• প্রকাশ : রবিবার ০১ ফেব্রুয়ারি, ২০২৬, সময় : ৫:৩৬ এএম
  • আপডেট : রবিবার ০১ ফেব্রুয়ারি, ২০২৬, সময় : ৫:৩৬ এএম

এ সম্পর্কিত আরও খবর

বিশ্ব হিজাব দিবস আজ রবিবার (১ ফেব্রুয়ারি)

  • প্রকাশ : রবিবার ০১ ফেব্রুয়ারি, ২০২৬, সময় : ৫:৩৬ এএম

বিশ্ব হিজাব দিবস আজ রবিবার (১ ফেব্রুয়ারি)। প্রতি বছরের ন্যায় এবারও ১ ফেব্রুয়ারি পালিত হচ্ছে ‘বিশ্ব হিজাব দিবস’। 


এই বছর দিবসটির ১২তম বার্ষিকী উদযাপিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য #VeiledInStrength অর্থাৎ শক্তিতে আবৃত। এবারও বিশ্বের ১৫০টির বেশি দেশে দিনটি উদযাপিত হচ্ছে।


ওয়ার্ল্ড হিজাব ডে জানিয়েছে, ‘হিজাব দিবসের লক্ষ্যের মধ্যে রয়েছে, পারষ্পরিক বোঝাপড়া, সহনশীলতা ও সংহতি বৃদ্ধির মাধ্যমে মুসলিম নারীদের ধর্মীয় অনুশীলন সম্পর্কে ধারণা তৈরি করা। পোশাক ও অভিব্যক্তি সম্পর্কিত ব্যক্তিগত পছন্দের বৈচিত্র্য সম্পর্কে ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা ও সচেতনতা প্রচার করতে দিবসটি একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।


২০১৩ সালের ১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘বিশ্ব হিজাব দিবস’ পালনের উদ্যোগ নেন নিউ ইয়র্কের  নাজমা খান। নিউ ইয়র্কে যাওয়ার পর থেকেই হিজাব পরা শুরু করেন তিনি। কিন্তু হিজাব পরার পর থেকে নানা ধরনের অসহিষ্ণু আচরণের মুখোমুখি হন তিনি।

 

২০১৭ সালে ইউ ইয়র্ক রাজ্য ১ ফেব্রুয়ারিকে বিশ্ব হিজাব দিবস হিসেবে ঘোষণা করে। পরে ২০২১ সালে ফিলিপাইন ১ ফেব্রুয়ারিকে জাতীয় হিজাব দিবস হিসেবে ঘোষণা দেয়।

 

বিশ্বের বিভিন্ন দেশে নারীদের হিজাব পরা নিয়ে বাধা-বিপত্তি থাকলেও তা অনেক নারীর জন্য আশা ও অগ্রগতির প্রতীক।

 

অনেক মুসলিম নারী সাংস্কৃতিক সংহতি প্রচারের উপায় হিসেবে হিজাব পরতে পছন্দ করেন। আবার কেউ কেউ হিজাবকে ধর্মীয় প্রয়োজনীয়তা হিসেবে তাদের ধারণার উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেন।




  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩৮ এএম

ব্যস্ত জীবনের হাহাকার আর হাজারো কাজের চাপে অনেক সময়ই আমাদের নামাজে সেই আগের মতো একাগ্রতা (খুশু) থাকে না। কাজের চিন্তা, সংসারের ঝামেলা কিংবা শারীরিক ক্লান্তি—সব মিলিয়ে নামাজ অনেক সময় কেবল একটি যান্ত্রিক অভ্যাসে পরিণত হয়। নিচে নামাজের সেই হারানো আধ্যাত্মিক স্বাদ ও গভীর মনোযোগ ফিরিয়ে আনার ৬টি কার্যকর উপায় আলোচনা করা হলো, যা আমাদের প্রত্যেকের জন্যই প্রযোজ্য।


খুশু কী


খুশু মানে কেবল স্থির হয়ে দাঁড়িয়ে থাকা নয়; এটি হলো অন্তরের এমন এক উপস্থিতি যেখানে আপনি অনুভব করবেন যে আপনি আপনার রবের সামনে দাঁড়িয়ে আছেন। এটি হলো অন্তরের প্রশান্তি, আল্লাহর প্রতি ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধার এক অপূর্ব সংমিশ্রণ।


রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “নামাজ হলো আমার চোখের শীতলতা।” (সুনানে নাসায়ি, হাদিস নম্বর: ৩৯৩৯)


নামাজে মনোযোগ ফিরিয়ে আনার উপায়


আপনার জীবন যেমনই হোক—অফিসের ব্যস্ততা, ব্যবসার চাপ কিংবা ঘরের কাজ—এই ধাপগুলো আপনাকে নামাজে আরও মনোযোগী হতে সাহায্য করবে:


