ছবি : সংগৃহীত
উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম প্রায় ৯০০ ডলার থেকে শুরু করে ফাইনালের জন্য ৮,০০০ ডলারেরও বেশি- উত্তর আমেরিকায় ১০০ দিন পর শুরু হতে যাওয়া বিশ্বকাপের ম্যাচ টিকেট মোটেও সস্তা নয়।
বার্তা সংস্থা এএফপি বিশ্বকাপে খেলা দেখতে যাওয়ার খরচ বিশ্লেষণ করেছে:
কত টিকেট, কত চাহিদা?
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার মতে, মোট প্রায় ৭০ লাখ টিকেট বিক্রির জন্য উন্মুক্ত করা হয়েছে। একজন ব্যক্তি প্রতি ম্যাচে সর্বোচ্চ চারটি এবং পুরো টুর্নামেন্টে মোট ৪০টি টিকেট কিনতে পারবেন।
অক্টোবরে অনুষ্ঠিত প্রাথমিক লটারিতে প্রায় ২০ লাখ টিকেট বিক্রি হয়। ডিসেম্বর ও জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বিতীয় দফার লটারিতেও রেকর্ড ৫০ কোটি ৮০ লাখ আবেদন পড়ে বলে জানিয়েছে ফিফা।
তবে ঠিক কতটি টিকেট বরাদ্দ হয়েছে, তা ফিফা জানায়নি। সবচেয়ে বেশি চাহিদা ছিল ২৭ জুন ময়ামিতে গ্রুপ কে-এর শেষ ম্যাচ কলম্বিয়া বনাম পর্তুগাল, ১৮ জুন গুয়াডালাজারায় সহ-আয়োজক মেক্সিকোর বিপক্ষে দক্ষিণ কোরিয়া এবং ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের জন্য।
দামের উর্ধ্বগতি
৪৮ দল নিয়ে আয়োজিত বর্ধিত কলেবরের এই বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচ হবে, যা ইতিহাসে প্রথম।
সবচেয়ে চাহিদাসম্পন্ন ম্যাচগুলোর টিকিটের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। সমর্থক সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ জানায়, উত্তর আমেরিকার দরপত্রে শুরুতে প্রতিশ্রুতি ছিল মাত্র ২১ ডলার থেকে টিকেট পাওয়া যাবে। কিন্তু বাস্তবে সবচেয়ে সস্ত যে টিকেট বিক্রি হয়েছে, তার দাম ৬০ ডলার। ক্যালিফোর্নিয়ার লেভাইস স্টেডিয়ামে অস্ট্রিয়া বনাম জর্ডানের গ্রুপ-জে উদ্বোধনী ম্যাচের টিকেট এই মূল্যে বিক্রি করা হয়েছে।
শীর্ষ দলগুলোর ম্যাচে অধিকাংশ টিকিটের দাম কমপক্ষে ২০০ ডলার। ফাইনালের সবচেয়ে সস্তা টিকিটের দাম ২,০০০ ডলার এবং সেরা আসনের দাম ৮,৬৮০ ডলার। তাও ফিফার অফিসিয়াল রিসেল সাইটের কথা ধরলে নয়, যেখানে ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের একটি ‘ক্যাটাগরি থ্রি’ আসন বিজ্ঞাপিত হয়েছে অবিশ্বাস্য ১,৪৩,৭৫০ ডলারে, যা এর মূল মূল্য ৩,৪৫০ ডলারের ৪১ গুণেরও বেশি।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জোর দিয়ে বলেছেন, টিকিটের দাম মূলত বিপুল চাহিদার ফল। তিনি বলেন, “বিশেষ করে যুক্তরাষ্ট্রে ‘ডাইনামিক প্রাইসিং’ নামে একটি ব্যবস্থা আছে, অর্থাৎ ম্যাচভেদে দাম বাড়তেও পারে, কমতেও পারে”।
দাম নিয়ে দীর্ঘদিনের সমালোচনার মুখে ফিফা তুলনামূলক সস্তা একটি টিকেট ক্যাটাগরি চালু করে। তবে ৬০ ডলারের এই টিকেটগুলো কেবল যোগ্যতা অর্জনকারী দলের সমর্থকদের জন্য বরাদ্দ ছিল এবং প্রতিটি জাতীয় ফেডারেশনের মোট কোটা’র মাত্র ১০ শতাংশ জুড়ে ছিল।
