• প্রকাশ : সোমবার ২৯ জুন, ২০২৬, সময় : ৮:০৫ এএম

গাজীপুরের কালীগঞ্জে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান, মরিচ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের বীজ, রাসায়নিক সার এবং ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষে মুদি দোকান, অটোরিক্সা বিতরণ করা হয়েছে।




সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে বীজ ও সার এবং সমাজসেবা অধিদপ্তরের আওতায় মুদি দোকান ও অটোরিক্সা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আক্তারুজ্জামান ও স্থানীয় গণমাধ্যমকর্মী সহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।


কর্মসূচির আওতায় উপজেলার ১৮শ প্রান্তিক কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ১০০ জন কৃষকের মাঝে ১০ গ্রাম করে গ্রীষ্মকালীন হাইব্রীড মরিচ বীজ, ৫ কেজি করে ডিএপি এবং এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপজেলার মূলগাঁও গ্রামের সিরাজ উদ্দিনকে একটি মুদি দোকান, কাপাইস গ্রামের মোসা. কামরুন্নাহার, পুনসহি গ্রামের শামসুন নাহার ও চৌড়া গ্রামের মারজিয়া বেগমকে একটি করে অটোরিক্সা বিনামূল্যে প্রদান করেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আওতায় একটি মুদি দোকান ও তিনটি অটোরিক্সা বিনামূল্যে প্রদান করা হয়। এসব যথাযথভাবে ব্যবহার করে উৎপাদন বাড়ানো ও কর্মসংস্থানের আহ্বান জানান।




  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১১:১৯ এএম

পিরোজপুরের ভান্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতর ঘুমিয়ে থাকা এক হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনগত রাত পৌনে ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। 


নিহত হেলপারের নাম সিয়াম। তার বাড়ি বরিশালের উজিরপুরে। 


স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাহক ও লিসা পরিবহণে রাতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।  এ সময় আগুনে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার সিয়ামের মৃত্যু হয়। পরে আগুন দেখে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসের ভেতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে সরিয়ে দেয়।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করে। 


প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে এসে বাস দুটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।


ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান এবং থানার ওসি  জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


জানা গেছে, লিসা গাড়ির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার এবং বাহক গাড়ির মালিক ঝালকাঠির অমিত পাল।  


বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩৩ এএম

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকায় দুপুরে আটচক করা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যকে সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সীমান্তের ১২৬৩/১ এস পিলার এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

দুপুরে ওই বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছিলেন। বিজিবি ৪৮ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল নুর উদ্দিন আহমাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের পর সাতটার দিকে ওই বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়। এর আগে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রসহ ওই বিএসএফ সদস্য বিছনাকান্দি সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাকে আটক করে নিজেদের হেফাজতে নেন।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার আগে বিছনাকান্দি পর্যটন এলাকায় কয়েকজন পর্যটকের সঙ্গে ওই বিএসএফ সদস্যের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পর্যটকদের মারধরের উদ্দেশ্যে তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে স্থানীয় লোকজন ও পর্যটকরা মিলে তাকে আটক করে বিছনাকান্দি বিজিবি ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে বিছনাকান্দি বিওপির সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যান।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, ‘মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রসহ এক বিএসএফ সদস্য বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা তাৎক্ষণিক তাকে আটক করে নিজেদের হেফাজতে নেন।’

তিনি আরও জানান, ‘পরবর্তী সময়ে দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর সন্ধ্যা ৭টার দিকে ১২৬৩/১ এস পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক বিএসএফ সদস্যকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।’


ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ভাই গ্রেফতার। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২৪ এএম

ভারত থেকে দেশে ফেরার সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে কাজী আজহারুল ইসলাম মানিক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের যশোরের কেশবপুর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক। তার ছোট ভাই কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে ভোমরা চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে যশোরের কেশবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কাজী আজহারুল ইসলাম মানিকের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার চিংড়া বাজার এলাকায়। তার বাবার নাম কাজী রফিকুল ইসলাম। গত ৮ নভেম্বর চিকিৎসার জন্য তিনি ভারতে গিয়েছিলেন। সোমবার ভারত থেকে দেশে ফেরার সময় ভোমরা চেকপোস্ট এলাকায় পৌঁছলে পুলিশ তাকে গ্রেফতার করে। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।


সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১১:১০ পিএম

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের পুরোনো বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে গাজীপুর মহানগরীর জোড়পুকুর এলাকার ওই বাড়িতে আগুন জ্বলতে দেখা যায়।

জুলাই গণ–অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মোজাম্মেল হক পলাতক আছেন। গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী।

সাইদুল আলম বলেন, ‘মহানগরীর জোড়পুকুর এলাকায় একটি পুরোনো টিনশেড বাড়িতে আগুন লেগেছে। তবে এটি কার বাড়ি, তা আমার জানা নেই। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে এই বাড়িতে বসবাস করতেন মোজাম্মেল হক। পরে মহানগরীর হায়দরাবাদ এলাকায় একটি বাড়ি করে সেখানে থাকতেন তিনি।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কে বা কারা বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার তদন্ত চলছে।


এমপি জিলানীর বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৫৯ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার পাটগাতী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৯টার দিকে সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতি বা আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

আগুনে এমপির পৈতৃক বাড়ির পাশে থাকা তার চাচাতো ভাই ও প্রতিবেশীর বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে একই দিন সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, একদল লোক থানা কমপ্লেক্সের ভবন ও সেখানে থাকা একাধিক গাড়িতে আগুন দিচ্ছে। 


দিনাজপুরে কুরিয়ার সার্ভিসের গোডাউনে মাদক

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৪৭ পিএম

দিনাজপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোঃ আতিক খান মিম মনু (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।


মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে দিনাজপুরের কোতোয়ালী থানাধীন কালিতলা এলাকায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের পেছনে অবস্থিত পার্সেল গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।


দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার দেওয়া তথ্য অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেন বিপিএমের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবির অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর পিপিএমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি খাকি রঙের কার্টন নিয়ে পালানোর চেষ্টাকালে ওই ব্যক্তিকে আটক করা হয়।


পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে কার্টনটি তল্লাশী করে ৬০০ পাতায় ১০টি করে মোট ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া কার্টনের ভেতর থেকে ৭০টি নীল রঙের মিনার ব্র্যান্ডের শোষক তুলার প্যাকেট (প্রতিটি ২৫ গ্রাম), ১৮টি জয় স্যানিটারী ন্যাপকিনের প্যাকেট এবং আটক ব্যক্তির পরিহিত ট্রাউজারের ডান পকেট থেকে একটি ক্যাশ মেমোসহ চালান কপি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


পুলিশের তথ্যমতে, উদ্ধার করা প্রতিটি ট্যাবলেটের ওজন ০.২৭ গ্রাম হিসেবে মোট ওজন দাঁড়িয়েছে ১ হাজার ৬২০ গ্রাম। এসব ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার করা মাদকদ্রব্য নিজের হেফাজতে রেখে দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা গ্রেপ্তার ব্যক্তি স্বীকার করেছেন বলে দাবী করেছে পুলিশ।


জেলা গোয়েন্দা পুলিশের সরবরাহ করা তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের ২১ সেপ্টেম্বর দিনাজপুর সদর থানায় দায়ের করা একটি মাদক মামলার এফআইআর ও জিআর নম্বর রয়েছে। ওই মামলায় তাঁকে এজাহারভুক্ত আসামী হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(খ) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।


মাদকদ্রব্যের অবৈধ সরবরাহ ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদকের উৎস, সরবরাহব্যবস্থা এবং সংশ্লিষ্ট নেটওয়ার্ক শনাক্ত করা জরুরী। একই সঙ্গে তদন্তের স্বচ্ছতা, আইনের যথাযথ প্রয়োগ এবং ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রমকে আরও কার্যকর করার প্রত্যাশা সংশ্লিষ্ট সচেতন মহলের।