১. মনকে শান্ত করার অভ্যাস করা


নামাজে দাঁড়ানোর ঠিক আগের মুহূর্তে হন্তদন্ত হয়ে জায়নামাজে না গিয়ে কিছুটা সময় নিজেকে স্থির করুন। গভীর শ্বাস নিন এবং দুনিয়াবি চিন্তাগুলো একপাশে সরিয়ে রাখার চেষ্টা করুন। শরীর ও মন শান্ত থাকলে নামাজে একাগ্রতা আনা অনেক সহজ হয়


২. নামাজের অর্থ বুঝে পড়া


আমরা নামাজে যা পড়ছি, তার অর্থ না জানলে মন এদিক-ওদিক ছুটে বেড়াবেই। সুরা ফাতিহা এবং ছোট ছোট সুরাগুলোর অর্থ অন্তত একবার ভালো করে বুঝে নিন। প্রতিটি ‘আল্লাহু আকবার’ বা ‘সুবহানা রাব্বিয়াল আজিম’ বলার সময় সেটির মর্মার্থ হৃদয়ে অনুভব করার চেষ্টা করুন।


৩. পরিবেশ নিয়ন্ত্রণ ও সাহায্য নেওয়া


আপনার নামাজের জায়গায় যদি অনেক শব্দ বা বিশৃঙ্খলা থাকে, তবে মনোযোগ রাখা কঠিন। সম্ভব হলে নিরিবিলি জায়গায় নামাজ পড়ুন। যদি ঘরে ছোট শিশু বা অন্য কোনো কাজের চাপ থাকে, তবে পরিবারের অন্য কারো সাহায্য নিন যাতে ওই কয়েকটা মিনিট আপনি সম্পূর্ণ দুশ্চিন্তামুক্ত থাকতে পারেন।


৪. নিজেকে অপরাধবোধ থেকে মুক্ত রাখা


অনেকে মনে করেন, “আমার নামাজে একদম মন বসে না, তাই হয়তো আমার ইবাদত কবুল হচ্ছে না।”


এই চিন্তা মানুষকে ইবাদত থেকে আরও দূরে সরিয়ে দেয়। মনে রাখবেন, আল্লাহ আর-রাহমান (পরম দয়ালু)। আপনি যে চেষ্টা করছেন, আল্লাহ সেটিই দেখছেন। নিজের অসম্পূর্ণতা নিয়েই আল্লাহর সামনে দাঁড়ান এবং তাঁর কাছেই সাহায্য চান।


৫. অস্থিরতাকেই দোয়ায় রূপান্তর করা


নামাজের পর মোনাজাতে আপনার মনের সব অস্থিরতা আল্লাহর কাছে খুলে বলুন। "হে আল্লাহ, আমার মন নামাজে স্থির থাকছে না, তুমি আমাকে সাহায্য করো।" আপনার এই অসহায়ত্ব প্রকাশই আল্লাহর সাথে আপনার সম্পর্ককে আরও গভীর করবে। আপনার জীবনের প্রতিটি সমস্যাকে নামাজের পর দোয়ার মাধ্যম বানান।


৬. কাজের মাঝে ইবাদত খোঁজা


আমাদের দৈনন্দিন যে কাজগুলো আমাদের নামাজের মনোযোগ সরিয়ে দেয় (যেমন: চাকরি, সন্তান পালন বা ঘরের কাজ), সেগুলোকে বোঝা মনে না করে আল্লাহর নেয়ামত হিসেবে দেখুন। এই কাজগুলোও যদি আপনি সঠিক নিয়তে করেন, তবে সেগুলোও ইবাদত। যখন আপনি আপনার পুরো জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করবেন, তখন নামাজে দাঁড়ানো আপনার কাছে বোঝা নয়, বরং পরম শান্তির মুহূর্ত মনে হবে।


শেষ কথা


নামাজের একাগ্রতা কোনো জাদুর মতো একদিনে আসবে না; এটি একটি নিরন্তর সাধনা। আপনার নামাজ যদি আজ একটু অগোছালোও হয়, তবুও হাল ছাড়বেন না। আল্লাহ আমাদের নিখুঁত হওয়ার চেয়ে আমাদের আন্তরিকতা ও প্রচেষ্টাকে বেশি ভালোবাসেন।


  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৪৯ এএম

মানুষ নিজের শরীরের প্রকৃত মালিক নয়, এটি আল্লাহর দেওয়া আমানত। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং তাঁরই কাছে ফিরে যাব।’ (সুরা বাকারা, আয়াত: ১৫৬)