ফিফা ম্যাচ টিকিটের সঙ্গে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধাসহ প্যাকেজও বিক্রি করছে। ১৬ জুন নিউ জার্সিতে ফ্রান্স বনাম সেনেগালের ম্যাচের জন্য এসব প্যাকেজের দাম ছিল ২,৯০০ থেকে ৪,৫০০ ডলারের মধ্যে।
দাম আরও বাড়ছে
ফিফা নির্দিষ্টসংখ্যক টিকেট আলাদা করে রাখছে, যা এপ্রিল থেকে টুর্নামেন্টের শেষ পর্যন্ত “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে বিক্রি করা হবে।
এরপর রয়েছে রিসেল প্ল্যাটফর্মগুলো, যার মধ্যে ফিফার নিজস্ব অফিসিয়াল সাইটও আছে। তবে এই বিতর্কিত সমর্থকদেও মধ্যকার বাজারে পুনর্বিক্রেতারা নিজেরাই দাম নির্ধারণ করতে পারেন, ফলে ফাইনালের টিকিটে এমন বিশাল অঙ্ক দেখা যাচ্ছে।
যুক্তরাষ্ট্র ও কানাডায় রিসেল বাজার নিয়ন্ত্রণহীন। মেক্সিকোতে মূল মূল্যের চেয়ে বেশি দামে টিকেট পুন:বিক্রি নিষিদ্ধ, তবে কেবল তখনই এটা প্রযোজ্য হবে যখন টিকেটটি মেক্সিকোতে স্থানীয় মুদ্রায় কেনা হয়।
১১ জুন মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচের জন্য ‘ক্যাটাগরি থ্রি’- স্ট্যান্ডের ওপরের অংশের একটি আসন সম্প্রতি তালিকাভুক্ত ছিল ৫,৩২৪ ডলারে, যেখানে এর মূল দাম ছিল ৮৯৫ ডলার। সিটগিক ও স্টাবহাবের মতো অন্যান্য সাইটে তুলনামূলকভাবে কিছুটা কম দামে টিকেট বিক্রি হচ্ছিল।
অতিরিক্ত খরচ
ভ্রমণকারী সমর্থকদের জন্য শুধু টিকিটের দামই ভাবনার বিষয় নয়। অনেক বিশ্বকাপ স্টেডিয়াম শহরের কেন্দ্র থেকে দূরে হওয়ায় পার্কিংয়ের দামও আকাশচুম্বী। আটলান্টায় একটি গ্রুপ ম্যাচের জন্য পার্কিং স্পেসের দাম ১০০ ডলার, আর লস অ্যাঞ্জেলেসে তা ৩০০ ডলার।
যেসব ভক্তের ম্যাচের টিকেট নেই, তাদের জন্য বিকল্প হিসেবে রয়েছে ১৬টি আয়োজক শহরের আশপাশে আয়োজিত ফ্যান ফেস্টিভাল। কানসাস সিটির ফ্যান ফেস্টে একসঙ্গে ২৫,০০০ মানুষ প্রবেশ করতে পারবে। নিউইয়র্কে ইউএস ওপেন টেনিস ভেন্যু ফ্ল্যাশিং মিডোতে ফ্যান জোনে রূপান্তর করা হবে, যেখানে সর্বোচ্চ ১০,০০০ জন অর্থপ্রদানকারী দর্শক প্রবেশ করতে পারবেন। যদিও তা কেবল ১৭ থেকে ২৮ জুন পর্যন্ত।
ব্যাটিং বিপর্যয় কাটিয়ে শেষদিনে লড়াইয়ে ফেরার কোনো সুযোগই তৈরি করতে পারল না বাংলাদেশ। স্পিনার সাইমন হার্মারের ঘূর্ণিতে টপাটপ উইকেট হারিয়ে মাত্র ১৬৮ রানেই গুটিয়ে গেল সফরকারীদের দ্বিতীয় ইনিংস। এতে জয়ের জন্য পাওয়া ১২ রানের মামুলি লক্ষ্য পেরিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।জোহানেসবার্গ টেস্টে বৃহস্পতিবারের প্রথম সেশনেই ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। চতুর্থ দিনের ৩৪.২ ওভারে ৫ উইকেটে ১০০ রান নিয়ে মাঠে নেমেছিল তারা। বাকি ৫ উইকেট হারিয়ে এদিন ২১.১ ওভারে তারা যোগ করতে পারে আর ৬৮ রান। তাতে ইনিংস হার এড়ানো গেলেও মেলে কেবল ১১ রানের লিড। তা নিয়ে প্রতিদ্বন্দ্বিতার কোনো উপায় ছিল না।
