• প্রকাশ : মঙ্গলবার ১৯ মে, ২০২৬, সময় : ১২:৫৩ পিএম


বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে “Career-Rizq Confusion?!” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে বুটেক্স দাওয়াহ্ কমিউনিটি।


সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে বেলা ২ টার সময় এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের সাবেক শিক্ষার্থী 'দ্যা মেসেজ পডকাস্ট' এর প্রতিষ্ঠাতা ও ওয়ান উম্মাহ বিডির চিফ মার্কেটিং অফিসার তামিম মৃধা এবং দাঈ ও উদ্যোক্তা আহমেদ আরিফিন। আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর বেগুনবাড়ি জামে মসজিদের খতিব তারেক জামিল সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।


সেমিনারে বক্তারা ইসলামিক দৃষ্টিকোণ থেকে ক্যারিয়ার গঠন, রিযিকের ধারণা, জীবনের লক্ষ্য নির্ধারণ এবং পেশাগত জীবনে নৈতিকতা ও দ্বীনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়াও আলোচনা করা হয় একজন মুসলিমের ক্যারিয়ার শুধু অর্থ উপার্জনের মাধ্যম নয়  বরং তা হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম। মানুষের রিযিক মহান আল্লাহ পূর্বনির্ধারিত করে রেখেছেন। তাই রিযিকের ভয় বা অতিরিক্ত দুশ্চিন্তায় না ভুগে সততা, পরিশ্রম ও তাওয়াক্কুলের মাধ্যমে হালাল উপার্জনের চেষ্টা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।


মাওলানা তারেক জামিল রিযিকের প্রকারভেদ, তাওয়াক্কুল, সবর ও জীবনে বারাকাহ লাভের উপায় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, "আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও নেক আমলের মাধ্যমে রিযিকে বরকত আসে, আর কিছু গুনাহ রিযিক কমিয়ে দেয়। তিনি আরও বলেন, মানুষ দুনিয়াবী জীবন নিয়ে বেশি ব্যস্ত থাকলেও আখেরাতই মানুষের প্রকৃত ও চিরস্থায়ী জীবন।"


আহমেদ আরিফিন জানান, হলিউডের মিউজিক ইন্ডাস্ট্রি থেকে দ্বীনের পথে ফিরে আসার যাত্রা তার জন্য সহজ ছিল না। তিনি বলেন “আল্লাহ হেদায়েত দিয়েছেন বলেই আমি ফিরে আসতে পেরেছি।” 


এছাড়াও তিনি রিযিকের বিভিন্ন স্তর, রিযিক বৃদ্ধির উপায় ও দ্বীনের দাওয়াতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তিনি বলেন, শুধু একাডেমিক ফলাফল নয়, যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও সময় ব্যবস্থাপনাও সফল ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা অনেক সময় রিযিক নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করি, অথচ রিযিকের মালিক আল্লাহ। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর ওপর ভরসা রাখা উচিত।



তামিম মৃধা বলেন, "একটি উমরাহ থেকেই আমার দ্বীনের পথে ফিরে আসার শুরু"। তিনি জানান, কীভাবে আল্লাহ ধীরে ধীরে তার জন্য দ্বীনের পথ সহজ করে দিয়েছেন এবং হারাম চাকরি থেকে বের করে হালাল উপার্জনের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি আরও বলেন, “আগের চাকরি ছাড়ার পর আমি প্রায় ৮ মাস বেকার ছিলাম, কিন্তু আল্লাহ কখনো আমাকে অসহায় রাখেননি। দ্বীনের পথে থাকলে আল্লাহই রিযিকের ব্যবস্থা করে দেন।”


শিক্ষার্থীদের কাছে উক্ত সেমিনারের বিষয়ে জানতে চাইলে, ৪৯তম ব্যাচের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাদাত সালেহীন রাফি জানান, “আজকের সেমিনারে ক্যারিয়ার ও রিজিকের আন্তঃসম্পর্ক নিয়ে গভীর আলোচনা শুনেছি। এর মাধ্যমে রিজিক সম্পর্কে আমার অনেক ধারণা পরিষ্কার হয়েছে। একই সঙ্গে ক্যারিয়ারের সঙ্গে রিজিকের প্রকৃত সম্পর্ক কোথায়—সেটিও বক্তাদের বক্তব্য থেকে উপলব্ধি করতে পেরেছি। আমি আমার ব্যক্তিগত লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার সাথেও বিষয়গুলোকে মিলিয়ে দেখার চেষ্টা করেছি। ফলে আমার জ্ঞান যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি ভবিষ্যৎ পরিকল্পনাও এখন আমার কাছে আরও স্পষ্ট হয়েছে।”


