নবম শ্রেণির ছাত্রী মরিয়ম আক্তার জিম
গাজীপুরের টঙ্গীর পশ্চিমপাড়ার সাইশ এলাকায় ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ঘরের দরজা ভেঙে তুলে নেওয়ার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার ১০ দিন পার হলেও এখনো পর্যন্ত মেয়েটিকে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী, ফলে পরিবারে নেমে এসেছে চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তা।
অভিযোগ অনুযায়ী, গত ১০ এপ্রিল রাত প্রায় ১টার দিকে মাসুম নামের এক যুবক জোরপূর্বক ঘরের দরজা ভেঙে নবম শ্রেণির ছাত্রী মরিয়ম আক্তার জিমকে তুলে নিয়ে যায়। ঘটনার সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ দরজা ভাঙার শব্দ ও মেয়ের চিৎকারে জেগে উঠলেও ততক্ষণে তাকে নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।
মেয়েটির বাবা আলমগীর জানান, সারা রাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রাতের শেষভাগে স্থানীয় একটি এলাকায় (রাস্তার ২৭ নম্বর এলাকায়) অভিযুক্ত যুবকের বাবাকে দেখতে পান তিনি। এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়।
কিন্তু অভিযোগ রয়েছে, পরদিন প্রভাবশালী মহলের তদবিরে অভিযুক্তের বাবাকে ছেড়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। শর্ত দেওয়া হয়, পরদিন মেয়েটিকে হাজির করা হবে। তবে সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়ন হয়নি। বরং ঘটনার ১০ দিন পার হলেও এখনো নিখোঁজ রয়েছে স্কুলছাত্রী মরিয়ম আক্তার জিম। এ ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করে মেয়েটির বাবা আলমগীর বলেন, আমি জানি না আমার মেয়েটা বেঁচে আছে নাকি মারা গেছে। আমি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরছি। প্রথমে থানায় গিয়ে অভিযোগ দিতে চেয়েছিলাম, কিন্তু তারা মামলা নেয়নি, জিডি করেছে। এরপর যার বাবাকে ধরেছিলাম তাকেও ছেড়ে দেওয়া হলো। এখনো আমার মেয়েকে উদ্ধার করা হয়নি। আমরা খুব ভয়ের মধ্যে আছি। পরিবারের দাবি, শুরুতেই মামলা গ্রহণ না করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। বর্তমানে তারা নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত বলে জানান।
এদিকে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান হোসেন বলেন, ঘটনার তদন্ত চলছে। আমরা ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নিয়েছি এবং মেয়েটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগগুলো আমরা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি। স্থানীয় বাসিন্দারা বলছেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তারা অবিলম্বে মেয়েটিকে উদ্ধার, জড়িতদের গ্রেপ্তার এবং এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। একদিকে নিখোঁজ স্কুলছাত্রীর অনিশ্চিত ভবিষ্যৎ, অন্যদিকে পরিবারের অসহায়ত্ব- সব মিলিয়ে টঙ্গীর জনমনে বিরাজ করছে গভীর উদ্বেগ।
বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি
ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ভাই গ্রেফতার। ছবি: সংগৃহীত
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত
এমপি জিলানীর বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত
দিনাজপুরে কুরিয়ার সার্ভিসের গোডাউনে মাদক
আগুনে জ্বলছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যার পর তাঁরা মিছিল নিয়ে প্রথমে থানা ঘেরাও করে। পরে সেখান থেকে গ্রেপ্তার কয়েক নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়া হয়। থানায় হামলা এবং থানা চত্বরে একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে পুলিশ। এছাড়া পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে বলে জানা গেছে। সন্ধ্যার পর পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাইকিং করে লোক জড়ো করে। পরে তারা থানা চত্বরে থাকা কয়েকটি গাড়িতে ও ভবনে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে থানায় নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দলটির নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানার সামনে জড়ো হয়ে থানা ঘেরাও করেন। একপর্যায়ে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট ব্যবহার করে।
পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে একপর্যায়ে থানা ছেড়ে সরে গেলে নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে বিভিন্ন স্থাপনা ও পুলিশের যানবাহনে আগুন ধরিয়ে দেন। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা থানা থেকে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যান।
এ ব্যাপারে জানতে পুলিশের জেলা ও থানা পর্যায়ের কর্মকর্তাদের মোবাইলে ফোন করা হলেও তারা রিসিভ করেননি। পরে গোপালগঞ্জ জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের মোবাইলে ফোন করা হলে একজন কর্মকর্তা ধরে ‘পরে কথা বলবেন’ বলে কেটে দেন।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গ্রেপ্তারকৃতদের নিয়ে গেছে বলে শুনেছি। তবে থানা থেকে অস্ত্র লুট হয়েছে কিনা সে বিষয়ে কোনো খবর পাইনি।
টুঙ্গিপাড়া থানায় আগুনের খবর পেয়েও কোনো ইউনিট সেখানে যেতে পারছে না বলে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান। তিনি বলেন, আমরা আগুনের খবর পেয়েছি, গাড়ি রাস্তায় আছে। কিন্তু নিরাপত্তার কারণে আমরা যেতে পারছি না।
প্রত্যক্ষদর্শী কয়েকজন স্থানীয় সংবাদকর্মী ও বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যায় ছাত্রলীগের কিছু নেতাকর্মী উপজেলা পরিষদের পাশে চা পান করছিলেন। এ সময় সেখানে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা মাইকিং করে থানা ঘেরাওয়ের ঘোষণা দেন। এরপর শত শত মানুষ গিয়ে থানা ঘেরাও করেন। এ সময় পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বেশ কয়েকজন আহত হন।
এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। তাতে দেখা যায়, পুলিশের বাধা অতিক্রম করে কিছু মানুষ থানা চত্বরে ঢুকে পড়েন। হামলাকারীরা থানা চত্বরে থাকা কয়েকটি গাড়িতে আগুন দেয়। তারপর তারা থানা ভবনে আগুন দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তখন পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে থানা থেকে কিছুটা দূরে গিয়ে অবস্থান নেন। এরপর থানা চত্বরের পাশে পুলিশ মেসেও আগুন দেওয়া হয়।
এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপজেলার খালেক বাজার, পাটগাতি মোড়, বর্ণি ও গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া প্রবেশের সড়কগুলোতে অবরোধ করে রেখেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।