এস আলম গ্রুপের বন্ধ হয়ে থাকা সব শিল্পকারখানা দ্রুত চালু করে চাকরিচ্যুত হাজার হাজার শ্রমিক-কর্মকর্তার কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে প্রতিষ্ঠানটির সাবেক শ্রমিক-কর্মচারীরা। একইসঙ্গে কারখানা চালুর পর আগের কর্মীদের পুনরায় কাজে যোগদান, ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতা নিরসন এবং উৎপাদন সচল রাখতে পর্যাপ্ত চলতি মূলধন সরবরাহের দাবি জানিয়েছেন তারা।সোমবার (১৬ নভেম্বর) সকালে দেওয়া এক স্মারকলিপিতে এসব দাবি তুলে ধরেন এস আলম গ্রুপের চাকরিচ্যুত শ্রমিক-কর্মকর্তারা। স্মারকলিপিতে তারা এক সপ্তাহের মধ্যে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনেরও দাবি জানান।
স্মারকলিপিতে শ্রমিকরা বলেন, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর এস আলম গ্রুপের বিভিন্ন শিল্প-কারখানা বন্ধ হয়ে যাওয়ায় তাদের জীবনে অন্ধকার নেমে আসে। দীর্ঘ সময় দিনরাত পরিশ্রম করে উৎপাদন সচল রাখলেও কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত না থাকা সত্ত্বেও রাজনৈতিক পরিস্থিতির কারণে তাদের রুটি-রুজির জায়গা বন্ধ হয়ে যায়। এর সবচেয়ে বড় ভুক্তভোগী হয়েছেন শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা।
তাদের দাবি, মালিকপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও কারখানা চালুর বিষয়ে কোনো স্থায়ী সমাধান আসেনি। মালিকপক্ষের বক্তব্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সিদ্ধান্তের পর ব্যাংকগুলো কারখানার ঋণ ও ব্যবসায়িক হিসাব বন্ধ করে দেয়। এতে চলতি মূলধন ও কাঁচামালের সংকট তৈরি হলে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানগুলো। ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতা নিরসন হলে কারখানা চালু করে শ্রমিকদের কাজে ফেরানোর ব্যবস্থা করা হবে বলেও মালিকপক্ষ জানিয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।শ্রমিকরা আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বন্ধ কলকারখানা চালুর বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে। খেলাপি ঋণ থাকা সত্ত্বেও সিটি গ্রুপের কারখানা সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন। তবে একই ধরনের উদ্যোগ এস আলম গ্রুপের বন্ধ কারখানাগুলোর ক্ষেত্রে নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাদের। ব্যাংকগুলোর অসহযোগিতা ও অপেশাদার কার্যক্রমের কারণে দেশের একটি শীর্ষ শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠানগুলো কার্যত অচল হয়ে পড়েছে বলেও দাবি করেন তারা।
স্মারকলিপিতে শ্রমিকরা উল্লেখ করেন, একসময় এসব কারখানায় ২৪ ঘণ্টা উৎপাদন চললেও এখন সেখানে নীরবতা বিরাজ করছে। দীর্ঘ আড়াই বছরের বেকারত্বে হাজার হাজার শ্রমিক-কর্মচারী পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। সন্তানদের পড়ালেখা, চিকিৎসা ও পরিবারের মৌলিক চাহিদা পূরণ করাও কঠিন হয়ে উঠেছে। অনেকের বয়স বেড়ে যাওয়ায় নতুন করে চাকরি খুঁজতে গিয়েও বাধার মুখে পড়তে হচ্ছে। অন্যদিকে নতুন নিয়োগের সুযোগ সীমিত থাকায় বিকল্প কর্মসংস্থানও মিলছে না।
শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—এস আলম গ্রুপের বন্ধ সব কারখানা অবিলম্বে চালু করা, আগে কর্মরত শ্রমিকদের পুনরায় কাজে যোগদানের সুযোগ দেওয়া এবং কাউকে ছাঁটাই না করা। এছাড়া ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতা দ্রুত নিরসন করে উৎপাদন অব্যাহত রাখতে পর্যাপ্ত চলতি মূলধন সরবরাহ নিশ্চিত করা, রাজনৈতিক কারণে কোনো শিল্প-কারখানা যাতে বন্ধ না হয় তা নিশ্চিত করা এবং এক সপ্তাহের মধ্যে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের দাবি জানিয়েছেন তারা।
এদিকে বন্ধ কারখানা চালু ও কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভও করেছেন চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীরা। তাদের অভিযোগ, শুধু চাকরি হারানোই নয়, নতুন করে কর্মসংস্থান খুঁজতে গিয়েও নানা সমস্যার মুখে পড়ছেন তারা। দীর্ঘদিন বেকার থাকায় পরিবারের আর্থিক সংকট বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি তাদের দুর্ভোগ আরও বাড়িয়েছে।
