প্রতীকী ছবি

  • প্রকাশ : বুধবার ০৪ মার্চ, ২০২৬, সময় : ১:৪৯ এএম

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে পুকুর থেকে ভাসমান অবস্থায় এক বৃদ্ধা মহিলার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 


মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মাওয়া মহাসড়কের পশ্চিম পাশে শ্রীনগর উপজেলার ষোলঘর কাজীপাড়া খনকার বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা বৃদ্ধা মহিলার আনুমানিক (৯০) এর লাশ উদ্ধার করে শ্রীনগর থানার পুলিশ। 


এলাকাবাসী জানায়, বিকেলে স্থানীয় এক ব্যক্তি ঐ পুকুরের মাঝখানে কালো রঙের টি-শার্ট পরিহিত অজ্ঞাতনামা বৃদ্ধা মহিলার ভাসমান লাশটি দেখতে পেয়ে শ্রীনগর থানায় খবর দেয়। সন্ধ্যার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলিত ওই লাশটি উদ্ধার করে। এলাকাবাসীর ধারণা দুর্বৃত্তরা ওই বৃদ্ধা মহিলার হত্যার পর পুকুরে পানিতে ফেলে রেখেছে। 


শ্রীনগর থানার ওসি তদন্ত মিল্টন দত্ত জানান ভাসমান গলিত অজ্ঞাতনামা ওই বৃদ্ধা মহিলার লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুত চলছে।




মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১:৪৪ এএম

নোয়াখালীর সেনবাগে মায়ের অভিযোগের ভিত্তিতে বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় মো. সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইরফানুল হক চৌধুরী এ দণ্ডাদেশ দেন। এর আগে একই দিন সন্ধ্যার দিকে সাইফুলের মায়ের অভিযোগের ভিত্তিতে সেনবাগ থানা-পুলিশ উপজেলার বিজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে। এরপর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

দন্ডপ্রাপ্ত সাইফুল ওই গ্রামের মৃত আবুল বাশারের ছেলে

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাইফুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ায় নেশার টাকার জন্য তিনি প্রায়ই মা ও পরিবারের সদস্যদের মারধর করতেন। সোমবার দুপুরে মাদকাসক্ত অবস্থায় তিনি বসতঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন এবং মাকে মারধর করেন। পরে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাইফুলের অত্যাচারের বিষয়ে তার বোন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে জানান। পরে পুলিশ বিষয়টি তাকে অবহিত করে। খবর পেয়ে প্রথমে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এরপর তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অভিযুক্ত সাইফুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। পরে আদালতের আদেশ অনুযায়ী পুলিশ তাকে কারাগারে পাঠায়।


টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার বাবা-মেয়ে। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৫৮ এএম

এনএসআই ও পরিবার পরিকল্পনা অফিসে চাকরি দেওয়ার নাম করে এক পরিবারের কাছ থেকে প্রতারণার মাধ্যমে সাড়ে ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাবা ও মেয়েকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ।



রোববার (১৫ নভেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ফতুল্লা থানার ওসি মাহবুবু আলম। গ্রেফতাররা হলেন, আমজাদ হোসেন (৬০) ও তার মেয়ে মোছা. লাকী আক্তার।


ওসি মাহবুবু আলম জানান, দেওভোগ পানির ট্যাংকি এলাকার মো. নিজাম উদ্দিনের কাছে একই এলাকার লাকি আক্তার নিজেকে এনএসআইয়ের বড় পদে চাকরি করেন বলে পরিচয় দিয়ে পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ হয়। ২০২১ সালের মাঝামাঝি সময়ে লাকি আক্তার নিজাম উদ্দিনের ছেলে মো. আবিদ হোসেনকে এনএসআইতে এবং মেয়ে নির্ঝনা আক্তার ও ছেলের স্ত্রী নিলা মনি আক্তারকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি দেওয়ার প্রলোভন দেখান। এ সময় লাকি আক্তারের বাবা আমজাদ হোসেন চাকরি দেওয়ার নিশ্চয়তা প্রদান করে তার কথামতো টাকা-পয়সা দেওয়ার কথা বলেন। 



