এসি

  • প্রকাশ : বৃহস্পতিবার ২১ মে, ২০২৬, সময় : ২:৩৭ এএম

বাইরে প্রচন্ড গরম, ঘরে ফিরেই অনেকের প্রথম কাজ হচ্ছে এসির রিমোট হাতে নিয়ে তাপমাত্রা কমিয়ে দেওয়া। 


বিশেষ করে যখন বাইরে তাপমাত্রা ৪০ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায়। এই সময়টা এসি যেন দ্রুত বরফশীতল পরিবেশ তৈরি করে সেজন্যই এসির তাপমাত্রা কমিয়ে ১৬-তে করে দেন। কিছুক্ষণের মধ্যেই ঘর ঠান্ডা হয়ে যায়।


কিন্তু কখনো খেয়াল করেছেন, বিশ্বের প্রায় সব এয়ার কন্ডিশনারেই সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামানো যায়। এর নিচে নয় কেন? হয়তো ভেবেছেন, কিন্তু উত্তর খোঁজার সময় হয়নি।


চলুন আজ জেনে নেওয়া যাক কেন এসির সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামানো যায় কেন-


এর পেছনে রয়েছে এক গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত কারণ। নিশ্চয়ই জানেন এসির মূল কাজ হলো ঘরের গরম বাতাস শোষণ করে ঠান্ডা বাতাস সরবরাহ করা। এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইভ্যাপোরেটর নামের একটি অংশ। এটি কুল্যান্ট বা রেফ্রিজারেন্টের মাধ্যমে ঠান্ডা হয় এবং সেই ঠান্ডা বাতাস ঘরের ভেতরে ছড়িয়ে দেয়।


যদি এসির তাপমাত্রা ১৬ ডিগ্রির নিচে নামানোর সুযোগ রাখা হতো, তাহলে ইভ্যাপোরেটরের ভেতরে অতিরিক্ত ঠান্ডার কারণে বরফ জমতে শুরু করত। ফলে বাতাস ঠিকভাবে চলাচল করতে পারত না। এতে ঘর ঠান্ডা হওয়ার বদলে এসির ভেতরেই ঠান্ডা জমে যেত। একসময় মেশিন বন্ধ হয়ে যেতে পারত কিংবা বড় ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিত।


এই কারণেই নির্মাতা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা ও কার্যক্ষমতার কথা মাথায় রেখে ১৬ ডিগ্রি সেলসিয়াসকে সর্বনিম্ন সীমা হিসেবে নির্ধারণ করে। এটি শুধু একটি সাধারণ সেটিং নয়, বরং এসিকে দীর্ঘদিন ভালো রাখার জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সুরক্ষা ব্যবস্থা।


অন্যদিকে অনেকেই লক্ষ্য করেছেন, বেশিরভাগ এসিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সেট করা যায়। এরও রয়েছে বৈজ্ঞানিক কারণ। 


সাধারণভাবে ২৪ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে মানুষ স্বস্তিবোধ করে। এর বেশি হলে ঘর গরম লাগতে শুরু করে। এছাড়া এসির মূল কাজ বাতাস ঠান্ডা করা। 


তাই তাপমাত্রা ৩০ ডিগ্রির বেশি সেট করা হলে অনেক ক্ষেত্রে সেটি কার্যত ঠান্ডা বাতাস দেওয়া বন্ধ করে দেয়। কিছু মডেলে উষ্ণ বাতাস অনুভূতও হতে পারে। কারণ, সাধারণ এয়ার কন্ডিশনার হিটার হিসেবে কাজ করার জন্য তৈরি করা হয় না।


বিশেষজ্ঞদের মতে, বিদ্যুৎ সাশ্রয় এবং আরামদায়ক কুলিংয়ের জন্য ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস সবচেয়ে উপযুক্ত। এতে যেমন ঘর দ্রুত ঠান্ডা থাকে, তেমনি বিদ্যুৎ বিলও তুলনামূলক কম আসে।


তাই এসির তাপমাত্রা ১৬ ডিগ্রির নিচে না যাওয়াটা কোনো সীমাবদ্ধতা নয়, বরং এটি আপনার এসিকে সুরক্ষিত রাখা এবং কার্যকরভাবে ব্যবহার নিশ্চিত করার জন্যই তৈরি করা হয়েছে।




ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪৮ পিএম

আধুনিক স্মার্টফোনের প্রসেসর ও চিপসেটের কার্যসক্ষমতা বেশি শক্তিশালী হওয়ায় ফোন স্লো হয়ে যাওয়া বা ল্যাগ করার সমস্যা এখন আর সেভাবে দেখা যায় না। তবে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অ্যাপে লুকিয়ে থাকা চমৎকার এক ছোট্ট কৌশলের মাধ্যমে ফোনের গতি আরও বাড়িয়ে নেওয়া সম্ভব। ফলে ফোনটি আগের চেয়ে দ্রুতগতির মনে হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।


