ছবি : সংগৃহীত
স্মার্টফোন এখন দিনের বড় একটা সময় আমাদের সঙ্গেই থাকে। ফোন ব্যবহার না করার সময় কখনো টেবিলে, কখনো বিছানায়, আবার কখনো ডেস্কের ওপর রেখে দেওয়া হয়। কিন্তু ফোনটি কোন দিক করে রাখা হচ্ছে, সেদিকে খুব কম মানুষই নজর দেন। বিশেষ করে ক্যামেরা মডিউল বাইরে বেরিয়ে থাকা ফোনের ক্ষেত্রে ভুলভাবে রাখার কারণে ক্যামেরার গ্লাসে আঁচড় পড়তে পারে। তাই ফোন ব্যবহারের পাশাপাশি সেটি রাখার অভ্যাসের দিকেও একটু নজর দেওয়া প্রয়োজন।
ক্যামেরা নিচে রেখে ফোন রাখলে কী সমস্যা?
বর্তমান সময়ের অনেক স্মার্টফোনে একাধিক ক্যামেরা ও সেন্সর নিয়ে তৈরি মডিউল ফোনের পেছনের অংশ থেকে কিছুটা উঁচু হয়ে থাকে। ফলে ফোনটি ক্যামেরার দিক নিচে রেখে কোনো শক্ত জায়গায় রাখলে মডিউলের একটি অংশ সরাসরি সেই পৃষ্ঠের সংস্পর্শে আসতে পারে।
টেবিল বা ডেস্ক দেখতে পরিষ্কার হলেও সেখানে থাকা অতিক্ষুদ্র ধুলোকণা কিংবা বালুকণার মতো কণা ক্যামেরা গ্লাসের সঙ্গে ঘষা খেতে পারে। বারবার এমন হলে সূক্ষ্ম দাগ পড়ার ঝুঁকি তৈরি হয়। অবশ্য একবার ক্যামেরা নিচে করে ফোন রাখলেই সঙ্গে সঙ্গে ক্যামেরা নষ্ট হয়ে যাবে বিষয়টি এমন নয়। তবে দীর্ঘদিন একইভাবে রাখলে অপ্রয়োজনীয় ঝুঁকি বাড়তে পারে।
স্ক্রিন উপরে রাখাই তুলনামূলক নিরাপদ
ফোন কিছুক্ষণের জন্য টেবিল বা অন্য কোনো সমতল জায়গায় রাখার ক্ষেত্রে স্ক্রিন উপরের দিকে রাখলে ক্যামেরা মডিউল সরাসরি পৃষ্ঠের সঙ্গে ঘষা খায় না। ফলে ক্যামেরা গ্লাসে আঁচড় পড়ার আশঙ্কাও তুলনামূলকভাবে কম থাকে। তবে ফোনের স্ক্রিন নিয়ে যাদের দুশ্চিন্তা রয়েছে, তারা ভালো মানের স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করতে পারেন। একই সঙ্গে ফোন রাখার জায়গাটিও পরিষ্কার রাখা জরুরি। কারণ ধুলো বা শক্ত কোনো কণা ফোনের যে অংশই হোক, তার সঙ্গে বারবার ঘর্ষণ তৈরি করলে ক্ষতি হতে পারে।
নোটিফিকেশন এড়াতে অনেকে স্ক্রিন নিচে রাখেন
অনেক ব্যবহারকারী ফোনের স্ক্রিন উল্টে রাখেন যাতে বারবার নোটিফিকেশন দেখে মনোযোগ নষ্ট না হয়। এই অভ্যাসের সুবিধা থাকলেও ক্যামেরা মডিউল যদি ফোনের পেছন থেকে বেশি উঁচু হয়ে থাকে, তাহলে সরাসরি শক্ত পৃষ্ঠের ওপর রাখার ক্ষেত্রে সতর্ক থাকা ভালো। এক্ষেত্রে এমন ফোন কভার ব্যবহার করা যেতে পারে, যার ক্যামেরা অংশের চারপাশে সামান্য উঁচু বর্ডার রয়েছে। এতে ফোনটি স্ক্রিন নিচে করে রাখলেও ক্যামেরা গ্লাস সরাসরি টেবিলের সঙ্গে ঠেকে থাকার সম্ভাবনা কমে।
শুধু ফোনের দিক নয়, জায়গাটাও গুরুত্বপূর্ণ
ফোন কীভাবে রাখা হচ্ছে, তার পাশাপাশি কোথায় রাখা হচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ। ধুলোময়, বালিযুক্ত বা খসখসে জায়গায় ফোন রাখার অভ্যাস এড়িয়ে চলা ভালো। বিশেষ করে ক্যামেরা মডিউল পরিষ্কার করার সময় শক্ত কাপড় বা কোনো ধারালো বস্তু ব্যবহার না করে নরম মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করা উচিত।
সব মিলিয়ে, ফোন টেবিলে রাখার ক্ষেত্রে স্ক্রিন ওপরে রাখা ক্যামেরা মডিউলের জন্য তুলনামূলক নিরাপদ অভ্যাস। আর স্ক্রিন নিচে রাখার প্রয়োজন হলে ক্যামেরা সুরক্ষিত রাখে এমন কভার ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।
অশ্লীলতামুক্ত ইতিবাচক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ফ্রিডার’