রান তাড়ায় প্রথম ওভারেই ভাঙে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি। মেহেদী হাসান মিরাজের শেষ বলে খোঁচা মেরে স্লিপে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর তালুবন্দি হন কলিন অ্যাকারম্যান। ২ বল খেলে তার রান শূন্য।দ্বিতীয় ওভারে ইবাদত হোসেন ছক্কা হজমের পরের বলেই উপড়ে ফেলেন এইডে৷ মার্করামের স্টাম্প। কিন্তু বাংলাদেশের উল্লাসে বাধা দিয়ে আম্পায়ার জানান নো বলের সিদ্ধান্ত। রিপ্লেতে দেখা যায় ক্রিজের লাইনেও পা ছিল না ইবাদতের। জীবন পাওয়া মার্করামই সিঙ্গেল নিয়ে খেলা শেষ করে দেন। ৯ বলে ৮ রানে অপরাজিত থাকেন তিনি। তিনে নামা জুবাইর হামজা ছিলেন স্রেফ দর্শকের ভূমিকায়।সব বিভাগে আগের দিনের হতাশাজনক পারফরম্যান্সের কারণে পঞ্চম দিনে ম্যাচ বাঁচানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। সেই আশা অপূর্ণই থেকে যায়। মাত্র ৮ রানে পতন হয় শেষ ৪ উইকেটের।
দুই অপরাজিত ব্যাটার লিটন দাস ও মুশফিকুর রহিমের কাঁধে ছিল বড় দায়িত্ব। তবে প্রথম ঘণ্টাও নিরাপদে কাটিয়ে দিতে পারেননি তারা। কাগিসো রাবাদার বলে সাবলীল খেলতে থাকা লিটন বোল্ড হলে ভাঙে ৬২ বলে ৪৭ রানের জুটি। ছয়টি চারে লিটন ৩৮ বলে করেন ৩৯ রান। দলের সংগ্রহ তখন ১৩৪, ড্রয়ের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যায়।
এরপর মুশফিক ও মিরাজ মিলে দলকে কিছুদূর এগিয়ে নিয়ে যান। ইনিংস হারের শঙ্কা এড়িয়ে যায় বাংলাদেশ। এরপর ভয়ঙ্কর হয়ে ওঠেন হার্মার। শেষ ৪ উইকেটের সবকটিই যায় তার ঝুলিতে।হার্মারের বল সামনে এগিয়ে খেলার চেষ্টায় শর্ট লেগে ক্যাচ দেন মুশফিক। আম্পায়ার শুরুতে আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় স্বাগতিকরা। ৬২ বলে চারটি চারে ২২ রান আসে মুশফিকের ব্যাট থেকে। এরপর মিরাজ খেলেন ব্যাখ্যাতীত এক শট। পরিস্থিতি না বুঝে ক্রিজ ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন তিনি। ৩১ বলে দুটি চারে তার রান ১৫। শেষে পরপর দুই বলে হাসান মাহমুদ ও ইবাদতকে ফিরিয়ে বাংলাদেশের দুর্দশার ইতি টানেন হার্মার।
এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল করল দক্ষিণ আফ্রিকা। আট ম্যাচের ছয়টিতে জিতে ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে তালিকার শীর্ষে। নয় ম্যাচের তিনটিতে জেতা ও দুটিতে ড্র করা বাংলাদেশ ৪০.৭৪ শতাংশ পয়েন্ট নিয়ে আছে পাঁচে।
লিটন দাস
মেহেদী হাসান মিরাজের বলে পরপর দুই ছক্কা মেরে বেরিয়ে গিয়ে আরেকটি বড় শট খেলতে গেলেন কাগিসো রাবাদা, এবার ব্যর্থ হলেন তিনি। সুযোগ পেয়ে গেলেন লিটন দাস। গ্লাভসে বল জমিয়েই বেলস ফেলে দিলেন তিনি।দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে এটি লিটনের অষ্টম ডিসমিসাল। টেস্টের সুদীর্ঘ ইতিহাসে তিনিই প্রথম কিপার হিসেবে আট ডিসমিসালের বিশ্ব রেকর্ড গড়লেন।
মিরাজ পেলেন নিজের দ্বিতীয় উইকেট। ৯৩ বলে দুই ছয় ও ১০ চারে ৭২ রান করেন রাবাদা। ১১৬ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৯ উইকেটে ৫১২। ক্রিজে টেম্বা বাভুমার সঙ্গী ডেইন প্যাটারসন।