ব্র্যান্ড বা দাম যাই হোক না কেন যে কোনো অ্যান্ড্রয়েড ফোনেই সিস্টেম অ্যানিমেশনের গতি কমানো বা বাড়ানোর সুযোগ রয়েছে। অ্যান্ড্রয়েড ৪.০ আইসক্রিম স্যান্ডউইচ সংস্করণ থেকেই অপশনটি চলে আসছে।


নতুন কোনো অ্যান্ড্রয়েড ফোন সেটআপের সময় এটা পরিবর্তন করা অনেকের অন্যতম কাজ। ‘ডেভেলপার অপশনস’ মেনুর ভেতরে এ অপশনটি থাকে, যা সাধারণত ডিফল্টভাবে লুকিয়ে বা বন্ধ থাকে।


ডেভলপার অপশন যেভাবে চালু করবেন–


১. প্রথমে ফোনের ‘সেটিংস’ থেকে ‘অ্যাবাউট’ অপশনে যান এবং ‘বিল্ড নাম্বার’ খুঁজে বের করুন। ফোনের মডেল ভেদে এটা ‘সফটওয়্যার ভার্সন’-এর মতো কোনো সাব-মেনুর ভেতরেও থাকতে পারে।


২. ‘বিল্ড নাম্বার’-এর ওপর পরপর সাতবার ট্যাপ করুন।


৩. এরপর স্ক্রিনে একটি পপ-আপ বার্তা দেখতে পাবেন যেখানে লেখা থাকবে, ‘ইউ আর নাও এ ডেভেলপার’।


৪. এবার মূল সেটিংস পেইজে ফিরে আসুন। ডেভেলপার অপশনস মেনুটি সরাসরি সেখানেই দেখতে পাবেন বা ‘সিস্টেম’ অপশনের ভেতরে গেলে এটা পেয়ে যাবেন।


অ্যানিমেশন স্কেল যেভাবে পরিবর্তন করবেন–


‘ডেভেলপার’ অপশনসের ভেতরে গেলে আপাতদৃষ্টিতে অন্তহীন অনেক অপশনের তালিকা দেখতে পাবেন। আপনি ঠিক কী কাজ করছেন তা না জানলে এখানে অন্য কোনো অপশন পরিবর্তন না করার জোরালো পরামর্শ দেওয়া হচ্ছে।


এখানে প্রয়োজন হচ্ছে ‘ড্রয়িং’ সেকশনের নিচে থাকা অ্যানিমেশন স্কেল সেটিংস। সেখান থেকে নিচের তিনটি অপশনের মান পরিবর্তন করতে হবে।


● উইন্ডো অ্যানিমেশন স্কেল


● ট্রানজিশন অ্যানিমেশন স্কেল


● অ্যানিমেটর ডিউরেশন স্কেল


এ তিনটি অপশনের মান ১x থেকে কমিয়ে ০.৫x করে দিন। এতে অ্যান্ড্রয়েড ফোনের বেশিরভাগ অ্যানিমেশন স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ দ্রুত কাজ করবে ও ফোনটি ব্যবহারের সময় আগের তুলনায় বেশি গতি টের পাওয়া যাবে।


অ্যান্ড্রয়েড ফোনের অ্যানিমেশনের গতি অর্ধেকে নামিয়ে আনলে ফোনের প্রসেসিং পারফরম্যান্স বা কার্যসক্ষমতা সরাসরি বাড়ে না। তবে ফোন আনলক, অ্যাপ চালু বা বিভিন্ন অ্যাপের মধ্যে দ্রুত সুইচ করার সময় সবকিছু বেশি দ্রুতগতির ও ঝরঝরে অনুভূত হয়।


দীর্ঘ এক দশক ধরে কৌশলটি ব্যবহার করে আসছেন অনেক প্রযুক্তিপ্রেমী। আইওএস চালিত আইফোনে অ্যানিমেশনের গতি কমানোর সুবিধা না থাকায় অ্যান্ড্রয়েড ছেড়ে আইফোনে যাওয়ার পর বিষয়টি প্রথম দিকে বেশ স্পষ্টভাবেই বোঝা যায়।


ইন্টারফেইসকে কেবল প্রাণবন্ত করার বাইরেও অ্যানিমেশনের বড় কাজ রয়েছে, যেখানে এগুলো অ্যাপের সংক্ষিপ্ত লোডিং সময়কে ঢেকে রাখে ও বিভিন্ন মেনু বা স্ক্রিনের মধ্যকার ট্রানজিশনগুলোকে আরও মসৃণ করে তোলে।