সেমিনারে বুটেক্স দাওয়াহ্ কমিউনিটির মডারেটর অধ্যাপক ড. ইমদাদ সরকার বলেন, “বুটেক্সে এ ধরনের আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুনিয়াবী জ্ঞান অর্জনের নানা সুযোগ থাকলেও দ্বীনি জ্ঞান চর্চার ক্ষেত্র তুলনামূলকভাবে সীমিত। বিশেষ করে ক্যারিয়ার বিষয়টি শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ খুব শিগগিরই তারা বাস্তব কর্মজীবনে প্রবেশ করবে। কর্মজীবনে নানা ধরনের চ্যালেঞ্জ, অনিশ্চয়তা ও মানসিক চাপ থাকে। তাই ক্যারিয়ার যেন হতাশা বা দুশ্চিন্তার কারণ না হয়ে দাঁড়ায়, সে জন্য ইসলামী দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো বোঝা এবং নিজেকে প্রস্তুত করা জরুরি।”


বুটেক্স দাওয়াহ্ কমিউনিটি সহ-প্রতিষ্ঠাতা রাফিউল ইসলাম বলেন, “আজকের ওয়ার্কশপটি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে, যেখানে তামিম মৃধা ও আহমেদ আরিফিন তাঁদের জীবনের অভিজ্ঞতা, ক্যারিয়ার জার্নি এবং দ্বীনের পথে ফিরে আসার গল্প শেয়ার করেছেন। বক্তারা রিযিক, ক্যারিয়ার ও জীবনের উদ্দেশ্য নিয়ে ইসলামিক দৃষ্টিভঙ্গি প্রদান করেন, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক অনুপ্রেরণা সৃষ্টি করেছে। আমি সকল অতিথি, ভলান্টিয়ার ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 


সেমিনারের প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ক্যারিয়ার, উচ্চশিক্ষা, চাকরি, রিযিক ও ব্যক্তিগত উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করেন এবং বক্তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন।


আয়োজকরা জানান, শিক্ষার্থীদের নৈতিক, আত্মিক ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৬ আগস্ট, ২০২৬, সময় : ৯:০৩ পিএম

বিশেষ বৃত্তির অর্থ এখনো না পাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। যেসব শিক্ষার্থী পূর্বে অনলাইনে ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য প্রদান করেননি এবং ফলে বিশেষ বৃত্তির অর্থ পাননি, তাদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য আপলোড করতে বলা হয়েছে।


আজ বুধবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, অদ্য অনুষ্ঠিত বিশেষ বৃত্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বৃত্তি সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে ব্যাংক হিসাবের তথ্য হালনাগাদ করতে পারবেন। আগামী ২৬ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট থেকে ৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত তথ্য জমা দেওয়ার সুযোগ থাকবে।


তথ্য প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থীর আইডি নম্বর, নাম, ব্যাংকের নাম, নিজস্ব ব্যাংক হিসাব নম্বর, শাখার নাম এবং ব্যাংক রাউটিং নম্বর সঠিকভাবে উল্লেখ করতে হবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীর নাম ও ব্যাংক হিসাবের নাম অবশ্যই এক হতে হবে। ব্যাংক হিসাব নম্বর ১৩ থেকে ১৭ সংখ্যার মধ্যে হতে হবে এবং এতে কোনো স্পেস বা ড্যাশ ব্যবহার করা যাবে না। এছাড়া রাউটিং নম্বর ৯ সংখ্যার হতে হবে এবং ব্যাংক হিসাব সচল থাকতে হবে।


এছাড়াও অনলাইনে তথ্য আপলোডে কোনো সমস্যা হলে ব্যাংক স্টেটমেন্টের কপি নিয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলে যোগাযোগ করতে বলা হয়েছে।