ফেসবুক, ইউটিউব বা টিকটকের মতো বৈশ্বিক প্রযুক্তির জায়ান্টদের ভিড়ে সম্পূর্ণ দেশীয় উদ্যোগে তৈরি ইতিবাচক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ফ্রিডার’ (Freeder)। রংপুরের তরুণদের হাতে গড়া নতুন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি এখন দেশের প্রযুক্তি অঙ্গনে দারুণ আলোচনার জন্ম দিয়েছে। তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক সাড়া ফেলে প্ল্যাটফর্মটি ইতোমধ্যে ১০ লাখেরও বেশি নিবন্ধিত ব্যবহারকারীর মাইলফলক অতিক্রম করেছে।
কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ‘ফ্রিডার’ এর মনিটাইজেশন প্রক্রিয়া বেশ সহজ ও সাবলীল করা হয়েছে। যা দেশের যুবসমাজকে নিজস্ব কন্টেন্ট থেকে আয় করার সুযোগ করে দিচ্ছে। শুধু তাই নয় বৈশ্বিক প্ল্যাটফর্মগুলোতে অ্যাকাউন্ট বা পেজ ভেরিফিকেশন বেশ জটিল ও ব্যয়বহুল হলেও ফ্রিডার অত্যন্ত কম খরচে এই সুবিধা দিচ্ছে।
নতুন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি স্থানীয় সংস্কৃতির বিকাশকে প্রাধান্য দিচ্ছে। ‘ফ্রিডার’ এর কারিগরদের লক্ষ্য বৈশ্বিক প্ল্যাটফর্মগুলোর বিকল্প হিসেবে দেশীয় সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে নিজস্ব একটি ডিজিটাল কমিউনিটি গড়ে তোলা। এ কারণে দেশীয় ব্যবহারকারীদের প্রয়োজন এবং চাহিদাকে মাথায় রেখে ইন্টারফেড ও ফিচারগুলো ডিজাইন করা হয়েছে।
সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের দূরদর্শী চিন্তাভাবনা ও প্রযুক্তির ছোঁয়ায় তৈরি করা ‘ফ্রিডার’ এর বর্তমান কার্যালয় রংপুর মহানগরীর বুড়িরহাট রোডে। বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র থেকে প্রায় ১০০ গজ সামনে স্টাফ কোয়ার্টার সংলগ্ন একটি ভাড়া করা ভবনে এই প্ল্যাটফর্মের কার্যক্রম চলছে।
তরুণদের এই উদ্ভাবনী উদ্যোগ দেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি তরুণ প্রজন্মকে নিজস্ব প্ল্যাটফর্মে সৃজনশীল কাজ করতে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে উদ্বুদ্ধ করছে। ফ্রিডারে অন্যান্য যোগাযোগমাধ্যমের মতই লাইক, কমেন্ট, শেয়ারসহ প্রায় সব ধরনের ফিচার থাকছে। মূলত এই প্ল্যাটফর্মটি ফেসবুক বা অন্যান্য জনপ্রিয় মাধ্যমের আদলেই তৈরি করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা খুব সহজেই এটি ব্যবহার করতে পারেন।
freeder.com.bd লিখে সার্চ করলে প্ল্যাটফর্মটিতে নিবন্ধন করা যাবে। নীল রঙের বৃত্তাকারে সাদা রঙের উড়ন্ত পাখিই ফ্রিডারের লোগো। ফলে এই চিহ্ন দেখে প্ল্যাটফর্মটির বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। অ্যাপটির ডিজাইন বেশ সহজ ও ব্যবহারবান্ধব। নতুন ব্যবহারকারীরাও কোনো জটিলতা ছাড়াই এটি ব্রাউজ করতে পারেন।
‘ফ্রিডার’ গোপনীয়তা রক্ষা ও অশ্লীলতা পরিহারে গুরুত্ব দিচ্ছে :
ফ্রিডারের উদ্যোক্তা মো. আখতারুজ্জামান বলেন, দেশ-বিদেশের মানুষের মধ্যে প্ল্যাটফর্মটি নিয়ে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ধীরে ধীরে ব্যবহারকারীদের মধ্যে পরিচিতি ও আগ্রহ বাড়ছে। বর্তমানে ফ্রিডারে নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ১০ লাখেরও বেশি।
তার দাবি, প্রতিদিন নতুন করে এক থেকে পাঁচ হাজার ব্যবহারকারী নিবন্ধন করছেন। এই অগ্রগতি ফ্রিডারের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি করছে।