যা আমানত, তার যত্ন নেওয়া দায়িত্বের অংশ। তাই সুস্থতার প্রয়োজন উপেক্ষা করা বা ক্ষতিকর অভ্যাসে জড়িয়ে পড়া এই দায়িত্ববোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দৈনন্দিন জীবনে সুস্থ ও সুন্দরভাবে বাঁচার জন্য নবীজি যে ৭টি গুরুত্বপূর্ণ সুন্নত বলে দিয়েছে, তা আলোচনা করা হলো:


১. ভারসাম্যপূর্ণ জীবন


নবীজি (সা.) এমন জীবনের শিক্ষা দিয়েছেন, যেখানে আত্মার পরিশুদ্ধির পাশাপাশি দেহের সুস্থতাও গুরুত্ব পায়। তিনি বলেছেন, ‘তোমার শরীরেরও তোমার ওপর অধিকার রয়েছে।’ (সহিহ বুখারি, হাদিস: ১৯৬৮)


ইবাদতের নামে শরীরকে নিঃশেষ করে দেওয়া যেমন কাম্য নয়, তেমনি দেহের আরামের নামে আত্মিক কর্তব্য বিসর্জন দেওয়াও গ্রহণযোগ্য নয়।


২. খাদ্যে সংযম


সুস্থ জীবনের অন্যতম শর্ত খাদ্যাভ্যাসে সংযম। ইসলাম খাবার গ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করেনি, বরং শিখিয়েছে পরিমিতিবোধ। আল্লাহ–তাআলা বলেন, ‘তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না।’ (সুরা আরাফ, আয়াত: ৩১)


রাসুল (সা.) বলেন, ‘আদমসন্তানের মেরুদণ্ড সোজা রাখার মতো কয়েক লোকমা খাবারই যথেষ্ট। আর যদি বেশি খেতেই হয়, তবে পেটের এক-তৃতীয়াংশ খাবারের জন্য, এক-তৃতীয়াংশ পানীয়ের জন্য এবং এক-তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্য রাখবে।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৩৮০)


অতিরিক্ত খাদ্য গ্রহণ স্থূলতা, ডায়াবেটিসসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। খাদ্যে সংযম শরীরকে সুস্থ রাখে এবং আত্মনিয়ন্ত্রণ শেখায়।


৩. পরিচ্ছন্নতা


পরিচ্ছন্নতা সুস্থ ও সুন্দর জীবনের অন্যতম ভিত্তি। আল্লাহ–তাআলা বলেন, ‘আপনার পোশাক পবিত্র রাখুন।’ (সুরা মুদ্দাসসির, আয়াত: ৪)


নবীজি (সা.) অজু ও গোসলের মাধ্যমে শরীর পরিচ্ছন্ন রাখার প্রতি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, ‘পবিত্রতা ইমানের অর্ধেক।’ (সহিহ মুসলিম, হাদিস: ২২৩)


ঘুম থেকে উঠে হাত না ধুয়ে পানির পাত্রে হাত ডোবাতেও তিনি নিষেধ করেছেন। (সহিহ বুখারি, হাদিস: ১৬২)


রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া এবং স্থির পানিতে প্রস্রাব করা থেকে বিরত থাকাকেও ইসলাম সামাজিক পরিচ্ছন্নতার অংশ করেছে।


৪. রোগের আগেই সতর্ক থাকা


রোগ ও বিপদ থেকে বাঁচতে নবীজি আগেভাগেই সতর্ক হতে শিখিয়েছেন। সংক্রামক রোগের বিস্তার রোধে রাসুল (সা.) বলেন, ‘তোমরা যখন কোনো এলাকায় মহামারির প্রাদুর্ভাবের কথা শোনো, তখন সেখানে প্রবেশ করো না। আর কোনো এলাকায় মহামারি দেখা দিলে এবং তোমরা সেখানে অবস্থানরত থাকলে সেখান থেকে বের হয়ো না।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৭২৮)


৫. চিকিৎসা গ্রহণ


অসুস্থ হলে চিকিৎসা নেওয়া ইসলামের শিক্ষারই অংশ। রাসুল (সা.) বলেন, ‘হে আল্লাহর বান্দারা, তোমরা চিকিৎসা গ্রহণ করো। কেননা আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেননি, যার প্রতিষেধক বা চিকিৎসা সৃষ্টি করেননি। তবে একটি রোগ এর ব্যতিক্রম। তা হলো বার্ধক্য।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৮৫৫)


তাই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে যথাযথ চিকিৎসা গ্রহণ করাই ইসলামের নির্দেশনা। কেবল তাকদিরের অজুহাতে চিকিৎসায় নিষ্ক্রিয় থাকা ইসলামের শিক্ষা নয়।


৬. পর্যাপ্ত বিশ্রাম


শরীর ও মনের সুস্থতার জন্য কাজের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রামও অপরিহার্য। আল্লাহ–তাআলা বলেন, ‘আমি তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম এবং রাতকে করেছি আবরণ।’ (সুরা নাবা, আয়াত: ৯-১০)


