ফার্নিচার এবং ইলেকট্রনিক পণ্যের মূল্যের সমষ্টি। পাশাপাশি উপদেষ্টা পদ থেকে পদত্যাগের পর আয়কর পরিশোধিত ইনকামও এর মধ্যে অন্তর্ভুক্ত। এখানে মোট সম্পদ যেটা একেবারেই সত্য ও একুরেট সেই তথ্যই দেওয়া হয়েছে।
৩. ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত
ব্যাংক অ্যাকাউন্ট ঘিরে যে অপপ্রচার চলছে, সেটিও তথ্যের অপব্যবহার ছাড়া কিছু নয়। উপদেষ্টা পদ থেকে পদত্যাগের সময় নাহিদ ইসলামের ব্যাংক অ্যাকাউন্টে যে প্রায় ১০ হাজার টাকা ছিল, সেটি ছিল উপদেষ্টা পদে থাকাকালীন মোট আয়ের পর অবশিষ্ট নগদ অর্থ—তার মোট সম্পদের প্রতিফলন নয়। পরবর্তীতে সরকারিভাবে মন্ত্রীদের আসবাবপত্র ক্রয়ের জন্য বরাদ্দ অর্থ একই অ্যাকাউন্টে জমা হওয়ায় ব্যালেন্স বৃদ্ধি পায়, যা হলফনামায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। বর্তমানে তার ব্যাংক অ্যাকাউন্ট মাত্র দুটি—একটি সোনালী ব্যাংকে এবং আরেকটি নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য ২৮ ডিসেম্বর সিটি ব্যাংকে খোলা। এর বাইরে তার আর কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। একই সঙ্গে এটিও পরিষ্কার যে উপদেষ্টা পদে থাকা অবস্থায় যেমন তার কোনো জমি, ফ্ল্যাট বা গাড়ি ছিল না, পদত্যাগের পরেও তা হয়নি—এই তথ্য হলফনামায় সুস্পষ্টভাবে উল্লেখ আছে।
৪. পেশা সংক্রান্ত
পেশা সংক্রান্ত বিভ্রান্তিও উদ্দেশ্যপ্রণোদিত। হলফনামার কোথাও নাহিদ ইসলামের পেশা হিসেবে শিক্ষকতা উল্লেখ করা হয়নি। তার পূর্ববর্তী পেশা সরকারের উপদেষ্টা এবং বর্তমান পেশা হিসেবে কনসালট্যান্সি উল্লেখ আছে, যা একটি স্বীকৃত ও বৈধ পেশা। তিনি একটি টেক ফার্মে স্ট্র্যাটেজিক ও পলিসি সিদ্ধান্তে পরামর্শ দেন—যে প্রতিষ্ঠানের নাম ইলেকশন কমিশনে দাখিল করা নথিতেই উল্লেখ রয়েছে। উক্ত প্রতিষ্ঠান কোনো সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত নয় এবং নাহিদ ইসলামের যুক্ত থাকার কারণে প্রতিষ্ঠানটি কখনোই কোনো সরকারি সুবিধা পায়নি। তার রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি এই পেশাগত দায়িত্ব পালন করছেন—এতে অস্বাভাবিক বা গোপন কিছু নেই।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নাহিদ ইসলামের আয় ও সম্পদ সংক্রান্ত প্রতিটি তথ্য আয়কর রিটার্ন ও নির্বাচনী হলফনামার মাধ্যমে আইনগতভাবে যাচাইযোগ্য। তিনি উপদেষ্টা পদে থাকাকালীন আয়, পদত্যাগের পর পেশাগত আয় এবং জীবনের সামগ্রিক সম্পদ—সবকিছু আলাদা করে, স্বচ্ছভাবে ঘোষণা করেছেন। অথচ এই স্পষ্ট ও পৃথক ক্যাটাগরিগুলোকে ইচ্ছাকৃতভাবে গুলিয়ে দিয়ে একটি অসৎ রাজনৈতিক বয়ান তৈরি করার চেষ্টা চলছে। বাস্তবে, সীমিত সম্পদ ও স্বচ্ছ আয়ের ঘোষণা এই কথাই প্রমাণ করে যে নাহিদ ইসলাম ক্ষমতার অপব্যবহার বা অবৈধ সম্পদ সঞ্চয়ের রাজনীতির বাইরে থেকেই দায়িত্ব পালন করেছেন—আর সেটিই এই অপপ্রচারের মূল অস্বস্তির জায়গা।
দুঃখজনক বাস্তবতা হলো, এই দেশে সত্য বলা অনেক সময় অপরাধে পরিণত হয়। যত বেশি স্বচ্ছতা দেখানো হয়, তত বেশি কাঠগড়ায় দাঁড় করানো হয়। অথচ যেসব রাজনীতিবিদ বছরের পর বছর দেশে-বিদেশে বিলাসবহুল জীবন যাপন করেন, যাদের হলফনামার তথ্য বাস্তবতার সঙ্গে মেলে না—তাদের ক্ষেত্রে জবাবদিহিতা প্রায় অনুপস্থিত। কারণ ক্ষমতার সঙ্গে আপস করা থাকলে প্রশ্ন ওঠে না।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান
শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইন অনুযায়ীই হবে। এ বিষয়ে ভারত বা অন্য কোনো দেশ কথা বলতে পারে না। সরকারকে অন্যায় চাপ দিয়ে কোনো কিছু করানো যাবে, এমন যুগ শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের একজন আসামির বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের আইনেই নির্ধারিত হবে। এ নিয়ে ভারত বা অন্য কোনো দেশ কথা বলতে পারে না। তারা কথা বলবে, সেটিও তিনি বিশ্বাস করেন না। সরকার কোনো চাপে নেই।
এদিকে দেশে সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে আগামী জানুয়ারিতে সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর মাধ্যমে শুধু বিনোদনই নয়, তরুণ প্রজন্মের বিপথে যাওয়ার প্রবণতা থেকেও বের হয়ে আসা সম্ভব বলে মনে করে সরকার।
২০২৭ সালের হজ চুক্তি সৌদি আরবের সঙ্গে সই হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজে যেতে পারবেন।গঙ্গা পানি চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, এ চুক্তি নিয়ে কী হতে যাচ্ছে, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই। বাংলাদেশের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কী চাওয়া হবে এবং কীভাবে চাওয়া হবে, তা যথাসময়ে গণমাধ্যমের সামনে জানানো হবে।
প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে গঙ্গা পানি চুক্তির আলোচনা বা সমঝোতার সরাসরি সম্পর্ক নেই বলেও জানান তিনি। তার ভাষ্য, দুই প্রধানমন্ত্রী বৈঠকে বসলে যেকোনো চুক্তি সই হতে পারে। তবে এ ধরনের চুক্তির বিষয়গুলো অনেক আগেই চূড়ান্ত হয়ে থাকে।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির নামে সাধারণ মিছিল করাও বেআইনি বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, এসব কর্মসূচিতে নৃশংসতা ও সহিংসতার চিত্র দেখা গেছে। এ ধরনের ঘটনা সরকার সহ্য করবে না। তবে পুলিশ এমনভাবে কাজ করবে, যাতে অভিযান কার্যকর হয় এবং বলপ্রয়োগের মাত্রা আনুপাতিক থাকে। সহিংসতায় যাদের ছবি দেখা গেছে, তাদের বিচারের মুখোমুখি হতে হবে।
মজিবুর রহমান মঞ্জু। ছবি : সংগৃহীত
বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভায় থাকা জোনায়েদ সাকি, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নুর ও ববি হাজ্জাজের উল্লেখযোগ্য অবদান চোখে পড়ছে না বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নির্বাচন পূর্ববর্তী সময়ে ইসলামপন্থী দলগুলোর ভোট এক বাক্সে ফেলার (এক বাক্স নীতি) একটা উদ্যোগ বেশ আলোচনা ও আগ্রহের সূচনা করেছিল। ব্যাক্তিগতভাবে আমি এই উদ্যোগকে উৎসাহিত এবং জোর সমর্থন করেছিলাম। আমাদের চাওয়া ছিল বিএনপি তার সমমনা দলগুলোকে নিয়ে একটা জোট করুক। ইসলামপন্থী দলগুলোর একটা জোট হোক। আর আমরা যারা অধিকার ভিত্তিক নতুন রাজনৈতিক বন্দোবস্তের চিন্তা নিয়ে দল করেছি (মধ্যমপন্থী) তারা আমরা একটা এলায়েন্স করবো।
সেজন্য এনসিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ ও গণতন্ত্র মঞ্চভুক্ত ৬টি দলসহ (নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী জনশক্তি পার্টি) আমরা এই ৯টি দল একসাথে বেশ কয়েকটি মিটিংও করেছি।
জোট গঠন করতে না পারার কারণ জানিয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, আমাদের এই ৯ দলীয় একটি জোট গড়ে উঠতে পারেনি মূলত: মান্না ভাইয়ের দূর্বল রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও নেতৃত্ব, জোনায়েদ সাকির এবারেই জীবনের শেষ চান্স কাজে লাগানোর মনোভাব, নুরুল হক নুর ও রাশেদের অতি চতুর আচরণের কারণে। দিন রাত দৌড়ঝাঁপ দিয়ে আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম। নাহিদ ইসলাম, শ্রদ্ধেয় হাসনাত কাইয়ুম ভাই ও জেএসডির স্বপন ভাই আমাকে সর্বাত্মক সমর্থন দিয়েছিল, কিন্তু সত্যিকার অর্থে আমরা সফল হইনি।
