• প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ২:০৩ পিএম
  • আপডেট : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ২:০৩ পিএম

এ সম্পর্কিত আরও খবর

প্রতীকী ছবি

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ২:০৩ পিএম

দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে ফেনীর সোনাগাজীতে। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি একই জমিতে কৃষি ও পশু পালনের পরিকল্পনাও রয়েছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিবি) প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর বাইরে আশপাশের এলাকায় আরও সৌর ও ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ রয়েছে। সব পরিকল্পনা বাস্তবায়িত হলে সোনাগাজীতে প্রায় ৬০০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে উঠবে।


প্রকল্পটির বাস্তবায়ন কার্যক্রম এগিয়ে নিতে গতকাল সোমবার ঢাকার বিদ্যুৎ ভবনে স্টার্ট-আপ কর্মশালার আয়োজন করা হয়। এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুতের চাহিদার ২০ শতাংশ মেটাতে চায় সরকার। এ সময়ের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। এ লক্ষ্য অর্জনে সোনাগাজীর ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প ভূমিকা রাখবে।


কর্মশালায় বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) ঢাকা রিজিওনাল হাবের রিজিওনাল হাব ম্যানেজার আলী এম. খান, সংস্থাটির অপারেশনাল টিম লিডার নাসের মোহাম্মদ ইয়াকুবু, ইজিবি পিএলসির চেয়ারম্যান ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কে. এম. আলী রেজা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম এবং ইজিবির ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. মনজুর কাদির উপস্থিত ছিলেন।


কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ সরকার, আইএসডিবি ও ইজিবির নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে। এ জন্য গত ৩ আগস্ট অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও আইএসডিবির মধ্যে অর্থায়ন চুক্তি সই হয়েছে। প্রকল্পের অনুমোদিত ব্যয় ১ হাজার ৮৮৮ কোটি ১০ লাখ টাকা। ২০২৮ সালের ৩০ জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।


প্রকল্পটি চালু হলে ২০২৮ সালের জুন থেকে জাতীয় গ্রিডে বছরে প্রায় ৪৪১ দশমিক ১৮ গিগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। এতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ার পাশাপাশি কার্বন নিঃসরণ কমবে। জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) ৭.২ লক্ষ্য অর্জনেও সহায়ক হবে প্রকল্পটি।


প্রকল্পের আওতায় প্রায় ৪ লাখ ৬৯ হাজার ৫৬০টি সৌর প্যানেল, ২৬টি ইনভার্টার এবং ৩৩/২৩০ কেভি ক্ষমতার পাওয়ার ট্রান্সফরমারসহ দুটি উপকেন্দ্র স্থাপন করা হবে। পরামর্শক ও নির্মাণ ঠিকাদার নিয়োগের কার্যক্রম শেষ পর্যায়ে। বিদ্যুৎকেন্দ্রের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণের কাজও চলছে।




  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০০ পিএম

নীলফামারীর কিশোরগঞ্জে নিজেকে রাসুল দাবি ও পবিত্র কালেমা বিকৃতিকারী ভন্ডপীর এসাহাক আলীর ফাঁসির দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।


শনিবার(২১নভেম্বর) সকালে স্থানীয় মিনি স্টেডিয়ামের সামনে শতশত ধর্মপ্রাণ মুসল্লিদের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি দাবি করেন।


বিক্ষোভ মিছিলটি দক্ষিণ বাহাগিলী শুকান ডাঙ্গার হাট থেকে শুরু হয়ে কিশোরগঞ্জ থানা হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


মানববন্ধনে বক্তব্য দেন, উত্তর দুরাকুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম দেলোয়ার হোসেন দুলাল,স্থানীয় মুসল্লী মোস্তাফিজুর রহমান,আব্দুল কাফি,সুমন ইসলাম ও নুরুল ইসলাম প্রমুখ।


এসময় বক্তাগণ বলেন,উপজেলার  বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ বাহাগিলী ৮নং ওয়ার্ডের কাচারীপাড়া গ্রামের মৃত্যু শমসের মামুদের ছেলে এসাহাক আলী নিজ বসতবাড়িতে সাউন্ড সিস্টেম বাজিয়ে নারী-পুরুষ একত্রে অশ্লীল কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।


এছাড়াও  তার বাড়িতে কাবা স্থাপন,  নিজেকে খোদা ও ‘রাসূল’ দাবি করেন এবং পবিত্র কালিমায় লা ইলাহা ইল্লাল্লাহু ইসাহাক আলী রাসুলুল্লাহ সংযুক্ত করাসহ ইসলামের বিভিন্ন পবিত্র বিষয় ও নারীদের নিয়ে চরম অবমাননাকর ও অশ্লীল মন্তব্য করেন। যা ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে এবং এলাকায় সাম্প্রদায়িক বিদ্বেষ ও সহিংসতা উসকে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে। বক্তাগণ এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তাকে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান।


