• প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ২:১১ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে। এতে বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা যায়।


ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, পেট্রলবোমা নিক্ষেপের পর বাড়িটির নিচতলায় দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় রিকশায় করে যাওয়ার পথে এক ব্যক্তি আগুনের দৃশ্যটি ভিডিও ধারণ করেন।


ঘটনার বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।’


এদিকে, একই দিন রাত ১০টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ।


কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির জানান, নগরের আন্দরকিল্লায় অবস্থিত আ জ ম নাছির উদ্দিনের বাসায় তল্লাশি চালানো হয়েছে। তবে সেখানে তাঁকে পাওয়া যায়নি।


একই রাতে চট্টগ্রামের দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও আলোচিত ব্যক্তির বাসায় পৃথক এ ঘটনাকে কেন্দ্র করে নগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।




  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ২:২১ পিএম

চট্টগ্রামের কর্ণফুলীতে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিলে বাসের ধাক্কায় ১৪ নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ এবং চালককে আটক করেছে পুলিশ।


স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মইজ্জ্যারটেক এলাকায় পৌঁছালে একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে ১৪ জন নেতাকর্মী আহত হন।


আহতদের মধ্যে বিএনপি নেতা জসিম উদ্দিন জুয়েল ও সেলিম ইমরান, যুবদল নেতা একরামুল হক বাবলু এবং ছাত্রদল নেতা মামুন ও ফরহাদুল ইসলামের পরিচয় পাওয়া গেছে।


কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া সংবাদমাধ্যমকে জানান, মিছিলে বাসের ধাক্কায় আহতদের মধ্যে ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহত নেতাকর্মীরা যাতে দ্রুত চিকিৎসা পান, সে ব্যবস্থা করা হয়েছে।


তিনি আরও জানান, আহতদের মধ্যে ছয় থেকে আটজন কলেজ বাজার সাউথ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।


কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ২:০৩ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এতে দ্বীপে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন প্রায় এক হাজার পর্যটক। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাঁদের কক্সবাজারে ফেরা সম্ভব হচ্ছে না।আজ বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকবে। গত মঙ্গলবার ও বুধবার (১৭ ও ১৮ নভেম্বর) সেন্টমার্টিনে বেড়াতে যাওয়া পর্যটকদের একটি বড় অংশ দ্বীপে অবস্থান করছেন।


বুধবার রাতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, বৈরী আবহাওয়ার কারণে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি সাপেক্ষে পুনরায় জাহাজ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


তিনি বলেন, ‘সমুদ্রের পরিস্থিতি অনুকূলে না থাকলে পর্যটকবাহী জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ। তাই আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ থাকবে। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্টগ্রাম দপ্তর জাহাজ চলাচল বন্ধের নির্দেশনা জারি করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বলবৎ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে হবে।


এ নির্দেশনার আওতায় কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিন ছাড়াও কক্সবাজার-মহেশখালী, পেকুয়া-কুতুবদিয়া, বাঁশখালী-কুতুবদিয়া, কুমিরা-গুপ্তছড়া ও চট্টগ্রাম-চরগজারিয়াসহ বিভিন্ন নৌপথ রয়েছে। এসব পথে চলাচলকারী নৌযানের মালিক ও মাস্টারদের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।


আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড়টি ২০ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে সতর্কসংকেত জারি রয়েছে। সমুদ্রে অবস্থানরত নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।


সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, গত ১৭ ও ১৮ নভেম্বর দ্বীপে যাওয়া এক হাজারের বেশি পর্যটক এখনো সেখানে অবস্থান করছেন। বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় তাঁরা ফিরতে পারছেন না। আবহাওয়া স্বাভাবিক হলে তাঁদের কক্সবাজারে ফেরার সুযোগ তৈরি হবে।


দ্বীপের পশ্চিম পাড়ার একটি রিসোর্টে অবস্থান করছেন পর্যটক মাহবুব আহমদ শাকিল। তিনি বলেন, ‘সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার অবস্থা দেখে মনে হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে। যাত্রা বিলম্ব হলেও এখানে অবস্থান করা ছাড়া আর উপায় নেই।’


এদিকে বৃহস্পতিবার সেন্টমার্টিন যাওয়ার জন্য আগাম টিকিট কাটা পর্যটকদের ভ্রমণ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্ধারিত দিনে জাহাজ চলাচল না করায় তাঁদের ভ্রমণ বাতিল হবে, নাকি পরবর্তী সময়ে একই টিকিটে দ্বীপে যাওয়ার সুযোগ দেওয়া হবে—এ নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।


