নাহিদ ইসলাম

  • প্রকাশ : শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬, সময় : ৭:৩১ এএম

নির্বাচনকে ঘিরে পার্শ্ববর্তী দেশ নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার এইচ জে পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসমাবেশে তিনি এসব কথা বলেন। 


জনসমাবেশটির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচনকে ঘিরে পার্শ্ববর্তী দেশ প্রকাশ্যে একটি নির্দিষ্ট দলের পক্ষে এবং ১১ দলীয় জোটের বিপক্ষে অবস্থান নিচ্ছে। এ ধরনের আচরণ বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থি।’


তিনি আরও বলেন, ‘যদি কোনো দেশ বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা করে, তাহলে এ দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’


নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র গড়ে তোলা, যেখানে জনগণের অধিকার নিশ্চিত হবে এবং রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে।’


তিনি দাবি করেন, ‘চলমান নির্বাচন জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা। সেই অভ্যুত্থানের কারণেই দেশ আজ একটি নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হতে পেরেছে।’


নাহিদ ইসলাম বলেন, ‘ইনশাআল্লাহ ১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা হবে।’


তিনি জানান, ‘তাদের সরকারের প্রধান অগ্রাধিকার হবে জুলাই অভ্যুত্থানে নিহতদের বিচার নিশ্চিত করা এবং শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার।’


জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করেন দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।




মজিবুর রহমান মঞ্জু। ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ১২:০০ এএম

বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভায় থাকা জোনায়েদ সাকি, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নুর ও ববি হাজ্জাজের উল্লেখযোগ্য অবদান চোখে পড়ছে না বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। 


শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। 


এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নির্বাচন পূর্ববর্তী সময়ে ইসলামপন্থী দলগুলোর ভোট এক বাক্সে ফেলার (এক বাক্স নীতি) একটা উদ্যোগ বেশ আলোচনা ও আগ্রহের সূচনা করেছিল। ব্যাক্তিগতভাবে আমি এই উদ্যোগকে উৎসাহিত এবং জোর সমর্থন করেছিলাম। আমাদের চাওয়া ছিল বিএনপি তার সমমনা দলগুলোকে নিয়ে একটা জোট করুক। ইসলামপন্থী দলগুলোর একটা জোট হোক। আর আমরা যারা অধিকার ভিত্তিক নতুন রাজনৈতিক বন্দোবস্তের চিন্তা নিয়ে দল করেছি (মধ্যমপন্থী)  তারা আমরা একটা এলায়েন্স করবো। 


সেজন্য এনসিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ ও গণতন্ত্র মঞ্চভুক্ত ৬টি দলসহ (নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী জনশক্তি পার্টি) আমরা এই ৯টি দল একসাথে বেশ কয়েকটি মিটিংও করেছি। 


জোট গঠন করতে না পারার কারণ জানিয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, আমাদের এই ৯ দলীয় একটি জোট গড়ে উঠতে পারেনি মূলত: মান্না ভাইয়ের দূর্বল রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও নেতৃত্ব, জোনায়েদ সাকির এবারেই জীবনের শেষ চান্স কাজে লাগানোর মনোভাব, নুরুল হক নুর ও রাশেদের অতি চতুর আচরণের কারণে। দিন রাত দৌড়ঝাঁপ দিয়ে আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম। নাহিদ ইসলাম, শ্রদ্ধেয় হাসনাত কাইয়ুম ভাই ও জেএসডির স্বপন ভাই আমাকে সর্বাত্মক সমর্থন দিয়েছিল, কিন্তু সত্যিকার অর্থে আমরা সফল হইনি। 


শেষতক এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টি’র সমন্বয়ে যে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠিত হয়েছিল সেটাও আমরা টিকিয়ে রাখতে পারিনি। হাসনাত কাইয়ুম ভাই এজন্য আমাদের ওপর খুব ক্ষুব্ধ হয়েছেন। পরিস্থিতির শিকার হয়ে আমরা নিদারুণ ক্ষতি মেনে নিয়েছি মনের কষ্ট বুকে চেপে রেখে। 


ইসলামিক দলগুলোর সুবর্ণ সুযোগ হাতছাড়া হওয়ার দাবি করে তিনি বলেন, ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে নেয়ার উদ্যোগ শেষ পর্যন্ত সফল হয়নি। জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে দীর্ঘ বিরোধ মোচনের যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল- তা সিট ভাগাভাগির জেরে নষ্ট হয়ে গেছে। 


