• প্রকাশ : শুক্রবার ১৬ অক্টোবর, ২০২৬, সময় : ৭:০২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি মোটরসাইকেল থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় মোটরসাইকেলটিও জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কড়ইকান্দি ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় স্থানীয় শাওকত হোসেনের মেশিনারিজ দোকান ও জাহাঙ্গীর মিয়ার হালিমের দোকানের মাঝামাঝি একটি খালি জায়গায় মোটরসাইকেল ফেলে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পালিয়ে যান। পরে মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


উদ্ধার করা ইয়াবা ও মোটরসাইকেলটি উপস্থিত সাধারণ মানুষ ও সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।


বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। উদ্ধার করা ইয়াবা ও মোটরসাইকেলের ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।


এ ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ১৬ অক্টোবর, ২০২৬, সময় : ৮:২৮ পিএম

আগামী ২৩ ও ২৪ শে অক্টোবর বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে সুর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটায় লক্ষাধিক পর্যটক দর্শনার্থীদের আগমনের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে আবাসিক হোটেল মোটেল রিসোর্ট গুলো বিপুল সংখ্যক পর্যটক দর্শনার্থীদের বরণে প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রথম ও দ্বিতীয় শ্রেনীর আবাসিক হোটেল মোটেল, রিসোর্ট গুলোর ৭০-৮০ ভাগ রুম আগাম বুকিং হয়ে গেছে বলে জানিয়েছেন কুয়াকাটা আবাসিক হোটেল ওনার্স এসোসিয়েশন কতৃপক্ষ। বীচ কার্নিভাল উৎসবে পর্যটক সমাগম বৃদ্ধির লক্ষ্যে হোটেল মালিক সমিতি রুম ভাড়ার উপর ৫০ ভাগ ছাড়ের ঘোষণা দিয়েছেন।বিপুল সংখ্যক পর্যটক দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশ পৃথকভাবে প্রস্তুতি নিচ্ছেন


বীচ কার্নিভাল উৎসবে স্থানীয় শিল্পীদের পাশাপাশি দেশের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, বীচ ম্যারাথন, বীচ ফুটবল সহ নানা আয়োজন থাকবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, জেলা প্রশাসন তথা বীচ ম্যানেজমেন্ট কমিটির যৌথ আয়োজনে এ বীচ কার্নিভাল উৎসব অনুষ্ঠিত হবে এমনটাই জানাগেছে বীচ ম্যানেজমেন্ট  সুত্রে।


ইতোমধ্যে সৈকত এলাকায় বিচ্ছিন্নভাবে ছরিয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন উপজেলা প্রশাসন। সৈকতের সৌন্দর্য বর্ধনে ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। ব্যাপক প্রস্তুতি চলছে।


আবাসিক হোটেল মোডেল  মালিক সমিতি থেকে জানানো হয়েছে   বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে পর্যটকদের ব্যাপক সাড়া মিলেছে। ইতোমধ্যে তাদের হোটেলের ৮০ ভাগ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে।


কুয়াকাটা সিকদার রিসোর্ট এন্ড ভিলাস এর সহকারী ব্যবস্থাপক আল আমিন খান উজ্জ্বল জানান, তাদের কটেজ এবং ভিলার ৭০ ভাগ কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে। দু'য়েক দিনের মধ্যে শতভাগ বুকিং হবার আশা প্রকাশ করেছেন। তিনি আরো বলেন এরই মধ্যে পূজার ছুটি বাড়তি সুবিধা দিয়েছে। 


কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সভাপতি এম এ মোতালেব শরীফ জানিয়েছেন, বীচ কার্নিভাল উৎসবকে কেন্দ্র করে প্রথম ও দ্বিতীয় শ্রেনীর হোটেল মোটেল রিসোর্ট গুলোর ৬০-৭০ ভাগ আগাম বুকিং হয়ে গেছে। তবে তৃতীয় শ্রেণির হোটেল গুলোর এখনো অধিকাংশ কক্ষ ফাঁকা রয়েছে। তিনি আরো জানান,  কার্নিভাল উৎসবকে কেন্দ্র করে কুয়াকাটায় লক্ষাধিকের উপরে পর্যটক দর্শনার্থীদের আগমন ঘটবে বলে আশা করছেন।


কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ মোঃ হাবিবুর রহমান জানান, বীচ কার্নিভাল উৎসবে বিপুল সংখ্যক পর্যটক দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছেন। আগতরা যাতে নিরাপদে ভ্রমণ করতে পারেন এজন্য ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ, এসআরবির পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে। নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে।


কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসিন সাদেক বলেন,৫ দিনের সরকারি ছুটি ও বিচ-কার্নিভালকে কেন্দ্র করে কুয়াকাটা নতুনরূপে সাজতেছে। থানা পুলিশ, টুরিস্ট পুলিশ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পর্যটকদের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। 

সর্বশেষ সব খবর

নতুন কমিটির তালিকা হস্তান্তর করেন শহীদ জিয়া সামাজিক সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী রওশন জাহান

  • প্রকাশ : শুক্রবার ১৬ অক্টোবর, ২০২৬, সময় : ৮:১৬ পিএম

নওগাঁর মহাদেবপুর উপজেলার তিনটি ইউনিয়নে শহীদ জিয়া সামাজিক সংগঠনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত পৃথক সমাবেশে সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে রাইগাঁ ইউনিয়ন যুবদলের কার্যালয়ে, আগের দিন বুধবার বিকেলে ভীমপুর ইউনিয়নের সরস্বতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও ৮ অক্টোবর বিকেলে এনায়েতপুর ইউনিয়নের কালুশহর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী রওশন জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন সংগঠনের মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন বাবু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বাবু।


সমাবেশগুলোতে অন্যদের মধ্যে সংগঠনের নওগাঁ জেলা শাখার প্রচার সম্পাদক মোস্তাকিম ইসলাম, মহাদেবপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ভীমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান লোটন, ভীমপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা হারুন অর রশিদ, এমদাদুল হক, উজ্জল হোসেন, সিরাজুল ইসলামসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সম্মেলনে সর্বসম্মতিক্রমে জাকির হোসেন জাহিদকে সভাপতি, জয়নুল আবেদীনকে সাধারণ সম্পাদক ও আল আমিনকে সাংগঠনিক সম্পাদক করে শহীদ জিয়া সামাজিক সংগঠনের ভীমপুর ইউনিয়ন শাখার ৪১ সদস্য বিশিষ্ট কমিটি, বায়েজিদ হোসেনকে সভাপতি, সাইদ হাসান রকিকে সাধারণ সম্পাদক ও আরিফ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে রাইগাঁ ইউনিয়ন শাখার ৪১ সদস্য বিশিষ্ট কমিটি এবং ফরহাদ হোসেনকে সভাপতি, শিহাব রায়হানকে সাধারণ সম্পাদক ও রফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে এনায়েতপুর ইউনিয়ন শাখার ৪৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রধান অতিথি নতুন কমিটি অনুমোদনের কপি প্রতিটি ইউনিয়ন শাখার নেতৃবৃন্দের হাতে তুলে দেন।


প্রধান অতিথি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য এখনকার যুবসমাজকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে উদ্দীপ্ত তরুণ সমাজ কোন গড্ডালিকা প্রবাহে গা না ভাঁসিয়ে, দেশ গড়ার প্রত্যয়ে সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করবে। 



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ১৬ অক্টোবর, ২০২৬, সময় : ৮:১১ পিএম

সিলেটে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এক সহকারী প্রকৌশলীর বাসায় গভীর রাতে ঢুকে তাকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ ওঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। চাঁদা না দিলে তাকে সিলেটে থাকতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। এ অভিযোগে সিলেটের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের সহকারী প্রকৌশলী মো. শাহীন হোসেন। অভিযুক্ত জাহাঙ্গীর আলম সিলেট মহানগর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তালিকাভুক্ত ঠিকাদার।


প্রকৌশলীর অভিযোগ, ১২ অক্টোবর রাত তিনটার দিকে নগরীর মোঘলটুলা আবাসিক এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। প্রকৌশলী শাহীন হোসেন সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, ১২ অক্টোবর রাত তিনটার দিকে কয়েকজন ব্যক্তি তার বাসায় গিয়ে দরজায় ধাক্কাধাক্কি করেন। 