উল্লেখ্য, রেজিস্ট্রার দপ্তর জানিয়েছে এটি এ সংক্রান্ত চূড়ান্ত বিজ্ঞপ্তি। পরবর্তীতে বিশেষ বৃত্তির জন্য ব্যাংক হিসাব সংক্রান্ত কোনো নতুন তথ্য গ্রহণ করা হবে না।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৬ আগস্ট, ২০২৬, সময় : ৮:৫৫ পিএম

তিস্তা মহাপরিকল্পনার কাজ অনেকদূর এগিয়েছে এবং আগামী ২০২৭ সালে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।


গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত 'নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিস্তা প্রকল্প প্রসঙ্গে মন্ত্রী বলেন, "এটি নিয়ে অনেক ধরনের নেতিবাচক প্রচারণা হলেও এর কাজ অনেকদূর এগিয়েছে। এত বড় একটি বৃহৎ প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে আগে হাওয়ার ওপর বক্তব্য দেয়া হতো। এখন বড় বড় বিশেষজ্ঞদের নিয়ে আলোচনা হচ্ছে। তারা রিপোর্ট জমা দিলে শিগগিরই আমরা কাজ শুরু করব ইনশাআল্লাহ।" 


তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই একটিমাত্র প্রকল্পের মাধ্যমেই লালমনিরহাটের সার্বিক চেহারা পরিবর্তন হয়ে যাবে।


অনুষ্ঠানে মন্ত্রী তার অন্যান্য বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "আগামী দিনে লালমনিরহাটের নেতৃত্ব তোমাদেরই দিতে হবে। নিজেদের জেলার ঐতিহ্য ও আঞ্চলিক ভাষা নিয়ে লজ্জিত না হয়ে তা নিয়ে গর্ববোধ করতে হবে।" 


শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে তিনি বাস মালিক সমিতির সাথে কথা বলে ঈদের সময় ভাড়া নিয়ন্ত্রণের আশ্বাস দেন এবং ছাত্রীদের আবাসিক হলের ব্যাপারে উপাচার্যের সাথে কথা বলেছেন বলে জানান। 


এছাড়াও, এলাকার দরিদ্র শিক্ষার্থীদের ভর্তির সুবিধার্থে তিনি ছাত্রকল্যাণ সমিতির ফান্ডে ৫ লাখ টাকার অনুদান ঘোষণা করেন এবং সবাইকে মাদক, জুয়া, যৌতুক ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার সামাজিক আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। 


আনিসুর রহমান খোকন ত্রাণমন্ত্রীকে সারা দেশের রাজনৈতিক কর্মীদের জন্য একজন অনুকরণীয় সংগঠক ও অভিভাবক হিসেবে আখ্যা দিয়ে শিক্ষার্থীদের দেশ গড়ার কাজে সহযোগিতার আহ্বান জানান। 


অন্যদিকে, রোকন উদ্দিন বাবুল শিক্ষার্থীদের শেকড় না ভোলার পরামর্শ দেন। তিনি জানান, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে লালমনিরহাট জেলার তিনজন সংসদ সদস্যই প্রধানমন্ত্রীর নিকট ডিও লেটার দিয়েছেন। এছাড়া ফোরলেন সড়কটি লালমনিরহাট হয়ে বুড়িমারী পর্যন্ত নিতে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান। তিনিও ব্যক্তিগত তহবিল থেকে সমিতিতে অনুদান দেয়ার প্রতিশ্রুতি দেন।


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন তার বক্তব্যে মন্ত্রীকে ক্যাম্পাসে স্বাগত জানিয়ে বলেন, "বিগত আওয়ামী ফ্যাসিবাদের ১৫-১৬ বছর মানুষ যখন ভয়ে কথা বলতে পারত না, তখন আসাদুল হাবিব দুলু ছিলেন সাহসের একটি বাতিঘর।" তিনি লালমনিরহাটের মানুষদের অত্যন্ত সাদা মনের ও নীতিবান হিসেবে উল্লেখ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।


লালমনিরহাট ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আজিজুল হাকিম (আকাশ)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল রানা সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।


