ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ২০ মার্চ, ২০২৬, সময় : ২:৪৮ এএম

আজ পবিত্র রমজানের শেষ শুক্রবার। রমজান মাসেরও আজ শেষ দিন। দিনটি জুমাতুল বিদা নামে পরিচিত। 


জুমাতুল বিদার মধ্য দিয়ে মাহে রমজানকে এক বছরের জন্য বিদায় সম্ভাষণ জানানো হয়। দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতময়।


প্রতিবছরের মতো এবারও ধর্মপ্রাণ মুসল্লিরা আজ জুমার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করবেন। এমনিতেই মুসলমানদের কাছে সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা অধিক। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসা রমজান মাসের শুক্রবারের দিনগুলোর মর্যাদা আরও অধিকতর।


রমজানকে বিদায় সম্ভাষণ জানানোর শেষ জুমাবারটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এ দিন ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে জুমার খুতবায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যাসহ বিশেষ দোয়া হয়। পাশাপাশি জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।





  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৯:২৮ এএম

মুহাম্মদ (সা.) নিজের প্রাত্যহিক আচরণে এমন এক ভারসাম্যপূর্ণ ও বিজ্ঞানসম্মত জীবনপদ্ধতি বাস্তবায়ন করে গেছেন, যা মানবদেহের প্রতিটি অঙ্গের সুস্থতা নিশ্চিত করে। তিনি স্বাস্থ্যকে ইমানের পর মানুষের সবচেয়ে বড় নেয়ামত হিসেবে ঘোষণা করেছেন।


তিনি বলেছেন, ‘তোমরা আল্লাহর কাছে ক্ষমা ও সুস্বাস্থ্য (আফিয়াত) প্রার্থনা করো। কেননা, ইমানের পর সুস্বাস্থ্যের চেয়ে উত্তম কোনো বস্তু কাউকে দেওয়া হয়নি।’ (সুনানে তিরমিজি, হাদিস: ৩৫৫৮)


রাসুলের জীবন থেকে ছয়টি স্বাস্থ্যকর অভ্যাস আলোচনা করা হলো।


১. খুব সকালে জেগে ওঠা

নবীজির জীবনের রুটিন ছিল রাতের প্রথম প্রহরে দ্রুত ঘুমাতে যাওয়া এবং শেষ প্রহরে তাহাজ্জুদ ও ফজরের জন্য জেগে ওঠা। তিনি কখনো ইশার নামাজের পর অপ্রয়োজনীয় আলাপ–আলোচনা পছন্দ করতেন না। (সহিহ বুখারি, হাদিস: ৫৬৮)


উম্মতের জন্য ভোরের কল্যাণ কামনা করে রাসুল (সা.) দোয়া করেছিলেন, ‘হে আল্লাহ, আমার উম্মতের সকালের প্রহরে (ভোরের সময়ে) বরকত দান করুন।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ২৬০৬)


আধুনিক ঘুম ও নিউরোবায়োলজি অনুযায়ী, মানবদেহে একটি নিজস্ব জৈবিক ঘড়ি বা ‘সার্কাডিয়ান রিদম’ রয়েছে। ভোরের নির্মল বাতাসে ওজোন ও বিশুদ্ধ অক্সিজেনের মাত্রা সর্বোচ্চ থাকে, যা ফুসফুসের কার্যকারিতা বাড়ায় এবং রক্তচাপ স্বাভাবিক রাখে।


দেরিতে ঘুম থেকে ওঠার ফলে দেহে কর্টিসল হরমোনের ভারসাম্য নষ্ট হয়, যা দীর্ঘস্থায়ী ক্লান্তি ও মানসিক বিষণ্নতা তৈরি করে।


২. পেটের এক–তৃতীয়াংশ নীতি

অতিভোজন ও অপরিমিত খাদ্য গ্রহণই আধুনিক বিশ্বের অধিকাংশ জটিল রোগের মূল কারণ। মহানবী (সা.) খাদ্য গ্রহণের এমন এক বৈপ্লবিক ফর্মুলা দিয়েছিলেন, যা বর্তমান গ্যাস্ট্রোএন্টারোলজির মূল স্তম্ভ।


রাসুল (সা.) বলেছেন, ‘পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র মানুষ কখনো ভর্তি করেনি। মানুষের মেরুদণ্ড সোজা রাখার জন্য কয়েক লোকমা আহারই যথেষ্ট। যদি খেতেই হয়, তবে সে যেন পেটের এক–তৃতীয়াংশ খাবারের জন্য, এক–তৃতীয়াংশ পানির জন্য এবং বাকি এক–তৃতীয়াংশ শ্বাস–প্রশ্বাসের জন্য ফাঁকা রাখে।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৩৮০)


পেট পুরোপুরি ভর্তি না করে এক ভাগ খালি রাখলে খাদ্য পরিপাক দ্রুত ও সহজ হয়, অম্লতা (অ্যাসিডিটি) প্রতিরোধ হয় এবং পরিপাকতন্ত্রে অতিরিক্ত চাপ পড়ে না। এ ছাড়া তিনি কখনো আহারে কোনো ত্রুটি ধরতেন না; পছন্দ হলে তৃপ্তি ভরে খেতেন, আর রুচি না হলে শান্তভাবে তা এড়িয়ে যেতেন। (সহিহ বুখারি, হাদিস: ৫৪০৯)


৩. ধীরে–সুস্থে ও বসে তিন শ্বাসে পানি পান

তৃষ্ণার্ত হয়ে দাঁড়িয়ে ঢকঢক করে দ্রুত পানি পান করা আধুনিক গ্যাস্ট্রিক রিফ্লাক্স ও খাদ্যনালির বিভিন্ন সমস্যার কারণ। মহানবী (সা.) দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন। (সহিহ মুসলিম, হাদিস: ২০২৪)