তাদের পরিচয় জানতে চাইলে একজন নিজের নাম জাহাঙ্গীর বলে জানান এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার হিসেবে পরিচয় দেন। পরিচয় জানার পর দরজা খুলে দিলে তারা বাসায় ঢুকে শাহীন হোসেনের সঙ্গে ধাক্কাধাক্কি ও মারধর করেন। 


জিডিতে আরও বলা হয়, হামলাকারীরা বাসার বিভিন্ন স্থানে ভাঙচুর করেন এবং খোঁজাখুজি শুরু করেন। এসময় তাকে টেনেহিঁচড়ে বাসা থেকে বের করে নেওয়ার চেষ্টা করেন এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এলাকায় থাকতে হলে তাদের টাকা দিতে হবে, অন্যথায় বড় ধরনের ক্ষতি করা হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি। 


শাহীন হোসেন বলেন, ঘটনার পর তিনি সিলেটের জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেন। জেলা প্রশাসকের পরামর্শে অনলাইনে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন। 


তিনি আরও বলেন, সিলেটে যোগদানের দেড় মাসের মতো হয়েছে তার। এ সময়ের মধ্যে কাউকে ভালোভাবে চিনে ওঠার সুযোগ হয়নি। তবে অফিসের সূত্রে ঠিকাদার জাহাঙ্গীর আলমের সঙ্গে পরিচয় রয়েছে। তবে রাত তিনটার দিকে প্রকৌশলীর বাসায় যাওয়ার কথা স্বীকার করলেও চাঁদা দাবি ও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার জাহাঙ্গীর আলম।


তিনি জানান, গভীর রাতে গাড়ি থেকে নেমে প্রকৌশলী তার বাসায় যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। স্থানীয়দের সঙ্গে তার পরিচয় না থাকায় তারা বিষয়টি নিয়ে সন্দেহ করেন। পরে তিনি, তার বন্ধু সুমন, বড় ভাই ইকবাল ও এলাকার কয়েকজন মুরব্বি প্রকৌশলীর বাসায় খোঁজ নিতে যান। 


জাহাঙ্গীর আরও জানান, ঘটনাটি মূলত বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। এর সঙ্গে কোনো আর্থিক লেনদেন বা অনৈতিক বিষয় জড়িত ছিল না। ঘটনার পরদিন অফিসে গিয়ে আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে বলেও দাবি করেন তিনি। 


এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আরেফিন খান জানান, তিনি বিষয়টি মৌখিকভাবে শুনেছেন। এ ঘটনায় থানায় জিডিও করা হয়েছে। তবে ঘটনাটি তার অফিসে আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে, এমন দাবি তিনি অস্বীকার করেন।


এদিকে এ ঘটনায় করা জিডি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল জাকির। তিনি বলেন, এ ধরনের গুরুতর অভিযোগ সাধারণ ডায়েরির মাধ্যমে নিষ্পত্তি করা যাবে না। ভুক্তভোগী প্রকৌশলীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।


ওসি আরও বলেন, জিডির বিষয়টি নিয়ে প্রকৌশলীর সঙ্গে তার কথা হয়েছে। শাহীন হোসেন তাকে জানিয়েছেন, দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে লিখিত অভিযোগ দেবেন। 


এ বিষয়ে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন জানান, বিএনপির কোনো নেতা এমন কাজ করতে পারেন না। যিনি এ কাজ করেছেন, তিনি অপরাধী। তাকে গ্রেপ্তার করে যথাযথ প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। 


নাসিম হোসাইন আরও বলেন, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিকভাবেও সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ১৬ অক্টোবর, ২০২৬, সময় : ৮:০৪ পিএম

নোয়াখালী জেলায় সৌরবিদ্যুৎভিত্তিক ব্যবস্থা স্থাপনের অগ্রগতি, গুরুত্ব ও বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মাৎ জোহরা খাতুন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুমিল্লা অঞ্চলের বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী প্রকৌশলী শেখ ফিরোজ কবির। সভায় সভাপতিত্ব করেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।