একবার কয়েক সাহাবি নবীজির ইবাদত সম্পর্কে জেনে নিজেদের জন্য সারা রাত নামাজ পড়ার, সারা বছর রোজা রাখার সংকল্প করলেন।


বিষয়টি জানতে পেরে রাসুল (সা.) বললেন, ‘...আমি রোজা রাখি, আবার রোজা ছেড়েও দিই; নামাজ পড়ি, আবার ঘুমাইও এবং বিয়েও করি। সুতরাং যে আমার সুন্নাহ থেকে বিমুখ হবে, সে আমার দলভুক্ত নয়।’ (সহিহ বুখারি, হাদিস: ৫০৬৩)


অর্থাৎ শরীরের প্রয়োজন উপেক্ষা করে ইবাদত বা পরিশ্রমে ডুবে থাকা সুন্নাহসম্মত নয়।


৭. ক্ষতিকর অভ্যাস বর্জন


মদ, মাদক ও তামাকজাতীয় দ্রব্যের আসক্তি শারীরিক সুস্থতার সঙ্গে সঙ্গে বিবেক ও সামাজিক জীবনকেও বিপর্যস্ত করে। আল্লাহ–তাআলা বলেন, ‘তোমরা নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না।’ (সুরা বাকারা, আয়াত: ১৯৫)


রাসুল (সা.) বলেছেন, ‘নিজের ক্ষতি করা যাবে না এবং অন্যের ক্ষতিও করা যাবে না।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২৩৪০)


এই নীতি আমাদের যুগের ধূমপানের ক্ষেত্রেও প্রযোজ্য, যা নিজের ও অন্যের ক্ষতির কারণ। তাই স্বাস্থ্যবিধ্বংসী সব আচরণ পরিহার করা সচেতন মুমিনের পরিচয়।


পার্থিব সম্পদ মানুষের সব অস্থিরতা দূর করতে পারে না। কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় হলে জীবনের অনিশ্চয়তা ও প্রতিকূলতার মধ্যেও মানুষ প্রশান্তি খুঁজে পায়।


সুস্থ শরীর এমন সম্পদ, যার মূল্য হারিয়ে যাওয়ার পর বোঝা যায়। শরীর সুস্থ থাকলে মানুষ দীর্ঘ সময় ইবাদত করতে পারে, উপার্জন করতে পারে, পরিবারকে সময় দিতে পারে এবং সমাজের জন্য কল্যাণকর কাজ করতে পারে। তাই শারীরিক সুস্থতার প্রতি লক্ষ রাখা প্রতিটি মুমিনের দায়িত্ব।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১২:১১ পিএম

২০২৭ সালের হজের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) থেকে শুরু হওয়া এ নিবন্ধন কার্যক্রম চলবে আগামী রোববার (২২ নভেম্বর) পর্যন্ত। গতকাল ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়। হজ-২০২৭-এ বাংলাদেশের জন্য মোট অনুমোদিত হজযাত্রীর কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। পরবর্তী সময়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রীর কোটা বৃদ্ধি করে।


বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে নতুন করে এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।


ধর্মবিষয়ক মন্ত্রণালয় ২০২৭ সালের হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে। বর্ধিত বা অব্যবহৃত কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।


এ ছাড়া প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিষয় :


  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১২:০৪ পিএম

রোগব্যাধি মানুষের জীবনের একটি স্বাভাবিক অনুষঙ্গ। অসুস্থ অবস্থায় শরীর দুর্বল থাকে, স্বাভাবিক চলাফেরা করা কঠিন হয়ে পড়ে। এ সময় অনেকেই মনে করেন, শরীর যেহেতু খারাপ, তাই সুস্থ হয়ে একবারে কাজা নামাজগুলো পড়ে নেবেন। কিন্তু ইসলামে অসুখ হলেই কি নামাজ ছেড়ে দেওয়া বা কাজা করার কোনো সুযোগ আছে? এর সহজ উত্তর হলো—না।


জ্ঞান বা চেতনা থাকা অবস্থায় কোনো অবস্থাতেই নামাজ মাফ নেই। তবে ইসলাম যেহেতু একটি সহজ ও মানবিক ধর্ম, তাই অসুস্থ ব্যক্তির জন্য নামাজ আদায়ের পদ্ধতিতে শিথিলতা দেওয়া হয়েছে।


জ্ঞান থাকা পর্যন্ত নামাজ অপরিহার্য


ইমান আনার পর একজন মুসলিমের ওপর সবচেয়ে বড় ফরজ ইবাদত হলো পাঁচ ওয়াক্ত নামাজ। সুস্থ হোক বা অসুস্থ—চেতনা থাকা পর্যন্ত নামাজ আদায় করতে হবে। মহান আল্লাহ কোরআনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি কারও ওপর সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেন না।


