ভবনে আগুন

  • প্রকাশ : শনিবার ১৩ ডিসেম্বর, ২০২৫, সময় : ১২:৩৬ এএম

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজারে শনিবার ভোরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। 


ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়েছে তারা। ৫টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস কর্মীরা। ভবনের ৪২ জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। 


ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের জ্যেষ্ঠ স্টাফ অফিসার শাহজাহান শিকদার জানান, ওই ভবনের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনসহ মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। 


ফায়ার সার্ভিস বলছে, ভবনটিতে কাপড় ও তারের গোডাউন রয়েছে।


ভবনের মালিক জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশী: এদিকে কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, আগুন লাগা ওই ভবনটির নাম জাবালে নুর টাওয়ার যার মালিক হাজি ফারুক হোসেন। তিনি আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়নপ্রত্যাশী। কেরানীগঞ্জের আগানগর বাবুবাজার ব্রিজের সঙ্গে এই ভবনটির অবস্থান। এ ব্যাপারে ভবনটির মালিক হাজি ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।  


মো. সুমন মিয়া নামে  স্থানীয় একজন বলেন, ভবনটির নিচে আন্ডারগ্রাউন্ড। সেখানে শীতের পোশাক মজুত ছিল। 


বঙ্গবাজার ফায়ার সার্ভিস লিডার হেমায়েত মোল্লা বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছি। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


অগ্নিকাণ্ড তদন্তে কমিটি: কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক বলেন, আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিতে রয়েছেন কেরানীগঞ্জ ভূমি দক্ষিণ সার্কেল এসিল্যান্ড আফতাব আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ওসি তদন্ত, ফায়ার সার্ভিস সদস্য, কলকারখানা পরিদর্শক ও কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ০৩ অক্টোবর, ২০২৬, সময় : ৯:৫৮ পিএম

নদীর ভাঙন রোধে তীরে জিওব্যাগ ফেলার প্রকল্প হাতে নেয় সরকার। কিন্তু ভাঙন রোধে ফেলা ব্যাগগুলো ভরা হচ্ছে সেই ভাঙনকবলিত নদীর তলদেশ থেকে তোলা বালু দিয়েই। স্থানীয় লোকজনের প্রশ্ন, এভাবে কি আদৌ ভাঙন রোধ করা সম্ভব? এটি যেন 'মাছের তেলে মাছ ভাজা'। নীলফামারীর জলঢাকা উপজেলার চাড়ালকাটা নদীতে এমন অনিয়মের অভিযোগ উঠেছে। এতে নদীভাঙন আরও বহুগুণ বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।


প্রতিবছর বর্ষা মৌসুমে চাড়ালকাটা নদীর উজানের পানির চাপ ও টানা বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকায় ভাঙন শুরু হয়। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে অনেক ঘরবাড়ি ও ফসলি জমি।


জরুরি ভিত্তিতে ভাঙন রোধে সরকারের পক্ষ থেকে জিওব্যাগ ডাম্পিংয়ের প্রকল্প হাতে নেওয়া হয়। এতে ২ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ দেয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এই টাকায় জলঢাকা উপজেলার হরিশচন্দ্র পাঠ, বসুনিয়াপাড়া ও বাবুপাড়াসহ ভাঙনকবলিত এলাকার ৯টি প্যাকেজে ১ হাজার ৩৫ মিটার চাড়ালকাটা নদীর ডান তীর রক্ষা কাজ করা হচ্ছে।


নিয়ম অনুযায়ী অন্য জায়গা থেকে শুকনা ও নির্দিষ্ট মানের মোটা বালু এনে তা দিয়ে জিওব্যাগ ভরাটের কথা থাকলেও ভাঙনকবলিত নদী থেকেই বালু তুলে ব্যাগ ভরা হচ্ছে। সরকারি দরপত্র অনুযায়ী নদীর তলদেশে জিওব্যাগ ফেলার পাশাপাশি ওপরের অংশে পাটের বস্তায় নির্দিষ্ট অনুপাতে বালু ও সিমেন্টের মিশ্রণ দিয়ে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করার কথা। এ ছাড়া জিওব্যাগ ভর্তিতে ছয় বস্তা বালুর সঙ্গে এক বস্তা নির্দিষ্ট মানের সিমেন্ট মেলানোর কথা থাকলেও ঠিকাদার তা মানছেন না বলে অভিযোগ উঠেছে।


'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০'-এর ৪ ধারা অনুযায়ী, নদীর তীর, বাঁধ বা সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার ১ কিলোমিটারের মধ্যে শ্যালো ড্রেজার বা বোমা মেশিন দিয়ে বালু তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। আইনটির ১৫(১) ধারা অনুসারে এ নিয়ম অমান্য করা দণ্ডনীয় অপরাধ, যার জন্য সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ীও নদী রক্ষা কাজে নদী তলদেশের পলি বা ভাঙনকবলিত এলাকার বালু ব্যবহার করা যাবে না।


