ছবি : সংগৃহীত
ম্যাকাইয়েতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ইতিহাস গড়েছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। ব্যাট হাতে ১১ নম্বরে নেমে দলের সর্বোচ্চ ১৪ রান করার পর বল হাতে মাত্র ৩১ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট।
বাংলাদেশের প্রথম ইনিংস থামে মাত্র ৬৪ রানে। সেই ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ রান আসে শরিফুলের ব্যাট থেকে।
এরপর অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে নেমে শুরুতেই বাংলাদেশকে ম্যাচে ফেরানোর দায়িত্ব নেন এই বাঁহাতি পেসার। শরিফুল একে একে অস্ট্রেলিয়ার ব্যাটারদের সাজঘরে ফেরাতে থাকেন।
তার দুর্দান্ত স্পেলে অস্ট্রেলিয়াও একটা সময় ১৪৬ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে। শেষ পর্যন্ত দিনের খেলা শেষে শরিফুলের বোলিং ফিগার দাঁড়ায় ৬ উইকেটে ৩১ রান।
সবচেয়ে আলোচিত বিষয়, টেস্ট ইতিহাসে ১১ নম্বরে ব্যাট করতে নেমে একই ম্যাচে দলের সর্বোচ্চ রান করার পাশাপাশি ৫ বা তার বেশি উইকেট নেওয়ার এমন কীর্তি আর কোনো ক্রিকেটারের নেই। শরিফুলের এই পারফরম্যান্স তাই হয়ে থাকল অনন্য এক নজির।
কুইন সুলিভান ও লিওনেল মেসি
মাঠের উত্তাপ গড়াল মাঠের বাইরের শাস্তি পর্যন্ত। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কুইন সুলিভানের ঘাড়ের পেছনে হাত দিয়ে আঘাত করার ঘটনায় লিওনেল মেসিকে জরিমানা করেছে মেজর লিগ সকার (এমএলএস)। তবে জরিমানার পরিমাণ প্রকাশ করা হয়নি।
বুধবার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কুইন সুলিভানের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তার ঘাড়ের পেছনে হাত দিয়ে আঘাত করেন মেসি। ঘটনাটির পর দুজনের মধ্যে উত্তেজনা আরও বাড়ে।
এমএলএস জানায়, প্রতিপক্ষের মাথা ও ঘাড়ের এলাকায় হাত দিয়ে স্পর্শ করার ঘটনায় মেসি ও তার সতীর্থ ইয়ান ফ্রে-কে জরিমানা করা হয়েছে। তবে দুজনের জরিমানার অঙ্ক জানানো হয়নি। একই ম্যাচে সুলিভান পরিবারের আরেক সদস্য কাভান সুলিভানও আলোচনায় ছিলেন। ম্যাচের শেষ দিকে ধাক্কাধাক্কিতে জড়িয়ে লাল কার্ড দেখেছিলেন ১৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার। সঙ্গে এক ম্যাচের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছিল তাকে। তবে পরে এমএলএসের স্বাধীন পর্যালোচনা প্যানেল সর্বসম্মতভাবে কাভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা বাতিল করে। ফলে মেসির ঘটনায় শাস্তি পেলেও সুলিভান পরিবারের জন্য এসেছে স্বস্তির খবর।
ম্যাচে অবশ্য ব্যক্তিগতভাবে উজ্জ্বল ছিলেন মেসি। বাবার মৃত্যুর পর প্রথম গোল করার পাশাপাশি সতীর্থের একটি গোলে সহায়তাও করেন আর্জেন্টাইন তারকা।
তবে কুইন সুলিভানের সঙ্গে উত্তপ্ত মুহূর্তের জেরে ম্যাচ শেষ হওয়ার পরও শাস্তির মুখে পড়তে হলো তাকে।
ছবি : সংগৃহীত
ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের সামনে শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়েছে সফরকারীরা। ১০ ওভারে ৬ মেডেনসহ মাত্র ১২ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন স্টার্ক। প্যাট কামিন্স শিকার করেছেন ৩ উইকেট, জশ হ্যাজলউড নিয়েছেন একটি। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর পর ম্যাচের প্রথম বলেই আঘাত হানেন স্টার্ক।
