সংগৃহীত ছবি

  • প্রকাশ : সোমবার ১৩ জুলাই, ২০২৬, সময় : ৪:২৩ এএম

টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। সোমবার সকালে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি অনেক পরীক্ষার্থী। রাস্তাঘাটে থৈথৈ পানির কারণে অনেক জায়গায় যানবাহন চলাচল কমে গেছে। এ অবস্থায় নৌকায় চড়ে কেন্দ্রে ঢুকছে দেখা গেছে পরীক্ষার্থীদের। নগরের মহিলা কলেজ কেন্দ্রের ভেতর শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করা হয়। সকাল সাড়ে ৯টায় কুমিল্লা মহিলা সরকারি কলেজ কেন্দ্রে কয়েকজন শিক্ষার্থীকে নৌকায় করে পরীক্ষা কেন্দ্রে যেতে দেখা গেছে। 


জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ বলেছেন, ‘কেন্দ্র কর্তৃপক্ষ বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখছে।’ 


মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী তাছলিমা আক্তার বলেন, ‘এমন প্রাকৃতিক দুর্যোগে সকল বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা উচিত ছিল। বৃষ্টিতে ভিজে পরীক্ষার কেন্দ্রে যেতে হচ্ছে। এ সময় অধিকাংশ পরীক্ষার্থীকে ভেজা কাপড়ে কেন্দ্রে যেতে দেখা যায়। ডুবে যাওয়া সড়কে কাউকে কাউকে পড়ে যেতেও দেখা গেছে। বর্ষায় পরীক্ষা নিয়ে অভিভাবকদেরও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। 


কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার বলেন, এ কেন্দ্রে আটটি কলেজের ২১ শ’ পরীক্ষার্থী আছে। মাঠে পানি থাকলেও রুমের ভেতর পানি নেই। যে সকল পরীক্ষার্থী একটু দেরিতে কেন্দ্রে এসেছে তাদের অতিরিক্ত সময় দিতে বোর্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে। 


কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ বলেন, বোর্ডের অধীন ৬ জেলায় ভারী বর্ষণে কেন্দ্রের সামনে ও রাস্তায় জলাবদ্ধতা দেখা দিলেও কক্ষের ভেতর কোথাও পানি ঢোকেনি। যেসব পরীক্ষার্থী কিছুটা বিলম্বে কেন্দ্রে গেছে তাদের বিষয়টি সহানুভূতির সাথে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।  আশা করি, কোনো পরীক্ষার্থীর পরীক্ষা দিতে সমস্যা হবে না। 


কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু জানান, সকালে পরীক্ষা শুরুর আগ থেকে তিনি সরকারি মহিলা কলেজ কেন্দ্রে গিয়ে পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে প্রবেশের কাজ তদারকি করেছেন।


আজ সোমবার মাত্র তিন ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুমিল্লায়। এতে তলিয়ে গেছে নগরীর প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকা। কোথাও হাঁটুসমান, কোথাও কোমরসমান পানি জমে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। 


এদিকে জলাবদ্ধতার সুযোগে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া দ্বিগুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন চালকেরা। অতিরিক্ত ভাড়া গুণতে বাধ্য হচ্ছেন সাধারণ যাত্রীরা। 


কুমিল্লা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় রেকর্ড হয়েছে ১০৭ মিলিমিটার বৃষ্টি। দিনভর আরও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ১৬ আগস্ট, ২০২৬, সময় : ৪:৪৩ পিএম

গাজীপুরের কালীগঞ্জে ব্যবসায়ীর বাড়ীতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল গৃহকর্ত্রীকে কুপিয়ে খুন করে গৃহকর্তা ও তার মেয়েকে গুরুতর জখম করেছে। নিহতের নাম মোসা. কামরুন নাহার আক্তার (৩৫)। আহত তার স্বামী মঞ্জুরুল হক (৪০) ও মেয়ে সানজিদা আক্তার (১৬)। ঘটনাটি শুক্রবার (১৪ আগস্ট) রাতে কালীগঞ্জের নাগরী ইউনিয়নের নগরভেলা তেঁতুইবাড়ি গ্রামে ঘটেছে। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে নগরভেলা গায়েনবাড়ী এলাকার বাসিন্দা রড-সিমেন্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের টিনশেড বাড়ির গ্রিলের গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে ১০-১২ জনের একদল ডাকাত। এ সময় আশপাশের কয়েকটি বাড়ির বাসিন্দাদেরও অবরুদ্ধ করে রাখে তারা। বাড়িতে ঢুকেই তারা দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের কোপাতে শুরু করে। এ সময় ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে ডাকাত দল পালিয়ে যায়। ততক্ষণে মঞ্জুরুল ইসলামের স্ত্রী মোসা. কামরুন নাহার আক্তার মারা যান। আহত ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম ও তার মেয়ে সানজিদা আক্তার মিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ  উপপরিদর্শক (এসআই) ফাইজুর রহমান বলেন, ডাকাতদের অস্ত্রের আঘাতে গৃহকর্ত্রী মোসা. কামরুন নাহার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার এই পরিবার একটি এনজিও থেকে ২০ লাখ টাকা উত্তোলন করেন। টাকা নিতে এসে ডাকাত দলের সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে। বাড়ির ভেতরের আসবাবপত্র সব গোছানো অবস্থায় রয়েছে। বাড়ির সদস্যরা হাসপাতালে থাকায় কোনো মালামাল বা টাকা লুট হয়েছে কি না তা এখনো জানা যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।


কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ডাকাত বেশে এসে এই হামলা চালিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন। তাঁরা ভেতরে প্রবেশের পর বিষয়টি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যাবে বলে জানান তিনি। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। 


শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। তিনি বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও তদন্ত শুরু করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ১৬ আগস্ট, ২০২৬, সময় : ৩:২৬ পিএম

মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


শনিবার দুপুরে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার আজিজুর সরদারের মেয়ে নানাবাড়িতে বেড়াতে যায়। পরে খালাতো জান্নাতুল, আতিকা ও লাবিবাসহ তিনজন বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পুকুরের গভীর পানিতে চলে গেলে দুজন পানিতে তলিয়ে যায়। অপরজনও পানিতে হাবুডুবু খেতে থাকে।

পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরীকে মৃত ঘোষণা করেন। অপর কিশোরীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুই কিশোরীর মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।


 শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, দুই কিশোরীর পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। 


সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ১৬ আগস্ট, ২০২৬, সময় : ৩:১৯ পিএম

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) গাজীপুর জেলা শাখার উদ্যোগে বার্ষিক মিলনমেলা-২০২৬ বৃহস্পতিবার (১৪ আগস্ট) গাজীপুরের নাটা এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন এলাকার ওষুধ ব্যবসায়ী, সংগঠনের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) গাজীপুর জেলা শাখার সভাপতি হাজী মো. শামসুল হক। উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আল-আমিন হোসেন (অপু), সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম এবং সাবেক সভাপতি এম এ লতিফ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, গাজীপুর মহানগর কৃষক দলের সভাপতি আতাউর রহমান আতা, বিসিডিএস টঙ্গী পশ্চিম থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. রাফিজুল ইসলাম এবং সহ-সভাপতি সিদ্দিকুর রহমান।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আরাফাত রহমান লিটু, কাউসার মাহমুদ, মো. খোরশেদ আলম, মো. নাসির উদ্দিন মাস্টার, মো. এনামুল হক, মো. দেলোয়ার হোসেন, মো. কানন, মো. সেলিম এবং ইঞ্জিনিয়ার ইমরান হোসেনসহ জেলার বিভিন্ন পর্যায়ের ওষুধ ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা।


বক্তারা বলেন, ওষুধ ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য এবং পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এ ধরনের মিলনমেলার আয়োজন করা হয়। ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।


অনুষ্ঠানের শেষপর্বে অংশগ্রহণকারীদের জন্য কমন গিফট বিতরণ এবং র‍্যাফেল ড্র-এর আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ১৬ আগস্ট, ২০২৬, সময় : ৩:১৩ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বাদ আসর দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, খালেদা জিয়া আজ তাঁদের মাঝে নেই। তাঁর আদর্শ ও রাজনৈতিক চেতনাকে ধারণ করে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীলভাবে পথ চলতে হবে। কোনো কাজ করার আগে তা দলের, দেশের এবং সাধারণ মানুষের জন্য ভালো না মন্দ—তা বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, “দল আমাদের, দেশ আমাদের। ক্ষমতায় বিএনপি—এমন কোনো কাজে আমরা জড়াবো না, এমন কোনো কাজ করবো না”। একই সঙ্গে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সামাজিকভাবে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সৈয়দ জাহাঙ্গীর আলম আরও বলেন, খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপির প্রতি আস্থা রেখে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নিতে হবে। পরে তিনি মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁদের প্রয়াত সন্তান আরাফাত রহমান কোকোর জন্য দোয়া কামনা করেন। পাশাপাশি বিএনপির প্রয়াত নেতাকর্মী এবং সম্প্রতি মৃত্যুবরণকারী সবার আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।


জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জুলাইয়ের আন্দোলনে নিহত ব্যক্তিবর্গ এবং দিনাজপুরে মৃত্যুবরণকারী সবার আত্মার মাগফিরাত কামনা করেন। আল্লাহ যেন তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এ কামনা করেন তিনি।