আমাদের মধ্যপন্থী জোটের স্বপ্নও ভেস্তে গেছে। বিএনপি ঠিকই গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জমিয়তে উলামায়ে ইসলামসহ আরও কিছু দলকে সাথে নিয়ে এক ধরনের মিশ্র জোট তৈরি করে ক্ষমতায় গিয়েছে। কিন্তু এই মিশ্র জোট না করলে কি তারা দুই তৃতীয়াংশ সমর্থন নিয়ে ক্ষমতায় যেতো না! অবশ্যই যেতো বলে আমি মনে করি। এই দলগুলো তাদের জোটে অন্তর্ভুক্ত হওয়ায় তেমন কোন রাজনৈতিক ফায়দা হয়নি বিএনপির? সংসদ সদস্য বা মন্ত্রী হিসেবে জোনায়েদ সাকি, আন্দালিব পার্থ, নুরুল হক নুর বা ববি হাজ্জাজ- এদের তেমন উল্লেখযোগ্য অবদানও চোখে পড়ছে না। 


বিভিন্ন জোটের কথা উল্লেখ করে মজিবুর রহমান মঞ্জু বলেন, আমার ধারণা ১২ দল ও জাতীয়তাবাদী সমমনা জোটসহ ‘বিএনপির পুরোনো সঙ্গীদের জোট’, ‘ইসলামী এক বাক্স জোট’,  আমাদের ‘মধ্যপন্থী জোট’ এবং তার পাশাপাশি বামপন্থীদের ‘বাম গণতান্ত্রিক জোট’ অর্থাৎ এই চার ধারায় যদি জুলাই পরবর্তী রাজনৈতিক সমীকরণ তৈরি হতো সেটা বাংলাদেশের জন্য খুবই কল্যাণকর হতো। 


বাংলাদেশের রাজনীতির নতুন সংস্কৃতিতে প্রবেশের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, গুম, খুন, লুটপাট ও গণহত্যার যথাযথ বিচার ও জুলাই সংস্কার সম্পন্ন করে আমরা যদি রিকনসিলিয়েশনের মাধ্যমে আওয়ামী লীগের ব্যাপারেও ঐক্যবদ্ধ একটা সিদ্ধান্ত নিতে পারতাম, তাহলে বাংলাদেশ এক নতুন রাজনৈতিক অধ্যায়ের ও সংস্কৃতিতে প্রবেশ করতে পারত।


বাংলাদেশ জামায়াতে ইসলামী

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ১০:১৮ পিএম

গোপালগঞ্জে নাশকতাসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোট। জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেছেন, সরকার যদি নিজেদের ব্যর্থতা স্বীকার করে জাতির প্রয়োজনে সহযোগিতা চায়, তাহলে ১১ দল বসে থাকবে না। তবে জাতীয় ঐক্য গড়ে তুলতে হলে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।


রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। হামিদুর রহমান আযাদ বলেন, ‘বাংলাদেশের পুরো ভূখণ্ডই আমাদের। এর কোথাও নিরাপত্তা বিঘ্নিত হলে অতীতে সোচ্চার ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব। গোপালগঞ্জ ৬৪ জেলার একটি। সেখানে নিরাপত্তা বিঘ্নিত হলে দেখার দায়িত্ব সরকারের। সরকার বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সরকার যদি বলে, আমরা ফেইল (ব্যর্থ) করলাম, আসেন, তাহলে জাতির প্রয়োজনে তো বসে থাকা যাবে না।’


সাম্প্রতিক সময়ে বোমা হামলা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন ধরনের নাশকতা ঠেকাতে সরকার কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, সরকার যতটুকু ব্যবস্থা নিয়েছে, তা ছিল আইওয়াশ। এসব ঘটনায় সরকারের ভূমিকা ‘ধরি মাছ না ছুঁই পানি’ ধরনের। এর ফলে ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদের দোসররা উৎসাহিত হচ্ছে।


বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করা হলেও স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কিছু বলছেন না উল্লেখ করে ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক বলেন, নির্বাচনের সময় হওয়া সমঝোতা রক্ষার জন্য এমনটি করা হতে পারে। সরকারের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা জনমনে প্রশ্ন তৈরি করছে। এ পরিস্থিতিতে সরকারকে নিজেদের ব্যর্থতা স্বীকার করে নেওয়ার আহ্বান জানান তিনি।


গত ১১ নভেম্বর জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। এ প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার হতে পারে জাতীয় ঐক্যের ভিত্তি। ফ্যাসিবাদ দমনে সরকার কার্যকর ভূমিকা রেখে জাতীয় ঐক্যের ডাক দিলে বিরোধী দল তাতে সাড়া দেবে। গণভোটের বাস্তবায়ন ও গণহত্যার বিচারের মাধ্যমেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠতে পারে।