আল্লাহ বলেন, ‘আল্লাহ কারও ওপর তার সাধ্যাতীত কোনো কাজের ভার চাপিয়ে দেন না।’ (সুরা বাকারা, আয়াত: ২৮৬)


এই আয়াতের মর্মার্থ হলো, মানুষ যতটুকু শারীরিক সক্ষমতা রাখে, ঠিক ততটুকুর মাধ্যমেই তাকে আল্লাহর ইবাদত করতে হবে। সামান্য জ্বর বা দুর্বলতার অজুহাতে নামাজ কাজা করা ইসলাম সমর্থন করে না।


শারীরিক সক্ষমতা অনুযায়ী শিথিলতা


অসুস্থ ব্যক্তির জন্য ইসলাম নামাজ আদায়ের পদ্ধতি সহজ করে দিয়েছে। সাহাবি ইমরান ইবনে হুসাইন (রা.) অর্শ্বরোগে আক্রান্ত ছিলেন। তিনি নবীজির কাছে নামাজ আদায়ের নিয়ম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি না পারো তবে বসে পড়ো, আর যদি তা-ও না পারো তবে শুয়ে শুয়ে নামাজ আদায় করো।’ (সহিহ বুখারি, হাদিস: ১১১৭)


যদি কোনো রোগীর দাঁড়িয়ে নামাজ পড়লে রোগ বেড়ে যাওয়ার বা সুস্থ হতে দেরি হওয়ার প্রবল আশঙ্কা থাকে, অথবা মাথা ঘুরে পড়ে যাওয়ার ভয় থাকে, তবে তার জন্য বসে রুকু-সেজদা করে নামাজ আদায় করা সম্পূর্ণ বৈধ। (আল-মারগিনানি, আল-হিদায়া শারহুল বিদায়া, ১/৭৪, মাকতাবাতুল বুশরা, করাচি, ২০০৬)


ইশারায় নামাজ আদায়ের বিধান


যদি রোগীর অবস্থা এমন হয় যে তিনি বসতেও পারছেন না, তখন তিনি পিঠের ওপর ভর দিয়ে বা একপাশে কাত হয়ে শুয়ে নামাজ পড়বেন। এ অবস্থায় মাথা নেড়ে ইশারায় রুকু ও সেজদা করবেন। সেজদার জন্য মাথার ইশারা রুকুর চেয়ে একটু বেশি নিচু করতে হবে।


কিন্তু যদি মাথা নেড়ে ইশারা করার শক্তিটুকুও না থাকে, তবে তাঁর আর ইশারা করার প্রয়োজন নেই। ইসলামি ফিকহের বিধান অনুযায়ী, চেতনা না থাকলে বা মাথার ইশারা করার শক্তি হারিয়ে ফেললে শুধু তখনই নামাজ স্থগিত থাকবে এবং সুস্থ হলে তা কাজা করে নিতে হবে।


ওজুর বিকল্প হিসেবে তায়াম্মুম


অসুস্থ অবস্থায় পানি ব্যবহার করলে যদি রোগ বেড়ে যাওয়ার বা মৃত্যুর আশঙ্কা থাকে, তবে ইসলাম ওজু বা গোসলের পরিবর্তে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করার অনুমতি দিয়েছে।


পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আর যদি তোমরা অসুস্থ হও কিংবা সফরে থাকো... এবং পানি না পাও, তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো; তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহ করো।’ (সুরা নিসা, আয়াত: ৪৩)


অর্থাৎ, রোগীকে শুধু পানি ব্যবহারের ভয়ে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, বরং পবিত্র হওয়ার বিকল্প পথ দেখিয়ে দেওয়া হয়েছে।


অসুস্থতা মূলত পাপ মাফের মাধ্যম


মুমিনের জন্য রোগব্যাধি কোনো শাস্তি নয়, বরং এটি পাপ মোচনের একটি বড় মাধ্যম। মহানবী (সা.) বলেছেন, ‘যেকোনো মুসলিম যখন কোনো কষ্ট, রোগব্যাধি বা অন্য কোনো সমস্যায় ভোগে, তখন আল্লাহ এর মাধ্যমে তার পাপগুলো এমনভাবে ঝরিয়ে দেন, যেমন গাছ থেকে পাতা ঝরে পড়ে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৬৪০)


তাই অসুস্থ অবস্থায় কষ্ট করে আল্লাহর বিধান পালন করলে তার আধ্যাত্মিক মর্যাদা ও সওয়াব বহুগুণে বেড়ে যায়।


সামান্য জ্বর, মাথাব্যথা বা শারীরিক দুর্বলতার কারণে নামাজ কাজা করা বা ছেড়ে দেওয়া অনুচিত। জ্ঞান থাকা অবস্থায় নামাজ মাফ হওয়ার কোনো বিধান ইসলামে নেই। তাই অসুস্থ হলে ইসলামপ্রদত্ত সহজ বিকল্প পদ্ধতিগুলো গ্রহণ করে নামাজ আদায় করাই একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য।