বল ব্যাটের কানায় লেগে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দেন সাদমান ইসলাম। গোল্ডেন ডাক নিয়ে ফিরতে হয় বাঁহাতি ওপেনারকে। পরের ওভারেই তানজিদ হাসান তামিমকে ফেরান স্টার্ক। বল ব্যাটের কানায় লেগে স্লিপে ওয়েবস্টারের হাতে ক্যাচ দেন ডারউইন টেস্টের সেঞ্চুরিয়ান। ফলে টানা দুই ইনিংসে শূন্য রানে ফিরলেন তানজিদ।
এরপর বাংলাদেশের বিপর্যয় আরও বাড়ান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। স্টার্কের বল লেগ স্টাম্পের দিকে বেরিয়ে যাওয়ার সময় প্যাডে আঘাত হানে। আম্পায়ার আউট দিলে রিভিউ নেয় বাংলাদেশ। তবে আম্পায়ার্স কলের কারণে সিদ্ধান্ত বহাল থাকে। গোল্ডেন ডাক নিয়ে ফিরতে হয় শান্তকে। স্টার্কের তৃতীয় শিকার হন মুমিনুল হক। অফ স্টাম্পের বাইরের বলে অযথা ব্যাট বাড়িয়ে গালিতে ক্যাচ দেন তিনি। ১৬ বলে ৯ রান করে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।
লিটন দাসও স্টার্কের তাণ্ডল থেকে বাঁচতে পারেননি। প্রথমে স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি। ওয়েবস্টার সহজ ক্যাচটি নিতে পারেননি। পরের বলেই অবশ্য লিটনকে এলবিডব্লিউ করে ফেরান স্টার্ক। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেয় অস্ট্রেলিয়া। রিপ্লেতে দেখা যায়, বল লেগ স্টাম্পে আঘাত করত। ৪ রানেই ফিরতে হয় লিটনকে।
মাত্র ১২ রানেই ৫ উইকেট হারানো বাংলাদেশের হয়ে এরপর কিছুটা প্রতিরোধ গড়েন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। তবে তাদের জুটিও বেশিদূর এগোয়নি। প্যাট কামিন্সের ভেতরে ঢোকা বলে ব্যাট-প্যাডের ফাঁক গলে স্টাম্প ভেঙে যায় মুশফিকের। ৪২ বলে ৫ রান করে ফেরেন অভিজ্ঞ ব্যাটার। লাঞ্চের আগে আর কোনো উইকেট না হারিয়ে ৬ উইকেটে ৩৫ রান নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। মিরাজের সঙ্গে ১৪ রানের জুটি গড়েন হাসান মাহমুদ।
বিরতির পর অবশ্য দ্রুতই আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। প্যাট কামিন্সের বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন মিরাজ। ৫১ বলে ১১ রান করেন তিনি। এরপর জশ হ্যাজেলউডের বলে নাথান লায়নের হাতে ক্যাচ দেন হাসান মাহমুদ। ৩৬ বলে ১০ রান করে ফেরেন তিনি। এতে ২৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ৩৮ রান। তখনই শঙ্কা জাগে, ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা নিজেদের সর্বনিম্ন ৪৩ রানের রেকর্ডও বুঝি ভেঙে যাবে।
তবে শেষ দুই ব্যাটার তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম কিছুটা স্বস্তি দেন বাংলাদেশকে। দশম উইকেটে দুজন মিলে যোগ করেন ইনিংসের সর্বোচ্চ ২৫ রান। এর মধ্যেই নিজেদের সর্বনিম্ন স্কোরের লজ্জা এড়ায় বাংলাদেশ। শেষ পর্যন্ত শরিফুলকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন স্টার্ক। কট বিহাইন্ড হন ২৬ বলে ১৪ রান করা শরিফুল। তাইজুল ২৬ বলে ১১ রানে অপরাজিত থাকেন। ৩৪ ওভারে মাত্র ৬৪ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। স্টার্কের ৬ উইকেটের পাশাপাশি কামিন্স নেন ৩টি এবং হ্যাজলউড একটি উইকেট।