আখতারুজ্জামান বলেন, ফ্রিডারের অন্যতম অগ্রাধিকার হলো ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা, অশ্লীলতা পরিহার এবং দেশের সম্মান ও মূল্যবোধ বজায় রেখে একটি ইতিবাচক ডিজিটাল পরিবেশ তৈরি করা। পাশাপাশি, মনিটাইজেশনের মাধ্যমে আয় করা ব্যবহারকারীদের প্রাপ্য লভ্যাংশ যথাযথভাবে পৌঁছে দেওয়া।
দেশের প্রযুক্তিখাতের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলতে পারে :
ফ্রিডারের ‘হেড অব সাপোর্ট’ হিসেবে দায়িত্ব পালন করছেন রেজাউল করিম বলেন, এটি শুধু রংপুরের উদ্যোগ নয়, বাংলাদেশের প্রযুক্তিখাতের জন্যও সম্ভাবনার নতুন দুয়ার খুলতে পারে। তবে ফেসবুকের মতো প্রতিষ্ঠিত বৈশ্বিক প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা সহজ নয়।
এসব প্রতিষ্ঠানের রয়েছে বিশাল ব্যবহারকারীর ভিত্তি, উন্নত প্রযুক্তি, শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা এবং দীর্ঘদিনের অর্জিত আস্থা। ফ্রিডারকে এগিয়ে নিতে হলে ব্যবহারকারীদের আস্থা ধরে রাখার পাশাপাশি নিয়মিত প্রযুক্তি উন্নয়ন, শক্তিশালী নিরাপত্তা, মানসম্মত কনটেন্ট এবং দ্রুত সেবা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি।
প্রোফাইল ও পেজ ভেরিফিকেশন সহজ, এক হাজার ফলোয়ারে মনিটাইজেশন :
‘ফ্রিডার’ এর মার্কেটিং প্রধান বাদশা আলম জানান, বর্তমানে তাদের অন্যতম লক্ষ্য হলো নতুন ও পুরোনো ব্যবহারকারীদের জন্য সেবার মান আরও উন্নত করা এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো। ব্যবহারকারীদের আগ্রহকে দীর্ঘমেয়াদি সম্পদে পরিণত করতে পরিকল্পিত প্রচারণা ও উন্নত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, ফ্রিডারে মাত্র ১৫০ টাকায় প্রোফাইল ভেরিফিকেশন এবং ৩০০ টাকায় পেজ ভেরিফিকেশনের সুবিধা রয়েছে। পাশাপাশি নামমাত্র খরচে পোস্ট প্রমোট ও বিজ্ঞাপন দেওয়ার সুযোগ এবং এক হাজার ফলোয়ার হলেই মনিটাইজেশনের সুযোগ রয়েছে। এসব সুবিধার মাধ্যমে সাধারণ ব্যবহারকারী, কনটেন্ট নির্মাতা ও ক্ষুদ্র উদ্যোক্তারা নিজেদের পরিচিতি বাড়ানোর পাশাপাশি অনলাইনে আয়ের সম্ভাবনাও তৈরি করতে পারবেন।
পরিকল্পিত উন্নয়ন, বিনিয়োগ ও সহযোগিতা পেলে দেশীয় এই ডিজিটাল প্ল্যাটফর্ম বাংলাদেশের প্রযুক্তিখাতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে উল্লেখ করে বাদশা আলম বলেন, ফ্রিডারের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন, ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও সহজ করা, নিরাপত্তা জোরদার এবং নতুন নতুন সুবিধা যুক্ত করা।
প্রযুক্তি ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে ‘ফ্রিডার’ :
ফ্রিডার ব্যবহারকারীদের একজন জুয়েল আহমেদ বলেন, বিশ্বের বড় প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর সঙ্গে প্রতিযোগিতায় দেশীয় উদ্যোগকে এগিয়ে নিতে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজনীয়তাও সামনে এসেছে। দেশের মানুষের ডিজিটাল কর্মকাণ্ড, বিজ্ঞাপন ও অনলাইন ব্যবসার একটি অংশ দেশীয় প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হলে তা দেশের প্রযুক্তিখাত ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
