ছবি : সংগৃহীত
কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের সহযোগিতায় কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।
তিনি বলেন, খবর পেয়ে ৪টি ইউনিট প্রয়োজনীয় নির্বাপণ সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানা যাবে।
অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুন লাগার পর এসব হোটেলে অবস্থানরত পর্যটক এবং আশপাশের বসতির বাসিন্দারা বেরিয়ে এসে সড়কে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।
এর আগে, গত ১৭ অক্টোবর কক্সবাজারের মেরিন ড্রাইভ-সংলগ্ন উখিয়ার ইনানী টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১১ জন পর্যটকের মৃত্যু হয়। এর ৬ দিন পর, ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে হোটেল সি প্রিন্সেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম মনা (২১) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বোনজামাই মো. মামুন (৩৮) গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) এ এন এম ইমরান খান। এর আগে রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার কড়ইতলা গ্রামের নাদু মহুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাসিনা আক্তার (৫২), তাঁর মেয়ে নাজমা বেগম (২৪) ও আবুল হোসেন (৪৮)। নিহত শহিদুল ইসলাম মনা ওই বাড়ির আব্দুল খালেক বুলুর ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ও জমিজমা নিয়ে একই বাড়ির আবুল কাশেমের পরিবারের সঙ্গে আব্দুল খালেক বুলুর পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার রাত ৮টার দিকে বুলুর পরিবারের দেওয়া সীমানা পিলার কে বা কারা ভেঙে ফেলে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ নিজ নিজ ঘরে চলে যায়।
রাত ১০টার দিকে মনা তার বোনজামাই মামুনকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে আবুল কাশেমের পরিবারের সদস্যদের সঙ্গে আবারও বাগ্বিতণ্ডায় জড়ান। এ সময় আবুল কাশেমের ছোট ছেলে ফুয়াদ ইসলাম (২৪) প্রতিবাদ করলে মনার সঙ্গে তার হাতাহাতি হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের নিবৃত্ত করে বাড়ি পাঠিয়ে দেন। তবে এরপরও দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে।
পুলিশ জানায়, বিষয়টি আবুল কাশেমের ছেলে আরমান হোসেন রিমনকে জানানো হলে তিনি রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে আসেন। পরে ছুরি নিয়ে ভাই ফুয়াদসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বুলুর বসতঘরের সামনে যান। তখন মনা বাড়ির দরজার সামনে বসে মুঠোফোন ব্যবহার করছিলেন। এ সময় আরমান ও ফুয়াদ তার ওপর হামলা চালিয়ে বুকে, পেটে ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। মনা মাটিতে লুটিয়ে পড়লে তাকে বাঁচাতে এগিয়ে যান মামুন। হামলাকারীরা তাকেও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন।
পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ইমরান খান আরও বলেন, এ ঘটনায় নিহতের ভাই মো. সাদেক হোসেন বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা করেছেন। মামলায় আরও দুই থেকে তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ। পরে সোমবার দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নওগাঁয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই বাসে অগ্নিকান্ড ঘটেছে। জানতে পেরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে বাস দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) পূর্বরাত সাড়ে ১২ টার দিকে নওগাঁ শহরের বাইপাস গাবতলী মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই মোড়ে আল বারাকা পরিবহনের তিনটি যাত্রীবাহী বাস পাশাপাশি দাঁড় করে রাখা ছিল। এসময় বাসের ড্রাইভার হেলপার বা যাত্রী কেউ ছিলেন না। হঠাৎ সেখানে আগুন জ¦লে ওঠে। দ্রুত আগুন দুটিবাসে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।
নওগাঁ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার রুহুল আমিন বলেন, বাস দুটির বড় অংশই পুড়ে গেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।
নওগাঁ সদর মডেল থানার এসআই খোরশেদ আলম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসকে সহায়তা করে। কিভাবে বাসগুলোতে আগুন লেগেছে, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার মূল কারণ উদঘাটনে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশও গুরুত্বের সাথে তদন্ত করছে। অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত আছে কি না, তা খতিয়ে দেখে দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া চলছে।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান বলেন, এটি কোন দুর্বৃত্তের দেয়া আগুন নয়। মূলত কয়েলের আগুন থেকে এমনটি ঘটেছে।
ছবি : সংগৃহীত
ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে শ্বাসকষ্টে মো. কালাচাঁদ (৫০) নামের বাসটির চালকের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালাচাঁদের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের একটি লোকাল বাসের চালক ছিলেন। বাসটির নিবন্ধন নম্বর ফরিদপুর-ব-১১-০১৮২।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর দাঁড় করানো ছিল। এ সময় চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিলে তিনি বাইরে বের হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শ্রীবাস বারৈ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর সময় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন বাসচালক কালাচাঁদ। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভিডিওতে বক্তব্য দিচ্ছেন রনজিত সরকার, ডানের ছবিটি তার ফেসবুক আইডির স্ক্রিনশট