এই ইনিংসে একাধিক বিরল রেকর্ডও হয়েছে। ম্যাচের প্রথম বলেই সাদমানের উইকেট নিয়ে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার টেস্ট ইতিহাসে প্রথম বলের প্রথম উইকেটের মালিক হয়েছেন স্টার্ক। একই সঙ্গে এই মাঠের প্রথম টেস্টের প্রথম বলেই আউট হওয়া ব্যাটার হিসেবে রেকর্ডে নাম উঠেছে সাদমানের।
এদিকে মাত্র ২২ বলে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে কম বলে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন স্টার্ক। সব মিলিয়ে টেস্টে এটি তার ১৯তম পাঁচ উইকেটের ইনিংস।
রোনালদিনিও
অবসরের ঘোষণা এসেছে ২০১৮ সালে। তবে পেশাদার ফুটবলে সর্বশেষ ম্যাচ খেলেছেন তারও প্রায় তিন বছর আগে। এবার ১১ বছর পর আবারও মাঠে ফিরছেন রোনালদিনিও। ব্রাজিলের কিংবদন্তি এই ফুটবলারের বয়স এখন ৪৬ বছর। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নায় নাম লিখিয়েছেন তিনি। বৃহস্পতিবার ইতালির রাভেন্নার একটি সমুদ্রসৈকতে আনুষ্ঠানিকভাবে তাঁকে পরিচয় করিয়ে দিয়েছে ক্লাবটি। বৃষ্টি উপেক্ষা করে সেখানে হাজির হয়েছিলেন প্রায় ৬ হাজার দর্শক। দিনটির নামও দেওয়া হয়েছিল ‘রোনালদিনিও ডে’। মঞ্চে উঠে রাভেন্নার ১০ নম্বর জার্সি হাতে ছবি তুলেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী তারকা।
রোনালদিনিওর সর্বশেষ পেশাদার ম্যাচ ২০১৫ সালের সেপ্টেম্বরে, ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে। এরপর ২০১৮ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন। মাঝের সময়ে বিভিন্ন প্রদর্শনী ম্যাচ ও ফুটসালেও খেলেছেন তিনি। তবে পেশাদার দুনিয়ায় তিনি সাবেক—এমনটাই দেখেছেন সবাই।
সেই রোনালদিনিওই এখন মাঠে নামার অপেক্ষায়। রাভেন্নায় পা রাখার দিনে তিনি বলেছেন, ‘বন্ধুদের সঙ্গে এখানে থাকতে পেরে আমি খুব খুশি। আমাদের এমন একটি দল আছে, যারা ভালো কিছু করতে পারে।’
অবশ্য মাঠে নামার বিষয়টি এখনো শতভাগ নিশ্চিত নয়। এ বিষয়ে প্রশ্ন করা হলে রোনালদিনিও স্পষ্ট উত্তর দেননি, ‘আমি খেলব কি না, জানি না। সেটা শুধু কোচই জানেন। ইতালিতে ফিরতে পেরে দারুণ লাগছে। আমি এখানে এসেছি সতীর্থদের জিততে সাহায্য করতে।’
তবে নিজের ৩০০তম গোলের কথাও ভুলছেন না। রোনালদিনিও বলেছেন, ‘দেখতেই পাচ্ছেন, আমি ভালো ফিট আছি। ভালো অনুভব করছি। যদি ৩০০তম গোলটি করতে পারি, তাহলে আরও ভালো হবে।’ ব্রাজিলের হয়ে ৩৩ গোল করা রোনালদিনিও বার্সেলোনায় ৯৪ এবং এসি মিলানে ২৪ গোল করেছিলেন। খেলেছেন পিএসজি, আতলেতিকো মিনেইরো, গ্রেমিওসহ আরও কয়েকটি দলে।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবোর তথ্য অনুসারে, ৭৮৭ ম্যাচে ২৯৯ গোল করেছেন রোনালদিনিও। ফলে তিন শর ঘরে পৌঁছাতে একটি গোলই লাগে তাঁর।
রোনালদিনিওর রাভেন্নায় ফেরার পরিকল্পনার কথা প্রথম সামনে আসে গত জুনে, ২০২৬ বিশ্বকাপ চলার সময় মায়ামিতে। ক্লাবটির ইতালিয়ান-আমেরিকান মালিক ইগনাসিও সিপ্রিয়ানি তখন রোনালদিনিওকে দলে নেওয়ার কথা জানান। ২০২৪ সাল থেকে রাভেন্নার মালিক সিপ্রিয়ানি বলেছেন, রোনালদিনিও ক্লাবটির শেয়ারও কিনবেন।
সিপ্রিয়ানির ভাষায়, এই প্রত্যাবর্তনের লক্ষ্য ‘রোমান্টিক’। আরও স্পষ্ট করে বললে রোনালদিনিওর ক্যারিয়ারের শেষ গোলটি করানোর চেষ্টা। তবে এটাকে শুধু প্রচারণার কৌশল হিসেবে দেখছেন না তিনি, ‘মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা কোনো মার্কেটিং স্টান্ট নয়’।