নিয়মিত ফ্রিডার ব্যবহারকারী জিতু কবীর বলেন, এখন শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়, এটি দেশীয় প্রযুক্তি উদ্যোক্তাদের সক্ষমতা, স্বপ্ন ও সম্ভাবনার একটি উদাহরণ। ১০ লাখ নিবন্ধিত ব্যবহারকারীর মাইলফলক অর্জন প্ল্যাটফর্মটির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন ব্যবহারকারীদের আস্থা ধরে রাখা, প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং মানসম্মত সেবা নিশ্চিত করার মাধ্যমে ফ্রিডার কতটা এগিয়ে যেতে পারে, সেটিই দেখার বিষয়।
‘ফ্রিডার’ যেভাবে ব্যবহার করবেন :
প্রথমে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের Google Play Store-এ গিয়ে ‘Freeder’ লিখে সার্চ করুন এবং অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিন।
এবার অ্যাপটি ওপেন করার পর মোবাইল নম্বর, ইমেল অথবা প্রয়োজনীয় তথ্য দিয়ে একটি নতুন অ্যাকাউন্ট বা প্রোফাইল তৈরি করুন। পছন্দমতো একটি সুন্দর প্রোফাইল পিকচার, কভার ফটো এবং বায়ো যুক্ত করে প্রোফাইলটি সম্পূর্ণ করুন।
এখন হোম ফিড থেকে বিভিন্ন লেখা, ছবি বা ভিডিও দেখতে পারবেন। বন্ধুদের রিকুয়েস্ট পাঠাতে বা ফলো করতে পারবেন এবং নিজের প্রোফাইল থেকে নিয়মিত পোস্ট ও কন্টেন্ট শেয়ার করতে পারবেন
ছবি : সংগৃহীত
বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের ব্যক্তিগত সুরক্ষার কথা ভেবে প্রায়ই তারা নতুন ফিচার নিয়ে আসে। সম্প্রতি নতুন একটি ফিচার আনতে যাচ্ছে তারা। এরই মধ্যে শুরু হয়ে পর্যবেক্ষণ। জানা গেছে এবার ইউজারনেম ব্যবহারকারীরা ঠিক করতে পারবেন, কারা তাদের ফোন নম্বর দেখতে পারবেন। অর্থাৎ, নিজের ফোন নম্বর অন্যদের কাছে দৃশ্যমান থাকবে কি না, তা নিয়ন্ত্রণের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন এই প্রাইভেসি সেটিংস নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। তবে ফিচারটি এখনো কাজ চলছে। এমনকি বিটা পরীক্ষার জন্যও এটি উন্মুক্ত করা হয়নি।
ইউজারনেম ব্যবহারে ফোন নম্বর থাকবে গোপন
সম্প্রতি হোয়াটসঅ্যাপে ইউজারনেম সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে মেটার মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্ম। এর মাধ্যমে ফোন নম্বর না জেনেও শুধু ইউজারনেম ব্যবহার করে কাউকে খুঁজে পাওয়া এবং যোগাযোগ করা যাবে। বর্তমানে কেউ ইউজারনেম সেট করলে যাঁদের ফোনে তার নম্বর সংরক্ষিত নেই, তাঁদের কাছ থেকে নম্বরটি স্বয়ংক্রিয়ভাবে গোপন থাকে। ফলে অপরিচিত কেউ ইউজারনেমের মাধ্যমে যোগাযোগ করলেও সহজে ফোন নম্বর দেখতে পারবেন না। তবে এবার এই ব্যবস্থায় আরও নিয়ন্ত্রণ যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।
ফোন নম্বর কে দেখতে পারবেন, বেছে নেয়া যাবে
নতুন ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সেটিংসে ফোন নম্বর দৃশ্যমানতার জন্য আলাদা একটি বিভাগ যুক্ত হবে। সেখানে ব্যবহারকারীরা চারটি অপশন পাবেন। এগুলো হলো এভরিওয়ান, মাই কন্টাক্টস, মাই কন্টাক্টস এক্সেপ্ট এবং নোবডি। অর্থাৎ, ব্যবহারকারী চাইলে সবাইকে নিজের নম্বর দেখার অনুমতি দিতে পারবেন। আবার শুধু ফোনে সংরক্ষিত পরিচিত ব্যক্তিদের জন্য নম্বর দৃশ্যমান রাখতে পারবেন। নির্দিষ্ট কয়েকজনকে বাদ দেওয়ার সুযোগও থাকবে। আর কেউ চাইলে সবার কাছ থেকেই নম্বর গোপন রাখতে পারবেন।