তবে টিকিটের টাকা ফেরত অথবা পরবর্তী সময়ে ভ্রমণের সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর। তিনি জানান, বৃহস্পতিবার যারা সেন্টমার্টিন যাওয়ার টিকিট কিনেছেন, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে এলে তাঁরা একই টিকিট ব্যবহার করে পরবর্তী সময়ে ভ্রমণ করতে পারবেন। কোনো কারণে ভ্রমণ সম্ভব না হলে টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে।


চলতি বছরের ৫ নভেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। এ মৌসুমে এ রুটে পাঁচটি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। মৌসুম শুরুর পর থেকে ধীরে ধীরে বাড়তে থাকে পর্যটকের সংখ্যা।


গত ১৩ নভেম্বর শুক্রবার চারটি জাহাজে করে সেন্টমার্টিন ভ্রমণ করেন ১ হাজার ৭৫৪ জন পর্যটক। মৌসুম শুরুর পর এক দিনে এটিই ছিল সর্বোচ্চ পর্যটক যাতায়াত। বুধবারও চারটি জাহাজে করে দ্বীপে গেছেন ১ হাজার ২৪১ জন। তাঁদের মধ্যে এমভি বারো আউলিয়ায় ৪৭২, কর্ণফুলী এক্সপ্রেসে ৩৭২, এমভি টেকনাফে ১৪৫ এবং এমভি মালঞ্চে ২৫২ জন ছিলেন।


সেন্টমার্টিন হোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ রহিম জিহাদী বলেন, দ্বীপে এক রাতে প্রায় পাঁচ হাজার পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। মৌসুমের শুরুতে পর্যটকের সংখ্যা তুলনামূলক কম থাকলেও ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকের চাপ বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা।


সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের সুযোগ রয়েছে। এ সময়ে পর্যটকেরা দ্বীপে ভ্রমণের পাশাপাশি রাত্রিযাপনও করতে পারবেন। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হচ্ছে। পাশাপাশি ভ্রমণের জন্য ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে।


দ্বীপের ভঙ্গুর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের জন্য রয়েছে একাধিক বিধিনিষেধ। রাতে সৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টি আয়োজন নিষিদ্ধ। এ ছাড়া সৈকতে মোটরসাইকেল ও সি-বাইক চলাচল এবং দ্বীপের প্রাকৃতিক সম্পদ সংগ্রহেও বিধিনিষেধ রয়েছে।



ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ১:৫৬ পিএম

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) সেলিমুজ্জামান সেলিমের কাশিয়ানীর বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে সকাল সাড়ে ১১টার দিকে মুকসুদপুর থানায় ভাঙচুর করে আগুন দেওয়া হয়। এসময় পুলিশের সরকারি গাড়ি ও জব্দ করে রাখা গাড়িসহ অন্তত ১০টি যানবাহন পোড়ানো হয়।


সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের প্রেস উইংয়ের সদস্য আম্মার মিয়া অসীম বলেন, মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী গ্রামে সংসদ সদস্যের দোতলা পাকা বাড়ি ও টিনসেড ঘরে হামলা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল সাড়ে ১০টার দিকে অস্ত্রশস্ত্র নিয়ে বাসার সামনে জড়ো হন। তারা প্রথমে স্লোগান দেন, এরপর ভাঙচুর শুরু করেন। শেষে পেট্রোল ও অকটেন দিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে বাড়িতে থাকা সংসদ সদস্যের স্বজনরা বের হয়ে যান।


ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সংসদ সদস্যের বাড়িতে হামলা চালাচ্ছেন। বাড়িতে আগুন জ্বলতেও দেখা গেছে। 


এদিকে মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী স্থানীয় একাধিক সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে পুলিশ সদস্যরা কেউ ছিলেন না। এমন অবস্থায় আজ সকালে নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সেখানে হামলা চালান। পরে তারা আগুন ধরিয়ে দেন।


আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ঘিরে আজ গোপালগঞ্জে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। গতকাল সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের একাধিক স্থানে গাছ ফেলে অবরোধ করে রাখা হয়েছে। এতে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। আজ সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে।