শেষতক এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টি’র সমন্বয়ে যে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠিত হয়েছিল সেটাও আমরা টিকিয়ে রাখতে পারিনি। হাসনাত কাইয়ুম ভাই এজন্য আমাদের ওপর খুব ক্ষুব্ধ হয়েছেন। পরিস্থিতির শিকার হয়ে আমরা নিদারুণ ক্ষতি মেনে নিয়েছি মনের কষ্ট বুকে চেপে রেখে।
ইসলামিক দলগুলোর সুবর্ণ সুযোগ হাতছাড়া হওয়ার দাবি করে তিনি বলেন, ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে নেয়ার উদ্যোগ শেষ পর্যন্ত সফল হয়নি। জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে দীর্ঘ বিরোধ মোচনের যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল- তা সিট ভাগাভাগির জেরে নষ্ট হয়ে গেছে।
আমাদের মধ্যপন্থী জোটের স্বপ্নও ভেস্তে গেছে। বিএনপি ঠিকই গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জমিয়তে উলামায়ে ইসলামসহ আরও কিছু দলকে সাথে নিয়ে এক ধরনের মিশ্র জোট তৈরি করে ক্ষমতায় গিয়েছে। কিন্তু এই মিশ্র জোট না করলে কি তারা দুই তৃতীয়াংশ সমর্থন নিয়ে ক্ষমতায় যেতো না! অবশ্যই যেতো বলে আমি মনে করি। এই দলগুলো তাদের জোটে অন্তর্ভুক্ত হওয়ায় তেমন কোন রাজনৈতিক ফায়দা হয়নি বিএনপির? সংসদ সদস্য বা মন্ত্রী হিসেবে জোনায়েদ সাকি, আন্দালিব পার্থ, নুরুল হক নুর বা ববি হাজ্জাজ- এদের তেমন উল্লেখযোগ্য অবদানও চোখে পড়ছে না।
বিভিন্ন জোটের কথা উল্লেখ করে মজিবুর রহমান মঞ্জু বলেন, আমার ধারণা ১২ দল ও জাতীয়তাবাদী সমমনা জোটসহ ‘বিএনপির পুরোনো সঙ্গীদের জোট’, ‘ইসলামী এক বাক্স জোট’, আমাদের ‘মধ্যপন্থী জোট’ এবং তার পাশাপাশি বামপন্থীদের ‘বাম গণতান্ত্রিক জোট’ অর্থাৎ এই চার ধারায় যদি জুলাই পরবর্তী রাজনৈতিক সমীকরণ তৈরি হতো সেটা বাংলাদেশের জন্য খুবই কল্যাণকর হতো।
বাংলাদেশের রাজনীতির নতুন সংস্কৃতিতে প্রবেশের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, গুম, খুন, লুটপাট ও গণহত্যার যথাযথ বিচার ও জুলাই সংস্কার সম্পন্ন করে আমরা যদি রিকনসিলিয়েশনের মাধ্যমে আওয়ামী লীগের ব্যাপারেও ঐক্যবদ্ধ একটা সিদ্ধান্ত নিতে পারতাম, তাহলে বাংলাদেশ এক নতুন রাজনৈতিক অধ্যায়ের ও সংস্কৃতিতে প্রবেশ করতে পারত।
বাংলাদেশ জামায়াতে ইসলামী
গোপালগঞ্জে নাশকতাসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোট। জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেছেন, সরকার যদি নিজেদের ব্যর্থতা স্বীকার করে জাতির প্রয়োজনে সহযোগিতা চায়, তাহলে ১১ দল বসে থাকবে না। তবে জাতীয় ঐক্য গড়ে তুলতে হলে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। হামিদুর রহমান আযাদ বলেন, ‘বাংলাদেশের পুরো ভূখণ্ডই আমাদের। এর কোথাও নিরাপত্তা বিঘ্নিত হলে অতীতে সোচ্চার ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব। গোপালগঞ্জ ৬৪ জেলার একটি। সেখানে নিরাপত্তা বিঘ্নিত হলে দেখার দায়িত্ব সরকারের। সরকার বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সরকার যদি বলে, আমরা ফেইল (ব্যর্থ) করলাম, আসেন, তাহলে জাতির প্রয়োজনে তো বসে থাকা যাবে না।’
সাম্প্রতিক সময়ে বোমা হামলা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন ধরনের নাশকতা ঠেকাতে সরকার কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, সরকার যতটুকু ব্যবস্থা নিয়েছে, তা ছিল আইওয়াশ। এসব ঘটনায় সরকারের ভূমিকা ‘ধরি মাছ না ছুঁই পানি’ ধরনের। এর ফলে ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদের দোসররা উৎসাহিত হচ্ছে।
বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করা হলেও স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কিছু বলছেন না উল্লেখ করে ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক বলেন, নির্বাচনের সময় হওয়া সমঝোতা রক্ষার জন্য এমনটি করা হতে পারে। সরকারের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা জনমনে প্রশ্ন তৈরি করছে। এ পরিস্থিতিতে সরকারকে নিজেদের ব্যর্থতা স্বীকার করে নেওয়ার আহ্বান জানান তিনি।
গত ১১ নভেম্বর জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। এ প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার হতে পারে জাতীয় ঐক্যের ভিত্তি। ফ্যাসিবাদ দমনে সরকার কার্যকর ভূমিকা রেখে জাতীয় ঐক্যের ডাক দিলে বিরোধী দল তাতে সাড়া দেবে। গণভোটের বাস্তবায়ন ও গণহত্যার বিচারের মাধ্যমেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠতে পারে।
তিনি বলেন, মানুষের জানমালের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। সরকারকে নিজেদের ব্যর্থতা স্বীকার করে সংসদে সুস্পষ্ট বক্তব্য দিতে হবে। অপরাধীদের বিরুদ্ধে দল-মত ও পরিচয় নির্বিশেষে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। জাতীয় ঐক্য শুধু কথার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না। এর জন্য প্রয়োজন অভিন্ন নীতি, অঙ্গীকার ও কার্যকর পদক্ষেপ। সরকার এসব বিষয়ে আন্তরিকভাবে উদ্যোগ নিলে ১১ দল তাতে রাজি রয়েছে।
স্থগিত সিলেট অভিমুখে লংমার্চ
ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে ১১ দলের লংমার্চ স্থগিত করা হয়েছে। সিলেটগামী সড়কের বেহাল অবস্থা এবং বিকল্প হিসেবে রেলপথ ব্যবহারে ব্যবস্থাপনাগত জটিলতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠকে নতুন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
হামিদুর রহমান আযাদ বলেন, এর আগে ১১ দলের তিনটি লংমার্চেই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এসব কর্মসূচির মাধ্যমে তাঁরা সরকারের প্রতি জনগণের আস্থা নেই এবং সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেনি, সেই বার্তা দিতে পেরেছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, লেবার পার্টির মহাসচিব মিরাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ফখরুল ইসলাম এবং এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
হাতকড়া ছাড়া আদালত চত্বরে জিয়াউল আহসান
বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও সাবেক জবি শিক্ষার্থী কাজী জিয়াউদ্দিন বাসিত।
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে অংশগ্রহণের অভিজ্ঞতা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও সাবেক জবি শিক্ষার্থী কাজী জিয়াউদ্দিন বাসিত।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে ভাসানী অডিটোরিয়ামে 'কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা বিনিময় ও জিজ্ঞাসা' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা, আন্তর্জাতিক প্রতিনিধি ও কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন তিনি।
কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, সম্মেলনে বিভিন্ন দেশের প্রায় ৪০ জন প্রতিনিধির সঙ্গে মতবিনিময়ের সুযোগ হয়েছে। সেখানে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় অভিযোজন খাতে অর্থায়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্যেও এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন খাতে বরাদ্দ দেওয়া অর্থ ঋণ হিসেবে নয়, অনুদান হিসেবে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ অর্থ ব্যয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ছাত্রদলের পরিবেশবান্ধব কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, ছাত্রদল সর্বদাই বৃক্ষরোপণ, ক্যাম্পাস পরিচ্ছন্নতা, প্রাণীদের খাবার বিতরণ এবং বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মতো কাজ করে আসছে। এসব কার্যক্রম জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলার সঙ্গে সম্পর্কিত। কপ-৩১ থেকে ফিরে এসব কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের উদ্ভাবনী উদ্যোগ থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশে তা বাস্তবায়নের চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গ্রিন ক্যাম্পাস এবং নগর এলাকায় গ্রিন সিটি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, বৈশ্বিক উষ্ণতা কমানো, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলা এবং জনসচেতনতা তৈরিতে ছাত্রদলের নেতাকর্মীরা কাজ করবেন।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিএনপির ৩১ দফার প্রসঙ্গ তুলে ধরে কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, ৩১ দফার ২৯ নম্বর দফায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণের বিষয়টি উল্লেখ রয়েছে। বৃক্ষরোপণ, নদীশাসন, খাল খনন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং প্লাস্টিক বর্জ্য অপসারণের মতো উদ্যোগ জলবায়ুর ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান সরকারের খাল খনন কর্মসূচিকেও তিনি এ পরিকল্পনার অংশ হিসেবে উল্লেখ করেন।
কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী যে ফ্লাইটে সম্মেলনে গেছেন, তারাও একই ফ্লাইটে গেছেন। একই হোটেলে অবস্থান করেছেন এবং প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি ও প্লেনারি সেশনে উপস্থিত ছিলেন। সম্মেলনের একটি প্লেনারি সেশনে প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় ছাত্রদলের দুই প্রতিনিধিকে তার পাশে বসার সুযোগ দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।
তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের নেতাকর্মীদের ভূমিকার স্বীকৃতি হিসেবে ভবিষ্যতে আরও নেতাকর্মী আন্তর্জাতিক সম্মেলন ও রাষ্ট্রীয় সফরে অংশগ্রহণের সুযোগ পাবেন বলে তিনি প্রত্যাশা করেন।
ছাত্রদলের নেতাকর্মীদের দক্ষতা ও সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, সংগঠনটিতে বিজ্ঞান, চিকিৎসা, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থী রয়েছেন। তাদের যথাযথভাবে গড়ে তোলা গেলে ভবিষ্যতে বিজ্ঞানী, উদ্ভাবক, চিকিৎসক, অর্থনীতিবিদ ও দক্ষ কূটনীতিক তৈরি করা সম্ভব। রাষ্ট্র পরিচালনা ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো মানবসম্পদ ছাত্রদলের মধ্যে রয়েছে বলেও দাবি করেন তিনি।
অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর গাড়ির সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের চলার বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে যার নির্দেশনায় নেতাকর্মীরা রাজপথে ছিলেন, তার সঙ্গে চলা তাদের কাছে আবেগ ও ভালোবাসার বিষয়। এটি শুধু গাড়ির পেছনে ছুটে চলার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও ছাত্রদলের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হয়েছে।