বাজেট বা সাশ্রয়ী দামের ফোনগুলোতে অ্যানিমেশনের গতি অর্ধেকে কমিয়ে দেওয়ার পর অনেক সময় অভিজ্ঞতা উল্টো খারাপ হওয়ার নজিরও রয়েছে। কারণ হার্ডওয়্যার স্লো থাকায় অ্যাপ ও মেনুগুলো দ্রুতগতির অ্যানিমেশনের সঙ্গে তাল মিলিয়ে লোড হতে পারে না।


গুগলের ‘পিক্সেল ইউআই’-এর মতো কিছু অ্যান্ড্রয়েড স্কিনে অ্যানিমেশন কিছুটা দীর্ঘ বা ধীরগতির হয়। ফলে গতি বাড়ানোর জন্য কৌশলটি ব্যবহার করলে বেশ ভালো তফাত দেখা যায়।


এর বিপরীতে, ‘ওয়ানপ্লাস’ ডিভাইসের ‘অক্সিজেনওএস’-এ ডিফল্টভাবেই অ্যানিমেশন তুলনামূলক দ্রুতগতির থাকে। ফলে সেগুলোতে এগুলোর সময় অর্ধেক না করার কথাও ভাবতে পারেন।


কেউ চাইলে সিস্টেম অ্যানিমেশন স্লো বা ধীরগতির করেও রাখতে পারেন। কারণ প্রতিটি ট্রানজিশন ধীরে ধীরে হতে দেখা ও ফোনের ব্যবহারের সময় কোন উপাদানটি কোথা থেকে আসছে বা হারিয়ে যাচ্ছে তা লক্ষ্য করার মধ্যে আলাদা এক প্রশান্তি রয়েছে।


একটি বিষয় মনে রাখা জরুরি, ‘ডেভেলপার অপশনস’ টগলটি বন্ধ করে দিলে অ্যানিমেশন স্কেলের বিভিন্ন সেটিংস স্বয়ংক্রিয়ভাবে আবার এদের ডিফল্ট মানে ফিরে যায়।


ডিজিটাল কম্পিউটার ফেয়ার উদ্বোধনে - কেসিসি প্রশাসক মঞ্জু

প্রযুক্তিতে বিশ্বের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি


১৪ নভেম্বর: নগরীর জলিল টাওয়ার চত্বরে খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতি আয়োজিত ডিজিটাল কম্পিউটার ফেয়ার-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১১:০০ পিএম

তথ্য প্রযুক্তিতে বিশ্বের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। 


আজ শনিবার দুপুরে নগরীর জলিল টাওয়ার চত্বরে আয়োজিত খুলনা ডিজিটাল কম্পিউটার ফেয়ার-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রশাসক আরো বলেন—“আমরা যদি দ্রুত অগ্রগতি করতে না পারি তবে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না”। সেদিক থেকে প্রযুক্তিগত এই মেলার আয়োজন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মেলা আমাদেরকে নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিতিসহ ভবিষ্যৎ পরিকল্পনায় শক্তি জোগাতে সহযোগিতা করবে।


খুলনায় একটি বিভাগীয় ট্রেড সেন্টার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সেই ট্রেড সেন্টারের মধ্য দিয়ে এতদাঞ্চলের বাণিজ্যের প্রসার ঘটবে এবং সকল অন্ধকার দূর করে সম্মিলিতভাবে একটি নিরাপদ খুলনা গড়ে তুলতে হবে মন্তব্য শেষে প্রশাসক বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন এবং মেলায় স্থাপিত স্টলগুলি পরিদর্শন করেন এবং স্টলসমূহে স্থান পাওয়া নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে পরিচিত হন।


সমিতির সভাপতি মো: জিয়াউর রহমান জিয়া’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. জহিরুল ইসলাম, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, গ্লোবাল ব্রান্ড পিএলসি’র ডিএমডি মোহাম্মদ জসীম উদ্দীন খোন্দকার, কম্পিউটার সলিউশন ইন্স-এর প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ আবুল হাসান ও খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম সহ একাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


যুব উন্নয়ন অধিদপ্তর

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ৯:০৮ পিএম

যুব উন্নয়ন অধিদপ্তর দেশের ৬৪ জেলায় তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষ করে তুলতে বিনামূল্যে মৌলিক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। দুই মাস মেয়াদি এ প্রশিক্ষণে ১৮ থেকে ৩৫ বছর বয়সি তরুণ-তরুণীরা অংশ নিতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের’ তৃতীয় ব্যাচের কার্যক্রম আগামী ১ ডিসেম্বর শুরু হয়ে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন ছয় ঘণ্টা করে ৫০ দিনে মোট ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে।