রাসুল (সা.) সর্বদা বসে, পাত্রের বাইরে নিশ্বাস ছেড়ে, ধীরে ধীরে তিন শ্বাসে পানি পান করতেন। (সহিহ বুখারি, হাদিস: ৫৬৩১)


দাঁড়িয়ে দ্রুত পানি পান করলে পানির তীব্র স্রোত খাদ্যনালি দিয়ে সরাসরি পাকস্থলীর দেয়ালে আঘাত হানে, যা সময়ের ব্যবধানে পরিপাকতন্ত্রের সংবেদনশীল আস্তরণকে ক্ষতিগ্রস্ত করে।


বসে ধীরে ধীরে পানি পান করলে স্নায়ুতন্ত্র শিথিল থাকে এবং কিডনি রক্ত থেকে বিষাক্ত উপাদান ফিল্টার করার পর্যাপ্ত সময় পায়।


৪. দাঁতের যত্নে মিসওয়াক ব্যবহার

দাঁত ও মাড়ির সুরক্ষায় মহানবী (সা.) ছিলেন সচেতন পথপ্রদর্শক। তিনি প্রতিটি অজুর সময়, নামাজে দাঁড়ানোর আগে, ঘুম থেকে ওঠার পর এবং ঘরে প্রবেশ করার মুহূর্তে নিয়মিত মিসওয়াক ব্যবহার করতেন।


তিনি বলেছেন, ‘মিসওয়াক হলো মুখ পরিষ্কারকারী এবং রবের সন্তুষ্টি অর্জনের মাধ্যম।’ (সুনানে নাসায়ি, হাদিস: ৫)


অন্য বর্ণনায় এসেছে, ‘যদি আমার উম্মতের ওপর কষ্টকর মনে না করতাম, তবে প্রতি ওয়াক্তের নামাজের আগেই তাদের মিসওয়াক করা বাধ্যতামূলক নির্দেশ দিতাম।’ (সহিহ বুখারি, হাদিস: ৮৮৭)


প্রাকৃতিক জয়তুন বা পিলুগাছের ডালে রয়েছে শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান, যা মাড়ির প্রদাহ ও দাঁতের ক্ষয়রোধে কৃত্রিম টুথব্রাশের চেয়ে অনেক ক্ষেত্রে বেশি কার্যকর। মুখের ব্যাকটেরিয়া রক্তে ছড়িয়ে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ায়, যা নবীজি (সা.) শতাব্দী আগেই প্রতিরোধ করেছিলেন।


৫. দুপুরে সংক্ষিপ্ত বিশ্রাম

দুপুরের খাবারের পর কিংবা জোহরের পর সংক্ষিপ্ত সময়ের জন্য সামান্য গা এলিয়ে দেওয়া ছিল নবীজি (সা.)–এর নিয়মিত অভ্যাস, যাকে আরবিতে বলা হয় ‘কায়লুলাহ’। তিনি বলেছেন, ‘তোমরা কায়লুলাহ গ্রহণ করো। কেননা, শয়তান কখনো কায়লুলাহ করে না।’ (তাবারানি, হাদিস: ২৮৩৫)


দুপুরের ১৫ থেকে ২০ মিনিটের এই ‘পাওয়ার ন্যাপ’ মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে, সতর্কতা বাড়ায় এবং হৃদ্‌রোগের ঝুঁকি কমিয়ে আনে। এটি কোনো অলস ঘুম নয়; বরং স্নায়ুর অবসাদ দূর করে বিকেলের কাজের নব উদ্যম তৈরির বৈজ্ঞানিক উপায়।


৬. নিয়মিত দ্রুত হাঁটা

মহানবী (সা.) কখনোই অলস জীবনযাপন করতেন না। তিনি দ্রুত ও বলিষ্ঠ পদক্ষেপে হাঁটতেন। সাহাবি আবু হোরাইরা (রা.) বলেন, ‘আমি আল্লাহর নবীজির চেয়ে দ্রুত কাউকে হাঁটতে দেখিনি। তিনি যখন হাঁটতেন, মনে হতো যেন মাটি তাঁর জন্য গুটিয়ে দেওয়া হচ্ছে। আমরা তাঁর সঙ্গে চলতে গিয়ে হাঁপিয়ে উঠতাম, অথচ তিনি স্বাভাবিক গতিতেই হাঁটতেন।’ (সুনানে তিরমিজি, হাদিস: ৩৬৪৮)


সাহাবি আলী (রা.) বলেন, ‘তিনি যখন পথ চলতেন, তখন মনে হতো যেন কোনো উঁচু পাহাড় থেকে নিচের দিকে নেমে আসছেন।’ (শামায়িলে তিরমিজি, হাদিস: ১১৮)


আধুনিক সময়ে একে বলা হয় ‘ব্রিস্ক ওয়াকিং’ বা দ্রুত হাঁটা। দৈনিক ২০–৩০ মিনিট দ্রুত হাঁটার অভ্যাস কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের উন্নতি ঘটায়, ফুসফুসের ধারণক্ষমতা বাড়ায় এবং মেটাবলিজম বৃদ্ধি করে মেদ জমতে বাধা দেয়।


এ ছাড়া নবীজি (সা.) তিরন্দাজ, কুস্তি ও দৌড় প্রতিযোগিতার মতো শরীরচর্চাকে উৎসাহিত করেছেন।



প্রতীকী ছবি।

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৩৫ পিএম

জান্নাত চিরস্থায়ী সুখ ও শান্তির স্থান। সেখানে কোনো দুঃখ-কষ্ট, হতাশা বা বিচ্ছেদ থাকবে না। আল্লাহ তা'আলা জান্নাতে মুমিনদের সঙ্গে তাদের নেককার স্বামী-স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের একত্রিত করবেন।


পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘স্থায়ী জান্নাত, যাতে তারা প্রবেশ করবে এবং তাদের বাবা-মা, স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্মশীল, তারাও প্রবেশ করবে।’ (সুরা রাদ, আয়াত: ২৩)


এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির (রহ.) বলেন, ‘আল্লাহ জান্নাতে মুমিনদেরকে তাদের প্রিয়জনদের বা বাবা-মা, স্ত্রী এবং সন্তানদের মধ্যে যারা জান্নাতে প্রবেশের যোগ্য, তাদের সঙ্গে একত্রিত করবে, যাতে তাদের চোখ জুড়িয়ে যায়।’


প্রশ্ন হলো, যে নারীর দুই বিয়ে হয়েছে, জান্নাতে তার স্বামী কে হবে? নারী কোন স্বামীর সঙ্গে জান্নাতে অবস্থান করবে।


ইসলামি বিশেষজ্ঞরা বলেন, কোনো নেক বা ভালো নারী বিবাহিত অবস্থায় মারা গেলে জান্নাতে সে তার জান্নাতি স্বামীর সঙ্গে থাকবে। সে স্বামীর জন্য নির্ধারিত হুরদের নেত্রী হবে। আল্লাহ ওই নারীকে সবার চেয়ে অধিক সুন্দর ও মনোরম করে দেবেন।


কোনো নারীর যদি একাধিক স্বামী থাকে অর্থাৎ প্রথম স্বামীর মৃত্যুর পর বা অন্য কোনো কারণে সে দ্বিতীয় বা একাধিক বিয়ে করে থাকে, তাহলে জান্নাতে সে কোন স্বামীর সঙ্গে থাকবে—এ বিষয়ে আলেমদের একাধিক মত পাওয়া যায়। যথা—


       


১. ওই নারীকে ইচ্ছাধিকার দেওয়া হবে। যার সঙ্গে তার স্বভাব ও মানসিক মিল বেশি ছিল, তাকেই সে বেছে নেবে।


২. সে তার শেষ স্বামীর সঙ্গে জান্নাতে থাকবে। আবু দারদা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নারীকে তার শেষ স্বামীই দেওয়া হবে।’ (তাবরানি: ৩১৩০)


৩. ওই নারী সেই স্বামীর সঙ্গে থাকবে, দুনিয়াতে যে তার সঙ্গে উত্তম ও সুন্দর আচরণ করেছিলেন। যে তার ওপর জুলুম করেছে বা তাকে কষ্ট দিয়েছে, সে নারী থেকে বঞ্চিত থাকবে। উম্মে সালামা (রা.) বলেন, তিনি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করেছিলেন, ‘যদি কোনো নারীর দুজন স্বামী থাকে, তবে সে কার সঙ্গে থাকবে?’ মহানবী (সা.) বললেন, ‘তাকে পছন্দের সুযোগ দেওয়া হবে। সে সেই স্বামীকেই বেছে নেবে, যে দুনিয়াতে তার সঙ্গে উত্তম আচরণ করেছিল। আর সেই স্বামীই জান্নাতে তার স্বামী হবে। হে উম্মে সালামা, উত্তম চরিত্রের অধিকারীরাই দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করে।’ (আল মুজামুল কাবির)


৪. কিছু আলেম এভাবে সমন্বয় করেছেন, যদি সব স্বামীই উত্তম চরিত্রে সমান হন, তবে নারী শেষ স্বামীকে পাবে। যদি তাদের মধ্যে চরিত্রগত পার্থক্য থাকে, তবে তাকে পছন্দ করার অধিকার দেওয়া হবে।



ছবি : চ্যাটজিপিটি দিয়ে বানানো

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ১০:১৪ এএম

বিশ্বের দুই বিলিয়নের বেশি মুসলিমের আত্মিক মানচিত্রে যে দুটি শহর সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র এবং পরম আশ্রয়ের নাম, তা হলো মক্কা ও মদিনা। এই দুটি শহর কেবল আরব অঞ্চলের কোনো সাধারণ ভূখণ্ড নয়, বরং এটি সমগ্র মুসলিম উম্মাহর ঐক্য, ইতিহাস ও বিশ্বাসের মূল উৎস। সেই মক্কায় মুসলমানদের প্রথম প্রকাশ্যে নামাজ শুরু হয়েছিল। 


তখন অন্ধকারে ঢাকা মক্কা। কাবাঘরকে ঘিরে অসংখ্য মূর্তি। লাত, উজ্জা, মানাতসহ নানা দেব-দেবীর নামে মানুষ সিজদা করছে। কাবার আঙিনা মুখরিত। সেই কোলাহলের ভেতর হারিয়ে গেছে ইবরাহিম (আ.) এর তাওহিদের সেই নির্মল আহ্বান।


সেই সময় মক্কার এক কোণে জন্ম নিল আরেকটি নীরব বিপ্লব। কয়েকজন মানুষ বিশ্বাস করল যে, উপাসনার যোগ্য একমাত্র আল্লাহ। মুহাম্মদ (সা.) তাঁর রাসুল। মানুষের তৈরি কোনো মূর্তি নয়, কোনো দেবতা নয়, কোনো ক্ষমতাবান নেতা নয়; মাথা নত করতে হবে শুধু আল্লাহর সামনে। কিন্তু সত্যের এই ঘোষণা মক্কার নেতারা সহজভাবে মেনে নিল না।