তিনি বলেন, মানুষের জানমালের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। সরকারকে নিজেদের ব্যর্থতা স্বীকার করে সংসদে সুস্পষ্ট বক্তব্য দিতে হবে। অপরাধীদের বিরুদ্ধে দল-মত ও পরিচয় নির্বিশেষে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। জাতীয় ঐক্য শুধু কথার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না। এর জন্য প্রয়োজন অভিন্ন নীতি, অঙ্গীকার ও কার্যকর পদক্ষেপ। সরকার এসব বিষয়ে আন্তরিকভাবে উদ্যোগ নিলে ১১ দল তাতে রাজি রয়েছে।


স্থগিত সিলেট অভিমুখে লংমার্চ


ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে ১১ দলের লংমার্চ স্থগিত করা হয়েছে। সিলেটগামী সড়কের বেহাল অবস্থা এবং বিকল্প হিসেবে রেলপথ ব্যবহারে ব্যবস্থাপনাগত জটিলতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠকে নতুন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


হামিদুর রহমান আযাদ বলেন, এর আগে ১১ দলের তিনটি লংমার্চেই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এসব কর্মসূচির মাধ্যমে তাঁরা সরকারের প্রতি জনগণের আস্থা নেই এবং সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেনি, সেই বার্তা দিতে পেরেছেন।


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, লেবার পার্টির মহাসচিব মিরাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ফখরুল ইসলাম এবং এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।


হাতকড়া ছাড়া আদালত চত্বরে জিয়াউল আহসান

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৫৩ পিএম

মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি জিয়াউল আহসানকে কেন হাতকড়া ছাড়া আদালতে হাজির করা হচ্ছে- এ প্রশ্ন তুলে সংসদে ক্ষোভ জানিয়েছেন বিএনপির সংসদ‌ সদস‌্য তাহসিনা রুশদীর লুনা। তিনি রোববার সংসদের বৈঠকে পয়েন্ট অফ অর্ডারে বলেন, ‘জিয়াউল আদালত প্রাঙ্গণে যে অঙ্গভঙ্গি এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন, তাতে মনে হচ্ছে তিনি আনন্দভ্রমণে বের হয়েছেন। পুলিশ তাঁকে প্রটোকল দিচ্ছে।’


তাঁর এ বক্তব্যের পর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘জিয়াউল আহসান এই সুযোগ আর পাবেন না।’ এ ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বস্ত করেন মন্ত্রী। জুলাই গণঅভ‌্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনামলে গুম খুনের অভিযোগে বরখাস্ত হওয়া মেজর জেনারেল জিয়াউল আহসানের বিচার চলছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় হাজির করা হয়।


গাড়ি থেকে আদালতে যাওয়ার পথে তিনি রোদচশমা চোখে দিয়ে কেতাদুরস্ত পুলিশ বেষ্টিত হয়ে হাঁটেন। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘জয় আমাদের হবেই।’ এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ‌্যমে এলে ক্ষোভ জানান গুম খুনের শিকার ব‌্যক্তিদের পরিবারের সদস‌্য এবং জুলাই অভ‌্যুত্থানে অংশ নেওয়া অনেকে। 


গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী সংসদে বলেন, ‘এই রকম একজন অপরাধীকে হাতকড়া, ডান্ডাবেড়ি না পরিয়ে যেভাবে নেওয়া হয়, তাতে আমরা মর্মাহত হই। বহু পরিবার যারা এই বিষয়ে উদ্বিগ্ন এবং আতঙ্কিত। তাঁকে কী সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না? তাঁর প্রতি কী মানবিকতা দেখাচ্ছে?’ 


স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘তাহসিনা রুশদীর বক্তব‌্য পয়েন্ট অফ অর্ডারের পর্যায়ে পড়ে না। কিন্তু  গুরুত্বপূর্ণ বিষয় হওয়ায় আইনমন্ত্রী উত্তর দিতে পারেন।’ এই পর্যায়ে আসাদুজ্জামান বলেন, ‘একজন কু‌খ‌্যাত অপরাধীকে যেভাবে আদালতে নিয়ে যাওয়া হয়, ভবিষ‌্যতে তাই হবে। এরপর থেকে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না আদালত অঙ্গনে, আশ্বস্ত করতে চাই। ন্যায়বিচার যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে আমরা লক্ষ্য রাখছি।’ 