  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৯:২৮ এএম

মুহাম্মদ (সা.) নিজের প্রাত্যহিক আচরণে এমন এক ভারসাম্যপূর্ণ ও বিজ্ঞানসম্মত জীবনপদ্ধতি বাস্তবায়ন করে গেছেন, যা মানবদেহের প্রতিটি অঙ্গের সুস্থতা নিশ্চিত করে। তিনি স্বাস্থ্যকে ইমানের পর মানুষের সবচেয়ে বড় নেয়ামত হিসেবে ঘোষণা করেছেন।


তিনি বলেছেন, ‘তোমরা আল্লাহর কাছে ক্ষমা ও সুস্বাস্থ্য (আফিয়াত) প্রার্থনা করো। কেননা, ইমানের পর সুস্বাস্থ্যের চেয়ে উত্তম কোনো বস্তু কাউকে দেওয়া হয়নি।’ (সুনানে তিরমিজি, হাদিস: ৩৫৫৮)


রাসুলের জীবন থেকে ছয়টি স্বাস্থ্যকর অভ্যাস আলোচনা করা হলো।


১. খুব সকালে জেগে ওঠা

নবীজির জীবনের রুটিন ছিল রাতের প্রথম প্রহরে দ্রুত ঘুমাতে যাওয়া এবং শেষ প্রহরে তাহাজ্জুদ ও ফজরের জন্য জেগে ওঠা। তিনি কখনো ইশার নামাজের পর অপ্রয়োজনীয় আলাপ–আলোচনা পছন্দ করতেন না। (সহিহ বুখারি, হাদিস: ৫৬৮)


উম্মতের জন্য ভোরের কল্যাণ কামনা করে রাসুল (সা.) দোয়া করেছিলেন, ‘হে আল্লাহ, আমার উম্মতের সকালের প্রহরে (ভোরের সময়ে) বরকত দান করুন।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ২৬০৬)


আধুনিক ঘুম ও নিউরোবায়োলজি অনুযায়ী, মানবদেহে একটি নিজস্ব জৈবিক ঘড়ি বা ‘সার্কাডিয়ান রিদম’ রয়েছে। ভোরের নির্মল বাতাসে ওজোন ও বিশুদ্ধ অক্সিজেনের মাত্রা সর্বোচ্চ থাকে, যা ফুসফুসের কার্যকারিতা বাড়ায় এবং রক্তচাপ স্বাভাবিক রাখে।


দেরিতে ঘুম থেকে ওঠার ফলে দেহে কর্টিসল হরমোনের ভারসাম্য নষ্ট হয়, যা দীর্ঘস্থায়ী ক্লান্তি ও মানসিক বিষণ্নতা তৈরি করে।


২. পেটের এক–তৃতীয়াংশ নীতি

অতিভোজন ও অপরিমিত খাদ্য গ্রহণই আধুনিক বিশ্বের অধিকাংশ জটিল রোগের মূল কারণ। মহানবী (সা.) খাদ্য গ্রহণের এমন এক বৈপ্লবিক ফর্মুলা দিয়েছিলেন, যা বর্তমান গ্যাস্ট্রোএন্টারোলজির মূল স্তম্ভ।


রাসুল (সা.) বলেছেন, ‘পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র মানুষ কখনো ভর্তি করেনি। মানুষের মেরুদণ্ড সোজা রাখার জন্য কয়েক লোকমা আহারই যথেষ্ট। যদি খেতেই হয়, তবে সে যেন পেটের এক–তৃতীয়াংশ খাবারের জন্য, এক–তৃতীয়াংশ পানির জন্য এবং বাকি এক–তৃতীয়াংশ শ্বাস–প্রশ্বাসের জন্য ফাঁকা রাখে।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৩৮০)


পেট পুরোপুরি ভর্তি না করে এক ভাগ খালি রাখলে খাদ্য পরিপাক দ্রুত ও সহজ হয়, অম্লতা (অ্যাসিডিটি) প্রতিরোধ হয় এবং পরিপাকতন্ত্রে অতিরিক্ত চাপ পড়ে না। এ ছাড়া তিনি কখনো আহারে কোনো ত্রুটি ধরতেন না; পছন্দ হলে তৃপ্তি ভরে খেতেন, আর রুচি না হলে শান্তভাবে তা এড়িয়ে যেতেন। (সহিহ বুখারি, হাদিস: ৫৪০৯)


৩. ধীরে–সুস্থে ও বসে তিন শ্বাসে পানি পান

তৃষ্ণার্ত হয়ে দাঁড়িয়ে ঢকঢক করে দ্রুত পানি পান করা আধুনিক গ্যাস্ট্রিক রিফ্লাক্স ও খাদ্যনালির বিভিন্ন সমস্যার কারণ। মহানবী (সা.) দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন। (সহিহ মুসলিম, হাদিস: ২০২৪)