ইউজারনেম ব্যবহারকারীদের ক্ষেত্রে ডিফল্ট সেটিংস হিসেবে ‘নোবডি’ রাখা হবে। অর্থাৎ, কেউ আলাদাভাবে পরিবর্তন না করলে তাঁর ফোন নম্বর গোপনই থাকবে। তবে যাঁদের কাছে আগে থেকেই ওই ব্যক্তির ফোন নম্বর সংরক্ষিত রয়েছে, তাঁরা আগের মতোই নম্বরটি দেখতে পারবেন।
সেটিংস পরিবর্তনে থাকবে সতর্কবার্তা
নতুন সেটিংস পরিবর্তন করার সময় ব্যবহারকারীদের একটি সতর্কবার্তা দেখাবে হোয়াটসঅ্যাপ। কারণ, দৃশ্যমানতার অপশন পরিবর্তন করলে আগে তৈরি করা ব্যতিক্রম বা এক্সেপশন তালিকা রিসেট হয়ে যেতে পারে। ফলে আগে যাঁদের নম্বর দেখার অনুমতি দেওয়া হয়নি, তাঁরাও নতুন সেটিংস অনুযায়ী নম্বর দেখতে পারেন। তাই পরিবর্তন কার্যকর করার আগে ব্যবহারকারীদের বিষয়টি নিশ্চিত করতে হবে।
হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা সংস্করণ ২.২৬.৪৫.১-এ নতুন এই ফিচারের সন্ধান পাওয়া গেছে। তবে এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে পৌঁছায়নি। কবে নাগাদ সব ব্যবহারকারীর জন্য সুবিধাটি চালু হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। ফিচারটি চালু হলে ইউজারনেম ব্যবহার করেও ফোন নম্বরের গোপনীয়তা বজায় রাখা আরও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে এ কোম্পানির ই-মেইল সেবা আউটলুক, ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম টিমস এবং মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য সেবা বিঘ্নিত হয়
বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন অনলাইন সেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন বিশ্বের লাখ লাখ ব্যবহারকারী। রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে এ কোম্পানির ই-মেইল সেবা আউটলুক, ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম টিমস এবং মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য সেবা বিঘ্নিত হয়। তাতে যুক্তরাষ্ট্র, জাপান ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা সমস্যায় পড়েন। বিপর্যয়ের প্রভাব পড়ে এআই কোম্পানি ওপেনএআই ও অ্যানথ্রপিকের কিছু সেবাতেও।
মাইক্রোসফট জানিয়েছে, তাদের কয়েকটি সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ায় এ পরিস্থিতি তৈরি হয়। তাতে সচল সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়।তবে সমস্যার সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে এ মার্কিন টেক জায়ান্ট। এক্সে দেওয়া একাধিক বার্তায় মাইক্রোসফট জানিয়েছে, সেবা স্বাভাবিক করার চেষ্টায় ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে। ক্ষতিগ্রস্ত সার্ভারগুলো আবার সচল করতে এবং ব্যবহারকারীদের ভোগান্তি কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সিএনএন লিখেছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের দিকে এ বিপর্যয় শুরু হয়। একপর্যায়ে আউটলুক ব্যবহারে সমস্যার অভিযোগ জমা পড়ে ১ লাখ ৩০ হাজারের বেশি। ওয়েবসাইট ও অনলাইন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে আউটলুকের সমস্যার অভিযোগ গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৬টার দিকে প্রায় ১ লাখ ৪০ হাজারে পৌঁছায়। পরে অভিযোগের সংখ্যা কমতে থাকে। তবে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার ব্যবহারকারী সমস্যার কথা জানাচ্ছিলেন।