নতুন মুসলমানদের ওপর শুরু হলো নির্যাতন। কাউকে বালুর ওপর শুইয়ে রাখা হচ্ছে। কাউকে উত্তপ্ত পাথরের নিচে চাপা দেওয়া হচ্ছে। কারও ওপর সামাজিক বয়কট, কারও ওপর পারিবারিক নির্যাতন। মুসলমানদের সংখ্যা অল্প। তাদের কোনো রাষ্ট্র নেই, কোনো সেনাবাহিনী নেই, কোনো রাজনৈতিক ক্ষমতা নেই। এমনকি তাদের নামাজও পড়তে হতো গোপনে।


রাসুলুল্লাহ (সা.) এবং তাঁর সাহাবিরা এমন জায়গা খুঁজে নিতেন, যেখানে মুশরিকদের চোখ এড়িয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যায়। কাবাঘর, যে ঘরটি ইবরাহিম (আ.) এক আল্লাহর ইবাদতের জন্য নির্মাণ করেছিলেন, সেখানেই মুসলমানরা প্রকাশ্যে নামাজ পড়তে পারছিলেন না!


ওমরের (রা.) ইসলাম গ্রহণ

ওমর (রা.) তখনও মুসলমান হননি। বরং তিনি ছিলেন ইসলামের অন্যতম কঠোর বিরোধী। তার শক্তি, সাহস, ব্যক্তিত্ব সবকিছুই কুরাইশের কাছে পরিচিত। মুসলমানদের ওপর তার কঠোরতার কথাও মক্কার মানুষ জানত। কিন্তু মানুষের পরিকল্পনার ওপরে আল্লাহর পরিকল্পনা থাকে। রাসুলুল্লাহ (সা.) আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ‘হে আল্লাহ! 


এই দুই ব্যক্তির মধ্যে যে তোমার কাছে অধিক প্রিয়, তার মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো—আবু জাহল অথবা ওমর ইবনুল খাত্তাব।’ (জামে তিরমিজি, কিতাবুল মানাকিব, হাদিস: ৩৬৮১) আল্লাহ ওমর (রা.) এর জন্য হিদায়াত নির্ধারণ করেছিলেন।


একদিন তিনি বের হলেন রাসুলুল্লাহ (সা.) কে হত্যা করার উদ্দেশ্যে। হাতে তরবারি। মনে প্রচণ্ড ক্ষোভ। কিন্তু পথেই জানতে পারলেন, তার নিজের বোন ফাতিমা (রা.) ও ভগ্নিপতি সাঈদ ইবন যায়দ (রা.) ইসলাম গ্রহণ করেছেন। ক্রোধের আগুন আরও জ্বলে উঠল। তিনি বোনের বাড়িতে পৌঁছালেন। সেখানে কোরআনের আয়াত পাঠ করা হচ্ছিল। ওমর (রা.) তা শুনলেন। 


প্রথমে ক্রোধ, তারপর বিস্ময়, এরপর সেই আয়াতের শব্দ তার হৃদয়ের দরজায় আঘাত করতে লাগল। তিনি পড়লেন সূরা ত্ব-হার শুরু অংশ। ‘ত্বা-হা। আমি তোমার ওপর কুরআন নাজিল করিনি, যাতে তুমি দুর্ভোগে পড়ো…’ (সুরা ত্ব-হা: ১–৮) যে হৃদয় কিছুক্ষণ আগেও মুহাম্মদ (সা.) কে হত্যা করার জন্য উত্তপ্ত ছিল, সেই হৃদয়েই এবার অন্য এক আলো প্রবেশ করল।


তিনি জিজ্ঞেস করলেন, ‘মুহাম্মদ কোথায়?’ তাকে বলা হলো, দারুল আরকামে। ওমর (রা.) সেখানে গেলেন। দরজার বাইরে দাঁড়িয়ে আছেন ওমর। তার হাতে তরবারি। ভেতরের সাহাবিরা আতঙ্কিত হয়ে গেলেন। কিন্তু হামজা (রা.) বললেন, ওমর এসেছে তো কী হয়েছে? ভালো উদ্দেশ্যে এলে ভালোভাবে গ্রহণ করা হবে; আর খারাপ উদ্দেশ্যে এলে তার নিজের তরবারিই তার বিরুদ্ধে ব্যবহার করা হবে। (ইবনে হিশাম, আস-সীরাতুন নববিয়্যাহ)


অবশেষে ওমর (রা.) রাসুলুল্লাহ (সা.) এর সামনে দাঁড়ালেন। তিনি কালেমায়ে শাহাদাত পাঠ করলেন। আল্লাহু আকবার ধ্বনিতে দারুল আরকাম মুখর হয়ে উঠল। একজন ভয়ংকর বিরোধী মুহূর্তেই হয়ে গেলেন ইসলামের সৈনিক। ‘আমরা কি সত্যের ওপর নই?’


ইসলাম গ্রহণের পর ওমর (রা.) রাসুলুল্লাহকে (সা.) জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল! আমরা কি সত্যের ওপর নই?’ রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘অবশ্যই।’ ওমর (রা.) আবার বললেন, ‘তাহলে আমরা আমাদের দ্বীন গোপন করব কেন?’


ওমরের (রা.) ইসলাম গ্রহণের পর মুসলমানদের আত্মবিশ্বাস অনেকে বেড়ে গিয়েছিল। অন্য সাহাবিরাও ভাবছিলেন, আমরা আর লুকিয়ে থাকবো কেন? মুশরিকরা প্রকাশ্যে দেব-দেবীদের পূজা করে, আমরা কেন প্রকাশ্যে আল্লাহর ইবাদত করতে পারবো না?


