গ্রেপ্তারের পর বহিষ্কৃত তাঁতীদল নেতা খোকন কারাগারে
গাজীপুর মহানগরের টঙ্গীর দাঁড়াইল এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের তৎকালীন সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন খোকনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাতে টঙ্গীর দাঁড়াইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মনোয়ার হোসেন খোকন, তার ছেলে আশরাফুল ইসলাম অন্তর এবং হোসেন বাদশাকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশের তথ্যমতে, জমি-সংক্রান্ত বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার রাতে নির্মোহন মণ্ডল নামে এক সংখ্যালঘু ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে রাতভর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে প্রায় ৪০ শতাংশ জমি ভোগদখলে রেখে আসছিলেন। ওই জমির ১৬ শতাংশ জাল দলিলের মাধ্যমে বিক্রির অভিযোগ তুলে তারা আদালতে মামলা করেন, যা বর্তমানে বিচারাধীন। মামলার পর থেকেই জমি ছেড়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ ও হুমকি দেওয়া হচ্ছিল বলে তাদের দাবি।
পরিবারটির আরও অভিযোগ, সোমবার রাত প্রায় ৮টার দিকে মনোয়ার হোসেন খোকনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। তারা গ্রাইন্ডার ও ড্রিল মেশিন ব্যবহার করে গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং পরিবারের সদস্যদের মারধর করে। এ ঘটনায় নির্মোহন মণ্ডল, তার স্ত্রী বৃষ্টি মণ্ডল, ছেলে বিজয় মণ্ডল, ভাতিজি চায়নাসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য মতে, মনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানাসহ বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, নাশকতা, চাঁদাবাজি, মাদক, জমি দখলসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার কিছু বিচারাধীন এবং কয়েকটিতে তদন্ত কার্যক্রম চলমান।
স্থানীয়দের একাংশের অভিযোগ, দাঁড়াইল এলাকায় দীর্ঘদিন ধরে ‘খোকন বাহিনী’ নামে পরিচিত একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছিল। তবে এসব অভিযোগের বিষয়ে মনোয়ার হোসেন খোকন বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি এবং অভিযোগগুলোর বিচারিক নিষ্পত্তিও এখনো হয়নি।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর মনোয়ার হোসেন খোকন টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক পরিচয়ে সক্রিয় হন। সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এলাকাবাসী, সচেতন নাগরিক ও মানবাধিকারকর্মীদের দাবি, এ ঘটনায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি, জননিরাপত্তা ও আইনের শাসন বজায় রাখতে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু
সংসদে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। শুক্রবার বিকেলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়ির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহমুদা মিতু আক্ষেপ করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যখন আগুনের ঘটনা ঘটে, তখন কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে।
সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, গতকাল কুষ্টিয়ায় কী ঘটেছে, তা আপনারা সবাই দেখেছেন। যে বাড়িতে সাতজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের আলামত এবং শিশুদের পড়াশোনার বইপত্র আমরা নিজের চোখে দেখেছি। অথচ সেই বাড়িটিকে পরিত্যক্ত বলে দাবি করা হচ্ছে।
গাইবান্ধায় মজলিশের খাবার খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে
পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা
গ্রামীন ব্যাংক সিলেট সদর। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের আত্মগোপনের ঘটনায় পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে সভা করায় সিলেটের গোয়াইনঘাট থানায় দুইশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে নানা তৎপরতা। নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানান দিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই মধ্যে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে আজ শুক্রবার চনপাড়া ৬ নং ওয়ার্ড এলাকায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে এক বিশাল মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সেলিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চনপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি হারুন অর-রশিদ মিয়াজী।
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক প্রত্যাশার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়।
স্থানীয়দের অনেকের মতে, আলহাজ্ব সেলিম আহমেদ কায়েতপাড়া ইউনিয়নের অন্যতম প্রবীণ ও দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ে ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা তাদের।
এলাকাবাসীর প্রত্যাশা, ইউনিয়ন পরিষদের নেতৃত্বে অভিজ্ঞ ও জনসম্পৃক্ত ব্যক্তিরা এলে সাধারণ মানুষ তাদের সমস্যা ও দাবি সহজে তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধার উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবেন এবং ভোটাররা কাকে চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন, তা নির্ধারণ করবে কায়েতপাড়ার জনগণ।