আইনমন্ত্রী বলেন, ‘ট্রাইব্যুনালে যাদের হাজির করা হচ্ছে, তাদের বিরুদ্ধে যত রকম সাক্ষ্য প্রমাণ আছে, তা আদালতে উপস্থাপন করা হচ্ছে। যে সাক্ষ্য প্রমাণ পৃথিবীর যেকোনো আদালত বা ট্রাইব্যুনালে গেলে আসামির সাজা হবে।’ আসাদুজ্জামান বলেন, ‘গত ১৬-১৭ বছরে যত গুম খুন হয়েছে, যত গায়েবি মামলা হয়েছে, জুলাই গণঅভ‌্যুত্থানে যত মানুষ মারা গেছেন, পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, কান হারিয়েছেন, অঙ্গহানি হয়েছে,  প্রত্যেকটি ঘটনার আমরান্যায় বিচারের পথ ধরে এগিয়ে যাব।


জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা শহরের বাইরে বিভিন্ন জেলায় যেসব মানবতাবিরোধী অপরাধ হয়েছে, তা তদন্তে ট্রাইবুনালের প্রধান তদন্ত কর্মকর্তার নেতৃত্বে টিম যাবে। কোন কোন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা, রাজনৈতিক কর্মীর সহযোগিতা-প্রশ্রয়ে এ ধরনের মানবতাবিরোধী অপরাধ হয়েছে, তা তদন্ত করা হবে।’


বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৭:১৪ পিএম

সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পথে বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি, সেখানে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 রবিবার (১৫ নভেম্বর) সিঙ্গাপুরের স্থানীয় সময় সকালে বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার লক্ষ্যে বিমানবন্দরে আসার পর ড. খন্দকার মোশাররফ হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে আবারও তাকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন। তার সঙ্গে স্ত্রী বিলকিস আকতার ছাড়াও বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার রয়েছেন।


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও সাবেক জবি শিক্ষার্থী কাজী জিয়াউদ্দিন বাসিত।

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৪৩ পিএম

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে অংশগ্রহণের অভিজ্ঞতা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও সাবেক জবি শিক্ষার্থী কাজী জিয়াউদ্দিন বাসিত। 


শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে ভাসানী অডিটোরিয়ামে 'কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা বিনিময় ও জিজ্ঞাসা' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


অনুষ্ঠানে কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা, আন্তর্জাতিক প্রতিনিধি ও কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন তিনি।


কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, সম্মেলনে বিভিন্ন দেশের প্রায় ৪০ জন প্রতিনিধির সঙ্গে মতবিনিময়ের সুযোগ হয়েছে। সেখানে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় অভিযোজন খাতে অর্থায়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্যেও এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন খাতে বরাদ্দ দেওয়া অর্থ ঋণ হিসেবে নয়, অনুদান হিসেবে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ অর্থ ব্যয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


ছাত্রদলের পরিবেশবান্ধব কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, ছাত্রদল সর্বদাই বৃক্ষরোপণ, ক্যাম্পাস পরিচ্ছন্নতা, প্রাণীদের খাবার বিতরণ এবং বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মতো কাজ করে আসছে। এসব কার্যক্রম জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলার সঙ্গে সম্পর্কিত। কপ-৩১ থেকে ফিরে এসব কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের উদ্ভাবনী উদ্যোগ থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশে তা বাস্তবায়নের চেষ্টা করা হবে।


তিনি আরও বলেন, বিভিন্ন দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গ্রিন ক্যাম্পাস এবং নগর এলাকায় গ্রিন সিটি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, বৈশ্বিক উষ্ণতা কমানো, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলা এবং জনসচেতনতা তৈরিতে ছাত্রদলের নেতাকর্মীরা কাজ করবেন।


জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিএনপির ৩১ দফার প্রসঙ্গ তুলে ধরে কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, ৩১ দফার ২৯ নম্বর দফায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণের বিষয়টি উল্লেখ রয়েছে। বৃক্ষরোপণ, নদীশাসন, খাল খনন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং প্লাস্টিক বর্জ্য অপসারণের মতো উদ্যোগ জলবায়ুর ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান সরকারের খাল খনন কর্মসূচিকেও তিনি এ পরিকল্পনার অংশ হিসেবে উল্লেখ করেন।


কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী যে ফ্লাইটে সম্মেলনে গেছেন, তারাও একই ফ্লাইটে গেছেন। একই হোটেলে অবস্থান করেছেন এবং প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি ও প্লেনারি সেশনে উপস্থিত ছিলেন। সম্মেলনের একটি প্লেনারি সেশনে প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় ছাত্রদলের দুই প্রতিনিধিকে তার পাশে বসার সুযোগ দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।


তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের নেতাকর্মীদের ভূমিকার স্বীকৃতি হিসেবে ভবিষ্যতে আরও নেতাকর্মী আন্তর্জাতিক সম্মেলন ও রাষ্ট্রীয় সফরে অংশগ্রহণের সুযোগ পাবেন বলে তিনি প্রত্যাশা করেন।


ছাত্রদলের নেতাকর্মীদের দক্ষতা ও সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, সংগঠনটিতে বিজ্ঞান, চিকিৎসা, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থী রয়েছেন। তাদের যথাযথভাবে গড়ে তোলা গেলে ভবিষ্যতে বিজ্ঞানী, উদ্ভাবক, চিকিৎসক, অর্থনীতিবিদ ও দক্ষ কূটনীতিক তৈরি করা সম্ভব। রাষ্ট্র পরিচালনা ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো মানবসম্পদ ছাত্রদলের মধ্যে রয়েছে বলেও দাবি করেন তিনি।


অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর গাড়ির সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের চলার বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে যার নির্দেশনায় নেতাকর্মীরা রাজপথে ছিলেন, তার সঙ্গে চলা তাদের কাছে আবেগ ও ভালোবাসার বিষয়। এটি শুধু গাড়ির পেছনে ছুটে চলার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও ছাত্রদলের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হয়েছে।


হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১:০১ এএম

যারা গোমতী নদীর মাটি কাটার সিদ্ধান্ত নিয়েছে, তারা যত বড় হেডম ওয়ালাই হোক না কেন, তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি স্পষ্ট করে বলেছেন, নিয়মের মধ্যে কাজ করতে কোনো ‘হেডম’ বা শক্তির প্রয়োজন হয় না। যারা নদীর মাটি কেটে সাধারণ মানুষের ক্ষতি করবে, তাদের সামাজিকভাবে প্রত্যাখ্যান করতে হবে।


শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিষ্ণুপুর চৌমুহনী ঈদগাহ মাঠে স্থানীয় লোকজনের সঙ্গে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাফরগঞ্জ থেকে বিষ্ণুপুর পর্যন্ত গোমতী নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে স্থানীয়দের নিয়ে এই সভার আয়োজন করা হয়েছিল।


সভায় অবৈধ ইটভাটা চালুর বিষয়েও তীব্র সতর্কতা উচ্চারণ করেন সংসদ সদস্য। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "এবার যারা ব্রিকফিল্ড চালু করতেছেন, আপনারা লাগান। খরচটা একটু কইরালন, খরচটা কইরা লাগাইলে এনা ভাংতাম। কিছু না থাকলে ভাংমু কি। ইট যে বানাইতাছেন, চুঙ্গা যে বানাইতাছেন সবগুলারে একেবারে সমান করে ফেলা হবে। অবৈধ কোনো জিনিসকে টলারেড করা হবে না।"


রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর ভিন্নতা থাকবেই, তবে এর বাইরে প্রকৃত বিভাজন হতে হবে অপরাধী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা থাকবে একদিকে আর সাধারণ জনগণ থাকবে অন্যদিকে। বর্তমান সরকারের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলার পর্যাপ্ত সুযোগ দেওয়া হয় না এবং গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন তুললেও তা গণমাধ্যমে প্রচার করা হয় না। অথচ সংসদে অনেক সময় এমন সব গতানুগতিক প্রশ্ন করা হয়, যেগুলোর উত্তর খুব সহজেই গুগলে খুঁজে পাওয়া সম্ভব।


সভায় এলাকাবাসী তাদের দীর্ঘদিনের দুর্ভোগ তুলে ধরে জাফরগঞ্জ-বিষ্ণুপুর সংযোগ সেতু নির্মাণের জোরালো দাবি জানান। রঘুরামপুর গ্রামের বাসিন্দারা জানান, প্রতিবছর বন্যায় নদীতীরবর্তী বাড়িঘর তলিয়ে যাওয়ার পাশাপাশি নদীভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারাতে হয়। এই স্থায়ী সমস্যা থেকে মুক্তির জন্য তারা গোমতী নদীর গতিপথ পরিবর্তনে ‘লুপ কাটিং’-এর ব্যবস্থার দাবিও উত্থাপন করেন।


এলাকাবাসীর এসব সমস্যার জবাবে হাসনাত আবদুল্লাহ জানান, সংসদের পরবর্তী অধিবেশনে তিনি এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন। এলাকার মানুষের কল্যাণে ও স্বার্থরক্ষায় প্রয়োজন হলে সংশ্লিষ্ট মহলে বারবার দাবি জানাতে তাঁর কোনো আপত্তি নেই বলেও তিনি আশ্বাস দেন।