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও প্রকাশ করে বাংলাদেশে সভা করার দাবি করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি রনজিত সরকার। তিনি দাবি করেছেন- ভারতের মেঘালয় হয়ে দেশের সীমানায় ঢুকে রোববার সন্ধ্যায় সভা করেন।
তার নির্বাচনী এলাকার (সুনামগঞ্জ-১: জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) কয়েকজন নেতা-কর্মীকে ওই ভিডিওতে দেখা যায়। সোমবার বিকেল ৪টা ৪৯ মিনিটে রনজিত সরকার তার ফেসবুক আইডিতে ভিডিওটি প্রকাশ করেন।
তবে স্থানীয় পুলিশ বলেছে, সীমান্ত এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তায় রয়েছে, দেশে এ ধরনের কোনো সভা হয়নি।
ভিডিওতে দেখা যায়, ব্যানার ধরে রেখেছিলেন কার্যক্রম নিষিদ্ধ জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়া।
ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা। অতিথি অ্যাডভোকেট রনজিত সরকার।’
আয়োজনে উল্লেখ ছিল ‘তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা-মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।’
ভিডিওতে দেখে একাধিক ব্যক্তির হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে কেউই সভার স্থান স্পষ্ট করে বলনেনি। তবে রোববার সন্ধ্যায় তারা সভায় উপস্থিত ছিলেন এমন দাবি করেন।
এ বিষয়ে রনজিত সরকার বলেন, ‘কোনো তথ্য জানাতে পারব না। সভা শেষে সীমান্ত দিয়ে ভারতে ফিরেছি।’ কোথায় সভা করলেন- জানতে চাইলে কল কেটে দেন তিনি।
ছাত্রলীগ নেতা ওমর ফারুক বলেন, ‘সভাটি রোববার সন্ধ্যায় করা হয়েছে।’ কোথায়, কখন করা হয়েছে জানতে চাইলে তিনিও কল কেটে দেন।
ওই ভিডিও ৫ মিনিট ৩৩ সেকেন্ডের। ভিডিওতে রনজিত সরকারকে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। বক্তব্যে তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন, গ্রেপ্তার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অভিযোগ করেন।
এ বিষয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, ‘সুনামগঞ্জের সীমান্ত এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তায় রয়েছে। সীমান্ত দিয়ে রনজিত সরকারের বাংলাদেশে প্রবেশের কোনো সুযোগ নেই। রনজিতের নির্বাচনী এলাকার যেসব লোককে ওই ভিডিওতে দেখা গেছে, তাদের ভারতে সিলেট সীমান্তের কোনো একটা জায়গায় জড়ো করে, এ কাজ করা হয়েছে।’
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির বলেন, সুনামগঞ্জ সীমান্ত এলাকায় নানাভাবে খোঁজ খবর নিয়ে জানা গেছে, এ ধরনের কোনো সভা সীমান্তে হয়নি।
নারায়ণগঞ্জের জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দোতলায় আগুন লাগে
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসার লাইব্রেরিতে আগুন লাগার পর ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ৬৩ শিক্ষার্থী। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। একজনকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হচ্ছে। সোমবার দিবাগত রাত দুইটার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দোতলায় এ আগুন লাগে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, অসুস্থ হয়ে হাসপাতালে আসা ৬৩ শিক্ষার্থীর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে নেওয়া হয়েছে। তারা হলেন ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।
কাঁচপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা জানান, মাদ্রাসা ভবনের দোতলায় লাইব্রেরি ছিল। আগুনে লাইব্রেরিটি পুড়ে গেছে। অসুস্থ শিক্ষার্থীদের বরাতে চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, মাদ্রাসার একটি অংশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়ে।
এ সময় ভবনে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন। এতে ধোঁয়ার কারণে কয়েকজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়।
কাঁচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার বলেন, মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগে। এতে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। ধোঁয়ার কারণে ঘুমন্ত অবস্থায় থাকা কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়।
আগুনের সূত্রপাত সম্পর্কে পার্থ হালদার বলেন, তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চলন্ত কলাবোঝাই একটি পিকআপ ভ্যানের টায়ারে আগুন । ছবি: সংগৃহীত
বাগেরহাট সদর উপজেলার মানিকতলা এলাকায় চলন্ত কলাবোঝাই একটি পিকআপ ভ্যানের টায়ারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন পিকআপের চালক।
সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কলাবোঝাই পিকআপ ভ্যানটি মানিকতলা এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা চার থেকে পাঁচজন যুবক সেটির গতিরোধ করে। পরে তারা পিকআপের একটি টায়ারে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় তাদের স্লোগান দিতে শোনা যায়। পিকআপের চালক জানান, মোটরসাইকেলে করে চার থেকে পাঁচজন অজ্ঞাত যুবক এসে গাড়ির কাছে নামে। এরপর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,’ স্লোগান দিয়ে পিকআপের টায়ারে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে পিকআপে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ঘটনার কারণও জানা যায়নি।