মুসলমানদের প্রকাশ্যে নামাজ আদায়

একদিন মুসলমানরা বেরিয়ে পড়লেন। তারা এগিয়ে গেলেন কাবার দিকে। মুসলমানরা দুই কাতারে বিভক্ত হয়ে চলছিলেন। এক কাতারের সামনে ছিলেন হজরত হামজা (রা.), অন্য কাতারের সামনে ছিলেন হজরত ওমর (রা.)। মাঝখানে ছিলেন আল্লাহর রাসুল (সা.)।


যে মুসলমানরা এতদিন নিজেদের ইমানও গোপন করতেন, তারাই আজ প্রকাশ্যে আল্লাহর ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন। মুশরিকরা তাকিয়ে আছে। তাদের চোখে বিস্ময়। যে মানুষগুলোকে তারা এতদিন দুর্বল ভেবেছিল, আজ তারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। আর সেই সারির সামনে ওমর। অন্য পাশে হামজা। দুই পাশে দুই পাহাড়ের মতো সাহাবি।


মুসলমানরা মসজিদুল হারামে প্রবেশ করলেন। তারপর কাবার সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। এই নামাজের মধ্যে ছিল এক গভীর বার্তা: আমরা আল্লাহ ছাড়া কারও সামনে মাথা নত করব না।


এটি ছিল ভয়কে অতিক্রম করার নামাজ। এটি ছিল তাওহিদের প্রকাশ্য ঘোষণা। এটি ছিল মক্কার মূর্তিপূজার সংস্কৃতির সামনে ইসলামের প্রথম দৃশ্যমান আত্মপ্রকাশের অন্যতম স্মরণীয় মুহূর্ত। মুশরিক নেতারা এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল। যে মুসলমানদের তারা এতদিন নির্যাতন করে এসেছে, আজ তারা তাদের চোখের সামনে কাবার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছে। মুসলমানদের মধ্যে ওমরের (রা.) এর উপস্থিতি তাদের জন্য আরও যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল।


ওমর এত গুরুত্বপূর্ণ কেন ছিলেন?

ওমর শুধু একজন নতুন মুসলমান ছিলেন না। তিনি ছিলেন কুরাইশের পরিচিত একজন শক্তিশালী মানুষ। তার ইসলাম গ্রহণের অর্থ ছিল, মুহাম্মাদের (সা.) অনুসারীরা আর শুধু নির্যাতিত কয়েকজন দুর্বল মানুষের দল নয়। তাদের মধ্যে এখন ওমর আছে। আছে হামজা। আছে আবু বকর। আছে ওসমান। আছে আরও অনেক সাহাবি; যারা সত্যের জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত।


ওমরের (রা.) এর ইসলাম গ্রহণ তাই মুসলমানদের মানসিক শক্তিতে বড় পরিবর্তন এনেছিল। ইবন মাসউদ (রা.) এর ভাষায়, ওমর (রা.) ইসলাম গ্রহণ করার পর থেকে মুসলমানরা শক্তি ও মর্যাদা অনুভব করেছিলেন। এই কারণেই পরবর্তী সময়ে ওমর (রা.) কে আল-ফারুক বলা হয়; যিনি সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য স্পষ্ট করেন। (তারিখুল খুলাফা: পৃ. ৯১–৯২)


ইমানের শক্তির শিক্ষা 

মক্কার সেই ঘটনার দিকে তাকালে আমরা দেখি ইমানের শক্তি। ওমর (রা.) ইসলাম গ্রহণের আগে ছিলেন ইসলামের বিরুদ্ধে। কিন্তু ইসলাম যখন তার হৃদয়ে প্রবেশ করল, তখন তিনি সত্যের জন্য নিজের সব শক্তি নিয়োজিত করলেন। তার ইসলাম গ্রহণের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, কোনো মানুষের বর্তমান অবস্থাকে দেখে তার ভবিষ্যৎ নির্ধারণ করা যায় না। যে মানুষটি একদিন ইসলামের বিরুদ্ধে তরবারি হাতে বেরিয়েছিলেন, তিনিই একদিন ইসলামের জন্য তরবারি হাতে দাঁড়ালেন। যে মানুষটি রাসুলুল্লাহ (সা.) এর বিরোধিতা করতে চেয়েছিলেন, তিনিই পরে তার সবচেয়ে বিশ্বস্ত সাহাবিদের একজন হয়ে উঠলেন। 


যে মানুষটি মুসলমানদের ভয় দেখাতেন, তিনিই মুসলমানদের সাহস ও আত্মবিশ্বাসের কারণ হয়ে দাঁড়ালেন। মক্কার সেই দিনের নামাজ ইসলামের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। কাবার সামনে দাঁড়িয়ে অল্পসংখ্যক মুসলমান যেন সেদিন ঘোষণা করেছিলেন, সংখ্যা কম হতে পারে, শক্তি কম হতে পারে; কিন্তু সত্যের শক্তি কম নয়। আর সেই কাতারের সামনে ছিলেন ওমর ইবনুল খাত্তাব (রা.)।




  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৪১ এএম

সপ্তাহের সাত দিনের মধ্যে শুক্রবারের মর্যাদা ও বৈশিষ্ট্য অনন্য। এটি মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। এই দিনের সঙ্গে জড়িয়ে আছে বিশেষ কিছু ইবাদত ও ফজিলত। জুমার নামাজ আদায়ের পাশাপাশি এমন কয়েকটি আমল রয়েছে, যেগুলোর প্রতি রাসুল (সা.) বিশেষভাবে উৎসাহিত করেছেন। ব্যস্ততা কিংবা অসচেতনতার কারণে অনেকেই এসব আমলের ব্যাপারে উদাসীন থাকেন।


জুমার দিনের বরকত ও ফজিলত লাভ করতে যে চারটি আমলের প্রতি মনোযোগী হওয়া উচিত, সেগুলো হলো—