দোয়া মাহফিলে জেলা বিএনপির সহ-সভাপতি মো. হাসানুজ্জামান উজ্জ্বল, উপদেষ্টা অ্যাডভোকেট মো. আনিসুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ও দিনাজপুর জেলা তাঁতীদলের সভাপতি মো. রেজাউল ইসলাম গুরু, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার, সহ-প্রচার সম্পাদক হীরা ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও নাজমুল হুদা জনি উপস্থিত ছিলেন।


এ ছাড়া দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মো. আব্দুল কাইয়ুম, দিনাজপুর পৌর বিএনপির সভাপতি জিয়াউল হক জিয়া, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক হাসু খাঁন, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, জেলা মহিলা দলের সভানেত্রী জিন্নাত আরাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিনাজপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. বাবু চৌধুরী।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপির প্রয়াত নেতাকর্মী এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট ১৯৪৫ সালে তৎকালীন দিনাজপুর জেলার জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বলে বাংলাপিডিয়ায় উল্লেখ রয়েছে। তিনি দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন এবং দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। ১৯৯১-১৯৯৬ এবং ২০০১-২০০৬ মেয়াদে তিনি মোট তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়ীত্ব পালন করেন।


২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ২০২৬ সালের ১৫ আগস্ট তাঁর মৃত্যুর পর প্রথম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে।এদিকে, খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৭ ফেব্রুয়ারী ২০২৬ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ১৬ আগস্ট, ২০২৬, সময় : ৩:০৭ পিএম

ঐতিহ্য, আনন্দ ও গ্রামীণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পঞ্চগড়ের আটোয়ারীতে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রাম বাংলার নারীদের উৎসব ২.০’। নুর এন্ড নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (১৪ আগস্ট) আটোয়ারীর বালিয়া লক্ষীথান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। গ্রামের সাধারণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনায় উৎসবস্থল দিনভর প্রাণবন্ত হয়ে ওঠে।


উৎসবের সমাপনী পর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির ও তাঁর সহধর্মিণী সোনিয়া জামান খান। এ সময় তাঁরা উৎসবে অংশ নেওয়া গ্রামবাসীদের সঙ্গে সরাসরি কুশল বিনিময় ও মতবিনিময় করেন। তাঁদের আন্তরিক আলাপচারিতায় উপস্থিত নারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।


আয়োজকরা জানান, গ্রামীণ নারীদের আনন্দ, পারস্পরিক সম্প্রীতি ও ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। উৎসবে অংশ নেওয়া নারীরাও এমন আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


দিনব্যাপী উৎসব শেষে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী, অতিথি ও সহযোগীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ১৬ আগস্ট, ২০২৬, সময় : ২:৪৪ পিএম

নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।


রোববার (১৬ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো.শওকত আলী এ রায় ঘোষণা করেন।


মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বেগমগঞ্জ উপজেলার ওমর নাসির সাজু (৩২), ওমর শরীফ সুলতান (২৫) এবং নোয়াখালী পৌরসভা এলাকার মো. সৌরভ (২৭)। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, বেগমগঞ্জ উপজেলার ফিরোজ মাহমুদ বাপ্পী (২৭), কুদরত উল্যাহ (৬৫) ও হারুনুর রশীদ বাবুল (৪৫)।


মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২১ মে দুপুরে কলেজ নোয়াখালী সরকারি কলেজ সংলগ্ন হোস্টেলের পুকুরে কুকুরকে গোসল করানোকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেনের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিন সন্ধ্যার পর স্থানীয়ভাবে শালিস বৈঠক বসে। শালিসে আনোয়ারের বন্ধু রাজিব ও ওয়াসিমও উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে পূর্বপরিকল্পিতভাবে এজাহারভুক্ত আসামিরা দলবদ্ধ হয়ে ভুক্তভোগীদের ওপর হামলা চালায়। একপর্যায়ে আসামি সাজু, সৌরভ ও সুলতান এলোপাতাড়ি গুলি ছুড়লে ওয়াসিম, রাজিব ও ইয়াছিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন। পরে ওয়াসিম ও ইয়াছিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত রাজিবের স্ত্রী কামরুন নাহার ছবি বাদী হয়ে সুধারাম থানায় হত্যা মামলা দায়ের করেন।


রায়ে সন্তোষ প্রকাশ করে ১ নম্বর অতিরিক্ত আদালতের পিপি ও বাদীপক্ষের আইনজীবী মো. বরুত উল্যাহ রাসেদ বলেন, গ্রেপ্তার একমাত্র আসামি ফিরোজ আলম বাপ্পীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়েছে। মামলার পর থেকে অপর পাঁচ আসামি পলাতক রয়েছেন।


অন্যদিকে, আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. শামসুদ্দিন।

সর্বশেষ সব খবর