  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ১:১৫ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির সংসদ সদস্য (এমপি) সরওয়ার জামাল নিজামের বাড়ির পাশে রামদা ও লগি-বইঠা হাতে মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল বুধবার রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলাদ্বীপ এলাকায় একটি সড়কে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্র জানায়, সড়কের যেখানে মিছিল হয়েছে সেখান থেকে সংসদ সদস্য সরওয়ার জামিল নিজামের বাড়ি মাত্র ১০০ মিটার দূরে। মিছিলকারীদের সবার হেলমেট পরা ছিল। মিছিল শেষে তাঁরা সড়কে পেট্রল ঢেলে আগুন দেয়। পরে তাঁরা সেখান থেকে চলে যায়।মিছিলের ২ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও আজ বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নিষিদ্ধঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দারের নাম ও সংগঠনটির লোগো দেখা যায়। এতে ২০ থেকে ২৫ জন যুবককে হেলমেট ও মুখোশ পরে সড়কে জড়ো হয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিতে দেখা যায়। তাঁদের কারও হাতে লাঠিসোঁটা ও লগি-বইঠা, কারও হাতে রামদা ছিল।


মিছিলের বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী। তিনি বলেন, ‘মিছিলের একটি ভিডিও আমরা দেখেছি। তাঁরা মিছিলের নামে গাছ কেটে নৈরাজ্য চালানোর চেষ্টা করেছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে আমরা দুজনকে আটক করেছি। ভিডিও দেখে বাকিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

রাজনৈতিক অস্থিরতা

রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার গণপরিবহন চলাচল কিছুটা কমেছে

রাজধানীতে কমেছে গণপরিবহন


  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ১:১২ পিএম

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার গণপরিবহন চলাচল কিছুটা কমেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে আগের রাত থেকে উত্তেজনা থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে রাজধানী স্বাভাবিক নিয়মেই চলছে। তবে গণপরিবহন স্বাভাবিকের চেয়ে কম, আর স্কুল-কলেজ খোলা থাকায় ঘুম থেকে উঠে বিপাকে পড়েছেন অনেকেই। চলতি সপ্তাহের আগের দিনগুলোতে ঘটে যাওয়া নাশকতা এবং বুধবার রাতের জ্বালাও-পোড়াওয়ের ঘটনা মিলিয়ে বৃহস্পতিবার নিয়ে বেশ উৎকণ্ঠা তৈরি হয়।


আজ সকালে ঢাকার মোহাম্মদপুর, ধানমন্ডি, মানিক মিয়া অ্যাভেনিউ, ফার্মগেইট, বিজয়সরণি, মহাখালী এলাকা ঘুরে দেখা গেছে, গণপরিবহন বিশেষ করে বাস তুলনামূলক কম। বিভিন্ন দপ্তরের কর্মী বহনকারী বাস চলতে দেখা গেলেও সাধারণ বাসগুলো প্রায় নেই বললেই চলে।


মেট্রো চলছে স্বাভাবিক নিয়মে। মেট্রো স্টেশনগুলোর নিচে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ঢাকার মানিক মিয়া অ্যাভেনিউ, ফার্মগেইটসহ বিভিন্ন জায়গায় পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।



আগের দিন থেকেই বাস মালিকদের ডেকে বাড়তি সতর্ক থাকার কথা বলেছে পুলিশ। মিরপুরের এক বাস মালিক নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমাদের বুধবারই পুলিশের তরফ থেকে বলা হয়েছে সন্ধ্যা ৬টার পর যেন বাস না চালাই। আমাদের গাড়িগুলো রাতে যেখানে রাখা ছিল, সেখানে রাতভর আমাদের লোকেরা পাহারা দিয়েছে।’



তিনি বলেন, এই কারণে বৃহস্পতিবার সকালে বাস নামানো হয়নি। আমাদের গাড়িগুলার উপরে ওদের সব টার্গেট। আমরা কী অপরাধ করছি ভাই? এসব কারণে সকালে গাড়ি নামাইনি। তবে পরিস্থিতি ভালো হলে ১০-১১টার দিকেই নামিয়ে দেবে সবাই, এমন আশায় আছি।


বাস চলাচল কম থাকলেও ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবই খোলা। অনেক স্কুলে চলছে বার্ষিক পরীক্ষা। এমন অবস্থায় স্কুলে না গেলেও না। বৃহস্পতিবার সকালেই দুই কন্যাকে নিয়ে মালিবাগ থেকে ধানমন্ডি আসেন মোহাম্মদ আলম। ধানমন্ডি ২৭ এলাকায় নালন্দা উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শ্রেণিতে পড়েন এ অভিভাবকের দুই কন্যা।