১. বেশি বেশি দরুদ পাঠ


রাসুলের প্রতি ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম তাঁর ওপর দরুদ পাঠ করা। জুমার দিন ও রাতে দরুদ পাঠের বিশেষ গুরুত্ব রয়েছে।


মহানবী (সা.) বলেছেন, ‘তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। সুতরাং এ দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো। কেননা তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ১০৪৭)


তাই শুধু জুমার নামাজের আগে-পরে নয়, পুরো দিন ও রাতেই এ আমলে অভ্যস্ত হওয়া উচিত। কাজের ফাঁকে এমনকি চলার পথেও দরুদ পাঠের মাধ্যমে দিনটিকে আলোকিত করা যায়।


২. সুরা কাহাফ পাঠ


কোরআন পড়া সব সময়ের গুরুত্বপূর্ণ ইবাদত। তবে জুমার দিনের সঙ্গে সুরা কাহাফ পাঠের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে।


রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পড়বে, তার জন্য এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত নুর বিচ্ছুরিত হবে।’ (আল-মুস্তাদরাক লিল হাকিম, হাদিস: ৩৩৯২)


এ নুর বলতে দুনিয়ার জীবনে হেদায়েত ও কল্যাণের আলো এবং পরকালের মুক্তির আলো উভয়টিই উদ্দেশ্য হতে পারে।


সুরা কাহাফে ইমান রক্ষায় আত্মত্যাগ, সম্পদের মোহ থেকে মুক্ত থাকা, জ্ঞান অর্জনে বিনয়ের গুরুত্ব এবং ক্ষমতার যথাযথ ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। তাই কোরআন পাঠের পাশাপাশি এর অর্থ ও শিক্ষা অনুধাবনের চেষ্টা করাও জরুরি।


৩. দোয়া কবুলের সময় সন্ধান


জুমার দিনের অন্যতম বিশেষত্ব হলো এই দিনে এমন একটি সময় রয়েছে, যখন বান্দা আল্লাহর কাছে কোনো কল্যাণ কামনা করলে আল্লাহ তাকে তা দান করেন।


রাসুল (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই জুমার দিনে এমন একটি সময় রয়েছে, কোনো মুসলিম বান্দা সে সময় নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাকে তা দান করেন।’ (সহিহ বুখারি, হাদিস: ৯৩৫)


এ সময়টি কখন, তা নিয়ে আলেমদের মধ্যে একাধিক মত রয়েছে। তবে সহিহ হাদিসে দুটি সময়ের কথা বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। একটি হলো ইমাম খুতবার জন্য মিম্বরে বসা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত। অন্যটি হলো আসরের পর থেকে সূর্যাস্তের আগপর্যন্ত। (সহিহ মুসলিম, হাদিস: ৮৫৩)


তাই খুতবা ও নামাজের সময় এবং আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়ার প্রতি মনোযোগী হওয়া উচিত।


৪. পরিচ্ছন্নতার প্রতি যত্নবান হওয়া


ইসলাম পরিচ্ছন্নতাকে বিশেষ গুরুত্ব দিয়েছে, আর জুমার দিনের জন্য রয়েছে আলাদা নির্দেশনা। রাসুল (সা.) বলেন, ‘প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য জুমার দিনের গোসল অপরিহার্য।’ (সহিহ বুখারি, হাদিস: ৮৭৯)


অধিকাংশ ফকিহের মতে, জুমার গোসল সুন্নতে মুয়াক্কাদা। পাশাপাশি সুন্দর করে দাঁত পরিষ্কার করা, সুগন্ধি ব্যবহার করা এবং সামর্থ্য অনুযায়ী উত্তম ও পরিচ্ছন্ন পোশাক পরিধান করাও জুমার দিনের আদব। (সহিহ বুখারি, হাদিস: ৮৮৩)


হাদিসে এ কাজগুলোর বিশেষ ফজিলত বর্ণনা করা হয়েছে। তাই জুমার নামাজে যাওয়ার আগে পরিচ্ছন্নতার প্রতি যত্নবান হওয়া প্রত্যেক মুসলমানের কর্তব্য।


জুমার দিন আল্লাহর নৈকট্য অর্জন ও নেক আমলের পাল্লা ভারী করার বিশেষ সুযোগ নিয়ে আসে। এ দিনের প্রতিটি মুহূর্তকে আমাদের কাজে লাগানো উচিত।


  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৪৭ এএম

রোগব্যাধি মানুষের জীবনের একটি স্বাভাবিক অনুষঙ্গ। অসুস্থ অবস্থায় শরীর দুর্বল থাকে, স্বাভাবিক চলাফেরা করা কঠিন হয়ে পড়ে। এ সময় অনেকেই মনে করেন, শরীর যেহেতু খারাপ, তাই সুস্থ হয়ে একবারে কাজা নামাজগুলো পড়ে নেবেন। কিন্তু ইসলামে অসুখ হলেই কি নামাজ ছেড়ে দেওয়া বা কাজা করার কোনো সুযোগ আছে? এর সহজ উত্তর হলো—না।


জ্ঞান বা চেতনা থাকা অবস্থায় কোনো অবস্থাতেই নামাজ মাফ নেই। তবে ইসলাম যেহেতু একটি সহজ ও মানবিক ধর্ম, তাই অসুস্থ ব্যক্তির জন্য নামাজ আদায়ের পদ্ধতিতে শিথিলতা দেওয়া হয়েছে।


জ্ঞান থাকা পর্যন্ত নামাজ অপরিহার্য


ইমান আনার পর একজন মুসলিমের ওপর সবচেয়ে বড় ফরজ ইবাদত হলো পাঁচ ওয়াক্ত নামাজ। সুস্থ হোক বা অসুস্থ—চেতনা থাকা পর্যন্ত নামাজ আদায় করতে হবে। মহান আল্লাহ কোরআনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি কারও ওপর সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেন না।