কিন্তু সরেজমিন দেখা গেছে, চাড়ালকাটা নদীর যে স্থানে জিওব্যাগ ফেলা হয়েছে, তার ৫০ মিটারের মধ্যে ২৪ হর্স পাওয়ারের উচ্চ ক্ষমতাসম্পন্ন একাধিক শ্যালো ইঞ্জিনচালিত খননযন্ত্র (বোমা মেশিন) দিয়ে গভীর গর্ত করে ভূগর্ভস্থ বালু উত্তোলন করা হচ্ছে। ব্যাগে নির্দিষ্ট এফএম (Fineness Modulus) মানের মোটা বালু দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে নদীর পলিযুক্ত চিকন বালু। নিয়ম অনুযায়ী এই কাজ তদারকির জন্য জেলা প্রশাসন ও পাউবোর যৌথ টাস্কফোর্স কমিটি থাকলেও বাস্তবে কোনো কার্যকর নজরদারি দেখা যায়নি।


নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, 'সরকার থেকে টেন্ডার নেওয়া হয়েছে বাইরে থেকে বালু আনার জন্য। কিন্তু এই নদী থেকেই বালু তুলে আবার নদীর কিনারেই দেওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে নদী, বালু বা রাস্তাঘাট, কোনোটাই টিকবে না।'


আরেক বাসিন্দা জানান, তাঁদের এলাকা এমনিতেই নিচু। এভাবে নদী থেকে বালু তুলে ভাঙন বাড়লে তাঁরা কোথায় যাবেন, কোথায় আশ্রয় নেবেন-তা নিয়ে চরম উৎকণ্ঠায় আছেন। সামনের বর্ষায় তীর রক্ষা বাঁধ পুরোপুরি ধসে পড়ার আশঙ্কা করছেন তাঁরা।


স্থানীয় বাসিন্দারা জানান, ছয় বস্তা বালুর বিপরীতে এক বস্তা সিমেন্ট ব্যবহারের কথা থাকলেও পুরোনো চটের ছেঁড়া বস্তায় পলিযুক্ত বালুর সঙ্গে নামমাত্র সিমেন্ট দেওয়া হচ্ছে। এতে কাজ শেষ হতে না হতেই বস্তা নষ্ট হয়ে বালু ঝরে পড়ছে। স্থানীয় লোকজন কাজের অনিয়মে বাধা দিলেও কোনো প্রতিকার মেলেনি। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েও কাজ হয়নি।


এ বিষয়ে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রেজা আহমেদ বলেন, "আমরা আইটেম অ্যাসেস করি। যদি কোনো প্রকার অসঙ্গতি হয়, অ্যাসেসমেন্ট কমিটি সে অনুযায়ী ব্যবস্থা নেবে। কমিটির রিপোর্টের ভিত্তিতে আমরা সামনে এগোব। প্রকল্প শেষে বিষয় টি খতিয়ে দেখা হবে।"


তবে কাজ চলাকালেই নিয়মিত তদারকি ও পরীক্ষার  নিয়ম থাকলেও প্রকল্প শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার কথা জানালেন এই কর্মকর্তা।


এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, নদী থেকে অবৈধ বালু উত্তোলনের সুযোগ নেই। ইতিমধ্যে প্রশাসন অভিযান চালিয়ে জরিমানা করেছে। বালু উত্তোলন বন্ধে  আরও কঠোর পদক্ষেপের আশ্বাস দেন তিনি। 

সর্বশেষ সব খবর

দিনাজপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময়

খেলাধুলার মাধ্যমে একটি সুন্দর দেশ গঠন করা সম্ভব: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী


  • প্রকাশ : শনিবার ০৩ অক্টোবর, ২০২৬, সময় : ৯:২৭ পিএম

খেলাধুলার সার্বিক প্রসার ও অনুশীলনের মাধ্যমে তরুণ সমাজকে সুসংগঠিত করে একটি সুন্দর বাংলাদেশ গঠন করা সম্ভব বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।


শনিবার দিনাজপুর সরকারি কলেজে আয়োজিত ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার (রংপুর বিভাগ) উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিনি জানান, 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং নির্বাচিত ৩০৬ জন উদীয়মান ও প্রতিভাবান অ্যাথলেট বর্তমানে বিকেএসপিতে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করছে। সারাদেশে আধুনিক ক্রীড়া অবকাঠামো তৈরির লক্ষ্য নিয়ে 'স্পোর্টস ভিলেজ' প্রতিষ্ঠা এবং প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণে মন্ত্রণালয় কাজ করছে। স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার ও নতুন প্রতিভা অন্বেষণে দিনাজপুর বিকেএসপিকে একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। 


যুব সমাজের স্বাবলম্বিতা ও কর্মসংস্থান সৃষ্টির চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে বর্তমানে ৮৩টি ট্রেডে  প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। একই সাথে ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তরুণদের দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, গত ৬ মাসে ফ্রিল্যান্সিং খাত থেকে ৩৪ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। এছাড়া সরকারের  'আর্ন' প্রকল্পের  মাধ্যমে দেশের ৯ লাখ যুব ও যুব নারীকে প্রশিক্ষণ প্রদান করা হবে, যা দিনাজপুরের ১০টি উপজেলাতে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে।