ট্রফি হাতে ভারতের উল্লাস
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মাঠের ভেতর ও বাইরে বাড়তি উত্তেজনা, স্নায়ুচাপ আর তীব্র প্রতিদ্বন্দ্বিতা। দুই দেশের রাজনৈতিক বৈরিতার আঁচ প্রায়ই এসে পড়ে খেলার মাঠে। সাম্প্রতিক সময়ে ক্রিকেট মাঠে দুই দলের খেলোয়াড়দের হাত না মেলানো বা উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে কম আলোচনা হয়নি।
কিন্তু ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ যেন সব বৈরিতা ধুয়ে মুছে এক অন্যরকম বার্তা দিল। প্রমাণ করল, মাঠের ৯০ মিনিটের লড়াই আর রাজনৈতিক সীমানা শেষ পর্যন্ত খেলার মূল সুর—সৌহার্দ্য ও সম্মানকে ছাপিয়ে যেতে পারে না।
মঙ্গলবার (১৭ নভেম্বর) পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফে রেকর্ড দশমবারের মতো শিরোপা জিতেছে ভারত। তবে ম্যাচের উত্তেজনাকর ফলাফলের চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে ফাইনাল শেষে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর পারস্পরিক সম্মান প্রদর্শনের চমৎকার এক দৃশ্য। রানার্সআপ ট্রফি নিতে যাওয়ার সময় পাকিস্তান দলকে গার্ড অব অনার দিয়ে সম্মান জানায় ভারত। এরপর চ্যাম্পিয়ন ভারতীয় দলটিকেও একইভাবে গার্ড অব অনার জানায় পাকিস্তানি খেলোয়াড়রা। দুই দলের এই সৌজন্য বিনিময় যেন খেলার মাঠের এক অনন্য রূপকথা।
টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে চারদিকে ছিল চরম কৌতূহল। রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব ফুটবল মাঠেও পড়বে কি না, সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন ছুটে গিয়েছিল দুই দলের কোচের দিকে। তবে তাদের উত্তরগুলো ছিল ভীষণ স্পষ্ট ও পেশাদার—মাঠে লড়াই হবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু খেলা শেষে সৌজন্য বিনিময়ে কোনো আপত্তি নেই। ভারতীয় দলের কোচ নওশাদ মুসা তো বলেই দিয়েছিলেন, তারা শুধু হাত মেলাতেই নয়, প্রয়োজনে কোলাকুলি করতেও প্রস্তুত।
শিরোপা নির্ধারণী ম্যাচ শেষে সেই কথারই বাস্তবে অসাধারণ প্রতিফলন দেখা গেল। ফাইনালের মতো হাই-ভোল্টেজ ও আবেগঘন একটি লড়াইয়ের পর শুধু হাত মেলানো বা কোলাকুলিতেই সীমাবদ্ধ থাকেনি সেই সৌহার্দ্য; গার্ড অব অনারের মতো সম্মানজনক প্রটোকল দুই পক্ষ থেকেই যেভাবে পালিত হয়েছে, তা ক্রীড়াঙ্গনে বিরল এক দৃষ্টান্ত।
ফাইনালে অবশ্য শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। প্রথমার্ধের যোগ করা সময়ে আলমগীর আলী খান গাজীর ডান পায়ের বাঁকানো শটে তারা এগিয়েও গিয়েছিল। তবে দমে যায়নি ব্লু টাইগার্সরা। ম্যাচের ৬০ মিনিটে ফরোয়ার্ড সুহাইল ভাটের দুর্দান্ত গোলে ১-১ সমতা ফেরায় ভারত। এরপর ৮৮ মিনিটে কর্নার থেকে ডিফেন্ডার সন্দীপ মান্ডির নিখুঁত হেড জালে জড়ালে ২-১ গোলের জয় নিশ্চিত হয় ভারতের।
