• প্রকাশ : রবিবার ০৪ অক্টোবর, ২০২৬, সময় : ৮:০১ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নির্মাণাধীন সড়কে কংক্রিট পরিবহনের কাজে নিয়োজিত ট্রাকের ধাক্কায় মনিজা খাতুন (৮০) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন।


আজ রোববার (৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের হাবিবপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের রহিম উদ্দিন জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিজা খাতুন ওই এলাকার মৃত সায়েদুল হকের স্ত্রী।




স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে মনিজা খাতুন হাবিবপুর বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় গ্রাম্য সড়কে সংস্কারকাজের জন্য কংক্রিট পরিবহনে নিয়োজিত একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলফার পালিয়ে যায়। তবে স্থানীয়রা ট্রাকটি আটক করে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে অবহিত করেন।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নুরুল হাকিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৩:০২ পিএম

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানায় ২ হাজার ৭৫০ গ্রাম ইয়াবা উদ্ধারের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় ঘোষণা করেন।


দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার মৃত কালা মিয়ার ছেলে মো. আলম (৩৯), ইব্রাহিম মিয়ার স্ত্রী সেনোয়ারা বেগম (২৭) এবং খুরুশকুল এলাকার মৃত ইমাম শরীফের ছেলে মোশারফ আলী (৩৮)।


আদালতের বেঞ্চ সহকারী নাইম হোসেন বাংলানিউজকে জানান, মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় তিন আসামিই পলাতক ছিলেন। তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।


মামলার নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৪ জুলাই চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার মীর ফিলিং স্টেশনের বিপরীতে রাজবাড়ি কনভেনশন সেন্টারের সামনে অভিযান চালিয়ে আলম, মোশারফ আলী ও সেনোয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের বহন করা ব্যাগ তল্লাশি করে মোট ২ হাজার ৭৫০ গ্রাম ইয়াবা উদ্ধার করা হয়।


উদ্ধার করা ইয়াবার মধ্যে আলমের কাছ থেকে ১ হাজার ১০০ গ্রাম, মোশারফ আলীর কাছ থেকে ৮৬৫ গ্রাম এবং সেনোয়ারা বেগমের কাছ থেকে ৭৮৫ গ্রাম ইয়াবা পাওয়া যায়।


এ ঘটনায় র‍্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের তৎকালীন সদস্য খালিদুর রহমান বাদী হয়ে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন।


  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ২:৫৮ পিএম

নবায়নযোগ্য জ্বালানিনির্ভর আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনায় গড়ে উঠছে চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনাল। দক্ষিণ এশিয়ার প্রথম গ্রিন গেটওয়ে হিসেবে টার্মিনালটি প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটির অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অংশীদারিত্ববিষয়ক স্টেট সেক্রেটারি এলসবেথ সন্ডারগার্ড ক্রোন।


মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় প্রকল্প এলাকা পরিদর্শনে গেলে তাঁকে স্বাগত জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। এ সময় প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে ডেনিশ প্রতিনিধিদলকে বিস্তারিত অবহিত করা হয়। পরিদর্শন শেষে প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এলসবেথ ক্রোন।


সফরকালে তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার এবং ডেনিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা মিলান ক্রিস্টোফার ঝা। তাঁরা প্রকল্পের বর্তমান অবস্থা পর্যালোচনার পাশাপাশি বাংলাদেশ ও ডেনমার্কের সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন এ উদ্যোগের কৌশলগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।


এ সময় এপিএম টার্মিনালসের বাংলাদেশি প্রতিনিধি কিউএনএসের পরিচালক ইসরাফিল কাইয়ুম খান, প্রকল্প পরিচালক ম্যাক্রো ডি ক্যাস্ট্রো এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রোমেশ ডেভিড উপস্থিত ছিলেন।


ডেনমার্কভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের সহযোগিতায় বাস্তবায়নাধীন এ প্রকল্প চালু হলে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। পাশাপাশি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য, আঞ্চলিক সমুদ্রপথে পণ্য পরিবহন এবং সামগ্রিক লজিস্টিকস ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


লালদিয়া টার্মিনালের অন্যতম বিশেষত্ব হচ্ছে এর পরিবেশবান্ধব পরিচালনব্যবস্থা। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, কার্বন নিঃসরণ হ্রাস এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কার্যক্রমের মাধ্যমে একে টেকসই সামুদ্রিক অবকাঠামো হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে ডিজিটাল ব্যবস্থাপনা ও দ্রুতগতির ই-পোর্ট সুবিধা চালুর মাধ্যমে বন্দরের কার্যক্রম আরও দক্ষ ও গতিশীল করার লক্ষ্য রয়েছে।


প্রকল্পের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে টার্মিনালের পূর্ণাঙ্গ নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। ২০২৯ সালের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে।


সংশ্লিষ্টদের মতে, লালদিয়া কনটেইনার টার্মিনাল শুধু চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির প্রকল্প নয়; এটি বাংলাদেশের সামুদ্রিক বাণিজ্য ও বন্দর অবকাঠামো আধুনিকায়নের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। পরিবেশবান্ধব প্রযুক্তি ও আন্তর্জাতিক বিনিয়োগের সমন্বয়ে প্রকল্পটি বাস্তবায়িত হলে আঞ্চলিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি বাংলাদেশ-ডেনমার্ক দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হবে।