এছাড়াও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা সমিতির সাবেক প্রধান উপদেষ্টা জনাব এম এ কাদের সরকার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মেজবাহ-উল-আজম সওদাগর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মুনমুন মাশরাফীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সমিতির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং নবীন ও বিদায়ী শিক্ষার্থীবৃন্দ।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৬ আগস্ট, ২০২৬, সময় : ৮:৩৮ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আটটি বিভাগে প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে মোট ১৪ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে সময়সীমা ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার (২৬ আগস্ট) থেকে শুরু করে আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।


নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী অধ্যাপক পদে দুজন এবং প্রভাষক পদে ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। সহকারী অধ্যাপক পদে সমাজকর্ম বিভাগে একজন এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে একজন নিয়োগ পাবেন।


প্রভাষক পদে সংগীত বিভাগে দুজন, নাট্যকলা বিভাগে দুজন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে একজন, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে দুজন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে একজন, ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগে একজন, প্রিন্ট মেকিং বিভাগে একজন এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগে একজন নিয়োগ দেওয়া হবে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট পদের জন্য বিশ্ববিদ্যালয় নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে। প্রতিটি পদের বিস্তারিত যোগ্যতা ও শর্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন সম্পন্ন হওয়ার পর ফরমের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। আবেদন ফি হিসেবে ৬০০ টাকা নগদ অথবা রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে।


অনলাইনে আবেদন শেষে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নম্বরপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা পাসপোর্ট আকারের তিন কপি সত্যায়িত রঙিন ছবি এবং অনলাইনে দাখিল করা আবেদন ফরমের প্রিন্ট কপিসহ পূর্ণাঙ্গ আবেদনপত্রের আট সেট জমা দিতে হবে।


আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে সরাসরি, ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো যাবে। কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।


আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ আবেদন করার শেষ সময়। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন স্কেল, সাধারণ শর্তাবলি ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।


নিয়োগ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী পদসংখ্যা কমানো বা বাড়ানোর ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৬ আগস্ট, ২০২৬, সময় : ৮:২৮ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী পরিবহনের বাসে যাত্রী উপস্থিত না থেকেও খাতা, শিট, পানির বোতলসহ বিভিন্ন সামগ্রী রেখে আসন 'রিজার্ভ’ করে রাখায় আগে বাসে ওঠা শিক্ষার্থীরা খালি আসন থাকা সত্ত্বেও বসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তাই এই প্রচলিত নিয়ম বন্ধে প্রজ্ঞাপন জারি করে কঠোরভাবে বাস্তবায়নের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 


আজ বুধবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক বিষয়টি নিশ্চিত করেন।


জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থীর যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ও ভাড়ায় পরিচালিত বাস রয়েছে। প্রতিদিন এসব বাসে বিপুলসংখ্যক শিক্ষার্থী ক্যাম্পাসে যাতায়াত করেন। আসনের তুলনায় যাত্রীর সংখ্যা বেশি হওয়ায় অনেক শিক্ষার্থীকে দাঁড়িয়ে যাতায়াত করতে হয়। তবে সম্প্রতি বাসে বিভিন্ন সামগ্রী রেখে আসন দখল করে রাখার বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে। 


অভিযোগ রয়েছে, কেউ কেউ বাসে নিজের উপস্থিতি না থাকলেও আগে থেকেই খাতা, শিট, পানির বোতলসহ বিভিন্ন জিনিস আসনে রেখে সেটিকে নিজের জন্য সংরক্ষিত করে রাখছেন। ফলে পরে বাসে ওঠা শিক্ষার্থীরা খালি আসন থাকলেও সেখানে বসতে পারছেন না।


এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এক ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, “অনেকে বাস থেকে নামার সময় বাসে খাতা রেখে যান। যার কারণে আমরা পরে আগে এসেও বাসে সিট পাই না। অনেক দূর থেকে যাতায়াত করলেও বাধ্য হয়ে পুরোটা পথ দাঁড়িয়ে যেতে হয়।”


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক বলেন, “আমরা দ্রুতই একটি প্রজ্ঞাপন জারি করব। সেখানে স্পষ্টভাবে বলা থাকবে বাসে খাতা, কলম, বোতল বা অন্য কোনো কিছু রেখে আসন দখল করা যাবে না। এভাবে সিট রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। বাসের আসন বণ্টন হবে সম্পূর্ণভাবে আগে আসার ভিত্তিতে। অর্থাৎ, যিনি সশরীরে উপস্থিত থাকবেন, তিনিই আসনে বসার অগ্রাধিকার পাবেন।”


তিনি আরও বলেন, “পরিবহন প্রশাসনের পক্ষ থেকে নিয়োজিত গাড়িচালক ও সহকারীরা বিষয়টি তদারকি করবেন। এরপরও কেউ নির্দেশনা অমান্য করে অনিয়ম অব্যাহত রাখলে ভিসি স্যারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় শৃঙ্খলামূলক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬, সময় : ১০:১৯ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ক্যাম্পাসের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নোবিপ্রবি শাখার নেতৃবৃন্দ। আলোচনায় শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট ছয় দফা প্রস্তাব তুলে ধরা হয়েছে।


আলোচনায় পকেট গেইট সার্বক্ষণিক খোলা রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে ৩৬০ ডিগ্রি সিসিটিভি ক্যামেরা স্থাপনের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ই-কারের ভাড়া ৫ টাকায় নামিয়ে আনা, ব্যাকলগ ও ইমপ্রুভমেন্টের নিয়ম পুনর্বিবেচনা, বিশ্ববিদ্যালয়ের বাসে লোকাল যাত্রী পরিবহন বন্ধ এবং নষ্ট হয়ে যাওয়া বাসগুলো দ্রুত মেরামত করে পরিবহন বহরে যুক্ত করার বিষয়গুলো তুলে ধরা হয়।


ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে সিজিপিএ ৩.০০-এর নিচে থাকা শিক্ষার্থীদের ইমপ্রুভমেন্ট পরীক্ষার সুযোগ দেওয়ার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে বলে জানানো হয়েছে। তবে ব্যাকলগের বিষয়টি নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে বলেও জানানো হয়।


আলোচনায় নোবিপ্রবি ছাত্রদল নেতা সাব্বির হোসেন শান্ত, শাখাওয়াত সায়েম, সাখাওয়াত হোসেন, খায়রুল আমান শাওন ও আনিসুর রহমান সিফাতসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও প্রয়োজনীয় বিষয়গুলো পর্যায়ক্রমে সমাধানের মাধ্যমে ক্যাম্পাসকে আরও শিক্ষার্থীবান্ধব ও নিরাপদ করে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছে নোবিপ্রবি ছাত্রদল।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬, সময় : ১০:০৩ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এগ্রিকালচার বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন-পরবর্তী বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।


আজ মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।




অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে কৃষি। একটি দেশের মানুষের জন্য পর্যাপ্ত, নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের নিশ্চয়তা শুধু অর্থনৈতিক বিষয় নয়, এটি খাদ্য নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই ভবিষ্যতের কৃষিকে হতে হবে আরও প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও সহনশীল।”


বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা শুধু কৃষির শিক্ষার্থী নও, তোমরা বাংলাদেশের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তার অন্যতম কারিগর। তোমাদের অর্জিত জ্ঞানকে মাঠপর্যায়ে কৃষকের কাছে পৌঁছে দিতে হবে এবং কৃষির বিদ্যমান সমস্যাগুলোর টেকসই সমাধান খুঁজে বের করতে হবে।”


এ সময় কৃষির গুরুত্ব বিবেচনায় নোবিপ্রবিতে কৃষি অনুষদ ও গবেষণার জন্য আরও পর্যাপ্ত সুযোগ-সুবিধা সৃষ্টির আশ্বাস দেন উপাচার্য।


জীববিজ্ঞান অনুষদের ডিন ও এগ্রিকালচার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী মো. মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাসান উদ্দীন।


বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান এবং দেশের কৃষি খাতের উন্নয়নে তাদের দক্ষতা ও মেধা কাজে লাগানোর আহ্বান জানান।


অনুষ্ঠানের এক পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। পরে সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ এবং ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।


এ সময় এগ্রিকালচার বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সব খবর