এ বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সরকার বন্ধ কলকারখানাগুলো দ্রুত চালুর চেষ্টা করছে। পাশাপাশি দক্ষ শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও কাজ করছে সরকার।
তথ্যসূত্র: টিবিএস
মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল
টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার বাবা-মেয়ে। ছবি: সংগৃহীত
এনএসআই ও পরিবার পরিকল্পনা অফিসে চাকরি দেওয়ার নাম করে এক পরিবারের কাছ থেকে প্রতারণার মাধ্যমে সাড়ে ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাবা ও মেয়েকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ফতুল্লা থানার ওসি মাহবুবু আলম। গ্রেফতাররা হলেন, আমজাদ হোসেন (৬০) ও তার মেয়ে মোছা. লাকী আক্তার।
ওসি মাহবুবু আলম জানান, দেওভোগ পানির ট্যাংকি এলাকার মো. নিজাম উদ্দিনের কাছে একই এলাকার লাকি আক্তার নিজেকে এনএসআইয়ের বড় পদে চাকরি করেন বলে পরিচয় দিয়ে পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ হয়। ২০২১ সালের মাঝামাঝি সময়ে লাকি আক্তার নিজাম উদ্দিনের ছেলে মো. আবিদ হোসেনকে এনএসআইতে এবং মেয়ে নির্ঝনা আক্তার ও ছেলের স্ত্রী নিলা মনি আক্তারকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি দেওয়ার প্রলোভন দেখান। এ সময় লাকি আক্তারের বাবা আমজাদ হোসেন চাকরি দেওয়ার নিশ্চয়তা প্রদান করে তার কথামতো টাকা-পয়সা দেওয়ার কথা বলেন।
পরবর্তীতে ২০২১ সালের ১০ মে থেকে ২০১৬ সালের ৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে চাকরি দেওয়ার আশ্বাসে দিয়ে নিজাম উদ্দিনের কাছ থেকে সাড়ে ২৮ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেন। পরবর্তীতে নিজাম উদ্দিন চাকরির জন্য চাপ দিলে লাকি আক্তার এনএসআইয়ে একটি ভুয়া নিয়োগপত্র তৈরি করে প্রদান করেন এবং এনএসআই কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তথ্য সংগ্রহের কাজে তাকে ব্যবহার করেন।
চলতি বছরের ৯ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা পুলিশ আবিদ হোসেনকে ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে আটক করে। এ ঘটনায় রাজপাড়া থানায় মামলা হয়। এই মামলায় আবিদ হোসেনকে দীর্ঘদিন জেল খাটেন।
পরবর্তীতে প্রতারকদের কাছে টাকা ফেরত চাইলে তারা বিভিন্ন সময়ে ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করেন। সর্বশেষ ১৩ নভেম্বর বিকালে টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্তদ্বয় টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং অভিযোগকারীকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।
এ ঘটনায় নিজাম উদ্দিন বাদী হয়ে ফতুল্লা থানায় প্রতারণার অভিযোগে মামলা দায়ের করলে পুলিশ মেয়ে ও বাবাকে গ্রেফতার করে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আদালতে পাঠায়।
শ্রীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ডিম ব্যবসায়ী রামা দে।
মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারের ডিম ব্যবসায়ী রামা দে-র বিরুদ্ধে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রামা দে-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রায় এক মাস আগে শ্রীনগর বাজারে তাঁর ডিমের গোডাউনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার পর অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত রামা দে। সম্প্রতি ঘটনাটি সামাজিকযোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শ্রীনগর বাজারসহ আশপাশের এলাকায় নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, অভিযুক্ত রামা দে-কে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির দাদি বাদী হয়ে ধর্ষণের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে চিন্ময় কৃষ্ণ দাস, রয়ে গেলেন ব্যক্তিগত রাঁধুনি রঙ্গনাথ
কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি নিয়ে বিরোধ
নকশাবহির্ভূত নির্মাণের বিরুদ্ধে সিডিএর অভিযান, সিলগালা ১০ স্থাপনা