উল্লেখ্য যে,গত বৃহস্পতিবার দুপুরে তার এমন চরম ধর্মবিরোধী  কর্মকাণ্ডের একটি ভিডিও  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। পরে দুপুর ২টার দিকে স্থানীয় প্রতিবাদী মুসলিম জনতা একত্রিত হয়ে ইসাহাক আলীকে অবরুদ্ধ করে পুলিশের হাতে সোপর্দ করেন।


কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত)আব্দুল কুদ্দুস বলেন, এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে করা মামলায় অভিযুক্ত আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

রংপুর রিজিয়ন বিজিবির সাফল্য

১০ মাসে ২২১ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

আটক ৬১৫, জব্দ স্বর্ণ, অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য


  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৫০ পিএম

সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বড় ধরনের সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিয়ন। চলতি বছরের প্রথম ১০ মাসে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি। এ সময় চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে জড়িত ৬১৫ জনকে আটক করা হয়েছে।


শুক্রবার (২১ নভেম্বর) পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।




বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার। এই বিস্তীর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে রিজিয়নের অধীন চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।


এরই ধারাবাহিকতায় গত ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।


জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১ দশমিক ৬৫৩ কেজি স্বর্ণ, ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলি। এছাড়া বিপুল পরিমাণ মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১১ হাজার ৯১২ বোতল বিদেশি মদ, ৩ হাজার ২৯১ দশমিক ৭৯০ লিটার দেশি মদ, ৩ দশমিক ৯৬৬ কেজি হেরোইন, ১ হাজার ১ দশমিক ৯২ কেজি গাঁজা, ৫৪ হাজার ২২০ পিস ইয়াবা, ৬ হাজার ৪১৬ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৫০৬ পিস ফেয়ারডিল এবং ২ দশমিক ২৯০ কেজি ক্রিস্টাল মেথ (আইস)।


এ ছাড়া ২ লাখ ৩৮ হাজার ৮০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ লাখ ৪৬ হাজার ৩০২ পিস মদ তৈরির ট্যাবলেট, ১ লাখ ২৩ হাজার ৮৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ, ২৩ হাজার ৪১০ পিস নেশাজাতীয় ইনজেকশন এবং ২ লাখ ১৫ হাজার ৩১৬ পিস ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে।




অন্যদিকে, পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত নিরাপত্তার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। পাশাপাশি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে মোতায়েন করা হয় আরও পাঁচ প্লাটুন বিজিবি। এ সময় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।




সীমান্তে অবৈধ পুশইন প্রতিরোধেও বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বনের পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক রয়েছেন।


বিজিবি মহাপরিচালকের ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই ভিশন বাস্তবায়নে রংপুর রিজিয়নের প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞ বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


এতে আরও বলা হয়, মাদক ও চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং মানবপাচার প্রতিরোধের পাশাপাশি জ্বালানি ও ভোজ্যতেলের অবৈধ মজুত এবং কৃত্রিম সংকট সৃষ্টির অপতৎপরতা রোধেও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সীমান্তবর্তী জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সীমান্ত সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে’—এই প্রত্যয়কে সামনে রেখে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সদস্যরা নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৪৩ পিএম

বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়া পর্যটকরা ট্রলারে করে টেকনাফে ফিরেছেন। শনিবার (২১ নভেম্বর) সকালে সেন্টমার্টিন জেটিঘাট থেকে আটকা পড়া পর্যটকদের অনেকেই ট্রলারে করে রওনা দেন।


জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় এবং সতর্কসংকেত জারি থাকায় ১৯ নভেম্বর থেকে সেন্টমার্টিন-কক্সবাজার ও সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এ কারণে এর আগে সেন্টমার্টিন ভ্রমণে যাওয়া পর্যটকরা দ্বীপে আটকা পড়েন। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শনিবার যারা দ্বীপ থেকে ফিরতে চান, তাদের অনেকেই ট্রলারে করে টেকনাফের উদ্দেশে রওনা হয়েছেন।


সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, শনিবার সকাল থেকে পাঁচটি ট্রলারে করে সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা টেকনাফে ফিরতে শুরু করেছেন।


সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে আটকা পড়া পর্যটকদের মধ্যে যারা ফিরতে চান, তারা ট্রলারে করে চলে যাচ্ছেন। সেন্টমার্টিন জেটিঘাট থেকে ট্রলারে উঠে তারা টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছাবেন। আর যারা দ্বীপে থাকতে চান, তারা থেকে যাচ্ছেন। আগামীকাল কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলে অবশিষ্ট পর্যটকরা ওই জাহাজে করে কক্সবাজারে ফিরবেন।


এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।


ইশায়াত শাহরিয়ার অপ্রতিম

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৩৪ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর। এদিন মামলার চার আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির কথা রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার হবে দুই পৃথক আদালতে। শনিবার (২১ নভেম্বর) অপ্রতিম হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আইনজীবী মো. কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, মামলার চার্জশিট গ্রহণ করা হয়েছে। আসামিরা জেলে আছে, আগামী ২৯ নভেম্বর চার্জ গঠনের মধ্য দিয়ে অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। অপ্রাপ্তবয়স্ক ২ জনের বিচার হবে জুভেনাইল কোর্টে ও প্রাপ্তবয়স্ক ২ জনের বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে।


কাইমুল হক রিংকু আরও বলেন, আসামিপক্ষ মানবাধিকার সংগঠন থেকে আইনজীবী নিযুক্ত করার চেষ্টা করছে। আমরা আমাদের মতো কাজ করে যাব।


অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, কুমিল্লা জেলা আদালতে ২৯ নভেম্বর মামলার চার্জ গঠন করা হবে। প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্কদের আলাদা আলাদা কোর্টে বিচার হবে।


প্রসঙ্গত, চলতি বছরের ১৮ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।


  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৩০ পিএম

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের(বিসিক) এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় শিক্ষার্থীরা উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও শিল্প প্লট বরাদ্দসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের ১২ তলার সম্মেলন কক্ষে দুই প্রতিষ্ঠানের মধ্যে ওই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।


সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুরর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রবিউল ইসলাম লিটন, বিসিকের পরিচালক (প্রশাসন) মুহম্মদ কামরুজ্জামান, পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) মো. সহীদুজ্জামান এবং বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহম্মেদ।


সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠান যৌথ প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্যোক্তা উন্নয়ন এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা জোরদারে কাজ করবে।


পরে বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের (বিটিআই) শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ এবং বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের যৌথ আয়োজনে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের প্রথমধাপের উদ্বোধন করা হয়। প্রথম ধাপে এ প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন ৩০ জন শিক্ষার্থী। 


প্রশিক্ষণে কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিকের শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদের প্রধান অনুষদ সদস্য মোহাম্মদ আজাদ হোসেন। কোর্স সমন্বয়কারী হিসেবে রয়েছেন একই অনুষদের সহকারী অনুষদ সদস্য জোনায়েত হোসেন। ওই প্রশিক্ষণ ২১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।


পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ ও পরিচালনা, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং সম্ভাবনাময় উদ্যোগ বাস্তবায়নের কৌশল শেখানো হবে। শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি, আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা এবং নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলার দক্ষতা বাড়ানো এ প্রশিক্ষণের লক্ষ্য।


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৩:২৭ পিএম

৩ থেকে ৪ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পারটেক্স গ্রুপের আম্বার বোর্ড মিলস লিমিটেডের শ্রমিকরা। বিক্ষোভের একপর্যায়ে কারখানার জিএম ও ইঞ্জিনিয়ারের ওপর হামলার ঘটনা ঘটে। প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নিলেও কারখানার সামনে অবস্থান করছেন শ্রমিকরা। এদিকে, গত দুই বছরে রূপগঞ্জে ১২টি শিল্পকারখানা বন্ধ হয়ে বেকার হয়েছেন প্রায় ৬০ হাজার শ্রমিক।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জানান, বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকাল থেকেই উত্তপ্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাটাবো এলাকার আম্বার বোর্ড মিলস লিমিটেড। সকাল ৯টার দিকে কারখানার সামনে রূপসী-কাঞ্চন সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। এসময় শ্রমিকরা কারখানায় ইটপাটকেল ছুড়ে মারতে থাকে। বিক্ষোভ চলাকালে কারখানার জিএম ইরফান পাশা ও ইঞ্জিনিয়ার জুলফিকারের ওপর হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছান রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ বিন শফিক। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বেতন পরিশোধের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেন শ্রমিকরা। তবে কারখানার সামনে অবস্থান অব্যাহত রাখেন তারা।গত ২৩ আগস্ট গ্যাস সংকটের কারণ দেখিয়ে ৩ থেকে ৪ মাসের বেতন বকেয়া রেখেই কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। প্রতিষ্ঠানটিতে কর্মরত ছিলেন প্রায় ৫ শতাধিক শ্রমিক। গত ২০ নভেম্বর বেতন পরিশোধের কথা থাকলেও তা দেয়নি কর্তৃপক্ষ। পরে দুপুর ২টার দিকে মালিপক্ষ ২৫+১ লা ডিসেম্বরের মাঝে বেতনের আশ্বাস দিলে শ্রমিক বাড়ি ফিরে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ বিন শফিক  বলেন, সময়মতো শ্রমিকদের বেতন পরিশোধ না করা হলে কারখানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে প্রশাসন। 


আম্বার বোর্ড মিলস লিমিটেডের মানব সম্পদ বিভাগ কামরুল ইসলাম সহ-ব্যবস্থাপক, শ্রমিকদের আশ্বাস দিয়েছ ২৫-১ লা ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের বেতন ধাপে ধাপে পরিশোধ করা হবে।