পরবর্তীতে ২০২১ সালের ১০ মে থেকে ২০১৬ সালের ৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে চাকরি দেওয়ার আশ্বাসে দিয়ে নিজাম উদ্দিনের কাছ থেকে সাড়ে ২৮ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেন। পরবর্তীতে নিজাম উদ্দিন চাকরির জন্য চাপ দিলে লাকি আক্তার এনএসআইয়ে একটি ভুয়া নিয়োগপত্র তৈরি করে প্রদান করেন এবং এনএসআই কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তথ্য সংগ্রহের কাজে তাকে ব্যবহার করেন।


চলতি বছরের ৯ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা পুলিশ আবিদ হোসেনকে ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে আটক করে। এ ঘটনায় রাজপাড়া থানায় মামলা হয়। এই মামলায় আবিদ হোসেনকে দীর্ঘদিন জেল খাটেন। 


পরবর্তীতে প্রতারকদের কাছে টাকা ফেরত চাইলে তারা বিভিন্ন সময়ে ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করেন। সর্বশেষ ১৩ নভেম্বর বিকালে টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্তদ্বয় টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং অভিযোগকারীকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। 


এ ঘটনায় নিজাম উদ্দিন বাদী হয়ে ফতুল্লা থানায় প্রতারণার অভিযোগে মামলা দায়ের করলে পুলিশ মেয়ে ও বাবাকে গ্রেফতার করে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আদালতে পাঠায়।


শ্রীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ডিম ব্যবসায়ী রামা দে।

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৪৯ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারের ডিম ব্যবসায়ী রামা দে-র বিরুদ্ধে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রামা দে-কে গ্রেপ্তার করেছে পুলিশ।


প্রায় এক মাস আগে শ্রীনগর বাজারে তাঁর ডিমের গোডাউনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।


অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার পর অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত রামা দে। সম্প্রতি ঘটনাটি সামাজিকযোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শ্রীনগর বাজারসহ আশপাশের এলাকায় নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে।


শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, অভিযুক্ত রামা দে-কে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির দাদি বাদী হয়ে ধর্ষণের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে চিন্ময় কৃষ্ণ দাস, রয়ে গেলেন ব্যক্তিগত রাঁধুনি রঙ্গনাথ

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ১০:১৮ পিএম

দেশের আলোচিত হিন্দু ধর্মীয় নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় তাঁকে ঢাকায় নেওয়া হয়। তবে তাঁর সঙ্গে কারাগারে ব্যক্তিগতভাবে রান্নার কাজে নিয়োজিত রঙ্গনাথ দাস ব্রহ্মচারীকে স্থানান্তর করা হয়নি। তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারেই রয়েছেন।


চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মোহাম্মদ ইকবাল হোসেন চিন্ময় কৃষ্ণ দাসের স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী কারণে তাঁকে অন্য কারাগারে নেওয়া হয়েছে, সে বিষয়ে কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। কারা সূত্রের তথ্য অনুযায়ী, গোপনীয়তা ও বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়া হয়। প্রশাসনিক সিদ্ধান্তে এই স্থানান্তর করা হয়েছে বলে জানা গেলেও এর সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়।


যেভাবে আলোচনায় আসেন চিন্ময় কৃষ্ণ দাস চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী একসময় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সঙ্গে যুক্ত ছিলেন। তিনি চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে পরিচিতি পান।


২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় অধিকার ও আট দফা দাবিতে আয়োজিত বিভিন্ন সমাবেশে তাঁর ভূমিকা তাঁকে জাতীয় পর্যায়ে আলোচনায় নিয়ে আসে। তাঁর কর্মকাণ্ড ও বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে বিতর্কও তৈরি হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ২০২৪ সালের ২৫ অক্টোবর চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকার স্বাধীনতা স্তম্ভে আয়োজিত একটি সমাবেশে জাতীয় পতাকার ওপরে গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগ ওঠে। এ ঘটনায় ৩১ অক্টোবর কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন তৎকালীন বিএনপি নেতা ফিরোজ খান। মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনকে আসামি করা হয়।


ওই মামলায় ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। পরদিন চট্টগ্রামের আদালতে হাজির করা হলে মহানগর ষষ্ঠ ম্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সিদ্ধান্তের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে তাঁর অনুসারীরা বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁকে বহনকারী প্রিজন ভ্যান ঘিরে অবস্থান নেন বিক্ষোভকারীরা। পরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।


আইনজীবী আলিফ হত্যা মামলায় প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত এলাকায় সংঘটিত সহিংসতার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।


২৯ নভেম্বর নিহত আইনজীবীর বাবা জামাল উদ্দিন কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ২০২৫ সালের ১ জুলাই চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান ৩৮ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে চিন্ময় কৃষ্ণ দাসকে প্রধান আসামি করা হয়। তদন্তসংশ্লিষ্টদের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের জবানবন্দি ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযোগপত্র তৈরি করা হয়েছে। তবে এসব অভিযোগ এখনো বিচারাধীন; আদালতে প্রমাণিত হওয়াই চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তি।


২০২৬ সালের ৭ জানুয়ারি মামলাটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। একই বছরের ১৯ জানুয়ারি চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। ছয় মামলায় কারাবন্দি, দুই মামলায় জামিন আদালত সূত্রের বরাতে প্রকাশিত তথ্য অনুযায়ী, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মোট ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন।


২০২৬ সালের ৬ সেপ্টেম্বর হাইকোর্ট চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা পুলিশের কাজে বাধা ও ভাঙচুরসংক্রান্ত দুটি মামলায় তাঁকে জামিন দেন। তবে অন্য মামলায় গ্রেপ্তার থাকায় তাঁর কারামুক্তি সম্ভব হয়নি। আন্তর্জাতিক পর্যায়েও আলোচিত চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে ২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়। তাঁর গ্রেপ্তারের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে এবং বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতার বিষয়টি তুলে ধরে।


অন্যদিকে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকার জানায়, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে এবং সংশ্লিষ্ট মামলাগুলো আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে। চিন্ময় কৃষ্ণ দাসের কারাগার পরিবর্তনের ঘটনায় নতুন করে আলোচনা তৈরি হলেও এর পেছনে নিরাপত্তা, প্রশাসনিক ব্যবস্থাপনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। একই সঙ্গে তাঁর ব্যক্তিগত রাঁধুনি রঙ্গনাথ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রেখে যাওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে।

কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি নিয়ে বিরোধ

নতুন কমিটি প্রত্যাখ্যান করে প্রতিবাদ


কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি নিয়ে বিরোধ

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ১০:০০ পিএম

পটুয়াখালীর খেপুপাড়ায় ‘মানিকমালা খেলাঘর আসর’-এর কমিটি গঠন নিয়ে বিরোধ দেখা দিয়েছে। সংগঠনের বর্তমান কার্যকরী কমিটির অজ্ঞাতসারে এবং গঠনতন্ত্র লঙ্ঘন করে নতুন কমিটি গঠনের অভিযোগ তুলে এর তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান জানিয়েছে সংগঠনটির বর্তমান কমিটি।


মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ নভেম্বর বিভিন্ন পত্রপত্রিকায় ‘মানিকমালা খেলাঘর আসর’-এর কমিটি গঠনসংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়। ওই কমিটি গঠনের বিষয়টি সংগঠনের বর্তমান কার্যকরী কমিটির জানা ছিল না। নিয়মবহির্ভূতভাবে ও গঠনতন্ত্র লঙ্ঘন করে কমিটি গঠন করা হয়েছে বলে দাবি করা হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ওই সভা ও গঠিত কমিটির সঙ্গে প্রকৃত ‘মানিকমালা খেলাঘর আসর’-এর কোনো সম্পর্ক নেই। এ কারণে প্রকাশিত সংবাদে উল্লেখিত কমিটি ও সভা প্রত্যাখ্যান করে সংগঠনের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে নিজেদের কমিটিকে একমাত্র ও প্রকৃত ‘মানিকমালা খেলাঘর আসর’ হিসেবে দাবি করে জানানো হয়, সম্মেলনের মাধ্যমে নির্বাচিত কমিটির সভাপতি মিসেস মনোয়ারা বেগম এবং সাধারণ সম্পাদক মো. শাহ সুজা উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শাহ সুজা উদ্দিন।


এদিকে, এ বিষয়ে মানিকমালা খেলাঘর আসরের বর্তমান কমিটির সদস্য নমিতা দত্ত বলেন, “কেন্দ্র থেকে এসে আমাদের কমিটি করে দিয়েছে। আমাদের কিছু করার নাই। আমার বয়স হয়েছে। শেষ বয়সে এসে এ নিয়ে কোনো দ্বন্দ্ব চাই না। এর বেশি কিছু এ নিয়ে আমার বলার নাই। কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে, আমরা সেটা মেনে নেব।” খেপুপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের প্রতিষ্ঠাতা ও সদস্য কমরেড নাসির তালুকদার বলেন, “১৯৭৫ সালে খেপুপাড়ায় মানিকমালা খেলাঘর আসর প্রতিষ্ঠা হয়েছে।


সেই থেকে সাংগঠনিক নিয়ম অনুযায়ী সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। তার ধারাবাহিকতায় কলাপাড়ায় কার্যকরী কমিটি বহাল রয়েছে, যা কাউন্সিলের মাধ্যমে গঠিত হয়েছে। এটা কলাপাড়ায় সর্বজনস্বীকৃত। এই কমিটিকে না জানিয়ে বর্তমানে যে কমিটি গঠন করা হয়েছে, এটা গণতন্ত্রবিরোধী এবং স্বাভাবিক নিয়মশৃঙ্খলার পরিপন্থী। আমরা এ সভা বা কমিটিকে বয়কট করছি। পূর্বের কমিটি বহাল আছে এবং এর কার্যক্রম চলমান আছে। এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করছি।”


নকশাবহির্ভূত নির্মাণের বিরুদ্ধে সিডিএর অভিযান, সিলগালা ১০ স্থাপনা

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৪৯ পিএম

চট্টগ্রাম নগরীতে অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ ও অবৈধ স্থাপনা গড়ে তোলার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এ সময় নকশাবহির্ভূত নির্মাণের দায়ে চারটি ভবন ও ছয়টি বাণিজ্যিক দোকান সিলগালা করা হয়েছে। পাশাপাশি তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং পাঁচটি ভবনের অবৈধ বর্ধিতাংশ ভেঙে দেওয়া হয়েছে।


সোমবার (১৬ নভেম্বর) নগরীর পাঠানটুলি, বন্দরের মাইজপাড়া, বন্দর কর্তৃপক্ষের এনসিটি গেটসংলগ্ন নয়ারহাট এবং রাজা বাদশা ব্রিকফিল্ড আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন সংস্থাটির অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন।


সিডিএ সূত্র জানায়, অভিযানে চারটি এলাকার মোট ১০টি ভবন ও স্থাপনা সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় অধিকাংশ ভবনেই অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে অতিরিক্ত অংশ নির্মাণের প্রমাণ পাওয়া যায়। পরে বিধি লঙ্ঘনের দায়ে চারটি ভবন ও ছয়টি দোকান সিলগালা করা হয়।


এ ছাড়া তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নির্মাণকাজ বন্ধের ব্যবস্থা নেওয়া হয়। পাঁচটি ভবনের নকশাবহির্ভূত অংশ তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলা হয়। অবশিষ্ট অবৈধ অংশ নির্ধারিত সময়ের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের শর্তে সংশ্লিষ্ট ভবন মালিকদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামাও নেওয়া হয়েছে।


সিডিএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামে পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করা এবং ইমারত নির্মাণ বিধিমালা বাস্তবায়নে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, নগরীর সৌন্দর্য রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ ও অপরিকল্পিত ভবন নির্মাণ প্রতিরোধে সংস্থার নজরদারি অব্যাহত রয়েছে।


অনুমোদিত নকশার বাইরে গিয়ে ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, নগরবাসীর জন্য নিরাপদ আবাসন ও পরিকল্পিত নগরব্যবস্থা নিশ্চিত করতে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের বিরুদ্ধে সিডিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।