আবেদনের যোগ্যতা

প্রার্থীরা কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে এ প্রশিক্ষণে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে কম্পিউটার ও আইসিটি বিষয়ে মৌলিক জ্ঞানের পাশাপাশি ইংরেজিতে দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা http://www.dzaiproject.com/apply ঠিকানায় আবেদন করতে পারবেন। নির্ধারিত সময় শেষ হলে আবেদন লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

আবেদন জমা দেওয়ার পর আবেদনপত্রের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। বৈধ আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় এবং স্থান এসএমএসের মাধ্যমে জানানো হবে।


পরীক্ষার সময়সূচি

আগামী ২৮ নভেম্বর লিখিত পরীক্ষা এবং ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা প্রকাশ করা হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করবে।


সুযোগ-সুবিধা

প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো ফি দিতে হবে না। এ ছাড়া অনাবাসিক প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন। প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন খাবারের ব্যবস্থাও থাকবে। প্রশিক্ষণ শেষে নির্ধারিত শর্ত পূরণ করে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হবে।


প্রক্ষিশণ কার্যক্রম বাস্তবায়নে বিভাগভিত্তিক চার প্যাকেজ

প্রক্ষিশণ কার্যক্রম বাস্তবায়নে বিভাগভিত্তিক চারটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। প্যাকেজ-১-এর আওতায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১৭টি জেলায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, (খাজা আইটি পার্ক (দ্বিতীয় ও সপ্তম ফ্লোর), ৭ দক্ষিণ কল্যাণপুর, কল্যাণপুর বাস স্ট্যান্ড, মিরপুর রোড, ঢাকা)।

প্যাকেজ-২-এর আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় প্রশিক্ষণ পরিচালনা করবে এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেড, ইউরোপিয়ান আইটি সলিউশন ইনস্টিটিউট ও কাইজেন আইটি, ৫৫/৩, পুরানা পল্টন, ঢাকা।

এ ছাড়া প্যাকেজ-৩-এর আওতায় বরিশাল ও খুলনা বিভাগের ১৬টি জেলায় প্রশিক্ষণ পরিচালনা করবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, (খাজা আইটি পার্ক (দ্বিতীয় ও সপ্তম ফ্লোর), ৭ দক্ষিণ কল্যাণপুর, কল্যাণপুর বাস স্ট্যান্ড, মিরপুর রোড, ঢাকা)।

অন্যদিকে প্যাকেজ-৪-এর আওতায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫টি জেলায় প্রশিক্ষণ পরিচালনা করবে সার্ভিস ইঞ্জিনস লিমিটেড, ডট কম সিস্টেমস লিমিটেড ও উইজার্ড সফটওয়্যার টেকনোলজি বাংলাদেশ, লেভেল ৭, মোনেম বিজনেস ডিস্ট্রিক্ট, বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা)।

অশ্লীলতামুক্ত ইতিবাচক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ফ্রিডার’

দেশীয় সোশ্যাল মিডিয়া ঘিরে নতুন সম্ভাবনা


অশ্লীলতামুক্ত ইতিবাচক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ফ্রিডার’

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৫০ পিএম

ফেসবুক, ইউটিউব বা টিকটকের মতো বৈশ্বিক প্রযুক্তির জায়ান্টদের ভিড়ে সম্পূর্ণ দেশীয় উদ্যোগে তৈরি ইতিবাচক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ফ্রিডার’ (Freeder)। রংপুরের তরুণদের হাতে গড়া নতুন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি এখন দেশের প্রযুক্তি অঙ্গনে দারুণ আলোচনার জন্ম দিয়েছে। তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক সাড়া ফেলে প্ল্যাটফর্মটি ইতোমধ্যে ১০ লাখেরও বেশি নিবন্ধিত ব্যবহারকারীর মাইলফলক অতিক্রম করেছে।


কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ‘ফ্রিডার’ এর মনিটাইজেশন প্রক্রিয়া বেশ সহজ ও সাবলীল করা হয়েছে। যা দেশের যুবসমাজকে নিজস্ব কন্টেন্ট থেকে আয় করার সুযোগ করে দিচ্ছে। শুধু তাই নয় বৈশ্বিক প্ল্যাটফর্মগুলোতে অ্যাকাউন্ট বা পেজ ভেরিফিকেশন বেশ জটিল ও ব্যয়বহুল হলেও ফ্রিডার অত্যন্ত কম খরচে এই সুবিধা দিচ্ছে।


নতুন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি স্থানীয় সংস্কৃতির বিকাশকে প্রাধান্য দিচ্ছে। ‘ফ্রিডার’ এর কারিগরদের লক্ষ্য বৈশ্বিক প্ল্যাটফর্মগুলোর বিকল্প হিসেবে দেশীয় সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে নিজস্ব একটি ডিজিটাল কমিউনিটি গড়ে তোলা। এ কারণে দেশীয় ব্যবহারকারীদের প্রয়োজন এবং চাহিদাকে মাথায় রেখে ইন্টারফেড ও ফিচারগুলো ডিজাইন করা হয়েছে।


সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের দূরদর্শী চিন্তাভাবনা ও প্রযুক্তির ছোঁয়ায় তৈরি করা ‘ফ্রিডার’ এর বর্তমান কার্যালয় রংপুর মহানগরীর বুড়িরহাট রোডে। বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র থেকে প্রায় ১০০ গজ সামনে স্টাফ কোয়ার্টার সংলগ্ন একটি ভাড়া করা ভবনে এই প্ল্যাটফর্মের কার্যক্রম চলছে।


তরুণদের এই উদ্ভাবনী উদ্যোগ দেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি তরুণ প্রজন্মকে নিজস্ব প্ল্যাটফর্মে সৃজনশীল কাজ করতে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে উদ্বুদ্ধ করছে। ফ্রিডারে অন্যান্য যোগাযোগমাধ্যমের মতই লাইক, কমেন্ট, শেয়ারসহ প্রায় সব ধরনের ফিচার থাকছে। মূলত এই প্ল্যাটফর্মটি ফেসবুক বা অন্যান্য জনপ্রিয় মাধ্যমের আদলেই তৈরি করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা খুব সহজেই এটি ব্যবহার করতে পারেন।


freeder.com.bd লিখে সার্চ করলে প্ল্যাটফর্মটিতে নিবন্ধন করা যাবে। নীল রঙের বৃত্তাকারে সাদা রঙের উড়ন্ত পাখিই ফ্রিডারের লোগো। ফলে এই চিহ্ন দেখে প্ল্যাটফর্মটির বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। অ্যাপটির ডিজাইন বেশ সহজ ও ব্যবহারবান্ধব। নতুন ব্যবহারকারীরাও কোনো জটিলতা ছাড়াই এটি ব্রাউজ করতে পারেন।


‘ফ্রিডার’ গোপনীয়তা রক্ষা ও অশ্লীলতা পরিহারে গুরুত্ব দিচ্ছে  :


ফ্রিডারের উদ্যোক্তা মো. আখতারুজ্জামান বলেন, দেশ-বিদেশের মানুষের মধ্যে প্ল্যাটফর্মটি নিয়ে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ধীরে ধীরে ব্যবহারকারীদের মধ্যে পরিচিতি ও আগ্রহ বাড়ছে। বর্তমানে ফ্রিডারে নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ১০ লাখেরও বেশি।


তার দাবি, প্রতিদিন নতুন করে এক থেকে পাঁচ হাজার ব্যবহারকারী নিবন্ধন করছেন। এই অগ্রগতি ফ্রিডারের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি করছে।


আখতারুজ্জামান বলেন, ফ্রিডারের অন্যতম অগ্রাধিকার হলো ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা, অশ্লীলতা পরিহার এবং দেশের সম্মান ও মূল্যবোধ বজায় রেখে একটি ইতিবাচক ডিজিটাল পরিবেশ তৈরি করা। পাশাপাশি, মনিটাইজেশনের মাধ্যমে আয় করা ব্যবহারকারীদের প্রাপ্য লভ্যাংশ যথাযথভাবে পৌঁছে দেওয়া।



দেশের প্রযুক্তিখাতের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলতে পারে :


ফ্রিডারের ‘হেড অব সাপোর্ট’ হিসেবে দায়িত্ব পালন করছেন রেজাউল করিম বলেন, এটি শুধু রংপুরের উদ্যোগ নয়, বাংলাদেশের প্রযুক্তিখাতের জন্যও সম্ভাবনার নতুন দুয়ার খুলতে পারে। তবে ফেসবুকের মতো প্রতিষ্ঠিত বৈশ্বিক প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা সহজ নয়।


এসব প্রতিষ্ঠানের রয়েছে বিশাল ব্যবহারকারীর ভিত্তি, উন্নত প্রযুক্তি, শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা এবং দীর্ঘদিনের অর্জিত আস্থা। ফ্রিডারকে এগিয়ে নিতে হলে ব্যবহারকারীদের আস্থা ধরে রাখার পাশাপাশি নিয়মিত প্রযুক্তি উন্নয়ন, শক্তিশালী নিরাপত্তা, মানসম্মত কনটেন্ট এবং দ্রুত সেবা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি।


প্রোফাইল ও পেজ ভেরিফিকেশন সহজ, এক হাজার ফলোয়ারে মনিটাইজেশন :


‘ফ্রিডার’ এর মার্কেটিং প্রধান বাদশা আলম জানান, বর্তমানে তাদের অন্যতম লক্ষ্য হলো নতুন ও পুরোনো ব্যবহারকারীদের জন্য সেবার মান আরও উন্নত করা এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো। ব্যবহারকারীদের আগ্রহকে দীর্ঘমেয়াদি সম্পদে পরিণত করতে পরিকল্পিত প্রচারণা ও উন্নত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।


সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, ফ্রিডারে মাত্র ১৫০ টাকায় প্রোফাইল ভেরিফিকেশন এবং ৩০০ টাকায় পেজ ভেরিফিকেশনের সুবিধা রয়েছে। পাশাপাশি নামমাত্র খরচে পোস্ট প্রমোট ও বিজ্ঞাপন দেওয়ার সুযোগ এবং এক হাজার ফলোয়ার হলেই মনিটাইজেশনের সুযোগ রয়েছে। এসব সুবিধার মাধ্যমে সাধারণ ব্যবহারকারী, কনটেন্ট নির্মাতা ও ক্ষুদ্র উদ্যোক্তারা নিজেদের পরিচিতি বাড়ানোর পাশাপাশি অনলাইনে আয়ের সম্ভাবনাও তৈরি করতে পারবেন।


পরিকল্পিত উন্নয়ন, বিনিয়োগ ও সহযোগিতা পেলে দেশীয় এই ডিজিটাল প্ল্যাটফর্ম বাংলাদেশের প্রযুক্তিখাতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে উল্লেখ করে বাদশা আলম বলেন, ফ্রিডারের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন, ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও সহজ করা, নিরাপত্তা জোরদার এবং নতুন নতুন সুবিধা যুক্ত করা।


প্রযুক্তি ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে ‘ফ্রিডার’ :


ফ্রিডার ব্যবহারকারীদের একজন জুয়েল আহমেদ বলেন, বিশ্বের বড় প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর সঙ্গে প্রতিযোগিতায় দেশীয় উদ্যোগকে এগিয়ে নিতে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজনীয়তাও সামনে এসেছে। দেশের মানুষের ডিজিটাল কর্মকাণ্ড, বিজ্ঞাপন ও অনলাইন ব্যবসার একটি অংশ দেশীয় প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হলে তা দেশের প্রযুক্তিখাত ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।


নিয়মিত ফ্রিডার ব্যবহারকারী জিতু কবীর বলেন, এখন শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়, এটি দেশীয় প্রযুক্তি উদ্যোক্তাদের সক্ষমতা, স্বপ্ন ও সম্ভাবনার একটি উদাহরণ। ১০ লাখ নিবন্ধিত ব্যবহারকারীর মাইলফলক অর্জন প্ল্যাটফর্মটির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন ব্যবহারকারীদের আস্থা ধরে রাখা, প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং মানসম্মত সেবা নিশ্চিত করার মাধ্যমে ফ্রিডার কতটা এগিয়ে যেতে পারে, সেটিই দেখার বিষয়।


‘ফ্রিডার’ যেভাবে ব্যবহার করবেন :


প্রথমে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের Google Play Store-এ গিয়ে ‘Freeder’ লিখে সার্চ করুন এবং অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিন।


এবার অ্যাপটি ওপেন করার পর মোবাইল নম্বর, ইমেল অথবা প্রয়োজনীয় তথ্য দিয়ে একটি নতুন অ্যাকাউন্ট বা প্রোফাইল তৈরি করুন। পছন্দমতো একটি সুন্দর প্রোফাইল পিকচার, কভার ফটো এবং বায়ো যুক্ত করে প্রোফাইলটি সম্পূর্ণ করুন।


এখন হোম ফিড থেকে বিভিন্ন লেখা, ছবি বা ভিডিও দেখতে পারবেন। বন্ধুদের রিকুয়েস্ট পাঠাতে বা ফলো করতে পারবেন এবং নিজের প্রোফাইল থেকে নিয়মিত পোস্ট ও কন্টেন্ট শেয়ার করতে পারবেন


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৫২ এএম

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের ব্যক্তিগত সুরক্ষার কথা ভেবে প্রায়ই তারা নতুন ফিচার নিয়ে আসে। সম্প্রতি নতুন একটি ফিচার  আনতে যাচ্ছে তারা। এরই মধ্যে শুরু হয়ে পর্যবেক্ষণ। জানা গেছে এবার ইউজারনেম ব্যবহারকারীরা ঠিক করতে পারবেন, কারা তাদের ফোন নম্বর দেখতে পারবেন। অর্থাৎ, নিজের ফোন নম্বর অন্যদের কাছে দৃশ্যমান থাকবে কি না, তা নিয়ন্ত্রণের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। 


প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন এই প্রাইভেসি সেটিংস নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। তবে ফিচারটি এখনো কাজ চলছে। এমনকি বিটা পরীক্ষার জন্যও এটি উন্মুক্ত করা হয়নি।


ইউজারনেম ব্যবহারে ফোন নম্বর থাকবে গোপন


সম্প্রতি হোয়াটসঅ্যাপে ইউজারনেম সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে মেটার মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্ম। এর মাধ্যমে ফোন নম্বর না জেনেও শুধু ইউজারনেম ব্যবহার করে কাউকে খুঁজে পাওয়া এবং যোগাযোগ করা যাবে। বর্তমানে কেউ ইউজারনেম সেট করলে যাঁদের ফোনে তার নম্বর সংরক্ষিত নেই, তাঁদের কাছ থেকে নম্বরটি স্বয়ংক্রিয়ভাবে গোপন থাকে। ফলে অপরিচিত কেউ ইউজারনেমের মাধ্যমে যোগাযোগ করলেও সহজে ফোন নম্বর দেখতে পারবেন না। তবে এবার এই ব্যবস্থায় আরও নিয়ন্ত্রণ যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।


ফোন নম্বর কে দেখতে পারবেন, বেছে নেয়া যাবে


নতুন ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সেটিংসে ফোন নম্বর দৃশ্যমানতার জন্য আলাদা একটি বিভাগ যুক্ত হবে। সেখানে ব্যবহারকারীরা চারটি অপশন পাবেন। এগুলো হলো এভরিওয়ান, মাই কন্টাক্টস, মাই কন্টাক্টস এক্সেপ্ট এবং নোবডি। অর্থাৎ, ব্যবহারকারী চাইলে সবাইকে নিজের নম্বর দেখার অনুমতি দিতে পারবেন। আবার শুধু ফোনে সংরক্ষিত পরিচিত ব্যক্তিদের জন্য নম্বর দৃশ্যমান রাখতে পারবেন। নির্দিষ্ট কয়েকজনকে বাদ দেওয়ার সুযোগও থাকবে। আর কেউ চাইলে সবার কাছ থেকেই নম্বর গোপন রাখতে পারবেন।


ইউজারনেম ব্যবহারকারীদের ক্ষেত্রে ডিফল্ট সেটিংস হিসেবে ‘নোবডি’ রাখা হবে। অর্থাৎ, কেউ আলাদাভাবে পরিবর্তন না করলে তাঁর ফোন নম্বর গোপনই থাকবে। তবে যাঁদের কাছে আগে থেকেই ওই ব্যক্তির ফোন নম্বর সংরক্ষিত রয়েছে, তাঁরা আগের মতোই নম্বরটি দেখতে পারবেন।


সেটিংস পরিবর্তনে থাকবে সতর্কবার্তা


নতুন সেটিংস পরিবর্তন করার সময় ব্যবহারকারীদের একটি সতর্কবার্তা দেখাবে হোয়াটসঅ্যাপ। কারণ, দৃশ্যমানতার অপশন পরিবর্তন করলে আগে তৈরি করা ব্যতিক্রম বা এক্সেপশন তালিকা রিসেট হয়ে যেতে পারে। ফলে আগে যাঁদের নম্বর দেখার অনুমতি দেওয়া হয়নি, তাঁরাও নতুন সেটিংস অনুযায়ী নম্বর দেখতে পারেন। তাই পরিবর্তন কার্যকর করার আগে ব্যবহারকারীদের বিষয়টি নিশ্চিত করতে হবে।


হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা সংস্করণ ২.২৬.৪৫.১-এ নতুন এই ফিচারের সন্ধান পাওয়া গেছে। তবে এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে পৌঁছায়নি। কবে নাগাদ সব ব্যবহারকারীর জন্য সুবিধাটি চালু হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। ফিচারটি চালু হলে ইউজারনেম ব্যবহার করেও ফোন নম্বরের গোপনীয়তা বজায় রাখা আরও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।


বৃহস্পতিবার পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে এ কোম্পানির ই-মেইল সেবা আউটলুক, ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম টিমস এবং মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য সেবা বিঘ্নিত হয়

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩০ এএম

বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন অনলাইন সেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন বিশ্বের লাখ লাখ ব্যবহারকারী। রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে এ কোম্পানির ই-মেইল সেবা আউটলুক, ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম টিমস এবং মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য সেবা বিঘ্নিত হয়। তাতে যুক্তরাষ্ট্র, জাপান ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা সমস্যায় পড়েন। বিপর্যয়ের প্রভাব পড়ে এআই কোম্পানি ওপেনএআই ও অ্যানথ্রপিকের কিছু সেবাতেও।



মাইক্রোসফট জানিয়েছে, তাদের কয়েকটি সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ায় এ পরিস্থিতি তৈরি হয়। তাতে সচল সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়।তবে সমস্যার সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে এ মার্কিন টেক জায়ান্ট। এক্সে দেওয়া একাধিক বার্তায় মাইক্রোসফট জানিয়েছে, সেবা স্বাভাবিক করার চেষ্টায় ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে। ক্ষতিগ্রস্ত সার্ভারগুলো আবার সচল করতে এবং ব্যবহারকারীদের ভোগান্তি কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।