প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানিয়ে বলেন, দল-মত নির্বিশেষে সবাই একসাথে কাজ করে এবং খেলাধুলার সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমেই একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।


জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ০৩ অক্টোবর, ২০২৬, সময় : ৯:২৬ পিএম

গাজীপুর মহানগরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় একটি গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারখানার ভেতরে আটকে পড়ে ধোঁয়ায় অসুস্থ অন্তত ৭০ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 


আজ শনিবার দুপুর পৌনে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।


গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, সাততলা ওই কারখানার তিনতলায় আগুনের সূত্রপাত হয়। আগুনে সৃষ্ট ধোঁয়ায় এ পর্যন্ত ৭০ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আশপাশে পুকুর বা পানির কোনো উৎস না থাকা এবং কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেশ বেগ পেতে হচ্ছে।


অগ্নিনির্বাপণ কার্যক্রম সম্পর্কে তিনি আরও জানান, দুপুর পৌনে ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটিসহ মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ০৩ অক্টোবর, ২০২৬, সময় : ৮:৪৪ পিএম

গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন ৪৪ নম্বর ওয়ার্ডের গোপালপুর সোসাইটি মাঠ সংলগ্ন মহব্বতনগর এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৩ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মহব্বতনগর এলাকার সোসাইটি মাঠ সংলগ্ন শাহিন আলম নামের এক ব্যক্তির ঝুটের গোডাউনে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। গোডাউনটিতে বিপুল পরিমাণ ঝুট কাপড়, প্লাস্টিক এবং নষ্ট ব্যাটারিসহ বিভিন্ন মালামাল মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় বিকেল ৬টা ১৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। 


গোডাউনের মালিক শাহিন আলম ও ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুনে গোডাউনে থাকা মালামাল পুড়ে গিয়ে আনুমানিক ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 


এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহিন আলম বললেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ডাম্পিনার কাজ চলছে। ঘটনার খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুল আলম এবং শিল্প পুলিশের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। ফায়ার সার্ভিস ও পুলিশের তৎপরতায় অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ০৩ অক্টোবর, ২০২৬, সময় : ৮:৩১ পিএম

গাজীপুর টঙ্গীতে চোর সন্দেহে মো. রানা (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার (৩ অক্টোবর) সকালে টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 


যুবকের মরদেহ পাশের মেধাবিকাশ স্কুলসংলগ্ন লাভলী গার্মেন্টসের সামনের মাঠে ফেলে রাখা হয়। নিহত রানা টঙ্গী পূর্ব থানার এরশাদনগর ২ নম্বর ব্লক এলাকার বাচ্চু মিয়ার ছেলে। 


স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার ভোর ৫টার দিকে গাজীপুরা পশ্চিম পাড়ার হানিফ নামের এক ব্যক্তির বাড়িতে রানা প্রবেশ করেন। এ সময় তাকে চোর সন্দেহে আটক করা হয়। পরে ওই বাড়ির ম্যানেজার ও অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন ভাড়াটিয়া মিলে রানাকে বেধড়ক মারধর করেন। এতে তার মৃত্যু হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে সকাল সাড়ে ১১টার দিকে রানার মরদেহ পাশের মেধাবিকাশ স্কুলসংলগ্ন লাভলী গার্মেন্টসের সামনের মাঠে ফেলে রেখে তারা পালিয়ে যায় বলে স্থানীয়দের অভিযোগ। সংবাদ পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। 


টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুর রহমান বললেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাস্থলে পুলিশ সদস্য রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সব খবর

সদৃশ ককটেল বস্তুর সন্ধান মিলেছে

  • প্রকাশ : শনিবার ০৩ অক্টোবর, ২০২৬, সময় : ৮:২৪ পিএম

গাজীপুরের টঙ্গীর গুটিয়ার আন্ধারুল এলাকায় ডজনখানেক সদৃশ ককটেল বস্তুর সন্ধান মিলেছে। এতে ওই এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। চলে আসছে বোম ডিসপোজাল ইউনিট। 


পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, গুটিয়ার আন্ধারুল এলাকায় ছাত্রলীগ নেতা হৃদয়ের বাড়ির সামনে সকালে ডজনখানেক সদৃশ ককটেল দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এরপর থেকেই ওই পুরো এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে। এটি সনাক্ত করার জন্য খবর দেওয়া হয়েছে বোম ডিসপোজাল ইউনিটকে এবং ১০ টি ককটেল উদ্ধার করা হয়। 


পশ্চিম থানার উপপরিদর্শক এস আই মেহেদী হাসান বলেন, আমরা পুরো এলাকাটি ঘিরে রেখেছি। মানুষের মালের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি। ককটেল বা অন্য কিছু এখনো জানা যাচ্ছে না এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ওসি মো: আরিফুর রহমান বলেন, ককটেলের মতো দেখতে দশ-বারটি বস্তু দেখা গেছে। আমরা ধারণা করছি এটি ককটেল হবে। তবে এটি সনাক্ত করার জন্য বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছে।

সর্বশেষ সব খবর