মাইক্রোসফটের ভাষ্য অনুযায়ী, মূলত এক্সচেঞ্জ অনলাইন সেবার সঙ্গে সংযোগ স্থাপনে সমস্যা হচ্ছিল। এর প্রভাব পড়ে মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন সেবায়। ব্যবহারকারীরা আউটলুকের ই-মেইল, ক্যালেন্ডারের তথ্য এবং কিছু ফাইল দেখতে সমস্যায় পড়েন। মাইক্রোসফটের এআই সেবা কোপাইলটও ঠিকমতো কাজ করছিল না।
মাইক্রোসফট জানায়, শুরুতে কয়েকটি সার্ভারের রুটিন ‘হেলথ চেক’ ব্যর্থ হয়। পরে দেখা যায়, সংশ্লিষ্ট সার্ভারগুলোর একটি অংশ অকার্যকর হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে সেগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়। একপর্যায়ে মাইক্রোসফট জানায়, সচল করা সার্ভারগুলো স্থিতিশীল রয়েছে। পাশাপাশি বিকল্প পথে ইন্টারনেট ট্রাফিক পরিচালনা করে বাকি সার্ভারগুলো পুনরায় চালুর কাজ চলছে। তবে সার্ভার সচল হলেও সেবা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে ব্যবহারকারীদের জানানো হয়।
এআই সেবাতেও প্রভাব
মাইক্রোসফটের সেবা বিপর্যয়ের প্রভাব পড়েছে অন্য প্রযুক্তি কোম্পানিগুলোর ওপরও। বিশেষ করে ওপেনএআই ও অ্যানথ্রপিকের কিছু সেবা ব্যাহত হয়েছে। চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই জানিয়েছে, মাইক্রোসফটের সেবার সঙ্গে তাদের সংযোগে সমস্যা দেখা দেয়। এ কারণে কিছু টুল প্রত্যাশিতভাবে কাজ করছিল না। বিষয়টি খতিয়ে দেখছে তারা।
অন্যদিকে, অ্যানথ্রপিক জানিয়েছে, তাদের মাইক্রোসফট ৩৬৫ কানেক্টরের সঙ্গে সম্পর্কিত সমস্যার উৎস শনাক্ত করা হয়েছে। সেবা সরবরাহকারী তৃতীয় একটি কোম্পানির দিক থেকে এ সমস্যা তৈরি হয়েছিল। মাইক্রোসফটের অনলাইন সেবার ওপর নির্ভরশীল ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও এ বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক ট্রাক নির্মাতা কোম্পানি ওয়ার্কহর্স গ্রুপের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফল প্রকাশ করার কথা ছিল বৃহস্পতিবার। কিন্তু তা পিছিয়ে ১৬ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। মাইক্রোসফটের সেবা বিপর্যয়ের কারণে এ বিঘ্ন ঘটার কথা জানিয়েছে ওয়ার্কহর্স গ্রুপ। এর আগে গত মাসেও মাইক্রোসফটের ক্লাউড সেবা অ্যাজুরে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছিল। তাতে বিশ্বের বিভিন্ন খাতের ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।
মাইক্রোসফটের সেবা বিপর্যয়ে অফিসের কাজ ব্যাহত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ বিষয়টিকে ভিন্নভাবে দেখেছেন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের করপোরেট কর্মীদের কেউ কেউ আউটলুক ও টিমস অচল থাকায় কাজের চাপ থেকে সাময়িক স্বস্তি পাওয়ার কথাও বলেছেন। এক ব্যবহারকারী এক্সে লিখেছেন, “আউটলুক নেই, টিমস নেই... তাহলে আমরা সবাই বাড়ি চলে যাই না কেন?”
বিশ্বজুড়ে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের দৈনন্দিন যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও কাজের সমন্বয়ে মাইক্রোসফট ৩৬৫-এর মত সেবার ওপর কতটা নির্ভরশীলতা, এ বিপর্যয় তা আবারও সামনে এনেছে।
ছবি : সংগৃহীত