শুধু দলীয় শিরোপা নয়, টুর্নামেন্টের ব্যক্তিগত পুরস্কারেও একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে ভারত। সেরা গোলকিপার, সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্টসেরা খেলোয়াড়—তিনটি পুরস্কারই জিতেছেন ভারতীয় ফুটবলাররা। চ্যাম্পিয়ন দল হিসেবে ভারত জিতেছে ৪০ হাজার ডলার (প্রায় ৫০ লাখ টাকা), আর রানার্সআপ পাকিস্তান পেয়েছে ১৫ হাজার ডলার (প্রায় ১৯ লাখ টাকা)।
ক্রিকেট মাঠে যখনই ভারত-পাকিস্তান মুখোমুখি হয়, তখন গ্যালারির গর্জন আর খেলোয়াড়দের মধ্যকার অদৃশ্য দেওয়াল অনেক সময়ই অস্বস্তির পরিবেশ তৈরি করে। কিন্তু ফুটবল যেন আজ সেই দেওয়াল গুঁড়িয়ে দিয়ে এক সুতোয় বাঁধল দুদেশকে। ট্রফি আর হারের দীর্ঘশ্বাসের বাইরে গিয়ে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের এই আলিঙ্গন ও সম্মান প্রদর্শন ক্রিকেটবিশ্বের জন্য একটি বড় শিক্ষা।
দিনশেষে ট্রফি একটি দলই জিতেছে, কিন্তু জয় হয়েছে ফুটবলেরও। রাজনীতির দেওয়াল ভেঙে ঢাকার সবুজ গালিচা যে সম্প্রীতির বীজ বুনে দিল, তা দীর্ঘদিন স্মরণে রাখবে দুই দেশের ক্রীড়াপ্রেমীরা।
ছবি : সংগৃহীত
বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির শিষ্যরা ৭–০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে কোস্টারিকাকে। ম্যাচে জোড়া গোলের কৃতিত্ব দেখিয়েছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এছাড়া আর্জেন্টিনার হয়ে একটি গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
বাংলাদেশ সময় আজ বুধবার (১৮ নভেম্বর) ভোরে আর্জেন্টিনার কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রথমার্ধেই চার গোলের দাপটে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় আর্জেন্টিনা। ম্যাচের অষ্টম মিনিটে নিকো পাজের গোলে লিড নেয় স্বাগতিকরা। এরপর ৩৫ মিনিটে ব্যবধান বাড়ান হুলিয়ান আলভারেজ। তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনার লিড ৩–০ করেন পাজ।
বিরতিতে যাওয়ার ঠিক আগে, ৪৩ মিনিটে আলভারেজও নিজের দ্বিতীয় গোলের দেখা পেলে ৪–০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্কালোনির দল।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলে গোলের ব্যবধান বাড়াতে থাকে আর্জেন্টিনা। ৪৮ মিনিটে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর গোলে স্কোরলাইন দাঁড়ায় ৫–০। এরপর ৭৮ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার জালে বল পাঠিয়ে ব্যবধান ৬–০ করেন। ম্যাচের ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে আর্জেন্টিনার ৭–০ গোলের বড় জয় নিশ্চিত করেন মাস্তানতুয়োনো।
ম্যাচে নিকো পাজ ও হুলিয়ান আলভারেজের জোড়া গোলের পাশাপাশি মাস্তানতুয়োনোর জোড়া গোলও আর্জেন্টিনার জয়ে বড় ভূমিকা রাখে।
ছবি: সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত