বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার দৃপ্ত অঙ্গীকার নিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন ৪৬৭ জন নবীন নাবিক। দীর্ঘ ২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে রবিবার (২৯ নভেম্বর) বেলা ১১ টায় পটুয়াখালীর কলাপাড়ায় বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে বি-২০২৬ ব্যাচের বুটক্যাম্প প্রশিক্ষণ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মধ্যে পদক ও পুরস্কার বিতরণ করেন।
নবীন নাবিকদের মধ্যে পেশাগত দক্ষতাসহ সার্বিক বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষতা অর্জন করে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন মোঃ সেজান মাহমুদ। দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ অর্জন করেন মোঃ মুজাহিদুল ইসলাম এবং তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন মোঃ শাকিল হাসান।
অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হন এবং দেশ ও জাতির প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ গ্রহণ করেন।
কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, বিশেষ করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেনসহ সকল বীর মুক্তিযোদ্ধা ও নৌ-কমান্ডোদের সর্বোচ্চ আত্মত্যাগ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর অগ্রযাত্রায় নৌসদস্যদের অকৃত্রিম দেশপ্রেম, নিরলস প্রচেষ্টা ও পেশাগত উৎকর্ষতা অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি একটি শক্তিশালী ও সমৃদ্ধ নৌবাহিনী গড়ে তুলতে নবীন নাবিকরা অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নৌবাহিনী প্রধান আরও বলেন, দেশের দক্ষিণাঞ্চলের পায়রা সমুদ্রবন্দরসহ উপকূলীয় এলাকার সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষায় বানৌজা শের-ই-বাংলা ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে এ ঘাঁটি দক্ষ ও যোগ্য নাবিক তৈরির অন্যতম সূতিকাগার হিসেবে কাজ করছে।
প্রাণবন্ত কুচকাওয়াজের মধ্য দিয়ে দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব পালনে পেশাগত জীবনে পদার্পণ করায় নবীন নাবিকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান নৌবাহিনী প্রধান। তিনি নবীন নাবিকদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণ বিদ্যালয়ে অর্জিত জ্ঞান, দক্ষতা এবং সামরিক প্রশিক্ষণ কাজে লাগিয়ে যোগ্য, দক্ষ ও গর্বিত নৌসদস্য হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় তিনি সততা, শৃঙ্খলা, আনুগত্য ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশসেবায় আত্মনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানান।
এছাড়াও নৌবাহিনীর চলমান উন্নয়ন কর্মকান্ড, ভবিষ্যৎ পরিকল্পনা কর্মতৎপরতা ও দেশের প্রতি তাদের দায়িত্ব কর্তব্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সংঘর্ষে নিহত ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা। ছবি: সংগৃহীত
রোববার (২৯ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুরে শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। ছবি: শাবিপ্রবি প্রতিনিধি
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন। রোববার ভোর ৪টায় এ ফলাফল ঘোষণা করা হয়। এরআগে শনিবার দিনভর এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দীর্ঘ আট বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।নির্বাচনে ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের শ্রমিক নেতা রাজু গোয়ালা ( কাপ পিরিচ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ (আনারস প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার (ফুটবল প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৩২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিদী (হরিণ প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৩৩ ভোট।একইদিনে দেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালিতে সাতটি কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রাথীরা নির্বাচিত হয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বিজয়ী সভাপতি রাজু গোয়ালা বলেন, দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে তাদের এই জয়, সাধারণ চা শ্রমিকদের জয়। শ্রমিকদের প্রত্যাশা ও ভাগ্য পরিবর্তনেও তারা শক্ত ভূমিকা রাখবেন।
নির্বাচন সংশিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও কেন্দ্রে শনিবার ভোটগ্রহণ হয়। এতে ভোটার সংখ্যা ছিলেন প্রায় ১ লাখ ৪৫ হাজার। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০ এরও বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মো. আরিফ হোসেন
নোয়াখালীর সেনবাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. আরিফ হোসেন (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আরিফ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া গ্রামের খালেক ডুবাই আলার বাড়ির গোরফার মিয়ার ছেলে। তিনি কানকিরহাট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ডেঙ্গুতে আক্রান্ত হন আরিফ। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। একই দিন বিকেলে বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরিফের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ বলেন, বিষয়টি তার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে পরে জানাবেন।
ভাঙ্গা হয়ে ঢাকা-বরিশাল পথে বন্ধ বাস চলাচল বাস না পেয়ে ভোগান্তিতে যাত্রীরা সড়কে গাড়ি নেই
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম আকতার চৌধুরী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি এবং প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের স্বামী।
রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, দক্ষিণ খুলশীর ভিআইপি আবাসিক এলাকা থেকে ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
পুলিশের দাবি, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কিংবা কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
ডা. সেলিম আকতার চৌধুরী কয়েক বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, মামলার নম্বর এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।