রাভেন্না গত মৌসুমে ইতালির তৃতীয় বিভাগের ‘বি’ গ্রুপে তৃতীয় হয়েছিল। ২০০৮ সালের পর আবার ইতালির দ্বিতীয় বিভাগ সিরি ‘বি’তে ফিরতে চায় ক্লাবটি।
নতুন মৌসুমে রাভেন্নার প্রথম ম্যাচ সোমবার রেজিয়ানার বিপক্ষে। তবে এই ম্যাচে রোনালদিনিওকে দেখা যাবে না বলে খবর লা গ্যাজেত্তা দেল্লো স্পোর্তের।
হকি বিশ্বকাপে আর্জেন্টিনা ৭-১ গোলে বিধ্বস্ত করল নিউজিল্যান্ডকে
নেদারল্যান্ডসের ওয়াজেনার স্টেডিয়ামে হকি বিশ্বকাপে আর্জেন্টিনা ৭-১ গোলে বিধ্বস্ত করল নিউজিল্যান্ডকে।
গতকাল (২০ আগস্ট) ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের পুল ‘এ’-র এই ম্যাচে জয়ী হয়ে পরের ধাপে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় নিউজিল্যান্ড। ১২ মিনিটে কেন রাসেলের গোলে ১-০ লিড নেয় তারা।
এরপর শুরু হয় আর্জেন্টিনার একের পর এক আক্রমণ। তবে প্রথম কোয়ার্টার শেষে ব্যবধান ধরে রাখে নিউজিল্যান্ড। তবে পরের তিন কোয়ার্টারে আর্জেন্টিনার আক্রমণের সামনে পুরোপুরি ভেঙে পড়ে নিউজিল্যান্ড। একের পর এক আক্রমণে নিউজিল্যান্ডকে কোণঠাসা করে রাখে।
নিউজিল্যান্ডের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে একের পর এক আক্রমণ শানায়। ম্যাচে পেনাল্টি কর্নার ও ফিল্ড গোল-দুই ক্ষেত্রেই দুর্দান্ত দক্ষতা দেখান আর্জেন্টিনার খেলোয়াড়রা। চারটি ফিল্ড গোলের পাশাপাশি দুটি পেনাল্টি কর্নার থেকে গোল এবং একটি পেনাল্টি স্ট্রোক থেকে গোল পেয়েছে আর্জেন্টিনা।
দ্বিতীয় কোয়ার্টারের ২৬ মিনিট ৩ সেকেন্ডে স্কট বয়েডের গোলে সমতা ফেরায় আর্জেন্টিনা। এরপর ৩৮ মিনিট ২১ সেকেন্ডে বাউতিস্তা কাপুরোর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। আর্জেন্টিনার হয়ে হ্যাটট্রিক করেন ডমিনি থমাস। বাউতিস্তা কাপুরো করেছেন জোড়া গোল। একটি করে গোল করেছেন তাদেও মারকুচি ও নিকোলাস কিনান।
প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা। তবে পরে ম্যাচেই শক্তিশালী নেদারল্যান্ডসের কাছে ১-৩ গোলে হেরে যায়। গতকালের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিল লস লিওনেস খ্যাত দলটি।
দুর্দান্ত এই জয়ের ফলে পুল ‘এ’-তে তিন ম্যাচ শেষে আর্জেন্টিনার পয়েন্ট ৬। দুই জয় ও এক হার নিয়ে গোলব্যবধানে তারা রয়েছে এক নম্বরে। দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেদারল্যান্ডস।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত হবে দ্বিতীয় ধাপের লড়াই। প্রথম ধাপের ফলের ভিত্তিতে দলগুলোকে আবার চারটি নতুন পুল-ই, এফ, জি ও এইচ'তে ভাগ করা হবে।
বিসিবি সভাপতি তামিম ইকবাল
এ বছর বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) হচ্ছে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। টুর্নামেন্ট আয়োজনের জন্য বোর্ডের হাতে যথেষ্ট সময় নেই বলেই তাঁর এমন সিদ্ধান্ত। আজ মিরপুরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে গেম ডেভেলপমেন্ট ট্রফির আনুষ্ঠানিক ঘোষণা দিতে এসে বিপিএল নিয়েও কথা বলেন তামিম। একটা প্রশ্ন ছিল এমন, এ বছর বিপিএল করার জন্য বোর্ডের হাতে যথেষ্ট সময় আছে কি না?