  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ২:৫৪ পিএম

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম-কক্সবাজারসহ দেশের আট জেলায় ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে আরও চার প্লাটুন বিজিবি।বুধবার (২৫ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।


বিজিবি জানায়, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে এসব সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ছয়, গাজীপুরে ১৮, ময়মনসিংহের ভালুকায় দুই, গোপালগঞ্জে ৫৬, চট্টগ্রামে তিন এবং কক্সবাজারে এক প্লাটুন দায়িত্ব পালন করছেন।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।


এ ছাড়া সম্ভাব্য বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা।


মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।


বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত রয়েছে।


  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ২:৫১ পিএম

চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দের সঙ্গে ছাত্রশিবিরের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) কলেজ ক্যাম্পাসে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়।


এ ঘটনায় মহসিন কলেজ ছাত্রশক্তির আহ্বায়ক আব্দুল বাসির নাঈম, মুখ্য সংগঠক মাইন উদ্দিন, কলেজ শিক্ষার্থী সাইফুর রহমান সাগর ও রাকিবসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।


জানা গেছে, নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার মহসিন কলেজে যান জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরী, চট্টগ্রাম মহানগর আহ্বায়ক রশিদ দিনার এবং সদস্যসচিব আবদুর রহমান। তাঁরা কলেজের অধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনার জন্য ক্যাম্পাসে গেলে কলেজ ছাত্রশিবিরের নেতাকর্মীদের সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।


এ বিষয়ে চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয় গণমাধ্যমকে বলেন, হামলাকারীদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক প্রশাসনিক শাস্তির আওতায় আনার জন্য মহসিন কলেজ প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।


তিনি অভিযোগ করেন, ছাত্রশিবির সারাদেশে বেনামে ছাত্ররাজনীতির বিরোধিতার ভান করলেও নিজেরা গোপনে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে এবং ভিন্নমতের ওপর হামলা চালাচ্ছে। এ ধরনের দ্বিচারিতা ও সন্ত্রাসের বিরুদ্ধে সারাদেশে একযোগে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।


সংঘর্ষের ঘটনায় কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে কলেজ প্রশাসন কিংবা ছাত্রশিবিরের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।


  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ২:৪৮ পিএম

নোয়াখালীর হাতিয়ায় দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে আলী বাজার থেকে জলিল কমান্ডার বাজার সড়ক। সড়কটি দ্রুত সংস্কার ও পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।


বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার হরনী ইউনিয়নের আলী বাজার ও বাজারসংলগ্ন মসজিদের সামনে বেহাল সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাজারের ব্যবসায়ী, এলাকাবাসী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিরা অংশ নেন। এ সময় হাতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে সড়কটি দ্রুত সংস্কার ও পাকাকরণের দাবি জানান তারা।


মানববন্ধনে বক্তব্য রাখেন, আলী বাজার বণিক কমিটির সেক্রেটারি জামসেদুল ইসলাম, আল কুরআন একাডেমির প্রধান শিক্ষক মুফতি নুর ইসলাম এবং বাজারসংলগ্ন মসজিদ কমিটির সেক্রেটারি মফিজুর রহমান দুলাল।


বক্তারা বলেন, আলী বাজার থেকে জলিল কমান্ডার বাজার সড়কের বিশেষ করে আলী বাজার ও মসজিদসংলগ্ন অংশ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কে বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে সামান্য বৃষ্টিতেই পানি ও কাদা জমে জলাবদ্ধতা তৈরি হয়। এতে পণ্যবাহী যানবাহন ও অটোরিকশা চলাচলে বিঘ্ন ঘটছে। ব্যাহত হচ্ছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য। পাশাপাশি প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সড়কের এমন বেহাল অবস্থার কারণে প্রতিদিন স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী এবং মসজিদে যাতায়াতকারী মুসল্লিদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।


জনদুর্ভোগ লাঘব ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দ্রুত সড়কটির সংস্কারকাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ২:৩৫ পিএম

ফেনীর দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান এবং দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে একটি সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ করে দ্রুত যুবলীগ নেত্রীকে নিজের বাংলোতে আসতে বলেন ওসি ফয়জুল আজিম নোমান।এ সময় তিনি বলেন, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’


কোনো সমস্যা হবে কি না, যুবলীগ নেত্রী জানতে চাইলে ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’ এ সময় যুবলীগ নেত্রী ওসিকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে তিনি মনঃক্ষুণ্ন হন।এ ছাড়া দুই লাখ টাকা ঘুষ নেওয়ার পরও তাকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার বিষয়েও দুজনের কথোপকথন শোনা যায় অডিওতে।


দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনিকে গত ১০ নভেম্বর মঙ্গলবার রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজবাসা থেকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তি পাওয়ার পর মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে দুজনের কথোপকথনের অডিও ফাঁস হয়।সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করে বলেন, ‘গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তার সঙ্গে শ্লীলতাহানি করেছেন এবং তাকে হাগ (আলিঙ্গন) করার অনুরোধ করেছেন।’


অন্যদিকে, এসব অভিযোগ অস্বীকার করেছেন দাগনভূঞা মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান। তবে কল রেকর্ডে নিজের কথোপকথনের বিষয়টি স্বীকার করে তিনি জানান, আসামিকে গ্রেপ্তার করতে তিনি ভিন্ন পন্থা অবলম্বন করেছেন। পুলিশের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।