আল্লাহ বলেন, ‘আল্লাহ কারও ওপর তার সাধ্যাতীত কোনো কাজের ভার চাপিয়ে দেন না।’ (সুরা বাকারা, আয়াত: ২৮৬)


এই আয়াতের মর্মার্থ হলো, মানুষ যতটুকু শারীরিক সক্ষমতা রাখে, ঠিক ততটুকুর মাধ্যমেই তাকে আল্লাহর ইবাদত করতে হবে। সামান্য জ্বর বা দুর্বলতার অজুহাতে নামাজ কাজা করা ইসলাম সমর্থন করে না।


শারীরিক সক্ষমতা অনুযায়ী শিথিলতা


অসুস্থ ব্যক্তির জন্য ইসলাম নামাজ আদায়ের পদ্ধতি সহজ করে দিয়েছে। সাহাবি ইমরান ইবনে হুসাইন (রা.) অর্শ্বরোগে আক্রান্ত ছিলেন। তিনি নবীজির কাছে নামাজ আদায়ের নিয়ম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি না পারো তবে বসে পড়ো, আর যদি তা-ও না পারো তবে শুয়ে শুয়ে নামাজ আদায় করো।’ (সহিহ বুখারি, হাদিস: ১১১৭)


যদি কোনো রোগীর দাঁড়িয়ে নামাজ পড়লে রোগ বেড়ে যাওয়ার বা সুস্থ হতে দেরি হওয়ার প্রবল আশঙ্কা থাকে, অথবা মাথা ঘুরে পড়ে যাওয়ার ভয় থাকে, তবে তার জন্য বসে রুকু-সেজদা করে নামাজ আদায় করা সম্পূর্ণ বৈধ। (আল-মারগিনানি, আল-হিদায়া শারহুল বিদায়া, ১/৭৪, মাকতাবাতুল বুশরা, করাচি, ২০০৬)


ইশারায় নামাজ আদায়ের বিধান


যদি রোগীর অবস্থা এমন হয় যে তিনি বসতেও পারছেন না, তখন তিনি পিঠের ওপর ভর দিয়ে বা একপাশে কাত হয়ে শুয়ে নামাজ পড়বেন। এ অবস্থায় মাথা নেড়ে ইশারায় রুকু ও সেজদা করবেন। সেজদার জন্য মাথার ইশারা রুকুর চেয়ে একটু বেশি নিচু করতে হবে।


কিন্তু যদি মাথা নেড়ে ইশারা করার শক্তিটুকুও না থাকে, তবে তাঁর আর ইশারা করার প্রয়োজন নেই। ইসলামি ফিকহের বিধান অনুযায়ী, চেতনা না থাকলে বা মাথার ইশারা করার শক্তি হারিয়ে ফেললে শুধু তখনই নামাজ স্থগিত থাকবে এবং সুস্থ হলে তা কাজা করে নিতে হবে।


ওজুর বিকল্প হিসেবে তায়াম্মুম


অসুস্থ অবস্থায় পানি ব্যবহার করলে যদি রোগ বেড়ে যাওয়ার বা মৃত্যুর আশঙ্কা থাকে, তবে ইসলাম ওজু বা গোসলের পরিবর্তে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করার অনুমতি দিয়েছে।


পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আর যদি তোমরা অসুস্থ হও কিংবা সফরে থাকো... এবং পানি না পাও, তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো; তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহ করো।’ (সুরা নিসা, আয়াত: ৪৩)


অর্থাৎ, রোগীকে শুধু পানি ব্যবহারের ভয়ে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, বরং পবিত্র হওয়ার বিকল্প পথ দেখিয়ে দেওয়া হয়েছে।


অসুস্থতা মূলত পাপ মাফের মাধ্যম


মুমিনের জন্য রোগব্যাধি কোনো শাস্তি নয়, বরং এটি পাপ মোচনের একটি বড় মাধ্যম। মহানবী (সা.) বলেছেন, ‘যেকোনো মুসলিম যখন কোনো কষ্ট, রোগব্যাধি বা অন্য কোনো সমস্যায় ভোগে, তখন আল্লাহ এর মাধ্যমে তার পাপগুলো এমনভাবে ঝরিয়ে দেন, যেমন গাছ থেকে পাতা ঝরে পড়ে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৬৪০)


তাই অসুস্থ অবস্থায় কষ্ট করে আল্লাহর বিধান পালন করলে তার আধ্যাত্মিক মর্যাদা ও সওয়াব বহুগুণে বেড়ে যায়।


সামান্য জ্বর, মাথাব্যথা বা শারীরিক দুর্বলতার কারণে নামাজ কাজা করা বা ছেড়ে দেওয়া অনুচিত। জ্ঞান থাকা অবস্থায় নামাজ মাফ হওয়ার কোনো বিধান ইসলামে নেই। তাই অসুস্থ হলে ইসলামপ্রদত্ত সহজ বিকল্প পদ্ধতিগুলো গ্রহণ করে নামাজ আদায় করাই একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য।





ছবি: সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ০৮ নভেম্বর, ২০২৬, সময় : ১১:১১ পিএম

আল্লাহর সাহায্য মুমিন বান্দার সবচেয়ে বড় অবলম্বন। কোরআন ও হাদিসে এমন অনেক দোয়া বর্ণিত আছে যেগুলো পড়ে বিপদ, দুশ্চিন্তা ও কঠিন পরিস্থিতিতে আল্লাহর সাহায্য চাওয়া যায়। এখানে কোরআন-হাদিসে বর্ণিত আল্লাহর কাছে সাহায্য চাওয়ার ৫ দোয়া দেওয়া হলো।