একটি নতুন ল্যাপটপ কেনার পর শুরুর দিনগুলোতে অত্যন্ত দ্রুত ও মসৃণভাবে কাজ করে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সঠিক পরিচর্যার অভাবে অনেক ল্যাপটপই ধীরগতির হয়ে পড়ে।
ভেতর ও বাইরে পরিষ্কার রাখা: ডিভাইসের কাছাকাছি খাবার বা পানীয় রাখা থেকে বিরত থাকা উচিত। পর্দা পরিষ্কার করতে নরম মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করা ভালো। এ ছাড়া ভেন্ট বা বাতাসের রাস্তায় ধুলা জমলে ব্রাশ দিয়ে তা পরিষ্কার রাখা জরুরি।
সঠিক বায়ুপ্রবাহ নিশ্চিত করা: বিছানা বা বালিশের মতো নরম স্থানে ল্যাপটপ রেখে কাজ করলে বাতাস চলাচল বাধাগ্রস্ত হয় এবং যন্ত্র অতিরিক্ত উত্তপ্ত হয়। তাই টেবিল বা সমতল স্থানে ল্যাপটপ রেখে কাজ করা উচিত। ব্যাগে রাখার আগে ল্যাপটপটি সম্পূর্ণ বন্ধ করা প্রয়োজন।
ব্যাটারির যত্ন: ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখতে সারাক্ষণ ১০০ শতাংশ চার্জে না রাখা উচিত। এ ছাড়া ব্যাটারি পুরোপুরি শূন্য হওয়া পর্যন্ত ব্যবহার করা উচিত নয়।
সঠিক সুরক্ষা ও সংরক্ষণ: বহনের সময় শক্ত ও প্যাডেড ব্যাগ ব্যবহার করতে হবে। ল্যাপটপের ওপর ভারী কিছু রাখা যাবে না। অতিরিক্ত তাপ, আর্দ্রতা ও সরাসরি সূর্যালোক থেকে ডিভাইসটি দূরে রাখা দরকার।
সফটওয়্যার হালনাগাদ: সিস্টেমের গতি ও নিরাপত্তা বজায় রাখতে উইন্ডোজ ও অন্যান্য অ্যাপ্লিকেশন নিয়মিত হালনাগাদ রাখা জরুরি।
অপ্রয়োজনীয় অ্যাপ ও ফাইল অপসারণ: অব্যবহৃত অ্যাপ আনইনস্টল করলে র্যাম ও স্টোরেজ খালি হয়। উইন্ডোজের স্টোরেজ সেন্স টুলের মাধ্যমে সাময়িক ফাইল নিয়মিত ডিলিট করা উচিত। বড় ফাইলগুলো ক্লাউড বা এক্সটার্নাল ড্রাইভে সরিয়ে নিলে প্রসেসরের ওপর চাপ কমে।
ভাইরাস ও সাইবার সুরক্ষা: অচেনা কোনো লিংক বা সোর্স থেকে ফাইল ডাউনলোড করা থেকে বিরত থাকা উচিত। উইন্ডোজ ১১-এর বিল্ট-ইন মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস সক্রিয় রাখলে ডিভাইস সুরক্ষিত থাকে।
সঠিক ব্যবহারের অভ্যাস: দিনের পর দিন ল্যাপটপ স্লিপ মোডে না রেখে কয়েক দিন পরপর পূর্ণাঙ্গ রিস্টার্ট বা শাটডাউন দিলে ব্যাকগ্রাউন্ডের মেমোরি পরিষ্কার হয়। পাশাপাশি একসঙ্গে অনেকগুলো ভারী অ্যাপ চালিয়ে প্রসেসরে চাপ দেওয়া বন্ধ করতে হবে।
প্রাত্যহিক ব্যবহারে এই সহজ অভ্যাসগুলো গড়ে তুললে ল্যাপটপের কার্যক্ষমতা বজায় থাকবে দীর্ঘদিন।
প্রতীকী ছবি
জীবনের অবিচ্ছেদ্য অংশ এখন স্মার্টফোন। দাপ্তরিক কাজ, শিক্ষা, আড্ডা, সোশ্যাল মিডিয়া এবং বিনোদন ছাড়াও মোবাইল গেমের মতো বহুমাত্রিক কাজের জন্য এ ডিভাইসের বিকল্প নেই।
কিন্তু চার্জ হচ্ছে স্মার্ট জীবনের প্রধান চ্যালেঞ্জ। সব স্মার্টফোন নির্মাতা প্রচণ্ড গরম বা ঠান্ডায় স্মার্টফোন ব্যবহার না করার পরামর্শ দিয়ে থাকে।
কারণ, অতিরিক্ত গরম বা অত্যধিক ঠান্ডা আবহ ব্যাটারির ক্ষতি করতে পারে। স্মার্টফোন চার্জ করার সময় মোবাইল কেস ব্যবহার করলে ফোন অতিরিক্ত গরম হয়ে যেতে পারে।
ফলে কমে যেতে পারে ব্যাটারি লাইফ।আর এ কারণে অতিরিক্ত গরমে চার্জিংয়ের সময় স্মার্টফোনের কেসটি খুলে রাখা শ্রেয়।