তিনি বললেন, বাচ্চাদের স্কুলে নিয়ে আসলাম সকালে। বাসে ও লেগুনা দিয়ে এসেছি, রাস্তায় গণপরিবহন তুলনামূলক কম মনে হলো। আসার পথে কোথাও ঝামেলা চোখে পড়েনি। এ স্কুলের শিক্ষার্থীদের কেউ কেউ ক্লাসে আসেনি।


সকাল থেকেই ঢাকার রাস্তাগুলোতে অটোরিকশা, লেগুনার মতো বাহনের দাপট ছিল বেশি। পুলিশও অটোরিকশাগুলোকে প্রধান সড়কে উঠতে আটকাচ্ছে না।


ঢাকার গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় নৈশ কোচগুলো নিয়মমতোই ঢাকায় ঢুকেছে। তবে দিবাকালীন ট্রিপগুলোতে যাত্রী কম জানিয়ে গাবতলীর শ্যামলী পরিবহনের কাউন্টারের মাস্টার মো. ইকবাল বলছেন, আজকে দিনের যাত্রী কম। এই কারণে হয়তো ট্রিপ কম হবে। তাছাড়া বৃহস্পতিবার এমনিতেই সকালে যাত্রী কম হয়, আর সন্ধ্যায় প্রচুর ভিড় হয়।


মহাখালী বাস টার্মিনালকেন্দ্রিক ময়মনসিংহের সৌখিন পরিবহনের এক বাস মালিক বলছেন, গাজীপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভের কারণে বুধবার আমাদের গাড়িগুলো আসতেই পারেনি। আজকে কী অবস্থা হয় তার ওপর নির্ভর করবে পরিস্থিতি। এমনিতে মহাখালীতে কোনো সমস্যা নেই।


শুক্রবার ঢাকায় ব্যাংকের নিয়োগ পরীক্ষা থাকায় বৃহস্পতিবার বাস চলবে কি না তা নিয়ে উদ্বিগ্ন অনেকে। ‘বাসেস অব ময়মনসিংহ ডিভিশন’ নামে একটি ফেইসবুক গ্রুপে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়ে করা একটি পোস্টে অনেক চাকরিপ্রার্থীকে বাস চালানোর অনুরোধ জানাতে দেখা যায়।


মোফাখখারুল ইসলাম ভুঁইয়া টিটু নামে একজন মন্তব্যের ঘরে লিখেছেন, “শুক্রবার হাজারো চাকরিপ্রত্যাশী ভাই-বোনের ব্যাংক এক্সাম। বৃহস্পতিবার ঢাকা যেতে চাচ্ছি ময়মনসিংহ থেকে। ইউনাইটেড-সৌখিন চলবে কী না জানান প্লিজ।”


সীমা ঘোষ নামে আরেকজন লিখেছেন, “শুক্রবার এক্সাম, যাবো ক্যামনে?” তবে বাস মালিকরা বলছেন, গাজীপুরে কোন সমস্যা না থাকলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বাস চলবে।


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করার কথা বলেছে। শেষ দিনের কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার লকডাউনের ঘোষণা রয়েছে। দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে দলটির কিছু নেতাকর্মী। সড়ক অবরোধসহ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আসছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সংসদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার জন্য ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে দায়ী করেছেন।


তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪৭ পিএম

উত্তরের হিমালয়কন্যা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। এরই মধ্যে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ উপজেলায়। বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ।


এর আগের দিন বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা ৩ দশমিক ৩ ডিগ্রি কমে যাওয়ায় শীতের অনুভূতি আরও বেড়েছে।


সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশা ও ঠান্ডা বাতাসে শীতের আমেজ বাড়ছে। বিশেষ করে ভোর ও রাতে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সকালে ঘন কুয়াশার কারণে জনজীবনেও শীতের প্রভাব পড়তে শুরু করেছে।


স্থানীয় বাসিন্দা তাজ উদ্দিন আহমেদ বলেন, কয়েক দিন ধরেই সন্ধ্যার পর থেকে ঠান্ডা বাতাস বইছে। ভোরের দিকে কুয়াশা পড়ছে। আজ সকালে বেশ ভালোই শীত অনুভূত হচ্ছে।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের প্রথম শ্রেণির কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।