রাসুল (সা.) সর্বদা বসে, পাত্রের বাইরে নিশ্বাস ছেড়ে, ধীরে ধীরে তিন শ্বাসে পানি পান করতেন। (সহিহ বুখারি, হাদিস: ৫৬৩১)


দাঁড়িয়ে দ্রুত পানি পান করলে পানির তীব্র স্রোত খাদ্যনালি দিয়ে সরাসরি পাকস্থলীর দেয়ালে আঘাত হানে, যা সময়ের ব্যবধানে পরিপাকতন্ত্রের সংবেদনশীল আস্তরণকে ক্ষতিগ্রস্ত করে।


বসে ধীরে ধীরে পানি পান করলে স্নায়ুতন্ত্র শিথিল থাকে এবং কিডনি রক্ত থেকে বিষাক্ত উপাদান ফিল্টার করার পর্যাপ্ত সময় পায়।


৪. দাঁতের যত্নে মিসওয়াক ব্যবহার

দাঁত ও মাড়ির সুরক্ষায় মহানবী (সা.) ছিলেন সচেতন পথপ্রদর্শক। তিনি প্রতিটি অজুর সময়, নামাজে দাঁড়ানোর আগে, ঘুম থেকে ওঠার পর এবং ঘরে প্রবেশ করার মুহূর্তে নিয়মিত মিসওয়াক ব্যবহার করতেন।


তিনি বলেছেন, ‘মিসওয়াক হলো মুখ পরিষ্কারকারী এবং রবের সন্তুষ্টি অর্জনের মাধ্যম।’ (সুনানে নাসায়ি, হাদিস: ৫)


অন্য বর্ণনায় এসেছে, ‘যদি আমার উম্মতের ওপর কষ্টকর মনে না করতাম, তবে প্রতি ওয়াক্তের নামাজের আগেই তাদের মিসওয়াক করা বাধ্যতামূলক নির্দেশ দিতাম।’ (সহিহ বুখারি, হাদিস: ৮৮৭)


প্রাকৃতিক জয়তুন বা পিলুগাছের ডালে রয়েছে শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান, যা মাড়ির প্রদাহ ও দাঁতের ক্ষয়রোধে কৃত্রিম টুথব্রাশের চেয়ে অনেক ক্ষেত্রে বেশি কার্যকর। মুখের ব্যাকটেরিয়া রক্তে ছড়িয়ে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ায়, যা নবীজি (সা.) শতাব্দী আগেই প্রতিরোধ করেছিলেন।


৫. দুপুরে সংক্ষিপ্ত বিশ্রাম

দুপুরের খাবারের পর কিংবা জোহরের পর সংক্ষিপ্ত সময়ের জন্য সামান্য গা এলিয়ে দেওয়া ছিল নবীজি (সা.)–এর নিয়মিত অভ্যাস, যাকে আরবিতে বলা হয় ‘কায়লুলাহ’। তিনি বলেছেন, ‘তোমরা কায়লুলাহ গ্রহণ করো। কেননা, শয়তান কখনো কায়লুলাহ করে না।’ (তাবারানি, হাদিস: ২৮৩৫)


দুপুরের ১৫ থেকে ২০ মিনিটের এই ‘পাওয়ার ন্যাপ’ মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে, সতর্কতা বাড়ায় এবং হৃদ্‌রোগের ঝুঁকি কমিয়ে আনে। এটি কোনো অলস ঘুম নয়; বরং স্নায়ুর অবসাদ দূর করে বিকেলের কাজের নব উদ্যম তৈরির বৈজ্ঞানিক উপায়।


৬. নিয়মিত দ্রুত হাঁটা

মহানবী (সা.) কখনোই অলস জীবনযাপন করতেন না। তিনি দ্রুত ও বলিষ্ঠ পদক্ষেপে হাঁটতেন। সাহাবি আবু হোরাইরা (রা.) বলেন, ‘আমি আল্লাহর নবীজির চেয়ে দ্রুত কাউকে হাঁটতে দেখিনি। তিনি যখন হাঁটতেন, মনে হতো যেন মাটি তাঁর জন্য গুটিয়ে দেওয়া হচ্ছে। আমরা তাঁর সঙ্গে চলতে গিয়ে হাঁপিয়ে উঠতাম, অথচ তিনি স্বাভাবিক গতিতেই হাঁটতেন।’ (সুনানে তিরমিজি, হাদিস: ৩৬৪৮)


সাহাবি আলী (রা.) বলেন, ‘তিনি যখন পথ চলতেন, তখন মনে হতো যেন কোনো উঁচু পাহাড় থেকে নিচের দিকে নেমে আসছেন।’ (শামায়িলে তিরমিজি, হাদিস: ১১৮)