স্মার্টফোনের ভেতরে থাকা এ ফিচারের মাধ্যমে কোনো অ্যাপ কতটা ব্যাটারি ব্যবহার করবে, তা নিয়ন্ত্রণ করা যাবে। তা ছাড়া কোন কোন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলবে, তাও নিয়ন্ত্রণে রাখা যায়। আর এমন ফিচার অ্যানাবল করার জন্য প্রথমে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে গিয়ে ব্যাটারি অপ্টিমাইজেশন সিলেক্ট করতে হবে। তারপর উল্লিখিত অপশনটি অ্যানাবল করে দিলেই সমাধান।
চার্জে কখন সংযোগ বিচ্ছিন্ন
স্মার্টফোনের ব্যাটারি কখনোই শূন্য শতাংশ পর্যন্ত ডিসচার্জ করে শতভাগ চার্জ দেওয়া উচিত নয়। ফলে ব্যাটারি লাইফ বহুলাংশে কমে যেতে পারে। ডিভাইসে ২৫ ভাগ চার্জ থাকাকালীনই স্মার্টফোনে চার্জ দেওয়া উচিত। সব ডিভাইসের জন্য ৭৫ থেকে ৮০ শতাংশ চার্জই যথাযথ পরিষেবা নিশ্চিত করে।
ছবি : সংগৃহীত
হৃদযন্ত্রের অবস্থা জানতে এখন আর সব সময় হাসপাতালে গিয়ে ইসিজি করানোর প্রয়োজন হবে না। হাতে থাকা স্মার্টওয়াচ দিয়েই পাওয়া যাবে হৃদস্পন্দনের বৈদ্যুতিক সংকেতের একটি রেকর্ড। ভারতের বাজারে নির্বাচিত কয়েকটি স্মার্টওয়াচে ইসিজি সুবিধা চালু করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গারমিন। এর মাধ্যমে মাত্র ৩০ সেকেন্ডে হৃদযন্ত্রের ছন্দ পরীক্ষা করে অনিয়মিত স্পন্দনের লক্ষণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
কোন কোন স্মার্টওয়াচে পাওয়া যাবে সুবিধাটি?
গারমিন জানিয়েছে, ভারতের বাজারে তাদের নির্বাচিত কয়েকটি স্মার্টওয়াচে এই সুবিধা চালু হয়েছে। তালিকায় রয়েছে ফেনিক্স ৯, ভেনু ৪ এবং ফররানার ৯৭০। এসব ঘড়িতে থাকা বিশেষ সেন্সরের সাহায্যে হৃদযন্ত্রের বৈদ্যুতিক কার্যকলাপ রেকর্ড করা যাবে।
এই সুবিধা ব্যবহার করতে স্মার্টওয়াচের সফটওয়্যার এবং স্মার্টফোনে থাকা গারমিন কানেক্ট অ্যাপের সর্বশেষ সংস্করণ প্রয়োজন হবে।
কীভাবে কাজ করবে ইসিজি সুবিধা?
স্মার্টওয়াচের ইসিজি অ্যাপ ব্যবহার করে ৩০ সেকেন্ড ধরে হৃদযন্ত্রের বৈদ্যুতিক সংকেত রেকর্ড করা যাবে। এরপর অ্যাপটি সেই সংকেত বিশ্লেষণ করে হৃদস্পন্দন স্বাভাবিক রয়েছে কি না, কিংবা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের লক্ষণ আছে কি না, তা শনাক্ত করার চেষ্টা করবে।
অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হলো এক ধরনের অনিয়মিত হৃদস্পন্দন। এ অবস্থায় হৃৎপিণ্ডের ওপরের প্রকোষ্ঠগুলো স্বাভাবিক ছন্দে স্পন্দিত হয় না। ফলে রক্ত জমাট বাঁধা ও স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে।
পরীক্ষার ফল সরাসরি স্মার্টওয়াচের পর্দায় দেখা যাবে। পাশাপাশি গারমিন কানেক্ট অ্যাপের মাধ্যমে আগের রেকর্ডগুলো সংরক্ষণ করা এবং চিকিৎসকের সঙ্গে শেয়ার করার জন্য রিপোর্ট তৈরি করা যাবে।
চিকিৎসার বিকল্প নয় এই প্রযুক্তি
গারমিনের এই ইসিজি সুবিধা ২২ বছর বা তার বেশি বয়সীদের জন্য তৈরি। তবে স্মার্টওয়াচের এই পরীক্ষা চিকিৎসকের করা ইসিজি বা পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার বিকল্প নয়। এটি কেবল হৃদস্পন্দনের কিছু অস্বাভাবিকতার লক্ষণ সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে পারে।
এছাড়া হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো জরুরি সমস্যার লক্ষণ দেখা দিলে স্মার্টওয়াচের ফলের অপেক্ষা না করে দ্রুত চিকিৎসা নিতে হবে।
আপাতত ভারতের নির্বাচিত বাজারে সুবিধাটি চালু করেছে গারমিন। বাংলাদেশে কবে নাগাদ এটি পাওয়া যাবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।