সভায় শুরুতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নোয়াখালী বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী মো. হাবিবুল বাহার  এবং বিক্রয় ও বিতরণ বিভাগ, বিউবো, চৌমুহনী এর নির্বাহী প্রকৌশলী জনাব প্রকৌঃ মোঃ শাহাদাত ইসলাম  সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি, জাতীয় রুফটপ সোলার সিস্টেম বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।


আলোচনায় টেকসই ও পরিবেশবান্ধব বিদ্যুৎব্যবস্থা গড়ে তুলতে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে জাতীয় গ্রিডে সৌরবিদ্যুতের সংযোগ বৃদ্ধি এবং গ্রাহক পর্যায়ে নেট মিটারিং পদ্ধতিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।


বক্তারা বলেন, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণ, জ্বালানি সাশ্রয় ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সৌরশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গ্রাহক পর্যায়ে সোলার সিস্টেম স্থাপন করা হলে নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপ কমানো সম্ভব হবে।


সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মডেল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ক্ষেত্রে গ্রাহক, সেবাদানকারী প্রতিষ্ঠান ও বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার মধ্যে সমন্বয় করে কাজ করার বিষয়টিও গুরুত্ব পায়। পাশাপাশি বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব CAPEX ও OPEX মডেলের বিভিন্ন সুবিধা তুলে ধরেন।


বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী নোয়াখালী জেলার বিভিন্ন মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।


প্রধান অতিথি জেলার সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি এবং নেট মিটারিং পদ্ধতিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় সরকারি ও বেসরকারি পর্যায়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণ এবং সরকারের জাতীয় রুফটপ সোলার কৌশলপত্র বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা ও বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


সভায় বিদ্যুৎ বিভাগের উপসচিব, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান, সব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ১৬ অক্টোবর, ২০২৬, সময় : ৭:৫৪ পিএম

নরসিংদীর ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে আকলিমা আক্তার পাখি (৩০) নামে এক নারী ও তার ৮ বছর বয়সী মেয়ে রাফা মনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পলাশের ঘোড়াশাল বাইপাস সড়কের সামনের রেললাইনে এ ঘটনা ঘটে।


নিহত আকলিমা আক্তার ঘোড়াশালের ফুলদিরটেক গ্রামের সৌদি প্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রী। তারা ওই গ্রামে ভাড়া বাসায় বসবাস করেন।


পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আকলিমা আক্তার তার মেয়ে রাফা মনিকে নিয়ে ঘুরতে ঘোড়াশাল বাইপাস সড়কে আসেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা ঘোড়াশাল রেললাইনে উঠেন। এসময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটাপড়ে ঘটনাস্থলে আকলিমা আক্তার মারা যান।


রাফা মনিকে আহত অবস্থায় নরসিংদীর সদর হাসপাতালে নেওয়ার পর তারও মৃত্যু হয়। খবর পেয়ে রাত ৯টা ৪০ মিনিটে ঘটনাস্থল থেকে আকলিমা আক্তারের মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ।


নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই দিলীপ চন্দ্র সরকার জানান, নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ১৬ অক্টোবর, ২০২৬, সময় : ৬:৫৫ পিএম

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন নতুন বাজার এলাকা ব্যাংকের মাঠ নিজ বাসা থেকে চাপাতি, চায়নিজ কুড়াল ও দুটি বড় সামুরাইসহ মো. রাজু মিয়া ওরফে ‘চোক্কা রাজু’ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আগে থেকেই ১১টি মামলা রয়েছে। এ ছাড়া তার নামে একটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে বলে পুলিশ জানিয়েছে। 


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে নতুন বাজার ব্যাংকের মাঠ, নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রাজু ওই এলাকার রিপন মিয়ার ছেলে। 


পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তার দেখানো মতে বাড়ি থেকে একটি চাপাতি, একটি চায়নিজ কুড়াল ও দুটি বড় সামুরাই উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টিও রয়েছে। 


এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার  অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাকসুদ আলম বলেন গ্রেপ্তার রাজুর বিরুদ্ধে পূর্বে ১১টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সব খবর