আধুনিক সময়ে একে বলা হয় ‘ব্রিস্ক ওয়াকিং’ বা দ্রুত হাঁটা। দৈনিক ২০–৩০ মিনিট দ্রুত হাঁটার অভ্যাস কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের উন্নতি ঘটায়, ফুসফুসের ধারণক্ষমতা বাড়ায় এবং মেটাবলিজম বৃদ্ধি করে মেদ জমতে বাধা দেয়।


এ ছাড়া নবীজি (সা.) তিরন্দাজ, কুস্তি ও দৌড় প্রতিযোগিতার মতো শরীরচর্চাকে উৎসাহিত করেছেন।



প্রতীকী ছবি।

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৩৫ পিএম

জান্নাত চিরস্থায়ী সুখ ও শান্তির স্থান। সেখানে কোনো দুঃখ-কষ্ট, হতাশা বা বিচ্ছেদ থাকবে না। আল্লাহ তা'আলা জান্নাতে মুমিনদের সঙ্গে তাদের নেককার স্বামী-স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের একত্রিত করবেন।


পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘স্থায়ী জান্নাত, যাতে তারা প্রবেশ করবে এবং তাদের বাবা-মা, স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্মশীল, তারাও প্রবেশ করবে।’ (সুরা রাদ, আয়াত: ২৩)


এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির (রহ.) বলেন, ‘আল্লাহ জান্নাতে মুমিনদেরকে তাদের প্রিয়জনদের বা বাবা-মা, স্ত্রী এবং সন্তানদের মধ্যে যারা জান্নাতে প্রবেশের যোগ্য, তাদের সঙ্গে একত্রিত করবে, যাতে তাদের চোখ জুড়িয়ে যায়।’


প্রশ্ন হলো, যে নারীর দুই বিয়ে হয়েছে, জান্নাতে তার স্বামী কে হবে? নারী কোন স্বামীর সঙ্গে জান্নাতে অবস্থান করবে।


ইসলামি বিশেষজ্ঞরা বলেন, কোনো নেক বা ভালো নারী বিবাহিত অবস্থায় মারা গেলে জান্নাতে সে তার জান্নাতি স্বামীর সঙ্গে থাকবে। সে স্বামীর জন্য নির্ধারিত হুরদের নেত্রী হবে। আল্লাহ ওই নারীকে সবার চেয়ে অধিক সুন্দর ও মনোরম করে দেবেন।


কোনো নারীর যদি একাধিক স্বামী থাকে অর্থাৎ প্রথম স্বামীর মৃত্যুর পর বা অন্য কোনো কারণে সে দ্বিতীয় বা একাধিক বিয়ে করে থাকে, তাহলে জান্নাতে সে কোন স্বামীর সঙ্গে থাকবে—এ বিষয়ে আলেমদের একাধিক মত পাওয়া যায়। যথা—


       


১. ওই নারীকে ইচ্ছাধিকার দেওয়া হবে। যার সঙ্গে তার স্বভাব ও মানসিক মিল বেশি ছিল, তাকেই সে বেছে নেবে।


২. সে তার শেষ স্বামীর সঙ্গে জান্নাতে থাকবে। আবু দারদা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নারীকে তার শেষ স্বামীই দেওয়া হবে।’ (তাবরানি: ৩১৩০)


৩. ওই নারী সেই স্বামীর সঙ্গে থাকবে, দুনিয়াতে যে তার সঙ্গে উত্তম ও সুন্দর আচরণ করেছিলেন। যে তার ওপর জুলুম করেছে বা তাকে কষ্ট দিয়েছে, সে নারী থেকে বঞ্চিত থাকবে। উম্মে সালামা (রা.) বলেন, তিনি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করেছিলেন, ‘যদি কোনো নারীর দুজন স্বামী থাকে, তবে সে কার সঙ্গে থাকবে?’ মহানবী (সা.) বললেন, ‘তাকে পছন্দের সুযোগ দেওয়া হবে। সে সেই স্বামীকেই বেছে নেবে, যে দুনিয়াতে তার সঙ্গে উত্তম আচরণ করেছিল। আর সেই স্বামীই জান্নাতে তার স্বামী হবে। হে উম্মে সালামা, উত্তম চরিত্রের অধিকারীরাই দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করে।’ (আল মুজামুল কাবির)


৪. কিছু আলেম এভাবে সমন্বয় করেছেন, যদি সব স্বামীই উত্তম চরিত্রে সমান হন, তবে নারী শেষ স্বামীকে পাবে। যদি তাদের মধ্যে চরিত্রগত পার্থক্য থাকে, তবে তাকে পছন্দ করার অধিকার দেওয়া হবে।