কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হাওরে ধান কাটতে গিয়ে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর ইমান মিয়া (২৯) নামে এক কৃষি শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৈরী আবহাওয়ার মধ্যে হাওরে কাজ শেষে বাড়ি ফেরার পথে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার স্বজনরা।
বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের নূরপুর হাওর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। পরে স্বজনরা মরদেহটি শনাক্ত করেন।
নিহত ইমান মিয়া উপজেলার আদমপুর ইউনিয়নের নূরপুর এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দিনমজুর হিসেবে অন্যের জমিতে ধান কাটার কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার উপার্জনের ওপরই নির্ভরশীল ছিল পুরো পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে বুধবার সকালে চারজন শ্রমিক নূরপুর হাওরে ধান কাটতে যান। তারা স্থানীয় কৃষক জাকারিয়ার জমিতে কাজ করছিলেন। সকাল থেকে আবহাওয়া স্বাভাবিক থাকলেও দুপুরের দিকে হঠাৎ করেই আকাশ কালো হয়ে যায়। শুরু হয় দমকা হাওয়া, ঝড় ও ভারী বৃষ্টি। মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে হাওরের পানি।
আবহাওয়ার দ্রুত অবনতি হওয়ায় শ্রমিকরা কাজ বন্ধ করে নৌকাযোগে বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু পথে হাওরের প্রবল ঢেউ ও বাতাসের তোড়ে তাদের বহনকারী ছোট নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্য তিন শ্রমিক কোনোভাবে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ইমান মিয়া পানির স্রোতে তলিয়ে যান। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন, স্বজন ও এলাকাবাসী উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কিশোরগঞ্জ থেকে দুইজন ডুবুরীসহ চার সদস্যের একটি দল দিনভর হাওরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নূরপুর হাওরের একটি অংশে তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।
স্থানীয়রা জানান, ইমান মিয়া অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। অল্প বয়স থেকেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি। প্রতিদিনের শ্রমের আয় দিয়েই চলত পরিবারের ভরণপোষণ। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে গভীর শোক ও অনিশ্চয়তা। বাড়িতে চলছে স্বজনদের আহাজারি।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন বলেন, “কিশোরগঞ্জ থেকে দুইজন ডুবুরিসহ চার সদস্যের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ শ্রমিককে উদ্ধারে অভিযান পরিচালনা করে। সাধারণত পানিতে নিখোঁজ হওয়ার ১৬ থেকে ২০ ঘণ্টা পর মরদেহ ভেসে ওঠে। অনেক সময় পানির স্রোতে মরদেহ বিভিন্ন স্থানে চলে যায়।”
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এদিকে হাওরাঞ্চলে বৈরী আবহাওয়ার মধ্যে ঝুঁকি নিয়ে কৃষিকাজে অংশ নেওয়া শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, হাওরে শ্রমিকদের চলাচলের জন্য নিরাপদ নৌযান, আবহাওয়া সতর্কতা এবং জরুরী উদ্ধার ব্যবস্থাকে আরও জোরদার করা প্রয়োজন।
মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল
টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার বাবা-মেয়ে। ছবি: সংগৃহীত
এনএসআই ও পরিবার পরিকল্পনা অফিসে চাকরি দেওয়ার নাম করে এক পরিবারের কাছ থেকে প্রতারণার মাধ্যমে সাড়ে ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাবা ও মেয়েকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ফতুল্লা থানার ওসি মাহবুবু আলম। গ্রেফতাররা হলেন, আমজাদ হোসেন (৬০) ও তার মেয়ে মোছা. লাকী আক্তার।
ওসি মাহবুবু আলম জানান, দেওভোগ পানির ট্যাংকি এলাকার মো. নিজাম উদ্দিনের কাছে একই এলাকার লাকি আক্তার নিজেকে এনএসআইয়ের বড় পদে চাকরি করেন বলে পরিচয় দিয়ে পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ হয়। ২০২১ সালের মাঝামাঝি সময়ে লাকি আক্তার নিজাম উদ্দিনের ছেলে মো. আবিদ হোসেনকে এনএসআইতে এবং মেয়ে নির্ঝনা আক্তার ও ছেলের স্ত্রী নিলা মনি আক্তারকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি দেওয়ার প্রলোভন দেখান। এ সময় লাকি আক্তারের বাবা আমজাদ হোসেন চাকরি দেওয়ার নিশ্চয়তা প্রদান করে তার কথামতো টাকা-পয়সা দেওয়ার কথা বলেন।
পরবর্তীতে ২০২১ সালের ১০ মে থেকে ২০১৬ সালের ৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে চাকরি দেওয়ার আশ্বাসে দিয়ে নিজাম উদ্দিনের কাছ থেকে সাড়ে ২৮ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেন। পরবর্তীতে নিজাম উদ্দিন চাকরির জন্য চাপ দিলে লাকি আক্তার এনএসআইয়ে একটি ভুয়া নিয়োগপত্র তৈরি করে প্রদান করেন এবং এনএসআই কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তথ্য সংগ্রহের কাজে তাকে ব্যবহার করেন।
চলতি বছরের ৯ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা পুলিশ আবিদ হোসেনকে ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে আটক করে। এ ঘটনায় রাজপাড়া থানায় মামলা হয়। এই মামলায় আবিদ হোসেনকে দীর্ঘদিন জেল খাটেন।
পরবর্তীতে প্রতারকদের কাছে টাকা ফেরত চাইলে তারা বিভিন্ন সময়ে ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করেন। সর্বশেষ ১৩ নভেম্বর বিকালে টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্তদ্বয় টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং অভিযোগকারীকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।
এ ঘটনায় নিজাম উদ্দিন বাদী হয়ে ফতুল্লা থানায় প্রতারণার অভিযোগে মামলা দায়ের করলে পুলিশ মেয়ে ও বাবাকে গ্রেফতার করে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আদালতে পাঠায়।
শ্রীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ডিম ব্যবসায়ী রামা দে।
মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারের ডিম ব্যবসায়ী রামা দে-র বিরুদ্ধে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রামা দে-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রায় এক মাস আগে শ্রীনগর বাজারে তাঁর ডিমের গোডাউনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার পর অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত রামা দে। সম্প্রতি ঘটনাটি সামাজিকযোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শ্রীনগর বাজারসহ আশপাশের এলাকায় নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, অভিযুক্ত রামা দে-কে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির দাদি বাদী হয়ে ধর্ষণের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে চিন্ময় কৃষ্ণ দাস, রয়ে গেলেন ব্যক্তিগত রাঁধুনি রঙ্গনাথ
কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি নিয়ে বিরোধ
নকশাবহির্ভূত নির্মাণের বিরুদ্ধে সিডিএর অভিযান, সিলগালা ১০ স্থাপনা