উত্তরে তামিম বলেন: ‘আই ডোন্ট থিংক সো। এ বছর বিপিএল হবে না।’
বাংলাদেশের ক্রিকেটারদের আয়ের সবচেয়ে বড় উৎস বিপিএল। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আগস্টে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেন ফারুক আহমেদ। দায়িত্ব নেওয়ার পর সময় স্বল্পতার কারণে বিপিএল আয়োজন নিয়ে প্রথমে অনাগ্রহী ছিলেন তিনি।
তবে তামিমসহ কয়েকজন ক্রিকেটার ফারুকের সঙ্গে কথা বলার পর শেষ পর্যন্ত বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিবি। সেই তামিমই এখন বোর্ড সভাপতি।
এবার বিপিএল না হলে খেলোয়াড়েরা যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, সেটিও মাথায় আছে তামিমের, ‘আমি খেলোয়াড় থাকলে নিজেও হতাশ হতাম। তাদের আর্থিক ক্ষতি হবে এটা আমি অস্বীকার করি না। কিন্তু তারাও বোঝে যে এই টুর্নামেন্টটা এমন হওয়া উচিত, যা নিয়ে বিসিবি গর্ব করতে পারে। গত কয়েক বছরে যা হয়েছে তা নিয়ে কি আমরা গর্বিত? হয়তো না।’
বিপিএল আয়োজনের ক্ষেত্রে তাঁর সঙ্গে খেলোয়াড়দের সঙ্গে মতের মিল আছে বলে মনে করেন তামিম। তাঁর ভাষায়, ‘খেলোয়াড়রাও একমত যে জিনিসটা সুন্দরভাবে হওয়া উচিত। যুক্তি আলাদা হতে পারে, কিন্তু আমার কাছে মূল বিষয় হলো টুর্নামেন্টটা ঠিকঠাক চালানো। বিপিএল একটা গ্রেট প্রোডাক্ট আর এটা নিয়ে প্রচুর আগ্রহ আছে। এটাকে ঠিকঠাক করতে পারলে আগ্রহ আরও বাড়বে।’
বিপিএলের শুরু থেকেই পারিশ্রমিক নিয়ে জটিলতা, ফ্র্যাঞ্চাইজি ফি পরিশোধে অনিয়ম, সম্প্রচার সংক্রান্ত সমস্যাসহ নানা কারণে টুর্নামেন্টটি সমালোচিত হয়েছে।
গত দুই আসরের বিপিএল আয়োজন করে বিসিবির প্রায় ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তামিম। সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই সবকিছু গুছিয়ে নেওয়ার আগে বিপিএল আয়োজন করতে চান না বলে জানিয়ে আসছেন তিনি।
সেই প্রস্তুতির জন্য যত সময় প্রয়োজন, তত সময় নিতেও প্রস্তুত তিনি। তামিম বলেছেন, ‘আমাদের ইনটেনশন ১০০০ শতাংশ আছে বিপিএল করার। কিন্তু আমি তাড়াহুড়ো করতে চাই না। আমি ঠিকঠাক মতো করতে চাই, তাতে যদি ৬ মাস বা ১২ মাস সময় লাগে, আমি নেব।’
সাধারণত ডিসেম্বর-জানুয়ারিতে মাঠে গড়ায় বিপিএল। এবার ওই সময়ে টুর্নামেন্টটি না হলে বিকল্প কোনো প্রতিযোগিতা হবে কি না জানতে চাইলে তামিম বলেন, ‘আমরা একটা ফর্মুলা নিয়ে কাজ করছি। যখন ৬০-৭০ শতাংশ কাজ হয়ে যাবে তখন আমি ঘোষণা দেব আমাদের ঘরোয়া ক্যালেন্ডারটা আমরা কীভাবে সাজাচ্ছি। এটা বেশ আলাদা ও ইন্টারেস্টিং হবে।’
ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস
ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণ নিয়ে সম্প্রতি বিশ্ব ক্রীড়াঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে গুঞ্জন ছড়িয়েছিল, অবশেষে তা নিয়ে মুখ খুলেছেন তিনি। এ খবরকে পুরোপুরি ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়ে দিয়েছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই লেফটব্যাক। বৃহস্পতিবার (২০ আগস্ট) গোল.কমের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
সাবেক রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল তারকা তুরস্কের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার ধর্মীয় বিশ্বাস নিয়ে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়ার পর সৌদি সংবাদপত্র ওকাজ-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেন।
রবার্তো বলেন, ইসলামের প্রতি আমার সর্বোচ্চ সম্মান রয়েছে। আমার স্ত্রীকে নামাজ পড়তে দেখা চমৎকার লাগে। কিন্তু আমার ইসলাম গ্রহণ নিয়ে যে গুজব ছড়াচ্ছে, তা সত্য নয়।
এর আগে, বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছিল, কয়েক সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে দেখা করেছেন কার্লোস। পাশাপাশি অনলাইনে এমন কিছু ছবিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় একজন কাজির উপস্থিতিতে ইসলামিক রীতিতে বিয়ে সম্পন্ন হচ্ছে এবং সেখানে রবার্তো কার্লোসও আছেন। এতেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, কার্লোস ইসলাম গ্রহণ করেছেন এবং ইসলামিক রীতিতে একজনকে বিয়ে করেছেন।
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই লেফটব্যাক সম্প্রতি মরক্কোর ব্যবসায়ী সোহাইলা তাহিরির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ছবিগুলো দেখে মনে হতেই পারে, স্ত্রীর ধর্ম অনুসরণ করে তিনিও বুঝি মুসলিম হয়েছেন। পরে গুঞ্জনের জট ছাড়াতে সম্প্রতি এ বিষয়ে কথা বলেন রবার্তো কার্লোস।
বিয়ের অনুষ্ঠান ঘিরে চলা আলোচনা প্রসঙ্গে কার্লোস ব্যাখ্যা করেন, ‘আমাদের বিয়ের অনুষ্ঠান একাধিক ধরনের হয়েছিল। আমরা পরিবারের সদস্যদের বিশ্বাসের সঙ্গে মানানসই একটি অনুষ্ঠান করেছি, কারণ তারা ক্যাথলিক ধর্মের অনুসারী। এর পাশাপাশি আমার স্ত্রী ও তার মুসলিম বন্ধুদের জন্য আরেকটি অনুষ্ঠানও করা হয়েছিল।’
সাফল্যে পূর্ণ রবার্তো কার্লোস ফুটবল ক্যারিয়ারে ব্রাজিল জার্সিতে জিতেছেন ২০০২ বিশ্বকাপ, আগের আসরে রানার্সআপ। রিয়াল মাদ্রিদে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ উৎসব করেছেন। ফুটবল মাঠে নিজের গতিময় ফ্রি-কিক ও সফল ক্যারিয়ারের জন্য বিশ্বজুড়ে সমাদৃত কার্লোসের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। তবে তার নিজের এই স্পষ্ট বক্তব্যের পর ইসলাম গ্রহণ সংক্রান্ত সব গুঞ্জনের অবসান ঘটল।