১. যে কোনো বিপদে সাহায্য চাওয়ার দোয়া

যে কোনো কঠিন বিপদে কোনো উপায় খুঁজে না পেলে এই দোয়া পড়া যায়। হজরত ইউনুস (আ.) এই দোয়া পড়ে মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। আরবি:


لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

বাংলা উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ-জালিমীন।


বাংলা অর্থ: আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি পবিত্র। নিঃসন্দেহে আমি জালিমদের একজন।


সূত্র: সুরা আম্বিয়া: ৮৭ ২. কঠিন কাজ সহজ হওয়ার দোয়া


কোনো কাজ অসম্ভব মনে হলে বা বাধা পার হওয়া কঠিন হলে এই দোয়ায় আল্লাহর সাহায্য চাওয়া যায়।


আরবি: اللَّهُمَّ لا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلًا

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জা'আলতাহু সাহলা, ওয়া আনতা তাজ'আলুল হাজনা ইজা শি'তা সাহলা।


বাংলা অর্থ: হে আল্লাহ, আপনি যা সহজ করেন, তা ছাড়া কিছুই সহজ নয়। আপনি চাইলে কঠিনকেও সহজ করে দেন। সূত্র: সহিহ ইবনে হিব্বান: ৯৭৪


৩. আল্লাহর ওয়াদা স্মরণ করে সাহায্য চাওয়ার দোয়া


বিজয়, সাহায্য বা রিজিকের জন্য আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে এই দোয়া পড়া হয়। বদর যুদ্ধের সময় নবীজি (সা.) এই দোয়া করেছিলেন।


আরবি: اللَّهُمَّ أَنْجِزْ لِي مَا وَعَدْتَنِي اللَّهُمَّ آتِ مَا وَعَدْتَنِي


বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা আনজিজ লি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা আতি মা ওয়া'আদতানি। বাংলা অর্থ: হে আল্লাহ, আপনি আমার সঙ্গে যে ওয়াদা করেছেন, তা পূর্ণ করুন। হে আল্লাহ, আমাকে তা দান করুন, যার ওয়াদা আপনি করেছেন।


সূত্র: সহিহ মুসলিম: ৪৪৮০


৪. আল্লাহর ওপর তাওয়াক্কুল প্রকাশ করে সাহায্য চাওয়ার দোয়া 

ভয় বা বিপদের যে কোনো পরিস্থিতিতে আল্লাহর ওপর পূর্ণ ভরসা (তাওয়াক্কুল) প্রকাশ করে সাহায্য চাওয়ার দোয়া এটি। হজরত ইবরাহিম (আ.) ও মুহাম্মদ (সা.) উভয়ই বিপদে এই দোয়া পড়েছিলেন।


আরবি: حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ

বাংলা উচ্চারণ: হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল।

বাংলা অর্থ: আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই উত্তম অভিভাবক।


সূত্র: সুরা আলে ইমরান: ১৭৩, সহিহ বুখারি: ৪৫৬৩


৫. দুশ্চিন্তা, ঋণ ও অসহায়ত্ব থেকে মুক্তির দোয়া

জীবনের সব ধরনের দুশ্চিন্তা, দুঃখ, অলসতা, ঋণ ও অসহায়ত্ব থেকে মুক্তির জন্য এই দোয়া পড়া যায়।


আরবি: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الهَمِّ وَالحَزَنِ، وَالعَجزِ وَالكَسَلِ، وَالبُخلِ وَالجُبنِ، وَضَلَعِ الدَّينِ وَقَهْرِ الرِّجَالِ

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়াল আজযি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া দ্বালা'য়িদ্দাইনি ওয়া কাহরির রিজাল।

বাংলা অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে এবং ঋণের ভার ও মানুষের দমন-পীড়ন থেকে।


সূত্র: সহিহ বুখারি: ২৮৯৩


-আল্লাহর সাহায্য চাওয়ার সময় যে আদবগুলো মানবেন

-হালাল উপার্জন ও হালাল খাবারের চেষ্টা করুন।

-আল্লাহর প্রশংসা ও দরুদ পাঠ করে দোয়া শুরু করুন।

-দৃঢ় বিশ্বাস নিয়ে দুই হাত তুলে দোয়া করুন।

-তাড়াহুড়ো না করে ফলাফল আল্লাহর ওপর ছেড়ে দিন।

-ভোররাত বা ফরজ নামাজের পরের মতো কবুলের সময়ে দোয়া করুন।

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

১. আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দোয়া কী?

হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল। অর্থ: আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই উত্তম অভিভাবক।


২. বিপদে পড়লে কোন দোয়া পড়তে হয়?

দোয়া ইউনুস: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ-জালিমীন।


৩. কঠিন কাজ সহজ হওয়ার দোয়া কী?

আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জা'আলতাহু সাহলা, ওয়া আনতা তাজ'আলুল হাজনা ইজা শি'তা সাহলা।


৪. দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তির দোয়া কী?

আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়াল আজযি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া দ্বালা'য়িদ্দাইনি ওয়া কাহরির রিজাল।


৫. কোন নবীরা বিপদে ‘হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল’ পড়েছিলেন?

হজরত ইবরাহিম (আ.) ও নবী মুহাম্মদ (সা.)।


শেষ কথা

বিপদে মুমিনের প্রথম আশ্রয় আল্লাহ। যে কোনো বিপদে ওপরের দোয়াগুলো অর্থ বুঝে, দৃঢ় বিশ্বাস ও ধৈর্য নিয়ে পড়ুন। আল্লাহ আমাদের সব বিপদ থেকে মুক্তি দেবেন, ইনশাআল্লাহ।,