সিএনএন লিখেছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের দিকে এ বিপর্যয় শুরু হয়। একপর্যায়ে আউটলুক ব্যবহারে সমস্যার অভিযোগ জমা পড়ে ১ লাখ ৩০ হাজারের বেশি। ওয়েবসাইট ও অনলাইন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে আউটলুকের সমস্যার অভিযোগ গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৬টার দিকে প্রায় ১ লাখ ৪০ হাজারে পৌঁছায়। পরে অভিযোগের সংখ্যা কমতে থাকে। তবে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার ব্যবহারকারী সমস্যার কথা জানাচ্ছিলেন।


মাইক্রোসফটের ভাষ্য অনুযায়ী, মূলত এক্সচেঞ্জ অনলাইন সেবার সঙ্গে সংযোগ স্থাপনে সমস্যা হচ্ছিল। এর প্রভাব পড়ে মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন সেবায়। ব্যবহারকারীরা আউটলুকের ই-মেইল, ক্যালেন্ডারের তথ্য এবং কিছু ফাইল দেখতে সমস্যায় পড়েন। মাইক্রোসফটের এআই সেবা কোপাইলটও ঠিকমতো কাজ করছিল না।


মাইক্রোসফট জানায়, শুরুতে কয়েকটি সার্ভারের রুটিন ‘হেলথ চেক’ ব্যর্থ হয়। পরে দেখা যায়, সংশ্লিষ্ট সার্ভারগুলোর একটি অংশ অকার্যকর হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে সেগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়। একপর্যায়ে মাইক্রোসফট জানায়, সচল করা সার্ভারগুলো স্থিতিশীল রয়েছে। পাশাপাশি বিকল্প পথে ইন্টারনেট ট্রাফিক পরিচালনা করে বাকি সার্ভারগুলো পুনরায় চালুর কাজ চলছে। তবে সার্ভার সচল হলেও সেবা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে ব্যবহারকারীদের জানানো হয়।


এআই সেবাতেও প্রভাব

মাইক্রোসফটের সেবা বিপর্যয়ের প্রভাব পড়েছে অন্য প্রযুক্তি কোম্পানিগুলোর ওপরও। বিশেষ করে ওপেনএআই ও অ্যানথ্রপিকের কিছু সেবা ব্যাহত হয়েছে। চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই জানিয়েছে, মাইক্রোসফটের সেবার সঙ্গে তাদের সংযোগে সমস্যা দেখা দেয়। এ কারণে কিছু টুল প্রত্যাশিতভাবে কাজ করছিল না। বিষয়টি খতিয়ে দেখছে তারা।


অন্যদিকে, অ্যানথ্রপিক জানিয়েছে, তাদের মাইক্রোসফট ৩৬৫ কানেক্টরের সঙ্গে সম্পর্কিত সমস্যার উৎস শনাক্ত করা হয়েছে। সেবা সরবরাহকারী তৃতীয় একটি কোম্পানির দিক থেকে এ সমস্যা তৈরি হয়েছিল। মাইক্রোসফটের অনলাইন সেবার ওপর নির্ভরশীল ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও এ বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।


যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক ট্রাক নির্মাতা কোম্পানি ওয়ার্কহর্স গ্রুপের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফল প্রকাশ করার কথা ছিল বৃহস্পতিবার। কিন্তু তা পিছিয়ে ১৬ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। মাইক্রোসফটের সেবা বিপর্যয়ের কারণে এ বিঘ্ন ঘটার কথা জানিয়েছে ওয়ার্কহর্স গ্রুপ। এর আগে গত মাসেও মাইক্রোসফটের ক্লাউড সেবা অ্যাজুরে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছিল। তাতে বিশ্বের বিভিন্ন খাতের ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।



মাইক্রোসফটের সেবা বিপর্যয়ে অফিসের কাজ ব্যাহত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ বিষয়টিকে ভিন্নভাবে দেখেছেন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের করপোরেট কর্মীদের কেউ কেউ আউটলুক ও টিমস অচল থাকায় কাজের চাপ থেকে সাময়িক স্বস্তি পাওয়ার কথাও বলেছেন। এক ব্যবহারকারী এক্সে লিখেছেন, “আউটলুক নেই, টিমস নেই... তাহলে আমরা সবাই বাড়ি চলে যাই না কেন?”


বিশ্বজুড়ে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের দৈনন্দিন যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও কাজের সমন্বয়ে মাইক্রোসফট ৩৬৫-এর মত সেবার ওপর কতটা নির্ভরশীলতা, এ বিপর্যয় তা আবারও সামনে এনেছে।